নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে বলে  জানালেন ম্যাক্রোঁ

নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে বলে  জানালেন ম্যাক্রোঁ আগামী কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আর সেই নতুন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার হবে পার্লামেন্ট গৃহীত ২০২৫ সালের বাজেট। বৃহস্পতিবার আইনপ্রণেতারা দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট পাস করার পর এই কথা বলেন তিনি। প্রবীণ রক্ষণশীল মিশেল বার্নিয়ার আধুনিক ফরাসি ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী। নিয়োগের মাত্র তিন মাস পর বৃহস্পতিবার অনাস্থা ভোটে হারের পর পদত্যাগ করেন তিনি। সম্প্রচারিত ভাষণে ম্যাক্রোঁ বলেছেন, ‘আগামী দিনে’ বার্নিয়ারের উত্তরসূরির নাম ঘোষণা করবেন তিনি। ম্যাক্রোঁ বলেছেন, ‘অগ্রাধিকার হবে বাজেট’। একটি মধ্যপন্থী দলের প্রতিনিধিত্ব করেন ম্যাক্রোঁ। তিনি বলেন, বার্নিয়ারকে ক্ষমতাচ্যুত করে ‘একটি বিশৃঙ্খলা’ তৈরি করতে ‘প্রজাতন্ত্র বিরোধী ফ্রন্টে’ অতি-ডান ও বামপন্থি দলগুলো একত্রিত হয়েছে। সংকটের কারণে দুর্বল হয়ে পড়েছেন ম্যাক্রোঁ। তবে বিরোধী দলের কেউ কেউ অবশ্য তার প্রতি পদত্যাগ করার আহ্বানকে প্রতিহত করেছেন। তিনি আবারও নিশ্চিত করেছেন, ২০২৭ সালের মে মাসে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকবেন তিনি। ম্যাক্রোঁ বলছিলেন, ‘আপনারা আমাকে যে ম্যান্ডেট দিয়েছেন তা পাঁচ বছরের জন্য এবং আমি শেষ পর্যন্ত কাজ করব।’ ১০ মিনিটের বক্তৃতায় ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, নতুন সরকারের উচিত বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করা যারা এতে অংশ নিতে ইচ্ছুক অথবা অন্ততপক্ষে এর নিন্দা করবে না। তবে এটি ঠিক কোন দল সেটি তিনি স্পষ্ট করেননি। এদিকে, বার্নিয়ার ও তার সরকারকে একটি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক পদে থাকতে বলেছেন ম্যাক্রোঁ।

পদত্যাগ করতে পারেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

পদত্যাগ করতে পারেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পদত্যাগের বিষয়টি সমর্থন করেছেন। ধারণা করা হচ্ছে, আজ প্রেসিডেন্ট ইওল তার পদ থেকে পদত্যাগ করতে পারেন।চলতি সপ্তাহেই তিনি দেশে মার্শাল আইন প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। শাসক দলের প্রধান প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টিকে সমর্থন করেছেন। দক্ষিণ কোরিয়ার শাসক দল পিপলস পাওয়ার পার্টির প্রধান হ্যানডং-হুন জানিয়েছেন, প্রেসিডেন্ট দেশের গোয়েন্দা সংস্থাকে বিরোধী মত পোষণকারীদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন বলে তিনি শুনেছেন। শাসক দলের প্রধানের বক্তব্য থেকে পরিষ্কার, পার্লামেন্টে প্রেসিডেন্টকে ইমপিচ করার জন্য অধিকাংশ এমপি ভোট দেবেন। উল্লেখ্য, দুই-তৃতীয়াংশ ভোট পেলে তবে প্রেসিডেন্টকে ইমপিচ করা সম্ভব। অর্থাৎ, ৩০০ জনের পার্লামেন্টে ২০০টি ভোট প্রেসিডেন্টের বিরুদ্ধে যেতে হবে।এর মধ্যে বিরোধী জোটের ১৯২ জন এমপি ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিয়েছেন। ফলে তাদের ভোট এমনিতেই প্রেসিডেন্টের বিরুদ্ধে যাবে। প্রেসিডেন্টের বিরুদ্ধে শাসক দলের প্রধানের এই অবস্থানে দলের একটি বড় অংশ দলীয় প্রধানকে সমর্থন করছেন। ফলে তারাও প্রেসিডেন্টের বিরুদ্ধে ভোট দেবেন। বস্তুত, শাসকদলের ১৮ জন এমপি বিরোধীদের ইমপিচমেন্ট প্রস্তাবকে সমর্থন করেছেন। ফলে কোনোভাবেই প্রেসিডেন্ট পদ টিকিয়ে রাখতে পারবেন না ইউন। বৃহস্পতিবারও এমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল না। কারণ তখনও হ্যান তার অবস্থান স্পষ্ট করেননি। বস্তুত, তখন তিনি প্রেসিডেন্টের সমর্থনেই কথা বলেছিলেন। দলের সমস্ত এমপিদের প্রেসিডেন্টের পক্ষে দাঁড়ানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু শুক্রবার আচমকা নিজের মতামত সম্পূর্ণ বদলে ফেলেন তিনি। আর তাতেই প্রেসিডেন্টের পতন কার্যত নিশ্চিত হয়ে যায়। এর আগে গত মঙ্গলবার দেশে মার্শাল আইন চালু করার চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট। যা নিয়ে গোটা দক্ষিণ কোরিয়াজুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিরোধীরা এর তীব্র বিরোধিতা করে। শাসক দলের প্রধান জানিয়েছেন, প্রেসিডেন্ট তার এই পদক্ষেপ শেষ পর্যন্ত সমর্থন করে গেছেন। আর সেখান থেকেই দলের ভেতরে ইউনের গ্রহণযোগ্যতা কমেছে। শনিবার ইউনকে ইমপিচ করা হলে সংবিধান আদালত ঠিক করবে প্রেসিডেন্টকে পদ থেকে সরানো হবে, নাকি তাকে একই পদে বহাল রাখা হবে। প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হলে প্রধানমন্ত্রী তার জায়গায় উত্তীর্ণ হবেন।

ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার ভূমিকম্প

ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার ভূমিকম্প ক্যালিফোর্নিয়ার উত্তর উপকূলের কাছাকাছি ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এমনটি জানায়। ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে। পরে বেশ কয়েকটি আফটারশকও হয়। খবর বিবিসির।প্রাথমিকভাবে উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগনের উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরে অবশ্য সেই সতর্কতা তুলে নেওয়া হয়। সেখানে প্রায় ৪৭ লাখ লোকের বসবাস। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার হুমবোল্ট কাউন্টির ফার্নডেল শহরের কাছাকাছি। শহরটি সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল (৪১৮ কিলোমিটার) উত্তরে অবস্থিত। স্থানীয় কর্মকর্তারা বলেন, ভূমিকম্পের পর এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এটি এ বছরের মধ্যে বিশ্বব্যাপী সংঘটিত ৭ মাত্রার মাত্র নয়টি ভূমিকম্পের একটি। হুমবোল্ট কাউন্টি শেরিফ অফিস যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস নিউজকে বলেছে, ভূমিকম্পে ভবন বা অবকাঠামোর বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেনি, তবে কিছু বাড়িতে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তারা আরও জানায়, ওই এলাকার কয়েকটি দোকানে তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবং অনেক বাসিন্দা জন্য কিছু সময়ের জন্য বিদ্যুৎবিহীন ছিলেন। উত্তর ক্যালিফোর্নিয়ার বার্কলে শহরসহ কিছু অঞ্চলে সম্ভাব্য সুনামির শঙ্কায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছিল। ভূমিকম্পের পর ক্যালিফোর্নিয়ার রিও ডেল শহরের ব্লু স্লাইড রোডে ফাটলের ছবি প্রকাশ করেছে এবিসি নিউজ। সুনামি সতর্কতা বাতিল হওয়ার আগে, সান ফ্রান্সিসকোতে লোকজনকে উঁচু অঞ্চলে যাওয়ার তাড়াহুড়ো করতেও দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজাদ আলী ওরফে আবুল কালাম আজাদ (৬৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড দেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় কামাল হোসেন নামের একজনকে খালাস দেয়া হয়। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের বড়ইন্দারা ইসলামপুর মহল্লার মৃত আব্দুল তফুর মিস্ত্রির ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ময়েজ উদ্দিন মামলার বরাত দিয়ে জানান, ২০২১ সালের ১ মার্চ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চৌধুরী টোলা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় র‌্যাব। এসময় একটি অটোভ্যানকে থামানোর সংকেত দিয়ে ভ্যানটি ফেলে পালানোর সময় ১ কেজি ৯১০ গ্রাম হেরোইনসহ আবুল কালাম আজাদকে আটক করা হয়। এসময় কামাল পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের নায়েব সুবেদার মো. আবু তালেব বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ময়েজ উদ্দিন আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২১ সালের ১৫ ডিসেম্বর সদর মডেল থানার এসআই সুজন খান দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে বিচারক আজাদ আলী ওরফে আবুল কালাম আজাদকে যাবজ্জীবন সাজা এবং কামাল হোসেনকে খালাস দেন।

শেষ হলো রহনপুর এফটিআই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট

শেষ হলো রহনপুর এফটিআই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট গোমস্তাপুর উপজেলার রহনপুরে এফ টি আই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের খেলার চ্যাম্পিয়ন হন রোড ব্লক চাঁপাইনবাবগঞ্জ। তারা ২-০ সেটে রাশেদ জুটি রহনপুরকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জয়ী দলে জোরিকুল। অপর খেলায় রহনপুর ফ্রেন্ডস ব্যাটমিন্টন ক্লাব ২-০ সেটে খান ব্রডব্যান্ড রহনপুর থেকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এই খেলায় জাতীয় পর্যায়ের খেলোয়াড় অংশগ্রহণ করেন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের লোকমান। এফটিআই গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও রহনপুর ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত ফাইনাল খেলার সভাপতিত্ব করেন রহনপুর ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ। প্রধান অতিথি ছিলেন এফটিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ফতেহ্-উল ইসলাম আলাল। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এফটিআই গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস তাহেরা ইসলাম লিপি ও উপদেষ্টা পরিচালক কর্নেল হাফিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলি, ক্রীড়া সংগঠক আফতাবউদ্দিন লালানসহ অন্যরা। উল্লেখ্য, রহনপুর এফটিআই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত ২৬ নভেম্বর থেকে শুরু হয়। জেলা পর্যায়ে ১৬ টি ও জাতীয় পর্যায়ের ৮ টি দল নিয়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

দেশে এইডস আক্রান্ত ১৪৩৮ জন, বেশি সমকামীরা

দেশে নতুন করে এইডস আক্রান্ত ১ হাজার ৪৩৮ জন দেশে এইডসে আক্রান্ত রোগী বাড়ছে। চলতি বছরে নতুন করে এইচআইভি পজিটিভ হয়েছেন আরো ১ হাজার ৪৩৮ জন। যাদের মধ্যে একটি বড় অংশই সমকামী। আজ পালিত হচ্ছে ‘বিশ্ব এইডস দিবস’। এবার ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, চলতি বছরে নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন এক হাজার ৪৩৮ জন। তাদের মধ্যে ৪২ শতাংশ সমকামী, ২৪ শতাংশ সাধারণ মানুষ ও ১০ শতাংশ রোহিঙ্গা। এছাড়া প্রবাসী শ্রমিক, যৌনকর্মী, মাদকসেবী ও তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৪০৬ জন, চট্টগ্রামে ৩২৬, খুলনায় ১৫৪, রাজশাহীতে ১৪৭ এবং অন্যান্য বিভাগে ৪৪ থেকে ৮৬ জন পর্যন্ত। এসব রোগীর ৬৩ শতাংশই ২৫ থেকে ৪৯ বছর বয়সী, ২১ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর। স্বাস্থ্য অধিদফতর বলছে, এইডস আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। এর মধ্যে পুরুষ ৭৭ শতাংশ, নারী ২২ শতাংশ ও হিজড়া ১ শতাংশ। মৃতদের মধ্যে বেশির ভাগই ষাটোর্ধ্ব। বাংলাদেশে প্রথম এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছিল ১৯৮৯ সালে। দেশে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত শনাক্ত হয় ১২ হাজার ৪২২ জন। তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ২৮১ জন। ইউএনএইডসের অনুমিত হিসাবে দেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৪ হাজার। সংক্রমিত ব্যক্তির তুলনায় শনাক্তের হার ৮৮.৭২ শতাংশ। এছাড়া, সংক্রমিত সাত হাজার ৫০০ মানুষকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে। এখনো প্রায় দুই হাজার সংক্রমিত ব্যক্তি চিকিৎসার বাইরে রয়ে গেছে। তাদের ঝুঁকি অনেক বেশি।

ভারতে ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, নি*হত ৩

ভারতে ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, নি*হত ৩ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফিনজাল। গতকাল রাতভর তাণ্ডব চালিয়ে শক্তি হারিয়ে বর্তমানে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইয়ে ভারি বৃষ্টিপাত হচ্ছে। তলিয়ে গেছে বেশ কিছু এলাকা। পূর্ব সতর্কতা হিসেবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে রেড এলার্ট জারি করা হয়েছে। চেন্নাইয়ে বৃষ্টিজনিত ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, রাতভর তাণ্ডব চালানোর পর রোববার সকালে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল। এখন তা অবস্থান করছে পুদুচেরির কাছেই। তবে রোববার বেলা সাড়ে ১১টার মধ্যে আরো শক্তিক্ষয় করে এই গভীর নিম্নচাপ থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এদিকে, ফিনজালের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে শনিবার রাতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করে ‘ফিনজাল’। গভীর রাত পর্যন্ত ‘ল্যান্ডফল’ বা আছড়ে পড়ার প্রক্রিয়া চলে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাত আড়াইটা পর্যন্ত ‘ফিনজাল’ তামিলনাড়ু এবং পুদুচেরির ওপর দিয়ে ঘণ্টায় সাত কিলোমিটার গতিতে এগিয়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার সকালে জানিয়েছিল, সন্ধ্যা ৭টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ থাকবে। কিন্তু সন্ধ্যায় ঝড়ের দাপট বেশি থাকায় পরিষেবা চালু করা যায়নি। বৃষ্টিতে চেন্নাইয়ের বিমানবন্দরের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে অনেক বিমান। তবে রোববার ভোর থেকে বিমান চলাচল পুনরায় চালু হয়েছে। ফিনজালের প্রভাবে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারি বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল–কলেজ ও অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন এলাকায় খোলা হয়েছে দুই হাজারের বেশি ত্রাণশিবির। এদিকে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলংকায় এখনও রেড এলার্ট জারি আছে। যদিও দেশটির বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিচ্ছে।

বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। এ উপলক্ষে আজ বিশেষ এক আয়োজনে বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। „ মাসকট উন্মোচনের অনুষ্ঠানটি ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, এবং বিসিবির অন্যান্য কর্মকর্তারা। এই আয়োজন পরিণত হলো যেন সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মিলনমেলায়। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত থেকে শুরু করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম। তাদের সবাইকে দেখা গেছে খোশ গল্পে মেতে উঠতে। এ ছাড়া উপস্থিত ছিলেন নারী ক্রিকেট দলের সদস্যরাও। ‘ডানা-৩৬’ নামক মাসকটটি সাম্প্রতিক ছাত্র-নাগরিক আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এই মাসকটটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে। এই পায়রার মাসকটটিকে স্বাধীনতার চেতনার সাথে মেলবন্ধন ঘটানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতিরও একটি মূল প্রতিপাদ্য বিষয়। পায়রাকে শান্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখা হয়, যা একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে। আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই ধরনের অনুষ্ঠান ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামেও আয়োজন করা হবে বিপিএলের একাদশ আসর শুরু হবে ৩০ ডিসেম্বর এবং চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের টুর্নামেন্টে অংশ নেবে সাতটি দল- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, এবং সিলেট স্ট্রাইকার্স।

প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র জমা

প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র জমা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আজ দুপুরে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিতে দুর্নীতি তদন্তে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ‍্য জানায়। আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হবে। এদিন শ্বেতপত্র প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রতিবেদনের ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরবেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ প্ল্যানিং কমিশনের এনইসি সম্মেলন কক্ষের একনেক রুমে দুপুর ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জানা গেছে, ২৪টি অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে দুর্নীতির বর্ণনা। অনিয়মের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি এতে আছে প্রতিবেদনের ভূমিকা, উপসংহার ও অন্যান্য সংযুক্তি। উল্লেখ্য, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনীতির ক্ষত ও পরিস্থিতি পরিমাপ করে শ্বেতপত্র প্রকাশ করতে অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।

মেটার ক্যাবল বসবে সমুদ্রের নিচে, দৈর্ঘ্য ৪০ হাজার কিলোমিটার

মেটার ক্যাবল বসবে সমুদ্রের নিচে, দৈর্ঘ্য ৪০ হাজার কিলোমিটার হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা বিশ্বজুড়ে বিস্তৃত একটি সাবসিয়া কেবল নির্মাণের পরিকল্পনা করছে। বিশ্বজুড়ে ডেটা ট্রাফিকের বিস্তার বাড়ানোর জন্য সমুদ্রে প্রায় ৪০ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের একটি ক্যাবল স্থাপন করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেটা একটি ফাইবার-অপটিক কেবল স্থাপন করতে যাচ্ছে যার দৈর্ঘ্য হবে ৪০ হাজার কিলোমিটারের বেশি। প্রাথমিক পর্যায়ে প্রকল্পটির জন্য প্রায় ২ বিলিয়ন বিনিয়োগ করা হবে। তবে কাজ সম্পন্ন হলে এর চূড়ান্ত খরচ প্রায় ১০ বিলিয়নে পৌঁছাতে পারে। তবে মেটার মতো একটি বড় কোম্পানির জন্য এটি খুব বেশি খরচ নয়। প্রতিবেদন অনুসারে, প্রকল্পের পরিকল্পনা ইতোমধ্যে তৈরি করা হয়েছে। তবে বাজেট নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। প্রকল্পের রুট, ধারণক্ষমতা এবং এর পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য ২০২৫ সালের শুরুর দিকে প্রকাশ করবে মেটা। এতে আরও উল্লেখ করা হয়, কেবলটি পুরোপুরি কার্যকর হতে কয়েক বছর সময় লাগতে পারে। সাবমেরিন কেবল শিল্পের বিশ্লেষক রানলফ স্কারবরো জানিয়েছেন, বর্তমানে কেবল জাহাজগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং কয়েক বছরের জন্য আগাম কন্ট্রাক করা রয়েছে। যদি এই প্রকল্প সফল হয় তবে এটি মেটাকে বিশ্বব্যাপী ডেটা প্রেরণ এবং গ্রহণের জন্য একটি নির্ধারিত রুট দেবে। ধারণা করা হচ্ছে, কেবলটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে শুরু হয়ে ভারতের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা, তারপর অস্ট্রেলিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে শেষ হবে। উল্লেখ্য, মেটার মালিকানাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। এই প্ল্যাটফর্মে রয়েছে কয়েকশে কোটি ব্যবহারকারী। প্রায় সববয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্ম। ছবি, ভিডিও, টেক্স কনটেন্ট স্ট্যাটাস পোস্ট দেন বহু মানুষ।