চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জ শহরের শংকরবাটি বটতলাহাট মোল্লাপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল বিকাল ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে সহ বগু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ৯টায় বটতলাহাট গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সদর থানার পরিদর্শক(তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, আব্দুর রহমান, জয়নাল আবেদীন, মোস্তাক হোসেনসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত শিবগঞ্জ উপজেলায় অজ্ঞাত যানবাহনের চাকার নিচে পড়ে লুসি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়া গ্রামের মৃত তাইজুল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ৬টার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের সোনামসজিদ মহাসড়কের ঝিল্লির মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এসলাম আলী বলেন, সকালে বৃষ্টির পর পিচ্ছিল সড়কে ঘটনাটি ঘটে। গাড়ির চাকার নিচে পড়ে ওই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। তবে এখনও প্রত্যক্ষদর্শী কাউকে না পাওয়ায় ঠিক কি ধরণের যানবাহনের চাপায় তিনি মারা যান তা নিশ্চিত হওয়া যান নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে ও অজ্ঞাত যানটি শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীণ বলেও জানান পুলিশ কর্মকর্তা এসলাম।
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ৭৪৪ গ্রাম হেরোইন বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় জামাল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুর সোয়া ১টার দিকে একমাত্র আসামীর উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক রবিউল ইসলাম দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত জামাল সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর চররানীনগর গ্রামের নইমুদ্দিনের ছেলে। এজাহার ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) রবিউল ইসলাম রবু বলেন, ২০২৩ সালের ১৯ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে নিজ গ্রাম থেকে ৭৪৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন জামাল। এ ঘটনায় ওইদিন জামালকে একমাত্র আসামী করে সদর থানায় মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) ইমরোজ ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মাহবুবুর রহমান ২০২৩ সালের ৩০ মার্চ জামালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ জামালকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।
বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সারাদেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দিয়ে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। চন্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী তিথিতে ‘আনন্দময়ীর’ আগমনে গত ৯ অক্টোবর থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। পরবর্তী ৫দিন দেশব্যাপী পূজাম-পগুলোতে পূজা-অর্চনার মধ্যদিয়ে ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের শেষ হয়। এ বছর দেবী দুর্গার আগমন হয় দোলায় বা পালকিতে এবং দেবী স্বর্গে গমন করেন ঘোটকে বা ঘোড়ায়। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিদায়ের করুণ ছোঁয়ায় বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। এ বছর সারাদেশে ৩১ হাজার ৪৬১টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এদিকে, প্রতিমা বিসর্জনের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সারাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময় সড়কে পুলিশের টহল ও নদীতে ছিল নৌপুলিশের টহল। ফায়ার সার্ভিসের টিমও দায়িত্ব পালন করে।
নাচোলে ইলা মিত্রের ২২তম মৃত্যু বার্ষিকী পালন

নাচোলে ইলা মিত্রের ২২তম মৃত্যু বার্ষিকী পালন নাচোল উপজেলায় ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তীর নেত্রী নাচোলের রানী মা খ্যাত ইলা মিত্রের ২২ তম মৃুত্যবার্ষিকী পালিত হয়েছে। আজ সকালে নেজামপুর ইউনিয়নের রাওতাড়া গ্রামে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে ইলা মিত্র স্মরণে প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। রানী ইলা মিত্র স্মৃতি সংসদ সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন গবেষক ও ইলা মিত্রকে নিয়ে নিয়ে লেখা একাধিক গ্রন্থের রচয়িতা আলাউদ্দিন বটু ও লেখক সাজিদ তৌহিদ। মনিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইলা মিত্রের সহযোদ্ধা ও তে-ভাগা আন্দোলনকারী জিল্লুর রহমান,আব্দুস সামাদ মেম্বার ও আমিন কর্মকার, ইলা মিত্র স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক এমএকে জিলানী, সম্জা ও সাংস্কৃতিক সংগঠক ইসরাইল সেন্টু প্রমুখ। বক্তরা নতুন প্রজন্মের নিকট বিপ্লবী ইলা মিত্র ও তে-ভাগা আন্দোলনের ইতিহাস তুলে ধারার জন্য সংম্লিস্টদের প্রতি আহব্বান জানান। ইলামিত্রের প্রতিকৃতিতে পূষ্পমাল্য দানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর তাঁর স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে রানী ইলা মিত্র স্মৃতি সংসদের পক্ষ থেকে ৫ গুণী ব্যাক্তিকে সম্মননা স্মারক প্রদান করা হয়।
ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেল ১০০ বছরের পুরনো মসজিদ

ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেল ১০০ বছরের পুরনো মসজিদ লেবাননের দক্ষিণে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। আজ ভোর রাতে এ হামলা চালায় ইসরায়েল। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে হামলা জোর দার করেছে তেল আবিব, যার সর্বশেষ নজির মসজিদ ধ্বংস করা। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কেফার তিবনিট গ্রামে স্থানীয় সময় ভোর রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মসজিদটিতে হামলা চালায় ইসরায়েল। ওই এলাকার মেয়র ফুয়াদ ইয়াসিন বলেন, মসজিদটি সীমান্ত এলাকার ৮ কিলোমিটার দূরে অবস্থিত। হামলায় এটি ধ্বংস হওয়ার ফলে এই এলাকার মুসল্লিরা একত্রিত হওয়ার সুযোগ হারিয়েছে। তিনি আরো বলেন, মসজিদটি ১০০ বছরের পুরনো এবং স্থানীয়রা বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে এর চত্বরে জড়ো হতেন। গত এক বছর ধরে গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ চলছে। তবে গত ২৩ সেপ্টেম্বরের পর এ সংঘর্ষ আরো মারাত্মক আকার ধারণ করেছে। এরইমধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় এক হাজার ২৬০ জন মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখের বেশি মানুষ।
মধ্যরাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

মধ্যরাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানা গেছে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম অঞ্চল ছাড়া সারাদেশ থেকে বিদায় নিয়েছে। তবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।এ পরিস্থিতিতে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় সোমবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন সভাপতিত্বে, বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মাহাতাব হোসেন মৃধা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি জুয়েল রানাসহ অন্যন্যরা।
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬০

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬০ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে। ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার। বাকি একজন ময়মনসিংহ বিভাগের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬০ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে দাঁঢ়িয়েছে ৪২ হাজার ৪৭০ জন। আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ৩২৮ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৯৭ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৪৭০ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৮ হাজার ৬৪৬ জন। মারা গেছেন ২১৪ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১১, ঢাকা উত্তর সিটিতে ২০৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ ও খুলনা বিভাগে ৭১ জন রয়েছেন।
আন্দোলনে আহত ১৫ জন পেলেন ১৫ লাখ টাকা

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অনুদান আন্দোলনে আহত ১৫ জন পেলেন ১৫ লাখ টাকা জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে আহত প্রত্যেককে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। আজ দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের ছয় তলায় ৬১৭ নম্বর রুমে এ চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হতাহতদের পরিবারগুলোকে সাহায্যার্থে গত ১২ সেপ্টেম্বর অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সভাপতি এবং শহিদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’।গত ১৭ সেপ্টেম্বর ফাউন্ডেশনের জন্য ১০০ কোটি টাকা অনুদান দেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হয়। ঐদিন এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের দফতর সম্পাদক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছিলেন, এ ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহত ব্যক্তিদের এককালীন ও মাসিক সহায়তা দেওয়া হবে। এছাড়া আলাদাভাবে ক্ষতি অনুযায়ী জরুরি আর্থিক সহায়তা দেওয়া হবে। পরদিন ১৮ সেপ্টেম্বর ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত হয়, আহত ব্যক্তিদের যত তাড়াতাড়ি সম্ভব আর্থিক সহায়তা দেওয়া হবে। ফাউন্ডেশনের নির্বাহী কমিটি সমাজের সব স্তরের মানুষ, প্রবাসী, সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি ফাউন্ডেশনে অনুদান দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। কমিটি আরো সিদ্ধান্ত নিয়েছে, এ ফাউন্ডেশনের জন্য একটি কার্যালয় করা হবে এবং স্বেচ্ছাসেবকেরা সেটি পরিচালনা করবেন। গণঅভ্যুত্থানের ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস ও অন্যান্য নথি ও স্মৃতিচিহ্ন সংরক্ষণ করবে এ ফাউন্ডেশন।