২০ বছর পর বহুজাতিক শিরোপা জিতল কিউইরা

২০ বছর পর বহুজাতিক শিরোপা জিতল কিউইরা আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫২ রান তাড়া করে রেকর্ড গড়েছিল পাকিস্তান। সেই অনবদ্য জয়ের পরই ফাইনালের টিকিট পায় তারা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে, সর্ব সাকুল্যে ২৪২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। কিউইরা ২৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই অতিক্রম করে সে লক্ষ্য। করাচিতে গতকাল অনুষ্ঠিত ফাইনালে সবাইকে অবাক করে দিয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। কৌশলটি যে সঠিক ছিল না তার প্রমাণ মিলে ম্যাচের বয়স বাড়তে থাকলে। স্বাগতিকরা ১২ ওভারের মাঝেই ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সেখান থেকে হাল ধরেন কাপ্তান রিজওয়ান এবং আগা সালমান। আগের ম্যাচেই পাকিস্তান নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করার সময়, এই দুই ব্যাটসম্যান রেকর্ড ২৬০ রানের জুটি গড়েছিলেন। ফাইনালেও চতুর্থ উইকেটে ১২০ বলে ৮৮ রান আনেন তারা। রিজওয়ান চারে নেমে সর্বোচ্চ ৪৬ রান করেন। ৭৬ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। ৬৫ বলে ১টি করে চার ও ছক্কায় ৪৫ রান আসে পাঁচে নামা সালমানের ব্যাট থেকে। রিজওয়ানকে বোল্ড করে জুটি ভাঙেন উইলিয়াম ও’রোর্ক। সালমানকে ফেরান মাইকেল ব্রেসওয়েল। এরপর পাকিস্তান আর কোনো ভালো জুটি পায়নি। নিয়মিত বিরতিতে তাদের উইকেট তুলে নেয় কিউইরা। স্কোরবোর্ডে ১০০ রান জমা হতে পতন হয় বাকি ৭ উইকেটের। ছয়ে নামা তায়্যিব তাহির ৩৩ বলে চারটি চার ও একটি ছক্কায় করেন ৩৮ রান। ওপেনার বাবর আজমের ব্যাট থেকে সমান সংখ্যক বাউন্ডারিতে আসে ৩৪ বলে ২৯ রান। আটে নামা ফাহিম আশরাফ দুটি চারে ২১ বলে করেন ২২ রান। তিন বলের মধ্যে ফাহিম ও নাসিম শাহকে আউট করে পাকিস্তানকে গুটিয়ে দেন ও’রোর্ক। ওয়ানডেতে ক্যারিয়ারসেরা বোলিং করে ৪৩ রানে ৪ উইকেটে নেন উইলিয়াম ও’রোর্ক। মাত্র ২০ রান খরচ করে ২ উইকেট শিকার করে অধিনায়ক মিচেল স্যান্টনার তাকে যোগ্য সঙ্গ দেন। পুঁজি কম হলেও একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা জমিয়ে তুলতে পারবে পাকিস্তান। বিশেষ করে ম্যাচের ১৮তম ওভারে নাসিম শাহর শিকার হয়ে ডেভন কনওয়ে ফিরে যাওয়ার পর, করাচি স্টেডিয়াম যেন প্রাণ ফিরে পেয়েছিল। কিন্তু ড্যারিল মিচেল ও টম লাথামের দৃঢ়তায় ম্যাচ বের করে নেয় নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে ৮৮ বলে ৮৭ রানের জুটি করেন তারা। ৫৮ বলে ৫৭ রান করেন মিচেল এবং ৬৪ বলে ৫৬ রান করেন লাথাম। ওপেনার কনওয়ে ৭৪ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। কেন উইলিয়ামসন ৩৯ বলে ৩৪ রান নেন। একবিংশ শতাব্দীতে সাদা বলে ১৩টি ফাইনাল খেলে এটি কিউইদের পঞ্চম জয়। অন্যদিকে ২০০৫ সালের পর এই প্রথম সাদা বলে কোনো বহুজাতিক টুর্নামেন্টে শিরোপা জিতল তারা। ত্রিদেশীয় সিরিজের ৩ ম্যাচের ৩টিতেই জিতে নিউজিল্যান্ড আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দারুণ আত্মবিশ্বাস নিয়ে শুরু করবে। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান আর নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই মাঠে গড়াচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি।
বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলনে প্রাধান্য পাচ্ছে যে বিষয়গুলো

বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলনে প্রাধান্য পাচ্ছে যে বিষয়গুলো শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে। এরইমধ্যে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন। সেখানে সীমান্ত হত্যা, বেড়া নির্মাণের বিষয়গুলোতে গুরত্ব দেওয়া হবে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৫তম এ সম্মেলন শুরু হবে আগামী ১৭ ফেব্রুয়ারি সোমবার, যা শেষ হবে ২০ ফেব্রুয়ারি। শুক্রবার ভারত সরকার এক বিবৃতিতের এ তথ্য জানিয়েছে। গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে। বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্বে দেবেন মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা এবং উভয় সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আরো ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলনে সীমান্তে বেড়া নির্মাণ, ‘বেসামরিক লোকদের ওপর হামলা,’ সীমান্ত অপরাধ রোধে করণীয়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর বাস্তবায়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে। গত বছরের মার্চে ঢাকায় সর্বশেষ এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্থল সীমান্তরেখার দৈর্ঘ্য ৪,২৪৬ কিলোমিটার যার ৯৪ শতাংশই ভারতের সঙ্গে। সম্প্রতি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা তৈরি হয়। বিএসএফকে বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। এরপর বিজিবির সাথে স্থানীয় বাসিন্দারাও উপস্থিত হয়ে বেড়ার প্রতিবাদ করে। অপরপাশে ভারতীয় নাগরিকরাও বিএসএফের পক্ষ নিয়ে সীমান্তে উপস্থিত হয়। এ নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। এছাড়া, ভারতের মালদার শুকদেবপুর সীমান্তে (চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত) বিএসএফ দেড় কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করে। এ ঘটনাতেও উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে কাঁটাতারের বেড়া নির্মাণসহ সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে বাংলাদেশ উদ্বেগ জানায়। এরপরই ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরাল ইসলামকে তলব করা হয়। এর আগে গত ১৯ জানুয়ারি এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে দিল্লিতে বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের যে সীমান্ত সম্মেলন হতে যাচ্ছে, সেখানে সীমান্ত হত্যা ও মাদকের কারবারসহ যাবতীয় সমস্যা নিয়ে অতীতের তুলনায় ‘ভিন্ন সুরে’ কথা হবে।” তিনি বলেন, “সীমান্ত হত্যা বন্ধ, ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণ, নদী সমস্যাসহ বৈঠকে যেসব বেশি আলোচনা হয়েছে, সেসব বিষয় আমরা কোনো ছাড় দেব না। এবার কথা বলার টোন আলাদা হবে। ভারতীয় গণমাধ্যমে যে মিথ্যা সংবাদ প্রচার করা হয়, সেই অপপ্রচার বন্ধ করা যায় কীভাবে সেটা নিয়েও আলোচনা হবে।”
আজ ‘লাভ রিসেট ডে’

আজ ‘লাভ রিসেট ডে’ গতকাল ছিলো বিশ্ব ভালোবাসা দিবস। কেউ নতুন নতুন প্রেমে পড়েছেন আবার অনেকে প্রেমে প্রাণ-প্রাচুর্য ফিরে পেয়েছেন। উল্টো ঘটনাও ঘটেছে— প্রেম ফিরে আসবে বলে আশায় থেকে আশাহত হয়েছেন কেউ কেউ। আক্ষেপ নিয়ে কাটিয়ে দিতে হয়েছে ভালোবাসার রঙিন একটি দিন। পুরো ভ্যালেন্টাইন সপ্তাহ অপেক্ষায় থেকেও প্রিয়জনের ভালোবাসা পাওয়ার আশা যারা হারিয়ে ফেলেছেন আজকের দিনটিতে তারা নতুন সিদ্ধান্তে আসতে পারেন। কারণ আজ আজ ১৫ ফেব্রুয়ারি, ‘লাভ রিসেট ডে’। যে প্রেমের সম্পর্ক অনেকদিন কোনো যত্ন পায়নি তার পেছনে থাকতে পারে দুইজনের ভুল বোঝাবুঝি। একে অপরের প্রতি অভিযোগ না বাড়িয়ে আজ মুখোমুখি বসে আলোচনা করে নিন। ভুলকে বিদায় দিয়ে নতুন করে শুরু করুন প্রেমের নতুন ইনিংস। ডেজ অব দ্য ইয়ারের তথ্য , ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সম্পর্ক-বিষয়ক পরামর্শক ও ব্লগার কার্লা লিন হল প্রথম এই দিবসটি পালনে উদ্যোগী হন। এরপর ভালোবাসার সম্পর্কে নতুন প্রাণ প্রতিষ্ঠার ভাবনা থেকেই এমন একটি দিবসের চল করেন তিনি।
অপারেশন ডেভিল হান্টে আরো ৫০৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে আরো ৫০৯ জন গ্রেপ্তার সারা দেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৫০৯ জন। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট গ্রেপ্তার হয়েছেন ৩ হাজার ৯৪০ জন। আজ সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। এসময় একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, ১০টি রামদা, একটি চাইনিজ ছুরি, একটি দেশীয় ছুরি, দুটি চাইনিজ চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি দা, চারটি ধামা এবং একটি দেশীয় কুড়াল উদ্ধার করা হয়েছে। এর আগে, গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী সন্ত্রাসীরা গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার করে। এ হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন, যাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম কাশেম খান। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামের বিশেষ অভিযান শুরু হয়।
শবে বরাতের রাতে আতশবাজি-পটকা ফোটালে ব্যবস্থা

শবে বরাতের রাতে আতশবাজি-পটকা ফোটালে ব্যবস্থা পবিত্র শবে বরাত উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে সতর্ক করে গণবিজ্ঞপ্তিও প্রচার করা হয়েছে। পাশাপাশি পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়, এলাকা ও পাড়া-মহল্লায় টহল দিচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, আজ দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। রাতের পবিত্রতা রক্ষা ও পবিত্র শবে বরাত শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনা ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য কেনাবেচা, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকার প্রধান সড়ক থেকে পাড়া মহল্লার অলিগলি পর্যন্ত সাদা পোশাকে গোয়েন্দারা নিরাপত্তা নিশ্চিন্তে কাজ করছে। একই সঙ্গে কেউ যেন আতশবাজি ফুটিয়ে পবিত্র এই রজনীর শান্তিশৃঙ্খলা নষ্ট করতে না পারে, সেজন্য সরকারের সবগুলো সংস্থা সমন্বয় করে কাজ করছে। গুরুত্বপূর্ণ স্থান ও স্পর্শকাতর জায়গাগুলোতে পোশাক পরিহিত পুলিশের সঙ্গে গোয়েন্দারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। পুলিশ জানায়, এই রাতের নিরাপত্তা নিশ্চিত করতে বেশিসংখ্যক পুলিশ, র্যাবের টহল বাড়ানো হয়েছে। ডিবি, এসবি, এনএসআইয়ের সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরাও এই রাতে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। এদিকে র্যাব থেকে জানানো হয়েছে, রাজধানী ঢাকাতে র্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। নিয়মিত টহল বাড়ানো হয়েছে। প্রস্তুত রয়েছে বোম ডিসপোজার ইউনিট।
চাঁপাইনবাবগঞ্জে টি-১০ ক্রিকেটে শাহ নেয়ামতুল্লাহ চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জে টি-১০ ক্রিকেটে শাহ নেয়ামতুল্লাহ চ্যাম্পিয়ন ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে শাহ নেয়ামতুল্লাহ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসা ক্রিকেট দল। আজ বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসা ক্রিকেট দল নির্ধারিত ১০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শাহ নেয়ামতুল্লাহ ক্রিকেট দল ৮ ওভার ৩ বল খেলে ৪৪ রান তুলে নেয়। উইকেট খোয়াতে হয় ৬টি। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মীর আল মনসুর শোয়াইব, শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য আশিক নেহাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আকিব মিয়া। আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ প্রতিষ্ঠান, ম্যান অব দ্য ম্যাচ ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টে জেলার মোট ১০টি কলেজ ও মাদ্রাসা ক্রিকেট দল অংশগ্রহণ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় জেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করে।
শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল, ইয়াবা, প্রাইভেটকারসহ আটক ৩

শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল, ইয়াবা, প্রাইভেটকারসহ আটক ৩ শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিল, ৩৮০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার সহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটকরা হল- রাজশাহীর কাঁটাখালি থানার কাজলা চর তারানগর গ্রামের শুকুর আলীর ছেলে মানিক মিয়া, কাজলা চর ক্ষিদিরপুর পশ্চিমপাড়া গ্রামের রজত আলীর ছেলে ইউসুফ আলী এবং রাজশাহীর শাহমখদুম থানার ছোপড়া বড়বনগ্রাম রায়পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে শফিকুল ইসলাম। বিজিবি জানায়, মাদক পাচারের গোপন সংবাদে নিজস্ব গোয়েন্দা সূত্রে গতকাল গভীর রাতে শাহাবাজপুর ডিগ্রী কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে সোনমসজিদ সীমান্তে টহলদল রাত ২টার দিকে এক চোরাকারবারী একটি টয়োটা ক্যারিনা প্রাইভেট কারযোগে সোনমসজিদ বন্দরের দিকে যাবার পথে কলেজের সামনে মাদক নেবার জন্য থামলে ওই ৩জন চোরকারবারিকে আটক করে বিজিবি। ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটকদের জব্দ মালামালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সারা দেশে ‘ডেভিল হান্টে’ আরও ৫৬৬ জন গ্রেপ্তার

সারা দেশে ‘ডেভিল হান্টে’ আরও ৫৬৬ জন গ্রেপ্তার সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৫৬৬ জন গ্রেপ্তার হয়েছেন। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৫৬৬ জনকে। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছুরি ও একটি রামদা জব্দ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার অভিযানকে বোঝানো হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়। মঙ্গলবার পুলিশ সদরদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৬০৭ জনকে গ্রেপ্তারের খবর জানায়। সব মিলিয়ে এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করার কথা জানানো হয়।
রমজানে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

রমজানে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে খাদ্যের সংকট দেখা দেয়ার আশংকা করা হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে সেখানে খাদ্যশষ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবিসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ বিষয়ক সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘খাদ্য সংকট দেখা দিলে বাংলাদেশ থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে। আগে থেকেই সার এবং জ্বালানি তেল চোরাচালানের একটা প্রবণতা এখানে ছিল। তাই নজরদারি অব্যাহত রাখা এবং প্রয়োজনে আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। যাতে কোন অবস্থাতেই চোরাচালান না হতে পারে। দেশে বর্তমানে খাদ্যশষ্যের সরকারি মজুদ এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক মন্তব্য করে উপদেষ্টা বলেন, সামনে বড় কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের যে কিছুটা সংকট তৈরি হয়েছিল সেটি কেটে যাবে এবং চালের দামও সহনশীল থাকবে। দেশে এ মুহূর্তে ১৩ লাখ মেট্রিক টন চাল ও গম মজুদ রয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী রমজান মাসকে ঘিরে যাতে দাম সহনশীল থাকে সে বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আগামী রমজান মাসে দেশের ৫০ লাখ পরিবার কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে। এ ছাড়া আগামী ঈদ উপলক্ষে এক কোটি পরিবারকে এক লাখ মেট্রিক টন চাল দেয়া হবে উপহার হিসেবে। এ-সবই হচ্ছে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির অংশ হিসেবে বর্তমান সরকার এই উদ্যোগ নিয়েছে। এর আগে জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মিয়ানমারের সাথে বাংলাদেশের ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে জলসীমান্ত ৫৪ কিলোমিটারের।
৯৯৯-এ সেবা পাওয়া যাবে ইংরেজিতেও

৯৯৯-এ সেবা পাওয়া যাবে ইংরেজিতেও জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ বাংলাদেশে অবস্থিত বিদেশি নাগরিকদের ইংরেজি ভাষায় সেবা দেওয়া শুরু করেছে। মোবাইল কিংবা ল্যান্ড ফোন থেকে ফোন করে এই সেবা নিতে পারবেন বিদেশি নাগরিকরা। আজ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি বা বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা এখন বাংলাদেশের মোবাইল অপারেটরদের ‘সিম’ বা ল্যান্ড ফোন ব্যবহার করে ইংরেজি ভাষায় ৯৯৯-এ কল করে জরুরি পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন। পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায়, বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সেবা ১২ জানুয়ারি থেকে চালু হয়েছে। ইংরেজি ভাষাভাষী জরুরি সেবাপ্রার্থীদের সহায়তার জন্য প্রতিদিন তিনটি ডিউটি শিফটে প্রয়োজনীয় সংখ্যক ডেডিকেটেড ডিউটি ডেস্ক বরাদ্দ করা হয়েছে। ৯৯৯ নম্বরে ডায়াল করার পর ইংরেজি ভাষায় সেবা পেতে ২ চাপতে হবে। উল্লেখ্য, ৯৯৯ হল জাতীয় জরুরি নম্বর। ২০১৭ সালের ১২ ডিসেম্বর দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯। এই নম্বরটি টোল ফ্রি।