‘মার্চ ফর ইউনিটি’; ভোর থেকেই শহিদ মিনারে জড়ো হচ্ছেন সারাদেশ থেকে আসা শিক্ষার্থীরা

‘মার্চ ফর ইউনিটি’ ভোর থেকেই শহিদ মিনারে জড়ো হচ্ছেন সারাদেশ থেকে আসা শিক্ষার্থীরা রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেয়ায় ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের আহ্বানে সাড়া দিয়ে এতে যোগ দিতে ভোর থেকেই শহিদ মিনারে আসতে শুরু করেছেন সারাদেশের শিক্ষার্থীরা। আজ ভোর থেকেই শুরু হয় শহিদ মিনারে মঞ্চ তৈরির কাজ। গণজমায়েতে অংশ নিতে সোমবার রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। সকাল সাতটার মধ্যেই শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন উত্তরের বিভিন্ন জেলা- পঞ্চগড়, নাটোর, সিরাজগঞ্জের শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা- ফ্যাসিবাদবিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে দুদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে। হঠাৎ করে এই ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো, এর প্রভাব কী হতে পারে—এসব বিষয় বুঝতে চাইছিল বিভিন্ন রাজনৈতিক দল। ঘোষণাপত্রের পক্ষে–বিপক্ষে তর্কবিতর্কের পাশাপাশি বিষয়টি নিয়ে রাজনীতিতে একধরনের উত্তাপ তৈরি হয়। এমন প্রেক্ষাপটে সোমবার রাত পৌনে ২টার দিকে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, আজ বিকেল তিনটায় কেন্দ্রীয় শহিদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।

জুলাই ঘোষণা কর্মসূচি আজ

জুলাই ঘোষণা কর্মসূচি আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণা কর্মসূচি অনুষ্ঠিত হবে আজ। পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি হবে। তবে এদিন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে না।সোমবার দিনগত রাত ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এ ঘোষণা দেন। তিনি বলেন, গত ৫ আগস্ট সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। আগামীকাল সারাদেশ এবং ঢাকার মানুষ একইভাবে রাস্তায় নেমে আসবে। অন্তর্বর্তী সরকার আমাদের প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরাও এর পক্ষে সমর্থন জানাই। সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে, তবে আমরা যে কর্মসূচি দিয়েছি শহিদ মিনারে- আমরা বিপ্লবীরা একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না।আগামীকাল ঘোষণাপত্র প্রকাশ করা হবে কি না? এমন প্রশ্ন করলে মাসউদ কোনো উত্তর না দিয়ে প্রক্লেমেশনের পক্ষে কার্যালয়ের বাইরে মিছিল করা হবে জানিয়ে দ্রুত সংবাদ সম্মেলন স্থান ত্যাগ করেন। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্যতম সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলন শেষে সারজিস আলম কার্যালয়ে প্রবেশ করে কয়েক মিনিটের মধ্যে আবার বেরিয়ে যান।

মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা

মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুকে শোক জানাতে আজ সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাকে স্বাগত জানান। ড. মুহাম্মদ ইউনূস হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেন।শোক বার্তায় ড. ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে নিজের কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেন। মনমোহন সিংয়ের মৃত্যুতে তিনি নিজের, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে ভারতের জনগণ ও সরকারকে গভীর শোক জানান। উল্লেখ্য, মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

রেডিও মহানন্দার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রেডিও মহানন্দার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হাঁটি হাঁটি পা করে ১৩ বছর পার করে ১৪ বছরে পদার্পণ করেছে জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম। এ উপলক্ষে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত রেডিও মহানন্দার প্রধান কার্যালয়ে রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে শুরু হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা। রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুন সদস্য রফিক হাসান বাবলু, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক তাকিউর রহমান। এসময় বক্তারা রেডিও মহানন্দার উত্তরতর সাফল্য কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক গৌড়বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, চাঁপাই নিউজ ডটকমের নির্বাহী সম্পাদক মেহেদি হাসান, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি তারেক রহমান, শ্রোতা শুভানুধ্যায়ী, প্রয়াসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রেডিও মহানন্দা ও প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের কর্মীবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন- রেডিও মহানন্দা চাঁপাইনবাবগঞ্জ-বাসীর কণ্ঠস্বর, গণমানুষের প্রাণের প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান বাল্য বিয়ে প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা বিষয়ে সাধারণ মানুষকে সতেচন করে গড়ে তোলার কাজটি করছে এবং এসডিজি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন জ্যোতি

টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন জ্যোতি প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন নিগার সুলতানা জ্যোতি। এর আগে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম সেঞ্চুরিটিও এসেছিল তার ব্যাট থেকেই। আজ সেন্ট্রাল জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে খেলতে নেমে ২১৮ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে তিনি তিন অঙ্কের ম্যাজিকাল স্কোর ছুঁয়েছেন। এর আগে, ইস্ট জোন প্রথম ইনিংসে ওপেনার দিলারা দিলারার ১০২ এবং তিথি ও সুপ্তার জোড়া ফিফটির ওপর ভর করে ৩৫৪ রান সংগ্রহ করেছিল। এর জবাবে সেন্ট্রাল জোনের ওপেনার মুর্শিদা খাতুন ১৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যা দলকে শক্ত ভিত গড়ে দেয়। মুর্শিদার দেখানো পথে হেঁটে নিগার সুলতানাও নিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। তার এবং মুর্শিদা খাতুনের সেঞ্চুরিতে সেন্ট্রাল জোন ইতোমধ্যেই ইস্ট জোনের বিপক্ষে লিড নিয়েছে।

ফিটনেসের কারণে বিপিএলে অনিশ্চিত মাশরাফি, সিলেট তাকিয়ে ‘পরিস্থিতিতেও’

ফিটনেসের কারণে বিপিএলে অনিশ্চিত মাশরাফি, সিলেট তাকিয়ে ‘পরিস্থিতিতেও’ ২০২০ সালে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটটা চালিয়ে যাচ্ছিলেন তিনি।ফিটনেস নিয়ে নানা প্রশ্নও অবশ্য উঠছিল। অনেক সময় ম্যাচ খেলেও বোলিং করেননি তিনি, টপ অর্ডারেও ব্যাটিং করতে যাচ্ছেন। ক্রিকেটকে পুরোপুরি বিদায় মাশরাফি বলতে চাননি। এবারও বিপিএলের ড্রাফটে নাম দিয়েছেন তিনি। তাকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স, গত আসরেও ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব করেছেন তিনি। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। বিলুপ্ত সংসদের সদস্য ছিলেন মাশরাফি। পরে তার নামে হয় হত্যা মামলা। এরপর থেকে অনেকটা আড়ালেই আছেন তিনি। এবার কি বিপিএলে খেলবেন তিনি? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। টুর্নামেন্ট শেষের দু দিন আগে সিলেটের হেড কোচ মাহমুদ ইমন জানিয়েছেন, ফিটনেসের কারণেই মাশরাফিকে নিয়ে অনিশ্চয়তা। মাশরাফিকে নিয়ে শনিবার মিরপুরে তিনি বলেন, ‘আমাদের স্কোয়াডে এখনও আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে- ও কী অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী। ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে। ’ তার সঙ্গে কথাবার্তা হয়েছে কি না জানতে চাইলে সিলেট স্ট্রাইকার্সের কোচের জবাব ছিল এমন, ‘কথাবার্তা চলতেছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করে। ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ। ’ কিন্তু টুর্নামেন্ট শুরুর দু দিন আগেই একজনকে খেলোয়াড়কে নিয়ে অনিশ্চয়তা। এর আগে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়, ক্রিকেটার না হলে অন্য ভূমিকায় থাকবেন মাশরাফি। তার ভূমিকা কতদিনের ভেতর পরিষ্কার হওয়া যাবে? জানতে চাওয়া হয় মাহমুদ ইমনের কাছে। তিনি বলেন, ‘আমি আপনার সঙ্গে একমত। যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনবো না মাশরাফিকে। আমরা ওর জন্য অপেক্ষা করবো। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না। তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো। ’ এখনও ঠিক হয়নি সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্ব করবেন। আজই তা ঠিক করে জানানো হবে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ। মাশরাফি ছাড়া বাকি ক্রিকেটাররাও শনিবারের অনুশীলনে ছিলেন বলে জানিয়েছেন তিনি। মাহমুদ বলেন, ‘স্থানীয় সবাই ছিল অনুশীলনে। নিলাম থেকে যাদের নিয়েছি তারা সবাই ছিল শুধু মাশরাফি ছাড়া। আর আমাদের বিদেশি খেলোয়াড় আজকে দুজন ছিল, দুজন ইতোমধ্যে হোটেলে চলে এসেছে। বাকিরা পথে আছে। ’

ভিনির ‘প্রাপ্য’ ছিল: ব্যালন ডি’অরের সমালোচনায় রোনালদো

ভিনির ‘প্রাপ্য’ ছিল: ব্যালন ডি’অরের সমালোচনায় রোনালদো ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে এবারের ব্যালন ডি’অর পুরস্কার নিজের করেন নেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি। কিন্তু সবার প্রত্যাশা ছিল দুর্দান্ত ফর্মে থাকা ভিনিই এই পুরস্কারের যোগ্য। দারুণ ফর্মের পাশাপাশি বেশ কয়েকটি শিরোপা জিতেও ভিনি যখন ব্যালন ডি’অর পায়নি তখনই শুরু হয় বিতর্ক। লম্বা সময় পর এই বিতর্কে এবার যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত হয় গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। সেখানে রোনালদো পুরস্কার পান মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের। ওই অনুষ্ঠানে ব্যালন ডি’অরের সমালোচনা করে পর্তুগিজ তারকা। জানান ভিনিসিয়ুসের সঙ্গে হয়েছে অন্যায়। পুরস্কারটি পাওয়ার যোগ্য ছিলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকাই। রোনালদো বলেন, ‘ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জেতা উচিত ছিল। রদ্রিও এটি পেতে পারতেন, তবে ভিনিসিয়ুস চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, ফাইনালে গোল করেছেন। অন্য কোনো বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। যখন কেউ যোগ্য, তখন তাকে পুরস্কৃত করা উচিত। আমার মতে, এটি অন্যায় হয়েছে। ’ ব্যালন ডি’অরের আয়োজক ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের সমালোচনাও করেন রোনালদো। সঙ্গে প্রশংসা করেন গ্লোব সকার অ্যাওয়ার্ডের। এই ব্যাপারে আল নাসর তারকা বলেন, ‘এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে। এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ। ’

তাপমাত্রা বাড়বে, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস

তাপমাত্রা বাড়বে, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে। একইসঙ্গে রংপুর বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া অফিস জানায়, শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার ২৯ ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার ৩০ ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, বর্ধিত ৫ (পাঁচ) দিন রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার-সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক বার্তায় এ তথ্য জানান মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান। এতে বলা হয়, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত চলমান থাকার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে বিধি নিষেধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তটি সাময়িক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বেসরকারি ব্যক্তিদের অনুকূলে ইস্যুকৃত সচিবালয় প্রবেশের অস্থায়ী কার্ড বাতিল করা হয়। পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়।

সৌদি আরবে শূন্য ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

সৌদি আরবে শূন্য ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কয়েকটি জায়গার তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে আসতে পারে। এমনকি কিছু অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতেও পৌঁছাতে পারে বলে এক সতর্ক বার্তায় জানিয়েছে দেশটির আবহাওয়া কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়েছে, আসন্ন শৈত্যপ্রবাহে সৌদি আরবের উত্তরাঞ্চল ঠাণ্ডায় সবচেয়ে বেশি কাবু হবে। যার মধ্যে রয়েছে তাবুক, আল জউফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তর মদিনা। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া পরিলক্ষিত হবে। জানা গেছে, সৌদি আরবে এরইমধ্যে বেশ শীত পড়েছে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর সীমান্তের তাবুক, আল জউফে ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে। এই সময়ে তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতে নামতে পারে। ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজির মুখপাত্র হুসেইন আল কাহতানি বুধবার সতর্ক করে বলেছেন, সৌদি আরব আগামী সপ্তাহে শক্তিশালী শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে। এরজন্য স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে সৌদিতে আলোচনা চলছে, এবার দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবে। তবে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র জানান, এসব তথ্য গুজব।