গোয়েন্দা পুলিশের মিথ্যা পরিচয়ে ছিনতাই, জনতার হাতে আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

গোয়েন্দা পুলিশের মিথ্যা পরিচয়ে ছিনতাই, জনতার হাতে আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যের মিথ্যা পরিচয় দিয়ে এক ব্যাক্তির নিকট থেকে ২৭ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যাবার সময় জনতার ধাওয়ায় আটক হয়েছে মশিউর রহমান নামে এক ব্যাক্তি। তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ছিনতাই মামলা করেছে ভূক্তভোগী ব্যাক্তি। মশিউর চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ ইসলামপুর মহল্লার খাইরুল বাশারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে ঝিলিম ইউনিয়নের দালালপাড়া বাথান এলাকায় নাচোল থানার জমিন কবিন গ্রামের চিত্ত রায়ের ছেলে আদিত্য রায়ের নিকট থেকে ডিবি পুলিশ সদস্যের মিথ্যা পরিচয়ে ২৭ হাজার টাকা কেড়ে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে মশিউর। কিন্তু জনতা তার পিছে ছুটে তাকে আটক করে। উদ্ধার হয় টাকা। গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সদর থানার ওসি মতিউর রহমান বলেন, ওই ব্যাক্তিকে দুপুর আড়াইটার দিকে থানায় আনা হয়। বিকালে তার বিরুদ্ধে ছিনতাই মামলা করেছেন আদিত্য রায়। ওসি আরও বলেন, গ্রেপ্তার মশিউর দাগি অপরাধি। ডিবি’র সদস্য পরিচয়ে মাদক আছে বলে মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নেয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে অনেক দিন থেকে আটকের চেষ্টা চলছিন বলেও জানান ওসি।
ফিলিস্তিনে গণ*হ*ত্যা ও গাজায় হা*মলার প্রতিবাদে কানসাটে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণ*হ*ত্যা ও গাজায় হা*মলার প্রতিবাদে কানসাটে বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে নৃ*শংস গণ*হত্যা ও গাজায় বর্বরোচিত হাম*লার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ‘সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান’র ব্যানারে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড় বলাকা মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কানসাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন- আসাদ আলী, হাফেজ শামিম হোসাইন, আল বাশরী সোহান, রজব আলী ও ইসমাইল হোসেন। সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনে নৃশংসভাবে গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে মুসলমানদের গণহত্যা করছে ইসরাইল। আমরা এই গণহত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সারাদেশের সকল ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলকে আহ্বান জানাচ্ছি ইসরাইলের সকল পণ্যসামগ্রী বর্জন করুন। আমরাও আজ থেকে ইসরাইলের সকল পণ্যসামগ্রীই বর্জন করছি। এছাড়া, জাতিসংঘকে হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, যত দ্রুত সম্ভব আপনারা ফিলিস্তিন ও গাজায় মুসলমানদের ওপর হামলা ও গণহত্যা বন্ধ করুন। নয়তো এর ফল ভালো হবে না। যতক্ষণ মুসলমানদের প্রতি নির্যাতন-নিপীড়ন বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করতে থাকব। তাতেও যদি হামলা ও বর্বরোচিত গণহত্যা জাতিসংঘ বন্ধ না করে, তাহলে আমরা সারা মুসলিম জাহানের ধর্মপ্রাণ মুসলমান যুদ্ধ ঘোষণা করব ইনশাআল্লাহ।
শিবগঞ্জে ঈদ উপহার পেল দেড় শতাধিক দুস্থ পরিবার

শিবগঞ্জে ঈদ উপহার পেল দেড় শতাধিক দুস্থ পরিবার ‘ঈদের হাসি হোক সবার’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মধ্যে ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সমকাল সুহৃদ। আজ সকালে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকনের সভাপতিত্বে ঈদ উপহার প্রদানের আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ শিবগঞ্জ ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, এটি একটি প্রশসংনীয় উদ্যোগ। প্রতিবছর এমন আয়োজন হলে সমাজের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন পরিবারের সদস্যরা কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবে। আগামীতে যেন এমন উদ্যোগ অব্যাহত রাখে, আমি সেই প্রত্যাশা করি। এদিকে ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মাহিমা খাতুনকে লেখাপড়ার জন্য এককালীন দশ হাজার টাকা প্রদান করা হয়। একই সঙ্গে তার পিতা অসুস্থ হওয়ায় লেখাপড়া বন্ধের উপক্রম হয়ে যাওয়ায় দাখিল পরীক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নেয় সুহৃদ সমাবেশের শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েল। এছাড়া একই মাদ্রাসার ফাজিল পরীক্ষার্থীকে দেড় হাজার টাকা দেয়া হয়। অন্যদিকে কালুপুর গ্রামের তিন মেয়ের জননী বিধবা নারী জাহানারা বলেন, “এই ঈদে এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নেয়নি। সাত রকমের ঈদ সামগ্রী পাওয়ায় ঈদের দিন রান্না করে খাবার খেয়ে আনন্দে কাটাতে পারব।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ, উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেন এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আলমগীর জুয়েল ও সাইফুল ইসলাম, সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, দপ্তর সম্পাদক এসএম মহিউদ্দিন, প্রচার সম্পাদক রায়হান আলী, সদস্য ইসরাইল হোসেন ও সদস্য আতিক ইসলাম সিকো। শেষে অসহায়, রিকশাচালক ও ছিন্নমূল মানুষসহ দুস্থদের তালিকা তৈরি করে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
গোমস্তাপুরে কৃষি প্রণোদনার মুগ ডালের বীজ বিতরণ

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার মুগ ডালের বীজ বিতরণ গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিকদের মাঝে বিনামূল্যে মুগ ডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রইসউদ্দীন,রাকীব উদ্দীন, গানিউল ইসলাম, ইব্রাহিম খলিল, আব্দুল আওয়াল, মোমিনুল ইসলাম,শেখ আল ফুয়াদসহ উপকারভোগী কৃষকরা। উল্লখ্য, ২০২৪-২৫ অর্থ বছরের খরিফ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ১১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি করে মুগ বীজসহ ১৫ কেজি রাসায়নিক সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।
ইফতারে তরমুজের পুডিং তৈরির রেসিপি

ইফতারে তরমুজের পুডিং তৈরির রেসিপি ইফতারে ঠান্ডা কিছু না হলে কি চলে? সারাদিন রোজা থাকার পর মন ও পেট দুটোই জুড়াতে বেছে নিতে পারেন তরমুজের পুডিং। ভাবছেন, তরমুজের পুডিং কী করে তৈরি করবেন? এটি একদমই কঠিন নয়, বরং বেশ সহজ। বাজারে তরমুজ পাওয়া যাচ্ছে। তার সঙ্গে দুই-তিনটি উপকরণ মিশিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন তরমুজের পুডিং। চলুন জেনে নেওয়া যাক তরমুজের পুডিং তৈরির রেসিপি- তৈরি করতে যা লাগবে তরমুজের রস- ৪ কাপ চিনি-স্বাদ মতো কর্ন ফ্লাওয়ার- আধা কাপ পানি- পরিমাণ মতো। যেভাবে তৈরি করেবন তরমুজ খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। এবার তরমুজের বীজ ছাড়িয়ে নিন। তরমুজের টুকরাগুলো ব্লেন্ডারে দিয়ে রস বের করে নিন। এবার তরমুজের চুলায় মাঝারি আঁচে বসিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন। ফুটে উঠলে স্বাদ মতো চিনি দিন। এরপর অল্প পানি দিয়ে কর্ন ফ্লাওয়ার গুলিয়ে নিয়ে তরমুজের রসে অল্প অল্প করে মিশিয়ে দিন। এ সময় চুলার আঁচ কমিয়ে নিন। নাড়তে থাকুন। এভাবে ঘন ও আঠালো হয়ে গেলে নামিয়ে নিন। পছন্দসই পাত্রে বাটার ব্রাশ করে তরমুজের মিশ্রণ ঢেলে দিন। কিছুক্ষণ পর নরমাল ফ্রিজে রাখুন। এভাবে অন্তত কয়েক ঘণ্টা রেখে দিতে হবে। এরপর বের করে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং।
আদালতের আদেশ উপেক্ষা করে ২০০ ভেনেজুয়েলানকে নির্বাসন দিল ট্রাম্প প্রশাসন

আদালতের আদেশ উপেক্ষা করে ২০০ ভেনেজুয়েলানকে নির্বাসন দিল ট্রাম্প প্রশাসন মার্কিন একটি আদালত কয়েক ঘণ্টা আগেই জোর করে অবৈধ অভিবাসীদের নির্বাসন বন্ধের নির্দেশ দিয়েছিল। কিন্তু এরপরও ২০০-এর বেশি ভেনেজুয়েলান নাগরিককে এল সালভাদরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার সকালে একটি সামরিক বিমান তাঁর দেশে অবতরণ করে। এই বিমানে ২৩৮ জন ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ‘ত্রেন দে আরাগুয়া’র সদস্য এবং ২৩ জন আন্তর্জাতিক গ্যাং এমএস-১৩-এর সদস্য ছিল। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের আগে ফেডারেল বিচারক জেমস বোয়াসবার্গ ১৭৯৮ সালের ‘অ্যালিয়েন এনিমি অ্যাক্ট’ ব্যবহারের মাধ্যমে নির্বাসন কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তবে এরপরও ওই ব্যক্তিদের বহনকারী বিমান উড়াল দেয় এবং এল সালভাদরে অবতরণ করে। এ নিয়ে ব্যঙ্গ করে বুকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ওপস… অনেক দেরি হয়ে গেছে।” মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নির্বাসন চুক্তিকে ‘বিশ্বের সবচেয়ে নজিরবিহীন এবং ব্যতিক্রমী অভিবাসন ব্যবস্থা’ বলে উল্লেখ করেছেন।এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে জানিয়েছেন, আটক ব্যক্তিদের এক বছরের জন্য এল সালভাদরের সন্ত্রাসবিরোধী বন্দিশিবির সিইসিওটি’তে রাখা হবে। তবে পরবর্তীতে এই সময় বাড়ানো হতে পারে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র এদের জন্য খুব সামান্য পরিমাণ অর্থ দেবে, তবে আমাদের জন্য এর মূল্য অনেক বেশি।” পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নির্বাসিত গ্যাং সদস্যদের এল সালভাদরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের প্রশংসা করে বলেছেন, “তিনি আমাদের অঞ্চলের সবচেয়ে শক্তিশালী নেতা।” এর আগে, বিচারক বোয়াসবার্গ ট্রাম্প প্রশাসনের নির্বাসন নীতি বন্ধের আদেশ দিয়েছিলেন। তবে ট্রাম্প প্রশাসন তার সিদ্ধান্ত বাস্তবায়ন অব্যাহত রাখে। ভেনেজুয়েলা এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে এবং বলেছে, “এই যুদ্ধকালীন আইন প্রয়োগ অভিবাসীদের অপরাধী হিসেবে চিত্রিত করছে।” এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, হাত ও পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় সশস্ত্র কর্মকর্তারা বিমান থেকে নামানো বন্দিদের নিয়ে যাচ্ছেন। কিছু বন্দিকে সাঁজোয়া গাড়িতে তোলা হয়, অন্যদের মাথা নিচু করে বাসে উঠতে বাধ্য করা হয়। ভিডিওতে এল সালভাদরের আলোচিত মেগা-জেল সিইসিওটি’র ভেতরে বন্দিদের নিয়ে যাওয়ার দৃশ্যও দেখানো হয়েছে। প্রায় ৪০ হাজার বন্দি ধারণক্ষমতা সম্পন্ন এই উচ্চ-নিরাপত্তার কারাগার বুকেলের অপরাধ দমন পরিকল্পনার অন্যতম অংশ। তবে মানবাধিকার সংস্থাগুলো এটিকে বন্দিদের অমানবিক নির্যাতনের কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে। এই নির্বাসন চুক্তিকে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। মার্কো রুবিও বুকেলেকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “আপনার সহযোগিতা ও বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ।” পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই এল সালভাদর ছিল রুবিওর দ্বিতীয় সফরস্থল। ফেব্রুয়ারিতে তিনি সেখানে গিয়ে বুকেলের সঙ্গে আলোচনায় নির্বাসিত বন্দিদের গ্রহণের বিষয়টি চূড়ান্ত করেন।
কিছু সুপারিশে ভিন্নমত জানিয়ে ঐকমত্য কমিশনকে চিঠি দিল ইসি

কিছু সুপারিশে ভিন্নমত জানিয়ে ঐকমত্য কমিশনকে চিঠি দিল ইসি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে ভিন্নমত জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজের কাছে চিঠি পাঠিয়ে এই মতামত দেওয়া হয়েছে। আজ এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের ৯-১০টি সুপারিশের বিষয়ে ভিন্নমত জানিয়ে ঐকমত্য কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি স্বতন্ত্র কমিশন করার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, এটির প্রয়োজন নেই। ইসি সচিব বলেন, সীমানার পুনর্নির্ধারণ কমিশনের কথা যে বলা হয়েছে, আমরা বলেছি যে দরকার নাই। কেবিনেটে আমাদের একটা প্রস্তাব দেওয়া আছে। সেটাই সাফিসিয়েন্ট। তিনি বলেন, গ্রামশূন্য হয়ে বিদেশে যাচ্ছেন, শহরে আসছেন। এজন্য শহরমুখী হয়ে যাচ্ছে আসনসংখ্যা। এটা না করে ভোটার, জনসংখ্যা ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক অখণ্ডতা বিবেচনায় করা উচিত। ৪৮ঘণ্টার ভেতরে সার্টিফাই করার কথাও বলা হয়েছিল। আমরা মনে করি, এটার দরকার নাই। নির্বাচন সম্পর্কে রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হয়ে তো ফলাফল দিচ্ছেন না। এটা গেজেট হচ্ছে, এটাই সার্টিফিকেশন। এমন কোনো ম্যাকানিজম কি আছে যে আমরা সার্টিফিকেশন দেবো, কি করবো? ম্যাকানিজম কি হবে, সেটা তো আবার আরেকটা দিকে যাবে। ইসি সচিব বলেন, ‘এনআইডি কার্ডের বিষয়ে আমাদের অভিমত, সেটা হচ্ছে এনআইডি আমাদের এখানে থাকা বাঞ্ছনীয়। কেননা, ২০০৭ সাল থেকে আমাদের অভিজ্ঞতা এবং স্কিলড করা হয়েছে। তাহলে এটা কেন নেওয়া হবে? বরং এটাকে আরও কী শক্তিশালী করা যায়, কলেবরটা কী করে বহুমুখী করা যায়, সেটা করতে হবে। আমরা এখন ১৮৩টি প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছি, সার্ভিসের উপযোগিতা আছে বলেই তো দেওয়া হচ্ছে।’ সংস্কার কমিশনে চিঠি পাঠানো হয়েছে, কয়টি বিষয়ে আপত্তি আছে, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপত্তি বিষয়টির প্রতি আমাদের আপত্তি আছে। আপত্তি না, আমরা বলেছি আমাদের মতামত। আপত্তি বিষয়টা হলো জোরালো এবং বিষয়টাই ডিফারেন্ট। ইসি ভিন্নমত পোষণ করেছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত অনুমোদন

নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত অনুমোদন নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর বিষয়ে অন্তর্বর্তী সরকার নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। রিজওয়ানা হাসান বলেন, আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে এই আইনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, ১২ মার্চ ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে অর্ধেক করতে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেদিন আইন উপদেষ্টা জানান, ধর্ষণের মামলায় তদন্তের সময় ৩০ থেকে কমিয়ে ১৫ দিন করা হচ্ছে। আর বিচার শেষ করতে হবে ৯০ দিনের মধ্যে। এছাড়া, উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করেন তবে ডিএনএ প্রতিবেদন ছাড়াই চিকিৎসা সনদের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে মামলার বিচারকাজ চালাতে পারবেন। এমন বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে।
নিহার সঙ্গে তৌসিফের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

নিহার সঙ্গে তৌসিফের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নিহা। ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নামে নাটকটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। নাটকটির চিত্রনাট্যও রচনা করেছেন এই পরিচালক। শিহাব শাহীন বলেন, “একটি অ্যারেঞ্জ ম্যারেজের পর প্রাথমিকভাবে জটিলতা দেখা যায়। যেমন— পরস্পরকে বুঝতে পারার ব্যাপার। মূলত, এই দিকটা উপজীব্য করে গল্পটি এগিয়েছে। এটি একাধারে যেমন রোমান্টিক তেমন প্র্যাকটিক্যালও।” নাটকটিতে আরো অভিনয় করেছেন— মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য। চিত্রগ্রহণে ছিলেন নাঈম ফুয়াদ। নাটকটির প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভির ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তির প্রস্তুতি রয়েছে। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে মুক্তি পাবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, পরীক্ষার্থী কমেছে প্রায় ১ লাখ

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, পরীক্ষার্থী কমেছে প্রায় ১ লাখ আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার বেশিসংখ্যা ছাত্রী পরীক্ষার্থী নিয়ে আগামী ১০ এপ্রিল থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটিতে এই তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড।এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। গতবার ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। সে হিসাবে এবার পরীক্ষার্থী কমেছে ৯৫ হাজার ৯১১ জন। অবশ্য পরীক্ষার্থী কমার ধারা দুই বছর অব্যাহত রয়েছে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে পরীক্ষার্থী কমেছিল ৪৮ হাজার। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন, ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি, প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন, ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।