ভারত সীমান্তে ড্রোন মোতায়েন করেনি বাংলাদেশ

ভারত সীমান্তে ড্রোন মোতায়েন করেনি বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেনি বাংলাদেশ। পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’।ওই প্রতিবেদনে তারা দাবি করেছে, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। তবে ‘ইন্ডিয়া টুডে’র ওই সংবাদ মিথ্যা ও বানোয়াট বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া ও বানোয়াট। এতে আরো বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। খবরটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ।ইন্ডিয়া টুডে তাদের প্রকাশিত সংবাদে দাবি করেছে, ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এ জন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত।

ভারতের ব্যান্ডউইথ ট্রানজিট বাতিল করলো বাংলাদেশ

ভারতের ব্যান্ডউইথ ট্রানজিট বাতিল করলো বাংলাদেশ বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহের প্রস্তাব বাতিল করেছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা দুর্বল হতে পারে বলে ট্রানজিট বাতিল করা হয়েছে।গত বছর ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ সরবরাহের জন্য সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম আবেদন করলে বিটিআরসি এ ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চায়। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফাইবার অ্যাট হোম ছিল অন্যতম সুবিধাভোগী। সরকারি চুক্তি ও লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে তারা সামিট কমিউনিকেশন্সের পরেই দ্বিতীয় অবস্থানে ছিল। দুই আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল অপারেটর বিটিআরসির অনুমতি চাওয়ার আগে, আগের বছর ভারতী এয়ারটেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করে। এতে তারা আখাউড়া হয়ে আগরতলাকে বাংলাদেশের কক্সবাজার ও কুয়াকাটার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সঙ্গে কানেক্ট করে সিঙ্গাপুর পর্যন্ত যাওয়ার অনুমতি চেয়েছিল।বলা হয়, এই ব্যবস্থায় বাংলাদেশ ট্রানজিট রুট হিসাবে কাজ করবে। এতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ডের জন্য দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে। বর্তমানে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলো চেন্নাইয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত। চেন্নাইয়ের সাবমেরিন কেবল প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে এই সুবিধা দিয়ে থাকে।চেন্নাইয়ের ল্যান্ডিং স্টেশন উত্তর-পূর্বাঞ্চল থেকে প্রায় ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরে। এত বেশি দূরত্বের কারণে ইন্টারনেটের গতি কমে যায়।অন্যদিকে পাহাড়ি ভূপ্রকৃতির কারণে ঐ অঞ্চলে ফাইবার অপটিক নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ এবং নতুন নেটওয়ার্ক স্থাপন তুলনামূলক কঠিন।বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এমদাদ উল বারী গণমাধ্যমকে বলেন, গাইডলাইন অনুযায়ী এ ধরনের ‘ট্রানজিট’ ব্যবস্থা দেওয়ার কোনো বিধান নেই। এরপরই ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা গত সপ্তাহে টেলিকম মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে তাদের আগের আবেদনটি প্রত্যাহার করতে বলে। বিটিআরসির নথি অনুযায়ী, এ ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে এবং ভারত এখানে শক্তিশালী হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটি বাংলাদেশকে মেটা, গুগল, আকামাই এবং অ্যামাজনের মতো কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) সরবরাহকারীদের জন্য পয়েন্ট অব প্রেজেন্স (পিওপি) হওয়ার সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করবে।পিওপি এমন একটি জায়গা বা ডেটা সেন্টার যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে আন্তঃসংযোগ পয়েন্ট হিসাবে কাজ করে। এটি বিভিন্ন নেটওয়ার্ক, ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী এবং সিডিএনগুলোর মধ্যে ডেটা ট্র্যাফিক বিনিময় সহজ করে। সংক্ষেপে, এটি এমন একটি কেন্দ্রীয় হাব যেখানে বিভিন্ন অঞ্চল থেকে ডেটা হাইওয়ে একত্রিত হয়। বর্তমানে মেটা, গুগল, আকামাই এবং অ্যামাজনের মতো সিডিএনগুলোর ভারতের কলকাতা, চেন্নাই এবং মুম্বাই শহরে পিওপি রয়েছে। সামিট এবং ফাইবার অ্যাট হোম ট্রানজিট কানেক্টিভিটির মাধ্যমে ভারতীয় টেলিকম অপারেটররা খুব সহজেই সেভেন সিস্টার্সে ইন্টারনেট সেবা দিতে পারবে।এছাড়া এই ব্যবস্থা বাংলাদেশের নিজস্ব অবকাঠামো দিয়ে মিয়ানমার ও উত্তর-পশ্চিম চীনের কিছু অংশে ইন্টারনেট সেবা দেওয়ার সম্ভাবনাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলবে।বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথের প্রায় ৬০ শতাংশ সরবরাহ করে সামিট কমিউনিকেশনস ও ফাইবার অ্যাট হোম এর সাতটি আইটিসি এবং বাকি ৪০ শতাংশ সরবরাহ করে বাংলাদেশ সাবমেরিন কেবলস (বিএসসি)। বিএসসির ব্যান্ডউইথ ৭ হাজার ২১৭ জিবিপিএস থাকা সত্ত্বেও বর্তমানে ব্যবহার হচ্ছে মাত্র ২ হাজার ৩৪৩ জিবিপিএস।বিসিএসের পর্যাপ্ত ক্ষমতা ও কেবল থাকলেও আইটিসি অপারেটরদের এ ধরনের সংযোগ দেওয়া হলে আইটিসি অপারেটরদের ব্যান্ডউইথ ব্যবহার আরো বৃদ্ধি পাবে। এতে করে বিসিএসের অব্যবহৃত বিপুল এই ব্যান্ডউইথ কাজে লাগানো ঝুঁকির মধ্যে পড়বে। তবে ফাইবার অ্যাট হোমের প্রধান টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবির দাবি করেন, এটি বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে না। যদিও তিনি স্বীকার করেন যে, এতে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো নিঃসন্দেহে আরো বেশি লাভবান হবে। তবে বাংলাদেশও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে লাভবান হবে, এবং বিএসসি, আইটিসি ও ন্যাশনওয়াইড টেলিযোগাযোগ ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটররা লাভের অংশীদার হবে।এ বিষয়ে সামিট কমিউনিকেশনসের মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও অনুরোধে সাড়া দেয়নি তারা। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভাপতি আমিনুল হাকিম বলেন, আলটিমেটলি ভারতের ব্যান্ডউইথ ভারতেই শেষ হবে, আর বাংলাদেশ নিছক একটি ট্রানজিট পয়েন্টে পরিণত হবে। প্রথমে মনে হতে পারে বাংলাদেশ এই ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। তবে, যেহেতু ট্রানজিট সুবিধার্থে দুটি স্থানীয় আইটিসি সরবরাহকারী ইতোমধ্যে ভারতীয় সংস্থাগুলো থেকে ব্যান্ডউইথ আমদানি করছে, এবং এতে করে পরিষেবা বিনিময়ের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে জানান আমিনুল হাকিম। পরিকল্পনা বাস্তবায়িত না হলে ‘ক্ষতি’ ভারতেরই ভারতের সেভেন সিস্টার্স থেকে চেন্নাই সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশনের দূরত্ব ৫৫০০ কিলোমিটার। বর্তমান নেটওয়ার্কে ভারতের সিঙ্গাপুর পর্যন্ত দূরত্ব ৮৭০০ কিলোমিটার। সেভেন সিস্টার্সের পথের এলাকা দুর্গম হওয়ায় ফাইবার নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ, নতুন নেটওয়ার্ক তৈরি ও নেটওয়ার্ক ঠিক রাখা বেশ দুঃসাধ্য কর্মযজ্ঞ। শুধু তাই নয়, দীর্ঘ দূরত্বের কারণে ল্যাটেন্সি হয় ৫৫ মিলিসেকেন্ড, এটি সিঙ্গাপুর পর্যন্ত গিয়ে দাঁড়ায় ৮৭ মিলিসেকেন্ড। বাড়ায় খরচও। ফলে মানসম্মত সেবা দেওয়া অনেক চ্যালেঞ্জিং। অন্যদিকে বাংলাদেশের মধ্য দিয়ে এই ট্রানজিট নেটওয়ার্কের কারণে দূরত্ব কমে যাবে ৩ হাজার ৭০০ কিলোমিটার আর সিঙ্গাপুর পর্যন্ত ল্যাটেন্সি কমে যাবে ৩৭ মিলিসেকেন্ড। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন বলেন, তারা যেটা করতে যাচ্ছিল, কলকাতা দিয়ে ইন্ডিয়ার ব্যান্ডউইথ নেবে, সেটা আমার দেশের ভেতর দিয়ে নিয়ে ওই ব্যান্ডউইথ সেভেন সিস্টার্সে পাঠাবে। এটা ইলিগ্যাল ট্রাফিকিং। আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইআইজিএবি) সভাপতি আমিনুল হাকিম বলেন, এই ট্রানজিটে বাংলাদেশের কোনো লাভ হতো না। লাভবান হতো দুই আইটিসি অপারেটর। তারা কৌশলে এমন একটি আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতো যেখানে আইটিসি হিসেবে ভারত হতে ব্যান্ডউইথ কেনা এবং এই ট্রানজিটের চার্জ নিয়ে কোনো লেনদেন হতো না। ফলে সরকার বিপুল রাজস্ব হারাতো।

গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা উদযাপনে মেতেছে রংপুর রাইডার্স। এতে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল ফ্র্যাঞ্চাইজিটি। আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে রংপুর। লক্ষ্য তাড়ায় খেই হারিয়ে ১৮.১ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। নুরুল হাসান সোহানের দলের জয় ৫৬ রানে। রংপুরের শিরোপা জয়ে টুর্নামেন্টজুড়ে দারুণ অবদান ছিল সৌম্যের। মহাগুরুত্বপূর্ণ ফাইনালে তিনি আরো দুর্দান্ত ব্যাটিং করেছেন। ৫৪ বলে খেলেছেন ৮৬ রানের ইনিংস। ৫ ম্যাচে ৪৭ গড় এবং ১৪২.৪২ স্ট্রাইকরেট নিয়ে সৌম্য টুর্নামেন্ট সর্বোচ্চ ১৮৮ রান করেছেন। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেই রংপুরের শুরুটাই ছিল দারুণ আক্রমণাত্মক। যদিও পাওয়ার প্লেতে তারা মাত্র ৪০ রান তোলে। ধীরে ধীরে দুই ওপেনার সৌম্য ও স্টিভেন টেলর গতি বাড়ান। উদ্বোধনী জুটিতে তোলেন ১২৪ রান। ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৮ রান করা টেলরের বিদায়ে সেই জুটি ভাঙে। এরপর সাইফ হাসান (৬) ও ওয়েন ম্যাডসেন (১০) দ্রুত বিদায় নিলে বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে রংপুর। সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেই শঙ্কা ছাপিয়ে ১৭৮ রানের বড় সংগ্রহ এনে দেন। এটাই প্রথমবারের মতো অনুষ্ঠিত টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ৭টি চার ৫ ছক্কায় বাংলাদেশি ওপেনার অপরাজিত ছিলেন ৮৬ রানে। অপরদিকে জবাব দিতে নেমে ১৮ ওভার ১ বলে ১২২ রান করে অলআউট হয় ভিক্টোরিয়া। প্রসঙ্গত, গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগে অংশই নেয়ার কথা ছিল না রংপুরের। বিপিএলের চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশালকে টুর্নামেন্টের জন্য আমন্ত্রণ জানিয়েছিল গায়ানা। তবে বরিশাল সদিচ্ছা না দেখানোয় রংপুর রাইডার্স সুযোগ পায় টুর্নামেন্টটিতে। আর সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে রংপুর। বিশ্বের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পাঁচ দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতে নিয়েছে দলটি।

ইকুয়েডরে সড়ক দুর্ঘটনা, নিহ*ত ১৬

ইকুয়েডরে সড়ক দুর্ঘটনা, নিহ*ত ১৬ ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮ জন। পেরুর সীমান্তবর্তী ইকুয়েডরের লোজা প্রদেশে একটি যাত্রীবাহী বাস এবং অন্য একটি গাড়ির মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ ইকুয়েডরে ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির দমকল বাহিনী, পুলিশ এবং গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয় এবং বাসটি উল্টে যায়।ইকুয়েডরে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি হচ্ছে সড়ক দুর্ঘটনা। দেশটিতে প্রতি বছরই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে।

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনা, নিহত ২৬

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনা, নিহত ২৬ আইভরি কোস্টে দুটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৮ জন। সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল দেশটির কেন্দ্র পশ্চিমে ব্রোকুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১০ জন দগ্ধ হয়ে মারা গেছেন। সড়ক পরিবহনের মহাপরিচালক ওমর সাকো এক বিবৃতিতে বলেছেন, ডালোয়া-ইসিয়া সড়কে দুটি মিনিবাসের সংঘর্ষে ২৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন দগ্ধ হয়ে মারা যায়। বিবৃতিতে আরো বলা হয়েছে, দুর্ঘটনা স্থলে মন্ত্রণালয়ের একটি দলকে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। কিছু রাস্তা এবং যানবাহনের খারাপ অবস্থার কারণে এবং গাড়ি চালকরা ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে ৷

শরীরে আয়রন শোষণ বাড়াবেন যেভাবে

শরীরে আয়রন শোষণ বাড়াবেন যেভাবে আয়রন একটি অপরিহার্য খনিজ যা আমাদের শরীরের প্রচুর প্রয়োজন। এটি আমাদের রক্ত ​​প্রবাহিত রাখে এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আয়রনের ঘাটতি ক্লান্তি, দুর্বলতা এবং ফ্যাকাশে ত্বকের মতো উপসর্গ সৃষ্টি করতে পারে। আপনার যদি আয়রনের ঘাটতি থাকে তবে কিছু খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। কিন্তু অনেকের ক্ষেত্রে তারপরেও আয়রনের মাত্রার উন্নতি দেখা যায় না। তাহলে আপনি কোথায় ভুল করছেন? আপনার শরীরে আয়রনের শোষণকে ধীর করে দিচ্ছে কি? চলুন জেনে নেওয়া যাক কী করবেন- ১. আয়রন সমৃদ্ধ খাবার আয়রন শোষণ বাড়ানোর জন্য সবুজ শাক, খেজুর এবং ডালিমের মতো খাবার নিয়মিত খেতে হবে। এ ধরনের খাবার আয়রন সমৃদ্ধ এবং এগুলো খেলে আয়রনের মাত্রা বৃদ্ধি পাবে। আয়রনের প্রস্তাবিত দৈনিক পরিমাণ বয়স এবং লিঙ্গের ওপর নির্ভর করে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অনুসারে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক আয়রন গ্রহণের লক্ষ্য হওয়া উচিত প্রায় ৪ মিলিগ্রাম, যেখানে একজন প্রাপ্তবয়স্ক নারীর লক্ষ্য হওয়া উচিত ১৮ মিলিগ্রাম। ২. চা/কফির সঙ্গে আয়রন সমৃদ্ধ খাবার খাবেন না আমরা অনেকেই সারাদিন চা এবং কফিতে চুমুক দিতে পছন্দ করি। তবে এই পানীয়ের সঙ্গে আয়রন সমৃদ্ধ খাবার খাবেন না। এটি আপনার শরীরে আয়রন শোষণে হস্তক্ষেপ করতে পারে। চা এবং কফিতে ক্যাফেইন এবং ট্যানিন থাকে, উভয়ই আয়রন শোষণকে ধীরগতি করতে এবং কমাতে পরিচিত। জাপান জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ড মেডিকেল রিসার্চ-এ প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, চা খেলে আয়রন শোষণ ৩৫% পর্যন্ত এবং কফির সঙ্গে খাওয়ার সময় ৬২% পর্যন্ত হ্রাস পেতে পারে। ৩. ভিটামিন সি-সমৃদ্ধ খাবার ভিটামিন সি-এর উৎসের সঙ্গে আয়রন সমৃদ্ধ খাবার যুক্ত করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এর কারণ হলো ভিটামিন সি একটি অ্যাসিডিক পরিবেশ তৈরি করতে সাহায্য করে, যা আয়রনকে আরও পর্যাপ্তভাবে দ্রবীভূত করতে সাহায্য করে। সুতরাং সবুজ শাক-সবজি খাওয়ার সময় তার ওপর লেবুর রস চেপে নিন। এতে আপনার শরীর আয়রন শোষণ করতে সক্ষম হবে, এইভাবে আপনার সামগ্রিক আয়রনের মাত্রা বৃদ্ধি পাবে। কোন খাবারে সবচেয়ে বেশি আয়রন থাকে? যখন আমরা আয়রন-সমৃদ্ধ খাবারের কথা ভাবি, তখন পালং শাকই সম্ভবত প্রথমেই মাথায় আসে। আর কেন নয়? এটি আয়রনের একটি চমৎকার উৎস এবং এটি বিভিন্ন রেসিপিতেও যোগ করা যেতে পারে। তবে আরও বেশ কিছু আয়রন-সমৃদ্ধ খাবার রয়েছে যা আপনার ডায়েটে রাখতে পারেন। এর মধ্যে রয়েছে চিয়া বীজ, শুকনো এপ্রিকট এবং কাজুবাদাম অন্যতম। এই সবগুলোতে উচ্চ আয়রন সামগ্রী রয়েছে, তাই আপনার খাবারে এগুলো যোগ করার চেষ্টা করুন।

ডিভোর্স গুঞ্জন উড়িয়ে পার্টি মুডে ঐশ্বরিয়া-অভিষেক

ডিভোর্স গুঞ্জন উড়িয়ে পার্টি মুডে ঐশ্বরিয়া-অভিষেক ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনকে নিয়ে নানা আলোচনা চারিদিকে। ডিভোর্স গুঞ্জনের মাঝে সম্প্রতি একটি পার্টিতে একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে। এই অনুষ্ঠানে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাদের দু’জনের এই ছবি বিবাহ বিচ্ছেদকে অনেকাংশে গুজবে পরিণত করেছে বলা চলে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, এ তারকা দম্পতি আয়েশা ঝুলকা, অনুরঞ্জন এবং অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে পোজ দিতেও দেখা গেছে। সেখানে ঐশ্বরিয়ার মা বৃন্দা রাইও উপস্থিত ছিলেন। চলচ্চিত্র পরিচালক অনু রঞ্জন এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে ঐশ্বরিয়াকে একটি সেলফি তুলতে দেখা গেছে এবং সঙ্গী অভিষেক এবং তার মা বৃন্দা। ছবির ক্যাপশনে লেখা, ‘অনেক ভালোবাসা।’ এই পার্টিতে সচিন তেন্ডুলকর, তুষার কাপুরসহ অন্যান্য সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন। এদিকে কয়েক সপ্তাহ আগে ঐশ্বরিয়া এবং অভিষেকের কন্যা আরাধ্যার ১৩তম জন্মদিনও একসঙ্গে উদযাপন করেন। প্রাথমিকভাবে নেটিজেনদের মনে হয়েছিল, অভিষেক তার মেয়ের জন্মদিনের পার্টিতে যোগ দেননি। পরে একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় তারা ওইদিন একসঙ্গেই ছিলেন। এ তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। সম্প্রতি, অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, ‘আমি পরিবার নিয়ে খুব কম কথা বলি। কারণ এটি আমার ব্যক্তিগত জীবন এবং গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করি।’ ‘তবে কোনও জল্পনাকে যাচাই না করে অনুমানের ভিত্তিতে কিছু বলা ঠিক না।’ ১৭ বছর আগে বিয়ে করেন বলিউডের এই তারকা জুটি। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়।

প্রেমিকের সঙ্গেই কীর্তির বিয়ে

প্রেমিকের সঙ্গেই কীর্তির বিয়ে দেড় দশক প্রেম করার পর প্রেমিকের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টোনি থাটির সঙ্গে গাটছড়া বাঁধতে যাচ্ছেন ‘সরকার’খ্যাত এই অভিনেত্রী। খবর পিঙ্কভিলার। এ প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ১২ ডিসেম্বর ভারতের পর্যটন এরিয়া গোয়াতে বসবে কীর্তি-অ্যান্টোনির বিয়ের আসর। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সদস্য ছাড়া বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত থাকবেন। এরই মধ্যে চেন্নাই থেকে বিমানযুগে গোয়াতে পৌঁছে গেছেন কীর্তি-অ্যান্টোনি ও তাদের বন্ধুরা। কীর্তির এক বান্ধবী কয়েকটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সেখানে বিমান টিকিটের ছবিও রয়েছে। এ ছবিতে লেখা রয়েছে— “এবং শুরু।” হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “কেএ (কীর্তি-অ্যান্টোনি) এর বিয়ে।” পরে এ পোস্ট কীর্তি তার ইনস্টাগ্রামে শেয়ার করেন। কয়েক দিন আগে কীর্তি সুরেশের বিয়ের নিমন্ত্রণপত্র ইন্টারনেটে ভাইরাল হয়। তাতে কীর্তির বাবা-মা, জি সুরেশ কুমার এবং মেনকা সুরেশের স্বাক্ষর রয়েছে। বিয়ের কার্ডে লেখা রয়েছে, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের মেয়ে আগামী ১২ ডিসেম্বর বিয়ে করতে যাচ্ছে। খুব ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হবে। আশা করছি, তাদেরকে আপনাদের প্রার্থনায় রাখবেন।” আগামী ১০ ডিসেম্বর শুরু হবে কীর্তি-অ্যান্টোনির প্রাক-বিয়ের অনুষ্ঠান। হিন্দু ও খ্রিষ্টান রীতিতে বিয়ে করবেন তারা। ১২ ডিসেম্বর সকালে হিন্দু রীতিতে বিয়ের অনুষ্ঠান হবে। ঐহিত্য মেনেই শাড়িতে কনে সাজবেন কীর্তি। এদিন, বিকালে চলে যাবেন চার্চে। সূর্যাস্তের সময়ে খ্রিষ্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই প্রেমিক যুগল। ২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ। এরপর আরো বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এ পর্যন্ত তার অভিনীত ৩৭টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে আরো ৩টি সিনেমার কাজ রয়েছে।

ক্যারিয়ারের প্রথম লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ নয়ার

ক্যারিয়ারের প্রথম লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ নয়ার জার্মান কাপে বায়ার্ন মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়ার প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন। গতকাল বৃহস্পতিবার লেভারকুসেনের বিপক্ষে খেলতে গিয়ে ডি-বক্সের বাইরে বেরিয়ে ফ্রিম্পংকে ফাউল করার পর রেফারি তাকে লাল কার্ড দেখান। এই ঘটনার পর ৩৮ বছর বয়সী নয়ার মাঠ ছাড়েন ১৭তম মিনিটে, যা তার ক্যারিয়ারের প্রথম লাল কার্ড। এই লাল কার্ডের কারণে নয়ারকে আরও শাস্তি পেতে হয়েছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে, যার ফলে পরবর্তী দুটি ম্যাচে তাকে মাঠে দেখা যাবে না। অধিনায়ককে হারানোর পর বায়ার্নের খেলা দুর্বল হয়ে পড়ে এবং ১০ জনের দলে পরিণত হওয়ায় লেভারকুসেন সুবিধা পায়। ম্যাচের ৬৯ মিনিটে টেল্লার গোলের মাধ্যমে ১-০ ব্যবধানে জয়লাভ করে জাবি আলোনসোর দল, ফলে বায়ার্ন টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

আজ রাত সাড়ে ১১টায় মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

আজ রাত সাড়ে ১১টায় মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণ ব্রাজিল ও আর্জেন্টিনা। যেকোনো টুর্নামেন্টে এই দুই দল মুখোমুখি হলে তো কথাই নেই। এবার দেশ দুটির প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেটেও দেখা যাবে। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্ব মাঠে গড়াতে যাচ্ছে। আজ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। যেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করবে। বাছাইপর্ব থেকে শীর্ষ তিন দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, তাদের প্রতিপক্ষ বারমুডা। একই দিনে ব্রাজিলও নিজেদের প্রথম ম্যাচে বাহামার বিপক্ষে মাঠে নামবে। আগামী ১৬ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। বুয়েন্স আয়ার্সের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় খেলাটি আরম্ভ হবে। ক্রিকেটে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ এবারই প্রথম নয়। ২০১৯ সালে সাউথ আমেরিকান মেন্স চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ২৯ রানে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ বাছাই র্বে আবারো তাদের লড়াই ক্রীড়াপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করবে।