নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবো : ড. ইউনূস

নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবো : ড. ইউনূস আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানান। ১৫ বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় ব্রিটিশ সাময়িকীটি। সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় ২০২৫ সালে নির্বাচন আয়োজনের পর তিনি কী করবেন? এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমার চাকরি আসলে কেড়ে নেয়া হয়েছে। আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম। এ জন্য আমি প্যারিসে ছিলাম। সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি আমার সারা জীবন ধরে করেছি। আর তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি। বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন, আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ। তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। এই তরুণেরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না। বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী। তিনি বলেন, আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া। বিশেষ করে তরুণীদের ওপর। তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের উচিত তরুণ-তরুণীদের ওপর মনোযোগ দেওয়া যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। তাদের সুযোগ এসেছে। তাদের সক্ষমতাও রয়েছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন তরুণ আমার ক্যাবিনেটে আছেন। তারা দুর্দান্ত কাজ করছে। তারা সক্ষম। এই তরুণেরা গত শতাব্দীর তরুণ নয়। তারা এই শতাব্দীর তরুণ। তারা অন্যান্যদের মতোই সক্ষম।

চাঁপাইনবাবগঞ্জে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক জেলাপর্যায়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এই সভার আয়োজন করে। ইউনিসেফ-বাংলাদেশের আর্থিক সহায়তায় আয়োজিত সভাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। প্রধান অতিথির বক্তব্যে দেবেন্দ্র নাথ উরাঁও বলেন, “একজন শিশু যখন দেশের মধ্যে জন্মগ্রহণ করে তখন সে দেশের সম্পদে পরিণত হয়। তার ভালো-মন্দ দেখার দায়িত্ব তখন রাষ্ট্রের হয়ে যায়। এই শিশুদের নির্যাতন ও বাল্যবিয়ের কারণে দেশের মুখ যেন মলিন না হয়।” তিনি বলেন, “শুধু আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিয়ে রোধ করা সম্ভব হবে না। আইন মানতে হবে।” তিনি বলেন, “মাথা যার, ব্যথা তার। অর্থাৎ যার সন্তান, তাকেই বাল্যবিয়ে বন্ধ করতে হবে। আর আমরা যারা বাল্যবিয়ে বন্ধে কাজ করছি তাদেরকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।” বাল্যবিয়ে মুক্ত একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ বলেন, বাল্যবিয়ের কারণে একজন কিশোরী যখন মা হন এবং সেই মায়ের যখন স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো হয় তখন অনেক সময় সেই মায়ের প্র¯্রাব ও পায়খানার পথ একীভূত হয়ে যায়। ফিস্টুলা রোগ হয়। ফলে সেই মায়ের অনবরত প্র¯্রাব-পায়খানা হতে থাকে। এর ফলে তার শরীর দিয়ে দুর্গন্ধ ছড়াতে থাকে। এতে তার স্বামীসহ শ^শুরবাড়ির লোকেরা বিরক্ত হয় এবং একটা সময় সেই কিশোরী মাকে তালাক দিয়ে দেয়। একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেনÑ এমনই এক কিশোরী মাকে তালাক দেয়ায় তিনি বাপের বাড়ি চলে আসেন। কিন্তু সেখানে তার ঠাঁই হয়েছে গোয়ালঘরের এক কোণায়। কী অমানবিক!, বলেন সিভিল সার্জন। পরামর্শ সভায় ধারণাপত্র উপস্থাপন করেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। ধারণাপত্রে তিনি জানান, এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয় বাংলাদেশে এবং বিশে^ আমাদের অবস্থান সপ্তম। আর দেশের মধ্যে পিরোজপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ বাল্যবিয়ে হয় চাঁপাইনবাবগঞ্জে। এখানে বাল্যবিয়ের হার ৬৫ শতাংশ। এসময় তিনি বাল্যবিয়ের ফলে সৃষ্ট স্বাস্থ্য, শিক্ষা, জনসংখ্যা, অর্থনীতি, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন খাতের সমস্যা তুলে ধরেন এবং বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে আলোকপাত করেন। জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ। মুক্ত আলোচনায় অংশ নেন, জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমসহ অন্যরা। সভায় অংশগ্রহণকারীরা বাল্যবিয়ে প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ, প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা বাড়ানো, জন্মনিবন্ধনে বয়স পরিবর্তন রোধ, জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি বাড়ানো, সরকারি প্রণোদনার ব্যবস্থাসহ বিবিধ সুপারিশ পেশ করেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শিক্ষার্থী প্রতিনিধি, ইমাম, পুরোহিত এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের আগামীকাল লক্ষ্যে নামছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের আগামীকাল লক্ষ্যে নামছে বাংলাদেশ তিন ম্যাচের টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭ রান ও ২৭ রানে জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে লাল-সবুজের দল। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি স্পোর্টস। এই ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘ সফরের সমাপ্তি টানবে বাংলাদেশ। সিরিজের ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের পাশাপাশি জয় দিয়ে সফর লিটন দাসের দলের শেষ করার লক্ষ্য। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হবার পর ব্যাকফুটে থেকে টি-২০তে খেলতে নেমেছিল টাইগাররা। কিন্তু এক ম্যাচ হাতে থাকতেই ফরম্যাটটির দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারীরা। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এবারের সফর শুরু করেছিল বাংলাদেশ। প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায় শেষ করে টাইগাররা। ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের নজির গড়ে। টি-২০ সিরিজ জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন এক বছর পর জাতীয় দলে ফেরা শামীম হোসেন পাটোয়ারী। দ্বিতীয় ম্যাচে ১৭ বলে অনবদ্য ৩৫ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সিরিজ জয়কে বড় অর্জন মনে করছেন শামীম। তিনি বলেছিলেন, ‘আমি সবসময় মনে করি দল যে পরিস্থিতিতেই থাকুক না কেন আমি যদি ভালো খেলি, তাহলে আমরা একটি ভালো স্কোর করতে পারবো। আমার সবসময় ইতিবাচক চিন্তা আছে। আমি ভালো খেলতে পেরে খুশি, আমার পরিবার এবং দেশও খুশি। আমরা ওয়েস্ট ইন্ডিজে টি-২০ সিরিজ জিতেছি এবং এটি একটি বিশাল অর্জন।’ দ্বিতীয় টি-২০তে আঙুলে চোট পেয়েছেন ওপেনার সৌম্য সরকার। তাই সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না। আগামী ৩-৪ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। শেষ ম্যাচের একাদশে তাই বাংলাদেশ পরিবর্তন আনবে। ধীরগতির উইকেটে বাংলাদেশের স্পিনারদের সামলাতেই ওয়েস্ট ইন্ডিজকে হিমশিম খেতে হয়েছে। ক্যারিবীয়দের তাই হোয়াইটওয়াশ এড়াতে সেরা পারফরম্যান্স করতে হবে । ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল বলেছেন, ‘ব্যাটিংয়ে হতাশাজনক পারফরম্যান্সের জন্য গত কয়েকটি সিরিজে আমরা বাজেভাবে হেরেছি। আমাদের এ বিষয়গুলো নিয়ে ভাবতে এবং সমাধান বের করতে হবে। বোলাররা ভালো করছে। কিন্তু ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা জ্বলে উঠতে পারছি না এবং পুরোপুরিভাবে লড়াই করতে পারছি না।’ এই ফরম্যাটে ১৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশ জিতেছে সাতটিতে এবং হেরেছে ৯টিতে। দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃ*ত্যু, হাসপাতালে ২৩৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃ*ত্যু, হাসপাতালে ২৩৬ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫৭ জনে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৬৭ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১৪ জন। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৬ জন। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৮০৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৯৭৯ জন। মারা গেছেন ৫৫৭ জন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ২১ আগস্ট হা*মলা: মামলা যাবে স্বরাষ্ট্রে, হবে নতুন তদন্ত

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ২১ আগস্ট হা*মলা: মামলা যাবে স্বরাষ্ট্রে, হবে নতুন তদন্ত ন্যায়বিচার নিশ্চিতে যথাযথ ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ১ ডিসেম্বর আসামিদের ডেথ রেফারেন্স, আপিল, জেল আপিল ও বিবিধ আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৯ পৃষ্ঠা করে পৃথক দুটি মামলার (হত্যা ও বিস্ফোরক মামলা) পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। এ হামলার ঘটনায় তখন মতিঝিল থানায় মামলা হয়। মামলার তদন্ত ভিন্ন খাতে নিতে তৎকালীন সরকার নানা তৎপরতা চালায় বলে আওয়ামী লীগ অভিযোগ করে। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মামলাটির তদন্ত নতুনভাবে শুরু করে। ২০০৮ সালে এ মামলায় প্রথমে ২২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আওয়ামী লীগ সরকার আমলে এ মামলার অধিকতর তদন্ত হয়। এরপর তারেক রহমানসহ আরো ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়া হয়।

ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটের সঙ্গে ফেরির সংঘর্ষ, নি*হত ১৩

ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটের সঙ্গে ফেরির সংঘর্ষ, নি*হত ১৩ ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোটের সঙ্গে যাত্রীবাহী ফেরির সংঘর্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল মুম্বাই উপকূলে নৌবাহিনীর একটি স্পিডবোটের ইঞ্জিন পরীক্ষার সময় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, এ দুর্ঘটনায় নিহতদের মাঝে নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দুই কর্মীও রয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে, তাদের একটি স্পিডবোটের ইঞ্জিন পরীক্ষা করা হচ্ছিল। এ সময় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাইয়ের করঞ্জা থেকে রওনা দেওয়া নীল কমল নামের ওই যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষ হয়। ফেরিটি এলিফ্যান্টা দ্বীপে যাত্রী নিয়ে যাচ্ছিল।ফেরির ক্যামেরায় ধারণ করা দুর্ঘটনার একটি ভিডিও থেকে দেখা যায়, নৌবাহিনীর স্পিডবোটে পাঁচ জন ছিলেন। তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে ফেরিতে ছিলেন ১১০ জন যাত্রী। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। বাকি ১০০ জন রক্ষা পেয়েছেন। এ ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর।ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মুম্বাইয়ের নৌ দুর্ঘটনাটি দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই প্রার্থনা করি।দুর্ঘটনায় নিহতদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তিনি জানান, এ দুর্ঘটনায় আর কেউ নিখোঁজ রয়েছেন কি না তল্লাশি চালানো হচ্ছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, বিষয়টি এখনো স্পষ্ট নয়। পুলিশ ও নৌসেনা এ নিয়ে পৃথকভাবে তদন্ত চালাচ্ছে।

রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই

রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এক হাজার ৯৯৫ কোটি ৭১ লাখ ৪০ হাজার ডলার (বিপিএম৬); বা ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার ছুঁয়েছে। এ রিজার্ভ আন্তর্জাতিক হিসাবায়ন পদ্ধতি অনুসারে। বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দুই হাজার ৪৯৪ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার। আজ এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। গত ১১ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি পণ্যের বিল বাবদ ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় ১৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলার (বিপিএম৬)। গত দেড় মাসে বৈদেশিক মুদ্রার এই সঞ্চয় বাড়তে বাড়তে আবারও ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই হয়েছে। রিজার্ভের তিনটি হিসাব সংরক্ষণ করে থাকে বাংলাদেশ ব্যাংক। প্রথমটি হলো বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভ। মোট রিজার্ভের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের জন্য একটি সহজ শর্তের ঋণ, বিমান ক্রয়ে সোনালী ব্যাংককে দেওয়া ঋণসহ বেশ কয়েকটি তহবিল। দ্বিতীয়টি হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি অর্থাৎ বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিল বা ঋণের অর্থ বাদ দিয়ে একটি তহবিল। এর বাইরে রয়েছে ব্যবহারযোগ্য রিজার্ভ। বর্তমান যা ১৫ বিলিয়ন ডলারের কিছুটা নিচে। দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ রিজার্ভ এখন প্রায় চার মাসের আমদানি মূল্য মেটানোর অবস্থায় রয়েছে। ২০২২-২৩ অর্থবছরে শেষ নাগাদ নিট রিজার্ভ নামে ২৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে। এ সময় বৈশ্বিক উচ্চ মুদ্রাস্ফীতির কারণে আমদানি ব্যয় বাড়তে থাকে। অন্যদিকে বৈদেশিক মুদ্রার আহরণের ক্ষেত্রটা সংকুচিত হতে থাকে। এ অবস্থায় জ্বালানি ও জরুরি খাদ্যপণ্য আমদানিতে ডলারের চাহিদা বাড়তে থাকে। উল্টোদিকে ডলার বিক্রি করার কারণে কমে যায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এরপর বৈদেশিক ঋণ ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার ক্রয়ের মাধ্যমে আবার রিজার্ভ বাড়ায়। বর্তমান সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রয়েছে। পাশাপাশি বিভিন্ন সোর্স থেকে ডলার যোগ হচ্ছে প্রতিদিনই। এর ধারাবাহিকতায় ক্রমেই বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেলেন হামজা

বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেলেন হামজা ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে পাওয়া গেছে সুখবর। আন্তর্জাতিক ফুটবলে লাল-সবুজের জার্সিতে খেলার জন্য তিনি ফিফার কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন। আজ বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বার হামযাকে বাংলাদেশের হয়ে অংশগ্রহণের অনুমতি দিয়েছে। হামজা ইংল্যান্ডের যুব দলের হয়ে খেলেও নিজের জাত চিনিয়েছিলেন। আড়াই মাস আগে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে সম্প্রতি অনাপত্তিপত্র পেয়েছেন হামজা। বর্তমানে তিনি বাংলাদেশি পাসপোর্টধারী ব্যক্তি। বাফুফের প্রত্যাশা, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দেশের ফুটবলের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেসগের সাফল্যের সমূহ দ্বার উন্মুক্ত করবে। বাংলাদেশি পাসপোর্টের আবেদন করেছিলেন চলতি বছরের জুনে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে তার পাসপোর্ট এসে গিয়েছিল মাসখানেকের মধ্যেই। লেস্টার সিটির হয়ে প্রাক মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকায় বাংলাদেশি পাসপোর্টটা গ্রহণ করতে পারছিলেন না হামজা। অবশেষে ২৩ আগস্ট হামজার পক্ষে পাসপোর্টটি গ্রহণ করেন তার মা রাফিয়া চৌধুরী।

আইএমএফ চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না: জ্বালানি উপদেষ্টা

আইএমএফ চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না: জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আইএমএফ চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না। তবে উৎপাদন খরচ কমিয়ে ভর্তুকি কমানো হবে বিদ্যুতের। আজ অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, দাম বাড়িয়ে বিদ্যুতে ভর্তুকির সংস্কৃতি থেকে বের হয়ে আসবে সরকার। সার্বিক সমন্বয়ের মাধ্যমে খরচ কমানো হবে। এখন থেকে দাম বৃদ্ধির শুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। এর আগে, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে আইএমএফ জানিয়েছে, বাংলাদেশের অর্থনীতি চাপে আছে। গণ-অভ্যুত্থান, বন্যা ও সংকোচনমূলক নীতি গ্রহণের কারণে বছর শেষে প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৮ শতাংশ। সময়মতো অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করায় ধীরে ধীরে অর্থনীতি স্বাভাবিক হচ্ছে উল্লেখ করে সংস্থাটি জানায়, অর্থনৈতিক কর্মকাণ্ডে এখনো ধীরগতি ও মূল্যস্ফীতি বৃদ্ধি অব্যাহত আছে। ব্যাংক থেকে মূলধন বের হয়ে যাওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভকে চাপে ফেলেছে।

মালদ্বীপে ৩ সরকারি ভবনে অগ্নিকাণ্ড

মালদ্বীপে ৩ সরকারি ভবনে অগ্নিকাণ্ড মালদ্বীপের মালে শহরে তিনটি সরকারি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি মন্ত্রণালয়ের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ স্থানীয় সময় ভোরে দেশটির প্রধান বাণিজ্যিক শহর মালের একটি সরকারি ভবনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরো দুটি সরকারি ভবনে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র। খবর পেয়ে আগুন নেভানোর কাজ করেন দমকল কর্মীরা। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনো ধোঁয়ায় ছেয়ে আছে চারপাশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশেই একটি খাদ্যগুদাম রয়েছে। সেখানে বাংলাদেশিসহ অন্য দেশের বহু অভিবাসী কাজ করেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। অবকাঠামো, আবাসন ও পরিবেশ মন্ত্রণালয়ের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বন্ধ রয়েছে সব কার্যক্রম। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। ঘটনার পরপরই দেশটির প্রেসিডেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।