রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। এর আগে গ্তকাল পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। তার আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী।
নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। আজ ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করেন। সেদিন প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের পরপরই শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।
প্রথম উদ্ভিদভোজী স্থলপ্রাণীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা

প্রথম উদ্ভিদভোজী স্থলপ্রাণীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীতে প্রাণের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ হয়েছে। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এমন এক প্রাচীন প্রাণীর সন্ধান, যে ছিল গাছপালা খাওয়া স্থলপ্রাণীদের অন্যতম প্রথম সদস্য। প্রাণীটির আকার ছিল প্রায় একটি ফুটবলের মতো। এটি পৃথিবীতে ঘুরে বেড়াত প্রায় ৩০ কোটি ৭০ লাখ বছর আগে। এই প্রাণীর নাম Tyrannoroter heberti। সম্প্রতি গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ন্যাচার ইকোলোজি ইভোল্যুশন–এ। গবেষকদের মতে, এটি ছিল চার পা–ওয়ালা (টেট্রাপড অর্থাৎ চার অঙ্গবিশিষ্ট প্রাণী) স্থলপ্রাণীদের মধ্যে খুবই প্রাচীন একটি উদাহরণ। এই প্রাণীর মাথার হাড় পাওয়া গেছে কানাডার নোভা স্কশিয়ার কেপ ব্রেটন দ্বীপের একটি জীবাশ্ম হয়ে যাওয়া গাছের গুঁড়ির ভেতর। স্থানীয় জীবাশ্মপ্রেমী ব্রায়ান হেবার্ট প্রথম এটি খুঁজে পান। তার নাম থেকেই প্রাণীটির নামকরণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, প্রাণীটির মুখ চওড়া ছিল এবং মুখের ভেতরে শক্ত ও মোটা দাঁত ছিল। এই দাঁতগুলো এমনভাবে সাজানো ছিল, যেন শক্ত গাছপালা ভালোভাবে চিবানো যায়। বিজ্ঞানীরা দাঁতের ক্ষয়চিহ্ন পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন, এটি মূলত উদ্ভিদভোজী ছিল। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা খুলি স্ক্যান করেন এবং থ্রি-ডি মডেল তৈরি করেন। এতে প্রাণীটির গঠন খুব কাছ থেকে বোঝা সম্ভব হয়। দেখতে এটি অনেকটা টিকটিকির মতো হলেও শরীর ছিল মোটা ও খাটো। গবেষকদের ধারণা, শুরুতে এই প্রাণী পোকামাকড় খেত। সময়ের সঙ্গে সঙ্গে খাবারের ধরন বদলায় এবং ধীরে ধীরে গাছপালার ওপর নির্ভরশীল হয়ে ওঠে। গাছপালা হজম করার জন্য এর পেট বড় ছিল এবং শরীরের ভেতরে উপকারী জীবাণু (যা খাবার হজমে সাহায্য করে) ছিল। এই আবিষ্কার থেকে বিজ্ঞানীরা বুঝতে পারছেন, স্থলে ওঠার অল্প সময়ের মধ্যেই প্রাণীরা গাছ খাওয়া শুরু করেছিল। অর্থাৎ স্থলজ জীবনের বিকাশ খুব দ্রুত ঘটেছিল। তবে জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ শুকনো হয়ে গেলে অনেক গাছপালা নষ্ট হয়ে যায়। এতে এই ধরনের প্রাণীর খাবারের সংকট তৈরি হয় এবং এক সময় তারা পৃথিবী থেকে হারিয়ে যায়। বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার শুধু শুরু। ভবিষ্যতে আরও জীবাশ্ম পাওয়া গেলে, স্থলপ্রাণীর বিবর্তন নিয়ে আরও নতুন তথ্য জানা যাবে।
বিশ্বের ৩ হাজারের বেশি হিমবাহ বিপজ্জনক গতিতে এগোচ্ছে

বিশ্বের ৩ হাজারের বেশি হিমবাহ বিপজ্জনক গতিতে এগোচ্ছে পাহাড়ের মাথায় জমে থাকা বিশাল বরফের স্তর—যাকে বলা হয় হিমবাহ। এই হিমবাহ হঠাৎ যদি খুব দ্রুত এগোতে শুরু করে, তাহলে কী হতে পারে? বিজ্ঞানীরা বলছেন, এমন ঘটনা এখন আর কল্পনা নয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে হাজার হাজার হিমবাহ হঠাৎ গতিতে ছুটে চলেছে। এতে মানুষ ও পরিবেশ—দুটোই বড় ঝুঁকিতে পড়ছে। একটি নতুন গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বজুড়ে ৩ হাজার ১০০টির বেশি হিমবাহে এই অস্বাভাবিক গতি দেখা গেছে। এর মধ্যে অন্তত ৮১টি হিমবাহকে সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব হিমবাহ হঠাৎ এগোলে বড় ধরনের ক্ষতি হতে পারে। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ন্যাচার রিভিউস আর্থ এন্ড এনভাইরনমেন্ট (Nature Reviews Earth and Environment)-এ। গবেষণাটি করেছে যুক্তরাজ্যের University of Portsmouth। বিজ্ঞানীরা জানিয়েছেন, এসব হিমবাহ মূলত আর্কটিক অঞ্চল, এশিয়ার উঁচু পাহাড়ি এলাকা এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় বেশি দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি হিমবাহের গতি বেড়েছে কারাকোরাম পর্বতমালায়। বিজ্ঞানীদের ভাষায়, এই ধরনের হিমবাহকে বলা হয় ‘সার্জিং গ্লেসিয়ার’। অর্থাৎ যেসব হিমবাহ সাধারণ সময়ের তুলনায় হঠাৎ অনেক দ্রুত চলতে শুরু করে। একজন বিজ্ঞানী বিষয়টি সহজভাবে বোঝাতে বলেন, এসব হিমবাহ অনেক দিন ধরে বরফ জমিয়ে রাখে, ঠিক সঞ্চয়ের মতো। এরপর হঠাৎ করে খুব দ্রুত সব বরফ এগিয়ে দেয়। এতে বড় বিপদ তৈরি হয়। গবেষণায় বলা হয়েছে, হিমবাহের এই হঠাৎ গতি বাড়ার পেছনে জলবায়ু পরিবর্তনের বড় ভূমিকা আছে। জলবায়ু পরিবর্তনের কারণে কখন, কোথায় এবং কীভাবে এসব ঘটনা ঘটছে সবকিছুই বদলে যাচ্ছে। এই ধরনের হিমবাহ ছয় ধরনের বড় ঝুঁকি তৈরি করতে পারে। এর মধ্যে আছে—হিমবাহ হঠাৎ সামনে এগিয়ে যাওয়া, নদীর পথ বন্ধ হয়ে যাওয়া, হিমবাহের নিচ থেকে হঠাৎ পানি বেরিয়ে আসা (বন্যার মতো), বরফের বিশাল অংশ ভেঙে পড়া, বরফে বড় বড় ফাটল তৈরি হওয়া এবং বড় বরফখণ্ড ভেসে যাওয়ার ঝুঁকি। গবেষকরা সতর্ক করে বলেছেন, এসব ঘটনা পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করতে পারে। ঘরবাড়ি, রাস্তা ও বিদ্যুৎব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে প্রাণহানির আশঙ্কাও রয়েছে। বিজ্ঞানীদের মতে, এখনই এসব হিমবাহের দিকে নজর দেওয়া জরুরি। সময়মতো সতর্ক হলে বড় ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব।
আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি জেনে নিন

আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি জেনে নিন ডোনাট বলতে আমরা সাধারণত মিষ্টি স্বাদই বুঝি। তবে আপনি কি জানেন, আলু দিয়ে ঝাল ঝাল স্বাদের ডোনাট তৈরি করা যায়? বাড়ি থাকা আলু ও অল্পকিছু উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন আলুর ডোনাট। ইফতার, বিকেলের নাস্তা, শিশুর টিফিন কিংবা বাড়িতে হঠাৎ মেহমান- যেকোনো আপ্যায়নে নাস্তায় রাখতে পারেন এই পদ। চলুন জেনে নেওয়া যাক, আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি- তৈরি করতে যা লাগব : সেদ্ধ আলু- ১ কাপ চটকানো সুজি- ১ কাপ সাদা তিল- দেড় টেবিল চামচ কাঁচা মরিচ কুচি- ৪-৫টি ধনিয়া পাতা কুচি- এক মুঠো চিলি ফ্লেক্স- ১ চা চামচ জিরা- ১ চা চামচ হলুদ গুঁড়া- ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া- ১ চা চামচ জিরা গুঁড়া- ১/২ চা চামচ লবণ- পরিমাণমতো পানি- পরিমাণমতো তেল- প্রয়োজন অনুযায়ী। যেভাবে তৈরি করবেন : কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে আলু সেদ্ধ, সুজি ও পানি বাদে সব উপকরণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। কষানো হলে তাতে এক গ্লাস পানি দিন। ফুটে উঠলে এক কাপ সুজি ও সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিন। এরপর ভালোভাবে নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নামিয়ে নিন। কিছুটা ঠান্ডা হয়ে এলে ডো থেকে অল্প অল্প করে নিয়ে বলের মতো তৈরি করুন। এবার একটি করে বল নিয়ে হাতের তালুতে চেপে চ্যাপ্টা করুন। মাখঝানে আঙুল দিয়ে গর্ত করে দিন। এবার কড়াইতে তেল গরম দিন। গরম হয়ে এলে মাঝারি আঁচে ডোনাটগুলো মচমচে করে ভেজে তুলুন। এরপর পছন্দের কোনো সসের সঙ্গে পরিবেশন করুন।
ক্যারিয়ারে ভালো করতে চান? জেনে নিন কী করবেন

ক্যারিয়ারে ভালো করতে চান? জেনে নিন কী করবেন কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়ে তোলার জন্য সময়, ধৈর্য এবং প্রশিক্ষণের প্রয়োজন। সেইসঙ্গে ইতিবাচক মানসিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। আপনি ক্যারিয়ারের শুরুতে থাকুন বা বছরের পর বছর ধরে থাকুন না কেন, সমৃদ্ধি এবং উন্নতির সুযোগ সব সময় থাকে। ক্যারিয়ার বিষয়ক কিছু পরামর্শ আপনাকে কার্যকর অভ্যাস গড়ে তুলতে এবং নিজ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করতে সাহায্য করতে পারে। দীর্ঘমেয়াদী ও সফল ক্যারিয়ার অর্জনের লক্ষ্যে আপনাকে কিছু কাজ করতে হবে- ১. কমফোর্ট জোন থেকে বের হোন নতুন কিছু শেখার সময় আপনার পরবর্তী ভূমিকার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। নতুন এবং কঠিন চ্যালেঞ্জগুলো গ্রহণ করুন, যা প্রাথমিকভাবে অস্বস্তিকর মনে হতে পারে। আপস্কিলিং গ্রহণ করুন, যা আপনার ভূমিকার জন্য উন্নত দক্ষতা তৈরির প্রক্রিয়া, এবং রিস্কিলিং, যা ভিন্ন ভূমিকা অনুসরণ করার জন্য নতুন দক্ষতা শেখার প্রক্রিয়া। নেতৃত্বের দায়িত্বে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে এবং কর্মক্ষেত্রে বিভিন্ন বিভাগের সঙ্গে ক্রস-ফাংশনালভাবে কাজ করে আপনি চ্যালেঞ্জিং নতুন দক্ষতা অর্জন করতে পারেন। ২. মানুষের সঙ্গে পরিচিত হোন প্রত্যেক ব্যক্তিকে মূল্যবান এবং যোগ্য হিসেবে দেখাই ভালো। সুযোগ, রেফারেল এবং সমৃদ্ধি অপ্রত্যাশিত জায়গা থেকে আসতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার কাজের বাইরে একটি অস্থায়ী চাকরি করেন, তাহলে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করলে তা আপনাকে আরও অনেক কাজের সুযোগ এনে দিতে পারে। ৩. সঠিক সময়ে উপস্থিত থাকা নিজের কর্মক্ষেত্রে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করুন এবং আপনার নির্ধারিত কাজগুলো সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকুন। এতে কাজের প্রতি আপনার একনিষ্ঠতা প্রকাশ পাবে। যা একজন কর্মীর সফল হওয়ার জন্য সবার আগে জরুরি। তাই এদিকে খেয়াল রাখুন। ৪. আজীবন শিক্ষার্থী হয়ে উঠুন ক্যারিয়ারের যে পর্যায়েই থাকুন না কেন আপনি শিখতে পারবেন। যখন আপনি ক্রমাগত শিখবেন, তখন আরও দক্ষতা অর্জন করতে পারবেন এবং ক্যারিয়ারের পথে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। শেখার ইচ্ছা থাকা এমন একটি বৈশিষ্ট্য যা অনেকেই মূল্যবান বলে মনে করেন। যে কোনো পেশাদার উন্নয়ন ইভেন্ট এবং প্রশিক্ষণ সেশনে যোগদান করুন। মনে রাখবেন, যত শিখবেন, ততই সফলতার দিকে এগিয়ে যাবেন। ৫. অধ্যবসায় গড়ে তুলুন আপনার কাজের একজন শীর্ষস্থানীয় পারফর্মার হতে কিছুটা সময় লাগতে পারে। তাই ক্যারিয়ারের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার অধ্যবসায় এবং বিকাশ চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন লেখক হন এবং কোনো সম্পাদক ক্রমাগত আপনার লেখাগুলো প্রত্যাখ্যান করেন, তাহলে একই সম্পাদক বা অন্য কোনো সম্পাদকের কাছে উপস্থাপন করার আগে আপনার ধারণাগুলো পরিমার্জন এবং বিকাশ করার চেষ্টা করুন। ৬. প্রতিশ্রুতি রক্ষা করুন কথার সঙ্গে কাজের মিল থাকা অপরিহার্য। যদি আপনার বসকে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে একটি প্রকল্প শেষ করার প্রতিশ্রুতি দেন, তাহলে সেই অনুযায়ী প্রকল্পটি শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অপরিহার্য। যেকোনো ব্যবসার জন্য সম্পর্ক অপরিহার্য এবং বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ উপাদান। একবার বিশ্বস্ততা অর্জন করলে আপনি আরও বেশি কাজের সুযোগ পাবেন। ৭. গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করুন অনেক সফল পেশাদার সফল হয়েছেন কারণ তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেন। একটি কৌতূহলী মনোভাব বজায় রাখুন এবং সমস্ত পেশাদার পরিবেশে প্রশ্ন জিজ্ঞাসা করুন। এই অভ্যাস আপনার জ্ঞান তৈরি করতে পারে এবং শেখার প্রক্রিয়া ও উন্নয়নে অবদান রাখতে পারে। তবে অহেতুক প্রশ্ন করার অভ্যাস আপনাকে বিতর্কিত করতে পারে। তাই ভেবেচিন্তে কেবল প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে শিখুন।
বিবাদে জড়ালেন আলিয়া-ববি!

বিবাদে জড়ালেন আলিয়া-ববি! বিবাদে জড়ালেন দুই প্রজন্মের দুই তারকা অভিনয়শিল্পী ববি দেওল ও আলিয়া ভাট। ‘আলফা’ সিনেমার শুটিং সেটে এ ঘটনার সূত্রপাত্র। এ বিষয়ে একটি সূত্র বলেন, “অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে উঠলেও ‘আলফা’ সিনেমার শুটিং সেটে রণবীরের স্ত্রী আলিয়ার সঙ্গে তেমন সম্পর্ক গড়ে ওঠেনি ববি দেওলের। শুটিং চলাকালীন তারই ছায়া পড়েছে। সিনেমাটির শেষ পর্যায়ের শুটিং চলাকালীন আলিয়া ভাট ও ববি দেওলের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে।” ববির সঙ্গে বিরোধের কারণ ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “আলফা’ সিনেমার শুটিংয়ের সময়ে আলিয়া ভাট তার অভ্যাসমতো নানা সৃজনশীল মতামত দেওয়াকে কেন্দ্র করে সমস্যা শুরু হয়। এমনকি, ববির দৃশ্য নিয়েও অভিনেত্রী পরামর্শ দিচ্ছিলেন। এক সময় বিষয়টি নিয়ে আপত্তি জানান ববি দেওল। ধীরে ধীরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, শুটিং নির্বিঘ্নে শেষ করতে হস্তক্ষেপ করতে হয় প্রযোজক আদিত্য চোপড়াকে।” ববি দেওল ও আলিয়া ভাটের বিবাদ নিয়ে বলিপাড়ায় চর্চা চলছে। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি এই দুই তারকার কেউই। ‘আলফা’ সিনেমায় ‘স্পাই ইউনিভার্স’-এর কেন্দ্রীয় দুই সুপার-এজেন্টের ভূমিকায় থাকছেন নারী। সুপার-এজেন্টের দুই চরিত্রে দেখা যাবে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘকে।অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষের ভূমিকায় রয়েছেন ববি দেওল। সিনেমাটি পরিচালনা করছেন শিব রাওয়াল। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।
ক্যানসার মুক্তির আগেই হিনা খানের মা হওয়ার গুঞ্জন

ক্যানসার মুক্তির আগেই হিনা খানের মা হওয়ার গুঞ্জন ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়া ভারতীয় অভিনেত্রী হিনা খান মা হতে চলেছেন- এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি তার কিছু ছবি এবং একটি রিয়্যালিটি শো-তে দেওয়া বার্তার সূত্র ধরে ভক্ত-অনুরাগীদের মাঝে এই জল্পনা শুরু হয়। তবে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে এখন পর্যন্ত হিনা বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। মূলত ‘পতি পত্নী অউর পঙ্গা’ নামের একটি অনুষ্ঠানে হিনা খান ও তার স্বামী রকি জায়সওয়াল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালক মুনাব্বার ফারুকী হঠাৎ করেই হিনাকে সন্তান লালন-পালন সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দিতে শুরু করেন। বিষয়টি নজর এড়ায়নি দর্শকদের। সেখান থেকেই অনেকে ধারণা করছেন, হিনা হয়তো তার প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। জল্পনা আরও উসকে দেয় হিনা খানের শেয়ার করা সাম্প্রতিক কিছু ছবি। সালোয়ার-কামিজ পরা ওই ছবিগুলোতে নেটিজেনদের দাবি, অভিনেত্রী ওড়না দিয়ে তার ‘বেবি বাম্প’ আড়াল করার চেষ্টা করছেন। যদিও নিন্দুকেরা একে ক্যামেরার অ্যাঙ্গেল বা পোশাকের ধরণ হিসেবেও দেখছেন। ২০২৪ সালে হিনা খান তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানান। কঠিন এই সময়ে নিজেকে শক্ত রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। অসুস্থতার মধ্যেই দীর্ঘদিনের প্রেমিক রকি জায়সওয়ালকে বিয়ে করেন এই অভিনেত্রী। ক্যানসারের যন্ত্রণাদায়ক দিনগুলোতেও তিনি সামাজিক মাধ্যমে ভক্তদের কাছ থেকে নিয়মিত সাহস পেয়েছেন। প্রথমবার ক্যানসার শনাক্ত হওয়ার স্মৃতিচারণ করে হিনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, খবরটি শুনে ভেঙে না পড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলাম। এমনকি ওই সময় নিজের প্রিয় খাবার ফালুদাও অর্ডার করে খেয়েছিলাম। বর্তমানে সুস্থতার লড়াইয়ে থাকা এই অভিনেত্রীর মা হওয়ার খবরটি সত্য কি না, তা জানতে মুখিয়ে আছেন তার ভক্তরা।
এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ
এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতীয় সিনেমাকে অনেক স্মরণীয় গান উপহার দেওয়া অস্কারজয়ী সুরকার এ আর রাহমানের। সম্প্রীতি সাম্প্রদায়িক বৈষম্য নিয়ে বিস্ফোরক মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েন তিনি। এবার তার বিরুদ্ধে গান চুরির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলার আবেদন করেছেন ভারতীয় ধ্রুপদী গায়ক ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর। দেশটির প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়েছে। অভিযোগের নথি অনুযায়ী, এআর রহমান মণি রত্নমের তামিল ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’-এর ‘বীর রাজা বীর’ গানটিতে তার পুরানো লেখা গান ‘শিব স্তুতি’র একটি অংশ চুরি করেছেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোন্নিয়িন সেলভান ২’ বেশ প্রশংসিত হয়েছিল। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ডাগর বাণীর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। সমগ্র বিশ্ব ডাগর পরিবার এবং তাদের ধ্রুপদ সংগীত সম্পর্কে জানে। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে অত্যন্ত সম্মানিত শিল্পী। বিচারপতি বাগচী বলেন, আমরা তদন্ত করতে চাই যে আসল লেখক কে। কেবল একটি গান গাইলেই লেখক হওয়া যায় না। আপনাকে প্রমাণ করতে হবে যে এর আগে অন্য কারো একই সুর ছিল না। আপনি ইতোমধ্যেই স্বীকার করেছেন যে আসামিরা (রহমানের দল) ডাগর ঐতিহ্যের অংশ। তবে এআর রহমানের আইনজীবী আদালতকে বলেন, আমরা কখনও কারও অধিকার দাবি করি না। কিন্তু যখন আমার মক্কেল (রহমান) কিছু করেন, তখন তিনি তা দাবি করেন।’ প্রথমদিনের শুনানি শেষে আদালত মামলার পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত রেখেছেন। আগামী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আবারও শুনানি অনুষ্ঠিত হবে।
স্থগিত শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা!

স্থগিত শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা! ‘পাঠান’ এবং ‘টাইগার’ সাফল্যের পর স্পাই ইউনিভার্সের দর্শক-অনুরাগীদের ধামাকা দিতে চেয়েছিলেন যশরাজ ফিল্মসের প্রযোজক আদিত্য চোপড়া। ভারতের হিন্দি সিনেমার দুই তারকা শাহরুখ খান ও সালমান খানকে একসঙ্গে নিয়ে ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় হাজির করবেন পর্দার ‘করণ-অর্জুন’কে। শাহরুখ-সালমানের দ্বৈরথে সিনেপর্দা কাঁপিয়ে বক্স অফিসেও দারুণ ব্যবসা দিবে, সে কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সূত্রের ভাষ্যমতে, ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবি নির্মাণের বাজেট ‘পাঠান’ এবং ‘টাইগার ৩’ এর বাজেটকেও ছাড়িয়ে যাবে। অর্থাৎ, দুই ‘খান’ অভিনীত এই ছবিই হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবি। কিন্তু আপাতত থমকে গিয়েছে ৩০০ কোটি রূপি সেই স্বপ্নের প্রজেক্ট। যশ রাজ ফিল্মসের উচ্চাকাঙ্ক্ষী ছবিকে সাময়িক বিরতিতে পাঠিয়েছে। সূত্রটি দাবি করেছে, ছবিটি প্রি-প্রোডাকশন পর্যায়ে পৌঁছানোর আগেই বাজেট নিয়ে বড় জটিলতা দেখা দিয়েছে।মূলত শাহরুখ ও সালমনের মতো দেশের এত বড় দুই তারকার পারিশ্রমিকে ব্যয় করতে হচ্ছে ১০০ কোটি রুপি। এর সঙ্গে আন্তর্জাতিক লোকেশন, স্টান্ট, অ্যাকশন সেট-পিস, ভিএফএক্স বাছাইয়েও জটিলতার সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে ছবির সম্ভাব্য বাজেট পৌঁছে যায় এমন এক উচ্চতায়, যা বর্তমান বাজারে বিরাট ঝুঁকির বলেই মনে করছে প্রযোজনা সংস্থা। ইন্ডাস্ট্রিতে ক্রমবর্ধমান প্রোডাকশন খরচ, তারকার পারিশ্রমিক, এবং বক্স অফিসের অনিশ্চয়তা, সব মিলিয়ে বলিউডের ফার্স্ট বয়-এর স্টুডিও-ও এখন হিসেবি হতে বাধ্য। ফলে প্রকল্পটি বাতিল নয়, তবে আপাতত স্থগিত রাখা হয়েছে বলেই শোনা যাচ্ছে। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ বলছেন, এত বড় দুই তারকা বড় পারিশ্রমিক চাইবেন, এটাই স্বাভাবিক। কেউ আবার মনে করছেন, বলিউডে এখন আর অত বড় বাজেটের ঝুঁকি নিতে চাইছে না প্রযোজকরা। আবার অনেক দর্শকের মতে, শাহরুখ-সলমনকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখার সুযোগ হাতছাড়া হলে সেটি সত্যিই ‘ঐতিহাসিক মিস’ হবে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অনিশ্চিত। তবে ইন্ডাস্ট্রির অভিজ্ঞরা বলছেন, বড় প্রজেক্টের পরিকল্পনা কখনও পুরোপুরি শেষ হয়ে যায় না। সঠিক সময়, সঠিক বাজার, আর সঠিক হিসেব মিললেই আবার আলোচনায় ফিরে আসে।