‘বরবাদ’ সিনেমা নিয়ে ভারতীয় সিনেমাটোগ্রাফারের চাঞ্চল্যকর তথ্য

‘বরবাদ’ সিনেমা নিয়ে ভারতীয় সিনেমাটোগ্রাফারের চাঞ্চল্যকর তথ্য শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা সগৌরবে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটির নির্মাণশৈলীর প্রশংসা কুড়াচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। এরই মাঝে নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি। শনিবার (৫ এপ্রিল) মেহেদী হাসান হৃদয়ের দেওয়া এক ফেসবুক পোস্টে মন্তব্য কেরেন শৈলেশ আওয়াস্থি। তার দাবি, ‘বরবাদ’ সিনেমার প্রকৃত সিনেমাটোগ্রাফার তিনি। সিনেমাটির সৃজনশীল ও ভিজ্যুয়াল নির্মাণে তারই প্রধান ভূমিকা। অথচ চূড়ান্ত ক্রেডিট থেকে তাকে বাদ দিয়ে সিনেমাটোগ্রাফির স্বীকৃতি দেওয়া হয়েছে রাজু রাজকে। পরিচালক মেহেদী হাসান হৃদয়কে উদ্দেশ্য করে শৈলেশ আওয়াস্থি লেখেন, “যখন তোমার কঠোর পরিশ্রমকে উপেক্ষা করা হয় এবং অন্যরা তোমার কাজের কৃতিত্ব নেয়, তখন সেটা হতাশাজনক। ‘বরবাদ’-এর সিনেমাটোগ্রাফার হিসেবে আমার শতভাগ দিয়েছি। তা ছাড়া আমি সৃজনশীল বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে সিনেমাটিকে বানাতে সাহায্য করেছি। অথচ সেগুলো আমার দায়িত্ব ছিল না। কিন্তু আমাকে সেই কৃতিত্ব দেওয়া হয়নি, যা দেওয়া হয়েছে অন্যকে।” বিস্তারিত ব্যাখ্যা করে শৈলেশ লেখেন, “রাজু রাজ, যাকে ডিওপি হিসেবে কৃতিত্ব দেওয়া হয়েছে, তিনি সিনেমার সঙ্গে খুব কমই যুক্ত ছিলেন। সত্যি বলতে, এই শিরোনাম (ডিওপি) দাবি করার আগে প্রথমে সিনেমাটোগ্রাফির মৌলিক বিষয়গুলো বুঝতে হবে। আমি মাঠে ছিলাম, শটগুলো আমি সাজিয়েছিলাম, ভিজ্যুয়াল ডিজাইন আমি করেছিলাম। আমার দায়িত্বের বাইরে গিয়েও কাজ করেছিলাম। এটা অহংকার নয়, এটা ন্যায্যতার প্রশ্ন। আমি কেবল আমার দক্ষতা দিয়ে নয়, সততার সাথে এই সিনেমাটিতে কাজ করেছি। পোস্টার, উইকিপিডিয়া এবং আইএমডিবিতে নাম পরিবর্তন করা যেতে পারে, কিন্তু সত্য সর্বদা তার পথ খুঁজে নেয়।” রবিবার (৬ এপ্রিল) শৈলেশ আওয়াস্তি নিজের ওয়ালে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “আজিম ভাই এবং শারমিন অভিনন্দন, বাংলাদেশের চলচ্চিত্র জগতে ১৬ কোটি বাজেটের একটি চলচ্চিত্র নির্মাণ নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। যখন বেশিরভাগ প্রযোজনা সংস্থা বড় বাজেটের প্রকল্প নিয়ে ঝুঁকি নিতে দ্বিধা করে, তখন রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের প্রথম প্রযোজনা, ‘বারবাদ’র মাধ্যমে আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য এগিয়ে এসেছে। সাহস এবং দূরদৃষ্টির জন্য তারা সত্যিই প্রশংসার দাবিদার। কোনো সন্দেহ নেই যে, ‘বরবাদ’ দেশের সেরা বাণিজ্যিক চলচ্চিত্রগুলির মধ্যে শীর্ষে রয়েছে। যদি এই প্রযোজনা সংস্থা তার গতি বজায় রাখতে পারে এবং এই ধরণের মানের চলচ্চিত্র উপহার দিতে পারে, তাহলে আমরা হয়তো ঢালিউড শিল্পে একটি নতুন যুগের সূচনা দেখতে পাচ্ছি, যা আমাদের চলচ্চিত্রকে আরো উচ্চতায় নিয়ে যাবে।” ‘বরবাদ’ সিনেমার প্রযোজক শারমিন আখতার সুমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শৈলেশ লেখেন, “বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে একজন নির্ভীক নারী এবং পথিকৃৎ প্রযোজক শারমিন আখতার সুমির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। অসংখ্য চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি সাহস করে দর্শকদের সামনে ‘বরবাদ’র মতো একটি বড় বাজেটের প্রকল্প উপস্থাপন করেছেন। আমি নিশ্চিত যাত্রাটি সহজ ছিল না। তবে আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ করছি, দয়া করে সিনেমার পথ থেকে সরে আসবেন না। আপনাদের মতো প্রতিশ্রুতিবদ্ধ প্রযোজকদেরই আমাদের শিল্পকে নতুন করে রূপ দেওয়ার এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। বাংলা সিনেমা দীর্ঘজীবী হোক। সকল সিন্ডিকেটের পতন হোক!” জানা গেছে, আজ দুপুর নাগাদ প্রযোজকের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়েছে। এরপরই সিনেমাটোগ্রাফার এই পোস্ট দেন তার ওয়ালে। যদিও সেখানে শুধুই প্রযোজকের প্রশংসা করা হয়েছে। কিছুই উল্লেখ ছিল না নির্মাতা বা নায়কের। যা থেকে স্পষ্ট, সিনেমাটোগ্রাফার প্রযোজকের মন রক্ষার জন্যই বিষয়টি নিয়ে আর সামনে আগাননি। তবে এসব বিষয়ে জানতে যোগাযোগ করেও মুঠোফোনে পাওয়া যায়নি নির্মাতা হৃদয়কে। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শারমিন আক্তার সুমি ‘বরবাদ’ সিনেমা প্রযোজনা করেছেন। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, কলকাতার ইধিকা পাল, যীশু সেনগুপ্ত।
১৫ বলের ঝড়ে দেশের ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড ইমনের

১৫ বলের ঝড়ে দেশের ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড ইমনের ঈদের লম্বা ছুটির পর মাঠের ফিরে প্রথম দিনটি দারুণভাবে রাঙিয়েছেন পারভেজ হোসেন ইমন। আবাহনী লিমিটেডের এই ওপেনার মাত্র ২৩ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬১ রান করেন। এই বিধ্বংসী ইনিংস খেলার পথে ইমন ১৫ বলে তুলে নেন ফিফটি। যা দেশের ক্রিকেটে যেকোনো প্রতিযোগিতামূলক আসরে দ্রুততম ফিফটির রেকর্ড। বিকেএসপির ৩ নম্বর মাঠে তার ব্যাটে লন্ডভন্ড হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৮৮ রানে অলআউট হয় তারা। জবাব দিতে নেমে ইমন ২২ গজে রুদ্রমূর্তি ধারণ করেন। প্রথম ওভারে ৩ বল খেলার সুযোগ হয় তার। ১ রানের বেশি নিতে পারেননি। দ্বিতীয় ওভারে খোলস থেকে বেরিয়ে আসেন। রহমতউল্লাহর করা প্রথম বল ডটের পর দ্বিতীয় বলে প্রথম বাউন্ডারির দেখা পান। ওভারের পরের চার বল চারটিই হাওয়ায় ভাসিয়ে সীমানার বাইরে পাঠান। তাতে ৯ বলে তার রান হয় ২৯। পরের দুই বলে ১ রান পান ইমন। চতুর্থ ওভারে আবার চার ছক্কার স্রোত তার ব্যাটে। এবার আলী মোহাম্মদ ওয়ালিদের বলে ২টি করে চার ও ছক্কা হাঁকান। তাতে ১৫ বলে তার নামের পাশে দ্রুততম ফিফটির রেকর্ড যুক্ত হয়ে যায়। ফিফটি ছুঁতে ৬ ছক্কা ও ৩ চারের দেখা পান এই ওপেনার। প্রিমিয়ার লিগ তো বটেই, দেশের ক্রিকেটে এটি দ্রুততম ফিফটির রেকর্ড। এর আগে ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি আসরে শুভাগত হোম মিরপুরে ১৬ বলে ফিফটি ছুঁয়েছিলেন। শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ডটি এতদিন ছিল যৌথভাবে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি করেন ফরহাদ।
এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম

এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। চলতি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। আজ নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা রবিবার সন্ধ্যা থেকে কার্যকর হবে। এছাড়া অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মার্চ মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। ফেব্রুয়ারিতে বাড়তি ছিল এলপি গ্যাসের দাম। মার্চ মাসের কমার পর এই মাসেই অপরিবর্তিত থাকলো। ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর জানুয়ারি মাসের শুরুতে সেই মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে গত ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনঃনির্ধারণ করা হয়। ২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এক দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।
যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক নিয়ে বৈঠক শুরু

যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক নিয়ে বৈঠক শুরু বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই শুল্ক নিয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে। আজ বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্ব বৈঠকে বাণিজ্য উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ কয়েকজন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতা উপস্থিত রয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজ প্রকাশিত একটি তালিকায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাংলাদেশের শুল্ক ৭৪ শতাংশ। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। আগে বাংলাদেশি পণ্য গড়ে ১৫ দশমিক ৬২ শতাংশ শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রবেশ করত।শুধু বাংলাদেশই নয়, বহু দেশেই যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করেছে। এশিয়ার অন্যান্য দেশগুলোও নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্কের মুখে পড়েছে। হোয়াইট হাউসের নথি অনুযায়ী, ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। উচ্চ শুল্কের মুখে পড়া অন্যান্য দেশের মধ্যে রয়েছে জাপান (২৪ শতাংশ), দক্ষিণ কোরিয়া (২৫ শতাংশ), ভারত (২৬ শতাংশ), কম্বোডিয়া (৪৯ শতাংশ) ও তাইওয়ান (৩২ শতাংশ)। চীনের ওপর নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
৬ ম্যাচ হাতে রেখে শিরোপা উদযাপন পিএসজির

৬ ম্যাচ হাতে রেখে শিরোপা উদযাপন পিএসজির ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম ক্লাব হিসেবে শিরোপা জয় নিশ্চিত করেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে অঁজেকে ১-০ গোলে হারিয়ে ছয় ম্যাচ হাতে রেখেই টানা চতুর্থবারের মতো ‘লিগ আঁ’র শিরোপা জিতে নিয়েছে তারা। শনিবারের এই জয়ে লুইস এনরিকের দল পয়েন্ট টেবিলে এমন এক জায়গায় পৌঁছায়, যেখানে আর কোনো দল তাদের টপকাতে পারবে না।পিএসজির একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী উইঙ্গার ডিজায়ার ডউ। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে জানুয়ারির নতুন রিক্রুট খিচা কাভারাস্কেইয়ার নিখুঁত ক্রসে ডউ দূরের পোস্টে ভলিতে গোলটি করেন, যা তার লিগে এই মৌসুমের পঞ্চম গোল। রেকর্ড ও পরিসংখ্যান এই শিরোপা পিএসজির ইতিহাসে ১৩তম, যা ফ্রান্সের লিগের ইতিহাসে সর্বোচ্চ। ২০১২-১৩ মৌসুম থেকে শুরু করে এটি তাদের ১১তম লিগ জয়। দলের অধিনায়ক মার্কিনিওস ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি ফরাসি লিগ শিরোপা জিতেছেন। মার্কিনিওস বলেন, “এটা পাগলামি, আমি খুবই খুশি। এতদিন ধরে শীর্ষ দলে থাকা বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য সবকিছু জেতা, এবং এই শিরোপাগুলো ইতিহাসে লেখা থাকবে। ” দলীয় পারফরম্যান্স প্রথমার্ধে গোল না এলেও পিএসজি পুরো ম্যাচে আধিপত্য দেখায়। গনসালো রামোস একাধিক সুযোগ তৈরি করলেও গোল পাননি। পরে কচ লুইস এনরিক একসঙ্গে তিনটি পরিবর্তন করেন, যার মধ্যে মৌসুমের সেরা স্কোরার উসমানে ডেম্বেলেকে নামানো হয়। দ্বিতীয়ার্ধে অঁজের রক্ষণ বেশ শক্ত ছিল, কিন্তু গোলের ঘাটতি পিএসজির উল্লাসে বাধা হয়নি। ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়ামে ধ্বনিত হয়—”আমরা চ্যাম্পিয়ন”। লুইস এনরিকের সাফল্য গত মৌসুমে কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর অনেকেই পিএসজির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু লুইস এনরিক তার মেধা ও কৌশলে প্রমাণ করেছেন, বড় তারকা ছাড়াও দল গড়া যায়। এই মৌসুমে তিনি লিগে মাত্র দুটি ম্যাচে হেরেছেন, এবং শিরোপা জয়ের পর খেলোয়াড়রা তাকে কাঁধে তুলে নিয়ে উদযাপন করেন। মাঠের পাশে দেখা যায় তাকে ক্লাব পরিচালক লুইস ক্যাম্পোসের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে। পরবর্তী লক্ষ্য এখন পিএসজির নজর থাকবে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।
ভারতে ৭০ বাংলাদেশি নিয়ে বাস খাদে, নিহত ১ আহত ১৫

ভারতে ৭০ বাংলাদেশি নিয়ে বাস খাদে, নিহত ১ আহত ১৫ ভারতের উড়িষ্যায় ৭০ বাংলাদেশি পূণ্যার্থী বহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে গেছে। এতে নুনিবালা নাথ নামে একজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। আজ ভুবনেশ্বর শহরের অদূরে উত্তরা স্কয়ার এলাকার ১৬ নম্বর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম জানায়, ওই ৭০ বাংলাদেশিকে বহনকারী বাসটি পুরী যাচ্ছিল। হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। তখনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়িচালক। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত যাত্রীদের নিকটস্থ ক্যাপিটাল হাসপাতালে নিয়ে গেছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভুবনেশ্বরের এআইআইএমএসে নিয়ে যাওয়া হয়। ফিটনেসবিহীন বাসটি দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়েছে। অন্য যাত্রীদের পুরীতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
আগামীকাল বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু

আগামীকাল বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামীকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে অনুষ্ঠেয় বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে শুল্ক এবং ইরানের হুমকিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সম্প্রতি দুই দেশ অত্যন্ত জটিল কিছু বিষয় মোকাবেলা করছে। যার মধ্যে রয়েছে, ট্রাম্পের ইসরায়েলি আমদানির ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ। গাজায় যুদ্ধবিরতির বিষয় এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে ‘শুল্ক আরোপ, গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টা, ইসরায়েল-তুরস্ক সম্পর্ক, ইরানের হুমকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে লড়াই’ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই ইসরায়েলি নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে। ট্রাম্প গত সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের সঙ্গে এ নিয়ে আলোচনার জন্যে নেতানিয়াহুই হবেন ওয়াশিংটন ভ্রমণকারী প্রথম বিদেশি নেতা। বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, তিনি নেতানিয়াহুর কাছ থেকে শিগগিরই সফরের আশা করছেন।
বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ বিশ্বের বিভিন্ন দেশে বায়ুদূষণের মাত্রা যেন বেড়েই চলেছে। সেইসঙ্গে দিন দিন মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত হয়ে উঠছে। শনিবার রাতের বৃষ্টির পরও রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রায় কোন উন্নতি নেই। টানা কয়েক দিন ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ সকাল ৯টা নাগাদ আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬ষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। একই সময়ে, ২৯১ স্কোর নিয়ে প্রথম স্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এখানকার বাতাসের মান নাগরিকদের জন্যে ‘খুব অস্বাস্থ্যকর’।এছাড়াও একই তালিকায় ২২৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেপালের রাজধানী কাঠমান্ডু। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের শহর লাহোরের স্কোর ২০১ এবং রাজধানী ঢাকা ১৪৭ স্কোর নিয়ে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বাতাসের গুণমান নির্ধারণের একিউআই স্কেল অনুযায়ী ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বাংলাদেশের একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুসারে, বায়ু দূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী প্রতি বছর অন্তত ৭০ লাখ মানুষ মারা যায়।বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণ নাগরিকদের জন্যে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাড়ির বাইরে কম বের হতে বলা হয়েছে। শহরে সবুজায়ন ও গাছপালা বৃদ্ধির মাধ্যমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজ সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে মানব পাচার সংক্রান্ত বিমসটেক সাব-গ্রুপের তৃতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানব পাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহি করার জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সজাগ ও সক্রিয় রয়েছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পাচারের বিপদ সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করার করার জন্য বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে। উপদেষ্টা বলেন, বাংলাদেশ মানব পাচার মোকাবেলায় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, মানব পাচারের শিকার ভুক্তভোগীদের দক্ষতার সঙ্গে শনাক্তকরণ, তাদের চাহিদা মূল্যায়ন এবং উপযুক্ত পরিষেবা প্রদানকারীদের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি জাতীয় রেফারেল ব্যবস্থা (ওয়েব প্ল্যাটফর্মে হোস্ট করা)-সহ সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, মানব পাচারকারীদের বিচার দ্রুত করার জন্য নিবেদিত বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে এবং আমাদের জাতীয় কৌশলে সচেতনতামূলক প্রচারণাগুলোকে পদ্ধতিগতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উপরন্তু, আমরা বিমসটেক এবং অন্যান্য দেশের সঙ্গে এ বিষয়ে সহযোগিতা জোরদার করার জন্য আমাদের পারস্পরিক আইনি সহায়তা ব্যবস্থাকে প্রসারিত করেছি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য বিমসটেক সদস্য রাষ্ট্রগুলো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। এ বৈঠকে সেই পদক্ষেপ এবং অভিজ্ঞতাসমূহ বিনিময় করা হবে মর্মে আমি আশা করি। তিনি বলেন, পাচারকারীরা সরকারী উদ্যোগগুলিকে এড়িয়ে যাওয়ার জন্য ক্রমাগত নিত্য নতুন কৌশল গ্রহণ করে। তারা সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অর্থনৈতিক সংকট ও দারিদ্র্যকে কাজে লাগিয়ে ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে তাদের গোপন কার্যকলাপ এগিয়ে নেয়ার জন্য অভিবাসন রুটগুলোকে কাজে লাগাতে থাকে। এই অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি সম্মিলিত এবং কৌশলগত কর্মপদ্ধতি প্রয়োজন এবং সদস্য রাষ্ট্রগুলির মধ্যে গোয়েন্দা তথ্য ও সেরা অনুশীলন বিনিময়ের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম প্রদানে বিমসটেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত প্রয়াস আমাদের পাচার বিরোধী কৌশলকে আরও শক্তিশালী করতে সক্ষম করবে। উপদেষ্টা আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব বাংলাদেশকে অর্পণ করার জন্য এর সদস্য রাষ্ট্রগুলির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্ভুক্তিমূলক, কর্মমুখী এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে বিমসটেককে পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার সক্ষম এবং অনুপ্রেরণামূলক নেতৃত্বে আমরা আত্মবিশ্বাসী যে বিমসটেক আমাদের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক গভীরতর করার মাধ্যমে নতুন এক উচ্চতায় পৌঁছাবে। উপদেষ্টা আরও বলেন, এ বৈঠক মানব পাচার কৌশল নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং বিমসটেক অঞ্চল জুড়ে মানব পাচার রোধে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি উল্লেখযোগ্য সুযোগ প্রদান করেছে। তিনি বলেন, এ বৈঠকের ফলাফল শক্তিশালী নীতি তৈরি, এর কার্যকর প্রয়োগ এবং গভীর আঞ্চলিক সহযোগিতার জন্য অনুঘটক হিসেবে কাজ করবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং মানব পাচার সংক্রান্ত বিমসটেক সাব-গ্রুপের তৃতীয় সভার চেয়ারম্যান খন্দকার মো. মাহাবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিমসটেক সেক্রেটারিয়েট ঢাকার পরিচালক প্রশান্থ চান্দ্রান। সভায় বিমসটেকভুক্ত সাত সদস্য দেশের (বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান) মানব পাচার সংক্রান্ত সাব-গ্রুপের সংশ্লিষ্ট সদস্যগণ অংশগ্রহণ করেন।
সদ্য তোলা রঙিন ছবি না দিলে পদোন্নতি নয়

সদ্য তোলা রঙিন ছবি না দিলে পদোন্নতি নয় সদ্য তোলা রঙিন ছবি না দিলে পদোন্নতি দেওয়া হবে না বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত অতি জরুরি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএস-এর ব্যক্তিগত তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সকল ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যে সকল কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস-এর তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।