ডিসেম্বর ধরে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

ডিসেম্বর ধরে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি আগামী ডিসেম্বর ধরে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।যৌক্তিক সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেছেন, ডিসেম্বরকে সামনে রেখে তফসিল যাতে ঘোষণা করা যায়, সেই চেষ্টা করছে কমিশন। ডিসেম্বরে ভোট করতে হলে জুলাই আগস্টের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে।আনোয়ারুল ইসলাম বলেন, কমিশন কারও কোন নির্দেশনায় কাজ করবে না। কমিশন স্বাধীন। কারও সুবিধা-অসুবিধা বিবেচনায় নেবে না। কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয় সরকার কমিশনের প্রস্তাব জুনের মধ্যে ভোট করার বিষয়টি পরিষ্কার না। সংশ্লিষ্ট আইন সংশোধনের সময় লাগবে। ঐকমত্যে পৌঁছালে প্রস্তুতি নিতে সময় লাগবে।’দল নিবন্ধনের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, দল নিবন্ধনে সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবে ঐকমত্য হলে কাজ করবে কমিশন। দল নিবন্ধন আইন থাকতে হবে। এর কিছু সংযোজন বিয়োজন হতে পারে।মৃত ভোটারের প্রসঙ্গে তিনি বলেন, মৃত ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক বাদ দেওয়া হচ্ছে।সংসদীয় সীমানা পুননির্ধারণে প্রায় ৪০০ আবেদন জমা পড়েছে জানিয়ে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আসন পুনর্বিন্যাস করা প্রয়োজন আছে বলে মনে করে ইসি।
১৪ ও ১৮’র নির্বাচনের ডিসিদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা

১৪ ও ১৮’র নির্বাচনের ডিসিদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, ২০১৪ ও ১৮ সালে নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব জেলা প্রশাসক (ডিসি) ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে গেছেন; তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, শুধু তাদের বিরুদ্ধে মামলা হবে। বাকি সবার বিরুদ্ধে মামলা হবে না। আজ সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোখলেস উর রহমান বলেন, সরকার কারও বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেননি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়ার শুধু সেটাই নেওয়া হয়েছে। শিগগিরই শূন্য থাকা নয়টি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হবে জানিয়ে সিনিয়র সচিব বলেন, ‘আমরা চারটি এসএসবি মিটিংয়ে ১২ জন সচিবকে সিলেক্ট করতে পেরেছি। যারা সচিব হচ্ছেন তারা অধিকাংশই বঞ্চিত ও যোগ্য। কেউই চুক্তিভিত্তিক না, সবাই চাকরির ভেতর থেকেই সচিব হচ্ছেন।’
২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। দিবসটিকে ‘গ’ শ্রেণিভুক্ত হবে।আজ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক পরিপত্রে এ দিবস ঘোষণা দেওয়া হয়। উপসচিব তানিয়া আফরোজ এই পরিপত্রে স্বাক্ষর করেছেন।পরিপত্রে বলা হয়েছে, ‘‘সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং তবে সরকারি ছুটি ব্যতীত জাতীয় দিবস হিসেবে পালনের জন্য ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’ ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। শোকাবহ ও হৃদয়বিদারক দিনটিকে এবার রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনাসদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া হলো।
নাচোলে উচ্চমূল্যের চিতল-কার্প মিশ্র চাষ বিষয়ে মাঠ দিবস

নাচোলে উচ্চমূল্যের চিতল-কার্প মিশ্র চাষ বিষয়ে মাঠ দিবস নাচোল উপজেলার বাঁশবাড়ীতে উচ্চমূল্যের চিতল-কার্প মিশ্র চাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির গোবরাতলা ইউনিটের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রয়াসের কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।মাঠ দিবসে উপস্থিত ছিলেন- প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আরএমটিপি প্রকল্পের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কাফি, সহকারী কৃষি কর্মকর্তা মো. সিফাত আলী, সফল খামারি মো. জিয়ারুল ইসলামসহ অন্যরা। উচ্চমূল্যের চিতল-কার্প মিশ্র চাষ বিষয়ে মৎস্যচাষিদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়।
শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং আলোর পাঠশালায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো এবারো বাঁশ-কঞ্চি ও মাটি দিয়ে শহীদ মিনার তৈরি, বেদী ও বিদ্যালয়ের মাটির ভবনের দেয়ালে আল্পনা আঁকা হয়েছে। আল্পনা এঁকেছেন বিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের চিত্রাঙ্কনের বিষয় ছিল ইচ্ছেমত, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিষয়- জাতীয় পতাকা এবং চতুর্থ-পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিষয় ছিল শহীদ মিনার। অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে রচনা প্রতিযোগিতার। বিজয়ীদের আজ শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার দেয়া হবে।
হৃদয়ের লড়াকু সেঞ্চুরিতে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

হৃদয়ের লড়াকু সেঞ্চুরিতে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ প্রথম ম্যাচে খেলতে নেমে খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটি গড়ে প্রতিরোধ গড়েন তারা। জাকের না পেলেও হৃদয় ঠিকই তুলে নেন সেঞ্চুরি। সঙ্গে বাংলাদেশকে এনে দেন লড়াকু সংগ্রহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান শান্ত। ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে তানজিদ হাসান এক রান নেওয়ার পর বাকি বলগুলোতে কোনো রান করতে পারেননি সৌম্য। শেষ বলে মোহাম্মদ শামির ডেলিভারি তার ব্যাটের কানায় লেগে তালুবন্দি হয় লোকেশ রাহুলের। শূন্য রানে বিদায় নেন বাংলাদেশি ওপেনার। তিনে শান্ত বজায় রাখেন ব্যর্থতার ধারাবাহিকতা। হারশিত রানার আউটসুইংয়ার বাজে কভার ড্রাইভে বিরাট কোহলির হাতে তুলে দেন বাংলাদেশের অধিনায়ক। ফেরেন শূন্য রানেই। এউ দুজনে বিদায়ের পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ। তবে ব্যর্থ হন তারা। সপ্তম ওভারের দ্বিতীয় বলে শামির বল কাট করতে গিয়ে স্লিপে শুভমান গিলকে ক্যাচ দেন মিরাজ। ১০ বলে ৫ রান করে ফেরেন তিনি। নবম ওভারে আক্রমণে আসেন স্পিনার অক্ষর প্যাটেল। দ্বিতীয় বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তানজিদ। ২৫ বলে ২৫ রান করে ফেরেন সাজঘরে। ছয়ে নামা মুশফিক পরের বলে ফের রাহুলের হাতে ক্যাচ তুলে দেন। ফেরেন শূন্য রানে। চতুর্থ বলে হ্যাটট্রিকের সম্ভাবনা ছিল অক্ষরের। কিন্ত রোহিত ক্যাচ ছাড়ায় সেটি মিস হয়। শুরুর এই ধাক্কা সামলে ষষ্ঠ উইকেটে জুটি গড়েন জাকের ও হৃদয়। এই উইকেটে ২০৬ বলে ১৫৪ রান যোগ করেন তারা। ৮৭ বলে পঞ্চাশ পূর্ণ করেন জাকের। আর হৃদয়ের লাগে ৮৫ বল। ৪৩তম ওভারে মোহাম্মেদ শামির বল লেগ সাইডে খেলতে গিয়ে কোহলির হাতে ক্যাচ তুলে দেন জাকের। ১১৪ বলে ৪ চারে ৬৮ রান করে ফেরেন তিনি। তবে লড়তে থাকেন হৃদয়। ১১৪ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। ১১৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ১০০ রানেই থামে হৃদয়ের ইনিংস। এর মধ্যে রিশাদ হোসেন এসে ১২ বলে ১৮ রান করে বিদায় নেন। আর তাসকিনের ব্যাট থেকে আসে ৩ রান। ভারতের পক্ষে ১০ ওভারে ৫৩ রান খরচায় ৫ উইকেট নেন শামি। ৩টি উইকেট নেন হারশিত রানা। আর দুটি উইকেট নেন অক্ষর প্যাটেল।
ডেভিল হান্টে সারা দেশে একদিনে গ্রেপ্তার ১ হাজার ৭৫২

ডেভিল হান্টে সারা দেশে একদিনে গ্রেপ্তার ১ হাজার ৭৫২ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে আরও ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৭৫২ জন। আজ বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।তিনি জানান,‘অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ২৬০ জনকে। সবমিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৭৫২ জন। ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে উদ্ধার যত অস্ত্র-দুটি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি এবং একটি রামদা উদ্ধার হয় বলে জানান ইনামুল হক সাগর।
ভারত থেকে আসবে ৫৩ টাকা দরে আরও ৫০ হাজার টন চাল

ভারত থেকে আসবে ৫৩ টাকা দরে আরও ৫০ হাজার টন চাল দেশের খাদ্য মজুদ বৃদ্ধি করতে ভারত থেকে আরও ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি ৫৩ টাকা ২ পয়সা করে দরে এই চাল আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ২৬৫ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকা। আজ সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা পর্যালোনচা করে অনুমোদন দেয়। ভারতের এম/এস বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট থেকে এই চাল আমদানি করা হবে। প্রতি কেজি চালের মূল্য ধরা হয়েছে ৫৩ টাকা ২ পয়সা। আর প্রতি মেট্রিক টন চালের মূল্য ৪৩৪.৫৫ মার্কিন ডলার। এতে ৫০ হাজার টন চাল আমদানিতে মোট ব্যয় হবে ২ কোটি ১৭ লাখ ২৭ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমণ ২৬৫ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকা। জানা গেছে, এই ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানি জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৮টি দরপত্র জমা পড়ে। ৮টি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ভারতের এম/এস বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ভারত, পাকিস্তান, ভিয়েতনামের এবং সিঙ্গাপুর থেকে চাল আমদানি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে ভারত থেকে দুই দফায় ৫০ হাজার টন করে এক লাখ টন, পাকিস্তান ও সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন করে এবং ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়।
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন । সভায় গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আলাউদ্দিন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম । এ সময় গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ ও ওই ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর আতিকুর রহমান উপস্থিত ছিলেন। সভায় ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন। সভায় বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে- প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের পদ্ধতি, মামলার ফিস, সমন প্রদান পদ্ধতি, গ্রাম আদালত গঠন, এখতিয়ার, বিচারিক প্রক্রিয়ায়, নিষ্পত্তির সময়সীমা, ক্ষতিপূরণ আদায়সহ আইনের বিভিন্ন ধারা ও বিধি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালতের উপর একটি নাটক প্রদর্শনী করা হয় এবং অংশ গ্রহণকারীর মতামত ও সুপারিশ নেওয়া হয়।
চাঁপাইনবাবঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ১০টি ভারতীয় মহিষ জব্দ

চাঁপাইনবাবঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ১০টি ভারতীয় মহিষ জব্দ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ ও চোরাচালানকৃত ১০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, আজ ভোররাত পৌনে ৩টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর এলাকার সীমান্তবর্তী একটি মাঠে ভারত হতে চোরাচালানের উদ্দেশ্যে এনে বেঁেধ রাখা মহিষগুলো মালিকবিহীন অবস্থায় খুঁজে পাবার পর জব্দ করে বিজিবি। আজ সকাল পৌনে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোররাতে চরবাগডাঙ্গা বিওপি’র একটি টহলদল নিয়মিত টহল পরিচালনাকালে সাদ্দমের চর এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হতে পারে মর্মে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এ তথ্য পাবার পরপরই টহল দল ওই এলাকায় পৌঁছে অভিযান চালিয়ে সীমান্ত চোরাচালানে আনা ১০টি ভারতীয় মহিষ জব্দ করে। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনির-উজ-জামান বলেন, জব্দ মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হবে। বিজিবি সীমান্তে চোরাচালান বন্ধে সর্বদা সচেষ্ট রয়েছে বলেও জানান অধিনায়ক মনির-উজ-জামান।