৩৭ ওভারে শ্রীলঙ্কার সামনে ২৯৬ রানের টার্গেট

৩৭ ওভারে শ্রীলঙ্কার সামনে ২৯৬ রানের টার্গেট নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরির অপেক্ষা করছিলেন, সেটা বোঝা গেল স্পষ্টভাবে। লাঞ্চের পর সেঞ্চুরি করতে সময় নিয়েছিলেন ২২ বল। এরপর ২৫ রান করেছেন মাত্র ৯ বলে। ১২৫ রানে নিজে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। দলের স্কোর হয়েছে ২৮৫। এমন সময়েই ইনিংসের ইতি টানেন শান্ত। শ্রীলঙ্কার সামনে টার্গেট ২৯৬। গল টেস্টের ৫ম দিনে খেলা বাকি ৩৭ ওভারের। এরমাঝে অবশ্য বৃষ্টির সম্ভাবনাও আছে। শ্রীলঙ্কা ম্যাচের ফল বের করতে চাইবে নাকি সময় পার করবে, সেটাই দেখার বিষয়। তবে বাংলাদেশ এই মুহূর্তে আগ্রাসী বল করতে চাইবে, সেটা অনেকটাই অনুমেয়। ৫ম দিনের খেলার শুরুতেও ১৮৭ রানের লিড ছিল বাংলাদেশের। অপরাজিত ছিলেন শান্ত এবং মুশফিকুর রহিম। দুজনের এদিনের শুরুটা ছিল সাবধানী আর ধীরগতির। সেখান থেকে অবশ্য বাংলাদেশ খুব একটা পিছিয়েও ছিল না। লাঞ্চের আগে বৃষ্টি হানা দেয়। তার ঠিক আগের বলে মুশফিক রানআউট হন ৪৯ রানে। শান্ত তখন সেঞ্চুরি থেকে ১১ রান দূরে। এই একটা সেঞ্চুরিই শান্তর নাম তুলতে পারতো বৈশ্বিক কিংবদন্তিদের রেকর্ডে। শান্ত তাই সাবধানী হয়েই খেললেন। ১১ রান করতে খরচ করেছেন ২২ বল। তবে অপরপাশে স্পিনের দুর্দান্ত সুইংয়ে বোকা হয়ে ফিরতে হয়েছে লিটন কুমার দাস এবং জাকের আলী অনিককে। এরপর নাইম সঙ্গ দিয়েছেন দারুণভাবে। সেঞ্চুরির পর শান্তও ছিলেন আগ্রাসী। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে বাংলাদেশ জমা করে ২৯৫ রানের বড় এক লিড। দিনের বাকি সময়ে অন্তত হারতে হচ্ছে না এমন আভাস পেয়েই হয়ত ইনিংস ঘোষণা করেন শান্ত।

প্রতিদিন একটি কলা খেলে কী হয়?

প্রতিদিন একটি কলা খেলে কী হয়? কলা সবচেয়ে সহজলভ্য ফলের একটি। এটি প্রাকৃতিকভাবে মিষ্টি, ফাইবার এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থে ভরপুর যা আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে কাজ করে। আপনি যদি প্রতিদিন মাত্র একটি কলা খাওয়া শুরু করেন তবে কী হবে? প্রতিদিন কলা খেলে শরীরে কী ঘটে? চলুন জেনে নেওয়া যাক দিনে একটি করে কলা খেলে তা আপনার শরীরের জন্য কী উপকারিতা নিয়ে আসতে পারে- ১. হজমশক্তি বৃদ্ধি পায় ২০২১ সালের একটি গবেষণা অনুসারে, কলা ডায়েটারি ফাইবার, বিশেষ করে পেকটিন দিয়ে ভরপুর, যা অন্ত্রের গতিবিধি মসৃণ করতে সাহায্য করে। যদি প্রায়ই খাবারের পরে পেট ফাঁপা বোধ করেন, তাহলে দিনে একটি কলা খাওয়ার অভ্যাস করুন। এটি ভালো হজমে সহায়তা করে। কলায় প্রিবায়োটিক থাকে যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। এটি নরম, সহজে হজমযোগ্য এবং হজমকে মসৃণ রাখার জন্য উপযুক্ত। ২. শক্তি বৃদ্ধি করে কলা হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজের মতো প্রাকৃতিক শর্করার দ্রুত উৎস, যা আপনাকে স্থির শক্তি দেবে। ২০১২ সালের একটি গবেষণাপত্র অনুসারে, এটি ক্রীড়াবিদদের কাছে প্রিয় ফল। ওয়ার্কআউটের আগে বা মধ্য-সকালের ঝিমঝিমের সময় একটি কলা খেলে তা শরীরের প্রয়োজনীয় শক্তি বৃদ্ধি করে। কলা ভিটামিন বি৬-তেও ভরপুর, যা খাবারকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। ৩. হৃদরোগ দূরে রাখে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, একটি মাঝারি কলায় ৪২২ মিলিগ্রাম পটাসিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে। নিয়মিত পটাসিয়াম সমৃদ্ধ খাবার খেলে তা ধীরে ধীরে হৃদরোগ সংক্রান্ত সমস্যার ঝুঁকি কমতে পারে। এই ফলে চর্বি এবং সোডিয়াম কম থাকে, যা হৃদযন্ত্রের জন্য ভালো। ৪. স্ট্রেস দূর করে কলায় থাকা ভিটামিন বি৬ শরীরে সেরোটোনিন উৎপাদনে সহায়তা করতে পারে, যা মানসিক চাপ দূর করে আমাদের প্রাণবন্ত রাখতে কাজ করে। তাই ক্লান্ত ও হতাশ বোধ করলে নিয়মিত কলা খেতে পারেন। এটি একটি প্রাকৃতিক খাবার যা জাঙ্ক ফুডের মতো রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। বরং ক্লান্তি দূর করে হাসিখুশি থাকতে সাহায্য করে।

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠছে ইরানের বিভিন্ন প্রদেশ। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) ভূমিকম্প অনুভব করেন দেশটির মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কোম শহরে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছিল।রাজধানী তেহরানের বাসিন্দারাও কম্পন টের পেয়েছেন। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয় ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে। তবে পরবর্তীতে জানা যায় কোম শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। যেটির প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে।ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখতে ১০ বছরের অপেক্ষা, অবশেষে সুখবর!

দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখতে ১০ বছরের অপেক্ষা, অবশেষে সুখবর! টালিউডের অন্যতম দর্শকপ্রিয় জুটি দেব-শুভশ্রী। তাদেরকে ফের পর্দায় দেখার জন্য অধীর অপেক্ষায় দর্শক; যার অবসান ঘটতে চলেছে অবশেষে। সামনেই মুক্তি পাচ্ছে টালিউড সিনেমা ‘ধূমকেতু’, সেখানেই দেখা যাবে এই জুটিকে। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটির নির্মাণ শুরু হয়েছিল ঠিক এক দশক আগে! ২০১৫-র অক্টোবর মাসে শুটিং শুরু হয়। মাঝে কেটে যায় লম্বা সময়। এর মধ্যে পাল্টেছে সময়-পরিস্থিতিও। তারপরও দর্শকের আশা উড়ে যায়নি; এই দীর্ঘ সময় অপেক্ষা করেছেন দেব-শুভশ্রীর অনুগামীরা। তাই রো মাঝে-মধ্যেই ছবি নিয়ে প্রশ্ন ছুঁড়তেন সামাজিক মাধ্যমে। ‘ধুমকেতু’ ছবিতেই শেষ বার জুটি বাঁধেন দেব- শুভশ্রী। শোনা যায়, ছবির যাবতীয় কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল। শুধু দেবের ডাবিং বাকি ছিল। এছাড়াও বিভিন্ন কারণে সেই ছবি এতদিন মুক্তি পায়নি। অবশেষে সেই প্রশ্নের উত্তর হিসেবে ছবির মুক্তির দিন ঘোষণা করেন দেব। জানান, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

শাহরুখের মান্নাতে বেআইনি কাজের অভিযোগ, প্রশাসনের হানা

শাহরুখের মান্নাতে বেআইনি কাজের অভিযোগ, প্রশাসনের হানা বলিউড তারকাদের বিরুদ্ধে মাঝে মধ্যেই নানা পদক্ষেপ নিয়ে থাকে মুম্বাই পৌর কর্তৃপক্ষ। বেশির ভাগ ক্ষেত্রেই তারা বেআইনি নির্মাণ করছেন বা পুরোনো ভবন সংস্কারের ক্ষেত্রে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বলে অভিযোগ ওঠে। এই তালিকায় কঙ্গনা রানাওয়াত থেকে অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী— বাদ যাননি কেউই। এবার একই অভিযোগ বলিউড কিং শাহরুখ খানের দিকে। মুম্বাইয়ে শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ সংস্কার কাজ চলছে মাস কয়েক ধরেই। পরিবারসহ অন্যত্র উঠে গিয়ে বাংলো রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছেন বলিউডের বাদশাহ। কিন্তু মেরামতের কাজ করতে গিয়ে উপকূলীয় অঞ্চলে সংস্কারের নিয়ম লঙ্ঘন করে ফেলেছেন- এমনই অভিযোগ। এর জেরে গত শুক্রবার পরিবেশ দপ্তর ও পৌর কর্তৃপক্ষ যান ‘মান্নাত’ পরিদর্শনে। এ প্রসঙ্গে বনবিভাগের এক উচ্চপদস্থ কর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বেআইনি সংস্কারের অভিযোগ পেয়েই দুই বিভাগ এক যোগে শাহরুখের বাংলোতে উপস্থিত হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে জমা দেবেন তারা। যদিও শাহরুখের কর্তৃপক্ষ বিষয়টিকে অস্বীকার করেছেন। তার এক আপ্ত সহায়ক জানিয়েছেন, সেখানে কোনো বেআইনি সংস্কার হচ্ছে না। নির্দেশিকা মেনেই যাবতীয় কাজ হচ্ছে।

জোভান-নিহার ‘মিথ্যে প্রেমের গল্প’ এখন ক্যাপিটাল ড্রামায়

জোভান-নিহার ‘মিথ্যে প্রেমের গল্প’ এখন ক্যাপিটাল ড্রামায় ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার ১৯ জুন এসেছে নতুন নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’। বসুন্ধরা টিস্যু প্রেজেন্টস নাটকটি রচনা করেছেন দয়াল সাহা এবং পরিচালনায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি। ভালোবাসা কেবল শব্দের খেলায় সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত ভালোবাসা আত্মত্যাগেই প্রকাশ পায়-এই বার্তা নিয়ে নির্মাণ করা হয়েছে ঈদের বিশেষ নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’। মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা। গল্পে দেখা যাবে, সাইফ নামের এক নীতিবান যুবক এমন এক অপরাধের দায় নিজের কাঁধে তুলে নেয়, যা সে করেনি-শুধু আয়াত নামের একটি মেয়েকে রক্ষা করতে গিয়ে। নাটকের গল্প মোড় নেয় একটি ভয়াবহ ঘটনার পর, যখন দুর্নীতিগ্রস্ত আমজাদ চৌধুরী আয়াতকে ধর্ষণের চেষ্টা করে। সেখান থেকেই শুরু হয় এক অন্যরকম প্রেম, আত্মত্যাগ ও নীরব সাহসিকতার গল্প। নিজের চরিত্র সম্পর্কে জোভান বলেন, সাইফ এমন একজন চরিত্র, যে নিঃশব্দে ভালোবাসে এবং প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করে না। চরিত্রটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। অন্যদিকে, নাজনীন নাহার নিহা বলেন, আয়াত চরিত্রে অভিনয় করাটা ছিল এক কঠিন অভিজ্ঞতা। একজন নারীর আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম, তার ভেতরের অপরাধবোধ ও নীরব কান্না এই নাটকে জীবন্তভাবে তুলে ধরা হয়েছে। নাটকটি নিয়ে নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, এটি শুধু প্রেমের গল্প নয়-এটি নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের প্রতিচ্ছবি। সমাজে এমন অনেক গল্প আছে, যেগুলো বলা হয় না। এই নাটক তাদের গল্প বলার চেষ্টা করা হয়েছে। নাটকটি নিয়ে ক্যাপিটাল এফএম ৯৪.৮-এর ‘ক্যাপিটাল ড্রামা’ চ্যানেলের প্রধান আনোয়ারুল আলম সজল বলেন, ক্যাপিটাল ড্রামা চ্যানেলে আমরা সবসময় এমন কনটেন্ট নির্মাণের চেষ্টা করি, যেগুলো শুধু নাটক নয় বরং ওয়েব ফিল্মের আদলে গভীর ও বিস্তৃত পরিসরে গল্প বলে। ‘মিথ্যে প্রেমের গল্প’ সেই ধারাবাহিকতাতেই একটি ভিন্নধর্মী প্রযোজনা। এই ড্রামা চ্যানেলের প্রথম কনটেন্ট ‘প্রিয় প্রজাপতি’ যেমন দর্শকপ্রিয়তা পেয়েছিল, এটিও দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে বলে আশা করেন সজল। ৮ জুন ‘প্রিয় প্রজাপতি’ দিয়ে যাত্রা করেছে ক্যাপিটাল ড্রামা প্রতি ১০ দিন পর পর আসবে নতুন নাটক নাটক নির্মাণে থাকবেন দেশের প্রথম সারির নির্মাতারা নাটকের পাশাপাশি গানও প্রযোজনা করবে ক্যাপিটাল রেডিও।

মোসাদের গুপ্তচর সন্দেহে ইরানে ৫৪ জন গ্রেপ্তার

মোসাদের গুপ্তচর সন্দেহে ইরানে ৫৪ জন গ্রেপ্তার ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস ২০ জুন জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে ইরানি পুলিশ। ফার্স নিউজ এজেন্সি প্রসিকিউটর অফিসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই ব্যক্তিরা শত্রুপক্ষকে সহায়তা, তথ্য সংগ্রহ, শাসনের বিরুদ্ধে প্রচারণা, সেইসঙ্গে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করা এবং সমাজে মানসিক অস্থিরতা তৈরি করার কাজে জড়িত ছিল। উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক স্থানে, বিমান হামলা চালায় যার মধ্যে সামরিক ও পারমাণবিক স্থাপনাও ছিল। এর জবাবে তেহরান পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি মিসাইল হামলায় এ পর্যন্ত অন্তত ২৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। অন্যদিকে, ইরানি সংবাদমাধ্যমগুলোর মতে, ইসরায়েলি হামলায় ৬৩৯ জন নিহত এবং ১,৩০০-র বেশি মানুষ আহত হয়েছে।

জ্বালানি-পরিকাঠামো খাতে মিয়ানমারের সঙ্গে বিনিয়োগ চুক্তি রাশিয়ার

জ্বালানি-পরিকাঠামো খাতে মিয়ানমারের সঙ্গে বিনিয়োগ চুক্তি রাশিয়ার রাশিয়া মিয়ানমারের সঙ্গে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে, যা দক্ষিণ এশিয়ার এই দেশে রাশিয়ান জ্বালানি কোম্পানিগুলোর জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে বলে জানিয়েছে মস্কো। গতকাল রাশিয়ার অর্থনীতি মন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ সেন্ট পিটার্সবার্গে মিয়ানমারের বিনিয়োগ ও বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী কান জো-এর সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করেন। তিনি বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ রাশিয়ান কোম্পানিগুলোকে সমুদ্র উপকূলবর্তী তেল ও গ্যাস ক্ষেত্র উন্নয়নে আকৃষ্ট করতে আগ্রহী—এটি আমরা বিশেষভাবে লক্ষ করেছি। রাশিয়ান সরকারের বিবৃতিতে বলা হয়, এই চুক্তি মিয়ানমারের দাওয়েই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সহায়তা করবে। ওই অঞ্চলে একটি ৬৬০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। ২০২১ সালে নোবেলজয়ী আউং সান সুচির নির্বাচিত সরকারকে সরিয়ে সেনা কর্তৃক ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে রাশিয়া। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে মিয়ানমার ভিতরে-বাইরে সংঘাত, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, খাদ্য সংকট ও প্রায় ৫৫ মিলিয়ন জনসংখ্যার এক-তৃতীয়াংশের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। চলতি বছরের মার্চ মাসে জান্তা প্রধান মিন অং হ্লাইং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে একটি ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়। এর ঠিক এক মাস আগে, রাশিয়া ও মিয়ানমার দাওয়েই অর্থনৈতিক অঞ্চলে একটি বন্দর ও তেল শোধনাগার নির্মাণের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করে।শুক্রবার স্বাক্ষরিত চুক্তিটি শুধুমাত্র জ্বালানির মধ্যেই সীমাবদ্ধ নয়। রাশিয়ান সরকার জানিয়েছে, এটি পরিবহন অবকাঠামো, ধাতুবিদ্যা, কৃষি ও টেলিকম খাতেও দুই দেশের মধ্যে সহযোগিতার পথ সুগম করবে। এই চুক্তির মাধ্যমে রাশিয়া শুধু জ্বালানিখাতেই নয়, বরং মিয়ানমারে পরিকাঠামো ও প্রযুক্তির ক্ষেত্রে প্রভাব বাড়াতে চায়। মস্কোর এই কৌশলমূলক অবস্থান, বিশেষত পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে, তার আঞ্চলিক প্রভাব বিস্তার ও মিত্র তৈরির অংশ বলেই বিশ্লেষকরা মনে করছেন।

বাংলাদেশের জন্য ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের জন্য ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের বাংলাদেশের জন্য আরও ৫০ কোটি ডলারের ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। প্রতি ডলার সমান ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যা ছয় হাজার ১৫০ কোটি টাকা। ওই টাকা বাংলাদেশের আর্থিক স্বচ্ছতা, সরকারি খাতের জবাবদিহিতা এবং আর্থিকখাতের স্থিতিশীলতা বাড়ানোর কাজে ব্যবহার করা হবে। আজ বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানায়। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, বাংলাদেশের অর্থনীতি টেকসইভাবে বৃদ্ধির জন্য সরকারি অর্থায়ন কীভাবে পরিচালিত হয় তার উন্নতি গুরুত্বপূর্ণ। সরকার তার প্রতিষ্ঠানগুলোকে আরও উন্মুক্ত এবং জবাবদিহিতামূলক করার জন্য উচ্চাভিলাষী পদক্ষেপ নিচ্ছে, যাতে তারা জনগণকে আরও ভালো সেবা দিতে পারে। এই অর্থায়ন সরকারের নীতিমালা এবং নিয়ন্ত্রক কাঠামোকে শক্তিশালী করার প্রচেষ্টাকে সমর্থন করবে যাতে একটি শক্তিশালী, আরও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা যায়। যা সবার উপকার করে। গত সপ্তাহে অনুমোদিত আরেকটি প্রকল্পের মাধ্যমে, আমরা এই সংস্কারগুলো বাস্তবায়নে সরকারকে সহায়তা করছি। বিশ্বব্যাংক জানায়, বর্তমানে, মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশের রাজস্ব-জিডিপি অনুপাত সবচেয়ে কম, যা জনগণের কাছে মানসম্পন্ন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সরকারের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে সীমিত করছে। এই কর্মসূচি অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের উন্নতির লক্ষ্যে সংস্কারগুলোকে সমর্থন করবে। এই সংস্কারগুলো আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে কর প্রশাসন এবং নীতি নির্ধারণকে আরও স্বচ্ছ এবং দক্ষ করে তুলবে। এই অর্থায়ন আন্তর্জাতিক মানের সাথে আর্থিক প্রতিবেদনের সমন্বয় সাধন এবং স্বচ্ছতা বাড়ানোর মাধ্যমে কর্পোরেট সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোকেও শক্তিশালী করবে। এটি ব্যাংকিংখাতে দুর্বলতা মোকাবিলায় বাংলাদেশ ব্যাংককে সম্পূর্ণ সমাধান ক্ষমতা প্রদান করে আর্থিক খাতের স্থিতিশীলতা উন্নত করতে সহায়তা করবে। সংস্কারের তৃতীয় ধাপটি সরকারি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা উন্নত করবে। ২০২৭ সালের মধ্যে, সমস্ত সরকারি প্রকল্প মূল্যায়ন নথি জনসাধারণের কাছে প্রকাশ করতে হবে। প্রতিযোগিতা বৃদ্ধি এবং দুর্নীতির ঝুঁকি কমাতে সরকারি ক্রয় ব্যবস্থায় ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) ব্যবহার, সুবিধাভোগীর মালিকানা প্রকাশ এবং মূল্যসীমা অপসারণ করতে হবে। সরকারিখাতে আর্থিক জবাবদিহিতা এবং স্বচ্ছতা উন্নত করার জন্য, নিয়ন্ত্রক ও নিরীক্ষক কার্যালয়ের নিরীক্ষা ক্ষমতাও জোরদার করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর স্বাধীন তথ্য স্বচ্ছতা উন্নত করবে, এর ফলে দেশের মানুষের জন্য উন্নত পরিষেবা সরবরাহ সম্ভব হবে। এ অর্থায়নের মাধ্যমে বিশ্বব্যাংকের চলতি অর্থবছরে বাংলাদেশকে মোট নতুন প্রতিশ্রুত তিন দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারে দাঁড়ালো। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে ৪৬ বিলিয়ন ডলারেরও বেশি অনুদান, সুদমুক্ত এবং ঋণ অনুমোদন করেছে।

নির্বাচনে সরকার মুখ্য ভূমিকা রাখবে: সিইসি

নির্বাচনে সরকার মুখ্য ভূমিকা রাখবে: সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব না। কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। সরকার একটা মুখ্য ভূমিকা রাখবে নির্বাচনের মধ্যে। আজ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। রোডম্যাপ কবে দেবেন এবং সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, সময় হলে আপনারা সবই জানতে পারবেন। এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। আপনারা কেন রোডম্যাপ…, আমরা একটা কর্মপরিকল্পনা, এটাকে রোডম্যাপ বলবো না, আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিজ করতে হবে, সেগুলো কোনোটা কোনো সময় শুরু করবো, কোনো সময় শেষ করবো এটাকেই অনেকে রোডম্যাপ বলে, আমরা বলছি না। সেটা অবশ্যই আছে। যে কোনো অফিসের একটা কর্মপরিকল্পনা থাকবে। এত বড় একটা নির্বাচন হবে, একটা কর্মপরিকল্পনা আমাদের নিজস্ব ব্যবহারের জন্য। নট ফর শেয়ারিং এভরিবডি যে আপনারা জানুন। এটা নিজস্ব, সংশোধন হতে পারে, এদিক-ওদিক হতে পারে। একটা সম্ভাব্য একটা কর্মপরিকল্পনা প্রথম থেকেই করেছি তো। তিনি বলেন, যতই আপনি ইসিকে স্বাধীন বলেন না কেন, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব না৷ কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে, অফিসার, প্রশাসনের সহায়তা নিতে হবে। সুতরাং সরকার একটা মুখ্য ভূমিকা রাখবে তো নির্বাচনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের যে বিষয়টা প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না, বিষয়টা এমন না। নির্বাচনের ডেট যথা সময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করবো। সরকারের সঙ্গে এজন্য পরিকল্পনা করে ঘোষণা দিয়ে দেখা করতে হবে এমন না। ফরমারি, ইনফরমালি নানাভাবে যোগাযোগ হতে পারে। আমরা সরকারের ধারে কাছে নেই, একটা দ্বীপে আছি এমন তো না। সংস্কার কমিশনের সুপারিশ আছে, এর মধ্যে ইসি সংস্কার আছে, এর মধ্যে আমরা সম্পৃক্ত তো। এগুলোকে ধারন করেই এগিয়ে যেতে হবে। সময় হলেই যোগাযোগ হবে।