প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে। মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন মা। অশ্রুসজল চোখে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিসর্জন দেবেন প্রতিমা। ভাঙবে মিলনমেলা। বিজয়া দশমীতে সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে বিজয়ার শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। সর্বত্র বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন। বিসর্জনের উদ্দেশে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে বিকেল ৪টায়। এর আগে রাজধানীর ২৫২টি পূজামণ্ডপের অধিকাংশ এসে জমা হবে পলাশী মোড়ে। সেখান থেকে সম্মিলিত বাদ্য-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এর পর সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীতে একে একে বিসর্জন দেওয়া হবে প্রতিমা। এর আগে তিথির কারণে শনিবার (১২ অক্টোবর) একইদিনে মহানবমী ও বিজয়া দশমীর পূজা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৬টা ১২ মিনিটের মধ্যে প্রথমে মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজা হয়। বিজয়া দশমী উপলক্ষে রোববার সরকারি ছুটি। সংবাদপত্র বিশেষ আয়োজন করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ স্যাটেলাইট টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এদিকে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা নিশ্চিতে সড়কে থাকবে ট্রাফিক পুলিশ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন পর্যন্ত ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াট দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী মোড় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় তিনটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজঘাটে স্থাপন করা হয়েছে তিনটি ওয়াচ টাওয়ার। এছাড়া ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াট দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। নির্ধারিত সময় ও রুট অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ডিএমপি।

হজে যেতে আগামী ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন শেষ করার নির্দেশ

হজে যেতে আগামী ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন শেষ করার নির্দেশ হজে যেতে ইচ্ছুকদের আগামী ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।আজ মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কম্পানির সাথে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর হতে শুরু হবে। তাঁবু বরাদ্দে করার ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হয়ে থাকে।আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে মিনা ও আরাফায় কাঙ্খিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনে দেরি হলে হজযাত্রীদের জামারাহ হতে অনেক দূরে পাহাড়ী এলাকা কিংবা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাটতে হবে যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে। সে কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের অনুরোধ করেছে মন্ত্রণালয়।

অবৈধ বসতি ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা

অবৈধ বসতি ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল গণহত্যামূলক বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে বসতি স্থাপনকারী ইহুদিদের ইসরায়েল ছাড়ার ঘটনা অনেক বেশি বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা থেকে দলে দলে দেশ ছাড়ছে ইসরায়েলিরা। জানা গেছে, চলতি বছরের প্রথম সাত মাসে ৪০ হাজার ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী অধিকৃত অঞ্চল ছেড়ে চলে গেছে, যা যুদ্ধের আগে দেশত্যাগের হারে তিনগুণ। দখলকৃত এলাকা ছেড়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনেকে তেলআবিবের কাছে বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে। গত বছরের অক্টোবরের শুরুতে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর দখলকৃত অঞ্চল ছেড়ে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা পালাতে শুরু করে। ইসরায়েলি সংবাদপত্র মারিভ উল্লেখ করেছে, আগের বছরের তুলনায় এখন প্রতি মাসে অতিরিক্ত ২ হাজার বসতি স্থাপনকারী ফিলিস্তিনের অধিকৃত এলাকা ছেড়ে পালাচ্ছে। প্রায় ১০ লাখ বসতি স্থাপনকারী সাম্প্রতিক বছরগুলিতে একটি পূর্ণ মাত্রার যুদ্ধের আশঙ্কায় সতর্কতা হিসাবে পাসপোর্টে বিদেশি ভিসা লাগিয়ে অপেক্ষা করছে। ইসরায়েলি গণমাধ্যমটির প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বছরের প্রথম সাত মাসে আমানত হিসাবে বিদেশে ৭ বিলিয়ন মার্কিন ডলার ইসরায়েল থেকে স্থানান্তর করেছে। এটি একটি ‘ব্রেন ড্রেন’ ঘটনার দিকেও ইঙ্গিত করেছে, কারণ ইসরায়েল ছেড়ে পালিয়ে যাওয়াদের মধ্যে অনেকে ডাক্তার, বিজ্ঞানী, ফার্মাসিস্ট এবং উচ্চ প্রযুক্তির বিশেষজ্ঞও রয়েছেন। কারণ, ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাশাপাশি, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের ইসলামিক প্রতিরোধ যোদ্ধা এবং ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর অবিরাম রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর (সিবিএস) তথ্য অনুযায়ী, ২০২২ সালে এবং ২০২৩ সালের প্রথমার্ধে স্থায়ীভাবে ইসরায়েল ত্যাগ করা বসতি স্থাপনকারীর সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত দেয়। ইসরায়েলি গণমাধ্যম বর্তমান পরিস্থিতিটিকে ‘খুব কঠিন’ হিসাবে বর্ণনা করেছে এবং প্রকৃতপক্ষে অধিকৃত ফিলিস্তিন ছেড়ে যাওয়া ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে উল্লেখ করেছে।

ইমার্জিং এশিয়া কাপ বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, অধিনায়ক ইমন

ইমার্জিং এশিয়া কাপ বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, অধিনায়ক ইমন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আগামী ১৮ অক্টোবর ইমার্জিং এশিয়া কাপের পর্দা উঠছে। আট দলের আসরে অংশ নিতে ঘোষিত হয়েছে বাংলাদেশ দল। স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজের খেলা পারভেজ হোসেন ইমন ব্যাট হাতে ছিলেন না সফল। তিন ম্যাচে ২৪ রানের বেশি করতে পারেননি। ২২ বর্ষী এই ওপেনারকেই দেওয়া হয়েছে অধিনায়কত্ব। বিস্ময়করভাবে সাদা বলের ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ হয়ে ওঠা তাওহীদ হৃদয়কেও দলে রাখা হয়েছে। পেসার তানজিম হাসান সাকিব ও উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকও স্কোয়াডে আছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপাজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন। স্পিনার আলিস আল ইসলাম ও জাতীয় দলে থেকে লম্বা সময় বাইরে থাকা নাঈম শেখও এবারের আসরে ডাক পেয়েছেন। টুর্নামেন্টে স্বাগতিক ওমান, হংকং ও সংযুক্ত আরম আমিরাতের জাতীয় দল অংশ নেবে। বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা, ভারত ও পাকিস্তান ‘এ’ দল পাঠাবে। ২৭ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।

২ মাসে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ২২ লাখ

২ মাসে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ২২ লাখ দেশে দুই মাসে মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমেছে ২২ লাখ। এর মধ্যে জুলাই মাসে ১৬ লাখ ৫০ হাজার ও আগস্ট মাসে কমেছে ৫ লাখ ৫০ হাজার। চলতি বছরের জুন মাস শেষে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ১২৯ দশমিক ১৭ মিলিয়ন। আগস্ট মাস শেষে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২৬ দশমিক ৯৭ মিলিয়নে। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ সেপ্টেম্বর বিটিআরসির ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিটিআরসির তথ্যমতে, গত জুন মাসে দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক ছিল ১২ কেটি ৯১ লাখ ৭০ হাজার। জুলাই মাসে তা কমে দাঁড়ায় ১২ কেটি ৭৫ লাখ ২০ হাজার। আর আগস্ট মাসে গ্রাহক সংখ্যা নেমেছে ১২ কোটি ৬৯ লাখ ৭০ হাজারে। মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমে যাওয়ায় দেশের মোট ইন্টারনেট গ্রাহকও কমেছে। জুন মাসে দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ১৪ কোটি ২১ লাখ ৭০ হাজার। জুলাইয়ে তা কমে দাঁড়ায় ১৪ কোটি ১০ লাখ ৫ হাজারে এবং সবশেষ আগস্টে ইন্টারনেট গ্রাহক আরো কমে ১৪ কোটি ৫০ হাজারে দাঁড়িয়েছে। বিটিআরসির সিইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের এক কর্মকর্তা বলেন, বিভিন্ন কারণে গ্রাহক সংখ্যা কমতে-বাড়তে পারে। ইন্টারনেট ব্যবহারে খরচ বৃদ্ধিও একটি কারণ হতে পারে। ঠিক কী কারণে এত গ্রাহক কমেছে তা খতিয়ে দেখা হবে। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সংস্থা অ্যামটবের এক কর্মকর্তা বলেন, জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের কারণে দফায় দফায় ইন্টারনেট বন্ধ হয়ে যায়। সেই সময় অনেক গ্রাহক হারিয়েছি আমরা। অনেকে সেই সময় থেকে নিয়মিত প্যাকেজ কেনাও বন্ধ করে দিয়েছেন। এখন নানা ধরনের অফার দিয়ে গ্রাহকদের আবারও সক্রিয় করার চেষ্টা চলছে।

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসেন। সেখানে তিনি পূজামণ্ডপ ও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ দিন সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করতে যাবেন। তখন তিনি সেখানে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কাজ করছে। সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বাংলাদেশের একাদশে তিন পরিবর্তনের আভাস

বাংলাদেশের একাদশে তিন পরিবর্তনের আভাস ‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা।’ বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থাটা যেন এমনই দাঁড়িয়েছে। টি-২০ ফরম্যাটের অবস্থা আরো শোচনীয়। প্রতি ম্যাচের পর ঘুরে দাঁড়ানোর আশাবাদের বাণীটা শোনা যায়, মাঠে তার ছিটেফোঁটাও দেখা নেই। এমন কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে নামবে নাজমুল হোসেন শান্তর দল। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় বল মাঠে গড়ানোর আগে এটি মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হিসেবে আলোচিত। আগের দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে বসা টাইগাররা হোয়াইটওয়াশ এড়াতে কাদের নিয়ে একাদশ সাজাবে, তার স্পষ্ট ইঙ্গিত পুরোপুরি মেলেনি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সফরকারীদের একাদশে আসতে পারে একটি পরিবর্তন। আগের দুই ম্যাচে করে ৮ ও ১ রানের ইনিংস খেলা জাকের আলী অনিকের জায়গায় খেলতে পারেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তেমনটি না হলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের অভিষেক হতে পারে। ওপেনিংয়েও রয়েছে পরিবর্তনের আভাস। পারভেজ হোসেন ইমন প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ১৬ রানে আউট হয়েছেন। তার বদলে ফিরতে পারেন ফিরতে পারেন তানজিদ হাসান তামিম। পেস আক্রমণে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনাই বেশি। প্রথম ম্যাচ খেলা শরীফুল ইসলামের বদলে দ্বিতীয় টি-২০তে খেলেছিলেন মুস্তাফিজ। সিরিজের শেষ ম্যাচে কাটার মাস্টারকে বসিয়ে আবারো শরিফুলকে বল হাতে দেখা যেতে পারে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান/রাকিবুল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিক নিহত মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে বাংলাদেশি এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। নিহত বাংলাদেশি শ্রমিকের নাম জিদান। বেঁচে যাওয়া পাকিস্তানিদের নাম- জুবাইর আহমেদ এবং আব্বাস গুলাম । গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়ার মালাক্কা তেনাহ জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্রিস্টোফার পেটিটের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মালয় মেইল। মালাক্কা তেনাহ পুলিশপ্রধান ক্রিস্টোফার পেটিট জানান, ঘটনার সময় ওই তিন বিদেশি শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়ার আগে কংক্রিটের কাজ করছিলেন। রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ধ্বংসস্তূপের মধ্য থেকে জিদানের মরদেহ উদ্ধার করা হয়। বেঁচে যাওয়া দুই পাকিস্তানি নাগরিক, ঘাড়, কাঁধ এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। মেলাকা হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। মালাক্কা স্টেট ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের উপপরিচালক আর সাইফুল ইসওয়ান্দি আর হাসান বলেছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে তারা এই দুর্ঘটনার বিষয়ে খবর পান। এরপর ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে মোট ৮১ জন কর্মকর্তা-কর্মচারী এবং পাদাং তেমু ও মালাক্কা তেনাহসহ স্পেশাল ফোর্স ট্যাকটিক্যাল রেসকিউ অপারেশনের ৩৫ জনের পৃথক দুটি দল প্রায় ১০ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উদ্ধার কাজ শুরু করে।

মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ

মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ আজ রাত ১২টার পর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ হচ্ছে। অর্থাৎ ১২ অক্টোবর রাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরায় এ নিষেধাজ্ঞা চলবে। ইলিশ সংরক্ষণে প্রজনন মৌসুমে এ সময়কালে সারা দেশেই বন্ধ থাকছে ইলিশ শিকার, বাজারজাতসহ সব কার্যক্রম। এদিকে ইলিশের প্রজনন মৌসুমে পদ্মা নদীতে ইলিশ ধরা বন্ধে জেলা ও উপজেলা প্রশাসন, নৌপুলিশসহ সংশ্লিষ্ট মহলের ব্যাপক প্রস্তুতিও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিশ ধরা নিষিদ্ধের এই ২২ দিনে মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে গোপনে ইলিশ শিকার করে অসাধু জেলেরা। পদ্মার পাড়েই অস্থায়ী হাট বসিয়ে দেদারসে বিক্রি হয় সেই ইলিশ। এই সময়ে অবাধে বিপণনে বাধা থাকায় কিছুটা কম দামে ইলিশ বিক্রি হয়ে থাকে। শিবচরসহ বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ মাছ কিনতে পদ্মার পাড়ে ছুটে আসে। বিগত বছরগুলোতে দেখা গেছে, শিবচরের পদ্মানদীর চরজানাজাত, কাঁঠালবাড়ী, বন্দরখোলা ইউনিয়নের নদীর পাড়ে মাছ বিক্রির অস্থায়ী হাট বসানো হয়েছে। খুব ভোর এবং বিকেল থেকে রাত পর্যন্ত বিক্রি হচ্ছে ইলিশ। প্রশাসনের তৎপরতা বাড়ায় বরফ দিয়ে নদীর চরে মাটি খনন করেও ইলিশ সংরক্ষণ করে অসাধু চক্রটি। আরেকটি সূত্র জানায়, মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষ্মীপুরের রায়পুর হয়ে চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞার সময়ে জেলেরা নদীতে নামতে পারবেন না। এ সময়ে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এ বছর জেলেরা যাতে নদীতে নামতে না পারে সেই লক্ষ্যে জেলা-উপজেলা মৎস্য অফিস, উপজেলা প্রশাসন ও পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। পদ্মার পাড়ে কোনো অস্থায়ী হাট বসলে দ্রুত তা ভেঙে দেওয়াসহ কঠোর ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন। চাঁদপুরের নদীকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবু কাউছার দিদার বলেন, বিগত বছরের মতো এবারও ডিম ছাড়ার অনুকূল পরিবেশ রয়েছে। ইলিশকে ডিম ছাড়তে দিতে ১২ অক্টোবর রাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে।

‘ডোরেমনের’ বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা মারা গেছেন

‘ডোরেমনের’ বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা মারা গেছেন বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন চরিত্র রোবট বিড়াল ডোরেমন-এর বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা মারা গেছেন। আজ নোবুয়া ওইয়ামার মৃত্যুর খবর নিশ্চিত করে এএফপি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। ২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ওইয়ামা নীল রঙের বিড়াল ডোরেমনের কণ্ঠ দিয়েছেন। ২২ শতকের কাল্পনিক ভবিষ্যত থেকে আসা এই বিড়ালের একটি ‘জাদুর পকেট’ আছে, যেখান থেকে সে সব ধরনের অত্যাধুনিক গ্যাজেট বের করে আনতে পারে। তার সুপরিচিত গ্যাজেটের মধ্যে একটি ছিল পৃথিবীর যেকোনো জায়গায় ভ্রমণ করার জন্য একটি বিশেষ দরজা। ওইয়ামার ট্যালেন্ট এজেন্সি এএফপিকে জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিতক কারণে তিনি প্রাণ হারান। তার শেষকৃত্যে ঘনিষ্ঠ আত্মীয়রা যোগ দেয়। দীর্ঘদিন ধরে জনপ্রিয় অ্যানিমে সিরিজ হিসেবে এখনো জাপানসহ বিশ্বের অনেক দেশের টিভিতে ও স্ট্রিমিং সেবায় ডোরেমনকে খুঁজে পাওয়া যায়। ওইয়ামা অবসর নেওয়ার পর অন্যান্য শিল্পীরা তার জায়গা নিলেও ‘ডোরেমনের কন্ঠ’ হিসেবে তিনিই পরিচিত এবং অন্যান্য শিল্পীরাও তার মতো করেই কণ্ঠ দিয়েছেন। ডোরেমন কার্টুনে একটি আদুরে রোবট বিড়াল অতীতে এসে একটি অলস স্কুলবালককে সাহায্য করে। নোবিতা নামের এই মিথ্যাবাদী ছেলেটিকে দৈনন্দিন জীবনের নানা বিপদ থেকে রক্ষা করে তার বিশ্বস্ত বিড়াল ডোরেমন এবং এই কাজগুলো সে হাসিমুখেই করে থাকে। ১৯৬৯ সালে প্রথমবারের মতো ম্যাঙ্গা স্ক্রিপ্ট হিসেবে ডোরেমনের জন্ম হয়। পরবর্তী কয়েক দশকে এটি ছোট ও বড় পর্দার চরিত্রে রূপান্তরিত হয়।