হঠাৎ স্থগিত চলতি বছরের সাফ চ্যাম্পিয়নশিপ

হঠাৎ স্থগিত চলতি বছরের সাফ চ্যাম্পিয়নশিপ চলতি বছর সাফ চ্যাম্পিয়ন আয়োজন নিয়ে বেশ ধোঁয়াশা ছিল আগে থেকেই। তবে আজ হঠাৎ করেই আসরটি স্থগিতের ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সাফ। আসরটি ২০২৬ সাল পর্যন্ত পেছানো হয়েছে বলে ঘোষনা দিয়েছেন সংস্থাটি। নিজেদের ওয়েসবাইটে এক বিবৃতিতে বিষয়টি জানায় তারা। আজ সাফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, সাফের সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করে, মসৃণভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত করা হয়েছে, আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। সবশেষ ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর বসেছিল ভারতের বেঙ্গালুরুতে। সেবার অতিথি দল কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। রীতি অনুযায়ী দুই বছর বিরতি দিয়ে এ বছর ফের হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। সম্প্রতি সাফ সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ২৪ মে নেপালের কাঠমান্ডুতে সাফ নিয়ে সিদ্ধান্ত হবে। সেই সভার আগেই আজ হঠাৎ করে স্থগিতের সিদ্ধান্ত আসল। এ নিয়ে সালাউদ্দিন এখনও কোনো মন্তব্য করেননি। এখন পর্যন্ত ১৪টি সাফ চ্যাম্পিয়নশিপের আসর মাঠে গড়িয়েছে। ভারত সর্বোচ্চ ৯ এবং মালদ্বীপ ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একবার করে শিরোপার স্বাদ পেয়েছে।

পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ

পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ পাকিস্তানের কাছে বাংলাদেশের ন্যায্য হিস্যা ৪.৩২ বিলিয়ন ডলারের কথা উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এদিন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন। আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পরে আয়োজিত ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইকবাল হুসেইন খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান ও রফিকুল আলম। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত বিষয় উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বিষয়টি। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, পাকিস্তানের কাছে বাংলাদেশের হিস্যা ৪.৩২ বিলিয়ন ডলার। এছাড়া ১৯৭০ সালের নভেম্বরের ঘূর্ণিঝড়ে বিদেশ থেকে আসা ২০০ মিলিয়ন সমপরিমাণ ডলার হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। অপর এক প্রশ্নের উত্তরে সচিব বলেন, বাংলাদেশ থেকে ১ লাখ ২৬ হাজার ৯৪১ আটকে পড়া পাকিস্তানি স্বদেশে ফিরে গেছেন। এখনো বাংলাদেশে ৩ লাখ ২৪ হাজার ১৪৭ জন আটকে পড়া পাকিস্তানি রয়েছেন। তিনি বলেন, আমরা বলেছি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলোর দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী ও সামনের দিকে অগ্রসর সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা কামনা করি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করি। পররাষ্ট্র সচিব বলেন, আমরা সার্কয়ের আওতায় সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এর পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছি, যাতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, স্থিতিশীলতা এবং উন্নয়নকে এগিয়ে নেওয়া যায়। আমরা ওআইসি সনদের উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং মুসলিম উম্মাহর স্বার্থে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনায় দুই দেশই গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। আমরা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে তাদের মাতৃভূমিতে নিরাপদে প্রত্যাবর্তনের লক্ষ্যে পাকিস্তানের সমর্থন কামনা করি। তিনি আরও বলেন, বৈঠকে আমরা পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ওপর জোর দিয়েছি। পাকিস্তানের বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়াতে বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণ এবং শুল্ক বাধা দূরীকরণ ও বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ বৃদ্ধিকরণের জন্য প্রচেষ্টা জোরদার করার ওপর আমি গুরুত্বারোপ করি। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্যও আলোচনা হয়েছে, যাতে প্রযুক্তি, উন্নত প্রজাতি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায়। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বন্যা প্রতিরোধে দুদেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেওয়া হয়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে সচিব বলেন, আপনারা জানেন যে, সম্প্রতি দুদেশের মধ্যে সরাসরি শিপিং রুট চালু হয়েছে এবং সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সংযোগ ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আলোচনা করা হয়েছে। আশা করা যাচ্ছে শিগগির দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু সম্ভব হবে। বৈঠকের বিষয়ে সচিব বলেন, আমরা উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সন্ধানের ওপর গুরুত্ব দিয়েছি এবং এসব ক্ষেত্রে পারস্পরিক শিক্ষাবৃত্তির সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছি। পাশাপাশি, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় এসেছে। দুই দেশের শিল্পী, চিত্রশিল্পী, সংগীতশিল্পী, লেখক ও শিক্ষাবিদদের সফরের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়কে উভয় পক্ষ থেকেই উৎসাহিত করা হয়েছে। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে যোগ দিতে বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তিনি বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এরপর ১৫ বছর এই বৈঠক আর হয়নি। দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হলো।

অ*নৈতি*ক কাজে জড়িত থাকার অভিযোগ : গোমস্তাপুরে এক নারীর বাড়িতে আ*গুন বিক্ষুব্ধ জনতার

অ*নৈতি*ক কাজে জড়িত থাকার অভিযোগ : গোমস্তাপুরে এক নারীর বাড়িতে আ*গুন বিক্ষুব্ধ জনতার গোমস্তাপুরে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীর বাড়িসহ তার ছেলের বাড়িতে ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গতকাল রাত ৮টার পর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামের ওই নারীর বাড়িতে এই ঘটনা ঘটে। পরে তার বাড়ি-সংলগ্ন ছেলের বাড়িতে বিক্ষুব্ধ লোকজন একই ঘটনা ঘটায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকাবাসী জানায়, আলমপুর গ্রামে এক নারী দীর্ঘদিন থেকে অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত। এলাকাবাসীর কোনো বাধা-নিষেধ মানতেন না। তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যেতেন। এরই প্রেক্ষিতে গতকাল রাতে বিক্ষুব্ধ লোকজন তার বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। পরে উত্তেজিত জনতা পার্শ্ববর্তী তার ছেলের বাড়িতেও একই ঘটনা ঘটায়। গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তার আগেই পার্শ্ববর্তী ভোলাহাট উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সহকর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দীন বলেন, গতকাল রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ওই ইউনিয়নের লোকজন ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।

১ মে থেকে পুরাতন স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা

১ মে থেকে পুরাতন স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা চাঁপাইনবাবগঞ্জে আগামী ১ মে থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা-২০২৫। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক সহযেগিতায় এ মেলার আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মেলার ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ বেনারশি মসলিন অ্যান্ড জামদানি সোসাইটি। আজ সন্ধ্যায় শহরের পুরাতন স্টেডিয়ামে মেলার অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. খায়রুল ইসলাম, সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, পরিচালক শুকুর উদ্দিন, এম কোরাইশি মিল্লু, শহিদুল ইসলাম শহীদ, সদস্য শামীম আলী এবং বাংলাদেশ বেনারশি মুসলিন অ্যান্ড জামদানি সোসাইটির সভাপতি এম এ মঈন খান বাবলু ও সদস্য সৈয়দ আলতাফুর রহমানসহ আরো অনেকে। শেষে দোয়া করা হয়। চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. খায়রুল ইসলাম বলেনÑ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁসা-পিতলসহ নানান পণ্য থাকবে এই মেলায়। এছাড়া দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ বিদেশের পণ্যও স্থান পাবে। চিত্ত বিনোদনের ব্যবস্থাও থাকবে।

তানভীরের ঘূর্ণির পর সাইফ-সৌম্যর ব্যাটে মোহামেডানের হার

তানভীরের ঘূর্ণির পর সাইফ-সৌম্যর ব্যাটে মোহামেডানের হার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগে নিজের প্রথম ম্যাচে হার দেখেছে শিরোপার অন্যতম দাবিদ্বার মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই হারে দুইয়ে থেকে সুপার লিগে আসা মোহামেডানের হারে শিরোপার রেসে পিছিয়ে যায় মোহামেডান। তানভীর ইসলামের ঘূর্ণি জাদু আর সাইফ হাসান-সৌম্য সরকারের ব্যাটে ভর করে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে মোহামেডানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিং করতে নেমে ২৯.১ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে মোহামেডান। বৃষ্টির বাধায় সাদাকালো ক্লাবটি আর ব্যাটিংয়ে নামতে পারেনি। চার ঘণ্টা পর খেলা শুরু হলে বৃষ্টি আইনে রূপগঞ্জের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ৯৩ রান। ১৩.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। সাইফ হাসান ৪৪ বলে ৫৫ ও সৌম্য সরকার ৩৩ বলে ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন ওপেনার তানজীদ হাসান তামিম। এরপর আর উইকেট ফেলতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। এর আগে ব্যাটিং করতে নেমে উইকেটের মিছিলে শুরু থেকে ধুঁকতে থাকে মোহামেডান। ১০০ রানে ৭ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় তারা। সর্বোচ্চ ৩৫ রান করেন আনিসুল ইসলাম। আর কেউ বিশের বেশি রান করতে পারেননি। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। তিনিও দায়িত্ব নিতে পারেননি। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানভীর। ২ উইকেট নেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান নেন ২ উইকেট। ১ উইকেট করে নেন শরিফুল ইসলাম-টিপু সুলতান।

বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশর সংগ্রহ ২২৭

বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশর সংগ্রহ ২২৭ বিশ্বকাপ বাছাইপর্বে উড়ছে বাংলাদেশের মেয়েরা। টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। তবে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিছুটা খেই হারিয়ে ফেলেছে নিগার সুলতানার দল। শুরুটা ভালো করলেও শেষদিকে দ্রুত উইকেট হারায় তারা। যদিও লড়ার মতোই সংগ্রহ হয়েছে তাদের। আজ লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২৭ রান। এই রান ওয়েস্ট ইন্ডিজ তাড়া না করতে পারলে ফাইনালে উঠবে বাংলাদেশ। একইসঙ্গে বিশ্বকাপও নিশ্চিত করবে তারা। বাংলাদেশের শুরুটা হয় সোবহানা মোস্তারিকে (৬) হারিয়ে। এই ধাক্কা অবশ্য সামলে নেন ফারজানা হক ও শারমিন আক্তার। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১১৮ রানের জুটি। তবে ২৮তম ওভারে ফারজানাকে বিদায় করে এই জুটি ভেঙে দেন আলিয়া অ্যালেইন। ৪২ রানে ফেরেন বাংলাদেশি ওপেনার। এদিকে ৫৭ বলে ফিফটি পূর্ণ করে নেন শারমিন। এরপর ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি। ৭৯ বলে ১০ চারে ৬৭ রান করে বিদায় নেন তিনি। চারে নামা নিগার সুলতানা ব্যর্থ হন আজ। তার ব্যাট থেকে আসে স্রেফ ৫ রান। এরপর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষদিকে লড়েন নাহিদা আক্তার ও রাবেয়া খান। নাহিদা ২৫ রান করে উইকেট হারালেও রাবেয়া ২৩ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট নেন অ্যালেইন। দুটি করে উইকেট নেন হেইলি ম্যাথিউস ও আফি ফ্লেচার।

অবিলম্বে ‘গা*জা*যুদ্ধ’ বন্ধের দাবিতে ইস*রায়েলিদের গণস্বাক্ষর

অবিলম্বে ‘গা*জা*যুদ্ধ’ বন্ধের দাবিতে ইস*রায়েলিদের গণস্বাক্ষর গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের ভেতরেই দেখা দিচ্ছে এক শক্তিশালী আন্দোলন। ইসরায়েলের সামরিক, একাডেমিক ও চিকিৎসা পেশার হাজার হাজার মানুষ এই যুদ্ধবিরোধী আহ্বানে একাত্মতা প্রকাশ করছেন। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু। ‘রিস্টার্ট ইসরায়েল’ ওয়েবসাইট অনুসারে, ইসরায়েলে ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ গাজায় যুদ্ধ বন্ধ এবং বন্দী বিনিময়ের দাবিতে ৪৩টি পিটিশনে স্বাক্ষর করেছেন। ‘রিস্টার্ট ইসরায়েল’ প্ল্যাটফর্মটি অনলাইনে ইসরায়েলিদের পিটিশন পর্যালোচনা এবং স্বাক্ষর করার সুযোগ দিচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৫২২ জন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং অবিলম্বে যুদ্ধ সমাপ্তির আহ্বান জানিয়ে পিটিশনে স্বাক্ষর করেছেন। পিটিশনগুলোর মধ্যে ১৬টিতে সামরিক বাহিনীর ১০ হাজারেও বেশি সদস্য স্বাক্ষর করেছেন, যার মধ্যে একাধিক ব্রিগেড, অভিজাত ইউনিট এবং গোয়েন্দা শাখার অভিজ্ঞ, রিজার্ভিস্ট ও সৈনিক অন্তর্ভুক্ত রয়েছে।বাকি ২৭টি পিটিশন এবং চিঠিতে শিক্ষাবিদ, লেখক, কবি, শিল্পী, প্রকৌশলী এবং অন্যান্য পেশাদারসহ বেসামরিক পেশাদাররা স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক, সাবেক চিফ অব স্টাফ ড্যান হালুৎজ, চারজন সাবেক নৌ কমান্ডার- আমি আয়ালন, ইয়েদিদিয়া ইয়ারি, অ্যালেক্স তাল ও দুদু বেন-বেশত, ফ্লোটিলা ১৩ ইউনিটের সাবেক তিনজন কমান্ডার- রান গ্যালিঙ্কা, উজি লিভান্ট ও তজভিকা এরেজ এবং দুজন সাবেক আর্টিলারি কমান্ডার আভ্রাহাম বার ডেভিড ও ডোরন কাদমিয়েল। এছাড়া, আমরাম মিৎজনা, আভি মিজরাহি, আমোস মালকা, আমনন রেশেফ, মোশে সুকেনিক, নিমরোদ শেফার এবং ইলান বিরান-এর মতো আরো অনেক ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিত্ব পিটিশনে স্বাক্ষর করেছেন। পিটিশনগুলোতে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পিটিশনে স্বাক্ষরকারী সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অবাধ্যতার অভিযোগ এনে তাদের বরখাস্ত করার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, বিদেশি অর্থায়নে পরিচালিত গোষ্ঠীগুলো ২০২২ সালের শেষের দিকে ক্ষমতা গ্রহণকারী তার জোট সরকারকে পতনের প্রচেষ্টায় সমর্থন দিচ্ছে। তিনি পিটিশনে স্বাক্ষরকারীদের ‘একটি ছোট, কোলাহলপূর্ণ, নৈরাজ্যবাদী এবং বিচ্ছিন্ন পেনশনভোগী দল’ হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, কেউ অবাধ্যতাকে উস্কে দিলে তাকে বহিষ্কার করা হবে। ইসরায়েলের তথ্য অনুযায়ী, গাজায় এখনো ৫৯ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন, যাদের মধ্যে অন্তত ২৪ জন জীবিত। চলতি বছরের মার্চ মাসে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে তাদের মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এই শর্তে ইসরায়েলের গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহার ও যুদ্ধের স্থায়ী সমাপ্তি প্রয়োজন ছিল। কিন্তু হামাস যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চললেও, নেতানিয়াহু তার অতি-ডানপন্থি জোটের চাপে দ্বিতীয় পর্যায়ে যেতে অস্বীকৃতি জানায়। গত ১৮ মার্চ থেকে, গাজায় ফের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর ফলে জানুয়ারি মাসে কাতার ও মিশরের মধ্যস্থতা এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল-হামাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি ভেস্তে গেছে। এতে করে অনেক ইসরায়েলি এমনকি সামরিক বাহিনীর সদস্যরাও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫১ হাজারেও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজায় তাদের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।

হজযাত্রীদের সেবায় চালু হচ্ছে ম্যানেজমেন্ট সেন্টার ও অ্যাপ

হজযাত্রীদের সেবায় চালু হচ্ছে ম্যানেজমেন্ট সেন্টার ও অ্যাপ হজযাত্রীদের সব ধরনের সেবা নিশ্চিত করতে স্থাপন করা হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার। রাজধানীর আশকোনায় হজ অফিসে এ সেন্টার স্থাপন করা হবে। মক্কা ও মদিনায় বাংলাদেশের হজ অফিসে এর শাখা থাকবে। ইতোমধ্যে হজ ম্যানেজমেন্ট সেন্টারের কাজ শুরু হয়েছে। দ্রুত তা শেষ হবে বলে আশা করা হচ্ছে। হজ ম্যানেজমেন্ট সেন্টার থেকে হজযাত্রীদের লাগেজ ট্র্যাকিং করা যাবে। হজ ম্যানেজমেন্ট সেন্টারের পাশাপাশি হজযাত্রীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর একটি অ্যাপ চালু করা হচ্ছে। এতে হজযাত্রীদের বিভিন্ন সেবা, সমস্যার সমাধান, অভিযোগ নিষ্পত্তি ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত একত্রে পাওয়ার ব্যবস্থা থাকছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হজ ম্যানেজমেন্ট সেন্টার ও অ্যাপ উদ্বোধন করবেন বলে ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সূত্র জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভায় হজযাত্রীদের সেবায় হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন, হজ অ্যাপ চালু করাসহ নানা সুবিধা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। তারই আলোকে এসব কাজ শুরু করে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এবারের হজকে সামনে রেখে হজযাত্রীদের নানা সুবিধা নিশ্চিত করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করা হচ্ছে। এর কাজ দ্রুত এগিয়ে চলছে। এটি আশকোনা হজ অফিসে স্থাপন করা হবে। একই সঙ্গে মক্কা ও মদিনায় আমাদের হজ অফিসে এর শাখা থাকবে। তিনি বলেন, এ সেন্টার থেকে হজযাত্রীদের সেবা-সংক্রান্ত সবকিছু মনিটরিং করা হবে। এছাড়া, একটি আধুনিক প্রযুক্তিনির্ভর অ্যাপ করা হচ্ছে। এটি ইতোমধ্যে প্রস্তুত করে ফেলা হয়েছে। আশা করছি, দ্রুতই সব কাজ শেষ হবে। প্রধান উপদেষ্টা হজ ম্যানেজমেন্ট সেন্টার ও অ্যাপ উদ্বোধন করবেন। হজ অ্যাপটি বাংলা ভাষায় রিয়েল টাইম নির্দেশনা ও সহায়তা দেবে। এটি হাজযাত্রীদের যাত্রার আগে, যাত্রাকালীন ও ফিরে আসার পরেও প্রয়োজনীয় সহায়তা দেবে। অ্যাপ ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে হজযাত্রীরা প্রত্যেক দিন ওই দিনের করণীয় ও যাতায়াতের বিস্তারিত বিবরণ জানতে পারবেন। যেদিন যে দোয়া পড়তে হবে, তা স্মরণ করিয়ে দেবে এ অ্যাপ। যেসব পবিত্র স্থানে যাবেন, সেসবের ছবিসহ ইতিহাস শোনা যাবে। হাজিদের মনে কোনো প্রশ্ন জাগলে কল সেন্টারে ফোন করে সে প্রশ্নের উত্তর জানা যাবে। শরীর খারাপ লাগলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন কল সেন্টারে কর্মরতরা। হাজিদের কোনো পরামর্শ থাকলে সেটা পরামর্শ পৃষ্ঠায় লিখে দিতে পারবেন। দৈনন্দিন ভ্রমণের ঝামেলা যেন হজের মূল লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সব ব্যবস্থা অ্যাপে থাকবে বলেও জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ধর্ম মন্ত্রণালয় জানায়, হজযাত্রা সহজ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন, অ্যাপ চালু করা ছাড়াও হজযাত্রীদের জন্য নানা সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে। তার মধ্যে আছে হজযাত্রীদের জন্য ডেবিট কার্ড চালু করা। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হজযাত্রীদের ডেবিট কার্ড দেওয়া হবে। বাংলাদেশ থেকে টাকা রিচার্জ করে সৌদি আরবে গিয়ে খরচ করা যাবে। মোবাইল ফোন রোমিংয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে। হজযাত্রীদের আর সেখানে গিয়ে সিম কিনতে হবে না, তারা স্বল্প খরচে রোমিং সুবিধা পাবেন। আগামী ২০ থেকে ২২ এপ্রিলের মধ্যে এ বিষয়টি চূড়ান্ত হবে। তিনি জানান, হজে লাগেজ হারানোর ঘটনা প্রায়ই ঘটে। এ নিয়ে হজযাত্রীরা ভোগান্তিতে পড়েন। লাগেজ যাতে হারিয়ে না যায়, সেজন্য লাগেজ ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে। লাগেজে এক ধরনের ইলেকট্রিক চিপ থাকবে, কল সেন্টারে বসে লাগেজ মনিটরিং করা যাবে। আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ হবে। এবার বাংলাদেশ থেকে সরকারিভাবে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারিভাবে ৮৭ হাজার ১০০ জন হজ পালন করবেন।

জলবায়ু তহবিল: বাংলাদেশকে ৭২৪ কোটি টাকা দেবে জার্মানি

জলবায়ু তহবিল: বাংলাদেশকে ৭২৪ কোটি টাকা দেবে জার্মানি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রচেষ্টায় বাংলাদেশকে ৫২ দশমিক ৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭২৪ কোটি টাকা) দেবে জার্মানি। জার্মান দূতাবাস গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বুধবার দুই দেশের সরকারের পক্ষে এই বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তির আওতায় জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন কর্মসূচি প্রকল্পের (অষ্টম) জন্য তহবিল বিতরণ করা হবে। ২০২৪ সালের ডিসেম্বরে দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ-জার্মান জলবায়ু ও উন্নয়ন অংশীদারিত্ব (সিডিপি) নিয়ে যৌথ অভিপ্রায় ঘোষণার (জেডিআই) পর এটিই প্রথম তহবিল। এই তহবিলের আওতায় প্রকল্পটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে অভিযোজন সক্ষমতা জোরদার করতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করে ঝুঁকি কমাতে সহায়তা করবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই তহবিল জলবায়ু-সংবেদনশীল পরিকল্পনা ও জলবায়ু অভিযোজনের জন্য অবকাঠামো প্রকল্প বাস্তবায়নেও সহায়তা করবে। এই তহবিল জার্মান সহযোগিতা প্রকল্পের পরিপূরণ ও ভবিষ্যতে পরবর্তী প্রকল্পগুলোর জন্যও ব্যবহার করা যেতে পারে।

শিবগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

শিবগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ শিবগঞ্জে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী সেরাজুল ইসলামের বিরুদ্ধে। এ নিয়ে আজ বিকেলে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ। গতকাল রাতে উপজেলার উত্তর উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত বুদ্ধুর মেয়ে কমেলা বেগম। অভিযোগে বলা হয়, গত ২০১৬ সালে উপজেলার উত্তর উজিরপুর ডাকাতপাড়া গ্রামের শাহজাহানের ছেলে সেরাজুল ইসলাম আরিফের সাথে একই গ্রামের মৃত বুদ্ধুর মেয়ে কমেলার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্নভাবে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন আরিফ। এক পর্যায়ে গত ৯ এপ্রিল শারীরিকভাবে নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দিলে নানার বাড়িতে আশ্রয় নেন তিনি। অভিযোগে আরো বলা হয়, বিয়ের ২ বছর পর একই এলাকার পারভিন নামে এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লে তাকে বিয়ে করতে বাধ্য হন আরিফ। পরে স্থানীয়ভাবে তার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। গতকাল রাতে কমেলা বেগমকে সংসারে ফেরাতে তার নানার বাড়ি যান আরিফ ও তার ছোট ইউনুস। এ সময় কমেলা বেগমকে টেনে হেচড়ে নিয়ে আসার চেষ্টা করলে তার নানা সাবের আলী বাধা প্রদান করেন। এক পর্যায়ে আরিফ ও তার ছোট ভাই দেশীয় অস্ত্র নিয়ে সাবের আলীকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।