ঢাকায় গাছের অক্সিজেন যোগান ৫ শতাংশ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ঢাকায় গাছের অক্সিজেন যোগান ৫ শতাংশ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বিশুদ্ধ বাতাস ও অক্সিজেন মানুষের জীবনধারণের জন্য অপরিহার্য। কিন্তু বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকা বর্তমানে মারাত্মক বায়ুদূষণ ও অক্সিজেন ঘাটতির মুখোমুখি। একদিকে শহরজুড়ে গাছ কাটা ও নির্মাণকাজ চলছে ব্যাপকভাবে, অন্যদিকে ধূলিকণা, ধোঁয়া, ও বিষাক্ত গ্যাসে ঢাকার বাতাস হয়ে উঠছে বিপজ্জনক। ফলে নগরবাসী মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। ঢাকার আয়তন প্রায় ৩০৬ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১ কোটি ৩ লাখ (২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের তথ্য)। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর। জনঘনত্বের দিক থেকে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম, যেখানে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ২৩ হাজার লোক বসবাস করে। ঢাকা শহরের প্রশাসনিক কাঠামো দুই ভাগে বিভক্ত। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়তন প্রায় ১৯৬.২২ বর্গকিলোমিটার এবং দক্ষিণ সিটি করপোরেশনের আয়তন প্রায় ১০৯.২৫ বর্গকিলোমিটার। দুই সিটিতে (৫৪+৭৫) ১২৯টি ওয়ার্ড রয়েছে। ঢাকার দুই সিটি কর্পোরেশনে ১ কোটির বেশি মানুষ বসবাস করলেও এই বিপুল জনসংখ্যার বিশুদ্ধ অক্সিজেন যোগান দেওয়ার জন্য নেই পর্যাপ্ত গাছপালা। ১৯১৭ সালের পরিকল্পনায় বলা হয়েছিল, ঢাকা হবে একটি বাগানের শহর। কিন্তু অপরিকল্পিত নগরায়ন, আবাসন ও জনসংখ্যার চাপে ঢাকা শহর থেকে সবুজ, মাঠ ও জলাশয় হারিয়ে গিয়েছে। ঢাকা নগরের আওতায় ছোট বড় মিলিয়ে মাত্র ৪৮টি উদ্যান ও প্রায় ২৫টি খেলার মাঠ রয়েছে। অনেক ক্ষেত্রেই এসব উদ্যান দখল, অবহেলা বা অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে অকেজো হয়ে পড়েছে। সরকারের বন বিভাগ ও যুক্তরাষ্ট্র সরকারের সংস্থা ইউএস ফরেস্ট সার্ভিসের করা এক বৃক্ষ জরিপ (২০২০) থেকে জানা যায়, ঢাকা সিটি কর্পোরেশনে ছোট–বড় প্রায় ১৩ লাখ গাছ রয়েছে। ১৩ লাখ গাছের মধ্যে ঢাকা উত্তরে রয়েছে ৬ লাখ ৮২ হাজার ৬০০টি, আর ঢাকা দক্ষিণে আছে ৬ লাখ ১৬ হাজার ৯০০ গাছ। ঢাকায় প্রতি সাতজনের বিপরীতে রয়েছে মাত্র একটি গাছ। তথ্যে জানা যায়, একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করে। সেই হিসেবে মহানগরে প্রায় ১ কোটি মানুষের জন্য দৈনিক প্রায় ৫৫০ কোটি লিটার অক্সিজেন প্রয়োজন। কিন্তু ঢাকা মহানগরের গাছপালাগুলো মিলে দৈনিক যোগান দিতে পারে মাত্র ১৮ কোটি লিটার, যা প্রয়োজনের তুলনায় মাত্র ৩-৫ শতাংশ। বাকি অক্সিজেন আসছে বাইরে থেকে অথবা উৎপাদনশীল গাছের পরিবর্তে কিংবা দূষণপূর্ণ বাতাস থেকে। বাতাসে সাধারণভাবে প্রায় ২১ শতাংশ অক্সিজেন থাকে, যা শহর ও গ্রামের মধ্যে খুব বেশি পার্থক্য করে না। কিন্তু পার্থক্য হয় বাতাসের বিশুদ্ধতায়। শহরের বাতাসে ধুলাবালি, ধোঁয়া, ও বিষাক্ত গ্যাস বেশি মিশে থাকে, যা শ্বাস নেওয়াকে ঝুঁকিপূর্ণ করে তোলে। দূষণের কারণ অপরিকল্পিতভাবে নগরায়ন, বহুতল ভবন, মার্কেট, কংক্রিট স্থাপনায় নির্বিচারে গাছ কাটা হচ্ছে। ফলে সবুজায়ন কমছে, সেই সাথে অক্সিজেনের মাত্রা ও কমছে। ঢাকা ও এর আশেপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অসংখ্য অবৈধ ইটভাটা ও ফ্যাক্টরি থেকে পিএম ২.৫ (প্রতি ঘনমিটার বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণা-পিএম ২.৫) উপস্থিতিসহ বিষাক্ত কালো ধোঁয়া বাতাসে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ছড়িয়ে দিচ্ছে। ফলে মারাত্মকভাবে দূষিত হচ্ছে অক্সিজেন। ঢাকার অক্সিজেন দূষণের প্রধান কারণ হলো মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ির নির্গত কালো ধোঁয়া, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি বায়ুতে মিশে যায়। ঢাকার বাইরে থেকে আসা হাজার হাজার ট্রাক ও দূরপাল্লার যানবাহনের ধুলা ও ধোঁয়ার পাশাপাশি আন্তঃসীমান্ত বায়ুদূষণের জন্য এখানকার বায়ু দূষিত হয়ে পড়ে। মহানগর এলাকায় পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা খুবই দুর্বল। খোলা ডাস্টবিন, লেক, পুকুর, ড্রেনেজের নর্দমা ও আবর্জনার পচনশীল গন্ধযুক্ত গ্যাস বাতাসে বিষ মিশিয়ে দেয়। তাছাড়া দীর্ঘদিন খোঁড়াখুঁড়ি ও নির্মাণকাজের সামগ্রী রাস্তায় পড়ে থাকা ধুলা বাতাসকে দূষিত করে পিএম ১০/পিএম ২.৫-এর পরিমাণ বাড়িয়ে দেয়। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫ ও পিএম ১০-এর উপস্থিতি। এর ফলে প্রায় দিনই দূষিত তালিকায় রয়েছে ঢাকা। পিএম ২.৫ ও পিএম ১০ হলো বাতাসে ভাসমান অতিক্ষুদ্র বস্তুকণার মাপ। এই কণাগুলো মানুষের ফুসফুসে প্রবেশ করে নানা ধরনের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। অক্সিজেন সংকটে স্বাস্থ্যঝুঁকি বিশুদ্ধ অক্সিজেন সংকটে মানুষকে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। বৈশ্বিক বায়ুদূষণের ঝুঁকি বিষয়ক ‘দ্য স্টেট অব গ্লোবাল এয়ার-২০১৯’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের যে পাঁচটি দেশের শতভাগ মানুষ দূষিত বায়ুর মধ্যে বসবাস করে, তার মধ্যে একটি বাংলাদেশ। বায়ু দূষণজনিত মৃত্যুর সংখ্যার দিক থেকে বাংলাদেশ পঞ্চম। দূষিত বায়ুর কারণে ২০১৭ সালে দেশে মারা গেছে ১ লাখ ২৩ হাজার মানুষ। সেন্টার ফর রিসার্চ অন অ্যানার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরআইএ) এক গবেষণার তথ্যে বলা হয়েছে, বাংলাদেশে বায়ুদূষণের প্রভাবে প্রতি বছর পাঁচ হাজার ২৫৮ শিশুসহ এক লাখ দুই হাজার ৪৫৬ জন মানুষের অকালমৃত্যু হচ্ছে। একই কারণে প্রতি বছর নয় লাখ মায়ের অপরিণত গর্ভধারণ হচ্ছে এবং প্রায় সাত লাখ কম ওজনের শিশু জন্মগ্রহণ করেছে। আর এ সংক্রান্ত সমস্যা নিয়ে প্রতিবছর ছয় লাখ ৭০ হাজার রোগী জরুরি বিভাগে ভর্তি হচ্ছেন যার ফলে সম্মিলিতভাবে বছরে ২৬ কোটি ৩০ লাখ কর্মদিবস হারাচ্ছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) গবেষণায় দেখা যায়, গর্ভাবস্থায় কম বায়ুদূষণের শিকার মায়েদের তুলনায় অধিক বায়ুদূষণে ভোগা মায়েদের ‘প্রিটার্ম বার্থ’ (সময়ের আগে জন্মদান) ও কম ওজনের বাচ্চা প্রসবের ঝুঁকি অনেক বেশি। জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) তথ্য মতে, দূষিত অক্সিজেনের অভাবে শিশুদের মধ্যে হাঁপানি ও নিউমোনিয়ার হার বেড়েছে ২৮ শতাংশ। প্রাপ্তবয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি ৩ গুণ বেড়েছে। কর্মক্ষম মানুষ আক্রান্ত হচ্ছেন স্লিপ ডিসঅর্ডার, মানসিক অবসাদ, ক্লান্তি ইত্যাদিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য মতে, বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর ঢাকায় বায়ুদূষণে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং হাসপাতালের অ্যাজমা ও শ্বাসকষ্ট বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডা. মো. রিয়াজুল ইসলাম বলেন, বিশুদ্ধ অক্সিজেনের অভাবে মানুষ পালমোনারি হাইপারটেনশন, তীব্র শ্বাসকষ্ট, অ্যাজমা, সিওপিডি ও হৃদরোগে আক্রান্ত হয়। তবে প্রতিদিন সবচেয়ে বেশি সংখ্যক শ্বাসকষ্টের রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগ বিশেষজ্ঞ হিসেবে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় জানতে চাইলে ডা. রিয়াজ বলেন, প্রথমত আমাদের ঘনবসতি এলাকাগুলোকে পরিকল্পনা মাফিক আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি ঢাকা শহরের ভেতরের কলকারখানাগুলোকে পরিবেশবান্ধবভাবে গড়ে তোলা। বেশি বেশি সবুজায়ন কর্মসূচি করতে হবে। কঠোর আইন প্রয়োগ করে কালো ধোঁয়া থেকে রাজধানীকে মুক্ত করতে হবে। তাহলেই আমরা বিশুদ্ধ অক্সিজেন পাব। নগরের বাসিন্দারাও রোগমুক্ত থাকবে। মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অনকোলজি বিভাগের কনসালটেন্ট ডা. এটিএম কামরুল হাসান বলেন, দূষিত বায়ু গ্রহণের ফলে ফুসফুস ক্যান্সার, প্রসাবের থলির ক্যান্সারসহ অনেক ক্যান্সার বাতাসে মিশ্রিত কার্সিনোজেন লেড, ক্রমিয়াম হয়ে থাকে। এই রোগগুলো থেকে মুক্তি পেতে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি এই তিন পর্যায়ে উদ্যোগ নিতে হবে। ব্যক্তি পর্যায়ে মাস্ক ব্যবহার করা, ধূমপান পরিহার, পুষ্টিকর খাবার খাওয়া। সামাজিক আন্দোলনের মাধ্যমে বনায়ন কর্মসূচি পালন এবং রাষ্ট্রীয় উদ্যোগে দূষণের বিরোধী কর্মসূচির উদ্যোগ নিলে অনেকটাই কমে আসবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। বিশুদ্ধ অক্সিজেন সংকট থেকে উত্তরণে উপায় ঢাকা সিটি কর্পোরেশনের পাশাপাশি দূষিত অক্সিজেন থেকে রক্ষা

প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করতে আইনি নোটিশ

প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করতে আইনি নোটিশ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করতে সরকারের পাঁচ সচিব বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া রেজিস্ট্রি ডাকযোগে গতকাল আইনসচিব, জন প্রশাসনসচিব, শিক্ষাসচিব, অর্থসচিব এবং প্রাথমিক ও গণশিক্ষাসচিব বরাবর এ নোটিশ পাঠান। সুপ্রিম কোর্টের এক আইনজীবী। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের পদের সংখ্যা প্রায় ৬৫। নোটিশে প্রধান শিক্ষকদের বিষয়ে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। তা না হলে বিষয়টি আদালতের নোটিশে আনা হবে বলে উল্লেখ করা হয়েছে। ২০১৪ সালের ৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেয়। কিন্তু দীর্ঘদিন ধরে তা কার্যকর করা হয়নি। পরে ৪৫ জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করেন। ওই রিট নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। রায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির মর্যাদা দিতে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। সেই আপিল খারিজ হলে পরে রিভিউ করা হয়। এ বছরের ১৩ মার্চ সেটিও খারিজ হয়। এরপর ৪৫ জন প্রধান শিক্ষককে গত ৭ জুলাই ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অথচ এর সংখ্যা প্রায় ৬৫ হাজার। সবাই মামলা না করলেও বাকি প্রধান শিক্ষকদেরও রায় অনুযায়ী সমান সুযোগ-সুবিধা দেওয়ার কথা ছিল। কিন্তু তাদের তা না দেওয়ায় লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আশা করি, এই নোটিশ পাওয়ার পর তাদের ১০তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির মর্যাদা দিতে উদ্যোগ নেবে সরকার।

২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। আসামি পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত ১ ডিসেম্বর ওই রায় দেন। ১৯ ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। গত ১ জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেওয়া হয়। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। তবে হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক, সাবেক রাষ্ট্রপতি (প্রয়াত) জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। তদন্ত শেষে তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১১ জুন দেওয়া অভিযোগপত্রে বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন ও হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২২ জনকে আসামি করা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনের পর অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। দুই বছর তদন্তের পর ২০১১ সালের ৩ জুলাই ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। পরে এ মামলায় মোট আসামির সংখ্যা হয় ৫২। মোট ৫২ আসামির মধ্যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মুফতি হান্নান এবং তার সহযোগী শাহেদুল ইসলাম বিপুলের মৃত্যুদণ্ড অন্য মামলায় কার্যকর হয়। তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এ মামলার আসামির সংখ্যা দাঁড়ায় ৪৯ জনে। এ ঘটনার মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর দেওয়া বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন- লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন, হুজির সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক মাওলানা শেখ আবদুস সালাম (কারাগারে মারা যান), কাশ্মীরি জঙ্গি আব্দুল মাজেদ ভাট, আবদুল মালেক ওরফে গোলাম মোস্তফা, মাওলানা শওকত ওসমান, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের, হোসাইন আহমেদ তামিম, মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন, মো. রফিকুল ইসলাম, মো. উজ্জ্বল, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম (কারাগারে মারা যান), হানিফ পরিবহনের মালিক বিএনপি নেতা মোহাম্মদ হানিফ। পরিকল্পনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করার অভিযোগে দণ্ডবিধির ৩০২/১২০খ/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- তারেক রহমান, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হুজি সদস্য হাফেজ মাওলানা ইয়াহিয়া, শাহাদাৎ উল্লাহ ওরফে জুয়েল, মাওলানা আবদুর রউফ (কারাগারে মারা যান), মাওলানা সাব্বির আহমেদ, আরিফ হাসান ওরফে সুমন, আবু বকর ওরফে হাফেজ সেলিম মাওলাদার, মো. আরিফুল ইসলাম, মহিবুল মুত্তাকিন ওরফে মুত্তাকিন, আনিসুল মুরছালিন ওরফে মুরছালিন, মো. খলিল ওরফে খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মো. ইকবাল ওরফে ইকবাল হোসেন, লিটন ওরফে মাওলানা লিটন, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, রাতুল আহমেদ ওরফে রাতুল বাবু। তাদের দণ্ডবিধির ৩০২/১২০খ/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) মো. আশরাফুল হুদা ও শহুদুল হক, বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগনে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দ্দার, ডিজিএফআইয়ের মেজর জেনারেল (অব.) এটিএম আমিন, ডিএমপির সাবেক উপ-কমিশনার (দক্ষিণ) খান সাঈদ হাসান, আরেক সাবেক উপ-কমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান খান, সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী, সিআইডির সাবেক বিশেষ সুপার মো. রুহুল আমিন, সাবেক এএসপি আবদুর রশিদ, সাবেক এএসপি মুন্সি আতিকুর রহমানকে দুই বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরেকটি ধারায় খোদা বক্স চৌধুরী, রুহুল আমিন, আবদুর রশিদ ও মুন্সি আতিকুর রহমানকে তিন বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেন আদালত। পরে ওই বছরের ২৭ নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে। পাশাপাশি কারাবন্দি আসামিরা আপিল করেন। গত বছরের ৩১ অক্টোবর আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হয়। এরপর গত ১ ডিসেম্বর দুটি মামলায় রায় দেন হাইকোর্ট।

বাংলাদেশের এক ক্লাবের দলবদলে ফিফার নিষেধাজ্ঞা

বাংলাদেশের এক ক্লাবের দলবদলে ফিফার নিষেধাজ্ঞা বাংলাদেশি ক্লাব ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের দলবদল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগ পর্যন্ত ফকিরেরপুল কোনো খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার এই নির্দেশনা পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফকিরেরপুল ইয়ংমেন্স ফিফার এই নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে জানিয়েছে ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক আহমেদ আলী। তিনি বলেন, ‘একজন খেলোয়াড়ের আর্থিক পারিশ্রমিক ইস্যুতে এটি হয়েছে। আমরা দ্রুত সেটি সমাধান করে আসন্ন মৌসুমের কার্যক্রম এগিয়ে নিতে চাই।’ গত মৌসুমে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ফুটবল দলের ম্যানেজার ছিলেন পিপুল। তিনি ফিফার নিষেধাজ্ঞা সম্পর্কে তিনি বলেন, ‘একজন উজবেক ফুটবলার ফকিরেরপুল ক্লাবে গত মৌসুমে এসেছিল। সেই ফুটবলারের পারিশ্রমিক নিয়ে আবেদন করেছি। সেই আবেদন নিষ্পত্তি না করায় হয়তো ক্লাবের ওপর দলবদল নিষেধাজ্ঞা। তার পাওনা ও জরিমানা মিলিয়ে ২০ লাখ টাকার ওপর হতে পারে।’ কোচ-খেলোয়াড়দের দেনা-পাওনা নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট ক্লাব-ফেডারেশনের ওপর জরিমানা-নিষেধাজ্ঞা প্রদান করে ফিফা। বিগত সময়েও বাংলাদেশের অনেক ক্লাব এ রকম ঘটনার শিকার হয়েছে। গত মৌসুমেই ফুটবলাঙ্গনে গুঞ্জন ছিল বসুন্ধরা কিংসের ওপরও এ রকম নিদের্শনা এসেছিল। যদিও বসুন্ধরা কিংস কিংবা বাফুফে এটি স্বীকার করেনি।

ক্লিনটন থেকে বাইডেন, সবাইকে বোকা বানিয়েছেন পুতিন, কিন্তু আমাকে নয়: ট্রাম্প

ক্লিনটন থেকে বাইডেন, সবাইকে বোকা বানিয়েছেন পুতিন, কিন্তু আমাকে নয়: ট্রাম্প   রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কঠিন মানুষ’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুতিন অতীতে মার্কিন চার প্রেসিডেন্টকে বোকা বানিয়েছেন, কিন্তু তাঁকে পারেননি। গতকাল হোয়াইট হাউজে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘এটা বহু বছর ধরে প্রমাণিত হয়েছে, পুতিন অনেক মানুষকে বোকা বানিয়েছেন… তিনি (পুতিন) ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেন— সবাইকে বোকা বানিয়েছেন। কিন্তু আমাকে ঠকাতে পারেননি।’ তিনি আরও বলেন, ‘একসময় কথার সময় শেষ হয়, তখন কাজে নামতে হয়, ফল আনতে হয়। আমি চাই সে (পুতিন) সেটা করুক। রাশিয়া এমন একটি শক্তিশালী দেশ, এত মানুষকে যুদ্ধের মাধ্যমে নষ্ট করা দুঃখজনক।’ ট্রাম্প জানান, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ না করে, তাহলে নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধের দায় চাপিয়েছেন তাঁর পূর্বসূরি জো বাইডেনের ওপর। ‘এই যুদ্ধ আমার নয়, বাইডেনের যুদ্ধ। এটা ডেমোক্র্যাটদের যুদ্ধ, রিপাবলিকান বা ট্রাম্পের নয়। এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। আমি চেষ্টা করছি এই যুদ্ধ থামাতে,’ বলেন ট্রাম্প। তিনি জানান, দুই মাস আগেও তিনি ভেবেছিলেন পুতিনের সঙ্গে একটি চুক্তি হবে। কিন্তু সেটা হয়নি বলেই নতুন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিচ্ছেন। বৈঠকে ট্রাম্প ও রুট ন্যাটোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র কিনে ইউক্রেনকে পাঠানোর একটি বড় চুক্তির ঘোষণা দেন। এর মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। রুটে বলেন, ‘এই চুক্তি অনেক বড় পদক্ষেপ। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের একক বোঝা কমাতে এটি কার্যকর ভূমিকা রাখবে।’ তিনি জানান, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য এ অস্ত্র সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছে। ট্রাম্পের শাসনের দ্বিতীয় মেয়াদের শুরুতে তিনি পুতিনের সঙ্গে একটি সমঝোতার চেষ্টা করেছিলেন, যেখানে তিনি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন অনেকেই আশঙ্কা করেছিলেন, তিনি হয়তো ইউক্রেনকে ‘বেচে’ দেবেন। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন, কারণ রুশ বাহিনী আগের চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ট্রাম্প জানান, তাঁর স্ত্রী মেলানিয়া এই বিষয়ে তাঁর মনোভাব পাল্টাতে সাহায্য করেছেন। ‘আমি বাড়ি ফিরে মেলানিয়াকে বলি, আমি আজ পুতিনের সঙ্গে কথা বলেছি, দারুণ কথা হয়েছে। সে বলে, ও আচ্ছা? আরেকটা শহর তো হামলায় উড়ে গেল!’ পুতিন সম্পর্কে ট্রাম্প আরও বলেন, ‘আমি বলছি না যে তিনি খুনি, তবে তিনি একজন কঠিন লোক।’ এদিকে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট দলের হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিজ ট্রাম্পের ইউক্রেন নীতির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ভ্লাদিমির পুতিন পুরো বছরজুড়েই ট্রাম্পকে নিয়ে খেলছেন।’ ‘ট্রাম্প তাঁর শাসনের প্রথম ছয় মাসে পুতিনের সঙ্গে সখ্য গড়ার চেষ্টা করেছেন, অথচ পুতিন যা করেছেন তা হলো— ইউক্রেনের শিশু, নারী ও সাধারণ মানুষদের ওপর সন্ত্রাস চাপিয়ে দিয়েছেন,’ বলেন জেফরিজ। তিনি আরও বলেন, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। ‘আমেরিকান জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে তিনি বারবার তা ভঙ্গ করছেন।’ জেফরিজ বলেন, কংগ্রেস স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখে এবং রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে হবে। ‘ইউক্রেনের বিজয় শুধু তাদের নয়, বরং আমাদের মিত্র ও গোটা মুক্ত বিশ্বের বিজয়।’

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন ফিলিপাইনের উত্তরাঞ্চলে আজ ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইলোকোস নর্টে প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে কাগায়ান, ইলোকোস সুর, ইসাবেলা এবং আবরা প্রদেশগুলোও কেঁপে ওঠে।ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।ফিলিপাইন স্টার জানিয়েছে, ভূমিকম্পটি পাসুকুইন শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ২৭ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।সংস্থাটি সতর্ক করে দিয়েছে, ভূমকম্পের আফটারশক এখনো প্রত্যাশিত। তবে উল্লেখযোগ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের পাশে অবস্থিত হওয়ার কারণে ফিলিপাইন ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়।

তৈরি করুন ম্যাংগো ক্রিম পুডিং

তৈরি করুন ম্যাংগো ক্রিম পুডিং এখন আমের সময়। পাওয়া যাচ্ছে সবার প্রিয় পাকা আম। তাই তৈরি করতে পারেন দারুণ স্বাদের ম্যাংগো ক্রিম পুডিং। উপকরণ : পাকা মিষ্টি আমের রস-১ কাপ, ঘন দুধ ৩ কাপ, চিনি ১ কাপ, ডিম ৫টি, এলাচ গুঁড়া সামান্য, ক্রিম ২ টেবিল চামচ। যেভাবে করবেন : এক লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করুন। আমের রস ও ডিমের সঙ্গে চিনি মিশিয়ে দুধ, ডিম, চিনি, এলাচ গুঁড়া ও ক্রিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। চিনি দিয়ে ক্যারামেল করা পাত্রে মিশ্রণ ঢেলে পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারে পানি দিয়ে ৮ সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। পুডিং নিজে থেকে ঠাণ্ডা হলে ওপরে আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ক্যারামেল তৈরি : ঢাকনাসহ স্টিলের বক্সে প্রথমে একটু চিনি দিয়ে চুলায় দিন। যতক্ষণ চিনি বাদামি রং না হয় সে পর্যন্ত পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় লাগিয়ে নিন। এবার ক্যারামেল ঠান্ডা করে পুডিং-এর মিশ্রণ ঢালুন।

পাঁচ যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পাঁচ যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত জাতীয় রাজস্ব বোর্ডের ( এনবিআর) কর বিভাগের পাঁচ যুগ্ম কর কমিশনার ও তিন উপ- কর কমিশনার সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরীন সুস্মিতা ও কক্সবাজারের কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম প্রধান এবং উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, কুমিল্লার উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল ও রংপুরের নুসরাত জাহান শমী।

কণ্ঠস্বর বসে গেলে যা করবেন

কণ্ঠস্বর বসে গেলে যা করবেন বর্ষা মৌসুম এলেই ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ে। বিশেষ করে সর্দি-কাশি ও কফের সমস্যা দেখা দেয়। এর সঙ্গে আবার গলা বসে কথা ফ্যাসফেসে হয়ে যাওয়া আপাতদৃষ্টিতে খুবই সাধারণ সমস্যা মনে হলেও আদতে তা না-ও হতে পারে। গলা বসে যাওয়া অনেকেই খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেন না। কিন্তু এই গলা ভাঙাই অনেক সময় মারাত্মক কোনো রোগের উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই গলা বসার কারণ হলো শ্বাসনালিতে সংক্রমণ। এমনকি সাধারণ ঠান্ডা লাগা বা দীর্ঘক্ষণ জোরে কথা বললেও গলার স্বর ভাঙতে পারে। দীর্ঘদিন এ সমস্যা হচ্ছে, কিছুতেই সারছে না, বিশেষ করে আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন, কাজেই অবহেলা করবেন না! অল্পতেই তৎপর হন! তবে প্রথমেই চিকিৎসকের কাছে গিয়ে গাদা গাদা অ্যান্টিবায়োটিক না খেয়ে বরং ঘরোয়া উপায়ে এর মোকাবিলা করুন—লবণপানি দিয়ে গড়গড়া করাটা সবচেয়ে সাধারণ এবং একই সঙ্গে কার্যকর পদ্ধতি। দিনে অন্তত চারবার লবণপানি দিয়ে গড়গড়া করতে হবে। গলা ভাঙা উপশমে ভালো আরেকটি পদ্ধতি হলো গরম বাষ্প টানা। ফুটন্ত পানির বাষ্প যদি প্রতিদিন ১০ মিনিট মুখ ও গলা দিয়ে টানা হয়, তবে উপকার হবে। ভাঙা গলায় হালকা গরম লেবুপানি ও আদা বেশ কার্যকর। শুকনো আদায় ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান রয়েছে, যা গলার বসে যাওয়া স্বরকে স্বাভাবিক করে তুলতে পারে। নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক জানাচ্ছেন, ১০ মিনিট গরম পানির ভাপ মুখ ও নাক দিয়ে নিলে গলার স্বর দ্রুত স্বাভাবিক হতে পারে। কণ্ঠস্বরেরও যত্ন দরকার। প্রথমেই চিৎকার-চেঁচামেচি থেকে বিরত থাকতে হবে। ঠান্ডা লেগে যদি গলা বসে যায়, তবে কথা বলা বন্ধ করতে হবে বা কমিয়ে দিতে হবে। এমনকি ফিসফিস করেও কথা বলবেন না তখন। ধূমপান গলার যে কোনো সমস্যাকে আরও বাড়িয়ে দেয় বা জটিল করে তোলে। তাই ধূমপান থেকে বিরত থাকতে হবে।

মারা গেছেন বরেণ্য অভিনেতা-প্রযোজক ধীরাজ কুমার

মারা গেছেন বরেণ্য অভিনেতা-প্রযোজক ধীরাজ কুমার বরেণ্য অভিনেতা-প্রযোজক ধীরাজ কুমার মারা গেছেন। আজ মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১২ জুলাই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরবর্তীতে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় এই অভিনেতাকে। সেখানে মারা যান এই অভিনেতা। রাজেশ খান্না এবং সুভাষ ঘাইয়ের সঙ্গে ক্যারিয়ার শুরু করেন ধীরাজ কুমার। ১৯৬৫ সালে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বহু বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরাজ নিজের জায়গা তৈরি করেন। ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ২১টি পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেন। এরপর টেলিভিশন প্রযোজনার কাজ শুরু করেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ক্রিয়েটিভ আই। পাঞ্জাবি ছাড়াও বলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন ধীরাজ কুমার। এ তালিকায় রয়েছে— ‘রতন কা রাজা’, ‘হীরা পান্না’, ‘রোটি কাপড়া অর মাকান’, ‘সরগম’, ‘ক্রান্তি’ প্রভৃতি।