পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টার

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টার এ বছর পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ দুপরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ আহ্বান জানান। জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২৫ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপদেষ্টা চৈত্র সংক্রান্তি পালনের সঙ্গে পহেলা বৈশাখে বাতাসা, দই, চিড়া, মিষ্টি, ছাতুর সরবত, ভাত, শাক, সবজি ইত্যাদি খাওয়ার আহ্বান জানান। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মানুষ পহেলা বৈশাখে ইলিশ খায় কেমন করে। এ সময় তো ইলিশ পাওয়ার কথা নয়। পহেলা বৈশাখে পান্তা-ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়। এটি আমি পরিষ্কার করতে চাই। তিনি বলেন, পহেলা বৈশাখে যারা ইলিশ খাবেন, তারা জাটকা-ই খাবেন। একই সঙ্গে তারা আইন লঙ্ঘন করবেন। কাজেই বাজারে পাওয়াটাও আইনের লঙ্ঘন হয়। এই সময়ে আমরা জোরালোভাবে জাটকা সংরক্ষণ বিষয়ে সচেতন করার জন্য আমরা বলেছি। তিনি আরও বলেন, ১৪ এপ্রিল পান্তার সঙ্গে ইলিশ খাওয়া হয়, সেটা যেন না খাওয়া হয়, সেই অনুরোধ করব। কারণ এ সময় ইলিশ নয়, জাটকা খাওয়া হয়। সেই হিসেবে জাটকা সংরক্ষণ করে ইলিশে রূপান্তর করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এ বছর পান্তা-ইলিশ না খাওয়ারও আহ্বান জানাই। ফরিদা আখতার বলেন, যারা ঢাকায় থাকেন তারা পান্তা-ইলিশ চালু করেছেন। এটি আরোপিত সংস্কৃতি। বরং পহেলা বৈশাখের আগের দিন বাঙ্গালি সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো চৈত্র সংক্রান্তি, সেখানে কোনো আমিষ খাওয়া হয় না। সেদিন ১৪ রকমের শাক খাওয়া হয়। আপনারা চৈত্র সংক্রান্তি পালন করবেন। পহেলা বৈশাখে বাতাসা খান, দই, চিড়া, মিষ্টি, ছাতুর সরবত খান, ভাত, শাক, সবজি খান, ইলিশ বাদে অন্য মাছ খান। তিনি বলেন, কোল্ড স্টোরেজ থেকে মজুত করা ইলিশ বাজারে আসার একটা সম্ভাবনা রয়েছে। আমরা চাই না সেটা বাজারে আসুক। পহেলা বৈশাখে পান্তার সঙ্গে ইলিশ না খেয়ে ভর্তা, পোড়া মরিচ খেতে পারেন। জেলেরা তাদের জীবন-জীবিকা ঝুঁকিতে রেখে মাছ ধরা বন্ধ রাখতে পারেন। তাহলে আমরা কেন একদিন ইলিশ খাওয়া বন্ধ করতে পারব না? ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আগে দুর্গাপূজা আসুক, তখন দেখা যাবে। আমাদের ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ছিল। সেটি এখনো আছে। তবে আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য কিছু ছাড় দিয়েছি। সেখানে নিদিষ্ট কিছু দেশে আছে যেখানে আমাদের বাংলাদেশিরা রয়েছে তাদের ইলিশ খাওয়ানোর জন্য এটি করা হয়েছে। বাংলাদেশে যখন ইলিশ ধরা বন্ধ থাকে, তখন ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ ধরে নিয়ে যায়, এ বিষয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, এবার সেই সুযোগ নেই। আমরা বৈজ্ঞানিকভাবে সময়টা নির্ধারণ করেছি। ভারতও বৈজ্ঞানিকভাবে কিছু একটা করে। এখন আর সেই সুযোগ থাকবে না।

 গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত; নাচোলে আহত ১

 গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত; নাচোলে আহত ১ গোমস্তাপুর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় নুর আহমেদ  নামে এক শিশু নিহত হয়েছে। অন্যদিকে নাচোলে এক ভ্যানচালক আহত হয়েছেন। নিহত শিশু নুর আহমেদ গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের জসিমউদ্দিনের ছেলে। গত কাল  সন্ধ্যার দিকে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের এনায়েতপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের বরাত দিয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, বাবা-মায়ের সঙ্গে নুর আহমেদ উপজেলার পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করার সময় শিশুটি হঠাৎ করে দৌড় দিলে রহনপুর থেকে ছেড়ে যাওয়া আড্ডাগামী মাইক্রোবাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু নুর আহমেদের মৃত্যু হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি রইস উদ্দিন। অন্যদিকে রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার মোড়ে সড়ক দুর্ঘটনায় মো. আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তি নাচোল উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকারা হতে ভ্যান চালিয়ে বাড়ি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আমিনুলের ভ্যানে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি থানায় নিয়ে আসে। তবে ট্রাক চালক পালিয়ে যায়।

বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন বিদেশী পর্যটকদের

বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন বিদেশী পর্যটকদের রাজশাহীর গোদাগাড়ীতে বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন করেছেন বিদেশী পর্যটক দল। আজ দুপুরে পাঠশালাটি পরিদর্শনে আসে পর্যটক দলটি। পর্যটক দলের ১২ জন বেলজিয়াম ও একজন নেদারল্যান্ডসের নাগরিক। এদের মধ্যে ৭ জন নারী ও ৬ জন পুরুষ। দলের নেতৃত্ব দেন বেলজিয়াম নাগরিক অ্যানাবেল ভারগেলস। বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার নামে একটি পর্যটন সংস্থা তাদের এ বিদ্যালয়ে নিয়ে আসে। বেলা সোয়া ১২টার দিকে পর্যটক দল বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। এ সময় তাদের সামনে কোলদের ঐতিহ্যবাহী ঝুমুরসহ অন্যান্য নাচ-গান প্রদর্শন করা হয়। এ সময় পর্যটকরা শিক্ষার্থীদের পড়ালেখার অবস্থা সম্পর্কে জানতে চান। তাদের পারিবারিক বিষয়ে খোঁজখবর নেন। শেষে শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরণ করা হয়। পর্যটক দলের অন্য সদস্যরা হলেনÑ বেলজিয়ামের নাগরিক মার্গারেট ভার্স্ট্রিপেন, মার্কেল ডিয়ালেন্স, কার্ট ভ্যান ডের কুইলেন, রিলে ভ্যান ডেন কিইবুম, হ্যানস হিলিবুয়েক, আন্নে-মিয়েকে মেলফেইট, লুটগার্ড ভ্যান ডেন কীবাস, আন্নে মেয়েনস, রিটা ভ্যান লুই, রুডি মাইকেলস, মারিয়া ডি বুশ্চার ও নেদারল্যান্ডসের নাগরিক জন ক্লোয়েক। এছাড়া পর্যটন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহাদি হাসান, রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর ও আইনজীবী নাজিব ফেরদৌস এবং বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, বিমল হাঁসদাক, নির্মল কোল, খ-কালীন শিক্ষক ট্রেম হাঁসদা, কম্পিউটার অপারেটর মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া দিবস উদযাপন ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে রবিবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে প্রীতি হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানসহ জেলার ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর

ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে সকল প্রকার আমদানী-রপ্তানী ও সিএন্ডএফ সংক্রান্ত কার্যক্রম গত ২৮ মার্চ থেকে গত ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯দিন বন্ধের পর গতকাল থেকে যথারীতি পূণরায় চালু হয়েছে। কর্মচঞ্চল হয়েছে বন্দর। বন্দর সূত্র জানায়, ৯ দিন বন্ধের মধ্যে গত ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি যুক্ত ছিলো। এরপর সোনামসজিদ আমদানী রপ্তানীকারক গ্রুপ ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে ঈদ উপলক্ষে ২৯ মার্চ শনিবার থেকে ৮দিন টানা বন্দরে আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ ঘোষণা করে। তবে ছুটির মধ্যে বন্দরে আভ্যন্তরীন লোড-আনলোড, জরুরী পণ্য পরিবহনসহ কিছু কার্যক্রম চালু ছিল। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান ও বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অপারেশন কামাল খান বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে বন্দরে আমদানীকৃত ভারতীয় পন্যবাহী ট্রাক প্রবেশ শুরু করে। এর মধ্যে রয়েছে চাল,পাথর,খইল, ভূষি, নারিকেল সহ বিভিন্ন পন্যবাহী ট্রাক। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন পথে ভারতের সাথে যাত্রী চলাচল ঈদের দিনসহ প্রতিদিনই চালু ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন সূত্র।

শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য-অর্থ সহায়তা বিতরণ

শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য-অর্থ সহায়তা বিতরণ শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে খাদ্য, নতুন পোশাক ও অর্থ সহায়তা দেয়া হয়েছে। আজ বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তির মোড় এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, গতকাল রাতে আগুনে চারটি পরিবারের বসতঘর ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য, নতুন পোশাক ও অর্থ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সব সময় রয়েছে উপজেলা প্রশাসন। এদিকে খাদ্য, পোশাক ও অর্থ সহায়তা পেয়ে শ্রী সুবাস আবেগ আপ্লত হয়ে পড়েন। উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ক্ষতিগ্রস্তরা। এ সময় উপস্থিত শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক রানাসহ জনপ্রতিনিধিরা। এর আগে গতকাল রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তির মোড় এলাকায় আগুনে ৪ টি পরিবারের বসতঘরসহ আসবাবপত্র ভষ্মীভূত হয়। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়ার দাবি, আগুনে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।

দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এলো মার্চে

দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এলো মার্চে একক মাসে হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এলো সদ্য বিদায়ী মাস মার্চে। ঈদের আগের মাস মার্চে প্রবাসী আয় এলো ৩২৯ কোটি মার্কিন ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৪৭ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। একক মাস হিসেবে এত বেশি প্রবাসী আয় কখনো আসেনি। আজ এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: আরিফ হোসেন খান। মার্চ মাসে আসা প্রবাসী আয় আগের বছরের মার্চের তুলনায় ৬৪ দশমিক ৭০ শতাংশ বেশি। আগের বছরের মার্চ মাসে এসেছিল ১৯৯ কোটি ৭০ লাখ ডলার। আর আগের মাস ফেব্রুয়ারিতে এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ডলার। ঈদের আগের মাসে প্রবাসীরা দেশে স্বজনদের খরচের জন্য বেশি বেশি প্রবাসী আয় পাঠান। সেজন্য অন্য মাসের তুলনায় ঈদের মাসে প্রবাসী আয় বৃদ্ধি পায়। আগের যেকোনো ঈদের আগের মাসের চেয়ে বেশি প্রবাসী আয় এলো সদ্য বিদায়ী মাসে। এমনকি করোনা মহামারির সময়ও বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। করোনার সময়ের সেই আয়কেও পেছনে ফেলেছে মার্চের প্রবাসী আয়। চলতি অর্থবছরে বেশি প্রবাসী আয় আনে অক্টোবরে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার; ২০২৩-২৪ অর্থবছর জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে ২৫৯ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার। বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে বেশ কিছু উদ্যোগ নেওয়ার ফলে বাড়তে থাকে প্রবাসী আয়। চলতি অর্থবছরের জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রবাসীরা যোগ দিয়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানো কমিয়ে দেয়। ৫ আগষ্ট শেখ হাসিনার পতন হলে প্রবাসীরা বৈধপথে রেমিট্যান্স পাঠানো বাড়িয়ে দেয়। এরপর প্রায় প্রতিমাসেই প্রবাসী আয় বাড়তে থাকে। সর্বশেষ ঈদের আগের মাস মার্চে সর্বোচ্চ প্রবাসী আয় আসে, একক মাস হিসেবে যা অতীতের সব রেকর্ড ভাঙল।

শুল্ক আরোপ: ৪৮ ঘণ্টার মধ্যে দুই চিঠি যাবে যুক্তরাষ্ট্রে

শুল্ক আরোপ: ৪৮ ঘণ্টার মধ্যে দুই চিঠি যাবে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে দুটি চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাছে এবং বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি চিঠি ইউএসটিআরের কাছে পাঠানো হবে। আজ বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। বৈঠকে চারজন উপদেষ্টা, একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি, একজন স্পেশাল অ্যাম্বাসেডর, দশজনের মতো সচিব এবং বড় ব্যবসায়ীদের মধ্য থেকে চারজন প্রতিনিধি ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রতিনিয়ত তাদের সঙ্গে আমরা কথা বলছি ইউএসএ অফিশিয়াল। সেটা ঢাকায় তাদের এমব্যাসি অফিসিয়াল, ওদিক দিয়ে ইউএসএ এর ইউএসটিআর। আমাদের যেটা সিদ্ধান্ত যে আমরা দুটি চিঠি দেব। দুটি চিঠি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের প্রধান উপদেষ্টার তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। আর একটা চিঠি যাবে আমাদের বাণিজ্য উপদেষ্টা তরফ থেকে ইউএসটিআর’র কাছে। চিঠিতে কী লেখা থাকবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চিঠিতে কী কী থাকবে, কি ধরনের ল্যাঙ্গুয়েজ সেটা নিয়েই আজকে আলোচনা হয়েছে। আজকে চারজন উপদেষ্টা ছিলেন, একজন হাইলি রিপ্রেজেন্টার ছিলেন, একজন স্পেশাল অ্যাম্বাসেডর, আমাদের প্রায় দশজনের মতো সেক্রেটারি ছিলেন, যারা বড় ব্যবসায়ী তাদের মধ্য থেকে চারজন প্রতিনিধি ছিলেন। সবার সঙ্গে কথা হয়েছে, কথা হওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে – খুব দ্রুত ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি যাবে। তিনি বলেন, চিঠিতে যাই থাকুক সেটা আমাদের ব্যবসাবান্ধব হবে। আমাদের বাংলাদেশের ব্যবসার স্বার্থটা দেখা হবে। বাংলাদেশের সঙ্গে কম্পিটিটিভ যেসব কান্ট্রি আছে তাদের চেয়ে আমরা আরো ব্যবসাবান্ধব হব, এই চিঠিটা হবে। আরো বেশি ব্যবসাবান্ধব হবে, যাতে করে যুক্তরাষ্ট্র এবং আমাদের দুই পক্ষের জন্যই উইন উইন সিচুয়েশন হয় এবং আমাদের জন্য মার্কেট এক্সেসটা যেন আরো বাড়ে। শফিকুল আলম আরো বলেন, আমরা চাই যুক্তরাষ্ট্র পৃথিবীর লার্জেস্ট মার্কেট, সেখানে আমাদের আরো অনেক বিলিয়ন ডলার রপ্তানি করার সুযোগ আছে। যেটা আমাদের উপদেষ্টারা এবং ব্যবসায়ী নেতারা আজকে বললেন।

সকালে গ্যাস্ট্রিকের সমস্যা? দূর করবেন যেভাবে

সকালে গ্যাস্ট্রিকের সমস্যা? দূর করবেন যেভাবে সকালে ঘুম থেকে ওঠার পরে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হয়। কী করলে বা কী খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তা অনেকেই জানেন না। গ্যাস্ট্রিকের ওষুধ সাময়িক সমাধান দিতে পারে ঠিকই তবে দীর্ঘমেয়াদে তা নানা শারীরিক অসুবিধার সৃষ্টি করতে পারে। তবে সবচেয়ে ভালো হয় প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান করলে। চলুন জেনে নেওয়া যাক- ১. আদার রস ও পানি আদার রসের অনেক উপকারিতার মধ্যে একটি হলো, এটি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে কাজ করে। এক চামচ আদার রসের সঙ্গে এক কাপ পানি মিশিয়ে খেয়ে নিন‌। অথবা শুধু এক টুকরো আদা চিবিয়ে খেয়েও পানি খেতে পারেন। এভাবে নিয়মিত খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে। ২. পুদিনার পানি পুদিনাপাতা বিভিন্ন খাবারে স্বাদ ও গন্ধ যুক্ত করতে সাহায্য করে। তবে এখানেই শেষ নয়, এর রয়েছে অনেক উপকারিতাও। এই পাতার পানি গ্যাস কমাতেও সমান কার্যকরী। নিয়মিত পুদিনা পাতা সেদ্ধ করা পানি পান করতে পারেন। এই পাতা কাঁচা চিবিয়ে খেলেও উপকার পাবেন। ৩. মৌরি ভেজানো পানি মৌরি ভেজানো পানি গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে। শুধু পানিই নয়, এর সঙ্গে মৌরিগুলোও চিবিয়ে খেয়ে নিতে পারেন। তাতে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হওয়ার পাশাপাশি আরও অনেক উপকার মিলবে। ৪. জিরা ভেজানো পানি জিরার অনেক উপকারিতা। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতেও এটি কাজ করে। জিরা ভেজানো পানি মৌরি ভেজানো পানির মতোই কাজ করে। প্রতিদিন সকালে পরিমিত পরিমাণে জিরা ভেজানো পানি পান করলে তা পেটে জমে থাকা গ্যাস বের করে দিতে সাহায্য করে। এতে পেট ঠান্ডা হয়। ৫. হালকা গরম পানি সকালে উঠে খালি পেটে পান করতে পারেন হালকা গরম পানি। হালকা গরম পানি পান করলে তা পেটের তাপমাত্রার হেরফের ঘটিয়ে গ্যাস বেরিয়ে যেতে সাহায্য করে। সেইসঙ্গে এটি পেট পরিষ্কার করতেও সাহায্য করে।

মাকে হারালেন জ্যাকলিন ফার্নান্দেজ

মাকে হারালেন জ্যাকলিন ফার্নান্দেজ বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ মারা গেছেন। আজ সকালে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। টাইমস নাউ এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়েন জ্যাকলিনের মা কিম। লীলাবতী হাসপাতালের আইসিইউ-তে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) রাখা হয় তাকে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় মারা যান তিনি। সকাল থেকে হাসপাতালে রয়েছেন জ্যাকলিন, তার বাবা এলরয় ফার্নান্দেজ ও পরিবারের সদস্যরা। কয়েক দিন আগে কিম ফার্নান্দেজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। এতে ক্ষোভ প্রকাশ করেছিলেন জ্যাকলিন। আজ মায়ের মৃত্যুর খবর জানিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি ‘কিক’খ্যাত এই তারকা। ২০২২ সালের শুরুতে জ্যাকলিনের মা কিম ফার্নান্দেজ অসুস্থ হয়ে পড়েন। স্ট্রোক হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। কিছু দিন আগে ইন্ডিয়া টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকলিন বলেন, “আমি সবসময়ই মায়ের কাছ থেকে সাপোর্ট পেয়েছি। প্রতিটি কঠিন সময়ে মা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি।” সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম ওঠার পর তার সবকিছু এলোমেলো হয়ে যায়। ফলে, অনেক কাজও হারিয়েছেন। গত বছর হলিউডের একটি সিনেমায় দেখা গেলেও বলিউডের কোনো সিনেমায় অভিনয় করেননি। জ্যাকলিন অভিনীত মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা ‘ফাতেহ’। ৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করছেন অভিনেতা সোনু সুদ। নির্মাণের পাশাপাশি জ্যাকলিনের বিপরীতে অভিনয়ও করেছেন তিনি। গত ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বর্তমানে জ্যাকলিনের হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো— ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’, ‘হাউজফুল ফাইভ’।