ট্রাম্পের নির্বাহী আদেশে দক্ষিণ আফ্রিকাকে সহায়তা বন্ধ

ট্রাম্পের নির্বাহী আদেশে দক্ষিণ আফ্রিকাকে সহায়তা বন্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় মার্কিন আর্থিক সহায়তা বন্ধের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। খবর রয়টার্সের।হোয়াইট হাউজ জানিয়েছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ আফ্রিকার নতুন ভূমি আইন ও আন্তর্জাতিক বিচার আদালতে ওয়াশিংটনের মিত্র ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করে নির্বাহী আদেশটিতে স্বাক্ষর করেছেন। মার্কিন সরকারের সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাকে প্রায় ৪৪০ মিলিয়ন ডলার সহায়তা বরাদ্দ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প দক্ষিণ আফ্রিকার সরকারের ভূমি অধিগ্রহণ আইনের বিরুদ্ধে এবং এটি সাধারণ মানুষের জন্য হুমকি হতে পারে বলে মনে করেন। ট্রাম্প প্রমাণ ছাড়াই বলেছেন, “দক্ষিণ আফ্রিকার সরকার নাগরিকদের জমি ছিনিয়ে নিচ্ছে এবং ‘কিছু নির্দিষ্ট শ্রেণীর লোকদের’ সঙ্গে খুব খারাপ আচরণ করা হচ্ছে।” ট্রাম্পের ঘনিষ্ঠ দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ধনকুবের ইলন মাস্ক বলেছেন, শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানরা ‘বর্ণবাদী মালিকানা আইনের’ শিকার হচ্ছেন। হোয়াইট হাউজ জানিয়েছে, ওয়াশিংটন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষক ও তাদের পরিবারকে শরণার্থী হিসেবে পুনর্বাসনের জন্য একটি পরিকল্পনাও তৈরি করবে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নতুন আইনকে ‘ভূমি অধিগ্রহণের অস্ত্র’ হিসেবে না দেখে, এটি একটি সাংবিধানিক অধিকার বলে দাবি করেছেন। তিনি বলেন, “এই আইনটি মানুষের মধ্যে ভূমির অধিকার নিয়ে ন্যায্যতা আনার জন্য কাজ করছে।” এই আইনের মাধ্যমে সরকার জমি দখল করতে পারবে, তবে যখন জমি অব্যবহৃত থাকবে এবং মালিকের সঙ্গে আলোচনার পর কোনো সমঝোতা হবে না, তখনই এটি করা হবে। রামাফোসা আরো বলেন, তার দেশ একতাবদ্ধ থাকবে এবং তারা সংকীর্ণ স্বার্থের বিরোধিতা করবে। তিনি জানিয়ে দেন, তারা কোনোভাবেই ভয় পাবে না এবং নিজেদের অবস্থান থেকে সরবে না। দক্ষিণ আফ্রিকার সরকার এই আইনটি তৈরি করেছে যাতে, ঔপনিবেশিক সময় এবং জাতিগত বর্গীকরণের কারণে জমির মালিকানা নিয়ে যে বিরাট সমস্যাগুলো রয়েছে, তা সমাধান করা যায়। আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার আনা মামলার বিরুদ্ধেও ওয়াশিংটন ক্ষোভ প্রকাশ করেছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক আক্রমণের জন্য ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত হয় এবং মানবিক সংকট দেখা দেয়। ইসরায়েল অভিযোগ অস্বীকার করে বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে ভয়াবহ হামলা চালানোর পর আত্মরক্ষায় তারা এই পদক্ষেপ নিয়েছিল। হোয়াইট হাউজ দক্ষিণ আফ্রিকাকে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার উদাহরণ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে মামলার বিষয়টি উল্লেখ করেছে। ঔপনিবেশিক ও বর্ণবাদী যুগের উত্তরাধিকারের কারণে দক্ষিণ আফ্রিকায় জমির মালিকানার প্রশ্নটি রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। কেননা কৃষ্ণাঙ্গদের তাদের জমি থেকে উচ্ছেদ করা হয়েছিল এবং সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। শ্বেতাঙ্গরা এখনও দক্ষিণ আফ্রিকার তিন-চতুর্থাংশ কৃষিজমির মালিক। ২০১৭ সালের সর্বশেষ ভূমি নিরীক্ষা অনুসারে, কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকানরা দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ, কিন্তু তারা মাত্র ৪ শতাংশ জমির মালিক।

আজ প্রেমের প্রস্তাব দেওয়ার দিন

আজ প্রেমের প্রস্তাব দেওয়ার দিন ভ্যালেন্টাইন সপ্তাহের আজ দ্বিতীয় দিন। গতকাল ছিল রোজ ডে। অর্থাৎ প্রিয়জনকে গোলাপ উপহার দেওয়ার দিন। যারা এই সুযোগটি কাজে লাগাতে পারেননি তারা কিন্তু আজ সরাসরি প্রেমের প্রস্তাব দিতে পারেন। প্রিয়জনকে আপনার ভালোবাসার কথা জানানোর কৌশলটি আপনিই ভালো জানেন। তারপরেও আমরা আপনাকে কয়েকটি কৌশল জানিয়ে দিচ্ছি। প্রথম দেখার স্মৃতি মনে করিয়ে দিন: যাকে ভালোবাসার কথা বলতে চান, তার সঙ্গে নিশ্চয় এর আগে কোথাও দেখা হয়েছে?— যে জায়গায় আপনাদের প্রথম দেখা হয়েছিলো সেখানে তাকে নিয়ে যেতে পারেন। কথায় কথায় প্রথম দিন আপনাদের কী কথা হয়েছিলো এবং সেই দিনের অনুভূতি সঙ্গীকে জানান। এরপর হঠাৎ করে তার প্রতি আপনার ভালোবাসার কথা জানিয়ে দিন। একটি আংটি কিংবা ফুল দিয়ে প্রেমের প্রস্তাব দিতে পারেন। ক্যান্ডেল লাইট ডিনার বা রুফটপ রেষ্টুরেন্টে ডিনার: আজকাল রেস্টুরেন্ট সংস্কৃতি জনপ্রিয়তা পেয়েছে। সুন্দর কোনো রেষ্টুরেন্টে একটি ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে ফেলতে পারেন। এরপর সঙ্গীকে আপনার মনের কথা জানিয়ে দিতে পারেন। এছাড়া, রেষ্টুরেন্টের কোনো স্পেশাল ডেজার্ট অথবা পিজ্জার ওপর আপনার মনের কথা লিখে অবাক করে দিতে পারেন প্রিয়জনকে। কোথাও ট্যুরে যেতে পারেন: প্রিয়জন যদি বন্ধু সার্কেলের কেউ হয় তাহলে বন্ধুবান্ধব সহ তাকে নিয়ে চলে যান শহরের আশেপাশে কোনো পিকনিক স্পটে। সবার সামনেই তাকে সেখানে প্রপোজ করতে পারেন। বন্ধুদের সহযোগিতায় জায়গাটি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এতে আপনার ভালোবাসাও প্রকাশ করা হবে, আবার ডে-ট্যুরও হয়ে যাবে। চিঠি লিখে প্রেমের প্রস্তাব: হাতে লেখা প্রেমপত্র একটি হারিয়ে যাওয়া শিল্প। চিঠি পাওয়ার মধ্যে এক ধরনের আনন্দ আছে। আর চিঠি লিখতে গেলে মনের কথা গুছিয়ে লেখা যায়। প্রিয়জনকে উদ্দেশ্য করে লিখে ফেলতে পারেন মনের কথা। ছবি তোলার মাধ্যমে: প্রিয়জনের প্রিয় জায়গার খোঁজ যদি আপনার জানা থাকে তাহলে দুজনে সেখানেই চলে যান। একসঙ্গে ছবি তুলুন। আর ছবি তোলার সময় প্রিয়জনকে প্রোপজ করতে পারেন। ছবিতে থেকে যাবে সেই মহামূল্যবান স্মৃতি।

বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন ট্রাম্প

বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র এবং দৈনিক গোয়েন্দা ব্রিফিংয়ে প্রবেশাধিকার বাতিল করছেন। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, “জো বাইডেনের গোপন তথ্য পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হচ্ছে এবং তার দৈনিক গোয়েন্দা ব্রিফিং বন্ধ করে দেওয়া হচ্ছে।” বিবিসি বলছে, বাইডেন যখন ২০২১ সালে ক্ষমতায় আসেন, তখন তিনি ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পও পাল্টা পদক্ষেপ হিসেবে বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিলেন। বাইডেন ২০২১ সালে ক্ষমতায় আসার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের পেছনে যুক্তি ছিল, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের ভূমিকা। বাইডেন সেসময় বলেছিলেন, “ট্রাম্পের আচরণ প্রমাণ করে, তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন।” আর এবার ২০২৫ সালে ক্ষমতায় ফিরে এসে ট্রাম্প প্রতিশোধ নিলেন বাইডেনের বিরুদ্ধে। ট্রাম্প লিখেছেন, “২০২১ সালে বাইডেন এই নজির স্থাপন করেছিলেন, যখন তিনি গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেন, যেন তারা যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট (আমার!)-কে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য দেওয়া বন্ধ করে। এটি সাধারণত সাবেক প্রেসিডেন্টদের প্রতি সৌজন্য হিসেবে প্রদান করা হয়।” ট্রাম্প আরো লিখেছেন, “রিপোর্টে দেখা গেছে, বাইডেনের স্মৃতিশক্তি বেশ কম। গোপন তথ্য নিয়ে তাকে ভরসা করা যায় না।” এই মন্তব্যের মাধ্যমে তিনি বাইডেনকে এক ধরনের তির্যক ব্যঙ্গাত্মক টিপ্পনি দিয়েছেন। গত মাসে প্রেসিডেন্টের পদ থেকে বিদায় নেওয়ার পর থেকেই লোকচক্ষুর আড়ালে আছেন বাইডেন। ট্রাম্পের এমন মন্তব্যের কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি। বিবিসি বাইডেনের ট্যালেন্ট এজেন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এছাড়া বাইডেন প্রশাসনের সঙ্গে যুক্ত আরো অনেক কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র ও নিরাপত্তা সুরক্ষা বাতিল করেছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছেন সাবেক মার্কিন সামরিক প্রধান মার্ক মিলি, যিনি ট্রাম্পের একজন উন্মুক্ত সমালোচক ছিলেন। নতুন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ মিলির ‘আচরণ’ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তার সামরিক পদমর্যাদা পুনর্মূল্যায়ন করতে বলেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ চিকিৎসা উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচির নিরাপত্তা সুরক্ষাও প্রত্যাহার করেছেন ট্রাম্প। ফাউচি কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিয়েছিলেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, এই সিদ্ধান্ত ‘একেবারেই স্বাভাবিক’। কারণ আজীবন সরকারি নিরাপত্তা সুরক্ষা দেওয়া সম্ভব নয়। ট্রাম্প ২০২০ সালে বাইডেনের পক্ষে কথা বলা দুইজন সাবেক সিআইএ পরিচালকসহ ৫০ জনের বেশি সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্রও বাতিল করেছেন। তাদের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে বাইডেনের পক্ষে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন তিনি।

শিরোপা জিতে পুরো দলকে আইফোন উপহার ফরচুন বরিশালের

শিরোপা জিতে পুরো দলকে আইফোন উপহার ফরচুন বরিশালের চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জিতে উচ্ছ্বসিত বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা ফরচুন গ্রুপও। তারই নমুনা দেখা গেল খেলোয়াড়দের বাড়তি বোনাসে। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টে থাকা সবাইকে আইফোন ১৬ উপহার দিয়েছে ফরচুন বরিশাল। খেলোয়াড়দের এই বোনাসের খবর নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই এরইমাঝে আইফোন ১৬ পৌঁছে দেওয়া হয়েছে। বিপিএলের একাদশ আসরে চ্যাম্পিয়ন হয়ে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার জিতেছে ফ্রাঞ্জাইজিটি। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছে তারা।

সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার

সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার দেশের চলমান পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ সকাল থেকে এ ব্যবস্থা নেওয়া হয়। সূত্রের দাবি, দেশের চলমান পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের সামনের ফটকসহ আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এ ছাড়া মাজারগেটেও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘সুপ্রিম কোর্টের ভেতর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রয়েছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই এলাকায় ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’

সিটির চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে রদ্রি

সিটির চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে রদ্রি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের জন্য দলে পরিবর্তন এনেছে ম্যানচেস্টার সিটি। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিকে স্কোয়াডে রেখেছে তারা। রেয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর প্লে অফে অবশ্য খেলতে পারবেন না তিনি। ২০২৪ সালে ব্যালন ডি’অর জয়ী রদ্রি সেপ্টেম্বরে এসিএল ইনজুরির পর থেকে আর মাঠেই নামেননি। তারপর থেকে অনুমান করা হচ্ছিল হয়তো এই মৌসুমে আর খেলা হবে না তার। তবে স্কোয়াডে নতুন করে তার অন্তর্ভুক্তিতে চ্যাম্পিয়ন্স লিগের কোনও এক পর্যায়ে এই মিডফিল্ডারের খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। ২২ সদস্যের স্কোয়াডে নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়দেরও রাখা হয়েছে। তারা হলেন-ওমার মারমুশ,আবদুকুদির খুসানভ ও নিকো গঞ্জালেস। শেষ ষোলোর প্লে-অফে আগামী মঙ্গলবার ইতিহাদে লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সিটি। বার্নাব্যুতে দ্বিতীয় লেগ হবে ১৯ ফেব্রুয়ারি। এই দুই লেগে অবশ্য রদ্রির খেলা হচ্ছে না। যেহেতু এখনও সুস্থ হওয়ার লড়াইয়ে আছেন।

সৌন্দর্যের নতুন সংজ্ঞা, বিয়ের পিঁড়িতে বসে প্রশংসায় ইনফ্লুয়েন্সার

সৌন্দর্যের নতুন সংজ্ঞা, বিয়ের পিঁড়িতে বসে প্রশংসায় ইনফ্লুয়েন্সার একটা সময় নারীর কালো-ঘন চুল নিয়ে কবি সাহিত্যিকেরা কতই না কবিতা-উক্তি লিখে গেছেন। বলা হয়, নারীদের সবচেয়ে সমৃদ্ধশালী অলংকার চুল। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ রীতিমতো পাল্টে দিলো সৌন্দর্যের সংজ্ঞা! চুল ছাড়াও ফুটে উঠতে পারে নারীর সৌন্দর্য, তা দেখিয়ে দিলেন ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান মেকআপ আর্টিস্ট নীহার সচদেভা। ইনস্টাগ্রামে ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত নীহার। তার রয়েছে অসংখ্য অনুসারী সংখ্যা। তার দেখানো ফ্যাশন সেন্সের ওপর ভক্ত নেটিজেনরা। এবার নিজের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নীহার। আদতে, ছবিগুলো তার বিয়ের। আর সাধারণের মতো নজরকাড়া পোশাক-গহনা পরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। আর তা দেখেই নীহারের সৌন্দর্যের প্রশংসা করেন তার অনুরাগীরা। নীহার পরনে ছিল ভারী কাজের লেহেঙ্গা। শরীর জুড়ে কুন্দনের গহনা, মাথার ওপর থেকে বুক পর্যন্ত ভেল ঝুলছে— এমনই সাজে বিয়ের মণ্ডপে প্রবেশ করেন নীহার। সেখান থেকে চোখ আটকে যায় তার টিকলিতে। চুল ছাড়া কোনো মাথায় টিকলিটি যেন আলাদা সৌন্দর্য এনে দিয়েছে! খুব উচ্ছ্বাসের সঙ্গে বরকে নিয়ে বিয়ের আনন্দে মেতে ওঠেন নীহার। আর সেই মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নীহারের রূপে মুগ্ধ নেটিজেনরা; সঙ্গে তার এমন সাহসীকতার তারিফের পাশাপাশি সম্মানও জানান তারা। মূলত অ্যালোপেশিয়া রোগে আক্রান্ত নীহার। জন্মের মাত্র ছয়মাস বয়সে বিরল এই অসুখ ধরা পড়ে তার। তাই চিকিৎসা হাতে নিলেও আলোর মুখ দেখেনি। প্রথমে তার মাথার এক অংশ থেকে চুল পড়া শুরু হয়। ধীরে ধীরে পুরো মাথায় ছেয়ে যায়। এরপরও এসব কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি নীহারের। ফ্যাশন ইনফ্লুয়েন্সিং চালিয়েছেন নিজের গতিতেই। সাহস করে সেই মাথাতেই পরলেন টিকলি, বসলেন বিয়ের পিঁড়িতে। এবার জীবনের নতুন অধ্যায়ের পদাপর্ণে শুভকামনা জানাতে ব্যস্ত নীহারের অনুরাগীরা।

যুক্তরাষ্ট্রে ফের বিধ্বস্ত যাত্রীবাহী বিমান, ৯ যাত্রীর সবাই নিহত

যুক্তরাষ্ট্রে ফের বিধ্বস্ত যাত্রীবাহী বিমান, ৯ যাত্রীর সবাই নিহত যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজটির চালক এবং সেখানে থাকা ৯ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। এর আগে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান। এ ঘটনায় ওই বিমানের চালক এবং ৬৮ জন যাত্রীর সবাই নিহত হয়েছিলেন। আলাস্কার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এ ক্যাটাগরির বিমানগুলো ছোটো আকারের হয়। বেরিং এয়ারের অপারেশন্স বিভাগের পরিচালক ডেভিড ওলসেন মার্কিন সংবাদামাধ্যম ডেভিড ওলসেন মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে জানান, ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২ টা ৩৭ মিনিটে আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে নরটন সাউন্ড এলাকার উদ্দেশে রওয়না হয়েছিল উড়োজাহাজটি। উনালাকলিট থেকে নরটন সাউন্ডের দূরত্ব ১৪০ মাইল। যাত্রা শুরুর ৪৫ মিনিটের মধ্যেই উড়োজাহাজটি থেকে রাডারে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। মার্কিন কোস্টগার্ড আলাস্কা অঙ্গরাজ্য শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “রাডরের রেকর্ড বলছে, সর্বশেষ বিকেল ৩ টা ১৮ মিনিটে সংকেত এসেছিল বিমানটি থেকে। আমরা ধারণা করছি, বিমানটির ইঞ্জিনে এমন কোনো গুরুতর ত্রুটি ঘটেছিল, যার ফলে এটি বাতাসে ভেসে থাকার ক্ষমতা এবং ওড়ার গতি হারিয়ে ফেলেছিল।” বেঞ্জামিন ম্যাকলিটায়ার কোবল সাংবাদিকদের জানান, আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণপূর্বে মিলেছে বিমানটির ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। উড়োজাহাজটি যে অবস্থায় রয়েছে, তাতে বাকি ৭ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব নয় বলেও উল্লেখ করেছেন তিনি। শুক্রবার এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি। শোকবার্তায় তিনি বলেন, “আমি এবং আমার স্ত্রী রোজ ডুনালেভি— আমরা বেরিং এয়ার ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় মর্মাহত। নিহত যাত্রীরা, বিমানচালক এবং তাদের স্বজনদের জন্য প্রার্থনা করছি।”

৬ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকতে পারে

৬ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকতে পারে দেশের ৬ জেলার উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আজ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামীকাল রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের শুরুর দিকে রাত এবং দিনের তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পেতে পারে।

ইতিহাস গড়ে বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

ইতিহাস গড়ে বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগং কিংসকে হায়িয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের শিরোপা নিজেদের ঘরে তুললো ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করে বরিশালকে ১৯৫ রানের টার্গেট দিয়েছিলো চিটাগং। চিটাগংয়ের দেয়া বড় লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়। ৪৯ বলে ৭৬ রানের জুটি গড়েন তারা। ডেভিড মালান ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও চারে নেমে হাল ধরেন কাইল মায়ার্স। ২৮ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তবে শেষের দিকে চাপে পড়ে বরিশাল। সেই চাপ অবশ্য সামলে নিয়েছেন রিশাদ হোসেন। তার ঝড়েই জয় পেয়েছে বরিশাল। এর আগে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। খাজা নাফি ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে দারুণ শুরু করে চিটাগং। ৭৬ বলে ১২১ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৬৬ রানে নাফি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইমন। ৪৯ বলে ৭৮ রানের দারুণ ইনিংস খেলেছেন ইমন। বিপিএল ফাইনালের ইতিহাসে প্রথমবার কোনো উদ্বোধনী জুটিতে তারা দলীয় সেঞ্চুরি এনে দেন বিপিএলের ফাইনালে এর আগে শতরানের কোনো উদ্বোধনী জুটি ছিল না। বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ ৭৬ রানের জুটি গড়েছিলেন গত বছর, যা এখন দ্বিতীয় সর্বোচ্চ। তিনে নেমে ঝড় তোলেন গ্রাহাম ক্লার্কও। ২৩ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি।নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে পেরেছে মোহাম্মদ মিঠুনের দল। বরিশালের হয়ে একটি করে উইকেট পেয়েছেন এবাদত হোসেন ও মোহাম্মদ আলি।