অটোরিকশা সমস্যার সমাধান উচ্চ আদালতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অটোরিকশা সমস্যার সমাধান উচ্চ আদালতে: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে। আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সবার শেষে উপদেষ্টা এ কথা জানান। উচ্চ আদালত অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন। চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানী জুড়ে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। উপদেষ্টা বলেন, অটোরিকশার বিষয়টি উচ্চ আদালতে রয়েছে। এখন যদি এটা নিয়ে আমি একটা উত্তর দেই, সেটাতে আদালত অবমাননা হয়ে যেতে পারে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে, সেই নির্দেশনা মতেই আমরা কাজ করবো। আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে অটোরিকশার সমস্যাটা সমাধান হবে।

৬০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল ইন্টার মিলান

৬০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল ইন্টার মিলান ভেরোনাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মিলান। সিরি-আ’র ইতিহাসে দীর্ঘ ৬০ বছর পর দলটি অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধেই পাঁচ গোলের কীর্তি গড়ল। ১৯৬৪ সালে সালে সাম্পদোরিয়াকে ৫-১ গোলে হারিয়ে সেই কীর্তি কীর্তি গড়েছিল ইতালিয়ান জায়ান্টরা। গোলশূন্য ড্র হয়েছে এসি মিলান ও জুভেন্টাস ম্যাচ। ভেরোনার মাঠে শনিবার রাতে ম্যাচের ১৭ মিনিটে জোয়াকুইন কোরেয়া ইন্টারকে এগিয়ে দেন। ২২ ও ২৫ মিনিটে জালের দেখা পান মার্কাস থুরাম। এরপর স্টেফান ডি ভ্রিজ ও ইয়ান বিসেক যথাক্রমে ৩১ ও ৪১ মিনিটে মিশানাভেদ করেন। ১৩ ম্যাচে শীর্ষে থাকা আটালান্টার সমান ২৮ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দুইয়ে ইন্টার। তিনে রয়েছে ২৬ পয়েন্ট পাওয়া নাপোলি। ২৫ পয়েন্ট পাওয়া ফিওরেন্টিনা, লাজিও ও জুভেন্টাস যথাক্রমে চার, পাঁচ ও ছয় নম্বরে আছে। সাতে থাকা এসি মিলানের পয়েন্ট ১৯।

পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ স*ম্পদ ইলন মাস্কের!

পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ স*ম্পদ ইলন মাস্কের! মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের অর্থ-সম্পদ আরো ফুলেফেঁপে উঠেছে। মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, মাস্কই এখন ইতিহাসের সর্বকালের সেরা ধনী। সাময়িকীটির ভাষ্য মতে, এর আগে কেউই মাস্কের মতো সম্পদের মালিক হতে পারেননি। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মাস্কের সম্পদ আসলে ৩৪ হাজার ৭৮০ কোটি ডলারের বেশি। বাংলাদেশি টাকায় যা ৪১ লাখ ৩৮ হাজার কোটি টাকার সমান (প্রতি ডলার ১১৯ টাকা ধরে)। গত ৫ নভেম্বরের ভোটে ট্রাম্পের জয়ের পর মাস্কের মোট সম্পদে আরো ৭ হাজার কোটি মার্কিন ডলার যুক্ত হয়েছে। গত শুক্রবার প্রকাশ করা ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, তিনি এখন বিশ্বের শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ ৩৪ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে এক্সএআইয়ের বাজারমূল্য বেড়ে ৫০ বিলিয়নে পৌঁছে গেছে। এই কোম্পানিতে মাস্কের ৬০ শতাংশ শেয়ার রয়েছে। স্পেস-এক্সও লাভজনক জায়গায় রয়েছে। তাতে মাস্কের শেয়ার ৪২ শতাংশ। এই কোম্পানির বাজারমূল্য ২১০ বিলিয়ন ডলার। আর টেসলায় ১৩ শতাংশ শেয়ার রয়েছে মাস্কের। এছাড়া টেসলার শেয়ার গত নির্বাচনের পর থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টেসলার শেয়ারের ব্যাপক বৃদ্ধি এবং অন্যান্য ব্যবসায়িক সাফল্যের ফলে এই ঐতিহাসিক অর্থনৈতিক মাইলফলক অর্জিত হয়েছে। এতদিন সর্বকালের সেরা ধনীর তকমা দেওয়া হতো ১৪ শতকে পশ্চিম আফ্রিকার দেশ মালির শাসক মানসা মুসাকে। কথিত আছে, মালির এই শাসক এতটাই সম্পদশালী ছিলেন যে তার সম্পদের পরিমাণ ধারণাও করতে পারেনি ইতিহাসবিদরা। মানি ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারও পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব মানসা মুসা এর চেয়েও ধনী ছিলেন। ক্ষমতায় বসার আগে মালির শাসক ছিলেন তার ভাই মানসা আবু-বকর। ১৩১২ সালে আবু-বকর সিংহাসন ত্যাগ করে একটি অভিযানে বের হন। উত্তরাধিকার সূত্রে মালির শাসনভার গ্রহণ করেন মানসা মুসা। তার শাসনামলে মালি রাজত্বের বিস্তার ঘটতে থাকে। মানসা মুসা তার রাজত্বে আরও ২৪টি শহর যুক্ত করেন। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নাইজার, সেনেগাল, মৌরিতানিয়া, মালি, বুরকিনা ফাসো, গাম্বিয়া, গিনি-বিসাউ, গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ মানসা মুসার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। এত বড় সাম্রাজ্যের সঙ্গে তার আয়ত্তে আসে স্বর্ণ ও লবণের মতো মূল্যবান খনিজ সম্পদ। ব্রিটিশ মিউজিয়াম বলছে, মানসা মুসার শাসনামলে তৎকালীন বিশ্বে যে পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে। আর সেগুলোর সবটারই মালিক ছিলেন মানসা মুসা। শাসক হিসেবে মধ্যযুগের সবচেয়ে মূল্যবান সম্পদটির প্রায় অফুরান জোগান ছিল তার কাছে। কিন্তু ধর্মপ্রাণ মুসলিম মানসা মুসা সাহারা মরুভূমি এবং মিসর পার হয়ে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সেই অবস্থার পরিবর্তন হয়। বলা হয়ে থাকে, ৬০ হাজার মানুষের একটি দল নিয়ে মালি ত্যাগ করেন মানসা মুসা। তার সেই দলে ছিলেন সম্পূর্ণ মন্ত্রিপরিষদ, কর্মকর্তারা, সৈনিক, কবি, ব্যবসায়ী, উটচালক এবং ১২ হাজার দাস-দাসী। একই সঙ্গে খাবারের জন্য ছিল ছাগল এবং ভেড়ার এক বিশাল বহর। এরপর সেই বহর যখন কায়রো পৌঁছায় তখন ঘটে অভাবনীয় এক ঘটনা। কায়রোতে তিন মাস অবস্থান করেন মানসা মুসা। সে সময় তিনি যে হারে মানুষকে স্বর্ণ দান করেছেন তাতে পরবর্তী ১০ বছর ওই পুরো অঞ্চলে স্বর্ণের দাম তলানিতে গিয়ে পৌঁছায়। ভেঙে পড়ে অর্থনীতি। ১৩৩৭ সালে ৫৭ বছর বয়সে মারা যান মানসা মুসা। তার মৃত্যুর পর মানসা মুসার ছেলেরা আর সেই সাম্রাজ্য ধরে রাখতে পারেননি। ছোট রাজ্যগুলো একে একে বেরিয়ে যেতে থাকে। একসময় পুরো সাম্রাজ্য ধসে পড়ে। পরবর্তী সময়ে ইউরোপীয়রা ধীরে ধীরে আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে। ইতিহাসে এক বিস্ময়কর চরিত্র হিসেবে জায়গা পান মুসা।

কৃষিমন্ত্রী নিয়োগের মাধ্যমে সম্পূর্ণ হলো ট্রাম্পের নতুন প্রশাসনের

কৃষিমন্ত্রী নিয়োগের মাধ্যমে সম্পূর্ণ হলো ট্রাম্পের নতুন প্রশাসনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে পরবর্তী প্রশাসনে কৃষিমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই নিয়োগের মধ্য দিয়ে মন্ত্রিসভা গঠনের কাজ সম্পূর্ণ করলেন ট্রাম্প। শনিবার সন্ধ্যায় কৃষিমন্ত্রী পদে রলিন্সের নাম ঘোষণা করেন ট্রাম্প। রলিন্স চিন্তক প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান। যদিও নতুন প্রশাসনে প্রায় ৪ হাজারের মতো নতুন জনশক্তি নিয়োগ করার কথা রয়েছে। তবে ১৫ জন ব্যক্তিকে নিয়ে শীর্ষ পর্যায়ের মন্ত্রিসভার গঠন এরইমধ্যে শেষ হয়েছে। শনিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক মার্কিন কৃষকদের রক্ষা করার প্রচেষ্টার নেতৃত্ব দেবেন, যারা সত্যিই আমাদের দেশের মেরুদণ্ড। ট্রাম্প তাকে দেশের একজন সত্যিকার দক্ষ ব্যক্তি হিসেবে অভিহিত করেন। ৫২ বছর বয়সি রলিন্স রাইট উইং থিংক ট্যাঙ্ক প্রেসিডেন্ট অব দ্য আমেরিকা ফাস্ট পোলিসি ইনস্টিটিউটের সিইও। যেটা ট্রাম্পের এজেন্ডা প্রচারের জন্য নিবেদিত একটি অলাভজনক সংস্থা হিসেবে বিবেচিত। এতোদিন ট্রাম্পের পক্ষ হয়ে লড়ার পুরষ্কারই যেনো পেলেন তিনি। এর আগে রলিন্স হোয়াইট হাউসে কাজ করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন তিনি। এ ছাড়া রলিন্স হোয়াইট হাউসের অভ্যন্তরীন নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিনেটের অনুমোদনের পর কৃষিমন্ত্রী হিসেবে রলিন্স খামারের ভর্তুকি, কেন্দ্রীয় সরকারের পুষ্টি কর্মসূচি, মাংস খাতে পরিদর্শন এবং দেশের খামার, খাদ্য ও বনজ শিল্পের অন্যান্য দিক তত্ত্বাবধান করবেন।

সাবেক প্রধান বিচারপতির মৃ*ত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ আজ

সাবেক প্রধান বিচারপতির মৃ*ত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ আজ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ আজ রোববার বন্ধ থাকবে। সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে এ কর্মসূচি পালন করা হবে। তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। আজ সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এমন তথ্য জানানো হয়েছে। গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের স্মৃতির প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সব প্রশাসনিক কাজ চলমান থাকবে। এর আগে, ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন।

শপথ নিলেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার

শপথ নিলেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। আজ দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গত ২১ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠন হয়। অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।

পাঁচ বিসিএসে ১৮ হাজারের বেশি নিয়োগ দেবে সরকার

পাঁচ বিসিএসে ১৮ হাজারের বেশি নিয়োগ দেবে সরকার সরকার পাঁচটি বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জনসহ মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২০৬৪ জন, ৪৪তম বিসিএসে ১৭১০ জন, ৪৫তম বিসিএসে ২৩০৯ জন, ৪৬তম বিসিএসে ৩১৪০ জন এবং ৪৭তম বিসিএসে ৩৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএসের ১৭৯১ জন, ৪৫তম বিসিএসে ১৫৭০ জন, ৪৬তম বিসিএসে ১১১১ জন, ৪৭তম বিসিএসে ৩২৫ জনসহ ক্যাডার ও নন ক্যাডার পদে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এ সময় কোন বিসিএসের নিয়োগ কোন অবস্থায় আছে সে বিষয়ে বিস্তারিত জানান জনপ্রশাসন সচিব।

নাচোলে কৃষকদের মধ্যে বীজ বিতরণ প্রয়াসের

নাচোলে কৃষকদের মধ্যে বীজ বিতরণ প্রয়াসের চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় কৃষকদের মধ্যে গম ও মসুর বীজ বিতরণ করা হয়েছে।আজ সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৫ নাচোল অফিসে এইসব বীজ বিতরণের আয়োজন করা হয়। কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। অনুষ্ঠানে গম ও মসুর ডাল চাষ বিষয়ে পরামর্শ প্রদান করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। বিতরণ করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ কে চাঁপাইনবাবগঞ্জে সংবর্ধনা

প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ কে চাঁপাইনবাবগঞ্জে সংবর্ধনা প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ঐকতান’ এর আয়োজনে প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ কে এই সংবর্ধনা দেয়া হয়। আজ বিকেলে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদখানী সেচ প্রকল্পের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল মাদরাসার অধ্যক্ষ মনিরুল ইসলাম সহ অন্যরা। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদকে।

মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সোয়া ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন, স্থানীয় ব্যক্তি অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, মহাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন, মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন, গোলাম কবির, পরীক্ষার্থীদের মধ্যে মাহমুদা তাসমিম। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মহাদেব কুমার পাল ও খাদিজাতুল কুবরা। এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা পড়ালেখার তুলনায় স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছে বেশি। বিদ্যালয়েও ঠিকমত যাচ্ছে না। এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের পড়ালেখায় এগিয়ে নিয়ে ভালো ফলাফল আনতে বিদ্যালয়েই কোচিং ব্যবস্থার আয়োজন করা হয়েছে। এটি হবে সম্পূর্ণ বিনামূল্যে। বিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষার্থীদের এগিয়ে নিতে প্রতিদিন বিদ্যালয়েই পাঠদান করাবেন। তাই সকল পরীক্ষার্থীকে নিয়মিত বিদ্যালয়ে এসে পাঠ নিতে হবে। এক্ষেত্রে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। তাঁরা যেন পরীক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেন, সে ব্যাপারে অনুরোধ জানানো হয়।