গাজীপুরে সাংবাদিক তুহিন হ*ত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অব্যহত

গাজীপুরে সাংবাদিক তুহিন হ*ত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অব্যহত গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জমান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ কর্মসূচী অব্যহত রয়েছে। আজ দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলা ডাকবাংলোর সামনে তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। ঘন্টারও বেশী সময় ধরে চলা মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক বারিউল ইসলাম, জালাল উদ্দিন, আমিনুল ইসলাম সোনা,ইমরান আলী,সেতাউর রহমান,শামসুন্নাহার সোহানা, উপজেলা সুজন’র সদস্য মাসুম বাঙ্গালী, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, চিকিৎসক মুরাদ হোসেন, শ্রমিক নেতা আল আমিন সহ অন্যান্যরা। বক্তরা বলেন, দেশ কাঁপানো এই নির্মমতায় জড়িত কয়েকজন চিহ্নিতকে গ্রেপ্তারের পর তাদের দম্ভোক্তিতে দেশের নাগরিকরা হতবাক হয়েছেন। দেশে সভ্যতা এখন ভূ-লুণ্ঠিত। ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী, প্রমাণ এমনকি ভিডিও ফুটেজ রয়েছে। কাজেই এ ঘটনার বিচারে কালক্ষেপণের কোন সূযোগ নেই। অবিলম্বে এর বিচার সম্পন্ন করা উচিত। সাথে সাথে ঘটনায় জড়িতদের পেছনে শক্তির মদদদাতাদরও শাস্তির আওতায় আনতে হবে। উল্লেখ্য এ ঘটনায় গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ শহরে শতাধিক সাংবাদিক বিক্ষোভ ও মানববন্ধন করেন।

শিবগঞ্জে সাংবাদিক তুহিন হ*ত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

শিবগঞ্জে সাংবাদিক তুহিন হ*ত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে শিবগঞ্জে। আজ দুপুরে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এ কর্মসূচির আয়োজন করে শিবগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলামের সভাপতিত্বে ও বাসসের জেলা সংবাদদাতা শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি একেএস রোকন, শিবগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ফরহাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ইমরান আলি, বাংলাদেশ প্রেসক্লাবের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেতাউর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক ফয়সাল আজম অপু, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, সদস্য শহিদুল ইসলাম রনি, সুজনের শিবগঞ্জ পৌর কমিটির সহ-সম্পাদক মাসুম বাঙ্গালী, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, ডা. মুরাদ ও শ্রমিক ফেডারেশন নেতা আল আমিনসহ অন্যরা। বক্তারা বলেন, প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এটি শুধুমাত্র একজন সাংবাদিককে হত্যা নয় বরং পুরো গণমাধ্যমের উপর আঘাতের শামিল। নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলার কারণে আজ তাদের গলা কেটে হত্যা করা হচ্ছে। কিন্তু গলা কেটে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না বলে হুশিয়ারি দেন বক্তারা। শিগগির সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তুহিন হত্যার বিচার নিষ্পত্তির দাবি জানানো হয় মানববন্ধনে।

শিবগঞ্জে রাস্তার দু’ধারে বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ

শিবগঞ্জে রাস্তার দু’ধারে বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে শিবগঞ্জে সড়কের দুই ধারে ৩ হাজার বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলার কানসাট ইউনিয়নের পুঁটিমারি বিলে সড়কের দুই ধারে এসব ফুল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও প্রাকৃতিক সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন সড়কের দুই ধারে বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে পুঁটিমারি বিলে সড়কের দুই ধারে বাগানবিলাস, কাঠগোলাপ, কৃষ্ণচূড়া, চন্দ্রপ্রভা ও রেভেনিয়া ফুল গাছের চারা করা হয়। তিনি আরও বলেন, একবার লাগানোর পর বহু বছর ধরে বাঁচে ও প্রতি বছর ফুল দেয় এসব গাছ। এ ধরণের গাছের চারা সাধারণত বীজ, কাটিং, বা অন্যান্য পদ্ধতি দ্বারা বংশবৃদ্ধি হয়ে থাকে। প্রাকৃতিক শোভা বাড়ানোর পাশাপাশি অক্সিজেন সরবরাহ বৃদ্ধিতে ফুল গাছের চারা রোপণের মূল উদ্দেশ্য বলে জানান ইউএনও। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বিএমডিএ শিবগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মূলক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. নাহিদুজ্জামান সুমনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরস্থ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয় হতে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। র‌্যালিতে অংশ নেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, জ্যেষ্ঠ সহকারী পরিচালক (নিরীক্ষা) আবুল খায়ের খান, কনিষ্ঠ সহকারী পরিচালক ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন ফিরোজ আলম, স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, রেইজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আলম বিশ্বাস, কেস ম্যানেজমেন্ট অফিসার রাসেল আহমেদ, লাইফস্কিল অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট অফিসার মারুফ হোসেন, প্রয়াস হসপিটালের ব্যবস্থাপক রুহুল আমিন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। এদিকে, সদর উপজেলায় বালিয়াডাঙ্গা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নের যুব সমাজ কার্যক্রমের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলা অফিসে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিট ব্যবস্থাপক অজিউর রহমান, হিসাবরক্ষক আসলাম উদ্দিন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিনসহ সমৃদ্ধি টিম। এছাড়াও স্থানীয় তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। অন্যদিকে, শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নে ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুমাত্রিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। আজ সকালে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ঘোড়া পাখিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল আলম, ইউপি সচিব সিরাজুল ইসলাম, প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক এজাজুল হক, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোশাররোফ হোসেন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আসমাউল হকসহ ইউনিনের যুবসদস্য বৃন্দ। অনুষ্ঠানগুলোতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ’র আর্থিক সহযোগিতায় এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০ জন যুব আত্মকর্মীকে ঋণের চেক প্রদান করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার নাসিম আহমেদ, ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাজেরা খাতুন, বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, আত্মকর্মী শেমালী খাতুনসহ অন্যরা।

গোমস্তাপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

গোমস্তাপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও যুব ঋন বিতরণ করা হয়েছে। আজ বিকেলে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে শোভাযাত্রাটি বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ। অন্যাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরুণ কুমার প্রামাণিক, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, যুব সংগঠক ও রহনপুর মুক্তমহাদলের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন নাদিম ও যুবক মাহফুজ আহমেদ নিরব। আলোচনা শেষে গাভী পালনে প্রশিক্ষণ প্রাপ্ত আশিক ও সেলাই মেশিনে প্রশিক্ষণার্থী তোসলিমা খাতুনকে ১ লাখ করে যুব ঋনের চেক তুলে দেন অতিথিরা।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃ*ত্যু, হাসপাতালে ৪৩৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃ*ত্যু, হাসপাতালে ৪৩৪ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৩৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে রয়েছেন ৩০২ জন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে, যার মধ্যে ৫৯ জন পুরুষ এবং ৪৩ জন নারী। এদিকে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ৬১৭ জন। আক্রান্তদের মধ্যে ১৪ হাজার ৪৬২ জন পুরুষ এবং ১০ হাজার ১৫৫ জন নারী।

টানা কাজ করতে করতে মাথা ধরলে কী করবেন?

টানা কাজ করতে করতে মাথা ধরলে কী করবেন? কাজের মাঝে আচমকা মাথাব্যথা শুরু হলে কাজ থামানো সম্ভব হয় না—ঘুমানোর বা দীর্ঘ বিশ্রামের সুযোগও থাকে না। তবু কিছু সহজ উপায় মেনে চললে অফিস বা বাড়িতে বসেই মাথাব্যথা অনেকটা কমানো সম্ভব। সম্ভাব্য কারণ : একটানা কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকা, পর্যাপ্ত ঘুম না হওয়া, বিশ্রামের অভাব ও স্ট্রেস—এসবই মাথাব্যথার কারণ হতে পারে। অনেক সময় ডিহাইড্রেশনও এর জন্য দায়ী। সহজ সমাধান: বেশি করে পানি পান করুন : শরীরে পানির অভাব দূর করতে পর্যাপ্ত পানি খান। ডিহাইড্রেশনের কারণে হওয়া মাথাব্যথা প্রায় আধ ঘণ্টার মধ্যেই উপশম পেতে শুরু করে। পানিযুক্ত ফল খান : তরমুজ, শসা বা কমলালেবুর মতো ফল খেলে শরীরে পানির ঘাটতি দ্রুত পূরণ হয়। অল্প বিরতি নিন ও মাথায় ম্যাসাজ দিন : কাজের ফাঁকে কয়েক মিনিটের বিরতি নিয়ে হালকা মাথা ম্যাসাজ করলে রক্তসঞ্চালন বাড়ে, ব্যথা কমে। ঠান্ডা সেঁক বা পানি দিয়ে ঝাপটা দিন : বাড়িতে থাকলে বরফ কাপড়ে মুড়িয়ে কপাল ও ঘাড়ে সেঁক দিন। অফিসে থাকলে ঠান্ডা পানিতে মুখ, চোখ ও ঘাড় ধুয়ে নিন—ফ্রেশ লাগবে, ব্যথা উপশম হবে। আদা চা পান করুন : আদার অ্যান্টিঅক্সিডেন্ট মাথাব্যথা কমাতে কার্যকর। বমি ভাব থাকলেও উপকার পাবেন।

ওয়েস্টার্ন আউটফিটে ফারিণ যেন আরও ক্যারিশম্যাটিক

ওয়েস্টার্ন আউটফিটে ফারিণ যেন আরও ক্যারিশম্যাটিক অভিনেত্রী তাসনিয়া ফারিণ। খুব অল্প সময়েই নাটক, ওয়েব ফিল্ম, সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন। বাংলা সিনেমা পাশাপশি কলকাতা বাংলা সিনেমায় হয়েছে অভিষেক। সাবলীল অভিনয় আর মিষ্টি হাসির অভিনেত্রী হিসেবেই পরিচিত ফারিণ। তার সাদামাটা সাজ, সাধারণ পোশাক আর ন্যাচারাল লুক বরাবরই দর্শকদের পছন্দের তালিকায়। তবে পশ্চিমা পোশাকেও কম যান না শোবিজের এই প্রিয় মুখ। ওয়েস্টার্ন আউটফিটে ধরা দিলেই যেন অন্য রকম মোহ ছড়িয়ে দেন তিনি। যেন পুরোদস্তুর গ্ল্যামার গার্ল! সামাজিকমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া ওয়েস্টার্ন আউটফিটে তাসনিয়া ফারিণ যেন আরও বোল্ড আর ক্যারিশম্যাটিক। জানা যায়, ছবিগুলো তুলেছেন শোবিজের পরিচিত ফটোগ্রাফার রফিকুল ইসলাম (র‍্যাফ ক্লিক)। ছবিতে কালোতে সেজে যেন পুরোদস্তুর গ্ল্যামার গার্ল ফারিণ। সিকুইন সজ্জিত ক্রপ টপের সঙ্গে হাইওয়েস্ট বটম জুটি হয়েছে। সিকুইনের ঝলমলে শ্রাগটি একপাশে স্টাইল করে নিয়েছেন তিনি, যা পুরো লুকে টুইস্ট যোগ করেছে। কানে দুলছে সাদা পাথরের ঝুলন্ত দুল, খোলা চুলে মাথার ওপরে কালো চশমা। আর সফট গ্ল্যাম মেকআপে তার লুক হয়েছে সম্পূর্ণ। ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয় ফারিণের। ছোট পর্দা পেরিয়ে এ পর্যন্ত ৩ টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে টালিউড অভিষেক হয়েছে তার। এরপর মুক্তি পায় তার সিনেমা ‘ফাতিমা’। সবশেষে গত ঈদে মুক্তি পায় তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’।

‘দুনিয়া বদলে দিয়েছ’, কার উদ্দেশে বললেন কিয়ারা?

‘দুনিয়া বদলে দিয়েছ’, কার উদ্দেশে বললেন কিয়ারা? সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গত ১৫ জুলাই তার কোল জুড়ে এসেছে কন্যাসন্তান। অভিনেতা স্বামী সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে জমিয়ে উপভোগ করছেন জীবনের এই নতুন অধ্যায়। মাতৃত্বের এই জার্নি যে তার কাছে কতটা উপভোগ্য তা মাঝেমাঝেই বুঝিয়ে দিচ্ছে তিনি। এবার সামাজিকমাধ্যমে আরও একটি পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী। সেই পোস্টে কিয়ারা লেখেন, ‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ। ’বোঝার অপেক্ষা রাখে না, এই পোস্ট তার সন্তানকে নিয়ে শুরু হওয়া নতুন অধ্যায়কেই বোঝাতে চেয়েছেন কিয়ারা। মা হওয়ার পর ১ আগস্ট ছিল কিয়ারার প্রথম জন্মদিন। এদিন জীবনের ৩৪ বছরে পা রাখেন অভিনেত্রী। সেই অনুভূতিও নিজের সামাজিকমাধ্যম পাতার মাধ্যমে জানিয়েছিলেন। অভিনেত্রী সেদিন লিখেছিলেন, ‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম। ’ ২০২৩ সালে বিয়ে করেন সিদ্ধার্থ ও কিয়ারার। চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানান এই দম্পতি। তারপর থেকেই সিড-কিয়ারার অনুরাগীরা সুখবরের অপেক্ষায় ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পরই কাজ থেকে ছুটি নিয়েছিলেন সিদ্ধার্থ-ঘরনি। এদিকে সামনেই মুক্তি পাবে কিয়ারার নতুন সিনেমা ‘ওয়ার টু’। মা হওয়ার পর তার প্রথম মুক্তিপ্রাপ্ত হতে চলেছে এটি। স্পাই ইউনিভার্সটিতে আরও আছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। আগামী ১৪ আগস্ট একসঙ্গে হিন্দি, তামিল, তেলেগু ভাষাতে মুক্তি পাবে সিনেমাটি।