দিনে কতগুলো ডিম খাওয়া নিরাপদ?

দিনে কতগুলো ডিম খাওয়া নিরাপদ? ডিম একটি স্বাস্থ্যকর প্রোটিন-সমৃদ্ধ খাবার, তবে তার পরিমাণ জানা ও বুঝে খাওয়া গুরুত্বপূর্ণ। প্রোটিনের উৎস হিসেবে ডিমের তুলনা খুব কমই আছে। কিন্তু প্রোটিনের জন্য প্রতিদিন কয়টি ডিম খাওয়া নিরাপদ? তার আগে জেনে নিন ডিমে কী কী পুষ্টি উপাদান থাকে? একটি মাঝারি আকারের ডিমে থাকে প্রায়: প্রোটিন ৬-৭ গ্রাম, কোলেস্টেরল ১৮৬ মিলিগ্রাম, ভিটামিন B12, D, A ও কোলিন লুটিন ও জিয়্যাক্সানথিন চোখের যত্নে কার্যকর ওমেগা-৩ (বিশেষ করে DHA) মস্তিষ্ক এবং হৃদয়ের জন্য উপকারী। দিনে কয়টি ডিম খাওয়া নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, প্রতি দিন ১-৩টি ডিম খাওয়া সম্পূর্ণ নিরাপদ, যদি আপনার কোনও কোলেস্টেরল বা হৃদরোগজনিত সমস্যা না থাকে। এই বিষয়ে একজন পুষ্টিবিদরা বলছেন, ‘দিনে তিনটি ডিম মানে আপনি প্রায় ১৮-২১ গ্রাম প্রোটিন পাচ্ছেন, যা একজন সাধারণ প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক প্রোটিন চাহিদার এক বড় অংশ পূরণ করে।’ দিনে বেশি ডিম খাওয়া কি ক্ষতিকর? কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে : একটি ডিমে ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। দিনে ৩টির বেশি ডিম খেলে হার্ট অ্যাটাক বা ব্লকেজের ঝুঁকি বেড়ে যেতে পারে, বিশেষ করে যাদের আগে হাই কোলেস্টেরল ছিল, তাদের ক্ষেত্রে সম্ভাবনা আরও বেশি থাকে। কিডনির ওপর চাপ পড়তে পারে : অতিরিক্ত প্রোটিন গ্রহণ দীর্ঘমেয়াদে কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিশেষ করে যদি পর্যাপ্ত পানি পান না করেন। বদহজম ও গ্যাস : কিছু ব্যক্তির ক্ষেত্রে ডিম খাওয়ার পর পেট ফাঁপা, ঢেকুর বা গ্যাসের সমস্যা দেখা দেয়। তাহলে কীভাবে ডিম খাবেন? সেদ্ধ ডিম সবচেয়ে ভালো: কম ক্যালোরি ও কোলেস্টেরল অল্প তেলে পোচ বা স্ক্র্যাম্বলড: ভাজা ডিমে ট্রান্সফ্যাট ও কোলেস্টেরল বেশি হয় সকালে নাস্তার সঙ্গে খেলে বেশি উপকারী, কারণ এটি দীর্ঘক্ষণ পেট ভরাট রাখতে সাহায্য করে বিশেষজ্ঞদের সুপারিশ : সাধারণ সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে ১-২টি ডিম খেতে পারেন। যারা ব্যায়াম করেন বা পেশী গঠনের চেষ্টা করছেন, তারা দিনে ৩টি পর্যন্ত খেতে পারেন। যাদের ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, কিডনির সমস্যা রয়েছে—তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডিমের পাশাপাশি অন্য প্রোটিন উৎস কী কী? ডিম ছাড়াও আপনি মুরগির মাংস, মাছ (বিশেষ করে টুনা, স্যামন), ডাল ও ছোলা, দুধ ও দই, বাদাম ও বীজ খাবারগুলো থেকেও প্রোটিন পেতে পারেন। ডিম একটি স্বাস্থ্যকর প্রোটিন-সমৃদ্ধ খাবার, তবে তার পরিমাণ জানা ও বুঝে খাওয়া গুরুত্বপূর্ণ। যদি আপনি সুস্থ হন, তবে দিনে ১-৩টি ডিম খাওয়া নিরাপদ এবং উপকারী। তবে সবসময় খেয়াল রাখুন আপনার দৈনিক খাদ্যতালিকায় ভারসাম্য বজায় থাকছে কি না। আসলে, স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য সঠিক পুষ্টি এবং পরিমাণই সবথেকে বড় চাবিকাঠি।
বয়স ৫০ পেরিয়েও সুস্থ থাকার ৫ উপায়

বয়স ৫০ পেরিয়েও সুস্থ থাকার ৫ উপায় বর্তমান ব্যস্ত জীবনে সুস্থ থাকা যেন একটি চ্যালেঞ্জ। মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন সব মিলিয়ে শরীর ও মনের উপর পড়ছে নেতিবাচক প্রভাব। তবে প্রতিদিনের রুটিনে কিছু সহজ অভ্যাস যোগ করলেই দীর্ঘদিন সুস্থ থাকা সম্ভব। এই বয়সে ভারী ব্যায়াম না করে সাঁতার, নিয়মিত হাঁটা, যোগব্যায়াম ও তাই চির মতো ধীর-গতির অনুশীলন উপকারী। এতে করে মাংসপেশি সক্রিয় থাকে, জয়েন্টে চাপ পড়ে না এবং মানসিক চাপও হ্রাস পায়। সমাজের সঙ্গে যুক্ত থাকুন: সমাজচ্যুতি ও একাকীত্ব মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। নিয়মিত বন্ধুদের সঙ্গে দেখা করা, কমিউনিটি প্রোগ্রামে অংশ নেওয়া এবং স্বেচ্ছাসেবী কাজে যুক্ত থাকা মস্তিষ্ককে সচল রাখে। প্রতিদিন মানসিক ব্যায়াম করুন : প্রতিদিন একটি ক্রসওয়ার্ড বা পাজল করলে মস্তিষ্ক সক্রিয় থাকে। গবেষণায় দেখা গেছে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক চর্চা স্মৃতিশক্তি এবং চিন্তাশক্তি ধরে রাখতে সাহায্য করে। ধূমপান সম্পূর্ণ ছাড়ুন : ধূমপান থেকে হৃদরোগ, স্ট্রোক ও ক্যানসারের ঝুঁকি অনেকগুণ বেড়ে যায়। এখনই এই ক্ষতিকর অভ্যাস ত্যাগ করলে শারীরিক সক্ষমতা বাড়বে এবং আয়ু দীর্ঘ হবে। প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস করুন : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাংসপেশি কমে যায়। ডিম, মাছ, বাদাম, দুধ ও লিন মাংস ও মুরগি —এই উপাদানগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে শরীর শক্তিশালী থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
রাশিয়ায় বিমান বিধ্বস্তে সব আরোহীর মৃ*ত্যু

রাশিয়ায় বিমান বিধ্বস্তে সব আরোহীর মৃ*ত্যু রাশিয়ার দূরপ্রাচ্যে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু হয়েছে। বিমানটিতে যাত্রী ও ক্রুসহ ৪৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পরপরই পোড়া বিমানের ধ্বংসাবশেষের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এদিকে বিমান দুর্ঘটনার পর রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি আট সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে গভীর জঙ্গলের মাঝে ঘন ধোঁয়ায় মোড়া বিমানের ধ্বংসাবশেষ দেখা যায়। বিমানটি সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন্সের পরিচালিত একটি আনটোনভ-২৪ মডেলের যাত্রীবাহী বিমান ছিল। রাশিয়ার আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, ব্লাগোভেশচেনস্ক শহর থেকে বিমানটি চীনের সীমান্তবর্তী টাইন্দা শহরে যাচ্ছিল। মাঝপথে এটি রাডার থেকে হারিয়ে যায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটিতে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী ছিলেন এবং ৬ জন ক্রু ছিলেন। গভর্নর অরলভ নিশ্চিত করেছেন, সবারই মৃত্যু হয়েছে। মূলত নিখোঁজ বিমানটির খোজে অনুস্ধানের সময় ধ্বংসাবশেষটি আমুর অঞ্চলের একটি দুর্গম বনাঞ্চলে পাওয়া যায় এবং সেখানে বিমানের ফিউসেলাজে আগুন জ্বলছিল। পরে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জরুরি বিভাগের হেলিকপ্টারসহ একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
সাইয়ারা’র জুটির প্রশংসায় যা বললেন আমির খান

সাইয়ারা’র জুটির প্রশংসায় যা বললেন আমির খান রোম্যান্টিক ঘরানার ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তুলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুক্তির পরপরই দর্শকদের হৃদয় জয় করেছে মোহিত সুরি পরিচালিত এই সিনেমা। প্রথম দিনেই ছবিটি ২০ কোটির ব্যবসা করে রেকর্ড গড়েছে। আর এ সাফল্যে মুগ্ধ হয়ে এবার প্রশংসা করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। বুধবার নিজের প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘সাইয়ারা’ টিমকে শুভেচ্ছা জানিয়ে আমির খান লেখেন, ‘অনেক শুভেচ্ছা ‘সাইয়ারা’র পুরো টিমকে। বড়পর্দায় মুক্তির পরই ছবিটি একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছে। অহন পান্ডে ও অনীত পাড্ডা তাদের প্রথম ছবিতেই অসাধারণ অভিনয় করেছেন। মোহিত সুরি তার সেরা কাজটি দিয়েছেন এই ছবিতে। যশরাজ ফিল্মস আবারও একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করলো এই ছবি দিয়ে। সবার জন্য অনেক শুভকামনা।’ ১৮ জুলাই মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নবাগত অহন পান্ডে ও অনীত পাড্ডা। ছবি মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। গানের সঙ্গে দর্শকদের গলা মেলানো, হল থেকে বের হয়ে প্রশংসা- সব মিলিয়ে ব্যাপক আলোচনায় ‘সাইয়ারা’।
৪৪তম মৃত্যুবার্ষিকী : মহানায়ক উত্তম কুমার মহানায়কের কোন জিনিস নিজের কাছে রেখেছেন গৌরব?

৪৪তম মৃত্যুবার্ষিকী : মহানায়ক উত্তম কুমার মহানায়কের কোন জিনিস নিজের কাছে রেখেছেন গৌরব? মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী আজ। পরিচালক-অভিনেতা থেকে শুরু করে সিনেমাপ্রেমী সবার হৃদয়ে এক অন্যরকম জায়গা করে নিয়েছেন তিনি। উত্তম কুমারের নাতি, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় যদিও তার ঠাকুরদাকে চোখে দেখেননি তবুও তার কাঁধে রয়েছে সেই মহান ঐতিহ্যের দায়িত্ব। আজ মহানায়কের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে বিশেষভাবে তাকে স্মরণ করছেন তার পরিবার, ভক্ত ও অনুরাগীরা। গৌরব ভারতীয় গণমাধ্যমকে জানান, ছোটবেলায় বাবাকে হারানোর পর তার কাছে ঠাকুরদা উত্তমকুমারকে নিয়ে খুব বেশি কিছু তথ্য ছিল না। কারণ গৌরবের জন্মের প্রায় চার বছর আগেই উত্তম কুমার মারা গেছেন। তবুও, মহানায়কের কিছু স্মৃতিচিহ্ন আজও পরম যত্নে আগলে রেখেছেন গৌরব। এক সাক্ষাৎকারে গৌরব বলেন, ‘ছোটবেলা থেকে ‘নায়ক’ ছবিতে মহানায়কের চশমার প্রতি আমার আলাদা আকর্ষণ ছিল। ছোটবেলা থেকে মন্ত্রমুগ্ধের মতো উত্তম কুমারের ছবি দেখতাম।’ তার কথায়, ‘আমার কাছে দাদুর স্যুট, টাই তো আছেই, তবে ছোট থেকে ‘নায়ক’ ছবির ওই চশমার প্রতি আমার লোভ ছিল। ওটা আমার কাছে আছে কিন্তু কখনও পরতে চাই না। এছাড়া, সুচিত্রা সেন দাদুকে একটি লাইটার দিয়েছিলেন, সেটিও আমি খুব যত্ন করে তুলে রেখেছি।’ উত্তম কুমারের এই স্মৃতিচিহ্নগুলো গৌরবের কাছে শুধু বস্তু নয়, বরং তার ঠাকুরদার প্রতি এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। মহানায়কের স্মৃতিকে এভাবেই বাঁচিয়ে রেখেছেন তার উত্তরসূরিরা।
ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ

ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নজরকাড়া কীর্তি গড়েছেন রিশভ পন্থ। সফরকারী কিপার-ব্যাটসম্যান হিসেবে ইতিহাসে প্রথমবার টেস্টে ইংল্যান্ডের মাটিতে এক হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ব্রাইডন কার্সকে ছক্কা মেরে মাইলফলকটি ছুঁয়ে ফেলেন পন্থ। ইংল্যান্ড সফরে ২৪ ইনিংসে তার রান এখন ১,০১৮, গড় ৪৪.২৬। রয়েছে চারটি করে ফিফটি ও সেঞ্চুরি। সফরকারী কিপার-ব্যাটসম্যানদের মধ্যে এই কীর্তি আর কেউ গড়তে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭৮ রান ভারতেরই মহেন্দ্র সিং ধোনির, ৭৭৩ রান করে তিনে আছেন অস্ট্রেলিয়ান রড মার্শ। দেশের বাইরে নির্দিষ্ট কোনো এক দেশে এক হাজার রান করা প্রথম কিপার-ব্যাটসম্যানও পন্থ। এই তালিকাতেও দুই নম্বরে আছেন তিনি নিজেই। অস্ট্রেলিয়ায় করেছেন ৮৭৯ রান। তবে মাইলফলক ছোঁয়ার কিছুক্ষণ পরই পান্তের জন্য দুঃসংবাদ। ক্রিস ওকসের ইয়র্কার পায়ে আঘাত হানলে মাঠ ছাড়তে বাধ্য হন ২৭ বছর বয়সী এ ব্যাটসম্যান। তখন তিনি ৪৮ বলে ৩৭ রানে খেলছিলেন। পরে ফিজিওর চিকিৎসা নিয়েও ব্যাটিংয়ে ফিরতে পারেননি তিনি। টিভি ফুটেজে দেখা যায়, ডান পায়ের পাতা ফুলে গেছে এবং রক্ত ঝরছে। ইংল্যান্ডের মাটিতে টেস্টে হাজার রান পূর্ণ করা ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হয়েছেন পন্থ। এদিনই একই মাইলফলকে পৌঁছান ওপেনার লোকেশ রাহুল। আগেই এই তালিকায় জায়গা করে নিয়েছেন শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনিল গাভাস্কার ও বিরাট কোহলি। চলতি সিরিজেও দুর্দান্ত ফর্মে আছেন পন্থ। চার ম্যাচে সাত ইনিংসে ৭৭ গড়ে তার রান ৪৬২, রয়েছে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি।
বোনমাতির জাদুতে ইউরোর ফাইনালে স্পেন

বোনমাতির জাদুতে ইউরোর ফাইনালে স্পেন আইতানা বোনমাতির অতিরিক্ত সময়ের চোখ ধাঁধানো এক গোলে ইউরো ২০২৫-এর ফাইনালে উঠেছে স্পেন। সেমিফাইনালে তারা ১-০ ব্যবধানে হারিয়েছে জার্মানিকে। ফলে ২০২৩ নারী বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে ইউরো ফাইনালেও—স্পেন বনাম ইংল্যান্ড। পুরো ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর ১১৩তম মিনিটে জাদুকরী এক টার্ন নিয়ে বলের নিয়ন্ত্রণ নেন দুইবারের ব্যালন ডি’অরজয়ী বোনমাতি। তারপর দারুণ এক ফিনিশে জার্মান গোলরক্ষক অ্যান-ক্যাথরিন বার্গারকে পরাস্ত করেন তিনি। শেষ দিকে মরিয়া আক্রমণ চালায় জার্মানি। তবে স্পেনের গোলরক্ষক কাতা কোল দুর্দান্ত এক ডাইভ দিয়ে লেয়া শুলারের শট ফিরিয়ে দেন এবং নিশ্চিত করেন স্পেনের প্রথম ইউরো ফাইনাল। ২০২৩ নারী বিশ্বকাপে ওলগা কারমোনার একমাত্র গোলে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। এবার সেই দুই দলের মধ্যে আবারও বড় মঞ্চে দেখা হচ্ছে। সেমিফাইনালে ম্যাচের প্রথমার্ধে স্পেন বলের দখল ধরে রাখলেও গোল পাননি, বরং ক্লারা বুল এবং জিওভানা হফম্যান কিছু দারুণ সুযোগ হাতছাড়া করেন জার্মানির পক্ষে। দ্বিতীয়ার্ধে স্পেন আরও দাপট দেখালেও, ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১০ জন নিয়ে ১০০ মিনিট খেলা জার্মান রক্ষণ একটুও ভাঙেনি। ৯০ মিনিটের শেষ মুহূর্তে ক্লারা বুলের ডিফ্লেক্টেড এক শট কোলের মাথার ওপর দিয়ে গোল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু সময়মতো সেটি ফিরিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক। এরপর কার্লোটা ওয়ামসারের শটও ঠেকিয়ে দেন অসাধারণ দক্ষতায়। শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেন সেই খেলোয়াড়, যিনি টানা দুবার বিশ্বের সেরা হয়েছেন—আইতানা বোনমাতি। তার নিখুঁত টার্ন ও গোলেই ইউরোর ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠলো লা রোহা।
রাশিয়ায় ৪৯ জন আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, ধ্বংসাবশেষ উদ্ধার

রাশিয়ায় ৪৯ জন আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, ধ্বংসাবশেষ উদ্ধার রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারী দল। উড়োজাহাজটি গন্তব্যের মাত্র ১৬ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় বলে জানা গেছে। অ্যাঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ-২৪ মডেলের উড়োজাহাজটি ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রুসহ ব্লাগোভেশচেনস্ক শহর থেকে ছেড়ে আসে। এটি চীনা সীমান্তের কাছাকাছি একটি শহর। এই উড়োজাহাজ টাইন্ডা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলোভ জানান, নিখোঁজ উড়োজাহাজের সন্ধানে সর্বোচ্চ পরিমাণ উদ্ধার-সরঞ্জাম ও লোকবল মোতায়েন করা হয়েছিল। পরে রাশিয়ার জরুরিবিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিমানে থাকা কেউই বেঁচে নেই। জরুরি বিভাগ জানায়, প্রাথমিক তদন্তে দুটো সম্ভাবনার কথা বিবেচনা করা হচ্ছে— খারাপ আবহাওয়ায় পাইলটের ভুল অথবা যান্ত্রিক ত্রুটি।
গাজায় অনাহারে আরও ১০ মৃ*ত্যু, হা*মলা*য় নি*হ*ত ১০০

গাজায় অনাহারে আরও ১০ মৃ*ত্যু, হা*মলা*য় নি*হ*ত ১০০ ত্রাণ সহায়তায় ইসরায়েলের অবরোধের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। সৃষ্ট এমন পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় একদিনে অন্তত আরও ১শ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদনে জানা যায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত কারণে গাজায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। আর এর বেশিরভাগই গত কয়েক সপ্তাহে ঘটেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১শ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৪ জন মানবিক সহায়তা নিতে যাওয়া মানুষও রয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত যেসব শিশু মারা গেছে, তাদের মধ্যে ২১ জনের বয়স পাঁচ বছরের নিচে। ডব্লিউএইচও বলছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রায় ৮০ দিন তারা গাজায় কোনো খাদ্যসামগ্রী পৌঁছাতে পারেনি। বর্তমানে কিছু খাদ্য সহায়তা পাঠালেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আল জাজিরার তারেক আবু আজ্জুম গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে বলছেন, এখন ক্ষুধাও বোমার মতো ভয়ংকর হয়ে উঠেছে। মানুষ এখন আর চাহিদা অনুযায়ী খাদ্য চাচ্ছে না। তিনি আরও বলেন, গাজার মানুষেরা ‘ধীরে ধীরে, যন্ত্রণাদায়ক এক মৃত্যুর’ বর্ণনা দিচ্ছেন, যা ইসরায়েলি সেনাবাহিনীর পরিকল্পিত এক দুর্ভিক্ষের ফল।
বঙ্গোপসাগরে লঘুচাপ; সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ; সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাগর ও উপকূলীয় এলাকাগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।