আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী অক্টোবরে এই সিরিজ মাঠে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে দুই বোর্ড। মূলত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ আয়োজন করবে বিসিবি। এক প্রতিবেদনে বিষয়টি জানায় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে এ বিষয়ে বিস্তারিত জানায়। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরো আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি। ’ সিরিজটি অক্টোবরে হতে পারে জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি। ’আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে গত বছরের নভেম্বরে। সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি আয়োজিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে। এছাড়া গত জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা ছিল দলটির। তবে ওয়ার্কলোডের কারণে বিসিবি সেটি স্থগিত করেছে। এবার অবশ্য আত্মবিশ্বাসী দুই বোর্ড। বিস্তারিত জানা যাবে অফিসিয়াল ঘোষণা আসলেই।
লম্বা সময় পর ফ্রান্স দলে এমবাপ্পে

লম্বা সময় পর ফ্রান্স দলে এমবাপ্পে কিলিয়ান এমবাপ্পের জাতীয় দলে না থাকা নিয়ে কম জলঘোলা হয়নি এর আগে। এমনকি কোচ দিদিয়ের দেশমকেও নিয়ে হয়েছিল সমালোচনা।সব কিছু কাটিয়ে লম্বা সয় পর জাতীয় দলে ফিরেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে ফিরবেন তিনি। নেতৃত্বের ভারও থাকবে তার কাঁধে। দল ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছেন দেশম। সবশেষ বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচে স্রেফ ২৩ মিনিট খেলেন। পরে লম্বা সময় ধরে থাকেন জাতীয় দলের বাইরে।ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার অঁরিলিয়ে চুয়ামেনি। এছাড়া ডাক পেয়েছেন পিএসজির হয়ে উড়ন্ত ফর্মে থাকা উসমান দেম্বেলে। জায়গা পেয়েছন তরুণ ফরোয়ার্ড দিসায়ার দুয়েও। ক্রোয়েশিয়ার স্পিট স্টেডিয়ামে ২১ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ফ্রান্স। দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। একনজরে ফ্রান্স স্কোয়াড: গোলরক্ষক: মাইক মাইগনান, লুকাস শেভালিয়ার, ব্রাইস সাম্বা ডিফেন্ডার: জোনাথন ক্লস, জুল কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো, বেঞ্জামিন পাভার্দ, থিও হার্নান্দেস, লুকাস দিগনে মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, অঁরিলিয়ে চুয়ামেনি, মাতেও গুয়েন্দুজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিওত, ওয়ারেন জাইরে-এমেরি ফরোয়ার্ড: দিসায়ার দুয়ে, ব্রাদলি বারকোলা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, কোলো মুয়ানি, মাইকেল ওলিসে, মার্কাস থুরাম।
যুদ্ধবিরতির শর্ত দিলেন পুতিন, জেলেনস্কি বললেন চালাকি

যুদ্ধবিরতির শর্ত দিলেন পুতিন, জেলেনস্কি বললেন চালাকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউক্রেনে যুদ্ধবিরতির ধারণার সঙ্গে একমত। তবে এই যুদ্ধবিরতির ধরন নিয়ে ‘প্রশ্ন’ রয়ে গেছে।একইসঙ্গে তিনি বেশ কিছু কঠোর শর্তও দিয়েছেন। খবর বিবিসির।সৌদি আরবের জেদ্দায় হওয়া বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন। বিষয়টি নিয়ে নিয়ে মুখ খুললেন পুতিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতি নিয়ে পুতিনের প্রতিক্রিয়া জানানোর বিষয়টিকে ‘চালাকি’ বলে ব্যাখ্যা করেন। এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল, গ্যাস ও ব্যাংকিং খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, যুদ্ধবিরতির ধারণাটি সঠিক—এবং আমরা এটি সমর্থন করি—তবে কিছু প্রশ্ন রয়েছে, যা আমাদের আলোচনা করতে হবে। পুতিন বলেন, যুদ্ধবিরতি এমন হতে হবে যা ‘টেকসই শান্তি প্রতিষ্ঠা করবে এবং এই সংকটের মূল কারণগুলো দূর করবে। ’তিনি বলেন, ‘আমাদের আমেরিকান সহকর্মী ও অংশীদারদের সঙ্গে আলোচনায় বসতে হবে। হয়তো আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলব। ’পুতিন আরও বলেন, ‘ইউক্রেনের জন্য ৩০ দিনের যুদ্ধবিরতিতে পৌঁছানো ভালো হবে। ’ ‘আমরা এর পক্ষে, তবে কিছু সূক্ষ্ম বিষয় রয়েছে। ’রুশ কর্মকর্তারা জানিয়েছিলেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় পুতিনের বৈঠকের কথা ছিল। এদিনই উইটকফ সেদিনই মস্কো পৌঁছান।বৈঠকটি আসলে অনুষ্ঠিত হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। শুক্রবার, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এয়ার ট্রাফিক পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডারের উদ্ধৃতি দিয়ে জানায়, যে উড়োজাহাজে স্টিভ উইটকফের ফেরার কথা, তা মস্কো ছেড়ে গিয়েছে। তবে মস্কো ও ওয়াশিংটন এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে: প্রধান উপদেষ্টা

সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে: প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ছোট পরিসরে সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে বৃহত্তর পরিসরে হলে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সাক্ষাতে এলে আলোচনাকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি আশা প্রকাশ করেন, সংস্কারগুলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তর ঘটাবে। বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনার আসার সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার এ সফর শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, বাংলাদেশের জন্যও সময়োপযোগী। প্রধান উপদেষ্টা গুতেরেসকে সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে প্রায় ১০টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, একবার রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের সুপারিশগুলোর বিষয়ে একমত হলে তারা জুলাই চার্টারে (জুলাই সনদ) সই করবে, যা রাজনৈতিক, বিচারিক, নির্বাচন, প্রশাসনিক, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার বাস্তবায়নের একটি নীলনকশা হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ছোট পরিসরে সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে বৃহত্তর পরিসরে সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এর আগে সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। ওই বৈঠকেও তিনি বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১৪ মার্চ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭০৬ জন। এর মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী।গত ২৪ ঘণ্টায় ১০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট এক হাজার ৬০৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১৩ জন মারা গেছেন।২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন। ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন।২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
বাংলাদেশের কাঁধে আছিয়ার শেষযাত্রা

বাংলাদেশের কাঁধে আছিয়ার শেষযাত্রা “আছিয়া রে! ও আমার বোনরে! তুই কেন চলে গেলি!” বিপাল করে এমন সব কথা বলছে আছিয়ার ছোট্ট বোন; আহাজারি করছে স্বজনরা। কাঁদছে প্রতিবেশীরাও। চোখের জল ধরে রাখতে পারছে না কেউ। দেশের বিভিন্ন প্রান্তের শোকাহত মানুষ জড়ো হয়েছে মাগুরায়। তারা আছিয়ার শেষযাত্রায় সমবেত হয়েছে। তাদের সম্মিলিত কাঁধে চড়ে বাংলাদেশের হৃদয় ছিড়ে কফিনবন্দি হয়ে চিরবিদায় নিয়েছে আছিয়া। সবুজ বাংলার লাল হৃদয়ে আরেকটি রক্তাক্ত দাগ এঁকে দিয়ে চলে গেছে মেয়েটি। আছিয়ার দাফন হয়েছে। আজ সন্ধ্যায় সেনাবাহিনীর হেলিকপ্টারে আছিয়ার মরদেহ মাগুরার স্টেডিয়ামে পৌঁছানোর আগেই সেখানে হাজারো মানুষ জড়ো হয়। আছিয়ার কফিন হেলিকপ্টার থেকে নামানোর পর কফিন নিয়ে যাত্রা শুরু হয়। মাগুরার নোমানী ময়দানে জানাজা শেষে তার লাশ নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। মাগুরার নিভৃত গ্রামের ছোট্ট আছিয়া আজ পুরো বাংলাদেশের হৃদয়ে ব্যথা জাগিয়ে তুলেছে। এমন বিদায় যেন আর আর না হয়, কাউকে এমন বিদায় না দিতে হয়; সেই প্রত্যয়ও শোনা গেছে রাজপথে, সরকারে ও জনমনের ভেতরে-বাহিরে। আজ দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে হার মেনেছে ছোট্ট আছিয়া। সে হার মানলেও তার বাকি লড়াই রেখে গেছে বাংলাদেশের জন্য, বাকি মেয়ে জগত ও নারী সমাজের জন্য; ভবিষ্যৎ বাংলাদেশর জন্য। সন্ধ্যার দিকে মাগুরায় পৌঁছায় শিশু আছিয়ার মরদেহ। ইফতারের আগে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশ মাগুরায় নেওয়া হয়। এরপর সন্ধ্যা ৭টায় মাগুরার নোমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় ঢল নামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া শোকাহত মানুষের।জানাজার পর আছিয়ার লাশের খাটিয়া ঘাড়ে করে নিয়ে যান জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সাথে ছিলেন নেতাকর্মীরা। এরআগে শিশুটির জানাজায় অংশ নিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বিকালে মাগুরা পৌঁছান। র্যাব-পুলিশের একটি হেলিকপ্টারযোগে তারা বিকাল ৫টার দিকে মাগুরা স্টেডিয়ামে অবতরণ করেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর গত শুক্রবার (৭ মার্চ) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রবিবার (৯ মার্চ) শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রধান উপদেষ্টা নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লূৎফল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লূৎফল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা লূৎফল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ ভোররাত তিনটার দিকে শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট দুখুর মোড় এলাকায় তাঁর বর্তমান বাসস্থানে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,২ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। দুপুর আড়াইটায় দুখুর মোড় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজা নামাজের পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজাহার আলী, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
চাঁপাইনবাবগঞ্জ সদরে ১২৫ খামারিকে দেয়া হলো উপকরণ

চাঁপাইনবাবগঞ্জ সদরে ১২৫ খামারিকে দেয়া হলো উপকরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিফ ফ্যাটেনিং ও মহিষ উৎপাদনকারী ৪টি প্রডিউসর দলের ১২৫ জন খামারির মধ্যে বিভিন্ন উকরণ বিতরণ করা হয়েছে। আজ প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উপকরণগুলো বিতরণ করে। উপকরণের মধ্যে প্রত্যেক খামারিকে গোবর তোলার জন্য ১টি করে আয়রন বেলচা, ১টি করে ট্রলি, ১টি করে পানির পাম্প মটর, দুধের ঘনত্ব পরিমাপের জন্য ১টি করে ল্যাকটো মিটার, ২টি করে কম্ফোর্ট প্লাস্টিক ম্যাট দেয়া হয়। গোয়ালঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি প্রাণি লালন-পালনের জন্য এসব উপকরণ বিতরণ করা হলো বলে জানানো হয়। দুপুরে জেলা শহরের হুজরাপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এইসব উপকরণ বিতরণ করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা। এসময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইয়ামিন আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন। ডা. মো. গোলাম মোস্তফা খামারিদের বলেন- আপনারা ভাগ্যবান। আপনাদের গবাদি প্রাণিগুলো স্বাস্থ্যসম্মতভাবে লালন-পালনের জন্য এই উপকরণ পেলেন। এগুলো সঠিকভাবে কাজে লাগাবেন, নষ্ট করবেন না। আপনারা এখন থেকে দুধের ঘনত্ব পরিমাপ করতে পারবেন এবং দুধের ঘনত্ব অনুযায়ী দাম পাবেন। কোম্পানিগলো এখন থেকে আর ঠকাতে পারবে না।
শিবগঞ্জে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

শিবগঞ্জে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শিবগঞ্জে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা নির্বাচন অফিস। আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে উপজেলা নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদ বলেন, ভোটার তালিকার ডাটাবেজ হতে জাতীয় পরিচয়পত্রের উৎপত্তি। গত ১৭ বছর ধরে নির্বাচন কমিশন ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে আসছে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছে সন্তানের মত। এটা আমাদের নিজস্ব সম্পদ। কিন্তু সম্প্রতি একটি চক্র জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমকে আলাদা একটি কমিশন গঠন করে সেখানে হস্তান্তরের পায়তারা করছে। এর প্রতিবাদে ও আমাদের সন্তানতুল্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আমরা কর্মবিরতি কর্মসূচি পালন করছি। আমরা আশা করছি সরকার আমাদের দাবির সাথে একমত থাকবে। পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন শেষে দুপুর ১টার পরে আবার অফিসের কার্যক্রম শুরু হয়। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সামিউল আলম, ডাটা এন্ট্রি অপারেটর আরিফুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহীম জাকি, গোলাম আযম ও স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইন্টেন্যান্স অপারেটর মেহেদী হাসানসহ অন্যরা।
এনআইডি সেবা ইসির কাছে রাখার দাবিতে মানববন্ধন

এনআইডি সেবা ইসির কাছে রাখার দাবিতে মানববন্ধন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিষেবা নির্বাচন কমিশন (ইিস)’র অধীনে রাখার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন- জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল্লাহ খালেদ সাইফুনসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন পরিবারের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মানববন্ধনে জানানো হয়, শুরু থেকেই এনআইডি সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন (ইসি)। বিগত আওয়ামী লীগ সরকার এ সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নিতে আইন সংশোধন করেছিল। তবে তা কার্যকর হয়নি। বর্তমানে অন্তর্বর্তী সরকার জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে স্বতন্ত্র একটি কমিশন করার উদ্যোগ নিয়েছেন। এমন পরিস্থিতিতে এনআইডি সেবা নিজেদের হাতে রাখতে কর্মসূচি পালন করছেন ইসির কর্মকর্তারা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও অনুরূপ কর্মসূচি পালন করেছেন নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আজ দুপুর ১২টার দিকে উপজেলা চত্বরে নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ। উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদ বলেন, ভোটার তালিকার ডাটাবেজ হতে জাতীয় পরিচয়পত্রের উৎপত্তি। ১৭ বছর ধরে নির্বাচন কমিশন ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে আসছে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছে সন্তানের মতো। এটা আমাদের নিজস্ব সম্পদ। কিন্তু সম্প্রতি একটি চক্র জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমকে আলাদা একটি কমিশন গঠন করে সেখানে হস্তান্তরের পাঁয়তারা করছে। এর প্রতিবাদে ও আমাদের সন্তানতুল্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আমরা কর্মবিরতি কর্মসূচি পালন করছি। আমরা আশা করছি, সরকার আমাদের দাবির সাথে একমত থাকবে।