চাঁপাইনবাবগঞ্জে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের মতবিনিময় সভা আগামী ২৩ নভেম্বর দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বাষির্ক নির্বাচন উপলক্ষে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদ প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের আয়োজনে এই সভা হয়। চাঁপাইনবাবগঞ্জ বনিক সমিতির সাবেক সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, লতিফুর রহমান, ব্যবসায়ী মাহবুব আলম রাজু সহ অন্যরা।
ইউক্রেনের প্রায় ৫ বিলিয়ন ডলারের ঋণ মওকুফ করবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের প্রায় ৫ বিলিয়ন ডলারের ঋণ মওকুফ করবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সমর্থন দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে মার্কিন কংগ্রেস ইউক্রেনকে সহায়তা দিতে ১৭৪ বিলিয়ন ডলারের বেশি প্যাকেজ অনুমোদন করে।এপ্রিল মাসে সর্বশেষ যে প্যাকেজটি অনুমোদিত হয়েছিল, সেখানে কিয়েভের বাজেটের ঘাটতি পূরণ করতে ৯.৪ বিলিয়ন ডলার ‘ঋণ মওকুফযোগ্য’ সহায়তা অন্তর্ভুক্ত ছিল। বাইডেনের সিদ্ধান্তের বিষয়ে বুধবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, বাইডেন কিয়েভের প্রায় ৪.৭ বিলিয়ন ডলার ঋণ মওকুফ করতে চান, আমরা পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে ওই ঋণ মওকুফ করা যায়। এই ঋণ মওকুফ বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কংগ্রেসের অনুমোদন দিলে আমি ইউক্রেনকে ঋণ দিতে সম্মত, তবে করদাতাদের অর্থ শুধুমাত্র উপহার হিসেবে দিতে রাজি নই। সেনেটর রান্ড পল বাইডেনের ঋণ মওকুফের বিরোধিতা করেছেন এবং বলছেন এটি আমেরিকান করদাতাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। ইউক্রেনের অর্থমন্ত্রী ২০২৫ সালের বাজেটে ৭৫ শতাংশ ঘাটতির পূর্বাভাস দিয়েছেন। জেলনস্কি সরকারের ঋণ ১৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বছরে ঋণের কিস্তি বাবদ দেশটির খরচ বৃদ্ধি পেয়ে ৫.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত অক্টোবর মাসে, জি-৭ রাষ্ট্রগুলো ইউক্রেনের জন্য আলাদা করে ৫০ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে, যা পশ্চিমাদেশগুলোর হাতে জব্দ প্রায় ৩০০ বিলিয়ন ডলারের রুশ সম্পদ থেকে দেওয়া হবে। যদিও যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে যাতে সম্পত্তিগুলো সম্পূর্ণভাবে বাজেয়াপ্ত করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এখনও এই পদক্ষেপের বিরোধিতা করছে। কারণ এমনটি করা হলে পশ্চিমা আর্থিক ব্যবস্থায় অন্যান্য দেশের আস্থা নষ্ট করতে পারে। এদিকে, রাশিয়া পশ্চিমাদেশগুলোতে থাকা তাদের সম্পদ জব্দ করাকে অবৈধ ও বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে মন্তব্য করেছে এবং প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ বলেছেন, যদি পশ্চিমা দেশগুলো আমাদের সম্পত্তি এবং আমাদের সম্পত্তি থেকে প্রাপ্ত আয় ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে রাশিয়া উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার লক্ষে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিত সংলাপে জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনরা অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি উচ্চ বিদ্যালয়ে ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই সংলাপের আয়োজন করে। সংলাপে ‘বাল্যবিয়ে রোধ করা আমাদের দায়িত্ব’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধে এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়াতে ও যথাসময়ে আইনের আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল ইসলাম, শিক্ষক, সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুল বারী, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ’র ম্যানেজার উত্তম মন্ডলসহ অভিভাবক, ইমাম ও বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
তামিমকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা

তামিমকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা চলতি মাসে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এই আসরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। আগামী ২৯ নভেম্বর থেকে তরুণ ক্রিকেটারদের নিয়ে এই আসর মাঠে গড়াতে যাচ্ছে।বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে, প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলংকা, পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে আজিজুল হাকিম তামিমরা। দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লংকানদের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা।প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল খেলবে সেমি ফাইনাল। ৬ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের দুটি সেমি ফাইনাল, আর ফাইনাল হবে ৮ ডিসেম্বর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে।সবশেষ গেল বছর ২০২৩ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ যুবারা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।অতিরিক্ত- কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।
২ দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

২ দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বেড়েছে। টানা চার দফা কমার পর স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দ্বিতীয়বারের মতো দাম বাড়ল। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৪শ ৪৩ টাকা। যা শুক্রবার (২২ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯শ ৯৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৪শ ৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩২ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩শ ৮৭ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৬৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০ নভেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮শ টাকা বাড়িয়ে ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৩ টাকা বাড়িয়ে ৯২ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়। তার আগে ১৫ নভেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৮০ টাকা কমিয়ে ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে ১ লাখ ১০ হাজার ৬২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৭৮ টাকা কমিয়ে ৯০ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়। মঙ্গলবার পর্যন্ত এ দামেই স্বর্ণ বিক্রি হয়েছে। এর আগে গত ৫, ৮, ১৩ ও ১৫ নভেম্বর চার দফা স্বর্ণের দাম কমানো হয়। ৫ নভেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ৩৬৫ টাকা, ৮ নভেম্বর কমানো হয় ৩ হাজার ৪৫৩ টাকা, ১৩ নভেম্বর কমানো হয় ২ হাজার ৫১৯ টাকা এবং ১৫ নভেম্বর কমানো হয় ১ হাজার ৬৮০ টাকা। ফলে চার দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৯ হাজার ১৭ টাকা। তার আগে ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ২০ অক্টোবর ২ হাজার ৬১২ টাকা, ২৩ অক্টোবর ১ হাজার ৮৯০ টাকা এবং ৩১ অক্টোবর ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়। এতে ৩১ অক্টোবর থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই ছিল সর্বোচ্চ দাম।
ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ৮০ হাজার ৫০ ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ৬৩ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক আট শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৩৬ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
এনএসসির চিঠি পাওনা বুঝিয়ে দিতে বিসিবিকে

এনএসসির চিঠি পাওনা বুঝিয়ে দিতে বিসিবিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি কাছে গেট মানি ও প্রচার স্বত্বের টাকা পাওনা আছে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি। গত ২৭ অক্টোবর এই অর্থ চেয়ে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। পাওনার বিষয়টি দ্রুত নিষ্পত্তির অনুরোধ করেছে এনএসসি। জানা গেছে, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় টিকিট বিক্রির ১৫ শতাংশ ও প্রচার স্বত্ব বিক্রির ওপর ১০ শতাংশ অর্থ ক্রিকেট বোর্ড থেকে এনএসসির পাওয়ার কথা। কিন্তু ক্রিকেট বোর্ড এই অর্থ প্রদানে অসহযোগিতা করায় অডিট আপত্তির মুখে পড়েছে এনএসসি। এই পাওনা আদায়ে বহুবার চিঠি প্রদান করা হলেও নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড খুব কমই জবাব দিয়েছে। এর মধ্যে সর্বশেষ ২০২৩ সালের জুনে ৫৩ লাখ ৪৫ হাজার ৯৭৭ টাকা এনএসসিকে দিয়েছিল বিসিবি। এদিকে বিসিবির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা এনএসসিকে টিকিট ও প্রচার স্বত্ব বিক্রির সঠিক অঙ্ক জানাতেও গড়িমসি করেছে। এর ফগ্লে নিজেদের প্রাপ্য বুঝে পেতে বেগ পেতে হচ্ছে এনএসএসিকে। দেশের ক্রীড়া সংস্থাগুলোর অভিভাবক হিসেবে তাদের দেখভালের দায়িত্ব এনএসসির। তবে বিসিবিতে প্রবল রাজনৈতিক প্রভাব থাকায় এতদিন ঠিকঠাকভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারেনি তারা। গত জুনেও গেট মানি ও প্রচার স্বত্ত্ব নিয়ে বিসিবিকে চিঠি দিয়েছিল এনএসসি। তবে জুলাই মাসে ফিরতি চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন স্টেডিয়ামে প্রয়োজনীয় সংস্কার ব্যয় কয়েক কোটি টাকা দেখিয়ে সেখান থেকে এনএসসিকে পাওনা সমন্বয় করতে বলেছিল। সেই সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছিলেন ক্রীড়া মন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। ৫ আগস্ট পরবর্তী সময়ে দৃশ্যপট বদলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন জাতীয় ক্রীড়া পরিষদের উপর নতজানু। এখন এনএসসি চিঠি প্রেরণের ২৪ ঘন্টার মধ্যেই ফিরতি চিঠি দিচ্ছে বিসিবি। বিসিবির বর্তমান সভাপতি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক। বিসিবির পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের স্বার্থ দেখাও তার দায়িত্ব। যদিও বিগত সময়ে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবি পরিচালকরা জাতীয় ক্রীড়া পরিষদের স্বার্থ তো দূরের কথা সম্পর্কই রাখেননি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ২০১৩ সালে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হয়ে পরবর্তীতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
ইসরায়েলি হামলায় গাজায় আরো ৩৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গাজায় আরো ৩৩ ফিলিস্তিনি নিহত গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৩ হাজার ৪০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। খবর আনাদোলুর। সোমবার ৪ নভেম্বর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৩৭৪ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ২ হাজার ২৬১ জন ব্যক্তিও আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৩ জন নিহত এবং আরও ১৫৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
৩০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

৩০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল তথ্য অধিদপ্তর পিআইডি আরও ৩০ সাংবাদিক ও ব্যক্তির প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। রোববার ৩ নভেম্বর তথ্য অধিদফতর থেকে এসব কার্ড বাতিল করা হয়েছে। তবে বিষয়টি আজই জানা গেছে। পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এর আগে গত ২৯ অক্টোবর আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে তথ্য অধিদপ্তর।
রং ঢং মুক্তি পাচ্ছে শুক্রবার

রং ঢং মুক্তি পাচ্ছে শুক্রবার গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে চলছে সংস্কার। তবে এই সংস্কার চলাকালীন সময়ে দেশে কমে গেছে নতুন সিনেমা মুক্তি। এরমধ্যে শরতের জবা নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। যদিও সেভাবে দর্শক টানতে পারেনি। তবে যথারীতি হলিইডের সিনেমা মুক্তি পেয়েছেন সিনেপ্লেক্সে। এদিকে সিনেমাপ্রেমী দর্শকদের জন্য সুখবর হলো আগামী ৮ নভেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘রং ঢং’। চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার নির্মাণ করেছেন সিনেমাটি। অনেকদিন আগে এর নির্মাণ কাজ শেষ করেন তিনি। এরপর সেন্সর বোর্ডের (তৎকালীন) ছাড়পত্রও পায়। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি। সিনেমাটির প্রযোজক আহসান জুবায়ের জানান, আগামী ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রং ঢং’। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি চলছে। রং ঢং’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, জামিল, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মন্ডল প্রমুখ। ব্ল্যাকশাইন লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, মাহমুদুল হাসান রোমান্স, শামিম আলম বুলেট, তাসনুব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, সুমিত, জামিল হোসেন, আদি।