কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধিদল

কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধিদল গঙ্গা নদীর পানি চুক্তি পর্যালোচনা ও বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) ৮৬তম বৈঠকে যোগ দিতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল। আজ ভারতীয় সময় সকাল পৌনে ১১টা নাগাদ প্রতিনিধি দলটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপরেই সড়কপথে তারা যান হাওড়া রেল স্টেশন। হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে তারা যাবেন মুর্শিদাবাদ জেলার ফারাক্কায়। বাংলাদেশের প্রতিনিধি দলের পাশাপাশি ভারতের নদী কমিশনের সদস্যরাও যৌথভাবে ফারাক্কা পরিদর্শন করবেন। পরে ফিরে এসে অংশ নেবেন বৈঠকে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জয়েন্ট রিভার কমিশনের (জেআরসিবি) সদস্য মোহাম্মদ আবুল হোসেন। তার নেতৃত্বে আছেন জেআরসিবি উপ-বিভাগীয় প্রকৌশলী মিদরী জাহান, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুজ্জামান, জেআরসিবি সদস্য (কারিগরি কমিটি) মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (সিলেট) অতিরিক্ত মুখ্য প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (কুমিল্লা) অতিরিক্ত মুখ্য প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (ঢাকা) হাইড্রো ইনফরমেটিক্স এবং ফ্লাড ফোরকাস্টিং বিভাগের সুপারিন্টেডেন্ট প্রকৌশলী ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন। কলকাতায় আয়োজিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের হয়ে অংশ নেবেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া-১ অনুবিভাগের পরিচালক মো. মনোয়ার মোকাররম, কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) তুষিতা চাকমা, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) আফজল মেহদাত আদনান প্রমুখ। এদিন বিমানবন্দর থেকে বেরিয়ে মোহাম্মদ আবুল হোসেন জানান, এই সফরে তিস্তা জরিপ হবে না। এমনকি বৈঠকেও তিস্তা বিষয়ক কোনো আলাপও হবে না। এর জন্য একটা টেকনিক্যাল টিম আছে, তারা আলোচনা করবে। মোহাম্মদ আবুল হোসেন বলেন, এই পরিদর্শন ততটা গুরুত্বপূর্ণ নয়। কারণ এই সফরে কোনো বড় ইস্যু নিয়ে আলোচনা হবে না। মূলত কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ১৯৯৬ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত গঙ্গার চুক্তির বাস্তবায়নের জন্য প্রতিবছর আমরা এই সফর করে থাকি।গঙ্গার পানি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ- এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বাংলাদেশের এক-তৃতীয়াংশ গঙ্গার পানির ওপর নির্ভরশীল। মূলত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই পানির যথেষ্ট গুরুত্ব রয়েছে। জানা গেছে, পাঁচ দিনের এই সফরে আগামী ৪ মার্চ ফারাক্কায় গঙ্গা নদীর সন্নিহিত এলাকা পরিদর্শন করবেন বাংলাদেশের প্রতিনিধিরা। ফারাক্কায় গঙ্গা নদীতে পানির স্তর, পানির প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখবেন তারা। ৫ মার্চ ফারাক্কা থেকে দুই দেশের যৌথ নদী কমিশনের সদস্যরা কলকাতায় ফিরবেন। এরপর ৬ এবং ৭ তারিখ ভারতের রিভার কমিশনের সদস্যদের সঙ্গে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে বৈঠক হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন নিয়ে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাতে স্বাক্ষর করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুক্তির মেয়াদ ছিল ৩০ বছরের। ২০২৬ সালে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। বাংলাদেশের সঙ্গে গঙ্গা কিংবা তিস্তার পানি বন্টন নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ভারতে তুষারপাতে নিহত ৪, কয়েকজন নিখোঁজ

ভারতে তুষারপাতে নিহত ৪, কয়েকজন নিখোঁজ ভারতের হিমালয় রাজ্য উত্তরাখণ্ডে প্রবল তুষারপাতে অন্তত চারজন মারা গেছে। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। উত্তরাখণ্ড রাজ্য সরকার এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি তিব্বতের সীমান্তবর্তী এলাকা মানায় তীব্র তুষারপাতে রাস্তা নির্মাণ শ্রমিকরা ভেসে যায়। সেখানে তুষারের নিচে চাপা পড়া ৫০ জনকে উদ্ধার করা হয়। পরে তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে পাঁচজন। হেলিকপ্টারে তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তারা আরও জানান, হিমালয় পর্বতের কাছে নিখোঁজ ৫ জনকে উদ্ধারের জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। উত্তরাখন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, বর্ডার রোডস অর্গানাইজেশন ক্যাম্পে তুষারপাতের পর উদ্ধারকারী দলগুলি নিরবচ্ছিন্নভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুক্রবার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এক্স-এ এক ফুটেজ পোস্ট করেছে। সেখানে দেখা যায়, উদ্ধারকারীরা কয়েক ফুট উঁচু তুষারপাতের মধ্যে হেঁটে স্ট্রেচারে করে আহতদের বহন করে নিয়ে যাচ্ছেন। তখনও তুষারপাত অব্যাহত ছিল। মানার একজন সাবেক গ্রাম পরিষদ সদস্য গৌরব কুনাওয়ার শুক্রবার বিবিসিকে বলেছেন, ‘যে এলাকায় তুষার আঘাত হেনেছে সেখানে কেউ স্থায়ীভাবে বসবাস করেন না। শুধু সীমান্তে রাস্তা নির্মাণ শ্রমিকরা শীতকালে সেখানে থাকে। ’ তিনি বলেন, ‘সেখানে এখনো সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা শুনেছি ওই এলাকায় দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। যখন তুষার আঘাত হানে তখন সেখানে শ্রমিকরা একটি ক্যাম্পে ছিল’। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর আগেই হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, এবং জম্মু-কাশ্মিরে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করেছিল। অরেঞ্জ অ্যালার্ট জারি করার পরও এত হতাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় কর্মকর্তারা।

বাল্যবিয়ে প্রতিরোধে গম্ভীরা ও প্রচারণা

বাল্যবিয়ে প্রতিরোধে গম্ভীরা ও প্রচারণা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা কে এম উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকেলে ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে। এসময় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণেরও আয়োজন করা হয়। আন্তর্জাতিক সংস্থা ফুড ফর দি হাংরি’র (এফএইচ) চাঁপাইনবাবগঞ্জ এরিয়ার ঝিলিম কমিউনিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রায় ২০০ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ অংশ নেন। বিকেল সোয়া ৩টায় সংস্থার বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু করা হয়। এতে সূচনা বক্তব্য দেনÑ এফএইচের কমিউনিটি টিম লিডার রাজিয়া জান্নাত। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ কমিটির সহসভাপতি ও আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক কুদরত-ই-খুদা, সংস্থার ঝিলিম কমিউনিটির সিনিয়র এনিমেটর আনোয়ার হোসেন। বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্যবিয়ের ফলে আমাদের সমাজ ও দেশ থেকে অনেক মেধাবী সন্তান ঝরে পড়ছে। পিছিয়ে যাচ্ছে আমাদের সমাজ ও দেশ। বাল্যবিয়ের ফলে নারীর অধিকার ঠিকমত বাস্তবায়িত হচ্ছে না। মেয়েরা যদি শিক্ষিত না হয়, তবে আমরা পিছিয়ে যাবো। বাল্যবিয়ের ফলে অনেক নারীর জীবনও নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে। আলোচনা শেষে বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়। শেষে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার চাইল্ড প্রমোটর রেনু হেমব্রম।

মারা গেছেন স্কুলশিক্ষক শ্যাম টুডু

মারা গেছেন স্কুলশিক্ষক শ্যাম টুডু চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তি ও স্কুলশিক্ষক শ্যাম টুডু (৭৭) আজ বিকেল ৩টার দিকে মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বেলা ১২টায় পারিবারিক সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হবে। শ্যাম টুডু সদর উপজেলার ঝিলিম ইউপির জলাহার গ্রামের বাসিন্দা ও গ্রামের জলাহার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক, সর্বোচ্চ আদালতের আইনজীবী প্রভাত টুডুর পিতা। তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ইফতারে যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন

ইফতারে যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন স্বাস্থ্যকর সাহরি খাওয়ার পাশাপাশি ইফতার হলো রমজানের প্রধান খাবার। তাই আমাদের রোজা ভাঙার সময় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে আমরা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর সুষম খাবার খাচ্ছি। স্বাস্থ্যকর ইফতার বরকতময় মাসে আমাদের ইবাদত থেকে সর্বাধিক সুবিধা পেতে এবং অস্বাস্থ্যকর ইফতারের কারণে এই মাসে যেকোনো স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচতে এড়াতে সাহায্য করবে। রমজানে উদ্যমী ও সুস্থ বোধ করার জন্য এবং ক্লান্তি এড়াতে ইফতারে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা জরুরি- ধীরে ধীরে খান এবং স্বাদ গ্রহণ করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ রোজা ভাঙবে, তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে, কারণ তা বরকতময়। যদি তা না পাওয়া যায়, তাহলে যেন সে পানি দিয়ে ইফতার করে, কারণ তা পবিত্র।” সুনান আত-তিরমিযী ৬৯৫ ইফতারের সময় যতটা সম্ভব তাড়াতাড়ি খাওয়া এড়িয়ে চলার চেষ্টা করবেন। খেজুর, এক গ্লাস পানি এবং এক বাটি ফল দিয়ে ইফতার শুরু করুন। মাগরিবের নামাজ পড়ুন এবং তারপর বাকি খাবারের জন্য টেবিলে বসুন। নামাজ শেষ হওয়ার পর অতিরিক্ত না খেয়ে ধীর গতিতে খেতে পারেন, এভাবে আপনার খাবার উপভোগ করতে পারবেন। ভাজা খাবার এড়িয়ে চলুন রমজানে ডিপ ফ্রায়ার সরিয়ে রাখার চেষ্টা করুন। খাবার বেক করার জন্য চুলা অথবা এয়ার ফ্রায়ার ব্যবহার করুন। এই দুই পদ্ধতিই ভাজা থেকে আসা ফ্যাট এবং ক্যালোরির পরিমাণ কমাতে সাহায্য করে। প্রোটিন, প্রোটিন এবং প্রোটিন বেশিরভাগ ইফতারে কার্বোহাইড্রেট বেশি থাকে এবং প্রোটিনের অভাব থাকে। দীর্ঘ সময় রোজা থাকার পর শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার জন্য প্রতিটি ইফতারে প্রোটিনের যোগ করতে ভুলবেন না। প্রোটিনের উৎসের মধ্যে কেবল মুরগি এবং মাছ নয়, বরং ডাল এবং বিনের মতো উদ্ভিদ-ভিত্তিক প্রোটিনও রয়েছে। চিনির শরবতের বদলে পানি পান করুন তৃষ্ণা নিবারণের জন্য গ্লাস ভরা শরবত বা জুস পান করা লোভনীয় হতে পারে, তবে এতে প্রচুর চিনি এবং ক্যালোরিও থাকে! তাই এর বদলে পানি পান করুন। স্বাদের জন্য তাতে লেবুর টুকরা, পুদিনা পাতা এবং তাজা ফল মিশিয়ে নিতে পারেন।

চাঁপাইনবাবগঞ্জে “ক্যারিয়ার ফেস্টিভাল” বা “সম্ভাবনার উৎসব” অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে “ক্যারিয়ার ফেস্টিভাল” বা “সম্ভাবনার উৎসব” অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে “ক্যারিয়ার ফেস্টিভাল” বা “সম্ভাবনার উৎসব” অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯:৩০ মিনিট থেকে শুরু হয়ে ক্যারিয়ার ফেস্টিভাল চলে বিকেল ৩টা পর্যন্ত। জেলার হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই উৎসব অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আর্থিক ও কারিগরী সহায়তায়, দিনব্যাপী এই ফেস্টিভালের আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও মাধ্যমিক জেলা শিক্ষা অফিস। জাতিসংঘ জনসংখ্যা তহবিল- ইউএনএফপিএ টেকনিক্যাল অফিসার সুরাইয়া সুলতানার সঞ্চালনায় ফেস্টিভালে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফিরোজ উদ্দিন খলিফা, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও যুগ্মসচিব মোহাম্মদ হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ। এসময় জেলা প্রশাসক বলেন, শুধু পড়াশোনা জানলেই আর ভালো ছাত্র-ছাত্রী হলেই যে, সেই জীবনে বড় হবে, বড় কিছু করতে পারবে সেটা কিন্তু নয়। বেশী পড়াশোনা ছাড়াও জীবনে এমন অনেক কিছুই করা যায় , যা অনেক সম্মানের। শুধু নিজের প্রতিভাকে ভালো কাজের জন্য বিকশিত করতে হবে। আমাদের সবার মধ্যেই সেই পটেনশিয়াল আছে। শৃধু সঠিক সময়ে সেটা বিকশিত হওয়ার সুযোগ তৈরী করে দিতে হবে। কারণ আমাদের প্রত্যেকের মাঝেই আলাদা আলাদা সম্ভাবনা আছে। তাই যদি আমরা আমাদের লক্ষকে স্থির করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কাজেই শুধু পড়াশোনা না, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও এমন অনকে প্রফেশন আছে, যার যেদিকে আগ্রহ আমাকে চেষ্টা করতে হবে, সেটাকেই সর্ব্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলেই আমরা সফল হবো। আর আমাদেরকে প্রকৃত অর্থে মানুষ হতে হবে। আমরা যদি প্রকৃত অর্থে মনুষত্ববোধ সম্পন্ন আলোকিত মানুষ হতে পারি, তাহলেই আমদের স্বার্থকতা আমাদের আজকের এই আয়োজনের স্বার্থকতা। ফেস্টিভালের শুরুতেই স্বাগত বক্তব্যে, জাতিসংঘ জনসংখ্যা তহবিল -টঘঋচঅ এর প্রোগ্রাম এসিস্ট্যান্ট- আবু নাসের বলেন, কেন বাংলাদেশে বাল্যবিয়ে এতো বেশী। বিশেষ করে নারী এবং মেয়ে শিশুদের প্রতি সহিংসতা সেটা কেনো এতো বেশী। সেই কারণটা হচ্ছে যে, আমরা আমাদের মেয়েদেরকে-নারীদেরকে সমানভাবে পুরুষদের মতো, তাদের যে ইকুয়্যাল ক্যাপাবিলিটি, যে সম্ভাবনা, যে সামর্থ আছে সেভাবে দেখিনা এবং এই ধারণাটা যে শুধু পুরুষদের মধ্যে তা না, এটা আমাদের সামাজিকিকরণ যে প্রক্রিয়া সেটার কারণে আমাদের নারীদের মানসিকতার মধ্যেও অনেকটা গেঁথে দিই। বিশেষ করে কিশোর-কিশোরীদের আপনাদের যে ক্যাপাবিলিটি সেটা যাতে আপনারা ভালো করে জানতে পারেন, যে মানুষগুলো এখানে আজকে আপনাদেরকে কাউন্সিলিং দিচ্ছেন, ইনফরমেশন দিয়ে সমৃদ্ধ করছেন, প্রতিটি মানুষই কিন্তু আপনারা দেখবেন যে, উনারা কিন্তু খুব বেশী দূর থেকে আসেননি। উনারা সবাই আপনাদের সমাজের, আপনাদের আশেপাশের, আপনার-আমার মতোই মানুষ। উনারা যদি পারেন আপনাদের এই বাস্তবতা থেকে উঠে গিয়ে নিজেকে গড়তে পারেন, তাহলে আপনারা কেনো পারবেন না। জীবনে দেখবেন প্রচুর সফল মানুষ আছেন, শুধু এইসব সেক্টরেই আপনাদের সম্ভাবনাটা লিমিটেড না, এটা হচ্ছে যে একটা শুরু, যেখান থেকে আপনারা জানলেই কিভাবে আপনি কোথায় গিয়ে নিজের প্রতিভাকে তুলে ধরবেন। আপনারা একার থেকে জানলেন যে, সবাইকে যে শুদু ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে, রকেট সায়িন্টিস্ট হতে হবে এমনটা না, এমন হতে হবেনা। পৃথিবীতে অজস্্র প্রফেশন আছে, আপনার নিজের চাহিদা, নিজের যে ইচ্ছা, নিজের যে শক্তি, যে জায়গাটাতে আপনার সম্ভাবনা বেশী, সেই খানেই আপনি নিজেকে বিকশিত করতে পারবেন। আমরা আমাদের স্বপ্নের কথা কখনো খুলে বলিনা। আজকের এই আয়োজনের মূল লক্ষই হচ্ছেঝ, আমরা চাই আপনারা আপনাদের নিজের স্বপ্নের কথাটা জানুন, আরো ভালোভাবে ডিফাইন্ড করুন এবং আপনার পরিবারের যে মানুষ গুলোর সমর্থন আপনার সবথেকে বেশী দরকার, সেই সম্ভাবনার শিখরে পৌঁছানোর জন্য, সেই মানুষগুলোর সাথে কথা বলুন। আর আপনারা বাবা-মায়েরাও, শিক্ষকরা আপনারাও আপনাদের সন্তানের সেই সম্ভাবনাময় স্বপ্নটাকে পূরণ করতে সব্বোচ্চ সহযোগীতা করুন। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবিনা আনিস সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, “ক্যারিয়ার ফেস্টিভাল” বা “সম্ভাবনার উৎসব”-এ কিশোর-কিশোরী, অভিভাবক ও শিক্ষক সহ প্রায় ৬’শ নারী অংশগ্রহন করেন। এতে ২০ টি স্টলে প্রত্যেক অংশগ্রহনকারী তাদের ক্যারিয়ারের চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প শেয়ার করেন, যা অন্যান্য কিশোর-কিশোরীদের তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দিক-নির্দেশনা দিয়ে অনুপ্রাণিত করবে।

চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠান পর্যায়ে দক্ষতা প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠান পর্যায়ে দক্ষতা প্রতিযোগিতার উদ্বোধন জেলা শহরের আলীনগরে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে প্রতিষ্ঠান পর্যায়ে দক্ষতা প্রতিযোগিতা-২০২৫ এর উদ্ভোধন করা হয়েছে। আজ সকালে কলেজ প্রঙ্গনে অধ্যক্ষ ফাতেমা খানমের সভাপতিত্বে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, এবং ASSET প্রকল্পের প্রোগ্রাম অফিসার প্রকৌশলী জাহিদুল ইসলাম। এছাড়া অত্র প্রতিষ্ঠানের চিফ ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টরসহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই কর্মসূচি সারাদেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় ৪টি ট্রেডের প্রতিটিতে ৬ জন করে মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রতিটি ট্রেড থেকে ১ জন করে শিক্ষার্থী আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হন এবং অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের সুযোগ তৈরি হয়েছে বলে আয়োজকরা আশা করছেন।

রহনপুর রাবেয়া বালিকা ও জ্ঞানচক্র একাডেমীতে বিদায় অনুষ্ঠান

রহনপুর রাবেয়া বালিকা ও জ্ঞানচক্র একাডেমীতে বিদায় অনুষ্ঠান রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও জ্ঞানচক্র একাডেমীতে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ৬ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকালে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কাওসার আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শোয়াযেব আলী, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক লোকমান হাকিম, শিক্ষক মনিরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক রাসেল আলী, আনসার আলী, বিদায়ী ছাত্রী রাইসা রাইদা, জিনিয়া আক্তার সুহা, প্রত্যাশা, ১০ম শ্রেনীর শিক্ষার্থী নওশিন তাসফিয়া, হুমায়রা খাতুন সহ অন্যান্যরা। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে রহনপুর জ্ঞানচক্র একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং পিঠা উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিক হয়। সকালে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রহনপুর জ্ঞানচক্র একাডেমীর পরিচালক সারওয়ার হাববিবের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ডাঃ মুঃ খলিলুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজর সহকারী অধ্যাপক তোজাম্মেল হোসেন, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, রহনপুর মহিলা কলেজ প্রভাষক মনিরুজ্জামান ডাবলু, আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিনসহ অন্যরা।

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১০ টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদ, রহনপুর তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত) ইনচার্জ সুজাউদ্দৌলা, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব,চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

বাড়িতে মিলল সস্ত্রীক ‘সুপারম্যান’ খ্যাত অভিনেতার দেহ

বাড়িতে মিলল সস্ত্রীক ‘সুপারম্যান’ খ্যাত অভিনেতার দেহ যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফে’র নিজ বাড়িতে পাওয়া গেছে অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী জনপ্রিয় পিয়ানোবাদক বেৎসি আরাকাওয়ার নিথর দেহ। হলিউড মাধ্যমের খবর, হ্যাকম্যান-বেৎসির সঙ্গে তাদের প্রিয় পোষ্যর মৃতদেহও পাওয়া যায় সেই বাড়ি থেকে। সান্তা ফে’র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে মনে হয়নি যে, জিন হ্যাকম্যান এবং বেৎসি আরাকাওয়ার মৃত্যু অস্বাভাবিক কিংবা জনপ্রিয় হলিউডের তারকাদম্পতির মৃত্যুর নেপথ্যে অন্য কারও হাত রয়েছে। যদিও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সেটা বোঝা যাবে। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাবে। ১৯৭৮ সালে ‘সুপারম্যান’ সিনেমায় ভিলেন লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করে ডিসি কমিকস ফ্যানদের নজর কেড়েছিলেন হ্যাকম্যান। ৯৫ বছর বয়সী এই অভিনেতা ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) এবং ‘আনফরগিভেন’ (১৯৯২) এই দুটি সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন। প্রায় দুই দশক ধরে হ্যাকম্যান জনসমক্ষে না এলেও তার অভিনয় দর্শকদের মনে গেঁথে রয়েছে আজও। তাই তো হ্যাকম্যানের অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে তার অনুরাগীদের মাঝে। ২০০৪ সালেই অভিনয় থেকে অবসর নেন ‘বনি অ্যান্ড ক্লাইড’ খ্যাত অভিনেতা। অন্যদিকে মৃত্যুকালে পিয়ানোবাদক স্ত্রী আরাকাওয়ার বয়স হয়েছিল ৬৩। ১৯৯১ সালে তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। তার প্রায় একদশক বাদেই অভিনয় জগতকে বিদায় জানান তিনি।