এইচএমপি ভাইরাস: ৬ ধরনের রোগীকে সতর্কতার পরামর্শ

এইচএমপি ভাইরাস: ৬ ধরনের রোগীকে সতর্কতার পরামর্শ দেশে এইচএমপি ভাইরাসে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যুকে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। তবে এই অবস্থায় ভাইরাস থেকে বাঁচতে ৬ ধরনের জটিল রোগীকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ৬টি জটিল রোগ হলো-ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, সিওপিডি (দীর্ঘস্থায়ী অবরোধক ফুসফুসীয় ব্যাধি), অ্যাজমা ও ক্যান্সার। আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ-ব্লক অডিটোরিয়ামে এক বিশেষ সেমিনারে বক্তারা এসব তথ্য জানান। তারা বলছেন, একাধিক রোগে আক্রান্ত ব্যক্তি ছাড়া এই রোগ শনাক্তকরণের জন্য পরীক্ষার প্রয়োজন নেই। আর আক্রান্তরা লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিলে এবং পর্যাপ্ত পরিমাণে তরল ও পুষ্টিকর খাবার খেলে রোগটি ভালো হয়ে যায়। অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, “এইচএমপিভি একটি পুরাতন ভাইরাস। এই ভাইরাসের বিষয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। হাত ধোয়া ও মাস্কের ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হিউম্যান মেটানিউমোভাইরাস শনাক্তকরণের পরীক্ষা ও এই ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য বিএসএমএমইউর সব রকমের প্রস্তুতি রয়েছে।” অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, “এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।বিশেষ করে যেসব রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।” “এইচএমপিভি নিয়ে আতঙ্ক নয়। এই বিষয়ে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও উচ্চমাত্রার ঝুঁকি রয়েছে এমন সব রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। হিউম্যান মেটানিউমোভাইরাস এক ধরনের আরএনএ ভাইরাস যা সাধারণত মানুষের শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এটি নতুন কোনো ভাইরাস নয়। এটি অন্যান্য ফ্লু যেমন-ইনফুলুয়েঞ্জা রেস্পিরেটরি সিনসাইশিয়ালের মতোই একটি ভাইরাস।সর্বপ্রথম নেদারল্যান্ডে ২০০১ সালে এইচএমপিভি মানুষের শরীরে শনাক্ত হয় এবং বাংলাদেশে প্রথম ২০১৭ সালে এইচএমপিডি সংক্রমণ শনাক্ত হয়।” তিনি বলেন, “এটি আসলে মারাত্মক কোনো ভাইরাস নয়, এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সাধারণত জ্বর, কাশি, নাক বন্ধ, গলাব্যথা এসব লক্ষণ নিয়ে আসতে পারে, এছাড়া চামড়ায় র্যাশ এবং কখনও কখনও শ্বাসকষ্ট হতে পারে। কিছু ক্ষেত্রে যেমন যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, সিওপিডি, অ্যাজমা অথবা ক্যান্সারের মতো জটিল রোগ আছে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।” তিনি আরো বলেন, “ভাইরাসটি সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি ও কাশির ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, তাই কিছু নিয়মকানুন মেনে চললে খুব সহজেই এই রোগের বিস্তার রোধ করা সম্ভব। যেমন-বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে, সাবান, পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে, হাঁচি-কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে মুখ ঢেকে নিতে হবে, আর টিস্যু না থাকলে হাতের কনুই ভাঁজ করে সেখানে মুখ গুঁজে হাঁচি কাশি দিতে হবে, আক্রান্ত ব্যক্তির কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, জনসমাগম বা ভিড় এড়িয়ে চলতে হবে ইত্যাদি। সাধারণত শীতকাল ও বসন্তকালে এ রোগের সংক্রমণ বেশি দেখা যায়।” এইচএমপিভি একটি সংক্রামক রোগ এবং যেভাবে এটি ছড়ায়, তার সঙ্গে সাদৃশ্য রয়েছে করোনার। বিজ্ঞানীরা বলছেন, করোনার মতোই হাঁচি, কাশি, আক্রান্ত রোগীর কাছাকাছি অবস্থান, করমর্দন এবং স্পর্শের মাধ্যমে ছড়ায় এ রোগটি। তবে, ভাইরাসটিকে নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে অভিমত চিকিৎসক ও রোগতত্ত্ব বিশেষজ্ঞদের। তারা বলছেন, রোগটিকে প্রতিরোধ করা সম্ভব এবং এর প্রতিরোধের সঙ্গে করোনা বা কোভিডের প্রতিরোধ ব্যবস্থার সাদৃশ্যও রয়েছে। চীনের যেসব হাসপাতালে এইচএমপিভি রোগীরা ভর্তি হয়েছেন, তাদের চিকিৎসায় নির্দিষ্ট কোনো ওষুধ ব্যবহার না করে প্রচলিত ওষুধই দেওয়া হচ্ছে। রোগটি প্রতিরোধের ক্ষেত্রে চিকিৎসকরা যেসব পরামর্শ দিয়েছেন, সেগুলো হলো-নিয়মিত দিনে কয়েকবার সাবান দিয়ে হাত ধোয়া, আক্রান্ত রোগীর কাছ থেকে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং কোনো কিছু স্পর্শ করার পর হাত ভালোভাবে ধোয়া এবং শারীরিক অসুস্থতা বোধ করলে বাড়িতে অবস্থান করা।
ক্লার্কের বিধ্বংসী সেঞ্চুরিতে খুলনার বিপক্ষে চিটাগংয়ের ২০০

ক্লার্কের বিধ্বংসী সেঞ্চুরিতে খুলনার বিপক্ষে চিটাগংয়ের ২০০ গ্রাহাম ক্লার্কের বিধ্বংসী সেঞ্চুরিতে খুলনা টাইগার্সের বিপক্ষে ৭ উইকেটে ২০০ রান করেছে স্বাগতিক চিটাগং কিংস। টানা চতুর্থ হার এড়াতে খুলনাকে করতে হবে ২০১ রান। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মারকুটে উসমান খানের উইকেট হারায় চিটাগং। ৭ বলে ১০ রান করে সাজঘরে ফেরত যান পাকিস্তানি ডানহাতি। দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ১২৮ রানের জুটিতে করেন পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক। এই জুটিতেই বড় পুঁজির ইঙ্গিত দেয় স্বাগতিকরা। ২৯ বলে ৩৯ রান করে আউট হন ইমন। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন ক্লার্ক। ৪৮ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫০ বলে ১০১ রান করে সাজঘরে ফেরত যান ইংলিশ ব্যাটার। শেষ দিকে মারকুটে খেলে ইনিংস বড় করার চেষ্টা করেন শামীম হোসেন। যদিও আশানুরূপ খেলাটি দেখাতে পারেননি তিনি। ১৩ বলে ১৬ রান করে ক্যাচ হন লং অনে।অধিনায়ক মোহাম্মদ মিথুনের ১০ বলে অপরাজিত ১১ রানে ২০০ রানের মাইলফলক স্পর্শ করে চিটাগং। খুলনার হয়ে বল হাতে চমক দেখান দুই পাকিস্তানি; সালমান ইরশাদ ও মোহাম্মদ নওয়াজ। দুজনই নেন ৩টি করে উইকেট।
জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রথম গেজেট প্রকাশ

জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রথম গেজেট প্রকাশ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ‘শহীদদের’ তালিকা নিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। আজ প্রকাশিত প্রথম গেজেটে সারাদেশের ৮৩৪ জন ‘শহীদের’ নাম স্থান পেয়েছে। গণঅভ্যুত্থানে শহীদদের এটিই প্রথম চূড়ান্ত তালিকা।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে শহীদের মেডিকেল কেইস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা রয়েছে। এর আগে গত ২১ ডিসেম্বর সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ‘শহীদ’ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল। সেখানে ৮৫৮ জন শহীদের নামের পাশাপাশি আহতদের তালিকায় ১১ হাজার ৫৫১ জনের নাম ছিল।
গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গোমস্তাপুর উপজেলার রহনপুরে টিভি, ফ্রিজ কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুর এবি মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ১৪ টি ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় গোমস্তাপুর ফুটবল দল বনাম আলিনগর ফুটবল দল অংশ নেন। এছাড়া অন্য খেলায় চৌডালা ফুটব দল বনাম ফোকলোর আইটি রহনপুর, কাকল কলেজ ফুটবল দল বনাম মেঘনা যুব সংঘ অংশ নেন। উল্লেখ্য, এই এলাকার ফুটবল খেলাকে সামনের দিকে অগ্রসরে ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার্থে রহনপুর প্রভাতী ফুটবল দল এই টুনার্মেন্টের আয়োজন করে।
নাচোলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

নাচোলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত নাচোলে তারুন্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম, সমাজ সেবা অফিসার সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। অনুষ্ঠান শেষে কুইজ, রচনা, বিতর্ক প্রেিযাগীতা ও জুলাই ৩৬দিন বিষয়ক চিত্রাংকণ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।
কানসাটে বেকার যুব-নারীদের প্রশিক্ষণ শুরু

কানসাটে বেকার যুব-নারীদের প্রশিক্ষণ শুরু ‘‘দক্ষ যুব শক্তি দেশ গঠনের মুল ভিত্তি’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বেকার যুব ও যুব নারীদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে কানসাট যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের সার্বিক সহযোগিতায় কানসাট ফাযিল মাদ্রাসায় এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব। এ সময় তিনি বলেন, সমাজের বেকার যুব ও যুব নারীদের স্বনির্ভর করার লক্ষ্য কাজ করছে রেজিস্ট্রারপ্রাপ্ত সংস্থাটি। শুধু আজকের এই আয়োজন না, সংস্থাটি এর আগেও বেকার যুব ও যুব নারীদের নিয়ে কাজ করেছে। তিনি আরো বলেন, নাম মাত্র প্রশিক্ষণ না নিয়ে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন দক্ষ যুব ও যুব নারী হিসেবে গড়ে তুলতে হবে। আশা করছি, প্রশিক্ষণ নিয়ে আপনারা দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। কানসাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি ইমরান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের ইসাম উদ্দিন, প্রশিক্ষক আব্দুল কাদির ও আহসান হাবিবসহ অন্যরা।
কানসাট সোলেমান ডিগ্রি কলেজে শিক্ষকদের বিদায়-সম্মাননা প্রদান

কানসাট সোলেমান ডিগ্রি কলেজে শিক্ষকদের বিদায়-সম্মাননা প্রদান শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও অবসরোত্তর এবং মরণোত্তর শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। আজ দুপুরে কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মামুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলক, শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম ও কলেজের সাবেক সভাপতি সফিকুল ইসলাম প্রমূখ। এছাড়া শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে কলেজের সদ্য অবসরপ্রাপ্ত ৬ শিক্ষক, অবসরোত্তর ২৬ ও মরণোত্তর ৬ শিক্ষকদের হাতে সম্মাননা এবং উপহারসামগ্রী তুলে দেয়া হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার দেয়া হয়।
শিবগঞ্জে তারুণ্যের উৎসবে যুব র্যালি-কর্মশালা

শিবগঞ্জে তারুণ্যের উৎসবে যুব র্যালি-কর্মশালা শিবগঞ্জে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক যুব সমাবেশ, র্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ ও কর্মশালায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌস, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান, তনয় ও শাহাদাৎ হোসেন প্রমূখ। এছাড়া শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শিত হয়। অন্যদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফেব্রুয়ারির মধ্যে সবাই হাতে নতুন বই পাবে: প্রেস সচিব

ফেব্রুয়ারির মধ্যে সবাই হাতে নতুন বই পাবে: প্রেস সচিব ফেব্রুয়ারি মাসের মধ্যে সবাই হাতে নতুন বই পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকার এটি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। আজ বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের আমলে ১ জানুয়ারি বই উৎসব করলেও সবার হাতে নতুন বই যেতো তিন থেকে চার মাস পর। এবার ফেব্রুয়ারির মধ্যে সবার হাতে বই পৌঁছে যাবে।’ আগামী বছর থেকে জানুয়ারির ১ তারিখেই সবার হাতে বই তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, চট্টগ্রামে বর্ষায় সমস্যা হয়। জলাবদ্ধতার সমস্যা যত দ্রুত নিরসন করা সম্ভব সেই বিষয়ে নির্দেশ দিয়েছে সরকার। আর ট্রাফিকের বিষয়ে কেবিনেটে আলোচনা হয়েছে। এসময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয় বিপিএলের শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে টানা ছয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। দারুণ ফর্মে থাকা উড়ন্ত রংপুরকে ১৯৮ রানের টার্গেট দিয়েছিল আগে ব্যাট করা ফরচুন বরিশাল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত খেলা উপহার দেয় রংপুর। এলেক্স হেলসকে হারানোর ধাক্কা সামলে দেন রংপুরের ওপেনার তাওফিক খান। তাকে সঙ্গ দেন সাইফ হাসান। ইফতেখার আহমেদ ও খুশদিল শাহর ব্যাটে রংপুরের ভিত্তি আরও মজবুত হয়। তাদের ৯১ রানের জুটি রংপুরকে লক্ষ্যের অনেকটা কাছে পৌঁছে দিলেও খেলার রোমাঞ্চ গড়ায় শেষ ওভারের শেষ বল পর্যন্ত। শেষ দিকে অনেকটা অসম্ভব পরিসংখ্যানকে সম্ভব করেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ৭ বলে ৩২ রানে দুর্দান্ত ইনিংস খেলে ইনিংসের শেষ ওভারে গিয়ে দারুণ ছক্কায় দলকে জেতান সোহান। শেষ ওভারে রংপুরের দরকার ছিল ২৬। বরিশাল বল তুলে দিয়েছিল কাইল মায়ার্সের হাতে। পার্ট টাইম বোলার হলেও ১ ওভারে ২৬ রান নেওয়া যেকোনো ব্যাটারের জন্য কঠিনই বটে। সোহান সেই কঠিন কাজটাই করলেন। তার ব্যাটে ভর করেই ৭ ইউকেট হারিয়ে রংপুর তোলে ২০২ রান। যেখানে জয়ের জন্য দরকার ছিলো ১৯৮ রান।