‘স্পাইডার ম্যান’ খ্যাত অভিনেতা জ্যাক বেটস মারা গেছেন

‘স্পাইডার ম্যান’ খ্যাত অভিনেতা জ্যাক বেটস মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ খ্যাত হলিউড অভিনেতা জ্যাক বেটস মারা গেছেন। বৃহস্পতিবার ১৯ জুন মারা গেছেন তিনি। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৯৬ বছর। অভিনেতার ভাগ্নে ডিন সুলিভানের বরাত দিয়ে দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার লস ওসোসে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জ্যাকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই পাশ্চাত্য বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। ২০০২ সালে সাম রাইমি পরিচালিত ‘স্পাইডার ম্যান’ সিনেমা কিশোরদের মনে নতুন করে জনপ্রিয় করেছিল ‘মাকড়সা মানুষ’কে। বড়রাও পছন্দ করেছিলেন সিনেমাটি। এতে ‘পিটার পার্কার’ বা ‘স্পাইডার ম্যান’-এর পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছিল আরও একটি চরিত্র ‘হেনরি বলকান’। এই চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাক বেটস। ১৯২৯ সালের ১১ এপ্রিল নিউ জার্সির জার্সি সিটিতে জন্মগ্রহণ করেন জ্যাক বেটস। তার পুরো নাম জ্যাক ফিলমোর বেটস। তার নামের সঙ্গে ‘ফিলমোর’ জুড়ে থাকায় অভিনেতা প্রায়ই রসিকতা করতেন, তিনি নাকি ত্রয়োদশ মার্কিন রাষ্ট্রপতি মিলার্ড ফিলমোরের দূর সম্পর্কের আত্মীয়! মিয়ামিতে বেড়ে ওঠা বেটস নিউইয়র্ক সিটিতে যাওয়ার আগে মিয়ামি বিশ্ববিদ্যালয়ে থিয়েটার নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৩ সালে ‘রিচার্ড ৩’ দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। বেটসের জীবনের মোড় ঘোরে অ্যাক্টরস স্টুডিওর এর অডিশনে। বন্ধুর সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ আচরণ পরীক্ষক পরিচালককে এতটাই মুগ্ধ করেছিল যে তিন বছরের জন্য তিনি বৃত্তি দেন তাকে। এখানেই পরিচালক এলিয়া কাজান তাকে ‘ক্যাট অন আ হট টিন রুফ’, ‘সুইট বার্ড অফ ইয়ুথ’ এবং সত্তরের দশকের শেষের দিকে ‘ড্রাকুলা’য় অভিনয়ের জন্য মনোনীত করেন। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় ‘জেনারেল হসপিটাল’, ‘অল মাই চিলড্রেন’, ‘গাইডিং লাইট’ এবং ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’র মতো অসংখ্য ধারাবাহিকে কাজ করে বেটস তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন।

ইরান পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসবে আইএইএ

ইরান পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসবে আইএইএ ইরানে জরুরি পরিস্থিতি বিবেচনায় সোমবার জরুরি বৈঠকে বসবেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নররা । আজ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সংস্থাটির মহাপরিচালক জেনারেল রাফায়েল গ্রোসি এ তথ্য জানিয়েছেন। এর আগে আইএইএ বলেছে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও ‘আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির’ কোনও তথ্য পাওয়া যায়নি। আজ ভোরে ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইসফাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ইরানও তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয় নিশ্চিত করে।

১২০ বছর পর বেনিন ভাস্কর্য ফেরত পেল নাইজেরিয়া

১২০ বছর পর বেনিন ভাস্কর্য ফেরত পেল নাইজেরিয়া নেদারল্যান্ডস ১২০ বছর আগে ঔপনিবেশিক শাসনামলে নাইজেরিয়ার বেনিন রাজ্য থেকে লুণ্ঠিত ১১৯টি ঐতিহাসিক ভাস্কর্য আনুষ্ঠানিকভাবে ফেরত দিয়েছে। গতকাল নাইজেরিয়ার লাগোসের জাতীয় জাদুঘরে এক বিশেষ অনুষ্ঠানে এসব মূল্যবান নিদর্শন হস্তান্তর করা হয়। নাইজেরিয়ার জাতীয় জাদুঘর ও স্মৃতিস্তম্ভ কমিশনের মহাপরিচালক ওলুগবিল হলোওয়ে এই প্রত্নবস্তুগুলোর তাৎপর্য তুলে ধরে বলেন, “এগুলো কেবল বস্তু নয়—এগুলো আমাদের আত্মপরিচয় ও অতীতের জীবন্ত প্রতীক। আমরা চাই, বিশ্ব আমাদের সঙ্গে ন্যায্যতা, মর্যাদা ও শ্রদ্ধার ভিত্তিতে আচরণ করুক।” তিনি আরও জানান, জার্মানিও ১,০০০-এর বেশি নিদর্শন ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা ঔপনিবেশিক আমলে সংগ্রহ করা হয়েছিল। এই ঐতিহাসিক নিদর্শনগুলোকে ‘বেনিন ব্রোঞ্জ’ নামে অভিহিত করা হয়। এগুলোর মধ্যে ১৬শ থেকে ১৮শ শতাব্দীর মধ্যে তৈরি সূক্ষ্ম ধাতু ও হাতির দাঁতের ভাস্কর্য রয়েছে। ১৮৯৭ সালে ব্রিটিশ সেনা অভিযানের সময় বেনিন লুণ্ঠনের মাধ্যমে এসব সম্পদ নিয়ে যাওয়া হয়েছিল। সে সময় বেনিনের রাজা ওভনরামওয়েন নোগবাইসিকে নির্বাসনে পাঠানো হয়। বর্তমানে ফেরত পাওয়া চারটি ভাস্কর্য লাগোসের জাতীয় জাদুঘরের প্রদর্শনীতে রাখা হয়েছে। পরবর্তীতে সেগুলো জাদুঘরের স্থায়ী সংগ্রহে যুক্ত হবে। বাকি নিদর্শনগুলো ফেরত পাঠানো হবে বেনিনের ঐতিহ্যবাহী শাসক ওবা ইওয়ারে দ্বিতীয়-এর কাছে।উল্লেখযোগ্য যে, ২০২২ সালে নাইজেরিয়া বিশ্বের বিভিন্ন জাদুঘর ও সংগ্রহশালার কাছে সাংস্কৃতিক ঐতিহ্য ফেরতের আনুষ্ঠানিক দাবি জানায়। ওই বছর যুক্তরাজ্যের একটি জাদুঘর থেকে ৭২টি এবং যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড থেকে ৩১টি প্রত্নবস্তু ফেরত পায় নাইজেরিয়া।বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ ঔপনিবেশিক ইতিহাসের পুনর্মূল্যায়ন এবং বিশ্বব্যাপী সাংস্কৃতিক সম্পদের ন্যায়বিচারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইসরায়েলে দুই দফায় ইরানের হা*মলায় ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি, আ*হত ৮৬

ইসরায়েলে দুই দফায় ইরানের হা*মলায় ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি, আ*হত ৮৬ মার্কিন হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে দুই দফায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে এখন পর্যন্ত অন্তত ৮৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা মাঝারি, ৭৭ জনের অবস্থা তেমন গুরুতর নয়, চারজন তীব্র মানসিক আতঙ্কে ভুগছেন এবং তিনজনের শারীরিক অবস্থা এখনো জানা যায়নি। আহতদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা ইসরায়েলে ২০তম দফায় হামলা শুরু করেছে। এতে শক্তিশালী ও বিধ্বংসী ওয়ারহেডসহ তরল ও কঠিন জ্বালানিচালিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। ইরানি বাহিনী জানায়, হামলার লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর, একটি জৈব গবেষণা কেন্দ্র, লজিস্টিক ঘাঁটি, এবং বিভিন্ন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র। এ ছাড়া তেল আবিব, নেস সিওনা ও হাইফার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে ,হামলার কয়েক ঘণ্টা পরও ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম চলছে। ইসরায়েলি জরুরি সেবা কর্মীরা এখনো বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। হামলায় একটি বৃদ্ধনিবাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, একটা বিশাল বিস্ফোরণ হলো। সব কেঁপে উঠল। আমি কিছুই বুঝে উঠতে পারিনি।

ক্লাব বিশ্বকাপে ‘আর্জেন্টিনার জার্সি’ ভাইরাল কোরিয়ান ক্লাব

ক্লাব বিশ্বকাপে ‘আর্জেন্টিনার জার্সি’ ভাইরাল কোরিয়ান ক্লাব ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার ক্লাবগুলো দুর্দান্ত খেলছে। ইউরোপিয়ান ক্লাবগুলোকে তারা নাকানি-চুবানি খাওয়াচ্ছে। তেমনি আজ উলসান হুন্দাইয়ের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় নিয়ে এসেছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। তবে এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল উলসানের জার্সি! দক্ষিণ কোরিয়ার ক্লাবটি এমন এক জার্সি পরে মাঠে নামে, যা দেখতে হুবহু আর্জেন্টিনা জাতীয় দলের পরিচিত জার্সির মতো। ওই জার্সিতে ছিল পাঁচটি আকাশি নীল রঙের স্ট্রাইপ, যার পটভূমি সাদা। জার্সির হাতায় ছিল জার্মান ব্র্যান্ডের ক্লাসিক থ্রি স্ট্রাইপ ডিজাইন। পুরো দলের শর্টস ও মোজাও ছিল সাদা রঙের। সব মিলিয়ে পুরো জার্সিটিই যেন ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সির প্রতিরূপ! জার্সির এই আকস্মিক পরিবর্তন ঘিরে শুরু হয় আলোচনা, বিশেষ করে ম্যাচের ৩৭তম মিনিটে জিন-হিউন লি এবং শেষ দিকের সময়ে উম ওন-সাং গোল করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যেন উচ্ছ্বাসের বন্যা বইয়ে দেয় ভক্তরা। জার্সিটি নিয়ে আলোচনা হওয়ার প্রধান কারণ ছিল, এই জার্সির সঙ্গে কোনো মিল নেই ক্লাবটির ঐতিহাসিক রঙের। ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দলটি নেমেছিল নীল-হলুদ রঙের জার্সিতে। ফলে হঠাৎ করে এমন সাদা-আকাশি রঙের জার্সি দেখে অবাক হয়ে যান আর্জেন্টিনার সমর্থকরা। অনেকে মনে করেন, এটা যেন লাতিন আমেরিকার বিশ্বজয়ী দলের ছায়া। এদিকে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলায় উলসানের এমন জার্সি পরাকে ঘিরে তৈরি হয় নানারকম মিমস। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বলেন, ‘এ যেন আর্জেন্টিনা বনাম ব্রাজিল!’। আবার কেউ লিখেছেন, ‘কোরিয়ান স্কালোনেতা মাঠে নেমে গেছে!’

ক্লাব বিশ্বকাপ: ১০০ কোটি ডলারের বাণিজ্যিক লড়াই

ক্লাব বিশ্বকাপ: ১০০ কোটি ডলারের বাণিজ্যিক লড়াই ফিফার নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপ যেন শুধু মাঠের লড়াই নয়, বরং এক বিলিয়ন ডলারের বাণিজ্যিক মঞ্চ। গত মার্চে ফিফা ঘোষণা করে, এবারের ৩২ দল নিয়ে আয়োজিত ক্লাব বিশ্বকাপে বিজয়ী দল পাবে সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ডলার—অর্থাৎ মাত্র এক মাসের টুর্নামেন্টে প্রায় ১৫০০ কোটি টাকা পর্যন্ত আয়ের সুযোগ! শুধু ম্যাচ জিতলেই মিলবে ২ মিলিয়ন ডলার। ‘অক্টাগনের ফুটবল বিভাগের প্রধান ফিল কার্লিং বলেন, ‘এটা এখনকার ফুটবলে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুদ্ধ—আন্তর্জাতিক ভক্ত ধরে রাখা এবং তাদের অর্থে পরিণত করা। ‘এই মুহূর্তে ফুটবলে ট্যালেন্ট মানে টাকা, টাকা মানে নজর, নজর মানে স্পনসর, স্পনসর মানেই ক্লাবের অর্থনৈতিক ক্ষমতা, চ্যাম্পিয়নস লিগের মতো ঐতিহ্য না থাকলেও ক্লাব বিশ্বকাপে আমেরিকার মাটিতে নিজেদের দেখানোর এই সুযোগকে বড় ক্লাবগুলো হাতছাড়া করতে চায় না। জার্সি বিক্রি, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানো আর ডিজিটাল সাবস্ক্রিপশনের মাধ্যমে ক্লাবগুলো নিজেদের আয়ের নতুন দ্বার খুঁজে পাচ্ছে। স্পোর্টস মার্কেটিং বিশেষজ্ঞ টিম ক্রো বলেন, ‘এটা এখন আর ঐতিহ্যগত ভক্তদের মন জয় করার প্রশ্ন নয়, বরং নতুন প্রজন্মের কাছে পৌঁছানোই মূল লক্ষ্য। ‘ এক সমীক্ষায় দেখা গেছে, শীর্ষ ২০ ক্লাব ২০২৩-২৪ মৌসুমে বাণিজ্যিক খাত থেকে মোট ৪.২ বিলিয়ন পাউন্ড আয় করেছে—যার মধ্যে রিয়াল মাদ্রিদের আয় সর্বোচ্চ ৪১০ মিলিয়ন পাউন্ড। যুক্তরাষ্ট্রে এখনও লাখ লাখ মানুষ আছেন যাদের কোনো পছন্দের ফুটবল ক্লাব নেই। সেই বাজার দখলের এই সুবর্ণ সুযোগ মিস করতে চায় না রিয়াল মাদ্রিদের মতো ইউরোপিয়ান ক্লাবগুলো।আসলে যুক্তরাষ্ট্র হলো ২০ ট্রিলিয়ন ডলারের ইকোনমি। সেখানে একজন ফ্যান মানেই ভবিষ্যতের ক্রেতা, সাবস্ক্রাইবার এবং বিনিয়োগকারী। কেউ জানে না আগামী ১০ বছরে এই টুর্নামেন্ট কোথায় দাঁড়াবে। তবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, পিএসজি’র মতো ক্লাব যখন এতটা সিরিয়াস, তখন এটা শুধু ‘গ্রীষ্মকালীন প্রীতি ম্যাচ’ নয়, বরং ফুটবলের ভবিষ্যতের বাণিজ্যিক রূপরেখার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।

অসুস্থ এমবাপ্পেকে রেখে শার্লটে গেল রিয়াল মাদ্রিদ

অসুস্থ এমবাপ্পেকে রেখে শার্লটে গেল রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আজ রাতে শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব পাচুকার মুখোমুখি হবে লস ব্লাঙ্কোরা। এই ম্যাচকে সামনে রেখে ফ্লোরিডা ছেড়ে নর্থ ক্যারোলাইনার শার্লটে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। তবে শার্লটগামী এই বিমানে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। কিছু দিন আগে পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হন এমবাপ্পে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তাই ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ফরাসি তারকাকে রেখেই শালর্টে গেছেন দলের বাকিরা। বার্তা সংস্থা এএফপিকে রিয়ালের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এমবাপ্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে এএফপিকে রিয়ালের একটি সূত্র জানিয়েছে, ‘তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। তবে সে রোববারের ম্যাচটি খেলতে সতীর্থদের সঙ্গে বিমান ভ্রমণ করবে না।’শুধু এমবাপ্পে নয় এই ম্যাচে ডিফেন্ডার দানি কারভাহালকেও পাচ্ছেন না রিয়াল কোচ জাবি আলোনসো। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, ঘাড়ে ব্যথা অনুভব করায় ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত কারভাহাল। আগামী বৃহস্পতিবার ফিলাডেলফিডায় অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সাল্‌জবুর্গের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে এমবাপ্পেকে পাওয়ার আশায় আলোনসো। সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘সে হাসপাতাল থেকে ফিরেছে। সেরে উঠছে এবং উন্নতি করছে। আমরা তাকে সাল্‌জবুর্গের বিপক্ষে পাওয়ার ব্যাপারে আশাবাদী।’

 অপরাজিত থেকেই বিশ্বকাপের টিকিট পেলো কানাডা

অপরাজিত থেকেই বিশ্বকাপের টিকিট পেলো কানাডা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। গতকাল টস জিতে বাহমাসকে ব্যাটিংয়ে পাঠায় কানাডা। কালিম সানা ও শিবম শর্মার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৭ রানে অলআউট হয় বাহামাস। ৩টি করে উইকেট নেনে কালিম সানা ও শিবম শর্মা। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫ ওভার ৩ বলে জয় তুলে নেয় কানাডা। ১৪ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন দিলপ্রীত বাজওয়ার। এই জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে কানাডা। বাছাইপর্বে এখনও একটি ম্যাচ বাকি থাকলেও আগেই নিশ্চিত হয়েছে তাদের টিকিট। পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলেছে কানাডা। প্রথম ম্যাচেই বারমুডাকে হারায় ১১০ রানে। এরপর কেম্যান আইল্যান্ডসকে ৫৯ রানে এবং বাহামাসকে আগেও হারায় ১০ উইকেটে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচে অপরাজিত দলটি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। আয়োজক দুই দেশের পাশাপাশি ইতোমধ্যে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। কানাডাসহ মোট ১৩টি দল নিশ্চিত হয়ে গেছে বিশ্বকাপের মঞ্চে। বাকি ৭টি দল নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্ব থেকে। ইউরোপ থেকে ২টি (৫-১১ জুলাই), আফ্রিকা থেকে ২টি (১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর) এবং এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ৩টি (১-১৭ অক্টোবর) দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

ঢামেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢামেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (২২ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে কলেজটির এমবিবিএস ছাত্র/ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এছাড়া রোববার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আজ একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে আবাসনসহ পাঁচ দাবিতে আন্দোলন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি বন্ধের বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের প্রধান দাবির মধ্যে ছিল— * পরিত্যক্ত ঘোষণা করা ছাত্রাবাসের বিকল্প ব্যবস্থা। * নতুন ছাত্রাবাস ও একাডেমিক ভবনের বাজেট পাস। * শিক্ষার্থীদের প্রতিনিধির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা। আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, দাবিগুলো মানা না হলে তারা নিজেরাই একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেবেন। তবে তার আগেই প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কলেজ বন্ধের ঘোষণা এলো।

কাল থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

কাল থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট গত ৩ জুন থেকে আজ পর্যন্ত ঈদুল আজহার ছুটি, সাপ্তাহিক ছুটি ও অবকাশের কারণে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালনা বন্ধ ছিল। রবিবার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সর্বোচ্চ আদালত। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৪৯টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে গঠিত বেঞ্চসমূহ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চের বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে। অবকাশের মাঝে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালতে নির্ধারিত দিনে বিচার কাজ চলেছে।