ভারতের চন্ডিগড়ে প্রথমবারের মতো করোনায় মৃত্যু

ভারতের চন্ডিগড়ে করোনায় মৃত্যু ১ ভারতের চন্ডিগড়ে গতকাল প্রথমবারের মতো কোভিডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উত্তর প্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা, বয়স ৪০ বছর। তিনি পেশাগত কারণে লুধিয়ানায় থাকতেন। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাকে চন্ডিগড়ের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল (জিএমসিএইচ), সেক্টর ৩২-এ ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। এই মৃত্যু চন্ডিগড়ের জন্য উদ্বেগ তৈরি করেছে কারণ এখন পর্যন্ত এই শহরে কোনও কোভিড আক্রান্তের খবর পাওয়া যায়নি। তবে ভারতজুড়ে সংক্রমণ আবারও বাড়তে থাকায় পরিস্থিতি আবার জটিল হয়ে উঠছে। জিএমসিএইচ-এর মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. জি.পি. থামি জানান, ওই রোগীকে শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে দুই দিন আগে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার (২৮ মে) তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে এবং বুধবার ভোরে তিনি মারা যান। ডা. থামি বলেন, শ্বাসকষ্ট নিয়ে আসার দ্বিতীয় দিনেই আমরা তার কোভিড টেস্ট করি এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয়। রোগীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরই কোভিড ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই রোগীর কোনও পূর্ববর্তী শারীরিক অসুস্থতা বা কোমরবিডিটি ছিল না—যা বর্তমান ভাইরাস স্ট্রেইনের সংক্রমণ ক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। চন্ডিগড়ে এই প্রথম কোভিড-১৯ জনিত মৃত্যু হলেও, সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে এটি ভারতে অষ্টম কোভিড মৃত্যু। দেশটির স্বাস্থ্য দপ্তর এখনও নিশ্চিত হতে পারেনি যে কোন ভ্যারিয়েন্ট এই সংক্রমণের জন্য দায়ী। তবে ইতিমধ্যে নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ শুরু হয়েছে।
ট্রাম্পের শুল্কনীতি আটকে দিল মার্কিন আদালত

ট্রাম্পের শুল্কনীতি আটকে দিল মার্কিন আদালত দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর বিভিন্ন দেশের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপের পদক্ষেপ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই পদক্ষেপ আটকে দিয়েছে মার্কিন এক আদালত। আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির ওপর একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডের রায়, যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে, সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। ম্যানহাটন-ভিত্তিক এই আদালত আরও বলে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের একচেটিয়া ক্ষমতা কংগ্রেসের হাতে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের হাতে যে ক্ষমতা, কংগ্রেসের ক্ষমতা তার চেয়ে বেশি। চীন, মেক্সিকো ও কানাডার ওপর ট্রাম্প প্রশাসন পৃথকভাবে যে শুল্ক আরোপ করেছিল, সেগুলোও স্থগিত করে আদালত। তখন হোয়াইট হাউস বলে, অগ্রহণযোগ্য মাদক প্রবাহ ও অবৈধ অভিবাসন ঠেকানোই এই শুল্ক আরোপের প্রধান কারণ। এদিকে, আদালতের ওই রায়ের বিরুদ্ধে কয়েক মিনিটের মধ্যেই আপিল করেছে ট্রাম্প প্রশাসন। আদালতের এই রায়ের পর হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি কুশ দেশাই এক বিবৃতিতে বলেন, কোনো জাতীয় জরুরি অবস্থা কীভাবে যথাযথভাবে মোকাবিলা করা হবে, তা নির্ধারণ করা অনির্বাচিত বিচারকদের কাজ নয়। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন। আর ট্রাম্প প্রশাসন প্রতিটি নির্বাহী ক্ষমতা কাজে লাগিয়ে সমস্ত সংকট মোকাবিলা ও আমেরিকান মহত্ব পুনরুদ্ধারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির বিরুদ্ধে সাতটি মামলা চলছে। আর এগুলো করেছে ১৩টি মার্কিন অঙ্গরাজ্য এবং আরও অনেক ছোট ব্যবসায়ী গোষ্ঠী। গত ২ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণার পর থেকে বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি দেখা দেয়। যদিও এরপর ওই ঘোষণা পুনর্বিবেচনা করা হয়। এবং, কিছু শর্ত তুলে নিয়ে অন্যান্য দেশের সাথে দর কষাকষিও করে হোয়াইট হাউস। মার্কিন শেয়ার বাজারেও এই রায়ের প্রভাব পড়েছে। ইয়েন ও সুইস ফ্রাঁ’র মতো মুদ্রার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে।
কানাডায় ভয়াবহ দাবানল, ম্যানিটোবায় জরুরি অবস্থা জারি

কানাডায় ভয়াবহ দাবানল, ম্যানিটোবায় জরুরি অবস্থা জারি কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ম্যানিটোবায় ভয়াবহ দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, এ অবস্থায় অঞ্চলটি থেকে ১৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এক সংবাদ সম্মেলনে গতকাল ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনেউ বলেন, ‘এই দাবানল পরিস্থিতিতে ম্যানিটোবা সরকার প্রদেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছে। এই পরিমাণ লোক সরিয়ে নেওয়ার ঘটনা এ অঞ্চলের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। প্রিমিয়ার কিনেউ আরও জানান, জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য এবং দাবানল নিয়ন্ত্রণে অতিরিক্ত সহযোগিতা পাওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়েছেন। সেনাবাহিনীর বিমান দ্রুতই কাজ করা শুরু করবে বলে জানিয়েছেন তিনি। আক্রান্তদের রাজধানী উইনিপেগে স্থানান্তর করা হবে বলে জানান কিনেউ। অবস্থানগত দিক থেকে ঝুঁকিপূর্ণ খনিশিল্প শহর ফ্লিন ফ্লনের ৫,০০০ বাসিন্দাকে আগেই এলাকা ছাড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছিল। এছাড়াও বেশ কিছু প্রত্যন্ত শহর ও আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিমিয়ার বলেন, ‘প্রথমবারের মতো প্রদেশের প্রতিটি অঞ্চলে একযোগে দাবানল দেখা দিয়েছে। এটি জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত এবং আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে।’ ম্যানিটোবায় বর্তমানে ২২টি সক্রিয় দাবানল রয়েছে। গত এক মাসেই প্রায় ২ লাখ হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা গত পাঁচ বছরের বার্ষিক গড়ের তিন গুণ। ম্যানিটোবা ওয়াইল্ডফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এই বছর কানাডার অন্যান্য অঞ্চলের তুলনায় ম্যানিটোবায় বেশি দাবানল দেখা যাচ্ছে। বর্তমানে কানাডা জুড়ে ১৩৪টি দাবানল সক্রিয় রয়েছে। এর অর্ধেকই নিয়ন্ত্রণের বাইরে। দাবানলের ভয়াবহতা দেখা দিয়েছে ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা, সাসকাচোয়ান, ম্যানিটোবা ও অন্টারিও প্রদেশে।
১১ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

১১ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি দেশের ১১ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় এই বন্যার শঙ্কা রয়েছে। আগামীকাল পর্যন্ত পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়েছে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় দেশের উত্তরে রংপুর, নীলফামারি, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। তবে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার থেকে আকাশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন তিনি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী ইত্যাদি নদীর পানি বাড়তে পারে। এ সময় মুহুরী নদীর পানি কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে ফেনী জেলার মুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। পানি বেড়ে রংপুর বিভাগে তিস্তা নদীও কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে তিস্তাসংলগ্ন রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগে সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে এসব নদীসংলগ্ন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান

বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ কর্মী নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। আজ টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব কিছু করবে। তিনি বলেন, ‘এটি আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য। সেমিনারে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। ’ তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, যার অর্ধেকই ২৭ বছরের নিচে। তিনি বলেন, ‘সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেওয়া। ’ শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিতসুরু মাতসুশিতা বলেন, ‘অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে এবং তিনি বিশ্বাস করেন যে এই ধারা অব্যাহত থাকবে। ’ তিনি বলেন, ‘বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে। তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব। ’ এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, ‘আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ কর্মীদের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে। তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। ’ তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা এক লাখ বাংলাদেশি কর্মীকে স্বাগত জানাতে প্রস্তুত। ’ ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর দেড় হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়, এবং তারা এই সংখ্যা তিন হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘বাংলাদেশের কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানের চাকরির বাজারে প্রবেশ করতে পারবে। ’ জাপান ইন্টারন্যাশনাল ট্রেইনি অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার কোঅপারেশন অরগানাইজেশনের (জেইটিসিও) চেয়ারম্যান হিরোআকি ইয়াগি জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে এখনও ভাষা শিক্ষকের ঘাটতি রয়েছে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের (এমএইচএলডব্লিউ) প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, ‘জাপানে জনসংখ্যা কমছে এবং সে কারণে বাংলাদেশি কর্মীদের সহায়তা প্রয়োজন হবে। ’ তিনি বলেন, ‘এটি শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্যও একটি আশাব্যঞ্জক দিক হতে পারে। ’ স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট এক কোটি ১০ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরও দক্ষ কর্মী পাঠাতে পারে।
সাগরে গভীর নিম্নচাপ, সারা দেশে অঝোর ধারায় বৃষ্টি

সাগরে গভীর নিম্নচাপ, সারা দেশে অঝোর ধারায় বৃষ্টি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে রাজধানীসহ সারা দেশে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। আজ ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়, যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। বৃষ্টিপাতের সঙ্গে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়াও। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খেপুপাড়া ও সাগরদ্বীপের মাঝ দিয়ে সন্ধ্যা নাগাদ নিম্নচাপটি উপকূল অতিক্রম করবে। এতে আগামী দুই দিন অতিভারী বৃষ্টি হবে। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা সৃষ্টিসহ চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কাও দেখা দিয়েছে। সকাল থেকেই ভারী বৃষ্টিপাতের কারণে কর্মজীবী মানুষদের ব্যাপক ভোগান্তিতে পড়তে দেখা গেছে। পথচারীদের আশ্রয় নিতে দেখা গেছে বিভিন্ন দোকানের ছাউনি বা ভবনের আশেপাশে। রিকশাচালকরাও অনেকে জবুথবু হয়ে সড়কের ধারে বসে আছেন। বৃষ্টিপাতে সড়কে গাড়ি কম থাকলেও কোথাও কোথাও জলাবদ্ধতায় যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৭৫ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৮৫ কি.মি. পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৭০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২১০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বিকেল নাগাদ সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ রেল কর্তৃপক্ষের

নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ রেল কর্তৃপক্ষের আসন্ন ঈদুল-আযহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বদা তৎপর থাকার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। আজ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় এ নির্দেশ প্রদান করা হয়। আলোচনা সভায় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় প্লাটফরমে বিনা টিকেটের যাত্রী প্রবেশ প্রতিরোধ, টিকেট কালোবাজারি, বিনা টিকেটে ভ্রমণ, ঝুঁকিপূর্ণভাবে ছাদে ভ্রমণ, নির্দিষ্ট প্ল্যাটফরম ছাড়া অন্যত্র যাত্রী উঠানামা ও স্টেশন এলাকায় আইন শৃঙ্খলা পরিপন্থি যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বিশেষ করে আরএনবি সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়। পাওয়ার কার, খাবার গাড়ি ও ইঞ্জিনে যেন কোনো যাত্রী উঠতে না পারে সেদিকে লক্ষ্য রাখতেও সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশনা প্রদান করা হয়। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সজাগ থাকতেও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। আগামী ১লা জুন থেকে গুরুত্বপূর্ণ স্টেশনসমূহে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেশনসমূহ নিয়মিত পরিদর্শন করবেন বলেও সভায় জানানো হয়।
বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট ঈদুল আযহা ঘিরে বাজারে আসছে নতুন টাকার নোট। তবে গত ঈদুল ফিতরের আগে বাজারে নতুন নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। এবার আসন্ন ঈদুল আযহা সামনে রেখে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গাজীপুরের দ্যা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (টাকশাল) এরই মধ্যে এসব নোট ছাপার কাজ শুরু করেছে। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। তার পরিবর্তে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ও পূর্বের নকশা ফিরে আসছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসবে। সেভাবেই সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নোট ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে।
নাচোলে মস*জিদ থেকে অ*জ্ঞাত ব্যাক্তির মর*দে*হ উদ্ধার

নাচোলে মস*জিদ থেকে অ*জ্ঞাত ব্যাক্তির মর*দে*হ উদ্ধার নাচোল উপজেলার একটি মসজিদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে খবর পাবার পর সদর ই্উনিয়নের গনইর গ্রামের একটি ওয়াক্তিয়া মসজিদ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকাল সাড়ে ৩টার দিকে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, মরদেহের কপালে জখমের মত একটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া বাহ্যিকভাবে আঘাতের অন্য কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে লোকটি ভবঘুরে শ্রেণীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কেউ তাকে শনাক্ত করতে পারে নি। কিভাবে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। সিআইডির ক্রাইমসিন ইউনিট মরদেহের আলামত ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
গোমস্তাপুরে প্রতি*বন্ধী যুবকের আত্ম*হ*ত্যা

গোমস্তাপুরে প্রতি*বন্ধী যুবকের আত্ম*হ*ত্যা গোমস্তাপুরে সাগর নামে এক বাক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম এলাকার নিজ বাড়ি সংলগ্ন একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে এই ঘটনা ঘটে। মৃত সাগর ওই গ্রামের বাসিন্দা আফতাবের ছেলে। স্থানীয়রা জানান, আজ ভোর ৫ টার দিকে সাগর পরিবারের অগোচরে নিজ বাড়ি সংলগ্ন আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার ভাই আকাশসহ অন্যরা দেখতে পান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দীন ।