প্রেমের কথা স্বীকার জয়ার, নেই বিয়ের পরিকল্পনা

প্রেমের কথা স্বীকার জয়ার, নেই বিয়ের পরিকল্পনা ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের সম্পর্ক কিংবা ভালোবাসার গল্প সবসময় আড়ালেই রেখেছেন। তবে এবার সেই নীরবতা ভাঙলেন ‘গুপ্তধনের সন্ধানে’ খ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি ভারতের গণমাধ্যম ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া জানিয়েছেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। তবে তার প্রেমিক মিডিয়া অঙ্গনের কেউ নন। জয়ার ভাষায়, ‘হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে তিনি মিডিয়ার কেউ নন। ’ প্রেমিক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে জরুরি। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি-তবু তিনি কোনো অভিযোগ করেন না। বরং সবসময় আমাকে সমর্থন দেন। এই মানসিকতা সত্যিই বিরল। ’ তবে বিয়ে নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেই বলে স্পষ্ট জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে। ’ জয়া আরও জানান, তিনি ও তার সঙ্গী দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। শান্ত স্বভাব এবং ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়েই সম্পর্কটি আরও গভীর হয়েছে। পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত দুটি ছবি ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। এই দুটি ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি বর্তমানে কলকাতায়।
টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস

টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস ওয়েম্বলিতে মৌসুম শুরুর রোমাঞ্চে ভেসেছে ইংলিশ ফুটবলপ্রেমীরা। কমিউনিটি শিল্ডের ফাইনালে দারুণ লড়াই উপহার দিয়েছে লিভারপুল ও ক্রিস্টাল প্যালেস। নতুন খেলোয়াড়দের নৈপুণ্যে দুই দফায় এগিয়ে গিয়েও শেষ হাসি হাসতে পারেনি লিভারপুল। দুর্দান্ত প্রত্যাবর্তন করে সমতায় ফেরে প্যালেস, আর টাইব্রেকারের নাটকীয়তায় শিরোপা ঘরে তোলে লন্ডনের ক্লাবটি। রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোর ছিল ২-২। টাইব্রেকারে ৩-২ গোলে জয় তুলে নেয় ক্রিস্টাল প্যালেস। মাত্র কয়েক মাস আগে শীর্ষ পর্যায়ের প্রথম শিরোপা জেতা প্যালেসের ঝুলিতে এ নিয়ে যুক্ত হলো দ্বিতীয় ট্রফি। পেনাল্টি শুটআউটে শুরুটা ভয়াবহ হয় লিভারপুলের। প্রথম শটেই মোহামেদ সালাহ বল উড়িয়ে দেন। এরপর আলেক্সিস মাক আলিস্তের ও হার্ভি এলিয়টের শট রুখে দেন প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসন। লিভারপুলের আশা কিছুটা ফিরিয়ে আনেন গোলরক্ষক আলিসন, প্রতিপক্ষের এবেরেচি এজে ও বোর্না সোসার শট ঠেকিয়ে। তবে শেষ মুহূর্তে জাস্টিন ডেভেনির শটে উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে প্যালেস শিবির। ম্যাচের শুরুটা ছিল লিভারপুলের। নতুন জার্সিতে প্রথম ম্যাচেই জ্বলে ওঠেন হুগো একিতিকে। চতুর্থ মিনিটে জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিয়েৎসের পাস থেকে নিখুঁত শটে গোল করেন তিনি। তবে ১৬ মিনিটে সমতায় ফেরে প্যালেস। ভার্জিল ফন ডাইকের ফাউলে পেনাল্টি পায় তারা, যা থেকে গোল করেন জ্যঁ ফিলিপ মাতেতা। চার মিনিট পরই আবার এগিয়ে যায় লিভারপুল। দমিনিক সোবোসলাইয়ের পাস থেকে বায়ার লেভারকুজেন থেকে আসা ডাচ ডিফেন্ডার জেরেমি ফ্রিমপং বল জালে জড়ান। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের রঙ বদলাতে শুরু করে। ৭৭ মিনিটে লিভারপুলের ভুলের সুযোগ নিয়ে ইসমাইলা সার দ্বিতীয়বারের মতো স্কোরলাইন সমান করে দেন। শেষ দিকে লিভারপুল কিছুটা ক্লান্ত হয়ে পড়লেও নির্ধারিত সময়ে আর গোল হয়নি। টাইব্রেকারে শক্তিতে এগিয়ে থেকেও ব্যর্থ লিভারপুলকে হারিয়ে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ডের শিরোপা জয় করল ক্রিস্টাল প্যালেস। কয়েক মাস আগেই এফএ কাপ জিতে ইতিহাস গড়া দলটি এবারও প্রমাণ করল, ইংলিশ ফুটবলে তারা আর আন্ডারডগ নয়।
জার্মানির বর্ষসেরা ফুটবলার ভির্টজ

জার্মানির বর্ষসেরা ফুটবলার ভির্টজ লিভারপুলে যোগ দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফ্লোরিয়ান ভির্টজ, যিনি সম্প্রতি জার্মানির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার লাভ করেছেন। তরুণ মিডফিল্ডার এই সম্মানে পৌঁছে তার ভবিষ্যতের জন্য প্রেরণার বড় উদ্দীপনা পেয়েছেন। জার্মান ফুটবলের কিংবদন্তি টনি ক্রুসও ভির্টজকে সর্বোচ্চ প্রশংসা জানিয়ে বলেন, ‘তোমার চেয়ে যোগ্য উত্তরসূরী আমি ভাবতেও পারি না। ’ যদিও বায়ার লেভারকুজেন গত মৌসুমে ভালো ফলাফল করতে পারেনি, ভির্টজের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। জাতীয় দলে ও ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও তিনি আলো ছড়িয়েছেন। বিশেষ করে উয়েফা নেশন্স লিগে জার্মানির সেমিফাইনালে উঠার পথে ভির্টজ ছিলেন দলের অন্যতম সেরা। ১৯১ ভোট পেয়ে এই পুরস্কার জিতে প্রথম অবস্থানে ছিলেন ভির্টজ। দ্বিতীয় স্থান অধিকার করেন বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিস, যিনি পেয়েছেন ৮১ ভোট। এছাড়া স্টুটগার্টের নিক ভোল্টেমেড ৭১ ভোট এবং টমাস মুলার পেয়েছেন ৭০ ভোট। জার্মান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ১৯৬০ সাল থেকে দেওয়া হচ্ছে। সর্বোচ্চ চারবার এই পুরস্কার জিতেছেন কিংবদন্তি ফ্রাঙ্ক বেকেনবাউয়ার। অন্যদিকে, বর্ষসেরা কোচের সম্মান পেয়েছেন এসসি ফ্রাইবার্গের ইউলিয়ান শুস্টার, যিনি কোচিং ক্যারিয়ারের প্রথম মৌসুমেই এই স্বীকৃতি অর্জন করলেন। তার নেতৃত্বে ক্লাবটি বুন্ডেসলিগায় ১০ নম্বর থেকে উঠে পঞ্চম স্থানে এসে ইউরোপা লিগ খেলার সুযোগ পেয়েছে। বর্ষসেরা কোচ পুরস্কার ২০০২ সাল থেকে দেওয়া হচ্ছে। ইয়ুর্গেন ক্লপ ও ফেলিক্স মাগাথ তিনবার করে এই সম্মান পেয়েছেন। মেয়েদের বর্ষসেরা ফুটবলারের তালিকায় জুলিয়া গুভিন ও আন-কাতরিন বের্গার যৌথভাবে সম্মান পেয়েছেন, যাদের জন্য মোট ৬০৮ ভোট পড়েছে।
গাজায় ইসরায়েলি হা*মলায় আল জাজিরার ৫ সাংবাদিক নি*হ*ত

গাজায় ইসরায়েলি হা*মলায় আল জাজিরার ৫ সাংবাদিক নি*হ*ত গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে আল-জাজিরার তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে গণমাধ্যমটির ৫ কর্মী নিহত হয়েছেন, এর মধ্যে রয়েছেন সাংবাদিক আনাস আল-শরিফ। গতকাল রাতে এই হামলার ঘটনা ঘটে। নিহত হওয়ার আগে শরিফ ও তার সহকর্মীরা গাজা সিটিতে বোমাবর্ষণের তথ্য ও ছবি ধারণের কাজ করছিলেন। খবর আল জাজিরার। ২৮ বছর বয়সী আনাস গাজার অন্যতম পরিচিত সাংবাদিক ছিলেন। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই হত্যার দায় স্বীকার করেছে এবং মিথ্যে দাবি করেছে যে আনাস আল-শরিফ হামাসের সশস্ত্র বাহিনীর একটি ইউনিটের নেতা ছিলেন। হামলায় আল-জাজিরার নিহত অন্য চার কর্মী হলেন, সংবাদদাতা মোহাম্মদ ক্রেইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের ও মোয়ামেন আলিওয়া এবং তাদের সহকারী মোহাম্মদ নুফাল। টেলিফোনে আল-জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানান, তিনি জানতে পেরেছেন, আল-শিফা হাসপাতালের প্রধান গেটের কাছে সাংবাদিকদের ক্যাম্পে হামলা হয়েছে। ২০২৩ সালে গাজায় ইসরায়েলের হামলা শুরু হয়। সেই এ পর্যন্ত অন্তত ৬১ হাজার ৪৩০ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২১৩ জন।
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পর অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার বলেছেন, এই সিদ্ধান্ত জাতিসংঘ সাধারণ অধিবেশনে নেওয়া হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর কার্যকর করা হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ করে গাজায় চলমান সংকট ও দুর্ভোগ দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো দুই রাষ্ট্রের সমাধান, যা মানবতার জন্য একমাত্র আশার আলো। গাজা যুদ্ধ শেষ করতে ক্রমবর্ধমান চাপের মুখে থাকা ইসরায়েল বলেছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সমতুল্য। ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ আগেও বলেছে, রাষ্ট্র স্বীকৃতি তাদের জনগণের আত্মনির্ধারণের প্রতি বাড়তি সমর্থনই নির্দেশ করে। আলবানিজ আরও জানান, তার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর যে, হামাস ভবিষ্যতের কোনো রাষ্ট্রে কোনো ভূমিকা পালন করবে না।
যুব দিবসে পুরস্কার পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

যুব দিবসে পুরস্কার পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান আগামী ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে বিগত এক বছর যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠত্বের ভিত্তিতে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। এ বছর ব্যক্তি ও সংগঠন পর্যায়ে ২০টি পুরস্কার নির্ধারণ করা হয়েছে। আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুটি ক্যাটাগরিতে মোট ২০টি পুরস্কার দেওয়া হবে। সফল আত্মকর্মী ক্যাটাগরিতে ১৪টি ও যুব সংগঠক ক্যাটাগরিতে ছয়টি পুরস্কার দেওয়া হবে। পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র দেওয়া হবে। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মতো বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানবসম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে বছরে প্রায় ২ লাখ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তর ১৮ থেকে ৩৫ বছরের যুবদের বিগত এক বছরে ২ লাখ ৭১ হাজার ৭১৯ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ৪ হাজার ৯৮৫ জন যুবকে (২ হাজার ৫৩৪ জন যুব ও ২ হাজার ৪৫১ জন যুবনারী) ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা যুব ঋণ দেওয়া হবে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ট্রফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করার জন্য ১ হাজার ৭৬ জন যুবকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঢাকাসহ বিভাগ, জেলা ও উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারুণ্যের উৎসব পালন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের আত্মকর্মী, উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে ৬৪ জেলায় ৬৪টি খাল/জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর যুব শক্তিকে সম্পদে পরিণত করতে দেশের ৬৪টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে। বিগত ছয় মাসের মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মে না থাকা ৯ লাখ বেকার যুবকে আর্ন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দিনের শুরুতে সকাল সাড়ে ৭টায় বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হবে। যুব র্যালিটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসে শেষ হবে। সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব দিবসের উদ্বোধন আলোচনা ও পুরস্কার দেওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ ছাড়া সারাদেশের সব জেলা ও উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান কর্মসূচি ইত্যাদি বাস্তবায়ন করা হবে।
ঢাকায় নতুন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ

ঢাকায় নতুন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। আজ ঢাকার জার্মান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জার্মান দূতাবাস জানায়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে উভয়ই গণতন্ত্র ও মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি এবং উভয়ই জাতির কল্যাণে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারে আলোচনা করেছেন। ড. রুডিগার লোটজ এক বার্তায় বলেন, বাংলাদেশের হৃদয়ে রয়েছে আতিথেয়তা, বিশ্বাস, উদারতা ও অন্যদের প্রতি দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশি জনগণের চেতনা সত্যিই অনুপ্রেরণাদায়ক। পুনর্গঠনের এই সময়ের মধ্য দিয়ে আমি নিশ্চিত যে বাংলাদেশ তার বিশাল সম্ভাবনা অর্জন করতে পারবে। জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে; আমরা একসঙ্গে এই পথে হাঁটতে থাকব। রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ একজন অভিজ্ঞ জার্মান কূটনীতিক, যার এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও ল্যাটিন আমেরিকাজুড়ে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক এবং বহুপাক্ষিক পদে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি করাচিতে কনসাল জেনারেল, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, সার্বিয়া ও আফগানিস্তানে ডেপুটি হেড অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তুরস্ক, কসোভো, মেক্সিকো, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে উচ্চপদস্থ দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রদূত লোটজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর ও ফ্রেই ইউনিভার্সিটি-বার্লিন থেকে আইনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
মালয়েশিয়া সফরে গেলেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়া সফরে গেলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। আজ দুপুর টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে পাঁচটি সমঝোতা স্মারক সই ও তিনটি নোট বিনিময় হবে। তবে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে কর্মী নিয়োগ ও বিনিয়োগ প্রাধান্য পাবে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। এ সময় জানানো হয় ১১ থেকে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করবেন। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে কর্মী নিয়োগ ও বিনিয়োগ প্রাধান্য পাবে। মালয়েশিয়ায় কীভাবে আরও জনশক্তি বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া মালয়েশিয়ায় যে সব কোম্পানি আছে, কীভাবে তাদের বিনিয়োগ আনা যায় সেই চেষ্টা থাকবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেদেশে সফরে গেছেন। আগামীকাল ১২ আগস্ট পুত্রজায়ায় দুই দেশের সরকার প্রধান বৈঠক করবেন।
ব্রিটেনে ব্যাপক ধরপাকড়, ২৮০ ডেলিভারি রাইডার গ্রেপ্তার

ব্রিটেনে ব্যাপক ধরপাকড়, ২৮০ ডেলিভারি রাইডার গ্রেপ্তার অবৈধ ‘ডেলিভারি রাইডার’ হিসেবে কাজ করা অভিবাসীদের গ্রেপ্তারে সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করেছে যুক্তরাজ্য। গত মাসে চালানো এই অভিযানে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া প্রতি পাঁচজনের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয় বলে ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে। আজ ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অবৈধ রাইডারদের গ্রেপ্তারের এই তথ্য জানানো হয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অভিবাসন আইন প্রয়োগকারী কর্মকর্তারা গত ২০ থেকে ২৭ জুলাই দেশের বিভিন্ন এলাকায় ১ হাজার ৭৮০ জন ডেলিভারি রাইডারকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ২৮০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৩ জনের আশ্রয়-সংক্রান্ত সহায়তা পুনর্বিবেচনা করা হচ্ছে। অবৈধ অভিবাসন মোকাবিলায় সরকারের নেওয়া প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটিতে কার্যক্রম পরিচালনা করা সব কোম্পানিকে তাদের কর্মীদের অভিবাসন-বিষয়ক অবস্থা যাচাইয়ের নতুন আইনি বাধ্যবাধকতাও চালু করা হয়েছে। অবৈধ অভিবাসন ঠেকানো নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের ওপর চাপ বাড়ছে। কারণ সম্প্রতি দেশটির ব্রেক্সিটপন্থী নেতা নাইজেল ফারাজের রিফর্ম ইউকে দলের প্রতি সমর্থন বাড়ছে। ব্রিটেনের সীমান্ত নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল বলেছেন, সরকার এটি নিশ্চিত করতে চায়, কোম্পানিগুলো সরকারি নিয়ম মানছে এবং তা কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে। গ্রেপ্তারের পাশাপাশি গাড়ি ধোয়ার দোকান ও রেস্তোরাঁসহ ৫১টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিভিল পেনাল্টি নোটিশ জারি করা হয়েছে। অবৈধ কর্মী নিয়োগে অভিযোগে জরিমানার মুখোমুখি হতে পারে এসব প্রতিষ্ঠান। অভিযানে ব্রিটিশ পুলিশ ৫৮টি ই-বাইকসহ ৭১টি যানবাহন জব্দ করেছে। এছাড়া ৮ হাজার পাউন্ড নগদ অর্থ ও ৪ লাখ ৬০ হাজার পাউন্ড মূল্যের অবৈধ সিগারেটও জব্দ করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অবৈধভাবে কাজ করা ঠেকাতে অভিবাসন আইনপ্রয়োগকারী দলকে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ডের তহবিল দেওয়া হবে। এর আগে, গত মাসে দেশটির সরকার ডেলিভারি প্রতিষ্ঠান ডেলিভারু, উবার ইটস ও জাস্ট ইটের সঙ্গে নতুন একটি চুক্তি করে। এই চুক্তির আওতায় অবৈধভাবে কাজ করা অভিবাসীদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য সরবরাহ করবে প্রতিষ্ঠানগুলো। গত জুলাই পর্যন্ত ১২ মাসে বিশ্বের বিভিন্ন দেশের ৩৫ হাজার ৫২ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ব্রিটেন। এসব অভিবাসীর কাছে দেশটিতে থাকার বৈধ অধিকার ছিল না। ব্রিটেনের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর এই হার তার আগের ১২ মাসের তুলনায় ১৩ শতাংশ বেশি।
ডেঙ্গুতে ৩ জনের মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫

ডেঙ্গুতে ৩ জনের মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে সারাদেশে ৩২৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয় জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৩০৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ যাবত মোট ২২ হাজার ৩০৪ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরের ৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৭৩৫ জন। এর মধ্যে ৫৮ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক তিন শতাংশ নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৯৮ জনের মৃত্যু হয়। মৃত তিনজনের মধ্যে বরিশাল বিভাগের একজন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুইজন রয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।