ক্লাব বিশ্বকাপে ‘আর্জেন্টিনার জার্সি’ ভাইরাল কোরিয়ান ক্লাব

ক্লাব বিশ্বকাপে ‘আর্জেন্টিনার জার্সি’ ভাইরাল কোরিয়ান ক্লাব ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার ক্লাবগুলো দুর্দান্ত খেলছে। ইউরোপিয়ান ক্লাবগুলোকে তারা নাকানি-চুবানি খাওয়াচ্ছে। তেমনি আজ উলসান হুন্দাইয়ের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় নিয়ে এসেছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। তবে এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল উলসানের জার্সি! দক্ষিণ কোরিয়ার ক্লাবটি এমন এক জার্সি পরে মাঠে নামে, যা দেখতে হুবহু আর্জেন্টিনা জাতীয় দলের পরিচিত জার্সির মতো। ওই জার্সিতে ছিল পাঁচটি আকাশি নীল রঙের স্ট্রাইপ, যার পটভূমি সাদা। জার্সির হাতায় ছিল জার্মান ব্র্যান্ডের ক্লাসিক থ্রি স্ট্রাইপ ডিজাইন। পুরো দলের শর্টস ও মোজাও ছিল সাদা রঙের। সব মিলিয়ে পুরো জার্সিটিই যেন ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সির প্রতিরূপ! জার্সির এই আকস্মিক পরিবর্তন ঘিরে শুরু হয় আলোচনা, বিশেষ করে ম্যাচের ৩৭তম মিনিটে জিন-হিউন লি এবং শেষ দিকের সময়ে উম ওন-সাং গোল করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যেন উচ্ছ্বাসের বন্যা বইয়ে দেয় ভক্তরা। জার্সিটি নিয়ে আলোচনা হওয়ার প্রধান কারণ ছিল, এই জার্সির সঙ্গে কোনো মিল নেই ক্লাবটির ঐতিহাসিক রঙের। ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দলটি নেমেছিল নীল-হলুদ রঙের জার্সিতে। ফলে হঠাৎ করে এমন সাদা-আকাশি রঙের জার্সি দেখে অবাক হয়ে যান আর্জেন্টিনার সমর্থকরা। অনেকে মনে করেন, এটা যেন লাতিন আমেরিকার বিশ্বজয়ী দলের ছায়া। এদিকে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলায় উলসানের এমন জার্সি পরাকে ঘিরে তৈরি হয় নানারকম মিমস। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বলেন, ‘এ যেন আর্জেন্টিনা বনাম ব্রাজিল!’। আবার কেউ লিখেছেন, ‘কোরিয়ান স্কালোনেতা মাঠে নেমে গেছে!’
ক্লাব বিশ্বকাপ: ১০০ কোটি ডলারের বাণিজ্যিক লড়াই

ক্লাব বিশ্বকাপ: ১০০ কোটি ডলারের বাণিজ্যিক লড়াই ফিফার নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপ যেন শুধু মাঠের লড়াই নয়, বরং এক বিলিয়ন ডলারের বাণিজ্যিক মঞ্চ। গত মার্চে ফিফা ঘোষণা করে, এবারের ৩২ দল নিয়ে আয়োজিত ক্লাব বিশ্বকাপে বিজয়ী দল পাবে সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ডলার—অর্থাৎ মাত্র এক মাসের টুর্নামেন্টে প্রায় ১৫০০ কোটি টাকা পর্যন্ত আয়ের সুযোগ! শুধু ম্যাচ জিতলেই মিলবে ২ মিলিয়ন ডলার। ‘অক্টাগনের ফুটবল বিভাগের প্রধান ফিল কার্লিং বলেন, ‘এটা এখনকার ফুটবলে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুদ্ধ—আন্তর্জাতিক ভক্ত ধরে রাখা এবং তাদের অর্থে পরিণত করা। ‘এই মুহূর্তে ফুটবলে ট্যালেন্ট মানে টাকা, টাকা মানে নজর, নজর মানে স্পনসর, স্পনসর মানেই ক্লাবের অর্থনৈতিক ক্ষমতা, চ্যাম্পিয়নস লিগের মতো ঐতিহ্য না থাকলেও ক্লাব বিশ্বকাপে আমেরিকার মাটিতে নিজেদের দেখানোর এই সুযোগকে বড় ক্লাবগুলো হাতছাড়া করতে চায় না। জার্সি বিক্রি, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানো আর ডিজিটাল সাবস্ক্রিপশনের মাধ্যমে ক্লাবগুলো নিজেদের আয়ের নতুন দ্বার খুঁজে পাচ্ছে। স্পোর্টস মার্কেটিং বিশেষজ্ঞ টিম ক্রো বলেন, ‘এটা এখন আর ঐতিহ্যগত ভক্তদের মন জয় করার প্রশ্ন নয়, বরং নতুন প্রজন্মের কাছে পৌঁছানোই মূল লক্ষ্য। ‘ এক সমীক্ষায় দেখা গেছে, শীর্ষ ২০ ক্লাব ২০২৩-২৪ মৌসুমে বাণিজ্যিক খাত থেকে মোট ৪.২ বিলিয়ন পাউন্ড আয় করেছে—যার মধ্যে রিয়াল মাদ্রিদের আয় সর্বোচ্চ ৪১০ মিলিয়ন পাউন্ড। যুক্তরাষ্ট্রে এখনও লাখ লাখ মানুষ আছেন যাদের কোনো পছন্দের ফুটবল ক্লাব নেই। সেই বাজার দখলের এই সুবর্ণ সুযোগ মিস করতে চায় না রিয়াল মাদ্রিদের মতো ইউরোপিয়ান ক্লাবগুলো।আসলে যুক্তরাষ্ট্র হলো ২০ ট্রিলিয়ন ডলারের ইকোনমি। সেখানে একজন ফ্যান মানেই ভবিষ্যতের ক্রেতা, সাবস্ক্রাইবার এবং বিনিয়োগকারী। কেউ জানে না আগামী ১০ বছরে এই টুর্নামেন্ট কোথায় দাঁড়াবে। তবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, পিএসজি’র মতো ক্লাব যখন এতটা সিরিয়াস, তখন এটা শুধু ‘গ্রীষ্মকালীন প্রীতি ম্যাচ’ নয়, বরং ফুটবলের ভবিষ্যতের বাণিজ্যিক রূপরেখার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।
অসুস্থ এমবাপ্পেকে রেখে শার্লটে গেল রিয়াল মাদ্রিদ

অসুস্থ এমবাপ্পেকে রেখে শার্লটে গেল রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আজ রাতে শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব পাচুকার মুখোমুখি হবে লস ব্লাঙ্কোরা। এই ম্যাচকে সামনে রেখে ফ্লোরিডা ছেড়ে নর্থ ক্যারোলাইনার শার্লটে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। তবে শার্লটগামী এই বিমানে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। কিছু দিন আগে পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হন এমবাপ্পে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তাই ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ফরাসি তারকাকে রেখেই শালর্টে গেছেন দলের বাকিরা। বার্তা সংস্থা এএফপিকে রিয়ালের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এমবাপ্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে এএফপিকে রিয়ালের একটি সূত্র জানিয়েছে, ‘তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। তবে সে রোববারের ম্যাচটি খেলতে সতীর্থদের সঙ্গে বিমান ভ্রমণ করবে না।’শুধু এমবাপ্পে নয় এই ম্যাচে ডিফেন্ডার দানি কারভাহালকেও পাচ্ছেন না রিয়াল কোচ জাবি আলোনসো। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, ঘাড়ে ব্যথা অনুভব করায় ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত কারভাহাল। আগামী বৃহস্পতিবার ফিলাডেলফিডায় অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সাল্জবুর্গের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে এমবাপ্পেকে পাওয়ার আশায় আলোনসো। সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘সে হাসপাতাল থেকে ফিরেছে। সেরে উঠছে এবং উন্নতি করছে। আমরা তাকে সাল্জবুর্গের বিপক্ষে পাওয়ার ব্যাপারে আশাবাদী।’
অপরাজিত থেকেই বিশ্বকাপের টিকিট পেলো কানাডা

অপরাজিত থেকেই বিশ্বকাপের টিকিট পেলো কানাডা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। গতকাল টস জিতে বাহমাসকে ব্যাটিংয়ে পাঠায় কানাডা। কালিম সানা ও শিবম শর্মার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৭ রানে অলআউট হয় বাহামাস। ৩টি করে উইকেট নেনে কালিম সানা ও শিবম শর্মা। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫ ওভার ৩ বলে জয় তুলে নেয় কানাডা। ১৪ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন দিলপ্রীত বাজওয়ার। এই জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে কানাডা। বাছাইপর্বে এখনও একটি ম্যাচ বাকি থাকলেও আগেই নিশ্চিত হয়েছে তাদের টিকিট। পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলেছে কানাডা। প্রথম ম্যাচেই বারমুডাকে হারায় ১১০ রানে। এরপর কেম্যান আইল্যান্ডসকে ৫৯ রানে এবং বাহামাসকে আগেও হারায় ১০ উইকেটে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচে অপরাজিত দলটি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। আয়োজক দুই দেশের পাশাপাশি ইতোমধ্যে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। কানাডাসহ মোট ১৩টি দল নিশ্চিত হয়ে গেছে বিশ্বকাপের মঞ্চে। বাকি ৭টি দল নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্ব থেকে। ইউরোপ থেকে ২টি (৫-১১ জুলাই), আফ্রিকা থেকে ২টি (১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর) এবং এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ৩টি (১-১৭ অক্টোবর) দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
ঢামেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢামেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (২২ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে কলেজটির এমবিবিএস ছাত্র/ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এছাড়া রোববার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আজ একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে আবাসনসহ পাঁচ দাবিতে আন্দোলন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি বন্ধের বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের প্রধান দাবির মধ্যে ছিল— * পরিত্যক্ত ঘোষণা করা ছাত্রাবাসের বিকল্প ব্যবস্থা। * নতুন ছাত্রাবাস ও একাডেমিক ভবনের বাজেট পাস। * শিক্ষার্থীদের প্রতিনিধির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা। আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, দাবিগুলো মানা না হলে তারা নিজেরাই একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেবেন। তবে তার আগেই প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কলেজ বন্ধের ঘোষণা এলো।
কাল থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

কাল থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট গত ৩ জুন থেকে আজ পর্যন্ত ঈদুল আজহার ছুটি, সাপ্তাহিক ছুটি ও অবকাশের কারণে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালনা বন্ধ ছিল। রবিবার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সর্বোচ্চ আদালত। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৪৯টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে গঠিত বেঞ্চসমূহ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চের বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে। অবকাশের মাঝে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালতে নির্ধারিত দিনে বিচার কাজ চলেছে।
ইংল্যান্ডে ভারতের রানবন্যা, ইতিহাস গড়লেন জয়সওয়াল-গিল

ইংল্যান্ডে ভারতের রানবন্যা, ইতিহাস গড়লেন জয়সওয়াল-গিল ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের রোমাঞ্চকর টেস্ট সিরিজ শুরু হয়েছে গতকাল থেকে। যেখানে প্রথম দিনেই স্বাগতিক বোলারদের নাস্তানাবুদ করে শুভমান গিলের দল বড় পুঁজি পেয়েছে। হেডিংলিতে চলমান এই ম্যাচ দিয়ে অধিনায়ক গিলের অধ্যায় শুরু করল ভারত। যেখানে তিনি সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন। ইতিহাসের পাতায় নাম তুলে জোড়া সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল ও গিল। প্রথম টেস্টের প্রথম দিন শেষে ইংলিশদের বিপক্ষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৫৯ রান। স্বাগতিক বেন স্টোকসের দল যে বাজবলের ক্রিকেটে দ্রুতগতিতে রান তোলার চেষ্টায় নামবে, তা তাদের সাম্প্রতিক টেস্টের ইতিহাসই বলে দিচ্ছে। তবে আগে ব্যাট করতে নামা ভারতের কাছ থেকেই তাদের একই ধাক্কা সামলাতে হলো। ৮৫ ওভার ব্যাট করে ৪.২২ গড়ে রান তুলেছেন গিল-জয়সওয়ালরা। ওপেনার জয়সওয়ালের ইতিহাসগড়া ইনিংস ১০১ রানে থামলেও, গিল অপরাজিত আছেন ১২৭ রানে। এ ছাড়া লোকেশ রাহুল করেন ৪২, ঋষভ পান্ত অপরাজিত ৬৫–তে। হেডিংলি টেস্টের প্রথম দিনেই বেশকিছু রেকর্ড গড়েছে ভারত জয়সওয়াল ইংল্যান্ডে এদিন নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন ভারতীয় এই তরুণ ওপেনার। অভিষেক দিনেই তিনি সেঞ্চুরি করেছেন। এ নিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মাটিতে অভিষেক টেস্টেই সেঞ্চুরি পেলেন। অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলতে নেমেই সেঞ্চুরির কীর্তি আছে তিন ভারতীয় ব্যাটারের– মোতগানহালি জয়সিমা, সুনীল গাভাস্কার ও জয়সওয়াল। আর ইংল্যান্ডে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন ৬ জন। জয়সওয়াল ছাড়া বাকিরা হচ্ছেন– বিজয় মাঞ্জরেকার, আব্বাস আলি বেগ, সন্দ্বীপ পাতিল, সৌরভ গাঙ্গুলি ও মুরালি বিজয়। তবে জয়সওয়ালই একমাত্র ব্যাটার হিসেবে দুই ভূমিতেই একই কীর্তি গড়লেন। এ নিয়ে এখন পর্যন্ত নিজের ভূখণ্ডসহ পাঁচ দেশে খেলতে নেমে চারটিতেই অভিষেক টেস্টে ৫০+ রানের ইনিংস খেললেন ভারতীয় এই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজে শুরুটা হয়েছিল ১৭১ রান দিয়ে, ঘরের মাটিতে ৮০ (আরেক ইনিংসে ১৫), অস্ট্রেলিয়ায় ১৬১ (প্রথম ইনিংসে শূন্য) ও ইংল্যান্ডে ১০১ দিয়ে শুরুটা করলেন জয়সওয়াল। কেবল দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টে করেন ১৭ ও ৫ রান। গিল চতুর্থ ভারতীয় অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন শুভমান গিল। ১৯৫১ সালে বিজয় হাজারে (১৬৪*, ঘরের মাঠে), সুনীল গাভাস্কার ১৯৭৬ সালে (১১৬, নিউজিল্যান্ড), ২০১৪ সালে বিরাট কোহলি (১১৫, অস্ট্রেলিয়া) এবং শুভমান গিল (১০২*) যুক্ত হলেন তালিকায়।এ ছাড়া বিদেশ সফরের প্রথম দিনেই দুই ভারতীয় ব্যাটারের সেঞ্চুরি এ নিয়ে তৃতীয়বার দেখা গেল। দক্ষিণ আফ্রিকায় বিপক্ষে ২০০১ সালে শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ, ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শেখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারা এবং গিল-জয়সওয়াল ২০২৫ সালে প্রথম দিনেই করলেন জোড়া সেঞ্চুরি। ভারত গতকাল পুরো ৯০ ওভার না খেললেও ৩৫৯ রান তুলেছে স্কোরবোর্ডে। যা দেশের বাইরে টেস্টের প্রথম দিনে ভারতের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে গলে লঙ্কানদের বিপক্ষে ৩৯৯/৩ এবং ২০০১ সালে ব্লুমফন্টেনে প্রোটিয়াদের বিপক্ষে তারা ৩৭২/৭ করেছিল। এ ছাড়া পাকিস্তানের মুলতানে ২০০৪ সালে তুলেছিল ৩৫৬/২।
ইতিহাসের পাতায় শান্ত, প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন বিরল রেকর্ড

ইতিহাসের পাতায় শান্ত, প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন বিরল রেকর্ড শেষ কবে একজন বাংলাদেশি ব্যাটার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন? উত্তরটা খোঁজা খুব একটা কঠিন না। ২০২৩ সালেই মাত্র দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ১৭৬ আর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১২৪। এর আগে এই কীর্তি ছিল কেবল মুমিনুল হকের। তার কীর্তি ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষেই.২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে। ১৭৬ রান করেছিলেন প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে তার উইলো থেকে আসে ১০৫ রান। নাজমুল শান্তর সামনে সুযোগ ছিল বাংলাদেশের প্রথম ‘অধিনায়ক হিসেবে’ টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করা এবং প্রথম বাংলাদেশি হিসেবে ‘দুইবার’ একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়ার। গলের প্রথম টেস্টে শান্ত করেছেন এই দুটি রেকর্ডই। ৫ম দিনে লাঞ্চের আগে বৃষ্টি হানা দেয়। তার আগ পর্যন্ত করেন ৮৯ রান। লাঞ্চের পর ব্যাট করতে নেমে বাকি ১১ রান নেন দেখেশুনে। আরও ২২ বল খেলেন সেঞ্চুরি পূরণ করতে। সবমিলিয়ে টেস্টে এটি তার ৭ম সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুলকে পেরিয়ে শান্ত এখন বাংলাদেশের হয়ে টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। এর আগে বাংলাদেশের হয়ে একই টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরির ঘটনা ঘটে দেশের মাটিতে। শান্তর কীর্তিটা তাই একটু ভিন্ন। টাইগার অধিনায়ক তার এবারের জোড়া সেঞ্চুরি পেয়েছেন গলে, অর্থাৎ দেশের বাইরে। শান্তর কীর্তি হয়েছে আরও একটি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি তার। নিজে অধিনায়ক থাকা অবস্থায় এটি তার তৃতীয় সেঞ্চুরি। সবচেয়ে বেশি ৪ সেঞ্চুরি আছে মুশফিকুর রহিমের। মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুল আর হাবিবুল বাশারের ছিল ২টি করে সেঞ্চুরি। সবমিলিয়ে টেস্ট ইতিহাসে দুইবার এক টেস্টে দুই সেঞ্চুরি পাওয়া ১৫তম ক্রিকেটার হলেন শান্ত। এদের মধ্যে ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং ও সুনীল গাভাস্কারই কেবল ৩ বার করে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন। একনজরে শান্তর যত কীর্তি : ১ম বাংলাদেশি হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি ১ম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি দেশের বাইরে ১ম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ব্যাটার হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি মাত্র ১৬তম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি
৩৭ ওভারে শ্রীলঙ্কার সামনে ২৯৬ রানের টার্গেট

৩৭ ওভারে শ্রীলঙ্কার সামনে ২৯৬ রানের টার্গেট নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরির অপেক্ষা করছিলেন, সেটা বোঝা গেল স্পষ্টভাবে। লাঞ্চের পর সেঞ্চুরি করতে সময় নিয়েছিলেন ২২ বল। এরপর ২৫ রান করেছেন মাত্র ৯ বলে। ১২৫ রানে নিজে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। দলের স্কোর হয়েছে ২৮৫। এমন সময়েই ইনিংসের ইতি টানেন শান্ত। শ্রীলঙ্কার সামনে টার্গেট ২৯৬। গল টেস্টের ৫ম দিনে খেলা বাকি ৩৭ ওভারের। এরমাঝে অবশ্য বৃষ্টির সম্ভাবনাও আছে। শ্রীলঙ্কা ম্যাচের ফল বের করতে চাইবে নাকি সময় পার করবে, সেটাই দেখার বিষয়। তবে বাংলাদেশ এই মুহূর্তে আগ্রাসী বল করতে চাইবে, সেটা অনেকটাই অনুমেয়। ৫ম দিনের খেলার শুরুতেও ১৮৭ রানের লিড ছিল বাংলাদেশের। অপরাজিত ছিলেন শান্ত এবং মুশফিকুর রহিম। দুজনের এদিনের শুরুটা ছিল সাবধানী আর ধীরগতির। সেখান থেকে অবশ্য বাংলাদেশ খুব একটা পিছিয়েও ছিল না। লাঞ্চের আগে বৃষ্টি হানা দেয়। তার ঠিক আগের বলে মুশফিক রানআউট হন ৪৯ রানে। শান্ত তখন সেঞ্চুরি থেকে ১১ রান দূরে। এই একটা সেঞ্চুরিই শান্তর নাম তুলতে পারতো বৈশ্বিক কিংবদন্তিদের রেকর্ডে। শান্ত তাই সাবধানী হয়েই খেললেন। ১১ রান করতে খরচ করেছেন ২২ বল। তবে অপরপাশে স্পিনের দুর্দান্ত সুইংয়ে বোকা হয়ে ফিরতে হয়েছে লিটন কুমার দাস এবং জাকের আলী অনিককে। এরপর নাইম সঙ্গ দিয়েছেন দারুণভাবে। সেঞ্চুরির পর শান্তও ছিলেন আগ্রাসী। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে বাংলাদেশ জমা করে ২৯৫ রানের বড় এক লিড। দিনের বাকি সময়ে অন্তত হারতে হচ্ছে না এমন আভাস পেয়েই হয়ত ইনিংস ঘোষণা করেন শান্ত।
প্রতিদিন একটি কলা খেলে কী হয়?

প্রতিদিন একটি কলা খেলে কী হয়? কলা সবচেয়ে সহজলভ্য ফলের একটি। এটি প্রাকৃতিকভাবে মিষ্টি, ফাইবার এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থে ভরপুর যা আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে কাজ করে। আপনি যদি প্রতিদিন মাত্র একটি কলা খাওয়া শুরু করেন তবে কী হবে? প্রতিদিন কলা খেলে শরীরে কী ঘটে? চলুন জেনে নেওয়া যাক দিনে একটি করে কলা খেলে তা আপনার শরীরের জন্য কী উপকারিতা নিয়ে আসতে পারে- ১. হজমশক্তি বৃদ্ধি পায় ২০২১ সালের একটি গবেষণা অনুসারে, কলা ডায়েটারি ফাইবার, বিশেষ করে পেকটিন দিয়ে ভরপুর, যা অন্ত্রের গতিবিধি মসৃণ করতে সাহায্য করে। যদি প্রায়ই খাবারের পরে পেট ফাঁপা বোধ করেন, তাহলে দিনে একটি কলা খাওয়ার অভ্যাস করুন। এটি ভালো হজমে সহায়তা করে। কলায় প্রিবায়োটিক থাকে যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। এটি নরম, সহজে হজমযোগ্য এবং হজমকে মসৃণ রাখার জন্য উপযুক্ত। ২. শক্তি বৃদ্ধি করে কলা হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজের মতো প্রাকৃতিক শর্করার দ্রুত উৎস, যা আপনাকে স্থির শক্তি দেবে। ২০১২ সালের একটি গবেষণাপত্র অনুসারে, এটি ক্রীড়াবিদদের কাছে প্রিয় ফল। ওয়ার্কআউটের আগে বা মধ্য-সকালের ঝিমঝিমের সময় একটি কলা খেলে তা শরীরের প্রয়োজনীয় শক্তি বৃদ্ধি করে। কলা ভিটামিন বি৬-তেও ভরপুর, যা খাবারকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। ৩. হৃদরোগ দূরে রাখে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, একটি মাঝারি কলায় ৪২২ মিলিগ্রাম পটাসিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে। নিয়মিত পটাসিয়াম সমৃদ্ধ খাবার খেলে তা ধীরে ধীরে হৃদরোগ সংক্রান্ত সমস্যার ঝুঁকি কমতে পারে। এই ফলে চর্বি এবং সোডিয়াম কম থাকে, যা হৃদযন্ত্রের জন্য ভালো। ৪. স্ট্রেস দূর করে কলায় থাকা ভিটামিন বি৬ শরীরে সেরোটোনিন উৎপাদনে সহায়তা করতে পারে, যা মানসিক চাপ দূর করে আমাদের প্রাণবন্ত রাখতে কাজ করে। তাই ক্লান্ত ও হতাশ বোধ করলে নিয়মিত কলা খেতে পারেন। এটি একটি প্রাকৃতিক খাবার যা জাঙ্ক ফুডের মতো রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। বরং ক্লান্তি দূর করে হাসিখুশি থাকতে সাহায্য করে।