‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল যে নাটক

‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল যে নাটক বাংলা ইউটিউব নাটকের ভিউয়ের নতুন ইতিহাস গড়েছে নিলয় আলমগীর অভিনীত ‘শ্বশুর বাড়িতে ঈদ’। মাত্র ১১ মাসে ভেঙে দিয়েছে জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত আলোচিত নাটক ‘বড় ছেলে’র দীর্ঘদিনের রেকর্ড। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর। আট বছর ধরে ইউটিউবে এটি ছিল সর্বাধিক ভিউয়ের নাটক, যার মোট ভিউ ছিল ৫ কোটি ৪১ লাখ ৮৮ হাজার। অন্যদিকে, মহিন খান পরিচালিত ‘শ্বশুর বাড়িতে ঈদ’ মুক্তি পায় ২০২৪ সালের ৯ এপ্রিল। ১১ মাসে নাটকটি পেয়েছে ৫ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ভিউ, যা ভেঙে দিয়েছে বড় ছেলে’র রেকর্ড। ‘বড় ছেলে’ নাটকে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার বাবা একজন স্কুল শিক্ষক। এক সময় বাবার অবসর নেবার সময়ও আসে চলে। এরপর পরিবারের আয়ের উৎস হিসেবে হাল ধরতে হয় বড় ছেলেকেই। বড়লোকের মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। একপর্যায়ে সে তার বাবা-মার কাছে বিয়ে না করা নিয়ে কোন অজুহাতই দেখাতে পারে না। এদিকে রাশেদ অনেক চেষ্টা করেও চাকরি পায় না। বাস্তবতার কাছে পরাজিত হয়ে বাধ্য হয়ে ওরা একটি সিদ্ধান্তে আসে। অন্যদিকে, শ্বশুরবাড়িতে ঈদকেন্দ্রিক নানা ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকের গল্প। বিয়ের পর দূরে থাকলেও শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামাই। দেখা যায়, শ্বশুর কিপটে। যে ঈদে ফিতরা-জাকাত ইত্যাদি দিতে চায় না। সেগুলো নিয়ে সোচ্চার হয় জামাই। নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এজন্যই নাটকটি দর্শক পছন্দ করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাটকটিতে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে অভিনয় করেছেন তারিক আনাম খান, জান্নাতুল সুমাইয়া হিমি ও সাবেরি আলম।
বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত ভারতীয় বন্দর বা সীমানা ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দিয়ে আসা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নরেন্দ্র মোদীর সরকার। গতকাল ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (সিবিআইসি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এ বিষয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ২৯ জুন ভারত সরকার তাদের স্থল শুল্ক স্টেশন, বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এর ফলে ভারত হয়ে তৃতীয় কোনো দেশে বাংলাদেশে রপ্তানির ওপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সিবিআইসির এই সিদ্ধান্তের ফলে টেক্সটাইল, ফুটওয়্যার, জেমস ও জুয়েলারিসহ ভারতীয় রপ্তানিখাত সুবিধা পাবে। এসব খাতে, বিশেষ করে পোশাকখাতে বাংলাদেশ ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী। এজন্য সেদেশের রপ্তানিকারকরা বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদীর সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন। দিল্লিভিত্তিক থিংক ট্যাংক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) প্রধান অজয় শ্রীবাস্তব বলেন, ভারতের এই সিদ্ধান্তে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) আওতায় নয়াদিল্লির প্রতিশ্রুতির বিষয়টি প্রশ্নের মুখে পড়তে পারে। ডব্লিওটিওর বিধান অনুসারে, সদস্য দেশগুলোকে পরস্পরকে স্থলবেষ্টিত দেশে পণ্য আমদানি-রপ্তানির সুযোগ দিতে হয়। সম্প্রতি চীন সফরে সেদেশের বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ ও বঙ্গোপসাগর ঘিরে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি বাংলাদেশকে এই অঞ্চলে সাগরের একমাত্র অভিভাবক বলে উল্লেখ করেন। তিনি বলেন, নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্স (উত্তর-পূর্বের সাত রাজ্য) স্থলবেষ্টিত হওয়ায় সেখানে ব্যবসা-বাণিজ্য করতে বাংলাদেশকেন্দ্রিক পরিকল্পনা করতে পারেন বিনিয়োগকারীরা। এ নিয়ে ভারতজুড়ে তোলপাড় হয়। সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত বলায় সেদেশের নীতি-নির্ধারকরা বেজার হন। এরই প্রেক্ষাপটে মোদীর সরকারের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা এলো।
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ এবং ২২ এপ্রিল পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। আজ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে এইচএসসির ফরম পূরণ করতে পারবেন। সোনালী সেবার মাধ্যমে ২২ এপ্রিলের মধ্যে তাদের ফি পরিশোধ করতে হবে। এতে আরও বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণ শেষ করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন। গত ২ মার্চ এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ১০ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ পান শিক্ষার্থীরা। এরপর ১২ মার্চ থেকে ১০০ টাকা জরিমানাসহ (বিলম্ব ফি) ফরম পূরণ শুরু হয়, যা চলে ১৭ মার্চ পর্যন্ত। উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ২৬ জুন। পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে।
গা*জায় আরও ২৬ ফিলি*স্তিনি নিহ*ত

গা*জায় আরও ২৬ ফিলি*স্তিনি নিহ*ত গাজায় ইসরায়েলি বাহিনী আরও অন্তত ২৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। মঙ্গলবার তাদের হত্যা করা হয় বলে জানায় হাসপাতাল সূত্র। খবর আল জাজিরার অ্যারাবিক জানায়, গাজার দক্ষিণ অঞ্চলে খান ইউনিস শহরের পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলি হামলার ফলে এক নারী নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। প্যালেস্টিনিয়ান ইনফরমেশন সেন্টার থেকে দ্বিতীয় এক প্রতিবেদনে বলা হয়, হামলায় দুজন নিহত হয়েছেন— একজন বয়স্ক নারী ও একজন পুরুষ। পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজা এখন ‘হত্যাযজ্ঞের ক্ষেত্র’ হয়ে উঠেছে, কারণ ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ এলাকা লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। শিশুসহ বহু লোকজন হামলায় নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৬৮৮ জন। তবে গাজার মিডিয়া অফিস বলছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। যারা ধ্বংসস্তূপের নিচে পড়ে নিখোঁজ রয়েছেন, তাদেরও নিহত বলে ধরে নেওয়া হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত এক হাজার ১৩৯ জন নিহত হন। গাজার সশস্ত্র গোষ্ঠীটি দুই শতাধিক লোককে জিম্মি করে। এরপর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়েই যাচ্ছে।
এসএসসি পরীক্ষা আগামীকাল, কমেছে পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষা আগামীকাল, কমেছে পরীক্ষার্থী ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এক বছরের ব্যবধানে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার ৬৬৩ জন। জানা গেছে, এবার মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৯০৩ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ হাজার ৫৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৫৭ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে ১ লাখ ১৮ হাজার ৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৭৩৪ জন এবং মানোন্নয়ন ১১৩ জন শিক্ষার্থী। এছাড়াও মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে ৬১ হাজার ৭৬৫ জন, ছাত্রী ৭৯ হাজার ১৬২ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী রয়েছে ৯৯ হাজার ২৪৬ জন, কক্সবাজার জেলায় ২১ হাজার ১৯৩ জন, রাঙামাটি জেলায় ৭ হাজার ৯৭৪ জন, খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ১৭৯ জন এবং বান্দরবান জেলায় রয়েছে ৪ হাজার ৩৩৫ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার নিরাপত্তা, প্রশ্নপত্র ফাঁস রোধ ও সব ধরনের অনিয়ম রোধে আমরা সতর্ক অবস্থানে আছি। সকল সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে। পরীক্ষা চলাকালীন সময়ে ভিজিলেন্স টিম কাজ করবে। শিক্ষাবোর্ডের একগুচ্ছ নির্দেশনা ১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। ২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। ৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। ৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে। ৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। ৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না। ৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। ৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। ১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। ১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। ১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে। ১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১৪. পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।
দারুণ জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ

দারুণ জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ বিশ্বকাপে নামার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরেছে বাংলাদেশ নারী দল। গতকাল পাকিস্তান ‘এ’ দলকে তারা হারায় ১৬৭ রানে। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয়লাভ করেছিল তারা। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিগার সুলতানা ও ফারজানা হকের ফিফটিতে ২৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা তাড়া করতে নেমে ১০৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান ‘এ’ নারী দল। আগের ম্যাচেও আড়াইশর বেশি রান তাড়া করে জিতেছিল নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইশমা তানজিম ও শারমিন আক্তার দ্রুত বিদায় নেন। এই চাপ সামলে তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েন দলের সবচেয়ে ফারজানা ও নিগার সুলতানা। ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়ে মাঠ ছাড়েন ফারজানা। আর ৯ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৭০ রান করেন অধিনায়ক নিগার। শেষদিকে ৮ চারে ৩৪ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জান্নাতুল ফেরদৌস সুমনা। এছাড়া দিলারা আক্তারের ব্যাট থেকে আসে ২৯ রান। পাকিস্তান ‘এ’ দলকে অল্প রানে আটকানোয় ২টি করে উইকেট নেন মারুফা আক্তার, রাবেয়া ও ফাহিমা খাতুন।
বায়ার্নের মাঠ থেকে জয় নিয়ে ফিরল ইন্টার মিলান

বায়ার্নের মাঠ থেকে জয় নিয়ে ফিরল ইন্টার মিলান ঘরের মাঠে আক্রমণে আধিপত্য দেখালেও বায়ার্ন মিউনিখ পেরে ওঠেনি ইন্টার মিলানের সঙ্গে। পিছিয়ে গিয়ে সমতায় ফিরলেও শেষ মুহূর্তে ব্যবধান গড়ে দিলেন দাভিদ ফ্রাত্তেসি। দারুণ জয়ে প্রথম লেগে এগিয়ে থাকল ইন্টার মিলান। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার। প্রথমার্ধে লাওতারো মার্তিনেসের তারা গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বায়ার্নকে সমতায় ফেরান থমাস মুলার। তিন মিনিটের মধ্যে লিড পুনরুদ্ধার করে দলকে জেতান ফ্রাত্তেসি। আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে বায়ার্ন। তবে সুযোগ কাজে লাগাতে পারছিল না তারা। উল্টো ৩৮তম মিনিটে এগিয়ে যায় ইন্টার। বাস্তোনির ক্রস থেকে ব্যাক হিলে মার্তিনেসকে বল বাড়ান মার্কাস থুরাম। দারুণ শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বিরতির পর লড়াই চলে লম্বা সময়। ৮৫তম মিনিটে গিয়ে বায়ার্নকে সমতায় ফেরান মুলার। কোনার্ড লাইমারের বাইলাইন থেকে বাড়ানো বল আলতো টোকায় জালে পাঠান জার্মান তারকা। তবে তিন মিনিট পর ফের এগিয়ে যায় ইন্টার। কার্সেলোন অগাস্তুর আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে দারুণ শটে গোল করেন ফ্রাত্তেসি। এই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় ইন্টারের। ফিরতি লেগে তাদের মাঠেই আগামী ১৬ এপ্রিল লড়াই করবে বায়ার্ন।
১৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলোচ

১৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলোচ পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলোচ আগামী ১৭ এপ্রিল ঢাকা সফরে আসছেন। এ সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। গতকাল ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, আমনা বেলোচের এ সফর মূলত দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ বা ফরেন সেক্রেটারি লেভেল কনসালটেশনের অংশ হিসেবে হচ্ছে। এ সফর দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় ও বাণিজ্য সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হবে। সূত্রটি উল্লেখ করে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে। দীর্ঘ সময় পর এ ধরনের দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ অনুষ্ঠিত হচ্ছে বলেও জানায় হাইকমিশনের সূত্রটি। এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসেই ঢাকা সফরে আসছেন। তিনি বলেন, তাদে সফর নিশ্চিত হয়েছে। কয়েক দিনের মধ্যেই তার সফরের তারিখ জানাতে পারব। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়েই আলোচনা করব। উল্লেখ্য, ইসহাক দারের এই ঢাকা সফর হবে ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।
কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আগামী ২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ড. ইউনূস আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। কাতারের দোহাতে আগামী ২২-২৩ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে স্পিকার হিসেবে যোগ দেওয়ার জন্য ইতোমধ্যেই আয়োজকদের পক্ষ থেকে ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি এই সম্মেলনে যোগ দিচ্ছেন। সূত্র জানায়, কাতার ফাউন্ডেশনের উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতার ও অন্যান্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপখাইয়ে নিতে করণীয় নির্ধারণে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, আইইউসিএন’র ডিরেক্টর জেনারেল ড. গ্রিথেল এগুইলার প্রমুখ বক্তব্য দেবেন। আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন উত্তরাধিকার গড়ে তোলা: ‘স্থায়িত্ব, উদ্ভাবন এবং ঐতিহ্যবাহী জ্ঞান’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতারের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, অনন্য বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল উষ্ণ এবং শুষ্ক পরিবেশে স্থায়িত্বকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরা হবে এই সম্মেলনে। এই শীর্ষ সম্মেলনটি ঐতিহ্যবাহী জ্ঞান এবং উদ্ভাবনী পদ্ধতিগুলো কীভাবে আধুনিক স্থায়িত্বকে আরও স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গঠন করতে পারে তা অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। আর্থনা সেন্টার ফর এ সাসটেইনেবল ফিউচার (আর্থনা) হলো একটি অলাভজনক নীতি গবেষণা এবং অ্যাডভোকেসি সেন্টার, যা কাতার ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত। এ সম্মেলন থেকে পরিবেশগত, সামাজিক, অর্থনৈতিক এবং ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য একটি সমন্বিত পদ্ধতির প্রচার করা হবে।
চীনে নার্সিং হোমে আগুন, ২০ জনের মৃত্যু

চীনে নার্সিং হোমে আগুন, ২০ জনের মৃত্যু চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি নার্সিং হোমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত হয়েছেন। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) উত্তর-পূর্বের চেংদে শহরের লংহুয়া কাউন্টির একটি নার্সিং হোমে আগুন লাগে। আজ ভোর ৩টা পর্যন্ত মোট ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কী কারণে সেখানে অগ্নিকাণ্ড ঘটলো তা তদন্ত করা হচ্ছে। আজ চীনের মন্ত্রিসভা ‘স্টেট কাউন্সিল’ জানিয়েছে, তারা উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের চেংদে শহরের একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ২০ জন নিহত হওয়ার ঘটনার তদন্ত এবং পরিচালনার সরাসরি তত্ত্বাবধান করবে। স্টেট কাউন্সিল হেবেই প্রদেশকে পর্যালোচনা এবং অনুমোদনের জন্য একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রতিবেদন এবং দায়ীদের শাস্তি, সেইসঙ্গে যেকোনো সংশোধনমূলক ব্যবস্থা জনসমক্ষে প্রকাশ করা হবে বলে স্টেট কাউন্সিল জানিয়েছে। নার্সিং হোমটির দায়িত্বে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে জানিয়েছে হেবেই পুলিশ। চীনের সরকারি সংবাদপত্র হেবেই ডেইলির অনলাইন পোর্টাল জিমু নিউজের তথ্য অনুযায়ী, ৩০০ শয্যাবিশিষ্ট ‘গুওয়েন সিনিয়র হোমে’ অগ্নিকাণ্ডের সময় ২৬০ জন বয়স্ক বাসিন্দা ছিলেন। নথিপত্র অনুযায়ী, তাদের মধ্যে ৯৮ জন সম্পূর্ণ প্রতিবন্ধী, ৮৪ জন আধা-প্রতিবন্ধী এবং বাকি ৭৮ জন বাসিন্দা স্ব-যত্নে সক্ষম। ২০১৬ সালে প্রতিষ্ঠিত ‘গুওয়েন সিনিয়র হোম’ হেবেইয়ের প্রাদেশিক নাগরিক বিষয়ক বিভাগ কর্তৃক ‘গ্রেড ওয়ান নার্সিং হোম’ হিসেবে স্বীকৃতি পায়। লাইসেন্সিং রেকর্ড অনুসারে, এর ব্যবসায়িক পরিধি ছিল ‘বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য আবাসন, খাবার এবং ডে কেয়ার সরবরাহ করা’।