পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিল টাইগাররা

পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিল টাইগাররা দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েও জাকের আলীর দুর্দান্ত ফিফটির ওপর ভর করে লড়াকু স্কোর গড়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টাইগাররা ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৩৩ রান। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টাইগারদের ইনিংসে দেখা যায় ভাঙন। মাত্র ২৮ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। ওপেনার নাঈম শেখ (৩), অধিনায়ক লিটন দাস (৮), হৃদয় (০) ও পারভেজ হোসেন ইমন (১৩) ফিরে যান দ্রুতই। এই অবস্থায় ইনিংস গুছিয়ে নেন জাকের আলী ও শেখ মেহেদি হাসান। পঞ্চম উইকেটে গড়া তাঁদের ৫৩ রানের জুটি দলকে কিছুটা স্থিতি এনে দেয়। মেহেদি খেলেন ২৫ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস, যাতে ছিল দুটি চার ও দুটি ছক্কা। শেখ মেহেদির বিদায়ের পর দ্রুত ফিরে যান শামীম পাটোয়ারি (১)। তবে অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যান জাকের। ইনিংসের শেষ ওভারে দুটি ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেন ৪৮ বলে ৫৫ রান করে। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও একটি চার। বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ১৩৩ রানে। বোলিংয়ে পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল ছিলেন সালমান মির্জা ও অভিষিক্ত আহমেদ দানিয়াল, দুজনেই নেন দুটি করে উইকেট। আব্বাস আফ্রিদি ৩৭ রানে ২ উইকেট নেন। ফাহিম আশরাফ ও মোহাম্মদ নেওয়াজ পান একটি করে উইকেট। ম্যাচের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে শুরু হয় ম্যাচটি। মাঠে নামার আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে দুই দল।
বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, চিকিৎসাধীন ১৬৫

বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, চিকিৎসাধীন ১৬৫ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে (আজ দুপুর ১২টা পর্যন্ত)। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জন মারা গেছেন। এছাড়া, বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন ভর্তি আছে। আইএসপিআর আরও জানায়, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন আহত, নিহত নেই। বার্ন ইনস্টিটিউটে রয়েছে ৪৬ জন আহত এবং ১০ জন নিহত। ঢাকা মেডিকেলে ভর্তি আছে ৩ জন আহত এবং ১ জন নিহত। ঢাকার সিএমএইচে রয়েছে ২৮ জন আহত এবং ১৬ জন নিহত। লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরায় ভর্তি আছে ১৩ জন আহত এবং ২ জন নিহত। উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন আহত এবং ১ জন নিহত। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে রয়েছে ১ জন আহত, নিহত নেই। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১ জন আহত, নিহত নেই। ইউনাইটেড হাসপাতালে আছেন ২ জন আহত এবং ১ জন নিহত এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছেন ৩ জন আহত, নিহত নেই।
২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৪

২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৪ গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জন মারা গেছেন এবং একই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৪৪ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৪০২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ১৬ হাজার ৬২৯ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২২ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২৬ জন। এর মধ্যে ৫৮ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক তিন শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৬৫ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মৃত তিন জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
নাচোলে নারী উন্নয়ন শক্তির কর্মশালা অনুষ্ঠিত

নাচোলে নারী উন্নয়ন শক্তির কর্মশালা অনুষ্ঠিত নাচোল উপজেলায় নারী উন্নয়ন শক্তির আয়োজনে জেন্ডার পলিসি ও যৌন নিপীড়ন, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন— নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো। কর্মশালায় মূল বক্তব্য ও প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, “আমাদের এই উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করে তোলার পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভর করে তুলতে হবে। যাতে তারা পরিবার ও সমাজে সম্মানের সাথে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে।” কর্মশালায় উপজেলার বিভিন্ন কমিউনিটি-ভিত্তিক নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র এনজিও ও সামাজিক সংগঠনের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করেন।
বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মোনাজাত ও দোয়া

বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মোনাজাত ও দোয়া রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে বিশেষ মোনাজাত করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকট ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে বাদ আসর নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির খেলার মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে দুটি পৃথক স্থানে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিল করা হয়। এছাড়া, জেলা মৎস্য অফিস বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করেছে। মঙ্গলবার সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও মৎস্য সপ্তাহের উদ্বোধন হওয়ার কথা ছিল। যা আজ বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস। উল্লেখ্য, ঢাকার উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৩১ জন নিহত হন। গত সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সেই বিধ্বস্ত বিমানের নিহত পাইলট ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের তোহুরুল ইসলামের ছেলে স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর। এ ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
পদ্মা মহানন্দার ভাঙন : ঝুঁকি নিয়েই রাত পার, কেউ কেউ সরিয়েছেন বাড়ি

পদ্মা মহানন্দার ভাঙন : ঝুঁকি নিয়েই রাত পার, কেউ কেউ সরিয়েছেন বাড়ি চাঁপাইনবাবগঞ্জে সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা এবং সদরে মহানন্দা নদীর ভাঙনে নীদতীরবর্তী এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। পদ্মার ভাঙন থেকে বাঁচতে অনেকেই ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি, চরআষাড়িয়াদহ, পোল্লাডাঙ্গা বিজিবি ক্যাম্প এলাকা এবং শিবগঞ্জ উপজেলার মনোহরপুর ও পাঁকা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙনে ফসলি জমি, মসজিদ শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বহু মসজিদ বিলীন হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি বরাবর নদী প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় ভবনটি নদীতে নেমে যেতে পারে বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন জানিয়েছেন। তিনি জানান, নারায়ণপুর ইউনিয়নের ১, ৩ ও ৭নং ওয়ার্ডের শতাধিক ঘরবাড়ি ফসলি জমি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুরে মহানন্দা নদীর ভাঙনে অন্তত ১০টি ঘরবাড়ি নদীতে দেবে গেছে। ভাঙনকবলতি নদী তীরে বসবাসকারী আমেনা বেগম নূরেসা বেগম জানান, গত ১৫ দিন ধরে এই এলাকার বাড়িঘরগুলো নদীতে নেমে যাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে আমরা বসবাস করছি। রাতের অন্ধকারে দেবে গেলে এলাকার বহু মানুষ মারা যাবে। জীবনের ভয়ে কেউ কেউ নিজ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাসায় চলে গেছে। জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ করার দাবি জানান তারা। এছাড়া দেবীনগর ইউনিয়নের হড়মা এলাকায় মহানন্দায় ভাঙন চলছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন— শিবগঞ্জের মনোহরপুুুর ও আইয়ুবের ঘাট এলাকায় প্রায় দেড় থেকে ২ কিলোমিটারজুড়ে পদ্মা নদীর বামতীরে ভাঙন চলছে। নদী তীরের মানুষ ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন। জরুরি ভিত্তিতে জিওব্যাগ ও জিওটিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। এছাড়া সদর উপজেরার পোল্লাডাঙ্গা বিজিবি ক্যাম্প এলাকায় জিওব্যাগ ও জিওটিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন— কল্যাণপুরের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। জরুরি ভিত্তিতে ভাঙন রোধের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃক্ষকে জানানো হয়েছে। অনুমতি পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৪ জন : হাসপাতালে ভর্তি ৬৫

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৪ জন : হাসপাতালে ভর্তি ৬৫ চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৪৪ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১৭ জন এবং বহির্বিভাগে ২৭ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬২ জন, শিবগঞ্জে ১ জন, গোমস্তাপুরে ২ জন ভর্তি আছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ৬২ জনের মধ্যে ৩৪ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ১০ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ জনকে। এই ১৯ জনের মধ্যে ১০ জন পুরুষ, ৮ জন মহিলা ও ১ শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০৩ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৫৩ জনে।
মুম্বাইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান

মুম্বাইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান বলিউড সুপারস্টার সালমান খান তার মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। ফ্ল্যাটটি পশ্চিম বান্দ্রার অভিজাত এলাকায় অবস্থিত। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বান্দ্রার পালি ভিলেজে অবস্থিত সালমান খানের ফ্ল্যাটটি। ১ হাজার ৩১৮ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি ৫ কোটি ৩৫ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা) বিক্রি করেছেন। চলতি মাসে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। সালমান খান এখন বান্দ্রার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করেন। বর্তমান বাসা থেকে তার বিক্রিত ফ্ল্যাটটির দূরত্ব ২.২ কিলোমিটার। তবে এই ফ্ল্যাট কেন বিক্রি করলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। পশ্চিম বান্দ্রা মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এবং ব্যয়বহুল আবাসিক এলাকাগুলোর মধ্যে একটি। এখানে অসংখ্য বলিউড তারকা, ধনাঢ্য ব্যবসায়ী ও হাই-প্রোফাইল লোকজন বসবাস করেন। এই এলাকায় এখন বসবাস করেন শাহরুখ খান, আমির খান, জাভেদ আখতার, কৃতি শ্যানন, রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলী খান, রেখা প্রমুখ। সালমান খান অভিনীত সবশেষ সিনেমা ‘সিকান্দার’। এ আর মুরুগাদোস নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাশমিকা মান্দানা। গত ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।
ছুটি হোক আনন্দের

ছুটি হোক আনন্দের ব্যস্ততার জন্য কর্মজীবীরা পরিবার এবং বন্ধুদের সেভাবে সময় দিতে পারেন না। কারণ প্রতিটি কথা এবং কাজ তাদের করতে হয় সময়ের কাটা ধরে। সপ্তাহ শেষে ছুটির দিনটির জন্য পরিবারের সবাই অপেক্ষা করি। বিশেষ এই দিনটিকে একবারে সাদামাটা না কাটিয়ে আনন্দময় করে তুললে পরবর্তী সপ্তাহে কাজের অনুপ্রেরণা পাওয়া যায়। সেসঙ্গে সবার মধ্যে সম্পর্ক আরও মধুর হয়। দিনটিকে আলাদা করতে যা করতে পারি- ছুটি নেওয়ার আগেই পরিকল্পনা করুন এই সময়টা কীভাবে সবচেয়ে বেশি আনন্দে ভরে তোলা যায়। * চেষ্টা করুন পরিবারের সবার একদিনেই ডে অফ নিতে। যেমন বাচ্চার স্কুল, কর্তার ব্যবসা প্রতিষ্ঠানের আর গিন্নির অফিস ছুটি একদিনে নিন। * এই দিনটিতে চেষ্টা করুন অফিসের ব্যস্ততা এবং টেনশন দুটো থেকেই মুক্ত থাকতে। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার তাড়া থাকে, তাই ভোরেই ঘুম থেকে উঠতে হয়, ছুটির দিনটিতে একটু আরাম করে ঘুমানো যায়। * ছুটি মানে সারাদিন সংসারের কাজ করে আর বাজার করেই কাটিয়ে দেবেন না যেন। সবার মধ্যে কাজ ভাগ করে দিন। সময় নির্দিষ্ট করে নিন, সেই সময়ের মধ্যে সবার সাহায্য নিয়ে কাজগুলো গুছিয়ে নিন। * বাসায় সবার পছন্দমতো রান্না করুন অথবা পরিবারের সবাইকে নিয়ে একবেলা বাইরে খান। * সন্ধ্যায় কোনো আত্মীয়, বন্ধুর বাড়িতে অথবা পছন্দের কোনো জায়গায় বেড়াতে যান। * মাঝেমাঝে নিজের বাড়িতেও বন্ধুদের চায়ের আমন্ত্রণ করতে পারেন। * লক্ষ্য রাখবেন ছুটির দিনে মান অভিমান বা মনোমালিন্য করে সময় নষ্ট করবেন না। পরিবারে বয়স্ক কেউ থাকলে ছুটির দিনে তাকেও সময় দিন। আর বেড়াতে যাওয়ার সময় তাকেও সঙ্গে নিন। পরিবারের সবাইকে নিয়ে ছুটির দিনটিকে উপভোগ্য করে তুলুন।
স্ত্রী ক্যাটরিনার জন্মদিনে যা বললেন ভিকি

স্ত্রী ক্যাটরিনার জন্মদিনে যা বললেন ভিকি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গতকাল জীবনের ৪২ বসন্তে পা রাখলেন এই অভিনেত্রী। চল্লিশোর্ধ্ব ক্যাটরিনা বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে কিছুটা দূরেই! বরং সংসারেই অনেক বেশিই মন তার। এদিকে ক্যাটরিনার জন্মদিনে ভিকি কৌশল শুভেচ্ছা বার্তার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে বুধবার দুপুরে অবশেষে স্ত্রী নিয়ে সামাজিকমাধ্যমে বার্তা দিলেন অভিনেতা ভিকি কৌশল। একগুচ্ছ অদেখা ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেন এই অভিনেতা। প্রথমটিতে বার্থডে গার্লের দুষ্টু-মিষ্টি মুহূর্ত। দ্বিতীয়টিতে ক্যাটরিনাকে আলিঙ্গন করে গালে আদুরে চুমু দিতে দেখা যায় ভিকিকে। আর বাকি দুটো তাদের ভ্রমণ সফরের রোমান্টিক মুহূর্ত। ছবিগুলোর ক্যাপশনে ভিকি লেখেন, ‘হ্যালো আমার বার্থডে গার্ল। ভালোবাসা নিও। ’ আর সেই ছবিতেই অনুরাগীদের রসকতার মন্তব্য, ‘আপনার মতো ভাগ্যবান কেউ নেই। ’ আবার কারও প্রশ্ন, ‘ক্রাশকে বিয়ে করে কেমন লাগছে?’ ভিকির পাশাপাশি ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুরসহ আরও অনেকে। প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসর্টে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এদিকে ক্যাটরিনার সিনেমার ক্যারিয়ারও ভিকির থেকে বেশি সময়ের। ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অন্যদিকে ভিকির ২০১২ সালে বলিউডে অভিষেক হয়। তার সিনেমার সংখ্যাও হাতে গোনা।