আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে হতে পারে ৬ পরিবর্তন

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে হতে পারে ৬ পরিবর্তন আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক আলিসন বেকার ও ডিফেন্ডার জেহসন। এছাড়া কার্ডজনিত কারণে থাকতে পারবেন না ব্রুনো গিমারেস ও গাব্রিয়েল মাগালিয়াস। এদিকে টেকটিক্যাল পরিবর্তনও আসবে। সবমিলিয়ে মোট ছয়টি পরিবর্তন আসতে পারে ব্রাজিল দলে। যেখানে টেকটিক্যাল পরিবর্তনে ভান্দেরসনের বদলে খেলবেন ওয়েজলি আর জোয়াও পেদ্রোর বদলে মাথেউস কুনিয়া খেলবেন। মাঠে নামার আগে আজ পরিবর্তনগুলোর ব্যাপারে কথা বলেছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র। তিনি বলেন, ‘আমাদের চারটি পরিবর্তন প্রয়োজন আর সেগুলো চিহ্নিত। এর বাইরেও আমরা দুটি পরবির্তন আনব। জোয়াওয়ের জায়গায় খেলবে মাথেউস কুইয়া। আর ভান্দেরসনের জায়গা নেবে ওয়েজলি। আর বাকি পরিবর্তনগুলো হবে আগের ম্যাচে তারা ছিটকে যাওয়ায়। ’ টেকটিক্যাল পরিবর্তন সম্পর্কে ব্রাজিল কোচ বলেন, ‘আর্জেন্টিনা কী ফর্মেশনে খেলে এর ওপরও নির্ভর করবে অনেক কিছু। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ভিনিসিয়ুস জুনিয়রের পাশাপাশি আগের ম্যাচে মাথেউসও স্বাধীনভাবে খেলেছে। সে অ্যাটাকিং মিডফল্ডার এবং দ্বিতীয় স্ট্রাইকার। আর ওয়েজলি ভালো করছে। আশা করি ফ্লামেঙ্গোয় যেমন দেখিয়েছে জাতীয় দলেও সেই পর্যায়ে পৌঁছাতে পারবে। আর এই পজিশনে আর্জেন্টিনার নির্দিষ্ট কোনো খেলোয়াড় নেই। ’আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় মনুমেন্তালে অনুষ্ঠিত হবে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই।
রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে: ড. ইউনূস

রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে: ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রমজান মাসজুড়ে সরবরাহ চেইনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সকল জায়গা থেকে খবর এসেছে যে, এই রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে; জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে। আজ সন্ধ্যা ৭টায় মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শুভেচ্ছা। ঈদ মোবারক। এবারের ঈদ স্মরণীয়ভাবে আনন্দদায়ক হোক এই কামনা করছি। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে। রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এ রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।
গোমস্তাপুরে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা

গোমস্তাপুরে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা গোমস্তাপুরে গনহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা দশটায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, উপজেলা আনসার ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, উপজেলা ভেটেনারি সার্জন বরুন কুমার প্রামানিক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, শিক্ষক আঃ অহাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ন আহবায়ক রাসেল আলীসহ অনন্যরা।
নিরাপদ ঈদযাত্রায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ নির্দেশনা

নিরাপদ ঈদযাত্রায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ নির্দেশনা আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের টহল বাড়ানোসহ ১৫ দফা নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করাসহ সার্বিক আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে নিম্নবর্ণিত নির্দেশনাগুলো বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো- ১. আসন্ন ঈদ-উল-ফিতরের প্রাক্কালে দেশব্যাপী সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। ২. চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন, বিশেষ বিশেষ রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন, জাল টাকার বিস্তার রোধ ও শনাক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. রাজধানীর কূটনৈতিক এলাকা, গুরুত্বপূর্ণ স্থানসহ দেশের অন্যান্য বড় বড় শহর ও বন্দরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের টহল বাড়াতে হবে। 8. গার্মেন্টস ও অন্যান্য শিল্পের মালিক পক্ষ অর্থাৎ বিজিএমইএ, বিকেএমইএ এবং শিল্প পুলিশ একত্রে বসে ঈদের পূর্বেই শ্রমিকদের বেতন-ভাতাদি, বোনাস ইত্যাদি পরিশোধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫. সাধারণ জনগণের ঈদ উপলক্ষে নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি নারী পুলিশ ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করতে হবে। মার্কেটগুলোতে বিশেষ রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সকল মার্কেট সিসি ক্যামেরার আওতায় আনার ব্যবস্থা করতে হবে। ৬. ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ নিশ্চিতকল্পে বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় না করা, লঞ্চ/ফেরিঘাটে অনিয়ম ও অবৈধ সিরিয়াল প্রদানের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় না করা, অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং পরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৭. পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে যানজট নিরসনের লক্ষ্যে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৮. যমুনা সেতু, পদ্মা সেতু এবং ফ্লাইওভারসহ টোলপ্লাজাগুলোতে যানজট নিরসনে ইটিসিসহ (Electronic Toll Collection) দ্রুত টোল আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৯. যানজট নিরসনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক চিহ্নিত ১৫৫ স্পটে আইপি/সিসি ক্যামেরা স্থাপনপূর্বক ঈদুল ফিতরের পূর্ববর্তী এবং পরবর্তী সময় মনিটরিং জোরদার করতে হবে। প্রয়োজনে অধিক গুরুত্বপূর্ণ জায়গায় ড্রোনের মাধ্যমে মনিটরিং করা যেতে পারে; ১০. যানজট নিরসনে লক্ষ্যে ঈদের পূর্বের সাত দিন ও পরের সাত দিন সুনির্দিষ্ট পূর্ব তথ্য ব্যতীত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সড়কের ওপরে মোটরযান তথা যানবাহন থামানো যাবে না; ১১. অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনকারী বা যাত্রীবাহী যানবাহন ব্যতীত স্থলবন্দর ও নৌবন্দরসহ যেকোনো জায়গা থেকে ছেড়ে আসা নির্মাণ সামগ্রী বহনকারী ও লম্বা যানবাহনসমূহ ঈদের পূর্বের তিন দিন এবং পরের তিন দিন যেন মহাসড়কে চলাচল করতে না পারে বা নৌ-রুটে ফেরি পারাপার করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে; ১২. ঈদের আগে ও পরে পাঁচ দিন করে নদীতে বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে; ১৩. বিভিন্ন সড়ক, মহাসড়ক ও নৌ-পথে আকস্মিক দুর্ঘটনায় উদ্ধারকার্য পরিচালনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম, রেসকিউ বোট, ডুবুরি, অগ্নিনির্বাপণ সরঞ্জামাদিসহ অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনে কোস্টগার্ডের সহযোগিতা গ্রহণ করতে হবে; ১৪. দুর্ঘটনা কবলিত অথবা রাস্তা/ব্রিজে কোনো গাড়ি নষ্ট হলে দ্রুত দুর্ঘটনা কবলিত/অকেজো গাড়ি অপসারণ/রেকারিং করে পার্শ্ববর্তী খালি জায়গায় স্থানান্তর করতে হবে। যমুনা ও পদ্মা সেতুসহ যানজট প্রবণ এলাকায় প্রয়োজনীয় সংখ্যক রেকারের ব্যবস্থা রাখতে হবে; ১৫. ঈদের সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশ অধিদপ্তর এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কন্ট্রোলরুম স্থাপন করতে হবে। সকল কন্ট্রোল রুমকে প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ০১৩২০০০১২২৩-নম্বরে যোগাযোগ রক্ষা করতে হবে। এছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সঙ্গে কন্ট্রোল রুমের সংযোগ স্থাপনপূর্বক সড়কের শৃঙ্খলা রক্ষায় সমন্বয় জোরদার করার কথাও উল্লেখ করা হয়েছে।
ঢাকায় আনা হচ্ছে তামিমকে

ঢাকায় আনা হচ্ছে তামিমকে ঢাকায় আনা হচ্ছে তামিম ইকবালকে। আজ সন্ধ্যায় ইফতারের পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হবে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন তামিমের বড় ভাই নাফিস ইকবাল। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের সার্বিক অবস্থা আশাব্যঞ্জক। তবে এই মুহূর্তে তাকে অন্য কোথাও ‘‘মুভ করা খুবই রিস্কি’’ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবুও পরিবারের ইচ্ছায় আজ সন্ধ্যায় তাকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। গতকাল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে তামিম ইকবাল বুকে ব্যাথা অনুভব করেন। অবস্থার অবনতি হলে তাকে নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে ভর্তি করা হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি হার্টের ইসিজিও করানো হয়। তখন হালকা সমস্যা দেখা যায়। চিকিৎসা শেষে আবার বিকেএসপিতে ফেরার পথে তার আবার ব্যথা শুরু হয়। সে কারণে দ্বিতীয়বার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় তার ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এরপর এনজিওগ্রাম করে দেখা যায় তার হার্টে একটি ব্লক রয়েছে। সেটিতে রিং পরানো হয়। সেই থেকে তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
জুনের মধ্যে ৪ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির নির্দেশ

জুনের মধ্যে ৪ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির নির্দেশ আগামী জুনের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের সময় বেঁধে দিল নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।কর্মকর্তারা বলছেন, একটি আবেদন নিষ্পত্তি করলে নতুন তিনটি আবেদন জমা পড়ে। পৌনে ৪ লাখের মতো আবেদন অনিষ্পন্ন ছিল। প্রায় এক লাখ আবেদন নিষ্পত্তির পর দেখা গেছে নতুন করে তিন লাখের বেশি আবেদন জমা পড়েছে। সেখান থেকেও পৌনে দুই লাখ নিষ্পত্তি করা হয়েছে। তবু নিষ্পত্তি শেষ হচ্ছে না। ইসি সচিবের নির্দেশনায় বলা হয়েছে, ২০১১ সালের এক জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, তারমধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে। এ ছাড়া গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে তিন লাখ দুই হাজার ২৬৬টি, তারমধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সেই হিসাবে ২০১১ সাল থেকে এ পর্যন্ত চার লাখ দুই হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। আগামী জুনের মধ্যে সব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে হবে। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৪৪ লাখের মতো। তাদের অনেকের জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ভুল থাকার কারণে প্রতিদিনই আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
সবার আগে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো জাপান

সবার আগে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো জাপান বিশ্বকাপ বাছাইপর্বে বাহরাইনের বিপক্ষে জয় পেল জাপান। এই জয়ে বিশ্বকাপও নিশ্চিত হয়ে গেল তাদের। একইসঙ্গে প্রথম দল হিসেবে তারা নিশ্চিত করলো ২০২৬ বিশ্বকাপ। এ নিয়ে টানা অষ্টমবারের মতো বৈশ্বিক এই মঞ্চে খেলবে তারা। আজ নিজেদের মাঠে এশিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাহরাইনকে ২-০ ব্যবধানে হারিয়েছে জাপান। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ডাইছি কামাডা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন তাকেফেসা কুবো। ২০২৬ সালের জুন-জুলাইয়ে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হবে প্রথমবার ৪৮ দলের বিশ্বকাপ। তাদের সঙ্গে জায়গা করে নিয়েছে জাপান। বাছাইপর্বের সাত ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পযেন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা জাপান তিন ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বিশ্বকাপ। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপের ছয় দলের মধ্যে দুইয়ে আছে অস্ট্রেলিয়া।
১৯ দিনে প্রবাসী আয় এলো ২৭ হাজার ৬৭৫ কোটি টাকা

১৯ দিনে প্রবাসী আয় এলো ২৭ হাজার ৬৭৫ কোটি টাকা ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসী আয় বাড়ছে। চলতি (মার্চ) মাসের ১৯ দিনে প্রবাসীরা ২২৫ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ কোটি টাকা হিসাবে) যার পরিমাণ ২৭ হাজার ৬৭৫ কোটি টাকা। আজ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর। মার্চের এই ১৯ দিনের হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ১২ কোটি ডলার বা এক হাজার ৪৬৪ কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে মার্চে প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। গত বছরের আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ধারাবাহিকভাবে বাড়তে শুরু করে প্রবাসী আয়ের গতি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় আসে। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসে ফেব্রুয়ারি মাসে প্রায় ২৫৩ কোটি ডলার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি আট মাসে প্রবাসী আয় এসেছে এক হাজার ৮৪৯ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থবছরে প্রথম আট মাসে এসেছিল এক হাজার ৪৯৪ কোটি ডলার। সে হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ৩৫৫ কোটি ডলার। এর আগে দেশের ইতিহাসে একক কোনো মাসে গত ডিসেম্বরে সর্বোচ্চ ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা আট মাস রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার অতিক্রম করলো। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার আর ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ অকারিগরি জনবলকে (ক্রাফট ইন্সট্রাক্টর) কারিগরি শিক্ষায় শিক্ষক (জনিয়র ইন্সট্রাক্টর) হিসেবে পদায়ন করা হচ্ছে দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ করেছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পলিটেকনিক ইনিষ্টিটিউটের শিক্ষার্থীরা। তারা অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগবিধি সংশোধনের দাবিও জানিয়েছেন। দাবি মানা না হলে মহাসড়ক অবরোধের মত বৃহত্তর কর্মসূচী পালনেরও ঘোষণা দেন শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, কারিগরি শিক্ষায় অকারিগরি জনবল নিয়োগ কারিগরি শিক্ষার্থীদের স্বার্থ পরিপন্থী। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ,মানববন্ধন ও অবস্থান কর্মসূচী চলাকালে এসব দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউটের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান, ইলেকট্রনিক বিভাগের আব্দুর রাহিম, রবিন আহমেদ, রেফ্রিজারেশন-এয়ার কন্ডিশনের রাসিকুল ইসলাম প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলতক আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলতক আসামী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলা থেকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.কাজলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ । তিনি শিবগঞ্জের বাটাগ্রাম এলাকার সেরাজুল ইসসলামের ছেলে। আজ সকাল সাড়ে ১১টার দিকে দাইপুকুরিয়া ইউনিযনের মফিজ মোড় এলাকা থেকে কাজলকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন,২০১৪ সালে গোমস্তাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি) ধারায় দায়ের মামলায় ২০২৪ সালে ১০ বছরের কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড হয় কাজলের। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের পর বিকালে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।