কমলো এলপি গ্যাসের দাম

কমলো এলপি গ্যাসের দাম তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম মার্চ মাসের জন্য ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১ হাজার ৪৭৮ টাকা। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের থেকে ২৮ টাকা কমেছে। আজ রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দাম জানানো হয়। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন। নতুন এ দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
তেল-ডালসহ কিছু পণ্যে ভ্যাট অব্যাহতি

তেল-ডালসহ কিছু পণ্যে ভ্যাট অব্যাহতি তেল ও ডালসহ বেশকিছু পণ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রমজানে বাজার স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। ভ্যাট অব্যাহতির তালিকায় থাকা পণ্যগুলোর মধ্যে আছে— সরিষার তেল, আটা, ময়দা, ডাল, এলপি গ্যাস, বিস্কুট, লবণ ও গরম মসলা ইত্যাদি। এসব পণ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ অনুযায়ী, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল উৎপাদন পর্যায়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে। সরিষার তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি থাকবে, যার কোনো সময়সীমা দেওয়া হয়নি আদেশে। দেশে উৎপাদিত কিছু পণ্যে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। পণ্যগুলো হলো— ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্য, আটা, ময়দা, লবণ, সুজি, বিস্কুট, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, রাইস ব্র্যান অয়েল বা ধানের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল ইত্যাদি।
সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি দিয়ে এ আদেশ দেন আপিল বিভাগ। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া এবং মুনতাসির আহমেদ। ১৫৪ জন রিটকারীর পক্ষে ছিলেন সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী এবং ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি প্রার্থীদেরকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানির জন্য ২ মার্চ তারিখ নির্ধারণ করেন আদালত। গতকাল রোববার শুনানির তারিখ পিছিয়ে আজ নির্ধারণ করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানির জন্য ২ মার্চ তারিখ নির্ধারণ করেন আদালত। গত ৬ ফেব্রুয়ারি এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে তাদের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। পরে এ রায় স্থগিত চেয়ে আবেদন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এ আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন আদালত।
রমজানেও ত্বক থাকবে উজ্জ্বল আর কোমল

রমজানেও ত্বক থাকবে উজ্জ্বল আর কোমল রমজানেও ত্বক থাকবে উজ্জ্বল আর কোমলপ্রতিদিন ত্বকের যত্ন নিন।রমজান মাসে আমাদের লাইফস্টাইলের রুটিন, খাবার খাওয়ায় ব্যাপক পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে দিনে দীর্ঘ সময় পানি পান না করায় আমাদের ত্বকও শুষ্ক হয়ে পড়ে। ত্বকের সঠিক যত্ন নিলে রমজানেও ত্বকের নিস্তেজ ও শুষ্কভাব দূর হবে এবং আমাদের ত্বক থাকবে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও কোমল। রমজানের সময় কীভাবে ত্বকের যত্ন নেবেন, জেনে নিন। এ সময় ত্বকের আর্দ্রতা কমে গিয়ে প্রাণহীন ও শুষ্ক হয়ে পড়ে। প্রতিদিন অন্তত দুইবার গোসল করুন। নিয়মিত ত্বক পরিষ্কার রাখুন। গোসল এবং প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা থাকতেই ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। এসময় ঠোঁট শুষ্ক হয়ে যায় তাই ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে লিপজেল বা পেট্রোলিয়ম জেলি ব্যবহার করুন। রমজানে সহজপাচ্য ও হালকা মশলাযুক্ত স্বাস্থ্যকর খাবার খান। নিয়মিত খেজুর, বাদাম, দুধ, শাক-সবজি, টাটকা ফল বেশি বেশি খান। আর ইফতার থেকে সেহরি পর্যন্ত কম হলেও আট গ্লাস পানি পান করুন। টক-মিষ্টি-দই খেলে হজম ভালো হয়, ত্বকও ভালো থাকে। আম, লেবু, পেঁপে এবং বেলের শরবত খেতে পারেন, ইফতারে তেলে ভাজা খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। রান্নাঘর থেকেই বেছে নিন ত্বক চর্চার সামগ্রী। প্রতিদিন ইফতার তৈরি করি, যেমন পেঁপে, মসুরের ডাল, বেসন, শসার রস এগুলো থেকে একটু নিয়ে ত্বকে মেখে কিছুক্ষণ পর ধুয়ে নিন। ত্বকের ময়লা ও শুষ্কভাব দূর হয়ে ত্বক থাকবে সজীব ও কোমল। সপ্তাহে অন্তত দুই বার ২ চামচ ময়দা, ১ চামচ মধু এবং পাকা পেঁপে বা পাকা কলার মাক্স লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিন। এতে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে ঠিক যেমনটি আপনি চান। ত্বক অনুযায়ী বাড়িতে যেভাবে যত্ন নেবেন : স্বাভাবিক ত্বকের জন্য চন্দন বাটা ১ টেবিল চামচ, টমেটোর রস – ১ চা চামচ, শসার রস – ১ চা চামচ এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য পেস্তা বাদামের পেস্ট ১ টেবিল চামচ, মধু – ১ চা চামচ, ডিমের কুসুম- ১ টি সব উপকরণ মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি ১ টেবিল চামচ, গোলাপ জল – ১ চা চামচ, লেবুর রস – ১ চা চামচ মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এছাড়াও রোদে পোড়া, কোঁচকানো ত্বককে কোমল ও মসৃণ করতে বেকিং পাউডার অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। প্রথমে একটি পাত্রে পানির সাথে বেকিং সোডা মিশিয়ে নিন। পরে একটি পরিষ্কার কাপড় ওই পানিতে ভিজিয়ে তা দিয়ে হালকা ভাবে রোদে পোড়া ত্বক মুছে নিন। এতে রোদে পোড়া ত্বকে আরাম পাবেন আর ত্বকের কালো পোড়া দাগগুলো কিছু দিন পরে আর ত্বকে খুঁজে পাবেন না। সারাদিন কাজের চাপে বিশ্রাম নেওয়া হয় না। আর রাতে সেহেরি খাওয়ার জন্য অনেকেই রাতের ঘুমটা অনেকটা কমিয়ে দেন। চিন্তা করেন একবারে সেহেরি খেয়ে ঘুমাবেন, এতে ঘুম কম হলে শরীরের মতো আমাদের ত্বকেরও অবস্থা নাজুক হয়ে যায়। কারণ ঘুমের মধ্যেই আমাদের ত্বকের কোষগুলো ক্ষতি পুষিয়ে পরের দিনের জন্য তৈরি হয়। প্রতিদিন অন্তত আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। মুখের সাথে সাথে শরীরেরও যত্ন নিন। নিয়মিত ত্বকের উপযোগী ভালো কোনো বডি লোশন ব্যবহার করুন। প্রতিদিন ত্বকের যত্ন নিন। পুরো রমজানে আপনার ত্বক থাকবে স্বাস্থ্যকর, কোমল-মসৃণ আর আসছে ঈদে সবার মাঝে নিজেকে আবিষ্কার করতে পারবেন নতুন রূপে।
ইফতারে প্রাণ জুড়াবে সাবুদানার শরবত

ইফতারে প্রাণ জুড়াবে সাবুদানার শরবত সারাদিন রোজা রাখার পর ইফতারে ভাজাপোড়া খাওয়ার চেয়ে শরবত জাতীয় খাবার সবচেয়ে ভালো। তাই প্রথম দিন ইফতারির জন্য তেমনই একটি শরবত হচ্ছে সাবুদানার শরবত। এটি পান করলে দেহ ও মনের ক্লান্তি কেটে যাবে। আসুন জেনে নিই ইফতারে যেভাবে বানাবেন সাবুদানার শরবত। যা লাগবে: সাবু ও আগার আগার বা জেলি গুঁড়া, চিনি-দুধ-রুহআফজা ও বাদাম। যেভাবে বানাবেন পরিমাণমতো পানি একটি পাত্রে নিয়ে ফোটান। তাতে সাবুদানা দিয়ে দিন এবং মাঝারি আঁচে ১৫ মিনিট ফোটান। সাবু স্বচ্ছ হলে নামিয়ে ছেঁকে নিন। সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি ঢেলে দিন। পানি ঝরিয়ে একপাশে রেখে দিন। এবার জেলি বানানোর জন্য চুলায় এক কাপ পানি বসান। পানি ফুটে এলে যেকোনো ফ্লেভারের একটি প্যাকেট জেলির গুঁড়া বা আগার আগার দিয়ে দিন। এরপর মাঝারি আঁচে তিন মিনিট রাখুন চুলায়। এরপর নামিয়ে হিট প্রুফ বাটিতে ঢেলে দিন। একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন জমার জন্য। ভালোমতো জমে গেলে পছন্দমতো টুকরা করে কেটে নিন। এরপরে এক লিটার দুধে স্বাদমতো চিনি ও চার টেবিল চামচ রুহ আফজা মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। পরিবেশনের আগে বের করে জেলির টুকরা ও বাদামের কুচি মিশিয়ে নিন। ব্যস! হয়ে গেল স্বাস্থ্যকর মজাদার সাবুর শরবত।
সেমিফাইনালের আগে ম্যাথু শর্টকে হারাল অস্ট্রেলিয়া
সেমিফাইনালের আগে ম্যাথু শর্টকে হারাল অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ম্যাথু শর্ট।শুধু সেমিফাইনাল নয়, ফাইনালে উঠলেও খেলার সম্ভাবনা নেই এই অলরাউন্ডারের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন শর্ট। দলকে এনে দিয়েছিলেন ভালো সূচনা। পরে আফগানদের বিপক্ষে বল হাতে অবদান রাখেন তিনি। ৭ ওভারে স্রেফ ২১ রান খরচ করেন তিনি। এই ম্যাচের শেষদিকে পড়েন উরুর চোটে। পরে অধিনায়ক স্টিভ স্মিথ পরিষ্কার করেন শর্টের চোটের কথা। জানান সেমিতে পারবেন না খেলতে। শর্টের বদলে দলে জায়গা হতে পারে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের। কিন্তু তার থেকে বোলিং পাবে না অস্ট্রেলিয়া। এক্ষেত্রে কুপার কনোলি ঢুকতে পারেন একাদশে। দুবাইয়ের উইকেটে স্পিনাররা বেশ ভালো করছেন। সেক্ষেত্রে অ্যাডাম জাম্পার সঙ্গে কনোলি হতে পারে ভালো পছন্দ। আগামী মঙ্গলবার দুবাইয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া।
মেসিবিহীন ম্যাচে সুয়ারেসের ১ গোল ও ৩ অ্যাসিস্ট

মেসিবিহীন ম্যাচে সুয়ারেসের ১ গোল ও ৩ অ্যাসিস্ট লিওনেল মেসিকে আজ বিশ্রামে রেখেছিলেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। এতে অবশ্য সমস্যা হয়নি। লুইস সুয়ারেস একাই সামলে নিয়েছেন দলকে। সতীর্থদের দিয়ে তিন গোল করানোর পর নিজেও পেয়েছেন জালের দেখা। জিতিয়েছেন দলকে।যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) আজ হাউস্টন ডায়নামোর বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে ইন্টার মায়ামি। লিগে এটাই ক্লাবটির প্রথম জয়। আগের ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষে ড্র করেছিল তারা। শেল এনার্জি স্টেডিয়ামে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি মায়ামি। ষষ্ঠ মিনিটে লুইস সুয়ারেসের সহায়তায় প্রথম গোলটি করেন তেলাসকো সেগোভিয়া। ৩৭তম মিনিটে সতীর্থ তাদেও আলেন্দেকে দিয়ে গোল করান সুয়ারেস। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি অ্যাসিস্ট করেন উরুগুইয়ান এই তারকা। প্রথম গোল করা তেলাসকোই করেন গোলটি। বিরতির পর ৭৯ মিনিটে সার্জিও বুস্কেটসের অ্যাসিস্টে গোল করেন সুয়ারেজ নিজে। এতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। ৮৫ মিনিটে হাউস্টনের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন নিকোলাস লোদেইরো।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে থাকছে রিজার্ভ ডে

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে থাকছে রিজার্ভ ডে শেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের খেলা। সেমিফাইনালে কোন চার দল খেলবে সেটিও নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। কিন্তু কে, কার বিরুদ্ধে খেলবে তা জানার জন্য অপেক্ষা করতে হলো গতকাল পর্যন্ত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। এতে নিশ্চিত হয়ে যায় চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের লাইন-আপ।গ্রুপ পর্বে অপরাজিত থাকা ভারত ‘এ’ গ্রুপের শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী, ভারতের সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ৪ মার্চ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে নিউজিল্যান্ড। ৫ মার্চ লাহোরে মুখোমুখি হবে এই দু’দল। ভারত জয় পেলে আগামী ৯ তারিখ ফাইনাল হবে দুবাইয়ে। আর ভারত হারলে অস্ট্রেলিয়া চলে আসবে পাকিস্তানে। ৯ তারিখের ফাইনাল হবে লাহোরে। এবারের চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান পর্বে দুটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। এ ছাড়াও কয়েকটি ম্যাচে হানা দেয় বেরসিক বৃষ্টি। তাই অনেকেরই প্রশ্ন জাগছে, সেমিফাইনালের লড়াইয়ে বৃষ্টি হানা দিলে ম্যাচের ভাগ্য কিভাবে নির্ধারণ হবে? বিশেষ করে একটি সেমিফাইনাল যেহেতু পাকিস্তানেই হচ্ছে।ভক্তদের জন্য স্বস্তির খবর হচ্ছে, সেমিফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে। ৪ মার্চ নির্ধারিত দিনে প্রথম সেমিফাইনাল মাঠে না গড়ালে পরদিন রিজার্ভ ডেতে খেলা হবে। দ্বিতীয় সেমিফাইনালেও রিজার্ভ ডে থাকছে। এ ছাড়া আগামী ০৯ মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচেও একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।
মহাকাশ অভিযানে যাচ্ছেন পপ তারকা কেটি পেরি

মহাকাশ অভিযানে যাচ্ছেন পপ তারকা কেটি পেরি মহাকাশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পপ তারকা কেটি পেরি। ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটের ওই ফ্লাইটে থাকছেন না কোনো পুরুষ ক্রু। ব্লু অরিজিন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ, সিবিএসের উপস্থাপক গেইল কিং, নাসার সাবেক রকেট বিজ্ঞানী আয়েশা বো, অধিকার কর্মী আমান্ডা এনগুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন এই শিল্পীর সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। ব্লু অরিজিন বলছে, ১৯৬৩ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভ্যালেন্তিনা তেরেসকোভার একক মিশনের পর এটিই শুধু নারী নভোচারী নিয়ে প্রথম মহাকাশ ফ্লাইট। উৎক্ষেপণের নির্দিষ্ট তারিখ এখনও ঠিক না হলেও এই বসন্তেই সম্ভবত তারা মহাকাশে যাবেন। কারণ এর মধ্যে ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত একটানা কনসার্ট টুরে থাকবেন পেরি। পেরিকে ফ্লাইটে রাখতে হলে ওই ‘লাইফটাইমস টুর’-এর আগেই এই ট্রিপের আয়োজন করতে হবে। এক বিবৃতিতে পেরি বলেছেন, “আমার সেই ছোটবেলায়, আপনি যদি আমাকে বলতেন যে, আমি মহাকাশে প্রথম শুধু নারী নভোচারী মিশনের অংশ হব, আমি ঠিকই আপনাকে বিশ্বাস করতাম। আমার কল্পনায় অসম্ভব বলে কিছু ছিল না।” এনএস-৩১ মিশনটি নিউ শেপার্ড রকেটের জন্য মানব নভোচারী নিয়ে একাদশ যাত্রা এবং ব্লু অরিজিনের ইতিহাসে ৩১তম মানব মহাকাশযাত্রা হবে। এ পর্যন্ত এই কর্মসূচিতে ৫২ জন আরোহী মহাকাশে গিয়েছেন। ব্লু অরিজিনের নিউ শেপার্ডে করা ট্রিপ সাধারণত প্রায় ১১ মিনিট স্থায়ী হয়। কোনো পাইলট ছাড়া স্বচালিত এ যান তার যাত্রীদের কারমান লাইন পেরিয়ে নিয়ে যায়। এই কারমান লাইনের পর থেকেই মহাকাশের শুরু বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ২০২৩ সালে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সানচেজ প্রথম ব্লু অরিজিন রকেটে নারী ক্রু নিয়ে মহাকাশে যাওয়ার পরিকল্পনা প্রকাশ করেন। সেলিব্রিটিদের মহাকাশে নেওয়ার এখন পর্যন্ত এটি সর্বশেষ উদ্যোগ। বেজোস নিজেই ২০২১ সালে প্রতিষ্ঠানটির প্রথম মানববাহী মিশনে গিয়েছিলেন। গুড মর্নিং আমেরিকার সহ-উপস্থাপক মাইকেল স্ট্রাহান এবং স্টার ট্রেক অভিনেতা উইলিয়াম শ্যাটনারও বেজোসের একটি রকেটে মহাকাশে গিয়েছেন। তারও আগে ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন ২০২১ সালের জুলাই মাসে তার কোম্পানির ভিএসএস ইউনিটিতে মহাকাশে গিয়েছেন। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক অবশ্য এখনও সফর করেননি।
এ বছর অস্কারে বাজিমাত করলেন যারা

এ বছর অস্কারে বাজিমাত করলেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের কারণে স্থগিত করা হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৭তম অস্কার ঘোষণা শুরু হয়। ২৩টি বিভাগে প্রদান করা হয়েছে অস্কার পুরস্কার। মনোনয়নের তালিকায় ‘এমিলিয়া পেরেজ’, ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’ সিনেমার জয়জয়কার ছিল। ‘এমিলিয়া পেরেজ’ ১৩টি শাখায় আর বাকি দুটি সিনেমা ১০টি করে মনোনয়ন পায়। তবে জয়ের দৌড়ে ‘আনোরা’ সবাইকে টপকে গেছে। চলুন জেনে নিই উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের অস্কার পুরস্কার— সেরা সিনেমা: আনোরা সেরা পরিচালক: বেকার (আনোরা) সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট) সেরা পার্শ্ব-অভিনেতা: কিরান কালকিন (আ রিয়েল পেইন) সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসনের (আনোরা) সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালডানা (এমিলিয়া পেরেজ) সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): কনক্লেভ সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই অ্যাম স্টিল হেয়ার সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো (লাটভিয়া) সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ) সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: নো আদার ল্যান্ড সেরা সিনেমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট সেরা সম্পাদনা: আনোরা সেরা কস্টিউম ডিজাইন: উইকেড সেরা প্রোডাকশন ডিজাইন: উইকেড সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: ডিউন: পার্ট টু