দাবি শ্রীকান্তর অস্ট্রেলিয়ায় রান না পেলে টেস্ট ছাড়বেন রোহিত 

দাবি শ্রীকান্তর অস্ট্রেলিয়ায় রান না পেলে টেস্ট ছাড়বেন রোহিত  ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেছেন রোহিত শর্মা। ৩৭ বছর বয়স তেমনি ইঙ্গিত দিচ্ছে। সময়ের ডাকে সাড়া দিয়ে তাই ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েই অবসর নিয়েছেন ভারতীয় অধিনায়ক। মনোযোগ দিয়েছেন টেস্ট ও ওয়ানডে সংস্করণে। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার ম্যাচে একদম রোহিতের পারফরম্যান্স ছিল একদম বাজে। তিন টেস্টে মোটে করেছেন ৯১ রান। শুধু কিউইদের বিপক্ষেই নয় ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও পারফর্ম করতে পারেননি তিনি। তাই টেস্টের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের সিরিজে পারফর্ম করতে না পারলে নিজ থেকেই অবসর নিতে পারেন বলে এমনটি জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ২২ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ওপেনার বলেছেন, ‘আপনাকে আগেই ভেবে রাখতে হবে। যদি রোহিত শর্মা ভালো করতে না পারে আমার মনে হয়, সে নিজেই টেস্ট থেকে সরে দাঁড়াবে। শুধু ওয়ানডে খেলবে। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছে। আমাদের মনে রাখতে হবে, তার বয়স বাড়ছে, কমছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে বাজে সময় কেটেছে বিরাট কোহলিরও। সিরিজে করেছেন ৯৩ রান। তবে তার টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এখনি মন্তব্য করতে রাজি নন শ্রীকান্ত। তার মতে, অস্ট্রেলিয়ায় কোহলি রানে ফিরবেন এবং তার হাতে এখনও (অবসর) যথেষ্ট সময় আছে। তিনি বলেছেন, ‘আমার মতে, বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় (রানে ফেরা) শুরু করবে। অস্ট্রেলিয়াই তার শক্তির জায়গা। কোহলিকে নিয়ে এখনই এসব (টেস্ট ছাড়া) বলা একটু আগেভাগেই হয়ে যায়। আমি এটা মেনে নেব না। বিরাট কোহলির যথেষ্ট সময় আছে।

রাফিনিয়া অনুশীলন শেষে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতাম 

রাফিনিয়া অনুশীলন শেষে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতাম  ইউরোপ ক্লাব ফুটবলে নিজের পায়ের যাদুকরী ছন্দ প্রদর্শন করে ইতিমধ্যে শুনাম কুড়িয়েছেন ব্রাজিলিয়ান ২৭ বছর বয়সী ফরোয়ার্ড রাফিনিয়া। তাকে ২০২২-২৩ মৌসুমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ৪৮ মিলিয়ন ইউরো এবং ১২ পরবর্তীতে ১২ মিলিয়ন ইউরো যোগ করে দলে ভেড়ায় তাকে। কাতালান শিবিরে যোগ দেওয়ার পর থেকেই ফুটবল ভক্তদের কাছে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। এছাড়া চলতি মৌসুমে বার্সেলোনার পাওয়া দুর্দান্ত সাফল্যের পেছনেও তার অবদান রয়েছে অনেক। তবে অজানা ছিলো তার ফুটবলে উঠে আসার গল্প। সম্প্রতি যা সামনে এনেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম ইউওএল ইস্পোর্তে। যেখানে রাফিনিয়া শুনিয়েছেন তার খাদ্য অভাবে পথে পথে ভিক্ষা করার কথা। ব্রাজিলের জনসংখ্যার একতৃতীয়াংশ অর্থনৈতিক ভাবে নিম্নবিত্ত শ্রেণীর। তাদের মধ্যে রয়েছে রাফিনিয়ার পরিবার। আর্থিকভাবে তারা খুব বেশি সাবলম্বি ছিলো না। তাই মাঠে ফুটবল অনুশীলনের পর তাকে পথে পথে খাবারের জন্য ভিক্ষা করা লাগতো। এ প্রসঙ্গে ব্রাজিলিয়ান এই ফরোওয়ার্ড বলেন, ‘ছোটো বেলায় আমি খুব বেশি ক্ষুধার্ত থাকতাম না, কারণ আমার বাবা-মা কষ্ট করে হলেও কখনও বাড়িতে খাবারের অভাব হয়নি। তবে ভালো খাবারের অভাব ছিলো যা উঠতি বয়সী তরুণদের জন্য প্রয়োজন। তাই প্রশিক্ষণের পর আমি রাস্তায় দাঁড়িয়ে লোকজনকে বলতাম আমার জন্য কিছু খাবার বা নাস্তা কিনে দিতে। কিছু লোক আমাকে সাহায্য করবে, অন্যরা সরাসরি আমাকে বকাঝকা দিয়ে তাড়িয়ে দিতো। তখন আমার বয়স ছিল ১২ থেকে ১৪ বছরের মধ্যে। ব্রাজিলে ফুটবল খেলাকে নিজেদের আদালা এক ধর্মের মর্যাদা দেওয়া হয়। তাদের ঘরে ঘরে খাবার না থাকলেও রয়েছে ফুটবলার। দেশটির অলিতে-গলিতে খেলেই বিশ্বফুটবলে উঠে এসেছে বিভিন্ন কিংবদন্তী ফুটবলার। তবে ব্রাজিলিয়ানদের অধিকাংশই শেষ পর্যন্ত মাঠ থেকে সুখকর বিদায় নিতে পারেনা। অনেকেতো তারকা খ্যাতি পাওয়ার আগেই মাদক কিংবা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে হারিয়ে যায়। রাফিনিয়াও শুনিয়েছেন এমন ভাবে হারিয়ে যাওয়া তার কিছু বন্ধুর গল্প। যারা কিনা তার মতে তার থেকে ১০ গুনবেশি ভালো খেলোয়াড় হিসেবে বিশ্বে সাড়া ফেলতে পারতো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রাজিলের একটি কঠিন বাস্তব কথা বলি। আমি যেই এলাকায় বেড়ে উঠেছি সেই এলাকা বসবাস করে ফুটবলের প্রতি মনোযোগ ধরে রাখা কষ্টকর। আমি রেস্টিঙ্গা (পোর্তো আলেগ্রেতে পাশের একটা এলাকা) থেকে এসেছি। সেখানে সফলার পথ অনুসরণ করা এবং পথভ্রষ্ট না হওয়া অনেক কঠিন। কারণ সেখানে অসৎ উপায়ে অর্থ উপার্জনের সুযোগ আসে, এবং অনেক আছে। আর সেখানেই মানুষ হারিয়ে যায়। তবে আমি কখনও আমার লক্ষ্য থেকে সরে যাইনি, কিন্তু আমি একজন সাক্ষী ছিলাম, আমি হারিয়ে যাওয়া লোকদের সাথে হেঁটেছি।’ রাফিনিয়া আরও বলেন, ‘শহরটির অপরাধ জগতে এবং মাদক ব্যবসায় অনেক বন্ধুকে হারিয়েছি। এমন এমনও অনেক বন্ধু ছিলো, যারা আমার চেয়ে ১০ গুণ ভালো খেলতো এবং তারা যদি তাদের লক্ষ্যে টিকে থাকতো তাহলে এখন বিশ্বের সেরা কোনো ফুটবল ক্লাবে থাকতে পারতো। এসময় নিজেকে কিভাবে অপরাধ এবং মাদক জগৎ থেকে সরিয়ে রেখেছিলেন তিনি তা জানিয়ে বলেন, ‘আমার বন্ধুদের অসৎ পথে তলিয়ে যাওয়া কাছাকাছি থেকে দেখার ফলেই আমি আমার লক্ষ্য ঠিক ঠাক ধরে রাখতে পেরেছি। আমি খুব ছোটবেলা থেকেই জানতাম আমি কী চাই, আমি চাইতাম একজন ফুটবলার হিসেবে গড়ে উঠতে। জন্মস্থান ছেড়ে এই লক্ষ্য অর্জনের জন্য বাহিরে পাড়ি জমানো আমার জন্য অনেক বড় আত্মত্যাগ। কিন্তু আমার আকাঙ্ক্ষা ছিল আরও বড়। আমি বিচ্যুত হইনি। আজ যদি তারা (সমর্থকরা) ফুটবলে আমার ‘জাদুকরী প্রদর্শন’ নিয়ে কথা বলে, আমি বলি এটাই আসল জাদু।

আবারো উত্তর কোরিয়ার প্রচুর মিসাইল পরীক্ষা

আবারো উত্তর কোরিয়ার প্রচুর মিসাইল পরীক্ষা কয়েকদিন আগেই আইসিবিএম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। দেশটি এবার কম দূরত্বের প্রচুর মিসাইল ছুড়েছে। খবর ডয়চে ভেলের। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নতুন আইসিবিএম মিসাইল যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা দেশটি পর্যন্ত গিয়ে আঘাত হানতে পারবে না। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এসব মিসাইল পরীক্ষার কথা জানিয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, এই মিসাইল পরীক্ষার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে তাদের বিপদের কোনো সম্ভাবনা নেই। একটি বিবৃতিতে মার্কিন ইন্দো-প্যাসিফিক কম্যান্ড জানিয়েছে, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। তা খতিয়ে দেখছি। তবে আমাদের আশু বিপদের কোনো সম্ভাবনা নেই। কয়েকদিন আগেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নতুন ইন্টার কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা তত্বাবধান করেন। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র গিয়ে আঘাত হানতে সক্ষম। এর জবাবে যুক্তরাষ্ট্র রোববার দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে বিমান মহড়ায় যোগ দেয়। সেখানে মার্কিন বি-ওয়ানবি বোমারু বিমান অংশ নেয়। এদিকে আজ মঙ্গলবার কিমের বোন কিম ইয়ো জং অভিযোগ করেছেন, পিয়ংইয়ং-এর প্রতিদ্বন্দ্বীরা আগ্রাসী সামরিক মনোভাব দেখাচ্ছে। ডয়চে ভেলে বলছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ২০২২ থেকে পিয়ংইয়ং সমানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্য হলো, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমেরিকার মনোযোগ আকর্ষণ করা। সোমবার ক্রেমলিনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেন। সেদিনই তারা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

আজ এলপি গ্যাসের দাম নিয়ে সিদ্ধান্ত হবে

আজ এলপি গ্যাসের দাম নিয়ে সিদ্ধান্ত হবে নভেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার ৫ নভেম্বর বিকালে। সোমবার ৪ নভেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঘোষণা করা হবে। এর আগে, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে না সরকার

কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে না সরকার এতো দিন বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নিলে টাকা ছাপিয়ে তা দেওয়া হতো। কিন্তু তাতে মূল্যস্ফীতি বা পণ্যের দাম বেড়ে যায়। পতিত সরকারের আমলে গত কয়েক বছর বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ঋণ নেওয়ার ফলে মূল্যস্ফীতি বাড়ে হু হু করে। এতে মানুষে জীবন যাত্রার ব্যয় বেড়ে যায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার বিগত সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া বন্ধ করে দেয়। বরং বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধ করছে সরকার। যদিও এ সময়ে ব্যাংকব্যবস্থা থেকে বাড়তি ঋণ নিতে হচ্ছে সরকারকে। জুলাই থেকে অক্টোবর—চার মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৪০১ কোটি ৭৬ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য বলছে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৫৬ হাজার ২৩৩ কোটি ৯৪ লাখ টাকা। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধ করেছে ৩৯ হাজার ৮৩২ কোটি ১৮ লাখ টাকা। পাঁচ মাসে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৪০১ কোটি ৭৬ লাখ টাকা। যা আগের বছরের এই সময়ে সরকারের ঋণের পরিমাণ ছিল ১০৩ কোটি ৭৪ লাখ টাকা। অন্যদিকে ঋণের সুদ হার বাড়িয়ে চাহিদা কমানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এতে ভোক্তা ঋণের পাশাপাশি বেসরকারি খাতে ঋণের চাহিদাও কমে যায়। বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ না নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ঋণ নেওয়া মূল্যস্ফীতি কমাতে কার্যকর পদক্ষেপ বলে মনে করেন একটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সদ্য নিযুক্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারকে ঋণ দিলে বাজারে সার্কুলেশন বেড়ে যাবে। ফলে মূল্যস্ফীতি বাড়বে। কিন্তু সরকারের এখন প্রধান কাজ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা। সেজন্য তারা বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ না নিয়ে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। এটা দোষের নয়। তিনি বলেন, এখন যেটা হচ্ছে, লেনদেনের মাধ্যমে একজনের পকেট থেকে আরেকজনের পকেটে টাকা যাচ্ছে। এতে মূল্যস্ফীতি কমে আসবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আসা নতুন সরকারের এখন লক্ষ্য হলো মানুষের জীবন সহজ করা। টাকা না ছাপিয়ে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহজ হচ্ছে। বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে থাকে। প্রতি বছর এ ঋণ নেওয়া হয়, আবার পরিশোধও করা হয়ে থাকে। এ যাবত ব্যাংক থেকে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৯০ হাজার ৮৯১ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণের পরিমাণ ১ লাখ ১৬ হাজার ২১৫ কোটি ৯৮ লাখ টাকা। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণের পরিমাণ ৩ লাখ ৭৪ হাজার ৬৭৫ কোটি ৩৮ লাখ টাকা।

সাকিবের দেশে আসা এখনও অনিশ্চিত

সাকিবের দেশে আসা এখনও অনিশ্চিত দল ঘোষণা হয়ে গেছে। নির্বাচক হান্নান সরকার তৃপ্তি নিয়ে বলেও ফেলেছেন, সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে ঘরের মাঠ থেকে বিদায় দিতে পারবেন এটা আনন্দের কথা। কিন্তু ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাকিব দেশে ফিরবেন তো? সাকিবের দেশে ফেরার কথা ছিল আজ রাতে। কিন্তু এখন শোনা যাচ্ছে, সাকিবকে নাকি সবুজ সংকেত না পাওয়া অবধি বাংলাদেশের বিমানে উঠতে নিষেধ করা হয়েছে। এটি তার নিরাপত্তার স্বার্থেই। যুক্তরাষ্ট্র থেকে সাকিব দুবাইয়ে এসেছেন আগেই। দুবাই থেকেই বাংলাদেশের উদ্দেশে তার বিমানে চড়ার কথা বিকেলে। কিন্তু বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রিন সিগনাল ছাড়া যেন বিমানে না ওঠেন তিনি। সাকিবের দেশে ফেরা নিয়ে গত কিছুদিন ধরেই মিরপুরে বিভিন্ন স্লোগান উঠেছে। স্টেডিয়ামের দেয়ালেও তার বিরুদ্ধে স্লোগান লেখা হয়েছে। এর মধ্যে বুধবার সাকিবের কুশপুতুল দাহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর তাকে নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হলো। যদিও বিসিবি সংশ্লিষ্টরা এখনও আশাবাদী, সাকিব মিরপুর টেস্টে খেলতে পারবেন। এই ম্যাচ খেলেই তার অবসরে যাওয়ার কথা রয়েছে।

পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত

পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এতে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছে। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধে কর্মসূচি স্থগিতের কথা জানান পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা। জানা গেছে, সন্ধ্যায় আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মাহফুজ আলম সমস্যা সমাধান এবং আটকদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে রোববার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনের সমন্বয়ক আব্দুল হাকিম বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের দাবির বিষয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন। মামলা প্রত্যাহার এবং আটকদের ছেড়ে দেওয়াসহ কোনো প্রকার হয়রানি না করার আশ্বাস দেওয়ায় কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত, পল্লী বিদ্যুৎ সমিতির ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিভিন্ন জেলায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। একই সঙ্গে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইরি) চেয়ারম্যানের অপসারণ এবং দুই দফা দাবি বাস্তবায়নে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ঢাকা অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি দেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়েন পল্লী বিদ্যুৎ সমিতির লাখ লাখ গ্রাহক। তবে বিকেলের দিকে আন্দোলনকারীদের সমন্বয়ক প্রকৌশলী রাজন কুমার দাস (এজিএম), প্রকৌশলী আসাদুজ্জামান ভূঁইয়া (ডিজিএম), দীপক কুমার সিংহসহ (ডিজিএম) দেশের বিভিন্ন এলাকা থেকে সমিতির বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী।

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১০০

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১০০ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০০ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ৪০২ জন এবং বাকিরা ঢাকার বাইরের।চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৩৬৯ জন। মারা গেছেন ২৩১ জন। এরমধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ১৫৬ জন।উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

শিবগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিবগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালতির পানিতে ডুবে ১৩ মাস বয়সী মারিয়া খাতুন নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। শিশুর পিতা মনিরুল ইসলাম জানান, বাড়ির উঠানে থাকা বালতিতে বৃষ্টির পানি জমে ছিল। সবার অজান্তে মারিয়া বাড়ির উঠানে খেলা করার সময় বালতির পানিতে মাথা নিচ দিকে করে পড়ে গেলে তার মৃত্যু হয়। শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক ও সদস্য হুমায়ুন কবির ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন।

নিখোঁজের ৩ দিন পর মহানন্দা থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর মহানন্দা থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর মহানন্দা নদী থেকে তন্ময় কর্মকার (১৬) নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর এলাকায় ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। তন্ময় রহনপুর পৌরসভার খয়রাবাদ মহল্লার জয়দেব কর্মকারের ছেলে। তন্ময়ের স্বজনরা জানান, দুর্গাপূজার শেষদিন গত রবিবার রাতে সে রহনপুর পৌর এলাকার বুড়িতলা ঘাটে পুনর্ভবা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে পরদিন সোমবার গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল জানান, গোমস্তাপুরের দিক থেকে একটি মৃতদেহ ভাসতে ভাসতে যাদুপুর দুর্গাপুর ঘাট এলাকায় আসে। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার (ওসি তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত জানান, বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর এলাকায় মহানন্দা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরে মৃতদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, গত ১৩ অক্টোবর রাতে নিখোঁজ হয় তন্ময় কর্মকার। গত কয়েকদিনে মৃতদেহে পোকা ধরে গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে ।