অনুপনগর উচ্চ বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক খন্দোকার আব্দুর রহমানের স্ত্রীর দাফন সম্পন্ন

অনুপনগর উচ্চ বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক খন্দোকার আব্দুর রহমানের স্ত্রীর দাফন সম্পন্ন চর অনুপনগর ইউনিয়নের অনুপনগর উচ্চ বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক মৃত খন্দোকার আব্দুর রহমানের স্ত্রী মোসা. সালেহা রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তাঁর বড় ছেলে ও গুল-গোফুর উচ্চ বিদ্যালয় ও মহা বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক খন্দোকার আব্দুল ওয়াহেদ জানান, আজ ভোর পৌনে পাঁচটার দিকে বাদ্ধক্যজনিত কারণে অনুপনগরে অবস্থিত নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে ২ ছেলে সহ অসংখ্য অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৫ টায় অনুপনগর সরকারি গোরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। জানাজায় প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক আব্দুস সালাম, রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রয়োজক নয়ন আলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শিবগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

শিবগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান শিবগঞ্জ পৌরসভা এলাকায় সড়কের দুই পাশে গড়ে উঠা অবৈধভাবে স্থাপনা সরিয়ে নিতে ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন। আজ বিকেলে পৌর এলাকার নিউ মার্কেট, গমপট্টি ও পৌর মার্কেটসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, পৌর এলাকার সড়কের দুই পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নির্দেশনার পাশাপাশি সর্তক করা হয়েছে। একই সঙ্গে উপজেলা ভূমি অফিসের সামনে হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্টের ড্রেনেজের উপর চুলা তৈরি করায় তীব্র যানজটের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় হোটেল মালিককে সাতদিনের মধ্যে চুলা সরিয়ে নিতে নির্দেশনাও দেয়া হয়। তিনি আরও বলেন, পৌর মার্কেটের পূর্বপাশে গড়ে উঠা ফুটপাত দখলমুক্ত করতে বাড়তি সর্তক করা হয়েছে। তাছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আগামী দুদিন মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হবে। এরপরও যারা ফুটপাত দখল করে যত্রতত্রভাবে গড়ে উঠা অবৈধ দোকানপাট নিজ দায়িত্বে সরিয়ে না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মৃধা চাঁন ও কোষাধ্যক্ষ হাফিজুর রহমান সুমনসহ অন্যান্যরা।
গোমস্তাপুরে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দল সর্দারসহ গ্রেপ্তার আরও ৪; আদালতে ২ জনের স্বীকারোক্তি

গোমস্তাপুরে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দল সর্দারসহ গ্রেপ্তার আরও ৪; আদালতে ২ জনের স্বীকারোক্তি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর এলাকায় আড্ডা থেকে রহনপুরগামী আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী চার্জার ভ্যানে গত ১১ মার্চ ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দল সর্দার সহ আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ২জন আদালতে দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে। এনিয়ে ওই ঘটনায় সরসারি ডাকাতি ও লুণ্ঠিত মালামাল ক্রয়ের ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের মধ্যে ৩ জন গত ১৯ মার্চ ও ২ জন গতকাল আদালতে দায় স্বীকার করেছে। এদিকে এ ঘটনার পর অব্যহত পুলিশ অভিযানে এ পর্যন্ত উদ্ধার হয়েছে কেড়ে নেয়া ভ্যানগাড়ী ও ১টি মোবাইল ফোন। গ্রেপ্তাররা পেশাদার অপরাধী ও এদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ সুপার বিপিএম – সেবা রেজাউল করিম। তিনি জানান, গত ১১ মার্চ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আজইর গ্রাম থেকে গোমস্তাপুরের পার্বতীপুর জগত গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে ভাড়া যায় ভ্যানটি। রাত ৮টার দিকে চালক, নারী, শিশুসহ ৯ যাত্রী নিয়ে নাচোল ফেরার পথে নজরপুরে ডাকাতের কবলে পড়ে ওই ভ্যান। দেশী অস্ত্র সজ্জিত মুখে কালো কাপড় বাঁধা ৮-১০ডাকাত চালক ও যাত্রীদের মারধর করে আহত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে সড়ক পাশের গাছে বেঁধে রেখে ভ্যান,স্বর্নালংকার,নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল কেড়ে নেয়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পরদিন ১২ মার্চ ভ্যানচালক ও নাচোলের নুরপুর গ্রামের মৃত ইসরাইলের ছেলে রফিকুল ইসলাম অজ্ঞাতনামাদের আসামী করে গোমস্তাপুর থানায় একটি মামলা করেন। এরপর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েক দফায় গত ২০ মার্চ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় খন্ডিত ভ্যান ও একটি মোবাইল ফোন। এরপর চলমান অভিযানে ডিবি গত ১ এপ্রিল থেকে ঘটনায় জড়িত আরও ৪ জনকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আরও ৪ জনের মধ্যে রয়েছে ঘটনার মূল পরিকল্পনাকারী এবং আন্ত:জেলা ডাকাত দল সর্দার ও গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে মানিক আলী, জেলার শিবগঞ্জ উপজেলার টোকনা গ্রামের মৃত সিকিম আলীর ছেলে আল আমিন, জেলার নাচোলের খলসি সিন্দুর মুচিখাড়ি এলাকার একরামুল হকের ছেলে আব্দুল মাতেন ওরফে মতিন এবং নাচোলের বড়িয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে নাইম ইসলাম। এদের মধ্যে ডাকাত সর্দার মানিক ও আল আমিন স্বীকারোক্তি দিয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তার ও অন্য মামলাল উদ্ধার অভিযান চলছে।
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতির আওতায় বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। এই ইস্যুতে করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা এই বৈঠকে যোগ দেন। বাংলাদেশ কার্যত মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে। সে হিসেবে ট্রাম্পের নতুন নীতির অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ ‘ডিসকাউন্টেড রিসিপ্রোকাল ট্যারিফ’ ধার্য করা হয়।
মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত

মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত মেক্সিকো তাদের প্রথম বার্ড ফ্লু (এইচ৫এন১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা) আক্রান্ত মানব রোগী শনাক্ত করেছে। গতকাল এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত মানুষের মধ্যে ব্যাপক সংক্রমণের কোনও প্রমাণ আমাদের হাতে নেই।’ গত মঙ্গলবার উত্তরাঞ্চলীয় ডুরাঙ্গো প্রদেশে তিন বছর বয়সী এক শিশুর দেহে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় তাকে এখন হাসপাতালে রাখা হয়েছে। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বার্ড ফ্লু ভাইরাসের কারণে জনস্বাস্থ্যে এখন পর্যন্ত সামান্য ঝুঁকিই দেখতে পাচ্ছেন তারা। ভাইরাস শনাক্ত হওয়া ডুরাঙ্গো প্রদেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। গবাদি পশু উৎপাদন ও রপ্তানি এখানকার প্রধান চালিকাশক্তি। উল্লেখ্য, ২০২০ সাল থেকে এইচ৫এন১ এর একটি মারাত্মক ভ্যারিয়ান্ট বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এর ফলে, হাঁস-মুরগিসহ পোলট্রির বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গত বছর প্রথমবারের মতো গবাদি পশুর মধ্যেও ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়।এদিকে, বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি বছর দুয়েকের এক শিশুকন্যার মৃত্যু হয় ভারতে। অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার বালাইয়া নগরে এ ঘটনা ঘটে। জানা গেছে, শিশুটি আধাকাঁচা মুরগির মাংস খেয়েছিল। তার পরেই অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা করে তার শরীরে এইচ৫এন১ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রেন পাওয়া যায়। চিকিৎসা চলাকালীন গত ১৬ মার্চ মৃত্যু হয় শিশুটির।
বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত

বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত বহুপক্ষীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জন্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সম্মেলনে প্রথমবারের মতো গৃহীত হয়েছে ভিশন ডকুমেন্ট হিসেবে ‘ব্যাংকক ভিশন ২০৩০’। আজ বিমসটেকের প্রধান অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে উল্লেখ করা হয়, বিমসটেকের সদস্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে ষষ্ঠ শীর্ষ সম্মেলন ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়। এর আগে ২ এপ্রিল ২৫তম বিমসটেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা এবং ৩ এপ্রিল ২০তম বিমসটেক মন্ত্রিপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মিয়ানমারের প্রধানমন্ত্রী জেনারেল মিন অং হ্লাইং, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনী আমারাসুরিয়া এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা। ‘সমৃদ্ধ, সহিঞ্চুতা এবং উন্মুক্ত বিমসটেক’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ষষ্ঠ শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলো নিরাপত্তা এবং উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানো ওপর দৃষ্টি নিবদ্ধ করে। বিমসটেকের লক্ষ্য অর্জনের জন্য এই আঞ্চলিক সংস্থাকে একটি নতুন প্রেরণা দেয়। ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের মূল ফলাফলগুলো, ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র গ্রহণ, যা নেতাদের দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যতের সহযোগিতার জন্য তাদের সিদ্ধান্ত এবং নির্দেশনা প্রতিফলিত করে। বিমসটেকের প্রথম ভিশন ডকুমেন্ট, ব্যাংকক ভিশন ২০৩০ গৃহীত হয়েছে, যা সমৃদ্ধ, সহিঞ্চুতা এবং উন্মুক্ত বিমসটেকের দৃষ্টিভঙ্গি অর্জনে সদস্য দেশগুলোর মধ্যে ভবিষ্যত সহযোগিতার জন্য একটি বিস্তৃত এবং বাস্তবসম্মত রোডম্যাপ প্রদান করে। সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সামুদ্রিক সংযোগ বৃদ্ধির জন্য আঞ্চলিক অংশীদারত্ব জোরদার করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সদস্য দেশগুলোর মধ্যে আরও বাণিজ্য এবং ভ্রমণ সক্ষম করবে। বিমসটেক এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, যা আইওআরএ এবং বিমসটেকের মধ্যে ভবিষ্যৎ অংশীদারিত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। বিমসটেক এবং জাতিসংঘের মাদক অপরাধ নিয়ন্ত্রক অফিসের (ইউএনওডিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, যা ইউএনওডিসি এবং বিমসটেকের মধ্যে অংশীদারিত্বকে ভাগাভাগি করবে। বিমসটেক মেকানিজমের জন্য কার্যপ্রণালী গৃহীত। বিমসটেক সনদের সাথে কার্যপ্রণালীর নিয়মাবলী, বিমসটেকের অধীনে আঞ্চলিক সহযোগিতার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে, যা বৃহত্তর দক্ষতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করে। বিমসটেকের ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কিত বিশিষ্ট ব্যক্তিদের গোষ্ঠীর প্রতিবেদন গ্রহণ, যাতে বিমসটেককে সংস্কার ও পুনরুজ্জীবিত করার জন্য বেশ কয়েকটি সুপারিশ রয়েছে। গত ২৮ মার্চ মিয়ানমার এবং থাইল্যান্ডে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব সম্পর্কে বিমসটেক নেতাদের যৌথ বিবৃতির অনুমোদন। এটি ক্ষতিগ্রস্ত দেশগুলিকে সমর্থন করার জন্য নেতাদের সমবেদনা, সংহতি এবং প্রতিশ্রুতি প্রকাশ করে। এটি আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা এবং প্রাকৃতিক দুর্যোগের প্রতিক্রিয়া ব্যবস্থা শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। বিমসটেক নেতারা শীর্ষ সম্মেলনে তাদের বিবৃতিতে বিমসটেকের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আঞ্চলিক সহযোগিতার অগ্রাধিকারের ক্ষেত্রগুলি চিহ্নিত এবং সুনির্দিষ্ট প্রস্তাব এবং উদ্যোগ উপস্থাপন করেছেন। তারা আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, পর্যটন, সংস্কৃতি বিনিময়, জলবায়ু কর্মকাণ্ড, সবুজ ও নবায়নযোগ্য শক্তি, টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা বাড়াতে অগ্রগতি অর্জনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে, নেতাদের উদ্দেশ্যে তার প্রতিবেদনে, ২০২২ সালের মার্চে কলম্বোতে অনুষ্ঠিত ৫ম বিমসটেক শীর্ষ সম্মেলনের পর থেকে প্রাপ্ত অগ্রগতি তুলে ধরেছেন। তিনি এই অঞ্চলের বৃহত্তর কল্যাণের জন্য বিমসটেক এজেন্ডাকে আরও এগিয়ে নেওয়ার জন্য তাদের নির্দেশনা চেয়েছেন। বিমসটেকের অধীনে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য সদস্য দেশগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য সচিবালয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। শীর্ষ সম্মেলন শেষে বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ, বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেক সহযোগিতাকে এগিয়ে নিতে অন্যান্য সদস্য রাষ্ট্রের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগোলো বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগোলো বাংলাদেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। মোট ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ১৮১তম অবস্থানে। যা গত বছর ছিল ১৮২তম। আর প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃতি পেয়েছে উত্তর ইউরোপের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ড। ৪ এপ্রিল কর ও অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা নোমাড ক্যাপিটালিস্টের হালনাগাদ সূচকে এ তথ্য জানানো হয়েছে। তালিকায় ৩৮ স্কোর পেয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১৮১তম স্থানে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন। গত ২ এপ্রিল এক প্রতিবেদনে সিএনবিসি নিউজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশিত হয়। নোমাডের হালনাগাদ তালিকায় বাংলাদেশের ঠিক আগে আছে নেপাল (স্কোর ৩৯ দশমিক ৫) এবং পরে আছে মিয়ানমার (স্কোর ৩৭ দশমিক ৫)। অপর দুই প্রতিবেশী দেশ ভারতের অবস্থান সূচকে ১৪৮ তম (স্কোর ৪৭ দশমিক ৫) এবং পাকিস্তানের অবস্থান ১৯৫তম (স্কোর ৩২)। শীর্ষে থাকা আয়ারল্যান্ডের প্রাপ্ত স্কোর ১০৯। এ দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ১৭৬টি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ড ও গ্রিস। দেশগুলোর প্রাপ্ত স্কোর ১০৮ দশমিক ৫। আর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পর্তুগাল ও মাল্টা। দেশগুলোর স্কোর যথাক্রমে ১০৮ ও ১০৭ দশমিক ৫। তালিকায় সবচেয়ে দুর্বল (১৯৯তম) পাসপোর্টের দেশ হিসেবে স্থান পেয়েছে আফগানিস্তান। দেশটির আগের তিনটি দেশ যথাক্রমে ইরাক, ইরিত্রিয়া এবং ইয়েমেন। এর আগে ২০২৩ সালের মার্চে নোমাডের পাসপোর্ট সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছিল সংযুক্ত আরব আমিরাত। হালনাগাদ তালিকায় ১০৬ দশমিক ৫ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এ দেশটি। দশম অবস্থানে থাকলেও আমিরাতের নাগরিকরা তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের নাগরিকদের তুলনায় অতিরিক্ত ৩টি দেশে ভ্রমণ করতে পারবেন।
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে নগরবাসী। বাস ও রেল স্টেশনে ভিড় না থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা। আজ সকাল থেকে নগরের বিভিন্ন প্রবেশপথ ঘুরে দেখা যায় নগরে ফেরা মানুষের চাপ। নগরের নতুন ব্রিজ, বহদ্দারহাট, অলংকার, জিইসি মোড়, দামপাড়া, সিনেমা প্যালেস, অক্সিজেন মোড়, বিআরটিসিসহ প্রায় সব বাস টার্মিনালে নগরফেরা যাত্রীর চাপ লক্ষ্য করা যায়। এবছর স্বাধীনতা দিবস, শব-ই কদর, ঈদ ও সপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় সপ্তাহ খানেক ছুটি পায় নগরবাসী। ফলে অনেকেই স্বজনদের সঙ্গে ঈদ করতে নাড়িরটানে নগর ছাড়ে সাধারণ মানুষ। যাত্রীরা জানান, পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করা সৌভাগ্যের। । যাওয়ার সময় কষ্ট হলেও স্বস্তি নিয়ে ফিরতে পারছেন। কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি। তবে বরাবরের মত ঈদ পরবর্তী যাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের মুখে। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান বাংলানিউজকে বলেন, এবারের ফিরতি ট্রিপে কোনো শিডিউল বিপর্যয় নেই। আশা করছি সব ঠিক মতই করা যাবে, এদিকে, ঈদের ছুটি শেষে রোববার খুলেছে সরকারি-বেসরকারি অফিস। তিনদিনের ছুটির পর প্রথম কর্মদিবস হওয়ায় তেমন কর্মব্যস্ততা ছিল না অফিসগুলোতে। সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় অফিসে।
ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি সিমধারী, ফিরেছেন ৪৪ লাখ

ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি সিমধারী, ফিরেছেন ৪৪ লাখ ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিমধারী (একক মানুষ)। গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল সাত দিনে ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিমধারী ঢাকার বাইরে গেছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘ঈদের ছুটির সাত দিনে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন। বিপরীতে ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।’তাঁর দেওয়া তথ্য মতে, ২৮ মার্চ থেকে ঈদের দিন ৩১ মার্চ পর্যন্ত ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ সিমধারী ঢাকা ছাড়েন। এরপর ১ থেকে ৩ এপ্রিল ছাড়েন ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ সিমধারী। সবচেয়ে বেশি ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিমধারী ঢাকা ছাড়েন ৩০ মার্চ। এ সাত দিনে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ সিমধারী।
চিরচেনা কার্তিককে দেখা গেল অন্যরূপে

চিরচেনা কার্তিককে দেখা গেল অন্যরূপে হিন্দি সিনেমার অভিনেতা কার্তিক আরিয়ানকে সবাই চেনে হাসিখুশি মানুষ হিসেবে। কিন্তু এই অভিনেতা হঠাৎ করে রুদ্রমূর্তি ধারণ করেন একটি অনুষ্ঠানে গিয়ে। এনডিটিভি লিখেছে, ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মঞ্চে রকস্টার রূপে আরিয়ান। তাকে দেখা যাচ্ছে গিটার বাজাতে, তখন ব্যাকগ্রাউন্ড মিউজিহ হিসেবে ‘তু মেরি জিন্দেগি হ্যায়’ গানটি বাজছিল। আরিয়ান গানের সাথে ঠোঁট মেলান। সেখানে গিটার হাতে দেখা গেছে অভিনেত্রী শ্রীলীলাকেও। এরপর দেখা গেল গলা থেকে গিটার নামিয়ে মঞ্চে থাকা এক ব্যক্তিকে সেটি দিয়ে আঘাত করলেন আরিয়ান এবং তাকে ধাক্কা দিয়ে নামিয়েও দিলেন। তারপর নিজেও মঞ্চ থেকে একলাফে নিচে নেমে পড়লেন তিনি। এই ভিডিও দেখে মানুষের প্রশ্ন এটা কি কোনো সিনেমার শুটিং দৃশ্য? নাকি সত্যিই কোনো অনুষ্ঠানে গিয়ে এতটা রেগে গিয়েছিলেন আরিয়ান? প্রশ্নের উত্তর দিয়েছে এনডিটিভি। এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গ্যাংটকে চলছে পরিচালক অনুরাগ বসুর সিনেমার শুটিং। ওই সিনেমায় কাজ করছেন আরিয়ান এবং শ্রীলীলা। সিনেমার শুটিংয়ের ভিডিও ছড়িয়েছে ইন্টারনেটে। অনুরাগ বসুর এই সিনেমার ‘রকস্টারের’ চরিত্রে দেখা যাবে আরিয়ানকে। তবে সিনেমার নাম এখনো ঠিক করেনি নির্মাতা টিম। আরিয়ানের সর্বশেষ সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’, যা মুক্তি পেয়েছিল গেল বছর। ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার ভারতের প্রথম প্যারালিম্পিকে স্বর্ণ জয়ী মুরলীকান্ত পেটকর হয়েছিলেন আরিয়ান। চরিত্রটি করতে অভিনেতাকে কেবল ১৮ কেজি ওজনই ঝরাতে হয়নি, শুটিংয়ে এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল যে, আরেকটু হলে চোখ হারাতেন এই অভিনেতা।