অস্ট্রেলিয়ার সৈকতে আটকা ১৫৭ তিমি, মৃত ৬৭, ঝুঁকিতে আরও ৯০

অস্ট্রেলিয়ার সৈকতে আটকা ১৫৭ তিমি, মৃত ৬৭, ঝুঁকিতে আরও ৯০ অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের একটি সমুদ্র সৈকতে ১৫৭টি তিমি আটকা পড়েছে। এর মধ্যে ৬৭টি ইতোমধ্যেই মারা গেছে, বাকি ৯০টি তিমিও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। আটকে পড়া তিমিগুলোকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বিশেষজ্ঞরা। আজ আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তিমিগুলো ১৮ ফেব্রুয়ারি তাসমানিয়ার উত্তর-পশ্চিম উপকূলে আর্থার রিভারের কাছে সৈকতে আটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। অঞ্চলটি রাজ্যের রাজধানী হোবার্ট থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। আটকে পড়া তিমিগুলো মাঝারি আকারের ‘ফলস কিলার হোয়েল’, যা বৃহত্তম ডলফিন প্রজাতির একটি অংশ। প্রাপ্তবয়স্ক ফলস কিলার হোয়েল প্রায় ৬ মিটার লম্বা ও ১ দশমিক ৫ টন ওজনের হতে পারে। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভাইরনমেন্ট জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে উপস্থিত। ব্রেন্ডন ক্লার্ক, তাসমানিয়া পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের কর্মকর্তা, জানিয়েছেন, ‘তিমিগুলো সম্ভবত ২৪ থেকে ৪৮ ঘণ্টা ধরে আটকা পড়ে আছে। এর মধ্যে মাত্র ৯০টি জীবিত রয়েছে।’ তিমিগুলোকে সমুদ্রে ফেরত পাঠানো সম্ভব কি না, তা বিশেষজ্ঞ ও পশু চিকিৎসকরা পরীক্ষা করছেন। তবে ব্রেন্ডন ক্লার্ক বলেছেন, ‘এটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ, এবং কর্মকর্তাদের জন্যও ঝুঁকিপূর্ণ।’ সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ঘটনাস্থলে জনসাধারণের প্রবেশ সীমিত করেছে এবং স্থানীয় বাসিন্দাদের সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। স্থানীয় বাসিন্দা জোসেলিন ফ্লিন্ট অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এবিসি) বলেন, ‘বুধবার সকালে আমার ছেলে মাছ ধরার সময় তিমিগুলোকে দেখতে পায়। ঘটনাস্থলে গিয়ে দেখে, অসংখ্য তিমি আটকা পড়েছে। তাদের মধ্যে ছোট বাচ্চা তিমিও রয়েছে… তারা আমাদের দিকে তাকাচ্ছিল, যেন সাহায্য চাইছে।’ অস্ট্রেলিয়ায় তিমি আটকে পড়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে তাসমানিয়ার উপকূলে। বিশেষ করে রাজ্যের পশ্চিম উপকূল এ ধরনের ঘটনার জন্য কুখ্যাত। ২০২০ সালে, তাসমানিয়ার ম্যাককোয়ারি বন্দরের কাছে ৪৭০টি পাইলট তিমি আটকা পড়ে। উদ্ধারকর্মীদের চেষ্টা সত্ত্বেও ৩৫০টির বেশি তিমি মারা যায়। ২০২২ সালেও, একই বন্দরে ২০০টি তিমি আটকা পড়ে। তিমি অত্যন্ত সামাজিক স্তন্যপায়ী প্রাণী, যারা দলবদ্ধভাবে চলাফেরা করে। সৈকতে আটকা পড়ার একাধিক কারণ থাকতে পারে— খাদ্যের সন্ধানে ভুল দিক নির্দেশনা – উপকূলে ছোট মাছ শিকারের সময় তারা দিকভ্রান্ত হয়ে তীরে উঠে আসতে পারে। গোষ্ঠীগত আচরণ – দলের একটি তিমি ভুল করলে পুরো দল অনুসরণ করতে পারে। পরিবেশগত পরিবর্তন – সমুদ্রের জোয়ার-ভাটা বা অন্য প্রাকৃতিক কারণেও তিমিরা আটকে পড়তে পারে। অস্ট্রেলিয়ার সৈকতে তিমি আটকে পড়া নতুন নয়, তবে একসঙ্গে এতগুলো ফলস কিলার হোয়েল আটকা পড়ার ঘটনা গত ৫০ বছরে ঘটেনি। এখন উদ্ধারকর্মীদের প্রাণপণ প্রচেষ্টাই নির্ধারণ করবে বাকি তিমিগুলো বাঁচবে কি না।
ভারত-পাকিস্তান-বাংলাদেশ আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু

ভারত-পাকিস্তান-বাংলাদেশ আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু ওয়াইআর৪ নামের এক বিশাল আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যা আঘাত হানলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এদিকে নাসা, রসকসমস, সিএনএসএ ও ইসরোসহ বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা গ্রহাণুটির গতিপথ পর্যবেক্ষণ করছে।বিজ্ঞানীরা জানায়, গ্রহাণুটির আকার ৪০ থেকে ১০০ মিটার এবং বিজ্ঞানীরা একে ‘সিটি কিলার’ বা ‘শহরের খুনি’ নামে অভিহিত করছেন। ২০২৪ ওয়াইআর৪ নামের এই গ্রহাণুটি ২০৩২ সালে পৃথিবীতে আছড়ে পড়তে পারে। র্যাঙ্কিনের রিপোর্ট অনুযায়ী, গ্রহাণুটি উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, আরব সাগর অথবা আফ্রিকার যে কোনও জায়গায় আছড়ে পড়তে পারে। এতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডরের মতো দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই তালিকা পরিবর্তন হতে পারে বলে সতর্ক করেছে নাসা। মার্চ মাসে টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটিকে ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে। এরপর এটি মহাকাশের আরও গভীরে সরে যাবে। তাই এর ওপর নজরদারিতে ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীরা জানায়, যদি গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানে, তবে বিশাল বিস্ফোরণ ঘটবে, যা ৮০ লাখ টন টিএনটি বিস্ফোরণের সমান হতে পারে। এটি হিরোশিমায় ফেলা পরমাণু বোমার চেয়ে ৫০০ গুণ বেশি শক্তিশালী হবে। তবে অনেক বিজ্ঞানীরা মনে করছেন, এটি বায়ুমণ্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হবে, যা প্রায় ৫০ কিলোমিটার ব্যাসার্ধের একটি অঞ্চলকে ধ্বংস করতে পারে। এ বিষয়ে নাসা জানিয়েছে, ১০০ বছরে একবার মাঝারি আকারের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি বায়ুমণ্ডলে পুড়ে যায়। বর্তমানে ২০২৪ ওয়াইআর৪-এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা দুই শতাংশ। বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে এর গতিপথ পরিবর্তন হয়ে গেলে এই ঝুঁকি কমে আসবে।বর্তমানে বিজ্ঞানীরা ২০২৪ ওয়াইআর৪-এর গতিপথ পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যতে এটি পৃথিবীর জন্য কতটা বিপজ্জনক হবে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন বলে জানান বিজ্ঞানীরা।
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ; নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ; নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান অপেক্ষায় পালা শেষে পর্দা উঠলো চ্যাম্পিয়নস ট্রফির। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক পাকিস্তান। আজ করাচিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।নিজেদের ঘরের মাঠে ২৯ বছর পর আইসিসির টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান। টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট স্বাগতিক দেশটি।অন্যদিকে, নিউজিল্যান্ডের দলে নেই অন্যতম পেসার লকি ফার্গুসন। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই কিউই পেসার। তবুও বেশ আত্মবিশ্বাসী তারা। চ্যাম্পিয়নস ট্রফির আগে অনুষ্টিত ত্রিদেশীয় সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। পাকিস্তান একাদশ: ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আঘা, তৈয়ব তাহির, খুশদীল শাহ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ। নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়োং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, ড্যারি মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ও’রুর্ক।
২৭ বিসিএসে নিয়োগ বঞ্চিত ১১৩৭ জনের আপিলের রায় আগামীকাল

২৭ বিসিএসে নিয়োগ বঞ্চিত ১১৩৭ জনের আপিলের রায় আগামীকাল ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১১৩৭ জনের আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। আজ তাদের পৃথক তিনটি আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায়ের জন্য বৃহস্পতিবার দিন রেখেছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন। পিএসসির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া। ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩৫৬৭ জন উত্তীর্ণ হন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশন (পিএসসি) ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীক্ষার্থীরা। ২০০৯ সালের ১১ নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। তার আগে ওই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে সরকারপক্ষ। ২০১০ সালের ১১ জুলাই সেই লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন আপিল বিভাগ। আইনজীবী সালাহ উদ্দিন দোলন বলেন, ওয়ান ইলেভেন সরকারের সময় ২৭তম বিসিএসে দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেয়। যখন এ ১২০০ জন চূড়ান্ত সুপারিশের পর চাকরিতে ঢুকবে, তখন ওই সিদ্ধান্ত হয়। পরে সেকেন্ড মৌখিক পরীক্ষার বিরুদ্ধে মামলা হলো। হাইকোর্ট বিভাগে আবেদনকারীরা জিতেছিলেন। কিন্তু আপিল বিভাগ সিপিতে (লিভ টু আপিল) বলেছিল দ্বিতীয় মৌখিক পরীক্ষা কারেক্ট ছিল। আপিল বিভাগের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনকারীরা রিভিউ করলেন। ৭ নভেম্বর সেই রিভিউ মঞ্জুর করে আপিলের জন্য অনুমতি দেওয়া হয়।
এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন

এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা। সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট। আজ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার সই করা সময়সূচি প্রকাশ করা হয়। পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি: পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বররের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ সকাল ১০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। সকাল সাড়ে ১০টায় বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫ মিনিট) আর দুপুর ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ। দুপুর ২টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর আড়াইটায় বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ০২.২৫ মিনিট) প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সংগ্রহ করবে।প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।
আইসিটি রিফর্ম রোডম্যাপের খসড়া প্রকাশ

আইসিটি রিফর্ম রোডম্যাপের খসড়া প্রকাশ ‘ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফর্মেশন স্ট্রাটেজি এবং আইসিটি রিফর্ম রোডম্যাপ’-এর খসড়া প্রকাশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে, আইসিটি রোডম্যাপের খসড়ায় জাইকা প্রদত্ত বাস্তবায়ন কৌশল ও ইউনেস্কোর কৃত্রিম বুদ্ধিমত্তা রেডিনেস অ্যাসেসমেন্ট মেথডোলজি (এআই আরএএম) সামারিকে আমলে নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল ইকোনমির জন্য গঠিত টাস্কফোর্স প্রদত্ত ১০টি প্রস্তাবনাও এখানে গৃহীত হবে। প্রেস উইং আরও জানায়, উপদেষ্টা নাহিদ ইসলাম দেশ ও বিদেশে বসবাসরত বাংলাদেশি বিশেষজ্ঞদের কাছে এ খসড়ার ওপর মতামত আহ্বান করেছেন। খসড়াটির ওপর বিশেষজ্ঞ মতামত নিয়ে এটিকে আরও সমৃদ্ধ করা হবে।
জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আগামী নির্বাচন : প্রেস সচিব

জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আগামী নির্বাচন : প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে। কারণ, এরই মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন—‘ডিসেম্বরে মধ্যে নির্বাচন হতে পারে’। সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব। এরপর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিটা বাস্তবায়ন করবে।’ আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রেস সচিব। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিভিন্ন দলের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ছয় মাস— এমনটি জানিয়ে তিনি বলেন, ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। সেটা হবে জুলাই চার্টার। সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন প্রেস সচিব। তিনি বলেন, আর যেসব ক্ষেত্রে প্রধান ঐকমত্য প্রয়োজন সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং তারপর আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি, কীভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা হবে তার জন্য আজকে রাজনৈতিক সংলাপের সূচনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের সূচনা।
ভারতে মহাকুম্ভমেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

ভারতে মহাকুম্ভমেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভমেলায় অংশ নেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা ছত্তিশগড়ের একদল ভক্তের জন্য শুভযাত্রা মর্মান্তিক দুর্ঘটনায় পরিণত হয়েছে। মির্জাপুর-প্রয়াগরাজ মহাসড়কে তদের গাড়ি ও একটি বাসের সংঘর্ষ হলে, অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত ভক্তরা ছত্তিশগড়ের কোরবা জেলার বাসিন্দা ছিলেন। তারা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় বাসটিতে মধ্যপ্রদেশের রাজগড়ের তীর্থযাত্রীরাও ছিলেন। প্রয়াগরাজের অতিরিক্ত এসপি বিবেক চন্দ্র যাদব বলেন, ছত্তিশগড় থেকে মহাকুম্ভে আসা ভক্তদের বহনকারী একটি গাড়ি একটি বাসের সাথে ধাক্কা লাগলে ১০ জন মারা যান। দুর্ঘটনাটি প্রায় মধ্যরাতে প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কে ঘটে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য স্বরূপ রানী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। ২০২৫ সালের কুম্ভমেলা ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হবে। এবছর কুম্ভমেলায় পদদলিত হওয়ার মতো দুর্ঘটনা ঘটেছে, যেখানে ৩০ মারা যায়। যার ফলে তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আগামীকাল থেকে ৩ দিনব্যাপি শুরু হচ্ছে ডিসি সম্মেলন

আগামীকাল থেকে ৩ দিনব্যাপি শুরু হচ্ছে ডিসি সম্মেলন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ৬ মাস পর আগামীকাল ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি (বুধবার)। এবার সম্মেলনে আলোচনার জন্য ৩৫৩টি প্রস্তাবনা জমা পড়েছে। আজ বিকেলে সংবাদ সম্মেলন করে ডিসি সম্মেলনের বিষয়ে বিস্তারিত জানাবে মন্ত্রিপরিষদ বিভাগ। ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ।দ্বিতীয় দিন কার্য-অধিবেশনের বাইরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে ডিসিরা সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে এবার রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ রাখা হয়নি। এবার ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট ৩৪টি কার্য-অধিবেশন হবে। কার্য-অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে কার্য-অধিবেশন এবং সমাপনী অধিবেশন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে হবে।মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এবারের ডিসি সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে এক হাজার ২৪৫টি প্রস্তাব জমা পড়ে মন্ত্রিপরিষদ বিভাগে। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হওয়া ৩৫৩টি প্রস্তাবের ওপর সম্মেলনে আলোচনা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ দ্বিমত করায় এবং আগের ডিসি সম্মেলনে উপস্থাপিত হওয়ায় অনেক প্রস্তাব কার্যপত্রে রাখা হয়নি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এরপর খুব দ্রুত ৬৪ জেলায় জেলা প্রশাসক নিয়োগ দিয়েছিল। তখন এই নিয়োগ নিয়ে আওয়ামী লীগ আমলে বঞ্চিতরা ক্ষোভ দেখান। আগের সরকারের সময়ের সমর্থক ও সুবিধাভোগীরাই ডিসি হিসাবে নিয়োগ পেয়েছেন বলে বঞ্চিতরা অভিযোগ করেন। পরে দফায় দফায় জেলা প্রশাসক পদে রদবদল হয়।
কাঞ্চনকে না পেলে বিয়েই করতাম না: শ্রীময়ী

কাঞ্চনকে না পেলে বিয়েই করতাম না: শ্রীময়ী ‘কৃষ্ণকলি’খ্যাত টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান টলিউড অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক। এ নিয়ে জলঘোলা কম হয়নি, তা গড়ায় মামলা পর্যন্ত। সব বিতর্ক ও মানুষের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে শ্রীময়ীকে স্ত্রী হিসেবে ঘরে তুলেছেন ৫৪ বছরের কাঞ্চন মল্লিক। বিয়ের আগে সম্পর্কের কথা স্বীকারই করেননি শ্রীময়ী। ভালোবাসা দিবস উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান, কাঞ্চনকে না পেলে বিয়েই করতেন না তিনি। ব্যাপারটি খোলাসা করে শ্রীময়ী চট্টরাজ বলেন, “আমি কোনো দিন চাইনি আমাদের সম্পর্ক পরিণতি পাক। ও ভালো থাকুক এটাই চেয়েছিলাম। বিয়ে না হলেও একইভাবে বন্ধুত্ব রাখতাম। তবে আমি বিয়ে করতাম না।” স্ত্রীর এমন বক্তব্যে অভিভূত কাঞ্চন মল্লিক। আত্মপক্ষ সমর্থন করে কাঞ্চন মল্লিক বলেন, “আমার জন্য ওর যা আত্মত্যাগ, তার চার আনাও আমার নেই।” কাঞ্চন-শ্রীময়ীর দাম্পত্য জীবন কেবল ভালোবাসায় ভরপুর, তা ঠিক নয় ঝগড়াও হয়। এ বিষয়ে শ্রীময়ী বলেন, “তার অভিমান একটু বেশি। তবে কাঞ্চন নাকি সেই অভিমান সামাল দিতে ঢাল নিয়ে দাঁড়িয়ে থাকেন। বোঝার চেষ্টা করেন, এ কোন ঝড়র পূর্বাভাস।” মানুষ কাঞ্চন, স্বামী বা বাবাদ কাঞ্চন কেমন তাও ব্যাখ্যা করেছেন শ্রীময়ী। তার ভাষায়— “ছেলে হিসেবে কাঞ্চন একশোয় একশো। বাবা হিসেবে একশোয় আশি। স্বামী হিসেবে একশোয় চল্লিশ। প্রেমিক হিসেবে একশোয় আশি। তবে বলে দিই, বাবা হিসেবে আশি দিলাম তার একটাই কারণ। কাঞ্চনের সময় অনেক ব্যস্ততার মধ্যে কাটে। সারাদিন অনেক জায়গায় যেতে হয়। বহু কমিটমেন্ট থাকে। বাকি একদম পারফেক্ট।” গত বছরের ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সি শ্রীময়ীকে রেজিস্ট্রি বিয়ে করেন কাঞ্চন। এরপর সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তুলেন। গত বছরের ২ নভেম্বর কন্যাসন্তানের বাবা-মা হন এই দম্পতি।