ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯০

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯০ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় সারাদেশে ১৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৯৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ২১ হাজার ৯৯৮ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪১০ জন। এর মধ্যে ৫৮ দশমিক সাত শতাংশ পুরুষ ও ৪১ দশমিক তিন শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে ৯৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সাঈদ আনোয়ারের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় বাবর

সাঈদ আনোয়ারের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় বাবর পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম ওয়ানডেতে দুইটি বড় মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। এর মধ্যে একটি আবার তার স্বদেশী কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ারের সেঞ্চুরির রেকর্ড। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছেন তিনি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। ৩০ বছর বয়সী বাবর ইতোমধ্যেই ১৯টি ওয়ানডে সেঞ্চুরি করেছেন। আর মাত্র একটি সেঞ্চুরি করলেই সাঈদ আনোয়ারের পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২০টি সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসাবেন বাবর। সাঈদ আনোয়ার ২৪৭ ম্যাচ ও ২৪৪ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন, আর বাবর খেলেছেন মাত্র ১৩১ ম্যাচ ও ১২৮ ইনিংস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরি সাঈদ আনোয়ার — ২০ সেঞ্চুরি (২৪৭ ম্যাচ) বাবর আজম — ১৯* সেঞ্চুরি (১৩১ ম্যাচ) মোহাম্মদ ইউসুফ — ১৫ সেঞ্চুরি (২৮১ ম্যাচ) ফখর জামান — ১১ সেঞ্চুরি (৮২ ম্যাচ) মোহাম্মদ হাফিজ — ১১ সেঞ্চুরি (২১৮ ম্যাচ) এছাড়া বাবরের সামনে রয়েছে আরেকটি বড় সুযোগ—ওয়ানডেতে দ্রুততম ২০ সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠা। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে ভারতের বিরাট কোহলির দখলে, যিনি ১৩৩ ইনিংসে ২০ সেঞ্চুরি করেছিলেন। বাবরের হাতে আছে চার ইনিংস সময়; যদি এই সময়ে একটি সেঞ্চুরি করতে পারেন, তবে কোহলিকে ছাড়িয়ে যাবেন এবং দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার (১০৮ ইনিংস) পরেই থাকবেন। ওয়ানডেতে দ্রুততম ২০ সেঞ্চুরি হাশিম আমলা — ১০৮ ইনিংস বিরাট কোহলি — ১৩৩ ইনিংস এবি ডি ভিলিয়ার্স — ১৭৫ ইনিংস রোহিত শর্মা — ১৮৩ ইনিংস

তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের গোল উৎসব

তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের গোল উৎসব শুরুর দিকে কিছুটা সতর্ক ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দারুণ ছন্দে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। শিখা সিনহার গোলে এগিয়ে যাওয়ার পর শান্তি মার্দির দারুণ গোল ব্যবধান দ্বিগুণ করে দেয়। আজ লাওস জাতীয় স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে পিটার বাটলারের দল। তৃষ্ণা রানী সরকারের হ্যাটট্রিকসহ গোলের বন্যায় তিমুর লেস্তেকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মেয়েরা। নবীরন খাতুন, সাগরিকা ও মুনকি আক্তারও গোল পেয়েছেন। এর আগে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। টানা দুই জয়ের পর রোববার গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা। অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু গোলমুখ থেকে নবীরন খাতুন বল ঠেলতে ব্যর্থ হন। দুই মিনিট পর পাল্টা আক্রমণে তিমুর লেস্তে বিপদ তৈরি করলে স্বর্ণা কর্নার দিয়ে রক্ষা করেন। এরপর প্রতিপক্ষের শট গোললাইন থেকে হেডে ঠেকিয়ে দেন জয়নব বিবি রিতা। ২০তম মিনিটে কর্নার থেকে দূরের পোস্টে ফাঁকা থাকা শিখার হেডে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৩তম মিনিটে শান্তির বাঁ পায়ের কর্নার সরাসরি গোলপোস্টে লেগে জালে জড়ালে ব্যবধান হয় দ্বিগুণ—যা ছিল এক নিখুঁত গোল। কিছুক্ষণ পরই আরেক কর্নার থেকে হেডে নবীরন খাতুন গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকার কাটব্যাক থেকে তৃষ্ণা রানী সরকার চতুর্থ গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলমুখের জটলার মধ্যে থেকে আবারও গোল করে ব্যবধান বাড়ান তৃষ্ণা। ৭৩তম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে সাগরিকা সপ্তম গোল করেন। ৮১তম মিনিটে সাগরিকার আড়াআড়ি পাস ঠেলেই হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা। যোগ করা সময়ে মুনকি আক্তারের গোল বড় জয় নিশ্চিত করে।

গাজায় অনাহারে প্রাণহানি বেড়ে ১৯৭

গাজায় অনাহারে প্রাণহানি বেড়ে ১৯৭ গাজায় ইসরায়েলের হামলা চলছেই। এতে নিহতের সংখ্যা বাড়ছে। এর সঙ্গে বাড়ছে অনাহার ও অপুষ্টিজনিও প্রাণহানিও। খবর আল জাজিরার। গতকাল সকাল থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ২২ ফিলিস্তিনির প্রাণ গেছে। আর অপুষ্টিজনিত কারণে আরও দুই শিশু মারা গেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও চারজনের প্রাণ গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারজনিত প্রাণহানি বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে, এর মধ্যে ৯৬ জনই শিশু। জাতিসংঘ বলছে, ইসরায়েলের অবরোধের কারণে গাজার শতাধিক অপরিণত শিশুর জীবন এখন বিপদের মুখে। হাসপাতালে জ্বালানি সংকটে নবজাতকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। গাজায় কাজ করা এনজিও নেটওয়ার্ক জানিয়েছে, সেখানে দুই লাখের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এর কারণ হিসেবে তারা শিশুদের পুষ্টিকর খাবারের অভাবকে দায়ী করেছে। ইউরোপীয় কমিশনের দ্বিতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা তেরেসা রিবেরা বলেন, এই যুদ্ধ অনেকাংশেই গণহত্যার সংজ্ঞায় রূপ নিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত ৬১ হাজার ১৫৮ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন এক লাখ ৫১ হাজার ৪৪২ জন। গাজা সরকার বলছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি। যারা ধ্বংসস্তূপের নিচে পড়ে নিখোঁজ রয়েছেন, তাদেরও নিহত বলে ধরে নেওয়া হচ্ছে।

সেমিকন্ডাক্টর আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

সেমিকন্ডাক্টর আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের বিদেশে তৈরি সেমিকন্ডাক্টরের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সেই সঙ্গে ছাড়ের কথাও বলেছেন। আর সেটি হলো যেসব প্রতিষ্ঠান বা কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে সেসব কোম্পানির ক্ষেত্রে শুল্ক আরোপ ছাড় দেওয়া হবে। ট্রাম্প বলেন, আমরা চিপস এবং সেমিকন্ডাক্টরের ওপর প্রায় ১০০ শতাংশ শুল্ক আরোপ করব, কিন্তু যদি কোনো কোম্পানি সেটি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মাণ করে, তাহলে কোনও চার্জ লাগবে না। বুধবার ৬ আগস্ট সন্ধ্যায় ওভাল অফিসে মার্কিন এ প্রেসিডেন্ট সাংবাদিকদের এসব কথা বলেন। এ ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় অ্যাপল। তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয়। মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামী সপ্তাহে সেমিকন্ডাক্টরে নতুন শুল্ক আসতে পারে। এই ঘোষণার পরপরই এশিয়ার প্রধান সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশগুলো সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক হয়ে উঠেছে। তাইওয়ানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রধান লিউ চিন-চিং আইনসভায় জানান, বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করায় শুল্কমুক্ত থাকবে। গত মার্চে টিএসএমসি অ্যারিজোনায় তাদের বিনিয়োগ ১৬৫ বিলিয়ন ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছিল। দক্ষিণ কোরিয়াও দ্রুত জানিয়ে দিয়েছে যে, তাদের শীর্ষ চিপ নির্মাতা স্যামসাং ও এসকে হাইনিক্স এই শুল্কের আওতায় পড়বে না। বাণিজ্য দূত ইয়ো হান-কু বলেন, গত জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ায় দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো ইতোমধ্যেই সুবিধাজনক শুল্ক নীতি পেয়েছে। ফিলিপাইনের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শিল্প সমিতির প্রেসিডেন্ট ড্যান লাচিচা বলেছেন, এ শুল্ক তাদের জন্য ‘ধ্বংসাত্মক’ হতে পারে, কারণ দেশটির মোট রপ্তানির ৭০ শতাংশই সেমিকন্ডাক্টর খাত থেকে আসে। ২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিদলীয় সমর্থনে চিপস অ্যাক্ট পাস করান। এর আওতায় বিলিয়ন বিলিয়ন ডলার ভর্তুকি ও কর ছাড় দেওয়া হয় বিদেশি কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে উৎপাদন কেন্দ্র স্থাপনে উৎসাহিত করতে। টিএসএমসি, স্যামসাং ও এসকে হাইনিক্সের মতো প্রতিষ্ঠানগুলো তখন থেকেই যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়িয়েছে। এই সেমিকন্ডাক্টর শুল্ক যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের ওপর আরোপিত সাম্প্রতিক শুল্কেরই অংশ। এর আগে ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও ওষুধ শিল্পের ওপরও আলাদা শুল্ক আরোপ করেছে হোয়াইট হাউজ। নতুন এই শুল্ক বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে, যদিও বিস্তারিত নিয়মাবলী এখনও স্পষ্ট নয়।

কেনিয়ায় আবাসিক ভবনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬

কেনিয়ায় আবাসিক ভবনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬ কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে আবাসিক একটি এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার ৭ আগস্ট স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটের দিকে উইলসন থেকে উড্ডয়নের পর সোমালিল্যান্ডে যাওয়ার পথে বিকেল ৩টার দিকে কাইম্বুর কাছে এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়। কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা বলেন, আমরা পাইলটসহ চারজনকে হারিয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেছেন, যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানেও দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকদের তোলা ছবিতে দেখা গেছে, উৎসুক জনতা জড়ো হয়েছে। এছাড়া কেনিয়া রেড ক্রস ও প্রথম সাড়া প্রদানকারী দলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে। স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা এএফপিকে বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সটি আকাশে থাকাকালীনই আগুন ধরে যায়। এরপর সেটি ছোট আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

ঢাকায় এলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার

ঢাকায় এলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় এসেছেন । তিনি আজ ঢাকার পাকিস্তান মিশনে যোগ দিয়েছেন। ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, শুক্রবার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ডেপুটি হাইকমিশনার। ঢাকা মিশনে যোগ দেওয়ার আগে ইমরান হায়দার মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হলেন। গত মে মাসে হঠাৎ করেই দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ছাড়েন মারুফ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, ছুটি শেষ করে ঢাকায় আবার পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মারুফ। তবে তিনি আর ঢাকা মিশনে যোগ দেননি। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন। সেই সফরের আগেই পাকিস্তানের নতুন দূত ঢাকা মিশনে যোগ দিলেন।

ভোটার হতে আবেদন অর্ধলক্ষ প্রবাসীর, এগিয়ে আমিরাত

ভোটার হতে আবেদন অর্ধলক্ষ প্রবাসীর, এগিয়ে আমিরাত ভোটার হওয়ার জন্য অর্ধলক্ষ প্রবাসী সংশ্লিষ্ট দেশগুলো থেকে আবেদন করেছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে নয়টি দেশে প্রবাসীদের ভোটার করে নেওয়ার কার্যক্রম চলমান। ৬ আগস্ট পর্যন্ত মোট আবেদন করেছেন ৪৯ হাজার ৫৭৪ জন। এদের মধ্যে দশ আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ২৯ হাজার ৭৬৩ জন। তদন্ত সম্পন্ন হয়েছে এবং অনুমোদন হয়েছে ২১ হাজার ৯৭১ জনের আবেদন, তারা ইতোমধ্যে ভোটার হয়ে গেছেন। সার্ভারে আপলোড হয়েছে ১৮ হাজার ৩৪ জনের আবেদন। সার্ভারে আপলোড হওয়ার অপেক্ষায় আছে ৩ হাজার ৯৩৭ জনের আবেদন। এদিকে অনেকের আবেদন তথ্য ঘাটতি ও অন্যান্য কারণে বাতিলও হয়েছে, এদের সংখ্যা ৩ হাজার ৯৩৭ জন। শীর্ষে আমিরাত, আবেদন কম পড়েছে অস্ট্রেলিয়ায়, প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। এই দেশ থেকে আবেদন করেছেন ২০ হাজার ২০৯ জন। সবচেয়ে কম আবেদন পড়েছে অস্ট্রেলিয়ায়, ২৫ জন। সবচেয়ে বেশি আবেদন বাতিলও হয়েছে আমিরাতের, দুই হাজার ১৬৯টি। সবচেয়ে কম বাতিল হয়েছে অস্ট্রেলিয়ায়, একজনের। জানা গেছে, নির্বাচন কমিশন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সি-বায়রাসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে। এসব দেশকেই মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, হংকং, মিশর, ব্রুনাই, মৌরিশাস, ইরাক, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস। এসব দেশে এক কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৫৩৪ জন প্রবাসী রয়েছেন। এদের মধ্যে সবচেয়ে রয়েছে বেশি প্রবাসী রয়েছেন সৌদি আরবে, ৪০ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন। আর সবচেয়ে কম রয়েছেন নিউজিল্যান্ডে, দুই হাজার ৫শ জন। বর্তমানের নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার‌্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস ২২শে শ্রাবণ, শ্রাবণের ঘন কালো বারিশ ধারার মতো বাঙালির মনেও সেদিন ঝরেছিল বিষাদের বৃষ্টি। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক কবিগুরু কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ প্রায় এক বছর সময় তার কেটেছিল রোগশয্যায়। ১৩৪৮ বঙ্গাব্দে ৭৫ বছর বয়সে মারা যান তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে ‘গুরুদেব’, ‘কবিগুরু’ ও ‘বিশ্বকবি’ অভিধায় ভূষিত করা হয়। কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদাসুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। ১৮৭৫ সালে মাত্র ১৪ বছর বয়সে রবীন্দ্রনাথ মাকে হারান। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্ম্যাল স্কুল, বেঙ্গল অ্যাকাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেন। কিন্তু বিদ্যালয়-শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়। ১৮৭৮ সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান রবীন্দ্রনাথ। প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন। ১৮৭৯ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু সাহিত্যচর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেননি। ইংল্যান্ডে থাকাকালীন শেকসপিয়র ও অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। তার সর্বমোট লেখার সংখ্যা- ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ, ৯৫টি ছোটগল্প, ১৯১৫টি গান, ২০০০ চিত্রকর্ম। তার রচিত জনগণমন-অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গানদুটি যথাক্রমে ভারত প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত। মনে করা হয় শ্রীলঙ্কার জাতীয় সংগীত শ্রীলঙ্কা মাতা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে লেখা হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকারের ‘নাইট’ উপাধি লাভ করেন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, রবীন্দ্রসদন এবং অসংখ্য বিশ্ববিদ্যালয় ও স্থাপনা।

বক্স অফিসে আয় ৬৫৫ কোটি: কত টাকা পারিশ্রমিক নিয়েছেন আহান-অনীত?

বক্স অফিসে আয় ৬৫৫ কোটি: কত টাকা পারিশ্রমিক নিয়েছেন আহান-অনীত? নবাগত আহান পান্ডে ও অনীত পড্ডা অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। মোহিত সুরি নির্মিত সিনেমাটি বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে। এতটাই ঝড় তুলেছে যে, অনেকেই হতবাক! যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সাইয়ারা’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৪৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৩ কোটি ২০ লাখ টাকা)। মুক্তির ১৮ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৪৭২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৫৫ কোটি ১৮ লাখ টাকার বেশি); যা বাজেটের ১ হাজার গুণের বেশি। ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক পেয়েছেন আহান-অনীত—তা নিয়ে চর্চা চলছে নেট দুনিয়ায়। একটি সূত্র ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে, রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটির জন্য দুজনেই ১৫-২০ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ২০-২৭ লাখ টাকা) মধ্যে পারিশ্রমিক পেয়েছেন। তবে নতুন প্রকল্পে (সিনেমা) পারিশ্রমিকের এই অঙ্ক অনেকটাই বাড়বে। বলিউডের একজন সিনিয়র প্রোডাকশন এক্সিকিউটিভ বিষয়টি নিয়ে ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলেছেন। শীর্ষস্থানীয় স্টুডিওগুলোর সঙ্গে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। নবাগত তারকা জুটির কম পারিশ্রমিককে স্বাভাবিক বলে মনে করেন তিনি। খানিকটা ব্যাখ্যা করে তিনি বলেন, “একটি বড় ব্যানারে অভিষেক সিনেমার জন্য এমন পারিশ্রমিক স্বাভাবিক। কিন্তু সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ায়, এখন নিঃসন্দেহে তারা অনেক বেশি পারিশ্রমিক দাবি করতে পারবেন।” নতুন সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন আহান-অনীত। বৃদ্ধি পাচ্ছে পারিশ্রমিকও। তা জানিয়ে তিনি বলেন, “এই সিনেমার সাফল্য রাতারাতি দুটি নামকে বাজারে চাহিদাসম্পন্ন করেছে। পারিশ্রমিক পুননির্ধারণের জন্য আহান ও অনীত এখন অনেক শক্তিশালী অবস্থানে রয়েছেন। তাদের পরবর্তী সিনেমার প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। নতুন সিনেমার জন্য ৩৫-৫০ লাখ রুপি পারিশ্রমিক নিতে পারেন তারা।” গত কয়েক বছরে যারা অভিষেকেই বাণিজ্যিকভাবে সাফল্য পেয়েছেন, তাদের পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যেমন: ‘ধড়ক’ সিনেমা মুক্তির পর শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের পারিশ্রমিক বেড়ে যায়। ‘সাইয়ারা’ সিনেমার পর আহান-অনীত একই পথে এগোচ্ছেন বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।