নতুন দলের নিবন্ধন দিতে ইসির গণবিজ্ঞপ্তি জারি

নতুন দলের নিবন্ধন দিতে ইসির গণবিজ্ঞপ্তি জারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণবিজ্ঞপ্তি জারির বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, নিবন্ধন নেওয়ার জন্য আবেদন করা যাবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। আগের আইন অনুযায়ীই নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন করা যাবে। গণবিজ্ঞপ্তিতে ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ক এর অধীন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে ইচ্ছুক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এ উল্লিখিত শর্তাবলি পূরণে সক্ষম রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশন প্রদত্ত নির্দেশিকা মোতাবেক বিধিমালায় সংযোজিত ফরম-১ পূরণপূর্বক আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে। (২) নিবন্ধীকরণে আগ্রহী রাজনৈতিক দলকে স্বীয় লেটারহেড প্যাডে দরখাস্ত করতে হবে এবং দরখাস্তের সাথে নিম্নলিখিত আবশ্যকীয় দলিলাদি সংযুক্ত করতে হবে। (ক) দলের গঠনতন্ত্র (খ) দলের নির্বাচনী ইশতেহার, যদি থাকে (গ) দলের বিধিমালা, যদি থাকে (ঘ) দলের লোগো এবং পতাকার ছবি (৩) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা সমমানের কমিটির সব সদস্যের পদবীসহ নামের তালিকা। (চ) দলের নামে রক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম এবং উক্ত অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতি (ছ) দলের তহবিলের উৎসের বিবরণ (জ) দলের নিবন্ধনের দরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুকূলে প্রদত্ত ক্ষমতাপত্র (ঝ) নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য পাঁচ হাজার টাকা সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের বরাবরে জমাকৃত ট্রেজারি চালানের কপি (ট্রেজারিতে টাকা জমাদানের কোড নম্বর-১০৬০১০১১০০১২৫-১১০০০০০০০-১১০০১০০০-১৪২২২০৪) (ঞ) দরখাস্ত দাখিলে দিন পর্যন্ত (অ) বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যেকোনো একটিতে দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন লাভের সমর্থনে প্রামাণিক দলিল; অথবা (আ) বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যেকোনো একটিতে দরখাস্তকারী দল কর্তৃক নির্বাচনে অংশগ্রহণ করা নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোট সংখ্যার শতকরা পাঁচ ভাগ ভোট লাভের সমর্থনে কমিশন বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র; অথবা (ই) দলের কেন্দ্রীয় কমিটিসহ, তা যে নামেই অভিহিত হোন না কেন, একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর, অন্যূন এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তর এবং অন্যূন একশটি উপজেলা বা, ক্ষেত্রমত, মেট্রোপলিটন থানায় কার্যকর দপ্তর এবং উক্তরূপ প্রতি উপজেলায় বা, ক্ষেত্রমত, খানায় অন্যূন দুইশ ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত থাকার সমর্থনে প্রামাণিক দলিল। কোনো রাজনৈতিক দলকে নিবন্ধিত করার সিদ্ধান্ত গ্রহণের পর উক্ত দলের অনুকূলে কমিশন ফরম-৩-এ একটি নিবন্ধন সার্টিফিকেট প্রদান করবে এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নাম সরকারি গেজেটে প্রকাশ করবে।
পাচার করা টাকা ফেরাতে দ্রুত বিশেষ আইন করা হবে : প্রেস সচিব

পাচার করা টাকা ফেরাতে দ্রুত বিশেষ আইন করা হবে : প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পাচার করা টাকা কীভাবে আনা যায় সেটা ত্বরান্বিত করার জন্য একটা বিশেষ আইন খুব শিগগিরই করা হবে। আগামী সপ্তাহের মধ্যে আপনারা এই আইনটা দেখবেন। আজ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, পাচার করা টাকা উদ্ধারের জন্য প্রথম থেকেই অন্তর্বর্তী সরকার তৎপর ছিল। প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে, এটা বাংলাদেশের মানুষের টাকা। আমাদের টপ প্রায়োরিটির ভেতরে এটা থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের ফোকাস ছিল, পাচার করা টাকা কীভাবে আনা যায়। সেজন্য গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। তার নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর।শফিকুল আলম বলেন, টাকাটা ফেরত আনার প্রচেষ্টা কতদূর এগোল, সেটার ওপর আজ একটা বড় মিটিং হয়। মিটিংয়ের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা। সেই মিটিংয়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, প্রচুর ল ফার্মের সঙ্গে সরকার ও টাস্কফোর্স কথা বলছে। ল ফার্মের সঙ্গে অ্যাগ্রিমেন্ট করতে এ আইনটা সাহায্য করবে। ২০০টা ল ফার্মের সঙ্গে আমরা অলরেডি কথা বলেছি। তবে এখনো সিলেকশন হয়নি। একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে। ৩০টার মতো ল ফার্মের সঙ্গে অ্যাগ্রিমেন্টে যাব। সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, এগুলো বাংলাদেশের টাকা, যত দ্রুত সম্ভব টাকা ফেরত আনা যায়। এটার বিষয়ে প্রতি মাসে হাই পাওয়ার মিটিং হবে। ঈদের পর আরেকটা মিটিং তিনি ডেকেছেন। এখন থেকে এ বিষয়ে প্রতি মাসে মিটিং করা হবে, বলেন প্রেস সচিব। শফিকুল আলম বলেন, যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে। সেটা কতটুকু হয়েছে? আমরা যতটুকু জেনেছি, এটা আরও ডিটেইলসে জানার জন্য প্রধান উপদেষ্টা বলেছেন। বৈঠকে এনবিআর চেয়ারম্যানের জানিয়েছেন, অনেক ছেলে-মেয়ে বিদেশে পড়তে যায়। একটা কেসে দেখা গেছে, ছেলের টিউশন ফি হিসেবে ৪০০-৫০০ কোটি টাকা পাঠানো হয়েছে। মানি লন্ডারিংটা কীভাবে হয়েছে দেখেন। বিফ্রিংয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে সিপিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে সিপিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জেও পালিত হয়েছে। আজ বেলা ১১টায় সিপিবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কমরেড ইসরাইল সেন্টু। এতে বক্তব্য দেন— জেলা কমিটির সদস্য ও কেন্দ্রীয় সংগঠক কমরেড অ্যাডভোকেট আবু হাসিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড কামাল উদ্দিন। বক্তারা পার্টির ৭৭ বছরের দেশের ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ ও ভূমিকার বর্ণনা করেন। এছাড়াও কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের ইতিহাস, দরিদ্র জনগোষ্ঠীর ভাতের আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারাদেশে রেশনিং ব্যবস্থা চালু করাসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, তেল গ্যাস খনিজসম্পদ রক্ষা জাতীয় কমিটির ব্যানারে দেশের জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনের ইতিহাস তুল ধরেন বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মানববন্ধন উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বারবার অবহেলার প্রতিবাদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে আজ বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের শুরু থেকেই দেখা যাচ্ছে, দেশের উত্তরবঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে। এই অঞ্চল থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা নিয়োগ দেয়া হয়নি। অথচ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরবঙ্গের অবদান ছিল গুরুত্বপূর্ণ। এমনকি শত শত মানুষ আন্দোলনে গিয়ে হতাহতের ঘটনা ও প্রাণহানি হয়েছে। এরপরও উপদেষ্টা নিয়োগে উত্তরবঙ্গের প্রতি বৈষম্য করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মাহিন খানসহ অন্যরা।
বাংলাদেশ ঋণগ্রস্ত জাতি হয়ে যাচ্ছে: এনবিআর চেয়ারম্যান

বাংলাদেশ ঋণগ্রস্ত জাতি হয়ে যাচ্ছে: এনবিআর চেয়ারম্যান দেশে ভ্যাট ট্যাক্স আদায় কম বলে বাংলাদেশ ঋণগ্রস্ত জাতি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, ‘‘বহির্বিশ্বের চেয়ে বাংলাদেশের ভ্যাট-ট্যাক্স আদায় কম। তাই বাংলাদেশ ঋণগ্রস্ত জাতি হয়ে যাচ্ছে। বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা বাড়ছেই।’’ তিনি আরো বলেন, ‘‘দেশের উন্নয়নে রাজস্ব বাড়ানোর বিকল্প নেই। আর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে ট্যাক্স দিতে হবে।’’ আজ দুপুরে বরিশাল ক্লাবের কনফারেন্স কক্ষে ২০২৫-২৬ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল চেম্বার অব কমার্সের আয়োজনে এ সভা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘‘দেশে ট্যাক্স আদায়ের পরিমাণ অনেক কম। উন্নত বিশ্বের ইউরোপ ৪৫ শতাংশ, আমেরিকা ৩৫ শতাংশ, জাপান ২৪ শতাংশ ট্যাক্স আদায় করলেও বাংলাদেশের ৭ শতাংশের এর সামান্য বেশি আদায় হচ্ছে। এ কারণে আমাদের ঋণ করতে হয়। বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণে অর্থ প্রয়োজন, তাই রাজস্ব আয় বাড়াতে হবে।’’ এনবিআর চেয়ারম্যান সেবাগ্রহিতাদের উদ্দেশে বলেন, ‘‘অনলাইনে রিটার্ন জমা দেয়াকে আরো সহজ করা হচ্ছে। আয়কর বিভাগের কোনো কর্মকর্তা, কর্মচারী যদি দুর্নীতির আশ্রয় নেয় কিংবা কেউ হয়রানি হলে অনলাইনে অভিযোগ করবেন।’’ তিনি বলেন, একেকজনে একেক রকম নয়, সবাইকে নিয়ে একই প্রক্রিয়ায় ভ্যাট আইন সিস্টেমকে পুনর্গঠন করতে চায় এনবিআর। সভায় সভাপতিত্ব করেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চান। এ সময় এনবিআর মেম্বার বদিউল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বরিশাল বিভাগের ৬ জেলার ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা ট্যাক্স, ভ্যাট প্রদানে হয়রানি বন্ধ ও নানা দাবি তুলে ধরেন।
গোমস্তাপুরে ডেভিল হান্টে আটক ১

গোমস্তাপুরে ডেভিল হান্টে আটক ১ গোমস্তাপুরে কাওসার আহমেদ সাগর নামে ১ জনকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ওসি রইসউদ্দিন জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। সেগুলোতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
বিশেষ নিরাপত্তা নির্দেশিকা স্থগিত, বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বিশেষ নিরাপত্তা নির্দেশিকা স্থগিত, বৈধতা নিয়ে হাইকোর্টের রুল গুরুত্বপূর্ণ বা বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা বিষয়ক প্রতিরক্ষা নির্দেশিকা-২০২৫, ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই নির্দেশিকা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আজ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। নির্দেশিকার বিষয়টি আইনজীবী শিশির মনির হাইকোর্টের নজরে আনেন। এ বিষয়ে ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ মার্চ সশরীরে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত ২ মার্চ জারি করা নিরাপত্তা প্রদান বিষয়ক প্রতিরক্ষা নির্দেশিকায় দেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের পদমর্যাদাক্রমের ব্যত্যয় ঘটানো হয়েছে এবং বিষয়টি অত্যন্ত অবমাননাকর বলে হাইকোর্টে উল্লেখ করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রমের (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) সঙ্গে নির্দেশিকাটির ক্রম সাংঘর্ষিক উল্লেখ আজ এ বিষয়ে হাইকোর্টের আদেশ প্রার্থনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এক পর্যায়ে আদালত এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র মনজিল মোরশেদ ও আইনজীবী শামসুদ্দিন বাবুর বক্তব্য শোনেন। এরপর হাইকোর্ট বেঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তার স্বাক্ষরিত ওই নির্দেশিকার বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ১৮ মার্চ হাইকোর্টের তলব করেন। সেই সঙ্গে নির্দেশিকাটির কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করে রুল গত ২ মার্চ জারি করা নিরাপত্তা প্রদানবিষয়ক প্ররক্ষা নির্দেশিকাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
ঢাকায় এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ঢাকায় এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি ৪ দিন বাংলাদেশে থাকবেন। আগামী ১৩ মার্চ আসছেন তিনি। জাতিসংঘের মহাসচিবের এই সফরের শিরোনাম ‘রামাদান সলিডারিটি ভিজিট’। সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি। পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর মিসর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি। এবারের রোজার শুরুতেই বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এক ভিডিওবার্তায় অ্যান্তোনিও গুতেরেস বলেন, বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন। এ উপলক্ষে তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা। রমজান হলো পরিবার ও সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ। গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারমূলক বিষয়ে প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান তার হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন। সফরের আনুষ্ঠানিকতা ও কর্মসূচির বিস্তারিত পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি হবে গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে ২০২৩ সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন তিনি।
চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন। আগামী ২৭ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশে রওয়ানা দেবেন তিনি। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ ড. ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে। চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ মার্চ বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়। এর আগে ২০ থেকে ২৪ জানুয়ারিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেই সফরের ধারাবাহিকতায় এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনে যাচ্ছেন।
এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার-২০২৫ পাচ্ছেন আট বিশিষ্ট ব্যক্তি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হচ্ছে। আজ সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানায়। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে বলে সূত্রটি জানায়। ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান ও আবরার ফাহাদ। আবরার ফাহাদ যে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন, তা কয়েকদিন আগেই জানা যায়। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানিয়েছিলেন। আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে তিনি নিহত হন।