বোলিংয়ে বাধা নেই অজি স্পিনার কুনেমানের

বোলিংয়ে বাধা নেই অজি স্পিনার কুনেমানের বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন ম্যাথু কুনেমান। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে বাধা নেই অস্ট্রেলিয়ার এই বাঁহাতি স্পিনারের। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় কুনেমানের। দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে হোয়াইওয়াশ করায় বড় ভূমিকা ছিল তার। ২০১৭ সালে পেশাদার ক্যারিয়ার শুরুর পর যে কোনো পর্যায়ে এবারই প্রথম প্রশ্নবিদ্ধ হয় কুনেমানের বোলিং অ্যাকশন। গত ১৫ ফেব্রুয়ারি ব্রিজবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন ২৮ বছর বয়সী এই বোলার। আইসিসি এক বিবৃতি দিয়ে জানায়, কুনেমানের সব ধরনের ডেলিভারিতেই কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির ভেতরেই ছিল। অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর ঘরোয়া ক্রিকেট খেলতে বাধা ছিল না কুনেমানের। বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার আগে শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাসমানিয়ার হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু চোটের কারণে ম্যাচটি তিনি খেলতে পারেননি। বুড়ো আঙুলের চোট নিয়েই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। তাসমানিয়ার পরের ম্যাচে ৬ মার্চ থেকে হোবার্টে কুইন্সল্যান্ডের বিপক্ষে খেলার জন্য তিনি ফিট হয়ে উঠবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৫ টেস্টে ২৫টি ও ৪ ওয়ানডেতে ৬টি উইকেট নিয়েছেন তিনি।
জাপানে ছড়িয়ে পড়ছে দাবানল, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ

জাপানে ছড়িয়ে পড়ছে দাবানল, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জাপানের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানল। এরই মধ্যে ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ আজ জানিয়েছে, আগুন নেভাতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। খবর এএফপির। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-র প্রচারিত ফুটেজে দেখা যায়, ইওয়াতে অঞ্চলের ওফুনাতোর বনাঞ্চলে জ্বলন্ত আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ জানায়, আশেপাশের প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। নগর কর্মকর্তারা অনুমান করেছেন যে আজ সকাল পর্যন্ত আগুনে কমপক্ষে ৮৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেল্ফ ডিফেন্স ফোর্স আকাশ থেকে আগুন নেভানোর চেষ্টা করছে। বুধবার সন্ধ্যায় ওফুনাতোর মেয়র কিয়োশি ফুচিগামি আগুনকে “বড় আকারের” বলে বর্ণনা করে বলেন, প্রায় ৬০০ হেক্টর জমি পুড়ে গেছে। তিনি আরও বলেন, এখনও আগুনের কারণ জানা যায়নি। ২০২৩ সালে জাপান জুড়ে প্রায় ১,৩০০টি দাবানল ঘটেছিল, যা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঘনীভূত ছিল। এসময় বাতাসের আদ্রতা কমে যায় এবং প্রবল বাতাস বইতে থাকে।
১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিলে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার। এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারের উপহার হিসেবে ঈদ উপলক্ষ্যে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে। আজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায়’ তিনি এসব কথা জানান। উপদেষ্টা রমজান মাসে নিম্নআয়ের মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয়, সেই বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করার জন্য ঢাকা বিভাগের সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেন। খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএসের মাধ্যমে চাল বিতরণে স্থানীয় পর্যায়ে যেসব সমস্যা আছে, সেই বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন জেলা প্রশাসকরা। উপদেষ্টা কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং অবশিষ্ট সমস্যাগুলো দ্রুতই সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত আছে। খাদ্যের কোনো ঘাটতি নেই। তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে। এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেন। সরকারের সুলভ এবং বিনামূল্যে দেওয়া খাদ্যশস্য সঠিক উপকারভোগীর কাছে সঠিক পরিমাণে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। মতবিনিময় সভায় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় খাদ্য সচিব বলেন, সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে সঠিক মূল্যে সঠিক পরিমাণ চাল সরবরাহ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি এ বিষয়ে জেলা প্রশাসকদের সহায়তা আশা করেন।
সুদানে সামরিক প্লেন দুর্ঘটনায় নিহত ৪৬

সুদানে সামরিক প্লেন দুর্ঘটনায় নিহত ৪৬ সুদানে এক মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। প্রাথমিক ভাবে এই দুর্ঘটনায় ১৯ জন নিহত হওয়ার খবর জানা গিয়েছিল। আল জাজিরার এক প্রতিবেন থেকে থাকা যায়, সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে অবস্থিত ওমদুরমানের উত্তরাঞ্চলে ওয়াদি সাইদনা সামরিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাতে একটি আন্তোনভ সামরিক প্লেন উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। প্লেনটি কারারি জেলার একটি বেসামরিক বাড়ির ওপর পড়ে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্লেনটি বিধ্বস্ত হওয়ার ফলে আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে খার্তুমে কর্মরত সিনিয়র সামরিক কমান্ডার মেজর-জেনারেল বাহর আহমেদও রয়েছেন বলে জানা গেছে। সুদানের সামরিক বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে সামরিক সদস্য ছাড়াও বেসামরিক উভয় ব্যক্তিও রয়েছেন। তারা আরও জানিয়েছে যে অগ্নিনির্বাপক দলগুলো ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে প্লেনটি কেন বিধ্বস্ত হলো, তার সঠিক কারণ এখনও জানানো হয়নি। সামরিক সূত্রগুলো ধারণা করছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটি ঘটতে পারে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সামরিক বাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফ-এর মধ্যে সংঘাত চলছে। এই দুর্ঘটনায় আবারও দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বৃষ্টির কারণে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, এক পয়েন্ট নিয়ে আসর শেষ বাংলাদেশের

বৃষ্টির কারণে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, এক পয়েন্ট নিয়ে আসর শেষ বাংলাদেশের শঙ্কা ছিল বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার। সেটিই সত্যি হলো। রাওয়ালপিন্ডিতে বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে হয়নি টস। পরে মাঠে গড়ায়নি আর খেলাও। কোনো বল হওয়ার আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। এতে পয়েন্ট ভাগাভাগি করে নিল বাংলাদেশ ও পাকিস্তান। যদিও এই পয়েন্টের নেই কোনো মূল্য। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। তার আধঘণ্টা আগেই টস হওয়ার কথা। কিন্ত বৃষ্টির কারণে সেটি হয়নি। ৩টায় মাঠ পরিদর্শন করা হয় এক দফা। তখনও আসেনি গ্রিন সিগনাল। কাভার দিয়ে ডাকা ছিল মাঠ। পরে আর সেটি ওঠানো হয়নি। একটি বলও গড়ায়নি মাঠে। পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক বড় আশা নিয়েই খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু কেবল হতাশাই উপহার দিয়েছে তারা। প্রথম দুই ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছে গ্রুপপর্বেই। একই দশা হয়েছে পাকিস্তানের। আজ নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দুদলের। কিন্তু সেটি আর হয়নি বৃষ্টির কারণে। পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। টেবিলে অবশ্য পাকিস্তান থেকে এগিয়ে আছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকা পাকিস্তান দুইয়ে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারত আগেই নিশ্চিত করেছে সেমিফাইনাল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা নিউজিল্যান্ডও হেঁটেছে একই পথে।
সারা দেশে ‘ডেভিল হান্টে’ ৭৪৩ জন গ্রেপ্তার

সারা দেশে ‘ডেভিল হান্টে’ ৭৪৩ জন গ্রেপ্তার ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ‘ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযানসহ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৬৫৭ জনকে। আজ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার করা হয়েছে ৭৪৩ জনকে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত এক হাজার ৬৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১টি শুটার গান, ১টি কার্তুজ ও ২টি চাকু জব্দ করা হয়েছে বলে জানান সাগর।গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ডেভিল হান্ট। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মী। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।
নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা করে হাইকোর্টের রায়

নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা করে হাইকোর্টের রায় নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে ২০২০ সালে সুয়োমোটো রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে সব নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কিনা, অথবা এ নিরাপদ পানি পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কিনা তা জানতে চেয়েছিলেন। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার এবং এ পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এছাড়া নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ নিশ্চিত করার জন্য আদালত বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেক গুরুত্বপূর্ণ পাবলিক স্থান অর্থাৎ আদালত, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, রেল স্টেশন, হাট বাজার, এয়ারপোর্টসহ প্রত্যেক পাবলিক প্লেসে নিরাপদ পানযোগ্য পানি প্রত্যেক নাগরিকের জন্য নিশ্চিত করতে হবে। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ও পানযোগ্য পানি সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২০২৬ সালের মধ্যে সমস্ত পাবলিক প্লেসে নিরাপদ পানি বিনামূল্যে সরবরাহে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই মর্মে একটি রিপোর্ট সরকারকে আদালতে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আদালত মামলাটি চলমান রেখেছেন। বাংলাদেশের যত পানির উৎস রয়েছে এ পানির উৎস যাতে ক্ষয়িষ্ণু না হয় অর্থাৎ পানি শুকিয়ে না যায়, পানি অনিরাপদ না হয়, পানি দূষিত না হয় সেগুলোকে সংরক্ষিত করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এ মামলার শুনানিতে এমিকাস কিউরি হিসেবে মতামত দেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ, ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মিনহাজুল হক চৌধুরী। রায়ের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। রায়টি বাস্তবায়িত হলে দেশের বৃহত্তম জনগোষ্ঠী উপকৃত হবে ও পানিবাহিত রোগ থেকে মানুষ রক্ষা পাবে।
মন দুয়ারী নাটক নাকি সিনেমা, নির্মাণের সময় ভাবিনি: জাকারিয়া সৌখিন

মন দুয়ারী নাটক নাকি সিনেমা, নির্মাণের সময় ভাবিনি: জাকারিয়া সৌখিন জাকারিয়া সৌখিন নির্মিত সময়ের আলোচিত একক নাটক ‘মন দুয়ারী’। নাটকটির চিত্রনাট্যও রচনা করেছেন এই পরিচালক। প্রধান তিন চরিত্র রূপায়ন করেছেন দিলারা জামান, জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। গত ১৮ ফেব্রুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ১ ঘণ্টা ৩৫ মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের নাটক ‘মন দুয়ারী’। বড় ক্যানভাসে নির্মিত নাটকের গল্প পারিবারিক ক্লাইম্যাক্সে ভরা। পাশাপাশি চোখ ধাঁধানো অপরূপ সিনেমাটোগ্রাফি দর্শকদের চোখে স্নিগ্ধ অনুভূতি জাগিয়েছে। সবকিছু মিলিয়ে দর্শক নাটকটিকে ‘সিনেমা’ বলছেন। অনেকে এটিকে প্রেক্ষাগৃহে মুক্তির কথা বলছেন। কেউ কেউ দ্বিধা প্রকাশ করে বলছেন, “এটি নাটক নাকি সিনেমা?” দর্শকদের এসব প্রতিক্রিয়া নিয়ে কথা বলেছেন জাকারিয়া সৌখিন। এ পরিচালক বলেন, “আমি আসলে গল্প বলার চেষ্টা করেছি। আমার ভেতরে জন্ম নেওয়া দৃশ্যগুলো ক্যামেরায় ধরেছি। চরিত্রের মাধ্যমে আমার ভেতরে কাজ করা আবেগটুকু ঢালার চেষ্টা করেছি। আমি নির্মাণের সময় একবারও ভাবিনি, এটি নাটক না সিনেমা। এটি সিনেমা হলে যাবে নাকি ইউটিউবে!”খানিকটা ব্যাখ্যা করে জাকারিয়া সৌখিন বলেন, “আমি চেয়েছি দুচোখ ভরে আমার গল্পটা সাজাতে। এখন দর্শকদের কাছ থেকে সিনেমার মন্তব্য পাই, তখন মনে হয় ভালোবাসা কখনো বিফলে যায় না। কারণ ভিউয়ের কথা না ভেবে গল্পটাকে ভালোবেসেই বলার চেষ্টা করেছি।” পরিবার, দেশ ও মানুষের গল্প পছন্দ করেন দর্শক। এ তথ্য উল্লেখ করে এই নির্মাতা বলেন, “আমাদের দর্শক বরাবরই আবেগপ্রবণ এবং ফ্যামিলি ওরিয়েন্টেড। এ কারণে তারা পরিবার, দেশ, মানুষের গল্প খুব পছন্দ করে। এর সঙ্গে সঠিক মিউজিক আর বাংলার রূপ ক্যামেরায় ধরতে পারলে তো কথাই নেই। আমি নিজেও এমন কাজ দেখতে খুব আরামবোধ করি। ‘মন দুয়ারী’ নাটকের মধ্যে এর সবকিছুই রাখার চেষ্টা করেছি। যাকে বলে ফুল প্যাকেজ। আমার মনে হয়, মানুষ এগুলোর সঙ্গে নিজে যুক্ত করতে পেরেছেন।” ভবিষ্যতে আরো বড় ক্যানভাসে গল্প বলার প্রতিশ্রুতি দিয়ে জাকরিয়া সৌখিন বলেন, “এর আগে ‘পথে হলো দেরী’ বড় ক্যানভাসে নির্মাণ করেছিলাম। এবার ‘মন দুয়ারী’ বানালাম। দু’বারই মুক্তির আগে একটু ভয়ে ছিলাম। দু’বারই দর্শকদের ভালোবাসায় উতরে গেছি। ভবিষ্যতে আরো বড় ক্যানভাসে গল্প বলতে চাই। অবশ্যই সেটা পরিবার, দেশ ও সংগীতকে সঙ্গে রেখে।”মুক্তির চারদিনে ইউটিউবে ৯৯ লাখের বেশিবার দেখা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ১ কোটি ভিউ পূর্ণ করবে। বর্তমানে ইউটিউবে বাংলাদেশ অংশের ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছেন। সিএমভির ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন এস কে সাহেদ আলী।
রিশাদের বলে আউট, কোহলির লেগ স্পিনে দুর্বলতা নিয়ে যা বললেন গাঙ্গুলী

রিশাদের বলে আউট, কোহলির লেগ স্পিনে দুর্বলতা নিয়ে যা বললেন গাঙ্গুলী সাম্প্রতিক সময়ে কোহলির ফর্ম তার পক্ষে কথা বলছে না। দলের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি কোহলি। বাংলাদেশের বিপক্ষে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। টাইগারদের বিপক্ষে ৩৮ বলে মাত্র ২২ রান করেন ডানহাতি এই ব্যাটার, উইকেট বিলিয়ে দেন লেগ স্পিনার রিশাদের কাছে। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে কোহলির এই খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, “কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। সে সামর্থ্যবান এবং নিজের সমস্যাটা সমাধান করবে। পুরো ক্যারিয়ারে সে দারুণ করেছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৮১টি সেঞ্চুরি করেছে। কোহলির কিছু প্রমাণের প্রয়োজন নেই।” অভিজ্ঞ কোহলি সম্প্রতি অফ-স্টাম্পের বাইরের বলে সমস্যায় পড়ছেন। পাশাপাশি লেগ স্পিনারদের বিপক্ষেও তার দুর্বলতা স্পষ্ট। সর্বশেষ বাংলাদেশ ম্যাচেও লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে আউট হয়েছেন তিনি। তবে গাঙ্গুলীর বিশ্বাস, এই সমস্যা কাটিয়ে উঠতে কাজ করবেন কোহলি। এ প্রসঙ্গে গাঙ্গুলী বলেন, “পুরো ভারতই এটা নিয়ে কথা বলছে, কিন্তু ওয়ার্ক এথিক্সের দিক থেকে কোহলি সেরা খেলোয়াড়। সে জানে কী করতে হবে এবং সমস্যাটা নিজেই সমাধান করবে।”
রুশ বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুতিনের

রুশ বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুতিনের রুশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে তিনি বলেছেন, ইউক্রেনে তার দেশের সেনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাশিয়ার ভবিষ্যৎ এবং জাতীয় স্বার্থ রক্ষায় লড়াই করছে। কিয়েভের বিরুদ্ধে মস্কোর অভিযানের তৃতীয় বার্ষিকীর প্রাক্কালে রবিবার এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।ক্রেমলিন থেকে প্রকাশিত ভিডিও বার্তায় পুতিন বলেন, আজ তারা অসীম সাহসিকতার সঙ্গে মাতৃভূমি, জাতীয় স্বার্থ এবং রাশিয়ার ভবিষ্যৎ রক্ষায় লড়াই করছে। তিনি জানান, রাশিয়ার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী ও উন্নত করার কৌশল অপরিবর্তিত থাকবে।পুতিনের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে পা রাখতে যাচ্ছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া তার সামরিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী এবং এই চুক্তির মাধ্যমে তিন বছরের পুরনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম হবেন। তিনি শনিবার দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইঙ্গিত দিয়েছেন যে, এই সপ্তাহের মধ্যে যুদ্ধের অবসান হতে পারে।