সারা দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৬

সারা দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৬ গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৩৮৬ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৩২২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট নয় হাজার ৪০৯ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৮২ জন। এর মধ্যে ৫৯ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক নয় শতাংশ নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছে। মৃত একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

প্রধান উপদেষ্টার সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা।আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল রাষ্ট্রদূত প্লানার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এ সময় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত প্লানাকে তার নিয়োগের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে উষ্ণ অভ্যর্থনা জানান। বাংলাদেশের ‘জুলাই বিদ্রোহ’-এর চেতনার কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা কসোভোর জনগণের স্বাধীনতা, শান্তি এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতির প্রশংসা করেন। কসোভোকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত প্লানা। তিনি ১৯৯০-এর দশকের শেষদিকে কসোভো অঞ্চলের সশস্ত্র সংঘাতের পর কসোভোর জনগণের জীবনে পুনর্গঠনে গ্রামীণ কসোভোর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, আমরা বাংলাদেশকে মূল্যবান অংশীদার হিসেবে দেখি। আমি আপনার ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রতি সম্মান জানাতে চাই। আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ট্রাস্ট আমাদের জাতির জন্য এক বিশাল সহায়তা ছিল। স্বাধীনতা ও উন্নয়নের পথে বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। যুদ্ধ-পরবর্তী সময়ে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী হিসেবে বাংলাদেশি সদস্যদের অবদান এবং সহায়তার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা রপ্তানিমুখী পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, প্রক্রিয়াজাত খাবার এবং লাইট ইঞ্জিনিয়ারিংয়ের মতো সম্ভাবনাময় খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। তিনি কসোভোকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।রাষ্ট্রদূত প্লানা দুদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে উভয় দেশের বাণিজ্য ও শিল্প চেম্বারগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। মানবিক সংযোগ জোরদারের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা কসোভোর বিভিন্ন খাতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য সহায়তার আহ্বান জানান। তিনি আরও প্রস্তাব দেন, কসোভোর বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি সংখ্যা বাড়াতে হবে এবং সে লক্ষ্যে বৃত্তি, ফেলোশিপ ও একাডেমিক অনুদান প্রদান করা যেতে পারে।

নাচোলে কৃষককে উপকরণ দিল প্রয়াস

নাচোলে কৃষককে উপকরণ দিল প্রয়াস নাচোল উপজেলার ফতেপুরে মাছের আঁইশ প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণে উদ্যোক্তা তৈরি লক্ষে এক উপকারভোগীকে বিভিন্ন উপকরণ দেয়া হয়েছে। উপকরণের মধ্যে রয়েছে— প্লাস্টিক ড্রাম, বাঁশের চাটাই, ইলেকট্রিক ফ্যান, ওজন মেশিন, বসার টুল, ক্যারেট, বালতি, বেলচা, ঝুড়ি, ব্লু নেট ইত্যাদি। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটির নাচোল উপজেলার ফতেপুর শাখায় এইসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন— প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ফতেপুর শাখার ব্যবস্থাপক বারিউল ইসলাম এবং ফিল্ড অফিসার সম্রাট আলী। আঁইশ সংরক্ষণ ও বাজারজাতকরণে মৎস্য কর্মকর্তা উদ্যোক্তাকে প্রয়োজনীয় পরামর্শ দেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।  

দেশে আরও ২১ জনের করোনা শনাক্ত

দেশে আরও ২১ জনের করোনা শনাক্ত দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে নতুন করে আরও ২১ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৬ শতাংশ। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মহামারি শুরুর পর থেকে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮ জনে। একই সময়ে কেউ মারা না গেলেও, ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের। এছাড়া মোট পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ১৩১টি।বর্তমানে দেশে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় কারাদণ্ড ১ জনের

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় কারাদণ্ড ১ জনের চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মিঠন নামের একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত মিঠন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভুরকুন্দা গ্রামের আব্দুল লতিফের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ২২ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩টি দেশী ওয়ানশুটারগানসহসহ মিঠনকে আটক করা হয়। এ ঘটনার পর দিন র‌্যাবের এসআই শ্রী নিবাস মিস্ত্রি বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার এসআই মো. আব্দুল্লাহ আল মামুন ২০২১ সালের ১১ নভেম্বর তদন্ত শেষে মিঠনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড প্রদান করেন।

নাচোলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নাচোল উপজেলায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনা তিল-২ ও ৩ এর সাথে বারি তিল-৩ এর প্রয়োগিক মাঠ পরীক্ষা মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ও নাচোল উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এবং বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আজ বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের পল্টন পুকুর গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এসএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আজাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন— বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং পিএসও ড. মো. মাহবুবুল আলম তরফদার, বিনা’র পিএসও এবং উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এএম ওয়াহিদুজ্জামান, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম। উল্লেখ্য, উপজেলার নেজামপুর ইউনিয়নের পল্টন পুকুর গ্রামের কৃষক আব্দুল আলিম দুই বিঘা জমিতে উচ্চ ফলনশীল (বিনা) তিল-২ সেচ ছাড়ায় অল্প খরচে ভালো ফলন পেয়েছেন। এই মাঠ দিবসের মাধ্যমে তিল এবং অন্যান্য কম খরচে বেশি ফলনশীল ফসল চাষাবাদে উদ্ভাবিত করেন অতিথিরা।

গোমস্তাপুরে বিনামূল্য কৃষি উপকরণ বিতরণ

গোমস্তাপুরে বিনামূল্য কৃষি উপকরণ বিতরণ গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। উদ্বোধনী দিনে প্রত্যেক কৃষককে বিঘাপ্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সূচনা বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলামসহ উপহারভোগী কৃষকরা। প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, ইয়ার ফ্লো মেশিন, তালা, নারিকেল, লেবু, পেঁয়াজ কন্দ, আম, নিম, কাঁঠাল, বেল, তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হবে। এর মধ্যে ৩ হাজার ২০ জনকে রোপা আমন (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার; ৫৫০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ, বালাইনাশক ও রাসায়নিক সার; ১৫০ জনকে উফশী জাতের শাকসবজি ও রাসায়নিক সার; ৯৫ জনকে লেবু ও জৈব সার; ১০ জনকে শীতকালীন পেঁয়াজ কন্দ, বালাইনাশক ও সংরক্ষন পাত্র; ৮৬ জনকে উন্নতজাতের আম; ২০ জনকে হাইব্রিড তুলা; ৮টি পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন; ৯০টি প্রতিষ্ঠানকে নারিকেলের চারা; কৃষক পরিবারের ১ হাজার ৪৫০ শিক্ষার্থীকে নিম, বেল, জাম ও কাঁঠাল চারাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪৩০টি তালের চারা ও বেড়া সহায়তা করা হবে হলে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে।

শিবগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

শিবগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি ৬ দফা দাবিতে শিবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। আজ সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েনের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি রাকিব রায়হান, সহসভাপতি নুরুন্নাহার শাপলা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান ও আবুল কালাম আজাদসহ অন্যরা। এছাড়া উপজেলার অন্যান্য স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা যেভাবে প্রত্যন্ত অঞ্চলে মানুষের দৌড় গোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে- সে অনুযায়ী আমরা বেতন পাচ্ছি না। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া দরকার। এখনো আমরা অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছি। ৬ দফা দাবির সমূহের মধ্যে রয়েছে- নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমাধান করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করা, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে, বেতন স্কেলে উন্নীতকরনের পূর্বে স্বাস্থ্য সহকারী সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেট প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুননির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে, পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম দিতে হবে।

প্রয়াস পরিদর্শন করলেন পিকেএসএফ’র  শফিকুল ইসলাম

প্রয়াস পরিদর্শন করলেন পিকেএসএফ’র  শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নশিপুরে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ও দুগ্ধ পণ্য বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ। এসময় তিনি উদ্যোক্তাদের তৈরিকৃত খিরসা, মাঠা ও স্বর দই খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আজ সকালে পরিদর্শন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন পিকেএসএফ’র আরএমটিপি প্রকল্পের ভ্যালুচেইন প্রজেক্ট ম্যানেজার এরফান আলী। পরিদর্শন দলের সঙ্গে ছিলেনÑ প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) আলেয়া ফেরদৌস, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, আরএমটিপি ডেইরি প্রকল্পের ফোকাল পার্সন ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল। এসময় তার সহধর্মিণী ও কন্যাসন্তান সঙ্গে ছিলেন। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, আরএমটিপি ডেইরি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রোমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ-আল-কাফি, আকরাম আলী মোল্লা, আব্দুল আলীম, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক। পরে তিনি নাধাইকৃষ্ণপুরে সাঁওতাল পল্লীতে আদিবাসীদের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যায় রেডিও মহানন্দার দেশ ও দেশের বাইরে থেকে আসা অতিথিদের নিয়ে অনুষ্ঠান “কাছে থেকো বন্ধু” প্রোগ্রামে অংশ নেন এবং প্রয়াস ফোক থিয়েটারের ইনস্টিটিউটের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় তাকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট উপহার দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।

হজ শেষে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ হাজি

হজ শেষে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ হাজি হজপালন শেষে সৌদি আরব থেকে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত দেশে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন। বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৩৭ হাজার ৯৪৪ জন হাজি। আজ হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।এতে বলা হয়েছে, এখন পর্যন্ত ১০৯টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৭ হাজার ৮২ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি ফ্লাইটে ১৮ হাজার ৫৪৩ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৩২৫ জন হাজি দেশে ফিরেছেন। এদিকে চলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে ৩৮ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও নারী ১১ জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় একজন ও আরাফায় ১ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।