যেসব খাবার প্রেসার কুকারে সেদ্ধ করবেন না

যেসব খাবার প্রেসার কুকারে সেদ্ধ করবেন না রান্নার কাজ সহজ করেছে প্রেসার কুকার। শুধু কি তাই? এটি সময় ও খরচ দুটিই বাঁচায়। অন্যদিকে স্বাদ আর পুষ্টিতেও তেমন তারতম্য হয় না। তাইতো প্রায় সবার রান্নাঘরেই খুঁজে পাওয়া যাবে জরুরি এই পাত্রটি। রান্না সহজ করার জন্য আমরা অনেক খাবারই প্রেসার কুকারে তৈরি করে থাকি। তবে আপনি জানেন কি, কিছু খাবার আছে যেগুলো কখনো প্রেসার কুকারে রান্না করতে নেই? চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো কখনোই প্রেসার কুকারে রান্না করবেন না- আলু ঝটপট সেদ্ধ করার জন্য অনেকেই আলু প্রেসার কুকারে দিয়ে দেন। আপনিও কি এমনটা করেন? তাহলে আজই সেই অভ্যাস বদলাতে হবে। কারণ বিশেষজ্ঞরা বলছেন, প্রেসার কুকারে আলু সেদ্ধ করলে তা স্বাস্থ্যের জন্য ডেকে আনতে পারে ক্ষতি। আলুতে উচ্চ স্টার্চ থাকে। আপনি যখন প্রেসার কুকারে রান্না করেন তখন এর পুষ্টিগুণ কমে যায়। জার্নাল অফ সায়েন্স অফ ফুড অ্যান্ড এগ্রিকালচারের একটি গবেষণায় বলা হয়েছে, প্রেসার কুকারে রান্না করলে তা অনেক সময় খাবারে উপস্থিত পুষ্টি উপাদান হ্রাস করতে পারে। আলুতে থাকা স্টার্চ প্রেসার কুকারে রান্না করার ফলে এক ধরণের রাসায়নিক তৈরি হয়। এভাবে সেদ্ধ করা আলু খেলে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি। ভাত ভাত রান্নার জন্য অনেকেই প্রেসার কুকার বেছে নেন। কারণ মাপমতো পানি দিয়ে সিটি দিয়ে নিলেই তৈরি ঝরঝরে ভাত। এত সহজ পদ্ধতি কে না চাইবেন! এখানেই আপত্তি বিশেষজ্ঞদের। কারণ তারা বলছেন, প্রেসার কুকারে ভাত রান্না করলে ভাতে উপস্থিত স্টার্চ অ্যাক্রিলামাইড নামক একটি ক্ষতিকারক রাসায়নিক নির্গত করে। যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই ভাত রান্নার জন্য প্রেসার কুকারের বদলে বেছে নিতে হবে অন্য কোনো পাত্র। মটরশুঁটি মটরশুঁটির সঙ্গে আমাদের অনেকের আবেগ জড়িয়ে আছে। বিভিন্ন রান্নায় এটি যোগ করলে তা আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। তবে দ্রুত সেদ্ধ করার জন্য কখনো মটরশুঁটি প্রেসার কুকারে রান্না করতে যাবেন না। কারণ হলো মটরশুঁটিতে লেকটিন নামক একটি বিষ থাকে, যা কুকারে রান্না করলে হজমজনিত সমস্যা এবং বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। পাতাযুক্ত সবজি বাজারে বিভিন্ন ধরনের পাতাযুক্ত সবজি কিনতে পাওয়া যায়। কিন্তু সেগুলো কখনোই প্রেসার কুকারে রান্না করা উচিত নয়। কারণ প্রেসার কুকারে পাতাযুক্ত সবজি রান্না করলে তাতে উপস্থিত অক্সালেট দ্রবীভূত হতে পারে। এরপর সেই খাবার নিয়মিত খেলে হতে পারে কিডনিতে পাথরের মতো সমস্যা। তাই এ ধরনের অসুস্থতা থেকে বাঁচতে সচেতন থাকতে হবে আপনাকেই।

সোনু সুদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সোনু সুদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি আর্থিক দুর্নীতি মামলায় নামা জড়ালো বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদের। তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন ভারতের পাঞ্জাবের লুধিয়ানার এক আদালত। সম্প্রতি লুধিয়ানা আদালতে একটি মামলা দায়ের হয়। যেখানে রাজেশ খান্না নামের এক আইনজীবী একটি আর্থিক জালিয়াতির বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। জানা গেছে, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি ‌‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ রুপি বিনিয়োগ করতে বলেন। সেই মামলায় সোনুকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য তলব করা হয়। কিন্তু তিনি আদালতে হাজিরা দিতে যাননি। পরে বিচারক তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যেই নিজের অবস্থান তুলে ধরে প্রতিক্রিয়া জানিয়েছেন সোনু। তিনি জানান যে, এই মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক বা সংযোগ নেই। ইতোমধ্যেই আইনজীবীর মাধ্যমে যা করণীয়, করা হয়েছে। এছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি আরেকটি বিবৃতি দেবেন বলে জানিয়েছেন অভিনেতা। এও স্পষ্ট করেছেন যে, এই বিনিয়োগের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। কোনোভাবে যুক্তও নন। অভিনেতার মতে, অপ্রয়োজনীয় কারণে, শুধু সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য এটি করা হয়েছে। তিনি বলেন, এটা দুঃখজনক যে তারকারা সফট টার্গেটে পরিণত হয়েছে, আমরা এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। তবে গ্রেপ্তার হতে পারেন- এমন খবরে উদ্বেগে রয়েছেন অভিনেতার ভক্তরা। করোনা মহামারির সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সোনু। কেউ কেউ তাকে ‘গরিবের মসিয়ে’ বলেও সম্বোধন করেন।

শিরোপার লড়াইয়ে বরিশালকে ১৯৫ রানের টার্গেট  চিটাগং এর

শিরোপার লড়াইয়ে বরিশালকে ১৯৫ রানের টার্গেট  চিটাগং এর বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ফরচুন বরিশালকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে চিটাগং কিংস। টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। খাজা নাফি ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে দারুণ শুরু করে চিটাগং। ৭৬ বলে ১২১ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৬৬ রানে নাফি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইমন। ৪৯ বলে ৭৮ রানের দারুণ ইনিংস খেলেছেন ইমন। বিপিএল ফাইনালের ইতিহাসে প্রথমবার কোনো উদ্বোধনী জুটিতে তারা দলীয় সেঞ্চুরি এনে দেন। বিপিএলের ফাইনালে এর আগে শতরানের কোনো উদ্বোধনী জুটি ছিল না। বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ ৭৬ রানের জুটি গড়েছিলেন গত বছর, যা এখন দ্বিতীয় সর্বোচ্চ। তিনে নেমে ঝড় তোলেন গ্রাহাম ক্লার্কও। ২৩ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে পেরেছে মোহাম্মদ মিঠুনের দল। বরিশালের হয়ে একটি করে উইকেট পেয়েছেন এবাদত হোসেন ও মোহাম্মদ আলি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশী নিহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশী নিহতের অভিযোগ শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের সীমান্তে বিএসএফ’র হাতে আটকের পর নির্যাতনে বারিকুল নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি দূর্লভপুর ইউনিয়নের নামোজগন্নায়পুর স্কুলছাম গ্রামের সেতাউর রহমানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১১টা থেকে আজ ভোররাতের মধ্যে কোন এক সময় ঘটনাটি ঘটে। দূর্লভপুর ইউপি’র ৯ নং ওয়ার্ড সাবেক সদস্য ও নিহতের আত্মীয় আব্দুর রাজ্জাক বলেন, গতকাল সন্ধ্যার দিকে সীমান্তের পদ্মা নদীতে প্রতিদিনের ন্যয় একা ডিঙ্গি নৌকায় মাছ ধরতে যাবার পর বিএসএফ বারিকুলকে আটক করে। আজ দুপুরে বিএসএফ’র নির্যাতনে তার মৃত্যু হয়। ভারতে থাকা বারিকুলের স্বজনরা বিষয়টি তার পরিবারকে অনলাইনে অবহিত করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরয়িা বলেন, আজ দুপুরের পর দূর্ললপুর ইউনিয়নের এক ব্যাক্তি সীমান্তে বিএসএফ’র হাতে নিহতের ঘটনাটি জানা যায়। এ ব্যাপারে খোঁজ করা হচ্ছে।

৩৬-এ বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো

৩৬-এ বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ডিফেন্ডার মার্সেলো। পুরো ক্যারিয়ার জুড়ে ছিলেন দুর্দান্ত। দায়িত্ব পালন করেছেন স্প্যানিশ জায়ান্টদের অধিনায়কের। ক্লাবটির হয়ে পাঁচবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ছয়টি লা লিগাসহ মোট ২৫টি শিরোপা জিতেছেন তিনি। তার আমলে সোনালি সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। ২০২২ সালে মাদ্রিদের অধ্যায় শেষ করে সেই বছরই যোগ দিয়েছেন গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে। ক্লাবটিতে এক মৌসুমে খেলার পর ২০২৩ সালে নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের নাম লেখান তিনি। তার ইচ্ছে ছিল আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার। তবে গেল নভেম্বর ফ্লুমিনেন্সের কোচ মানো মেনেজেসের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। যার কারণে পারস্পরিক সমঝোতায় ক্লাব ছেড়েছেন তিনি। এবার ঘোষণা দিয়েছেন ফুটবলে নিজের সমাপ্তির। মার্সেলো বলেন, ‘১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদ আমার দরজায় কড়া নাড়ল। সেখান থেকে আমি এখানে পৌঁছেছি। এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, আমি একজন সত্যিকারের মাদ্রিদে। স্বপ্নের ক্লাবে ১৬ মৌসুমে ২৫টি শিরোপা, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, একজন অধিনায়ক এবং বার্নাব্যুতে এক জাদুকরী রাত। কী এক যাত্রা।’ এছাড়াও নিজেদের কিংবদন্তির অবসরে বার্তা দিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘মার্সেলো রিয়াল মাদ্রিদ এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা লেফট-ব্যাক। আমরা তাকে দীর্ঘদিন নিজেদের ঘরে রাখার সৌভাগ্য পেয়েছি। তিনি আমাদের সেরা কিংবদন্তিদের একজন এবং রিয়াল মাদ্রিদ সর্বদা তার বাড়ি।’

ওমরাহর জন্য সৌদি যেতে লাগবে না মেনিনজাইটিস টিকা

ওমরাহর জন্য সৌদি যেতে লাগবে না মেনিনজাইটিস টিকা ওমরাহর জন্য সৌদি আরব ভ্রমণে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশটির সরকার। দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (জিএসিএ) গতকাল  এ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তিতে টিকার শর্ত প্রত্যাহার করেছে বলে খালিজ টাইমসের খবরে বলা হয়েছে। এর আগে গত মাসে ওমরাহ যাত্রীদের জন্য ওই টিকা বাধ্যতামূলক করা হয়। সেই নির্দেশনা বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারির পর তা এয়ারলাইন্সগুলোতে পাঠিয়েছে সৌদি সরকার। আগের নির্দেশনা অনুযায়ী ওমরাহ পালন ও ভ্রমণ ভিসায় দেশটিতে যেতে ইচ্ছুক যাত্রীদের মেনিনজাইটিস টিকা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। টিকার পাশাপাশি সনদ দিতে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয়সহ ৮০টি কেন্দ্র ঠিক করা হয়। এছাড়া টিকাদান কার্যক্রমে অনলাইনে নিবন্ধন এবং টিকা সনদ আন্তর্জাতিকভাবে যাচাইয়ের জন্য ভ্যাক্স ইপিআই (vaxepi.gov.bd) সিস্টেমও তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা। সৌদি আরবের নির্দেশনার পর সরকারের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা পরে অফিস আদেশে জানায়, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সেসব যাত্রী ওমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা ভিজিট ভিসায় গিয়ে ওমরাহ অথবা যিয়ারাহ করবেন, তাদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা নিতে হবে। যাত্রার তারিখ থেকে কমপক্ষে ১০ দিন আগে এই টিকা নিতে হবে। তবে ১ বছরের কম বয়সী শিশুদের ওই টিকা নেওয়ার প্রয়োজন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মেনিনজাইটিস মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশের টিস্যুর প্রদাহজনিত সমস্যা। মেনিনজাইটিস যেকোনো বয়সী মানুষেরই হতে পারে। সাধারণত সংক্রমণের কারণে মেনিনজাইটিস হয়ে থাকে। রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে এবং তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন হতে পারে। এই রোগের লক্ষণ জ্বর, মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, আলো ও শব্দ অসহনশীলতা, খিঁচুনি ও মুখ দিয়ে শ্লেষ্মা বের হওয়া, অসংলগ্নতা, বমি বা বমিভাব। শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো হলো- জ্বর, খিটখিটে মেজাজ, খেতে অনীহা, অতিরিক্ত ক্লান্তি এবং ত্বকে লাল দানা। মেনিনজাইটিস বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং পরজীবীর কারণে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ থেকে মানুষে এই সংক্রমণ ছড়ায়। এ ছাড়া আঘাত, ক্যান্সার এবং ওষুধের কারণেও এ রোগের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হলো সবচেয়ে বিপজ্জনক, সংক্রমণের ২৪ ঘণ্টার মধ্যেই মারাত্মক হয়ে উঠতে পারে। ব্যাকটেরিয়া মেনিনজাইটিসের বিরুদ্ধে সর্বোত্তম সুরক্ষা ব্যবস্থা হলো এর টিকা নেওয়া।

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অবিলম্বে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রফেসর ইউনূস বলেন, শেখ হাসিনা বছরের পর বছর জনগণের ওপর অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন, সংগত কারণেই এটি বোধগম্য যে, বিক্ষোভকারী ও তাদের আত্মীয়-স্বজনরা বছরের পর বছর ধরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন, ফলে তাদের মনে ক্ষোভ রয়েছে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়েও তার দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে। বছরের পর বছর বাংলাদেশে নিপীড়নের শাসন কায়েম করা শেখ হাসিনা এখনো বাংলাদেশের পুনঃনির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছে। এর ফলে দেশের মানুষের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছে সেটি বোধগম্য জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তা সত্ত্বেও সরকার দেশের সকল নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে। এতে করে আমরা নিজেদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি জাতি হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারব। ফ্যাসিবাদী শাসনের অধীনে পুরোনো বাংলাদেশ থেকে আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে একসাথে কাজ করছি আইন মেনে চলার মধ্যদিয়েই সেটি আলাদা হবে। ‘আসুন, আমরা বাংলাদেশিদের নিরাপত্তা এবং স্থিতিশীলতার অনুভূতি ক্ষুণ্ন না করি; আইনের প্রতি যেকোনো অবজ্ঞা নাগরিকদের জীবন ও সম্পত্তির জন্য হুমকিস্বরূপ,’ বলেন প্রফেসর ইউনূস। গত জুলাই ও আগস্টে শেখ হাসিনার শাসনকে উৎখাত করে দেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে সকল নাগরিক জেগে উঠেছিলেন তাদের প্রতি আহ্বান জানাই, ‘আমাদের নিজেদের এবং বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের কাছে প্রমাণ করা অপরিহার্য যে আমরা একে অপরের নাগরিক ও মানবাধিকারকে সম্মান করব এবং আইন মেনে চলব। এই নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল। তিনি বলেন, ‘রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের নিশ্চয়ই এমন কিছু করা উচিত হবে না যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয়।’ তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে সচেতন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সকল বাংলাদেশির জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করছে। সম্পত্তি ধ্বংস, ব্যক্তির ওপর আক্রমণ কিংবা কোনো ধরনের উসকানিমূলক কার্যকলাপের মধ্যদিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এ ধরনের কর্মকাণ্ডে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীকে সরকার বিচারের আওতায় আনবে। ‘ফ্যাসিবাদী শাসনের নেতারা দেশকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে ফেলে গেছে। যতক্ষণ আমরা সতর্ক থাকব এবং নিজেদের নীতি-নৈতিকতা বজায় রাখব, ততক্ষণ তাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। তাদের সম্পত্তিতে যেকোনো আক্রমণকে তারা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার এবং তাদের বানোয়াট গল্প প্রচার করার সুযোগ হিসেবে নেবে,’ বলেন প্রধান উপদেষ্টা। মানবতাবিরোধী অপরাধের জন্য স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, ‘সমগ্র বিশ্ব আমাদের সঙ্গে আছে। এই মুহূর্তে আইন-শৃঙ্খলার যেকোনো অবনতি বিশ্বকে ভুল বার্তা দিবে।’প্রধান উপদেষ্টা সকল নাগরিককে এমন একটি দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান যেখানে সকল বাংলাদেশি নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন, আত্ম-নিয়ন্ত্রণের সঙ্গে কাজ করতে পারবেন এবং নিজেদের শক্তি সৃজনশীল, শান্তিপূর্ণ কাজে ব্যবহার করে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন।’

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা দিয়ে এক নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, এই আদালত আমেরিকা ও তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে অবৈধ এবং ভিত্তিহীনভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এই নির্বাহী আদেশ অনুযায়ী, যারা আমেরিকান নাগরিক বা মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহায়তা করে, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের মধ্যেই ট্রাম্প নিষেধাজ্ঞার আদেশে সই করেন। গত নভেম্বরে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ চালানোর অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যদিও ইসরায়েল তা অস্বীকার করে। আইসিসি একটি হামাস কমান্ডারের বিরুদ্ধেও পরোয়ানা জারি করে। আদালতে বিচারকরা বলেন, নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং হামাসের মোহাম্মদ দেইফের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার যৌক্তিক ভিত্তি রয়েছে। গত বছর ইসরায়েলি বিমান হামলায় দেইফ নিহত হন, হামাস বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) একটি বৈশ্বিক আদালত। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে এর মামলা দায়ের করার ক্ষমতা রয়েছে। গত কয়েক বছরে আইসিসি উল্লেখযোগ্য কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে এই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর আফগান নারীদের ওপর নিপীড়ন চালানোর দায়ে তালিবান নেতাদের বিরুদ্ধে এবং রোহিঙ্গা মুসলিম রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালানোর দায়ে মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই আদালতের সদস্য নয়, তবে যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশসহ ১২০টিরও বেশি দেশ এর সদস্য। নেদারল্যান্ডস যেখানে আদালতটি অবস্থিত, সেটি বলেছে, ট্রাম্পের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ দুঃখজনক।

ভোলাহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলাহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভোলাহাট উপজেলার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে গাপিনাথপুর জনকল্যাণ সমিতির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোপিনাথপুর জনকল্যাণ সমিতি ও বরগাছী অনির্বান যুব সমিতি অংশগ্রহণ করেন। ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী জর্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), যুগ্ন-আহ্বায়ক এ্যাড. মো. রফিকুল ইসলাম (টিপু), সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম তুহিন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান, ভোলাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, জেলা বিএনপির সদস্য মো. গনি হামিদ চৌধরী, মো. ইসমাইল বিশ^াস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মো. এনামুল হক, ভোলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুর রহমানসহ অন্যরা। খেলার নির্ধারিত সময়ে ফলাফল সমতা থাকলে টাইব্রেকারের মাধ্যমে গোপিনাথপুর জনকল্যাণ সমিতি বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পলিটেকনিক ইনস্টিটিউটের

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পলিটেকনিক ইনস্টিটিউটের চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের মধ্যে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) সামসুর রহমান খান। অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ ওমর ফারুক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমানসহ শিক্ষকম-লী। এর আগে গত ২৭-৩০ জানুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় দেড়শ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। তাদের মধ্যে বৃহস্পতিবার পুরস্কার বিতরণ করা হয়।