হঠাৎ খাবারের প্রতি আগ্রহ বেড়েছে, মানসিক চাপ নয়তো?

হঠাৎ খাবারের প্রতি আগ্রহ বেড়েছে, মানসিক চাপ নয়তো? উৎসবে আনন্দ করতে মানুষ পরিবারের সদস্যদের কাছে যায়। এই সময় পারিবারিক, সামাজিক সম্পর্ক আর দৃঢ় হয়। আবার এর উল্টোটাও ঘটে। একাধিক মানসিক চাপে হতাশ হয়ে মানুষ অধিক খাবার খাওয়া শুরু করে। বিশেষ করে ক্যালোরি বৃদ্ধি করে এমন খাবারগুলো তখন বেশি বেছে নেয়। মানসিক চাপ বাড়লে খাবার খাওয়ার প্রতি কেন আগ্রহ বাড়ে? এই বিষয়ে মনোবিদরা বলছেন, ‘‘মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ খাবারের সাহায্য নেয়। যার যে খাবারটা খেলে তৃপ্তি বোধ হয়, সে সেই খাবারই মানসিক চাপের মধ্যে বেশি খেতে থাকে। যাকে বলে ‘কমফোর্ট ফুড’। এই কমফোর্ট ফুড ক্ষণিকের জন্য স্ট্রেস থেকে মুক্তিও দেয়।’’ কেন এমন হয়? অধিক মানসিক চাপে শরীরের কর্টিসল হরমোন নির্গত হয়। এই হরমোন উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। কিংবা যে খাবার খেলে মানুষ তৃপ্তি অনুভব করে, সেগুলোই বেশি করে খাবার ইচ্ছা জাগিয়ে তোলে। ‘কমফোর্ট ফুড’ তৃপ্তি আনে এবং ডোপামিন হরমোনের ক্ষরণ বাড়ায়। তাই স্ট্রেসের মধ্যে মুখরোচক খাবার খেলে একটু হলেও স্বস্তি মেলে। কিন্তু এটা সাময়িক। ভারতীয় মনোবিদ ডা. সরখেল স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘‘কমফোর্ট ফুড খেয়ে স্ট্রেস থেকে সাময়িক রিলিফ মেলে। কিন্তু এটা কোনও দীর্ঘস্থায়ী সমাধান নয়। বরং এতে ওজন বাড়ে। আর ওবেসিটি অনেকের ক্ষেত্রে স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায়।’’ এই সমস্যা এড়াতে হলে প্রতিদিন শরীরচর্চা করুন। নিজেকে আলাদা করে সময় দিন। প্রার্থনা করতে পারেন। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। শুনতে পারেন প্রিয় গান, প্রিয় কোনো সুর। আবার নিজের খুব প্রিয় কোনো স্থানে গিয়ে কিছু সময় থাকতে পারেন। সুতরাং কোনো সম্পর্ককে অধিক গুরুত্ব দিতে গিয়ে নিজেকে গুরুত্বহীন করে তুলবেন না।

৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে উয়েফা প্রেসিডেন্ট

৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে উয়েফা প্রেসিডেন্ট গেল মাসে অনুষ্ঠিত হওয়া ফিফা কাউন্সিল সভায় আলোচনা হয়েছে ২০৩০ বিশ্বকাপ নিয়ে। সেখানে স্পেন, মরক্কো ও উরুগুয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আসরটি ৬৪টি দল নিয়ে আয়োজন করার প্রস্তাব দিয়েছিলেন উরুগুয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি ইগনাসিও আলোনসো। ফুটবলকে আরও বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মূলত এমন প্রস্তাব করেছিলেন তিনি। তবে ইউরোপ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন আলোনসোর এমন প্রস্তাবকে বাজে বলে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার বেলগ্রেডে উয়েফা সাধারণ কংগ্রেসের পুরুষ এবং নারী বিশ্বকাপ নিয়ে আলোচনা হয়। সেখানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেছেন ২০৩৫ নারী বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য এবং ২০৩১ নারী বিশ্বকাপ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। সেই কংগ্রেসে উপস্থিত ছিলেন উয়েফা প্রেসিডেন্ট ও ফিফার সহ-সভাপতি আলেকজান্ডার সেফেরিন। কংগ্রেস শেষে সংবাদ সম্মেলনে উরুগুয়ে ফুটবল ফেডারেশনের সভাপতির ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটি আশ্চর্যজনক। আমি মনে করি এটি একটি বাজে প্রস্তাব এবং আমি মনে করি এটি বিশ্বকাপের জন্য একটি ভালো দিক নয়। এছাড়াও আমাদের বাছাইপর্বের জন্যও ভালো দিক নয়।’ এছাড়াও প্রস্তাবটিকে সমর্থন করেন না বলে জানিয়েছেন সেফেরিন। তিনি বলেন, ‘আমি এই প্রস্তাবটিকে সমর্থন করছি না। আমি জানি না এটি কোথায় থেকে এসেছে। এটা অদ্ভুত যে ফিফা কাউন্সিলে এই প্রস্তাবের আগে আমরা কিছুই জানতাম না।’ এর আগে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ১৯৩০ সালে। ২০৩০ বিশ্বকাপ হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত টুর্নামেন্টটির শতবর্ষীয় আসর। আসরটিতে আয়োজক স্পেন, মরক্কো ও উরুগুয়ে হলেও বিশ্বকাপের শতবছর উদযাপন উপলক্ষ্যে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে।

টানা তিন হারে হোয়াইটওয়াশ পাকিস্তান

টানা তিন হারে হোয়াইটওয়াশ পাকিস্তান প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল পাকিস্তান। তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। তবে শেষ রক্ষাও হয়নি মোহাম্মদ রিজওয়ানের দলের। শেষ ওয়ানডেতে ৪৩ রানে হেরে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। আজ মাউন্ট মঙ্গুনুইতে টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। রিস মারিউ ও অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে ভর করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান তোলে স্বাগতিকেরা। রিস মারিউ ৬১ বলে ৫৮ ও ব্রেসওয়েল ৪০ বলে ৫৯ রান করেন। এছাড়া ড্যারিল মিচেল ৪৩ ও হেনরি নিকোলস করেন ৩১ রান। পাকিস্তানের পক্ষে আকিফ জাভেদ নেন ৪টিম উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের ওপেনার ইমাম-উল হক। তৃতীয় ওভারে উইলিয়াম ও’রুর্কির শর্ট লেন্থের বল নরম হাতে খেলে দ্রুত সিঙ্গেল নিতে যান ইমাম। কিন্তু নন স্ট্রাইকে পোঁছানোর সময় কিউই ক্রিকেটারের থ্রো ইমামের হেলমেট গ্রিলের মধ্যে আটকে যায়। তাৎক্ষণিকভাবে ইমাম হেলমেট খুলে মাটিতে বসে পড়েন। ফিজিওরা তাকে সহায়তা করার জন্য আসেন। ইমামের চোয়ালে আঘাত লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল, ব্যথার তীব্রতাও ছিল অনেক। সঙ্গে সঙ্গে গাড়িতে করে মাঠ ছেড়ে যান তিনি। ৭ বলে ১ রান আসে তার ব্যাট থেকে। আরেক ওপেনার আবদুল্লাহ শফিক থিতু হয়েও ৫৬ বলে ৩৩ রানের মন্থর এক ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরেন। বাবর আজম বড় ইনিংসের ইঙ্গিত দিয়ে ফেরেন ৫৮ বলে দলীয় সর্বোচ্চ ৫০ রান করে। ৩২ বলে ৩৭ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৩১ বলে ৩৩ রান আসে তায়্যেব তাহিরের ব্যাট থেকে। এ ছাড়া বাকিরা সেভাবে সুবিধা করতে পারেননি। নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স ৯ ওভারে ৩৪ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট। ওয়ানডেতে এটি তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগারই। ৪০ রান দিয়ে ডাফি নিয়েছেন ২ উইকেট।

টিকটককে আরো ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

টিকটককে আরো ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটককে আরো ৭৫ দিন সময় দিয়েছেন। চীনা মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ইস্যু তুলে তিনি জানিয়েছেন, চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত অ্যাপটি বন্ধ হচ্ছে না। খবর ডয়চে ভেলের। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানান, তার প্রশাসন টিকটক বাঁচাতে কাজ করছে। তবে এখনো কিছু অনুমোদন বাকি। হোয়াইট হাউস চায় না টিকটক ‘অন্ধকারে’ চলে যাক। তারা ভালোভাবে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী। ট্রাম্প বলেন, টিকটক নিয়ে আলোচনার পাশাপাশি চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়েও আলোচনা চলছে। বর্তমানে চীনা পণ্যের ওপর ৫৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। টিকটক বিষয়ে চুক্তি স্বাক্ষর হলে শুল্ক কমানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা চলাকালীন ট্রাম্প বলেছিলেন, তিনি কখনো টিকটক নিষিদ্ধ করবেন না। যদিও তার আগের প্রশাসনেই তিনি নিরাপত্তার কারণে অ্যাপটির বিরুদ্ধে অবস্থান নেন। যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু এর চীনভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে, এই আশঙ্কা ব্যক্ত করেছে মার্কিন প্রশাসন।

ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে আরো বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মোংলায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

৯ দিনের  ছুটি শেষ; আগামীকাল থেকে খুলছে  অফিস

৯ দিনের  ছুটি শেষ; আগামীকাল থেকে খুলছে  অফিস ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে সরকারি অফিস খুলছে আগামীকাল । সরকারি অফিস, উচ্চ আদালত ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও আগামীকাল থেকে রোজার আগের সময় ধরে চলবে। আগামীকাল অফিস খুলবে বিধায় আজ শনিবার ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের আগে ২৮ মার্চ শুক্রবার ছিল শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হয় ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচদিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) ছিল ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল, সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি। রোজা ও ঈদের ছুটি শেষে আগের নিয়মে ফিরবে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। রবিবার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

৫.৬ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠলো মিয়ানমার

৫.৬ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠলো মিয়ানমার থাইল্যান্ডের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ জানিয়েছে, গতকাল রাতে মিয়ানমারে একাধিক ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ১.৯ থেকে ৫.৬-এর মধ্যে। তারা জানায়, রাত ১০টা ২৫ মিনিটে সবচেয়ে বড় ভূমিকম্পটি সংঘটিত হয়, যার মাত্রা ছিল ৫.৬ এবং এটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। এটির উপকেন্দ্র ছিল থাইল্যান্ডের মায়ে হং সন প্রদেশের মুয়াং জেলার উত্তর-পূর্ব দিকে প্রায় ২৭৬ কিলোমিটার দূরে। থাইল্যান্ডের সবচেয়ে কাছে অবস্থিত ভূমিকম্পটি ঘটেছিল সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে, যা মায়ে হং সনের পাং মাফা জেলার প্রায় ৪০ কিলোমিটার দূরে। এর মাত্রা ছিল ২.৬ এবং গভীরতা ছিল মাত্র ১ কিলোমিটার। ভূমিকম্পের কম্পন মায়ে হং সন ও আশেপাশের অঞ্চলের বাসিন্দারা অনুভব করেছেন বলে জানিয়েছে থাই ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা বড় ধরনের প্রভাবের খবর পাওয়া যায়নি। থাই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্পপ্রবণ এলাকার জনগণকে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর হালনাগাদ তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে। গত ২৮ মার্চ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে প্রায় সাড়ে তিন হাজার মানুষ প্রাণ হারায়। ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের কাছে। এতে হাজার হাজার ভবন ধসে পড়ে, রাস্তাঘাট ও সেতু ভেঙে যায় এবং বিভিন্ন অঞ্চলে সেতু ধ্বংস হয়ে যায়। টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক জায়গায় এখনও পৌঁছানো কঠিন। তাই উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস থেকে বৃহস্পতিবার (৩ এপ্রিল) জারি করা এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে, ভূমিকম্প এবং আফটারশকের কারণে মিয়ানমারে ১ কোটি ৭০ লাখেরও বেশি মানুষকে প্রভাবিত করেছে, যার মধ্যে ৯০ লাখেরও বেশি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সোনার দরে রেকর্ড পতন, আউন্সে কমল ৭০ ডলার

সোনার দরে রেকর্ড পতন, আউন্সে কমল ৭০ ডলার বিশ্ববাজারে এক দিনেই প্রতি আউন্স সোনার দাম কমে গেছে ৭০ ডলারের ওপরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিটি দেশের জন্য পৃথক শুল্ক আরোপের ঘোষণা দেবেন এমন আশঙ্কায় গত কয়েক দিন ধরে বিশ্ববাজারে সোনার দাম অস্থির হয়ে পড়ে। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার আগে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড তিন হাজার ১৬২ ডলার ছাড়িয়ে যায়। তবে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর সোনা বড় দরপতনের মধ্যে পড়েছে। হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া বিশ্বের বেশির ভাগ দেশ ও অঞ্চলের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের ওপর এ ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। দেশটির বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এমন কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ট্রাম্পের এ শুল্ক আরোপের ঘোষণা আসার আগে এটি ঘিরে বিশ্ববাজারে বেশ অস্থির হয় সোনার দাম। এক সপ্তাহের মধ্যে প্রতি আউন্স সোনার দাম তিন হাজার ৩৭ ডলার থেকে বেড়ে তিন হাজার ১৬২.৬০ ডলারে উঠে যায়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার এই রেকর্ড দাম স্পর্শ করে সোনা। অবশ্য এই রেকর্ড দাম স্পর্শ করার পরপরই দরপতনের মধ্যে পড়ে সোনা। প্রতি আউন্স সোনার দাম কমে তিন হাজার ৯০ ডলারে নেমে গেছে। অর্থাৎ এক দিনেই প্রতি আউন্স সোনার দাম ৭২ ডলার কমে গেছে। এদিকে বিশ্ববাজারে সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় দাম বাড়ানো হয়েছে। এতে বর্তমানে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা। দেশের বাজারে সর্বশেষ সোনার দাম নির্ধারণ করা হয় ২৯ মার্চ।

৩ ক্যাটাগরিতে হবে এনআইডি সংশোধন

৩ ক্যাটাগরিতে হবে এনআইডি সংশোধন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত্র আবেদন এখন থেকে আর ঢালাওভাবে নিষ্পত্তির জন্য বিবেচনা করবে না নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রবাসী, সরকারি চাকরিজীবী ও সাধারণ ক্যাটাগরিতে আবেদনগুলো বিন্যাস করে নিষ্পত্তি করা হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঢালাওভাবে বিবেচনায় নিলে অনেক ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি সময় লেগে যায়। এই ব্যবস্থার ফলে যা সহজ হবে। উদাহরণ হিসেবে বলা যায়, সরকারি চাকরিজীবীদের সার্ভিস বুক থাকে। তাই তাদের আবেদনের সত্যতা সহজেই যাচাই করা যায়। আবার যারা প্রবাসী তাদেরও সংশ্লিষ্ট দেশের বৈধ কাগজপত্র ও পাসপোর্ট থাকে। এক্ষেত্রে আবেদনের চাহিত তথ্য আপডেট করতে যাচাইয়ের খুব একটা সময়ের প্রয়োজন হয় না। অন্যদিকে সাধারণ নাগরিকদের অনেকের আবেদনেই নানা অসততা থাকে। তাই আবেদনের ধরন প্রথমেই পৃথক করা গেলে নিষ্পত্তিতে সময় কম লাগে। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, এখন থেকে তিনটি ছকে আবেদনগুলো পৃথক করা হবে। একটি প্রবাসীদের জন্য, অন্যটি চাকরিজীবীদের জন্য। আর একটি ছক হচ্ছে সাধারণ মানুষের জন্য। ইতোমধ্যে সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, ২০১১ সালের এক জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, এর মধ্যে গত তিন মাসে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে। এ ছাড়া, গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে তিন লাখ দুই হাজার ২৬৬টি, এরমধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই হিসেবে ২০১১ থেকে এখন পর্যন্ত চার লাখ দুই হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। আগামী জুনের মধ্যে সকল অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে ইসি। বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ৪৪ লাখের মতো। এদের অনেকের জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ভুল থাকার কারণে প্রতিদিনই আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে জরুরি সভা ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব দেশের পণ্যের ওপর ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসছে। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক ছিল। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকার দাবি করেছে, বাংলাদেশ কার্যকরভাবে আমেরিকান পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায়, এখন থেকে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, বিশেষত পোশাক শিল্পে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য। ঢাকার শিল্পখাতের নেতাদের আশঙ্কা, উচ্চ শুল্ক আরোপের ফলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে যেতে পারে।