চাঁপাইনবাবগঞ্জে চক্ষু শিবিরে সেবা পেলেন ২০০ এর বেশী দরিদ্র রোগি

চাঁপাইনবাবগঞ্জে চক্ষু শিবিরে সেবা পেলেন ২০০ এর বেশী দরিদ্র রোগি চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় অবস্থিত কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে বিনামূল্যের চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা শিবিরে চিকিৎসা দেয়া হয়েছে ২০০ এর বেশী রোগিকে। যারা শিবিরে এসে চিকিৎসা নিয়েছেন তাঁদের বেশিরভাগই দরিদ্র। রোগিদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। আয়োজকরা বলছেন, এটি এখন জেলার সবথেকে বড় ও ধারাবাহিক বিনামূল্যের চক্ষু শিবির। গত কয়েক বছরের ন্যয় এবারও শিবির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চিকিৎসা সহায়তা কেন্দ্র। সার্বিক সহায়তা করে ঢাকার ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট। চক্ষু শিবিরে ৫০৬ জন রোগি নির্বাচিত করা হয় যাদেও ঢাকার বসুন্ধরা চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি (ক্যাটার‌্যাক্ট) অপারেশন করা হবে। বিনামূল্যে সংযোজন করা হবে লেন্স। প্রয়োজনীয় সকল ঔষুধ, ড্রপ, চশমা দেয়া হবে। ঢাকা যাতায়াতের জন্য কখনও রোগিদের সামাণ্য কিছু খরচ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই আয়োজকরা ডোনার যোগাড় করে সেটিরও ব্যবস্থা করেন। ফলে গ্রামাঞ্চলের দরিদ্র রোগিরা যারা কখনও চিকিৎসা করেন নি বা চোখ থাকতেও দীর্ঘদিন পৃথিবীর আলো বঞ্চিত তাঁরা উপকৃত হন সবথেকে বেশি। আবার কিছু রোগির ফলোআপ চিকিৎসার দরকার হয়। তারা শিবিরে এসে সে কাজটিও সেরে নেন। শিবিরের নারীদের কাতারে দাঁড়ানো জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিায় ইউনিযনের সতেররশিয়া গ্রামের মেসনারা বেওয়া বলেন, জীবনে প্রথম চোখের ডাক্তার দেখাতে এসেছি। স্বামী মারা গেছেন অনেক আগে। ছেলেদের কাছে থাকি। চক্ষু ক্যাম্পের মাইকিং শুনে জানতে পারি। এরপর গ্রামের আরও ৮/১০ রোগির সাথে ক্যাম্পে এসেছি। একই এলাকার আমিনা বেগম বলেন, রাতে চোখে দেখি না। দিনে ঝাপসা দেখি। বাড়ির কাছে ডাক্তার আসাতে দেখাতে এেিসছ। শহরে যেয়ে খরচ করে দেখাতে পারব না।চক্ষু শিবিরের পাশেই বহরম গ্রামে বাড়ি আকবর আলীর। আগে কৃষিকাজ করতেন। তিনি বলেন, ডাক্তারের ব্যবহার ভাল। মেশিন দিয়ে চোখ দেখেছেন। এখন ঢাকায় যাব অপারেশন করতে। তাঁর ভাতিজা এমরান আলী বললেন, দুই চোখ এই ক্যাম্পের সাহায্যে অপারেশন করিয়েছি। বসুন্ধরা হাসপাতালের পরিবেশ খুবই সুন্দর। এখন চাচার সাথে এসে পরীক্ষা নিলীক্ষা করে নিলাম। সব ঔষুধ পেলাম বিনা পয়সায়। চশামার পাওয়ার ঠিক করে দিয়েছে ডাক্তার। জেলা শহরের বালবাগান মহল্লার সাবিনা বেগম বলেন, একবার ছানি অপারশেন করতে গেছিলাম। হার্টের সমস্যার জন্য করতে পারিনি।হার্টের চিকিৎসা করিয়েছি। এবার অপারশেন করার জন্য ক্যাম্পে এসেছি। এভাবে সারাদিন শিবিরে আসা রোগিরা নিজেদের সমস্যার কথা বলেন। বলেন, জীবন যদ্ধের গল্প। নানা সমস্যা। অনেকে নিজের অবস্থা তুলে ধরে কান্না শুরু করেন। অনেকেই স্লিপে তাদের মোবাাইল নং লিখে চান। অনেকে বলেন, আমার তো মোবাইল নাই। কি করব? আয়োজকরা সকলের প্রতি মনোযোগী। আপ্রাণ চেষ্টা তাঁদের যেন সকলে ঠিকমত চিকিৎসা পান। বসুন্ধরা আই হসপিটালের ১০ জনের টিমের প্রধান ডা.মজুমদার গোলাম রাব্বি বলেন, চাঁপাইনবাবগঞ্জ এসে ভাল লাগছে। আয়োজকরা অতিথি পরায়ন। ক্যাম্পের পরিবেশ চমৎকার। তাঁর টিমে অপটোমেটিস্ট, টেকনোলজিষ্ট, ফার্মাসিষ্ট ও দ্জুন চিকিৎসক রয়েছেন বলে জানান ডা. রাব্বি। আরও দুজন চক্ষু বিশেষঞ্জ স্থানীয়ভাবে যোগ দিয়েছেন। তিনি বলেন, ছানি পড়া রোগির সংখ্যাই বেশি। এছাড়া নেত্রনালি বন্ধ হয়ে যাওয়া(ডিসিআর) এবং মাসুরা আক্রান্ত রোগিও রয়েছে। টেষ্ট করে তাঁদের রোগ নির্ণয় করা হচ্ছে। এসব রোগির অপারেশনে সামাণ্য কিছু খরচ লাগে। কলেজের শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী শিবিরে নিরলসভাবে স্বেচ্ছাসেবীর কাজ করছে। দ্বিতীয় বর্ষের আনিকা বলল, মানুষের সেবায় কাজ করেত ভাল লাগে। গত বছরও ক্যাম্পে স্বেচ্ছাসেবী ছিলাম। চিকিৎসা সহয়তা কেন্দ্রের কোষাাধ্যক্ষ এবং শিবিরের অন্যতম সংগঠক জহিরুল ইসলাম মাখন বলেন, শুরু থেকে চিকিৎসা সেবা কেন্দ্রের সাথে আছি। প্রচার প্রচারণা সং সাংগঠনিক সব কাজই করি। ঢাকায় রোগি নিয়ে যায়। হাসপাতালটি মানসম্মত। এই কাজে পরিশ্রমও করতে হয় প্রচুর। নিজের পকেট থেকেও অনেক খরচ হয়। তবুও দরিদ্র মানুষের সেবা করে আনন্দ পাই। প্রধান সংগঠক এবং চিকিৎসা সহায়তা কেন্দ্রের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, সমগ্র জেলা এমনকি জেলার বাইওে রাজশাহী, নওগাঁ এমনকি বগুড়া থেকেও রোগি এসছে। গ্রামে চক্ষু রোগির সংখ্যা বাড়ছে। এর কারণ বের করতে প্রয়োজনে গবেষণা করা দরকার। তিনি বলেন, ঢাকায় অপারেশন হওয়া রোগিদের জন্য যদি পৃথক ফলোআপ ক্যাম্প করা যেত বা জেলা হাসপাতালে কোন ব্যবস্থা করা যেত তবে চিকিৎসার মান আরও উন্নত হত। চিকিৎসা ঠিকমত সম্পূর্ণ হত। এর আগে সকাল সাড়ে ১০টায় কলেজ হলরুমে উদ্ধোধনী অনুষ্ঠানে চিকিৎসা সহয়তা কেন্দ্রের সভাপতি ডা. আনোয়ার জাহিদের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, কলেজ অথ্যক্ষ রফিউজ্জামান, সাবেক অধ্যক্ষ মো নুহু, ইউপি চেয়ারম্যান রহমত আলী, স্থানীয় সমাজসেবী ডা.আইনাল হক প্রমুখ। প্রশাসনের কর্মকর্তারা আয়োজনের প্রশংসা করে সহায়তার কথা জানান।

শিবগঞ্জে ব্র্যাকের নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে ব্র্যাকের নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলায় ব্র্যাক এর দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্ট্রেপ্রেনিউরশিপ ফর ইয়ুথ-লেড বিজনেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। প্রধান অতিথি তার বক্তব্যে মাঝে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন ট্রেনিংগুলো নিয়ে কাজে লাগাতে হবে তাহলেই আমরা দক্ষ জনবল তৈরি করতে পারবো। প্রধান অতিথি (উপজেলা নির্বাহী কর্মকর্তা) তার বক্তব্যে ব্র্যাক ট্রেনিং এর মাধ্যমে এ উপজেলার নতুন উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষনের যে পদক্ষেপ নিয়েছে এটাকে তিনি সময় উপযোগী উদ্যোগ বলে অভিহিত করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রমিজ প্রকল্পের জেলা ব্যবস্থাপক আছিয়া খাতুন আশনা। এসডিপি প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর স্টার প্রকল্পের এলাকা ব্যবস্থাপক নিতিশ কুমার বাওয়ালী। অনুষ্ঠান সঞ্চালনা করতে সার্বিক সহযোগীতা করেন ব্র্যাক শিবগঞ্জ দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রমিজ প্রকল্পের এ্যাসোসিয়েট অফিসার সেনাস মার্ডী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসারে কার্যালয়ের ইউপিইও মোমতাজ মহল, সমবায় অফিসার তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, ব্র্যাকের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, উদ্যোক্তা সাংবাদিকবৃন্দ ও সুধীজনসহ অন্যরা।

৭ কলেজ নিয়ে হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

৭ কলেজ নিয়ে হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে যে পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার, সেটির নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি এ নাম প্রস্তাব করেছে। শিক্ষার্থীরা চাইলে এই নামটি চূড়ান্ত হতে পারে। আজ ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ এ-সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই এ নাম প্রস্তাব করা হয়। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ গণমাধ্যমকে জানান, কয়েকটি নামের মধ্যে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামটি তাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। শিক্ষা উপদেষ্টাও এ নামের প্রশংসা করেছেন। তবে শিক্ষার্থীরা যেটি বলবেন, সেটিই চূড়ান্ত হবে। রাজধানীর ওই সরকারি কলেজ সাতটি হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত সোমবার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাবি কর্তৃপক্ষ জানায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না।

নাঈম শেখের সেঞ্চুরিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা

নাঈম শেখের সেঞ্চুরিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা শুরু থেকেই আক্রমণাত্মক হলো খুলনা টাইগার্স। নাঈম শেখ ঝড় তুললেন, করলেন সেঞ্চুরিও।বড় রান তাড়ায় নেমে রংপুর রাইডাের্সের ব্যাটাররা খেই হারালেন। একা সৌম্যর লড়াই কাজে আসেনি শেষ অবধি। আজ বিপিএলের ম্যাচে রংপুর রাইডার্সকে ৪৬ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২২০ রান করে খুলনা। সেই রান তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের বেশি করতে পারেনি রংপুর। ১১ ম্যাচে পঞ্চম জয় নিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে খুলনা টাইগার্স। প্রথম ৮ ম্যাচ জেতা রংপুর লিগ পর্বে নিজেদের শেষ চার ম্যাচেই হারলো। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল খুলনা টাইগার্স। চতুর্থ ওভারে গিয়ে প্রথম উইকেট হারায় তারা। ১২ বলে ২১ রান করে মাহেদী হাসানের বলে আকিফ জাভেদের হাতে ক্যাচ দেন তিনি। এরপরের গল্পটা নাঈম শেখের। সবশেষ এনসিএল টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক পান সেঞ্চুরির দেখা। বিপিএলেও এখন অবধি তার রানই সবচেয়ে বেশি। এবারের বিপিএলের অষ্টম সেঞ্চুরি করা নাঈম শেষ অবধি অপরাজিত থাকেন। ৬২ বলের ইনিংসে ৭ চার ও ৮ ছক্কায় ৬২ বলে ১১১ রান করেন নাঈম। এর সঙ্গে খুলনার হয়ে উইলিয়াম বসিস্তো ৩১ বলে ৩৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন ১৫ বলে ২৯ রান করেন। রান তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই তৌফিক খান তুষার আউট হয়ে যান। ৮ বলে ৯ রান করে নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ আউট হয়ে যান তিনি। পঞ্চম ওভারের শেষ বলে রান আউট হন ৯ বলে ৬ রান করা সাইফ হাসান। মাঝে ১৫ বলে ১৯ রান করে ইফতেখার আহমেদ ও ১৪ বলে ২৭ রান করে মাহেদী হাসান আউট হন। রংপুরের হয়ে লড়াই চালিয়ে যান সৌম্য সরকার। তার এই চেষ্টার সমাপ্তি ঘটে শেষ ওভারে গিয়ে। ৪৮ বলে ৭৪ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে যান তিনি। এছাড়া রংপুরের হয়ে ১০ বলে ১৮ রান আসে মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাট থেকে। ৪ ওভারে ২৪ রান দিয়ে খুলনার হয়ে তিন উইকেট নেন মুশফিক হাসান। এক ওভার করে ৮ রান দিয়ে দুই উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ। এই জয়ে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে খুলনা। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রংপুর।

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের ঘটনায় নিহত ১৮

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের ঘটনায় নিহত ১৮ যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, এ পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি। পুলিশ জানায়, উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এবং স্থানীয় জনগণও তাদের সহায়তা করতে ঘটনাস্থলে হাজির হয়েছেন। এই পরিস্থিতিতে সবাই একসাথে চেষ্টা করছে যাতে আরও সম্ভাব্য জীবিতদের উদ্ধার করা যায়। প্রায় ৩০০ জন জরুরি সেবা কর্মী বর্তমানে কাজ করছেন। তারা পুলিশ, ডাইভার এবং নৌকাগুলির মাধ্যমে পোটোম্যাক নদীতে জীবিতদের খোঁজার চেষ্টা করছেন, যদিও পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং— বাতাস তীব্র এবং অন্ধকার। সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিলেন। এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। ওয়াশিংটন, ডিসির বাসিন্দা আবাদি ইসমাইল নামের এক প্রত্যক্ষর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, পোটোম্যাক নদীতে উদ্ধার কার্যক্রম চলছে। আবাদি বলেন, আমি দুইটি অস্বাভাবিক শব্দ শুনেছি, যা আমি আগে কখনো শুনিনি এবং এটি যুদ্ধের মতো শোনাচ্ছিল। তিনি শব্দ শুনে দ্রুত জানালায় দৌড়ে যান কিন্তু বাইরে দেখেন শুধু ধোঁয়া উড়ছে। আবাদি জানান, এই ঘটনাটি স্থানীয় সময় রাত ৯টার দিকে ঘটে। দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কাজ করছে।

শিবগঞ্জে অবৈধ মাটিকাটার ড্রেজার মালিককের বিরুদ্ধে মামলা

শিবগঞ্জে অবৈধ মাটিকাটার ড্রেজার মালিককের বিরুদ্ধে মামলা শিবগঞ্জে অবৈধভাবে মাটিকাটার একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজার মালিক ডালিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার চককীর্তি ইউনিয়নের বসন্তপুর মৌজার দামুসপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় চককীর্তি ইউনিয়নের বসন্তপুর মৌজার দামুসপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মাটিকাটার অভিযোগে একটি ড্রেজার মেশিন জব্দ করে মালিক ডালিমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটি কাটা ও বিক্রয়ের অপরাধে জমির মালিক সাদিকুল ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে। তিনি আরো জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সব সময় বদ্ধপরিকর। এমন অভিযান অব্যাহত থাকবে।

শিবগঞ্জে বির্তক প্রতিযোগিতার কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে বির্তক প্রতিযোগিতার কর্মশালা অনুষ্ঠিত শিবগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বির্তক প্রতিযোগিতার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় তিনি বলেন, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ১৬টি দল নিয়ে উপজেলা পর্যায়ে আয়োজিত হবে বিতর্ক প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে অভিজ্ঞ তার্কিকদের দেয়া হয় প্রশিক্ষণ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান, ফাইয়াজ রহমান তনয় ও সাইমুম সাদাবসহ অন্যরা। কর্মশালায় জানানো হয়, আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি আটটি করে দল গঠনের মাধ্যমে শুরু হবে বির্তক প্রতিযোগিতা। এতে উপজেলার ৮০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবে।

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আগামী রবিবার

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আগামী রবিবার চলতি বছরের ফেব্রুয়ারি মাসের জন্য এলপি গ্যাসের মূল্য রবিবার (২ ফেব্রুয়ারি) নির্ধারণ করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিবার বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা দেওয়া হবে। সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করবে কর্তৃপক্ষ। জানুয়ারি মাসের জন্য এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে গত বছরের ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।

কোটা নিয়ে ৩ সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

কোটা নিয়ে ৩ সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের মেডিকেলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রয়োগ নিয়ে তিন সিদ্ধান্ত হয়েছে। আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয় নিয়ে আলোচনা হয়। সভার সিদ্ধান্তে বলা হয়, উপদেষ্টা পরিষদ-বৈঠকের আলোচনা অনুযায়ী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম নেবে। জনপ্রশাসন মন্ত্রণালয়কে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে মতামত বা সুপারিশসহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে মতামত বা সুপারিশসহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করবে।

শাবান মাসের চাঁদ দেখা যায়নি, পবিত্র শবে বরাত ১৪ ফেব্রুয়ারি

শাবান মাসের চাঁদ দেখা যায়নি, পবিত্র শবে বরাত ১৪ ফেব্রুয়ারি দেশের আকাশে আজ ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আসছে শনিবার ১ ফেব্রুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এর আগে, ১৪৪৬ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ ও পবিত্র শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।