বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল-অভিনেত্রী মুনমুন

বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল-অভিনেত্রী মুনমুন বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। নববধূও অভিনয় জগতের। অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে মালা বদল করলেন জামিল। রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের। বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা জামিল হোসেন নিজেই। ফেসবুকে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করেছেন জামিল। তাতে দেখা গেছে, মাথায় পাগড়ি, পায়ে নাগরা জুতো ও গায়ে শেরওয়ানিতে বরবেশে অভিনেতা জামিল। অন্যদিকে বিয়ের গর্জিয়াস লাল শাড়ি পরে হাতে চুড়ি, গলায় হার ও মাথায় টিকলিতে বধূ সাজে মুনমুন। দুজনেই একে অপরের হাত ধরে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল। ছবির ক্যাপশনে জামিল লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। মন্তব্যের ঘরে ভক্তদের পাশাপাশি তাদের নতুন জীবনের শুভকামনা জানিয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানম নাদিয়াসহ আরও অনেকে। ছোট পর্দার অভিনেত্রী মুনমুন নাটকের বেশ চেনা মুখ। জামিলের সঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি। শুটিং সেট থেকেই দুজনের পরিচয় ও পরে প্রণয়। অবশেষে সেই প্রণয়কে পরিণতি দিলেন এ যুগল।

মেসির গোলে হার এড়াল ইন্টার মায়ামি

মেসির গোলে হার এড়াল ইন্টার মায়ামি প্রথমার্ধে দুইবার জালে বল পাঠাল ইন্টার মায়ামি। তবে লাভ হয়নি। উল্টো যোগ করা সময়ে হজম করে বসে তারা। তিন মিনিটের মধ্যেই অবশ্য শোধ করে ফেলে ক্লাবটি। হারের কবল থেকে দলকে রক্ষা করেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের ম্যাচে আজ টরন্টো এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে মায়ামি। টরন্টোর হয়ে ফেডেরিকো বের্নারদেশি দলকে এগিয়ে নেওয়ার পর মায়ামিকে সমতায় ফেরান আর্জেন্টাইন সুপারস্টার। যদিও ড্র করে তার দল শীর্ষস্থান থেকে নিচে নেমে গিয়েছে। তবে এক ম্যাচ কম খেলেছ তারা। ম্যাচ শুরু হওয়ার পর সমান তালেই লড়াই চালাতে থাকে দুদল। এর মধ্যে ২৪তম মিনিটে সুযোগ পান মেসি। তবে বক্স থেকে তার নেওয়া শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ৪০তম মিনিটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা। তবে ভিএআর সেটি বাতিল করে। প্রথমার্ধের যোগ করা সময়ে টরন্টোকে এগিয়ে নেন ফেডেরিকো। ইনসিনিয়ের পাস বক্সের ভেতর থেকে জালে পাঠান ইতালিয়ান উইঙ্গার। তিন মিনিট পর মায়ামিকে সমতায় ফেরান মেসি। বক্সের একটু সামনে সেগোভিয়ার পাস ডান পায়ে ঠেকিয়ে বাঁ পায়ের ভলিতে জাল খুঁজে নেন তিনি। লিগের চলতি মৌসুমে মেসির তৃতীয় গোল এটি। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল হলো ছয়টি। বিরতির পর লড়াই চলতে থাকে আগের মতোই। তবে গোলের দেখা পায়নি কেউই। ফলে ড্র নিয়ে ১৪ পয়েন্টে দুইয়ে মায়ামি। এক ম্যাচ বেশি খেলা কলম্বাস ক্রু ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।

প্রিমিয়ার লিগে দ্রুততম অবনমনে রেকর্ড সাউদাম্পটনের

প্রিমিয়ার লিগে দ্রুততম অবনমনে রেকর্ড সাউদাম্পটনের ৩১ ম্যাচে স্রেফ ২ জয়! সঙ্গে ৪ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে দ্রুত রেলিগেশন হয়েছে সাউদাম্পটনের। গতকাল টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩-১ ব্যবধানের হারে রেলিগেশন নিশ্চিত হয়েছে ক্লাবটির। লন্ডনে প্রথমার্থেই জোড়া গোল করে টটেনহ্যামের জন্য জয় সহজ করে দেন ব্রেন্নান জনসন। ত্রয়োদশ মিনিটে জে স্পেন্সের দারুণ এক কাটব্যাক থেকে প্রথম গোলটি করেন তিনি। ৪২তম মিনিটে করেন পরের গোলটি। সতীর্থের ক্রস থেকে আসা বল হেডে জনসনকে বাড়ান ম্যাডিসন। সহজেই সেটি জালে পাঠান এই ফরোয়ার্ড। বিরতির পর অবশ্য শেষ মুহূর্তে গিয়ে গোল পায় সাউদাম্পটন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোলটি করেন ম্যাথিউস ফার্নান্দেস। পাঁচ মিনিট পর আরও একটি গোল হজম করে বসে রেলিগেসনে যাওয়া দলটি। পেনাল্টি থেকে গোলটি করেন ম্যাথিস টেল। একইসঙ্গে সাত ম্যাচ আগেই রেলিগেসন নিশ্চিত হয়ে যায় সাউদাম্পটনের।

গঙ্গায় নিঃশব্দ মৃত্যু! বিপন্ন ৬ হাজার ডলফিন

গঙ্গায় নিঃশব্দ মৃত্যু! বিপন্ন ৬ হাজার ডলফিন ভারতের দীর্ঘতম ও পবিত্র নদী গঙ্গা একসময় হাজার হাজার ডলফিনের প্রাণচাঞ্চল্যে মুখর ছিল। এখন সেই নদীর বুকেই ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে প্রায় ৬ হাজার ডলফিন—যাদের অস্তিত্ব আজ মারাত্মক হুমকির মুখে। গাঙ্গেয় ডলফিন ভারতের জাতীয় জলজ প্রাণী। এই ডলফিন সাধারণত গঙ্গা-ব্রহ্মপুত্র নদীব্যবস্থায় বাস করে। এরা আলাদা এক প্রজাতি—সামুদ্রিক ডলফিনের মতো পানিতে লাফিয়ে চলাফেরা করে না। চোখেও দেখতে পায় না বললেই চলে। এরা ঘোলা নদীর তলদেশ ঘেঁষে সাঁতার কাটে, প্রতিধ্বনির ওপর নির্ভর করে পথ খোঁজে। সাম্প্রতিক এক সরকারি জরিপে দেখা গেছে, ভারতে নদীতে বসবাসকারী ডলফিনের সংখ্যা ৬ হাজার ৩২৭। এর মধ্যে ৬ হাজার ৩২৪টি গাঙ্গেয় ডলফিন, বাকি তিনটি সিন্ধু ডলফিন। সিন্ধু ডলফিন মূলত পাকিস্তানে বেশি দেখা গেলেও কিছু ভারতে চলে আসে, কারণ নদীটি দুই দেশ মিলে ভাগ করে নেয়। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অব নেচার (আইইউসিএন) এই দুই ধরনের ডলফিনকেই ‘বিপন্ন প্রাণী’ হিসেবে তালিকাভুক্ত করেছে। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতের ‘ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট’র গবেষকরা ১০টি রাজ্যের ৫৮টি নদীতে জরিপ চালান। সেখানেই মেলে ভয়াবহ চিত্র। বিশেষজ্ঞদের মতে, গাঙ্গেয় ডলফিন মূলত সামুদ্রিক ডলফিনের বিবর্তিত রূপ। লক্ষ লক্ষ বছর আগে প্লাবনের সময় ডলফিনেরা নদীতে এসে আটকা পড়ে এবং ধীরে ধীরে খাপ খাইয়ে নেয়। এই ডলফিন প্রজাতির প্রজনন হারও কম। স্ত্রী ডলফিন ছয় থেকে দশ বছরে প্রজননক্ষম হয় এবং দুই থেকে তিন বছর অন্তর মাত্র একটি করে বাচ্চা জন্ম দেয়। বিশেষজ্ঞদের ভাষায়, ১৯৮০ সাল থেকে অন্তত ৫০০টির বেশি ডলফিন মারা গেছে। বেশিরভাগই মাছ ধরার জালে আটকা পড়ে, আবার অনেককে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়। ডলফিনের মাংস এবং শরীর থেকে প্রাপ্ত তেল মাছ ধরার টোপ হিসেবে ব্যবহৃত হয়। তবে আরও ভয়াবহ দিক হলো—অনেক জেলে আইনগত জটিলতা এড়াতে ডলফিন হত্যার ঘটনা গোপন রাখেন। ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ডলফিন শিকার আইনত দণ্ডনীয় অপরাধ হলেও প্রয়োগের ঘাটতি রয়ে গেছে। এছাড়া নদীতে ক্রমবর্ধমান ক্রুজ পর্যটন পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীতে এখন নিয়মিতভাবে চলাচল করছে বিলাসবহুল জাহাজ। আর এতে ভয় পাচ্ছেন সংরক্ষণবাদীরা। ভারতের পরিবেশবিদ রবীন্দ্র কুমার সিনহা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেন, ডলফিন শব্দের প্রতি খুব সংবেদনশীল। ক্রুজ চলাচল বাড়তে থাকলে গাঙ্গেয় ডলফিন বিলুপ্তির দিকে যেতে পারে—যেমনটা চীনের ইয়াংজি নদীর বাইজি ডলফিনের সঙ্গে হয়েছিল। চোখে দেখতে না পারা, ধীর সাঁতারের গতি এবং শব্দভিত্তিক দিকনির্দেশনার ওপর নির্ভরশীলতার কারণে এই ডলফিন প্রজাতিটি প্রায়ই নৌকা বা বড় জাহাজের সঙ্গে সংঘর্ষে পড়ে যায়। তবে এত প্রতিকূলতার মধ্যেও কিছু আশার খবর রয়েছে। ২০০৯ সালে গাঙ্গেয় ডলফিনকে জাতীয় জলজ প্রাণী হিসেবে ঘোষণা করে ভারত সরকার। এরপর ২০২০ সালে প্রণীত জাতীয় কর্মপরিকল্পনা এবং ২০২৪ সালে স্থাপিত একটি গবেষণা কেন্দ্র ডলফিন সংরক্ষণে ভূমিকা রেখেছে। রবীন্দ্র কুমার সিনহা বলেন, হ্যাঁ, আমরা কিছুটা অগ্রগতি করেছি। তবে এখনও অনেক পথ বাকি। এই প্রাণীকে বাঁচাতে আমাদের হাতে সময় খুব কম।

গাজায় ইসরায়েলের বো*মাবর্ষণ চলছেই, আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহ*ত

গাজায় ইসরায়েলের বো*মাবর্ষণ চলছেই, আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহ*ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার (৬ এপ্রিল) রাতভর বোমাবর্ষণে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাজার মধ্যাঞ্চল দেইর আল-বালাহের পাঁচটি এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এই হামলার বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। এর আগে বাসিন্দাদের ওই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এছাড়া একটি মেডিকেল সূত্রের বরাতে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা শহরের পূর্বে আল-নাখিল স্ট্রিটে ইসরায়েলি কামানের গোলাবর্ষণে আট শিশুসহ দশজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আরেকটি মেডিকেল সূত্র জানিয়েছে, গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়া লক্ষ্য করে বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। এদিকে গাজার জাওয়াইদা এলাকায় একটি বাস্তুচ্যুত শিবিরে ড্রোন হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আরেকটি সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা ফেললে আটজন নিহত হয়েছেন।রোববারের নিহতের সংখ্যাসহ গত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ভূখণ্ডটিতে প্রাণহানি প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় কমপক্ষে ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন। তবে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

শুল্ক নিয়ে অনড় ট্রাম্প, দেশে দেশে অস্থিরতা

শুল্ক নিয়ে অনড় ট্রাম্প, দেশে দেশে অস্থিরতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টারা আমদানির ওপর ব্যাপক শুল্ক আরোপের পক্ষেই কথা বলে যাচ্ছেন। বাজারের অস্থিরতা এবং বাণিজ্যযুদ্ধ এড়াতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানানো সত্ত্বেও তারা এই নীতি বজায় রাখার বিষয়ে অনড় মনোভাব দেখিয়েছেন। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে বিভিন্ন দেশে চলছে টানাপোড়েন। বিভিন্ন দেশের শেয়ারবাজারে অস্থিরতা বিরাজ করছে। বিভিন্ন দেশ এরইমধ্যে শুল্ক নিয়ে আলোচনায় বসতে চাইছে বলে দাবি ট্রাম্প প্রশাসনের। টেলিভিশনে একাধিক সাক্ষাৎকারে, ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট সাম্প্রতিক শেয়ারবাজারের পতনকে গুরুত্বহীনভাবে উল্লেখ করেছেন। আর বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জোর দিয়ে বলেছেন যে পরিকল্পনা অনুযায়ী পারস্পরিক শুল্ক কার্যকর করা হবে। বেসেন্ট বলেন, অস্থিরতার ফলে মন্দা আসবে এমন কোনো কারণ নেই। ‘এটি একটি সমন্বয় প্রক্রিয়া’, বলেন তিনি। এদিকে আরেক শীর্ষ উপদেষ্টা কেভিন হ্যাসেট বলছেন, ৫০টিরও বেশি দেশ একটি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ারের সূচক ৫ শতাংশেরও বেশি কমেছে, যেখানে এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ৬ শতাংশ কমেছে। ২০২০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার সবচেয়ে বাজে সপ্তাহ পার করল। এই নাজুক অবস্থা চলতি সপ্তাহেও অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক মন্দার আশঙ্কা ৬০ শতাংশ, যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জায়ান্ট জেপি মরগান ভবিষ্যৎবাণীতে এমনটিই বলেছে। রোববার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইউরোপ ও এশিয়ার দেশগুলো ‘একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছে। ’ পণ্যের দাম দ্রুত বেড়ে যাওয়া এবং বাজারে মন্দার আশঙ্কার প্রেক্ষাপটে আমেরিকান ভোক্তাদের ‘সহনসীমা’ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখান প্রেসিডেন্ট ট্রাম্প। অস্থিরতার বিষয়ে প্রশ্ন করলে বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক রোববার সিবিএস নিউজকে জানান, সব ধরনের আমদানির ওপর ১০ শতাংশ ‘বেসলাইন’ শুল্ক আগামী দিনগুলোতে অবশ্যই বহাল থাকবে। তালিকায় থাকা প্রায় ৬০টি দেশের ওপর উচ্চতর শুল্ক ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। শুল্ক সম্পর্কে জিজ্ঞেস করা হলে লুটনিক বলেন, ‘সবকিছুই কার্যকর হবে। তিনি (ট্রাম্প) যা ঘোষণা করেছেন, সবই বাস্তবায়ন হবে এবং তিনি রসিকতা করে কিছু করেননি। ’ ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার দাবি, ৫০টিরও বেশি দেশ আলোচনা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছে। তবে কোন কোন দেশ তালিকায় রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। সৌদি আরবের শেয়ার বাজারে প্রায় সাত শতাংশ দরপতন হয়েছে –যা মহামারির পর থেকে এ পর্যন্ত একদিনে সবচেয়ে বড় ক্ষতি বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ইন্দোনেশিয়া ও তাইওয়ান জানিয়েছে, তাদের পণ্যের ওপর ৩২ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার বিপরীতে প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপ করবে না তারা। ভিয়েতনাম ট্রাম্পকে অনুরোধ করেছে, তাদের ওপর আরোপ করা ৪৬ শতাংশ শুল্ক যেন অন্তত ৪৫ দিন পর কার্যকর করা হয়। আর চীন তো মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ট্রাম্পের শুল্ক নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সতর্ক করে বলেন, পৃথিবীকে আমরা আগে যেভাবে চিনতাম এখন তা বদলে গেছে। ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুল্ক নিয়ে অনড় ট্রাম্প, দেশে দেশে অস্থিরতা

শুল্ক নিয়ে অনড় ট্রাম্প, দেশে দেশে অস্থিরতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টারা আমদানির ওপর ব্যাপক শুল্ক আরোপের পক্ষেই কথা বলে যাচ্ছেন। বাজারের অস্থিরতা এবং বাণিজ্যযুদ্ধ এড়াতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানানো সত্ত্বেও তারা এই নীতি বজায় রাখার বিষয়ে অনড় মনোভাব দেখিয়েছেন। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে বিভিন্ন দেশে চলছে টানাপোড়েন। বিভিন্ন দেশের শেয়ারবাজারে অস্থিরতা বিরাজ করছে। বিভিন্ন দেশ এরইমধ্যে শুল্ক নিয়ে আলোচনায় বসতে চাইছে বলে দাবি ট্রাম্প প্রশাসনের। টেলিভিশনে একাধিক সাক্ষাৎকারে, ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট সাম্প্রতিক শেয়ারবাজারের পতনকে গুরুত্বহীনভাবে উল্লেখ করেছেন। আর বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জোর দিয়ে বলেছেন যে পরিকল্পনা অনুযায়ী পারস্পরিক শুল্ক কার্যকর করা হবে। বেসেন্ট বলেন, অস্থিরতার ফলে মন্দা আসবে এমন কোনো কারণ নেই। ‘এটি একটি সমন্বয় প্রক্রিয়া’, বলেন তিনি। এদিকে আরেক শীর্ষ উপদেষ্টা কেভিন হ্যাসেট বলছেন, ৫০টিরও বেশি দেশ একটি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ারের সূচক ৫ শতাংশেরও বেশি কমেছে, যেখানে এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ৬ শতাংশ কমেছে। ২০২০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার সবচেয়ে বাজে সপ্তাহ পার করল। এই নাজুক অবস্থা চলতি সপ্তাহেও অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক মন্দার আশঙ্কা ৬০ শতাংশ, যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জায়ান্ট জেপি মরগান ভবিষ্যৎবাণীতে এমনটিই বলেছে। রোববার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইউরোপ ও এশিয়ার দেশগুলো ‘একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছে। ’ পণ্যের দাম দ্রুত বেড়ে যাওয়া এবং বাজারে মন্দার আশঙ্কার প্রেক্ষাপটে আমেরিকান ভোক্তাদের ‘সহনসীমা’ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখান প্রেসিডেন্ট ট্রাম্প। অস্থিরতার বিষয়ে প্রশ্ন করলে বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক রোববার সিবিএস নিউজকে জানান, সব ধরনের আমদানির ওপর ১০ শতাংশ ‘বেসলাইন’ শুল্ক আগামী দিনগুলোতে অবশ্যই বহাল থাকবে। তালিকায় থাকা প্রায় ৬০টি দেশের ওপর উচ্চতর শুল্ক ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। শুল্ক সম্পর্কে জিজ্ঞেস করা হলে লুটনিক বলেন, ‘সবকিছুই কার্যকর হবে। তিনি (ট্রাম্প) যা ঘোষণা করেছেন, সবই বাস্তবায়ন হবে এবং তিনি রসিকতা করে কিছু করেননি। ’ ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার দাবি, ৫০টিরও বেশি দেশ আলোচনা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছে। তবে কোন কোন দেশ তালিকায় রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। সৌদি আরবের শেয়ার বাজারে প্রায় সাত শতাংশ দরপতন হয়েছে –যা মহামারির পর থেকে এ পর্যন্ত একদিনে সবচেয়ে বড় ক্ষতি বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ইন্দোনেশিয়া ও তাইওয়ান জানিয়েছে, তাদের পণ্যের ওপর ৩২ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার বিপরীতে প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপ করবে না তারা। ভিয়েতনাম ট্রাম্পকে অনুরোধ করেছে, তাদের ওপর আরোপ করা ৪৬ শতাংশ শুল্ক যেন অন্তত ৪৫ দিন পর কার্যকর করা হয়। আর চীন তো মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ট্রাম্পের শুল্ক নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সতর্ক করে বলেন, পৃথিবীকে আমরা আগে যেভাবে চিনতাম এখন তা বদলে গেছে। ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

প্রচারে পোস্টার নয়, আচরণবিধি মানাতে সর্বোচ্চ কঠোর হবে : ইসি

প্রচারে পোস্টার নয়, আচরণবিধি মানাতে সর্বোচ্চ কঠোর হবে : ইসি নির্বাচনি প্রচারে পোস্টার না রাখার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আচরণবিধি পালন নিশ্চিতে সর্বোচ্চ কঠোর হবে সংস্থাটি। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আচরণ বিধিমালার খসড়া করার জন্য বসেছিলাম। প্রায় চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত করে কমিশনে প্লেস করবো৷ এরপর কমিশন চূড়ান্ত করবে। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন ও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করবো। আশা করি চমৎকার আচরণবিধি হবে। তিনি বলেন, নির্বাচনি ব্যয় ন্যূনতম রেখে যাতে শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় গ্রামীণ পর্যায়ে একেবারে লেবেল প্লেয়িং ফিল্ডে যেন প্রচার প্রচারণা করতে পারে, সে ধরনের একটা মনোভাব নিয়ে করতে চাচ্ছি। এক্ষেত্রে আরপিও যেখানে সংশোধন করার প্রযোজন হবে সেখানে সংশোধন করা হবে। পোস্টার কি রাখতে চাচ্ছেন না, এমন প্রশ্ন করা হলে এ নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব এরকমই। সে প্রস্তাবকে ভালোই মনে করছি। সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে। গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে সেগুলোও ভাবছি। আমরা সর্বোচ্চ কঠোরতার জন্য যে টুলসগুলো আছে, সেগুলোকে শক্তিশালী করবো। দুইশ টাকা, পাঁচশ টাকা জরিমানার বিষয়গুলো আরও বাড়ানোর চিন্তা ভাবনা চলছে৷ আচরণবিধির বাইরেও পেনাল কোড আছে। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, দল নিবন্ধনের যে বিজ্ঞপ্তি এতে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি রিট করেছে। এটা শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দু’একটি দল আবেদন করেছে। এখন ২০ এপ্রিলে মধ্যে যদি অনেক দল আবেদন করে তাহলে এক রকম হবে৷ তবে ২০ তারিখ আসলে বোঝা যাবে সময় বাড়ানো হবে কি না৷ একটি দল আবেদন করেছে। আমাদের ধারণা ২০ এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি দল আবেদন করার জন্য প্রস্তুত। বর্তমান আইন অনুযায়ী আবেদন করতে হবে। এজন্য অংশীজনদের সঙ্গেও বসবো। অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সীমানা নির্ধারণ আইনে করণিক ভুলটি সংশোধনের জন্য করা প্রস্তাবটা আমরা পাঠিয়েছিলাম। অনুমোদন এখনো কেবিনেট থেকে পাইনি। না পেলে বিদ্যমান আইনেই সীমানা নির্ধারণ হবে।

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে ৮০০-৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে স্টার্ট-আপ কোম্পানিগুলোকে মূলধন জোগান দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চারদিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর স্টার্ট-আপ কানেক্ট সেশনের আলোচনায় এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্যও একটি উপযুক্ত গন্তব্য। ৯৫ শতাংশ স্টার্ট-আপই ব্যর্থ হয়, তবে আমরা নিশ্চিত যে সরকার তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং একদিন তারা সফলতা অর্জন করবে। স্টার্ট-আপ কোম্পানির জন্য যে তহবিলটি গঠিত হবে এটি শুধু নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য নির্ধারিত হবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, সরকার দেশের ইন্টারনেট সেবার মান উন্নত করার জন্য কাজ করছে। সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথের দাম ইতোমধ্যে ১০ শতাংশ কমানো হয়েছে এবং মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের নীতি সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা উন্নত সেবা প্রদান করতে পারে। ইন্টারনেট শাটডাউনের মতো ঘটনার পুনরাবৃত্তি আর হবে না জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার কোনোভাবেই ইন্টারনেট শাটডাউন করবে না এবং ভবিষ্যতে ইন্টারনেট বন্ধ হওয়ার সুযোগ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এসব পদক্ষেপ ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এবং উদ্যোক্তা সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ দেশি-বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

আগামী ৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ

৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ আগামী ৮ থেকে ১৪ এপ্রিল ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫’ পালন করবে সরকার। এ সময়ে জাটকা ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার, অবৈধ পরিবহন ও মজুদদারি রোধে কাজ করবে সরকার। আজ দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ইলিশ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সরকার কার্যকর কর্মপরিকল্পনা নিয়েছে। তারই ধারাবাহিকতায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ৮ থেকে ১৪ এপ্রিল পালন করা হবে। এবার জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’। জাটকা হচ্ছে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ। এক কেজি ওজনের ইলিশ কমপক্ষে ৪০-৫০ সেন্টিমিটার এবং দুই কেজির অধিক হলে ৬০-৬২ সেন্টিমিটার হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহের মাধ্যমে জাটকাকে ইলিশে রূপান্তর করা হবে। উপদেষ্টা ফরিদা বলেন, বিগত ২০২৩-২৪ অর্থবছরে দেশে পাঁচ লাখ ২৯ হাজার টন ইলিশ উৎপাদন হয়েছে। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১১ শতাংশ। দেশজ জিডিপিতে ইলিশের অবদান এক শতাংশের বেশি। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের প্রায় ৮০ শতাংশের বেশি আহরিত হয় এ দেশের নদ-নদী, মোহনা ও সাগর থেকে। ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ স্থানে রয়েছে। ফরিদা আখতার বলেন, এ দেশের প্রায় ছয় লাখ লোক ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত এবং ২০-২৫ লাখ লোক ইলিশ পরিবহন, বিক্রি, জাল ও নৌকা তৈরি, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি ইত্যাদি কাজে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত। তাই সম্পদের উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের হাতের নাগালে ইলিশ পৌঁছে দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। উপদেষ্টা দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, জাটকা আহরণ, কেনাবেচা এবং খাওয়া থেকে বিরত থেকে জাতীয় মাছ ইলিশের উন্নয়নে এগিয়ে আসবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ সফল ও সার্থক হয়ে উঠবে এটাই আমার প্রত্যাশা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার দেশের ইলিশসমৃদ্ধ ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হবে। এ লক্ষ্যে সাত দিনব্যাপী কেন্দ্রীয় এবং মাঠপর্যায়ে অর্থাৎ জেলা ও উপজেলা পর্যায়ে উপযোগী কর্মসূচি পালিত হবে। এবার জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান ৮ এপ্রিল বরিশাল বিভাগের ইলিশসমৃদ্ধ অন্যতম জেলা বরিশালের সদর উপজেলার বেলস্ পার্কে অনুষ্ঠিত হবে এবং বরিশাল সদর উপজেলার ডিসি ঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি অনুষ্ঠিত হবে। এদিকে ইলিশ সম্পদ রক্ষা ও উন্নয়নে সরকার বর্তমানে যেসব কার্যক্রম নিয়েছে, সেগুলো: জাটকা ও মা ইলিশ রক্ষায় সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে সচেতনতামূলক প্রচার-প্রচারণার বিভিন্ন উদ্যোগ গ্রহণ, এর আওতায় প্রতিবছর জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হয়ে থাকে। ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় নির্ধারণ করে মা ইলিশ আহরণের নিষিদ্ধ সময় ২২ দিন করা হয়েছে। ইলিশের পোনা জাটকা যেন নিরাপদে বাড়তে পারে তাই ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা ধরা, পরিবহন, মজুদ, কেনা-বেচা নিষিদ্ধ করা হয়েছে। দেশের ইলিশসমৃদ্ধ প্রধান প্রধান নদ-নদীতে ছয়টি ইলিশ অভয়াশ্রম স্থাপন করা হয়েছে এবং এ অভয়াশ্রমে বছরের নির্দিষ্ট সময়ে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখা হয়। মা ইলিশ এবং জাটকা আহরণ নিষিদ্ধকালে জেলেদের জীবনধারণের জন্য প্রতিবছর ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এবং জাটকা আহরণে বিরত অতি দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাহিদামাফিক বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হচ্ছে। ইলিশসহ উপকূলীয় অন্যান্য মৎস্য প্রজাতি ও জলজ জীব রক্ষায় ২০১৯ সালে নিঝুম দ্বীপ ও তৎসংলগ্ন এলাকায় তিন হাজার ১৮৮ বর্গ কিলোমিটার আয়তনের সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল ঘোষণা করা হয়েছে। জেলে ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদের কাঙ্ক্ষিত উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য অধিদপ্তরের মাধ্যমে ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন যুগোপযোগী করার নিমিত্ত সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও উৎপাদন বাড়াতে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ বাস্তবায়ন করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রাথমিক অবস্থায় দুটি দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে মোট ১১ হাজার টন ইলিশ রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। ইলিশ সম্পদ উন্নয়নে সরকারের নানামুখী সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন ক্রমান্বয়ে বেড়েই চলেছে। প্রতিবছর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব, নৌ-পুলিশ এবং মৎস্য অধিদপ্তরে সম্মিলিতভাবে আইন বাস্তবায়ন করা হয়। সরকার মৎস্য সংরক্ষণ আইনের সময়োপযোগী সংশোধন করেছে। জাটকাকে ইলিশে পরিণত করার জন্য এই নিষিদ্ধ সময়ে সাগরের উপকূলবর্তী এলাকাসহ সব নদ-নদী, মাছ ঘাট, মৎস্য আড়ত ও বাজারে অবিরত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জাটকা ও মা ইলিশ রক্ষায় চলমান কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করলে বছরজুড়ে ইলিশের প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। এবার বাজারে সরবরাহ বাড়লে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করছি।