বয়স নিয়ে কটাক্ষ, জবাব দিয়ে পোস্ট মুছলেন অমিতাভ

বয়স নিয়ে কটাক্ষ, জবাব দিয়ে পোস্ট মুছলেন অমিতাভ সামাজিক মাধ্যমে বেশ সরব বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ারা আগে প্রায়ই কিছু না কিছু পোস্ট করেন অভিনেতা। ব্যক্তিজীবনের ভাবনা-কথা তুলে ধরেন তিনি। আর তার সেসব পোস্ট দেখার জন্য মুখিয়েও থাকেন তার ভক্তরা।এক্স হ্যান্ডেলে অমিতাভের রয়েছে ৪৯ মিলিয়ন ভক্ত। তাদের জন্য এবার রাত জেগে পোস্ট করেছিলেন অমিতাভ। কিন্তু এক নেটিজেনের রোষানলে পড়েন বর্ষীয়ান এই অভিনেতা; শুনতে হয় বয়স নিয়ে কটাক্ষ।অমিতাভকে রাত জাগতে দেখে এক নেটিজেন মন্তব্য করেন, ‘শাহেনশাহ রাত জেগে কী করছেন? ঘুমোতে যান, বুড়ো হয়েছেন আপনি।’ আর তাতে চুপ থাকেননি অমিতাভ। পাল্টা জবাবে লেখেন, ‘চিন্তা করো না, ঈশ্বর চাইলে একদিন তোমারও বয়স হবে বাছা।’যদিও পোস্টটি করে সঙ্গে সঙ্গে মুছে দেন। তবে ততক্ষণে তার সেই উত্তরের স্ক্রিনশট হয়ে ছড়িয়ে পড়েছে। ৮২ বছর বয়স হয়েছে অমিতাভের। এই বয়সেও ক্লান্তি নেই অভিনেতার; সিনেমার শুটিং করছেন। পরিচালকেরাই জানিয়েছেন, একেবারে নির্দিষ্ট কল টাইমে পৌঁছে যান সেটে। আর ছুটির দিনে অনুরাগীদের দর্শন দেন।
দুই মিলিয়ন পেরিয়েছে ‘ক্যাপিটাল ড্রামা’র প্রথম নাটক

দুই মিলিয়ন পেরিয়েছে ‘ক্যাপিটাল ড্রামা’র প্রথম নাটক বসুন্ধরা টিস্যুর পরিবেশনায় ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে উন্মোচিত হয়েছে চ্যানেলটির প্রথম নাটক ‘প্রিয় প্রজাপতি’। জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন। রোববার (৮ জুন) সন্ধ্যায় নাটকটি উন্মুক্ত হয়েছে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে। চমকপ্রদ খবর হলো, জিরো সাবস্ক্রাইবারের এ চ্যানেলে নাটকটি মুক্তির পর আজ পর্যন্ত দুই মিলিয়নের বেশি দর্শক দেখে ফেলেছেন। মন্তব্যের ঘরে জমা পড়েছে হাজারো ইতিবাচক মন্তব্য, সেইসঙ্গে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ১৪ হাজারেরও বেশি দর্শক। সোমবার দুপুরে নাটকটির নির্মাতা জানিয়েছিলেন, একটা জিরো সাবস্ক্রাইবার চ্যানেল। একেবারে শূন্য থেকে শুরু। এমন একটা চ্যানেল থেকে রিলিজ পেয়ে দ্রুতই দুই মিলিয়ন ভিউজ পেয়ে গেল ‘প্রিয় প্রজাপতি‘। এরপর দর্শকদের উদ্দেশে তিনি বলেন, প্রিয় দর্শক, আমার প্রতি আপনাদের কতটুকু ভালোবাসা আর আস্থা রয়েছে, তা আবারও প্রমাণ হয়ে গেল। সত্যি বলতে, আপনাদের ভালোবাসাই আমার শক্তি। আমি সেই শক্তিতেই এগিয়ে চলি। একটি অফিসগামী বাস, অফিস এবং দুজন কর্মীর মধ্যকার খুনসুটি আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয় প্রজাপতি’। নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিণ। ‘প্রিয় প্রজাপতি’ নাটকটিতে একটি গান রয়েছে, যেটার কথা লিখেছেন সোমেশ্বর অলি। জাহিদ নিরবের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন জাহিদ ও আতিয়া আনিসা।
হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান

হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান। গত চার দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঠান্ডা লাগে। সাত দিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন। এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে আনা হয়েছিল। তিনি হাসপাতালের সি ব্লকের একটি কেবিনে আছেন। চিকিৎসকরা জানান, ঠান্ডার সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এ কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। এখন তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান। নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এখনো কাজ করে যাচ্ছেন সমানতালে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সময় দিচ্ছেন তিনি।ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের এই সিনেমায় আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।
২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরানের অবসর

২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরানের অবসর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিলেন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখ হয়ে ওঠা এই বাঁহাতি বোর্ডকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ইতোমধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের জন্য দিয়েছেন আবেগঘন বার্তাও। পুরান এমন সময়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, যখন তার সামনে এখনও অনেক বছর খেলার সুযোগ ছিল। সম্প্রতি গ্লেন ম্যাক্সওয়েল ৩৬ বছর বয়সে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, হেনরিখ ক্লাসেনও আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ৩৩ বছর বয়সে। সেখানে পুরানের বিদায় যেন আরও বেশি প্রশ্ন ছুড়ে দিল ক্রিকেট ভক্তদের মনে। তার বিদায়ের পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অতিমাত্রায় ব্যস্ততাকে। বিশ্বের নানা প্রান্তে বছরজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ানো এই ব্যাটসম্যান অনেকদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে ছিলেন। এমনকি চলতি ইংল্যান্ড সফরেও ছিলেন না স্কোয়াডে। তখন দলের অধিনায়ক শাই হোপ বলেছিলেন, আপাতত না খেললেও ভবিষ্যতে পুরানকে বিবেচনায় রাখা হবে। তবে শেষ পর্যন্ত কেবল এই সফর নয়, ওয়েস্ট ইন্ডিজ দলের অধ্যায়ই শেষ করে দিলেন পুরান। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল পুরানের। তবে শুরুটা ছিল হতাশাজনক। তিন ম্যাচ ব্যর্থতার পর তিনি দলের বাইরে চলে যান। এরপর দুই বছরের বেশি সময় অপেক্ষার পর ২০১৮ সালে ভারতের বিপক্ষে মাঠে নামেন আবার। মাঠে ফিরেই নিজেকে প্রমাণ করেন বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে। অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠেন ক্যারিবিয়ান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন সীমিত ওভারে দলের সেরা পারফর্মার হিসেবে। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ, সর্বোচ্চ রান ও সবচেয়ে বেশি ছক্কার মালিক তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৬ ম্যাচে ২ হাজার ২৭৫ রান করেছেন, স্ট্রাইক রেট ১৩৬.৩৯। ক্যারিয়ারে ১৩টি ফিফটি করেছেন, সর্বোচ্চ ইনিংস ৯৮ রানের। ওয়ানডেতে ২০১৯ সালে অভিষেকের পর ৬১ ম্যাচে করেছেন ১ হাজার ৯৮৩ রান, গড় ৩৯.৬৬ এবং স্ট্রাইক রেট প্রায় ১০০। রয়েছে ৩টি সেঞ্চুরি ও ১১টি ফিফটির ইনিংস। মূলত উইকেটরক্ষক হলেও মাঝে মাঝে হাত ঘুরিয়ে নিয়েছেন উইকেটও। ওয়ানডেতে রয়েছে ৬টি উইকেট। নেতৃত্ব দিয়েছেন ওয়ানডেতে ১৭ ও টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে। বিদায়বার্তায় পুরান জানিয়েছেন, অনেক ভাবনার পরই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লিখেছেন, ‘অনেক চিন্তা ও ভেবে দেখার পর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসার এই খেলাটি আমাকে এতকিছু দিয়েছে এবং দিয়ে যাবে। আনন্দ, অভিপ্রায়, অবিস্মরণীয় স্মৃতি ও ওয়েস্ট ইন্ডিজের মানুষের প্রতিনিধিত্ব করার সম্মান। ’ ‘মেরুন জার্সি গায়ে চাপানো, জাতীয় সংগীতের জন্য মাঠে দাঁড়ানো এবং মাঠে নামার পর নিজের সবটুকু উজাড় করে দেওয়া। এসব আমার জন্য কতটা, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়াও ছিল অনেক বড় সম্মান এবং সবসময় তা আমার হৃদয়ের খুব কাছে থাকবে। ’ তিনি আরও জানান, ‘যদিও আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আমার ভালোবাসা মিইয়ে যাবে না। সামনের পথচলার জন্য এই দল ও এই অঞ্চলের প্রতি আমার কেবল শুভকামনাই থাকবে। ’পুরান অবসরের ঘোষণা দিলেও ক্যারিবিয়ান ক্রিকেটের ইতিহাস বলে, ভবিষ্যতে বড় কোনো আসর বা বিশ্বকাপে অবসর ভেঙে খেলায় ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেলদের মতো তাকেও হয়তো আবার দেখা যেতে পারে আন্তর্জাতিক মঞ্চে। তবে আপাতত পুরানের পথচলায় বিশ্রামের ঘোষণা ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য একটি বড় ধাক্কা, বিশেষ করে যখন তারা আবার ঘুরে দাঁড়াতে চায় বিশ্ব ক্রিকেটে নিজেদের হারানো গৌরব খুঁজে পেতে।
আইসিসি ‘হল অব ফেমে’ একসঙ্গে সাত কিংবদন্তি

আইসিসি ‘হল অব ফেমে’ একসঙ্গে সাত কিংবদন্তি ক্রিকেটের কিংবদন্তিদের সম্মানে অনন্য এক সন্ধ্যা দেখা গেল লন্ডনের ঐতিহাসিক অ্যাবি রোড স্টুডিওসে। ‘আ ডে উইথ দ্য লেজেন্ডস’ শিরোনামে আয়োজনটি স্মরণীয় হয়ে থাকল ক্রিকেটপ্রেমীদের কাছে। আইসিসি তাদের ‘হল অব ফেম’-এ এবার একসঙ্গে অন্তর্ভুক্ত করল সাতজন কিংবদন্তিকে। সংখ্যায় বেশি বলেই সংস্থাটি এটিকে বলছে ‘মেগা ইনডাকশন। ’ নতুন এই সদস্যরা হলেন: মাহেন্দ্র সিং ধোনি, ম্যাথু হেইডেন, হাশিম আমলা, গ্রায়েম স্মিথ, ড্যানিয়েল ভেটোরি, সারাহ টেইলর ও সানা মির। এর মাধ্যমে আইসিসি হল অব ফেমের মোট সদস্য সংখ্যা দাঁড়াল ১২২ জনে। আগের সদস্য, সংবাদমাধ্যম প্রতিনিধি ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভোটে নির্বাচিত হয় এই তালিকা। সবসময় এমন জমকালো আয়োজন দেখা যায় না আইসিসির পক্ষ থেকে। অনেক সময় ভার্চুয়াল অনুষ্ঠানে সেরে নেওয়া হয় সম্মাননা প্রদান। কিন্তু এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই জাঁকজমকপূর্ণভাবে হল অব ফেমে স্বাগত জানানো হলো ক্রিকেটের সাত তারকাকে। তাদের নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাহেন্দ্র সিং ধোনি তো একাই ইতিহাস! সীমিত ওভারের ক্রিকেটে তিনি যে ফিনিশারের সংজ্ঞা নতুন করে লিখেছেন, তা এখনো আদর্শ হয়ে আছে অনেক তরুণ ক্রিকেটারের কাছে। একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি ভিন্ন আইসিসি ট্রফি জেতার রেকর্ডটি আজও অটুট। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া ধোনির নেতৃত্বেই ভারত প্রথমবারের মতো শীর্ষে উঠেছিল টেস্ট র্যাঙ্কিংয়ে। কিপার হিসেবে তার প্রতিভা এবং সীমিত ওভারের ক্রিকেটে ব্যাট হাতে তার ভূমিকা তাকে বানিয়েছে অনন্য এক প্রতীক। ধোনি খেলেছেন ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮ টি-টোয়েন্টি। হাশিম আমলা ছিলেন রানের কারিগর। উইলো থেকে যেন ছন্দ বের করতেন তিনি। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। দেশের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরির কৃতিত্বও তার। টেস্ট ও ওয়ানডেতে একসময় ছিলেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। আমলার ক্যারিয়ার সংখ্যার বিচারে যেমন সমৃদ্ধ, তেমনি ছিল মাধুর্যে ভরপুর। তারই সতীর্থ গ্রায়েম স্মিথ ক্রিকেট দুনিয়ায় পরিচিত ছিলেন একাধারে সাহসী অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে। মাত্র ২২ বছর বয়সে নেতৃত্বের ভার কাঁধে তুলে নেন, আর দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যান শীর্ষে। টেস্টে সর্বাধিক ম্যাচে অধিনায়কত্ব ও সর্বোচ্চ জয় সংখ্যার রেকর্ড আজও তার দখলে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ছিলেন দুর্দান্ত ওপেনার। দুইবারের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য ২০০১ সালে ভারতের মাটিতে দারুণ পারফরম্যান্সের পর নিজের জায়গা পাকাপোক্ত করে নেন। তার ব্যাটিংয়ে ছিল দাপট ও ধারাবাহিকতা। প্রতিপক্ষের জন্য এক আতঙ্ক ছিলেন তিনি। নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরি শুধু দলের প্রাণভোমরাই ছিলেন না, ছিলেন ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার। ৪ হাজার টেস্ট রান ও ৩০০ উইকেটের ডাবল রয়েছে তার নামের পাশে, যা বলেই দেয় ভেটোরির সুন্দর পারফরম্যান্সের কথা। স্পিনে তার কৌশল, পাশাপাশি নিচের সারিতে ব্যাটিংয়ের কার্যকারিতা নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য ছিল অমূল্য সম্পদ। নারী ক্রিকেটেও এবার জায়গা পেল দুই তারকা। ইংল্যান্ডের সারাহ টেইলর কিপার হিসেবে গড়েছেন ইতিহাস। মাত্র ১৭ বছর বয়সেই নিজের জাত চিনিয়ে নারী দলের ব্যাটিং লাইনআপে হয়ে ওঠেন অমূল্য রত্ন। দুটি বিশ্বকাপ জয়ের অংশ তিনি। অন্যদিকে পাকিস্তানের সানা মির নারী ক্রিকেটের পথিকৃত। দেশের হয়ে প্রথমবারের মতো আইসিসি হল অব ফেমে জায়গা করে নিয়েছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের নারী দলকে, এনে দিয়েছেন এশিয়ান গেমসের দুটি সোনা।
আসামের মুখ্যমন্ত্রীর হু*মকি: বিদেশি হলেই বাংলাদেশে পু*শ-ইন

আসামের মুখ্যমন্ত্রীর হু*মকি: বিদেশি হলেই বাংলাদেশে পু*শ-ইন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের আইনসভায় ঘোষণা দিয়েছেন— যাকেই বিদেশি হিসেবে শনাক্ত করা হবে, তাকে সরাসরি বাংলাদেশে পুশ ইন করা হবে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের আইনি অনুমোদনের প্রয়োজন হবে না। সোমবার (৯ জুন) আইনসভায় মুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে রাজ্যের জেলা প্রশাসকরা (ডিসি) সরাসরি সিদ্ধান্ত নিতে পারবেন। এ ক্ষেত্রে ১৯৫০ সালের একটি পুরনো আইন পুনরায় কার্যকর করা হয়েছে, যার বৈধতা স্বয়ং ভারতের সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া, যেসব ব্যক্তিকে রাজ্যের ফরেনার ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছে, তাদের ক্ষেত্রেও একই পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, গত কয়েক সপ্তাহে ফরেনার ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে প্রায় ৩৫০ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের অক্টোবর মাসে ভারতের সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায়ে বলা হয়েছে— ১৯৭১ সালের ২৪ মার্চের পর যেসব ব্যক্তি আসামে প্রবেশ করেছেন, তারা ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবেন না। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দেন। রায়ে আরও বলা হয়, ১৯৭১ সালের ২৪ মার্চের পর আসামে যারা প্রবেশ করেছেন, তাদের কোনো ধরনের ছাড় বা ব্যতিক্রম দেওয়ার সুযোগ নেই। আদালত নির্দেশনা দেয়, ১৯৫০ সালের পুশ ইন-আইনও বৈধ, এবং সেই আইনের আওতায় জেলা প্রশাসকরা চাইলে যে কাউকে পুশ ইন করতে পারবেন। আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না।
গাজায় প্রাণহানি ৫৫ হাজার ছুঁইছুঁই

গাজায় প্রাণহানি ৫৫ হাজার ছুঁইছুঁই ইসরায়েলি বাহিনীর একের পর এক আক্রমণে ফের রক্তাক্ত গাজা। সোমবার (৯ জুন) সারাদিন চলা বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৬০ জন ফিলিস্তিনি, আহত আরও ৩৮৮। স্থানীয় সময় সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। চলমান যুদ্ধে সোমবারের হামলার পর পর্যন্ত গাজায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯২৭ জনে। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ১ লাখ ২৬ হাজার ২২৭ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় গাজা নিয়ন্ত্রিত প্রতিরোধ গোষ্ঠী হামাস। ওই অভিযানে গুলি ও হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং আরও ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর জবাবে সেদিন থেকেই গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। টানা ১৫ মাস ধরে ভয়াবহ এই যুদ্ধ চলার পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি একটি সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। কিন্তু সেই বিরতি ছিল ক্ষণস্থায়ী। গত ১৮ মার্চ থেকে ফের শুরু হয় ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। এই নতুন দফার অভিযানে আড়াই মাসেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪ হাজার ৬৪৯ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ১৪ হাজার ৫৭৪ জন। এদিকে, শুরুতেই হামাস যাদের জিম্মি করে নিয়েছিল, সেই ২৫১ জনের মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মুক্ত করতে নতুন করে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ

জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বাড়তে থাকায় পার্শ্ববর্তী ভারতসহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার ৯ জুন অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনার একাধিক সাব-ভেরিয়েন্ট— বিশেষ করে অমিক্রনের এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ ও এনবি ১.৮.১ দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এসব ধরন বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ভারতসহ আক্রান্ত দেশগুলো থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন ঝুঁকি মোকাবিলায় হেলথ স্ক্রিনিং বাড়ানোসহ বিমানবন্দর ও স্থলবন্দরে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশনায়। সম্প্রতি দেশে করোনায় একজনের মৃত্যু হলেও পরিস্থিতি এখনও আশঙ্কাজনক নয়। তবে বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা নজরে এসেছে। আইসিডিডিআরবির গবেষকেরা দেশে করোনার নতুন ধরন এক্সএফজি শনাক্ত করার কথা জানিয়েছেন। পাশাপাশি এক্সএফসি নামের আরও একটি সাব-ভেরিয়েন্টও পাওয়া গেছে। উভয়টিই অমিক্রনের শক্তিশালী ভ্যারিয়েন্ট জেএন-১ এর উপধরন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা— সাতবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোবেন (অন্তত ২৩ সেকেন্ড)। নাক-মুখ ঢাকায় জন্য মাস্ক ব্যবহার করুন। আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না হাঁচি-কাশির সময় টিস্যু, কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। দেশে প্রবেশের পথের জন্য নির্দেশনা— দেশের বিভিন্ন স্থল, নৌ, বিমান বন্দরসমূহে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্কসমূহে সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেল্যান্স জোরদার করুন। দেশের পয়েন্টস অব এন্ট্রি সমূহে থার্মাল স্কান্যার, ডিজিটাল হেন্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করুন। চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লাভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুত রাখুন (পিপিই)। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা সমূহ প্রচার করুন। জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকুন। সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়— অসুস্থ হলে ঘরে থাকুন, মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন। প্রয়োজন হলে আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগ করুন (০১৪০১-১৯৬২৯৩)।
আজ বায়ুদূষণে চতুর্থ ঢাকা

আজ বায়ুদূষণে চতুর্থ ঢাকা বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৪৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১০ গুণেরও বেশি রয়েছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (১৭৪)। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (১৫৬) এবং নেপালের কাঠমান্ডু (১৫৬)। শহর তিনটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
আজ বৃষ্টি হতে পারে যেসব বিভাগে

আজ বৃষ্টি হতে পারে যেসব বিভাগে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, আর ময়মনসিংহ, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বাকি অংশে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরেও দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে দেশের ২৮টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে আছে ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগও রয়েছে এই তালিকায়। এসব জায়গায় গরমের তীব্রতা কিছুটা বেশি অনুভূত হচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে দেশের অনেক জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তখন তাপমাত্রাও কিছুটা কমে আসবে বলে আশা করা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২২.৬ ডিগ্রি। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়, ২৪ মিলিমিটার। সামনের কয়েক দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এবং গরম কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।