ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল দ. আফ্রিকা

ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল দ. আফ্রিকা ডারউইনে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড গড়া সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতায় আছে দুদল। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে মাঠে নামেন ব্রেভিস। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে মাত্র ৫৬ বলে খেলেন অপরাজিত ১২৫ রানের বিধ্বংসী ইনিংস, যা সাজানো ছিল ৮ ছক্কা ও ১২ চারে। এটি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, যা ২০১৫ সালে ফাফ ডু প্লেসির করা ১১৯ রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। পাশাপাশি, মাত্র ২২ বছর ১০৫ দিন বয়সে প্রোটিয়াদের হয়ে সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডও গড়লেন তিনি। ব্রেভিসের সাথে ১২৬ রানের জুটি গড়েন ট্রিস্টান স্টাবস, যিনি ২২ বলে ৩১ রান করেন। শেষ পর্যন্ত প্রোটিয়ারা ২০ ওভারে ৪ উইকেটে তোলে ২১৮ রানের বিশাল সংগ্রহ। জবাবে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে লড়াই করেন কেবল টিম ডেভিড। তিনি ২৩ বলে ফিফটি করে ৫০ রান তুললেও অন্য প্রান্তে সঙ্গ দিতে পারেননি কেউ। দক্ষিণ আফ্রিকার বোলাররা শুরু থেকে চেপে ধরে উইকেট নিতে থাকেন। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়া ১৯.৩ ওভারে গুটিয়ে যায় ১৬৫ রানে। শেষ ১৪ রানের মধ্যে তারা হারায় শেষ ৪ উইকেট। আগামী শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি, যা শিরোপা নির্ধারণী ম্যাচ হিসেবে মাঠে গড়াবে।
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয় প্রথমবার রিয়াল মাদ্রিদের গৌরবময় ১০ নম্বর জার্সিতে মাঠে নেমেই নজরকাড়া পারফরম্যান্স উপহার দিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রতিপক্ষের জালে বল পাঠালেন দুইবার, অবদান রাখলেন সতীর্থের গোলেও। গতকাল অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল শাবি আলোনসোর দল। অস্ট্রিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই রিয়ালের দাপট ছিল চোখে পড়ার মতো। প্রায় ৭৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে স্প্যানিশ জায়ান্টরা গোলের জন্য ২১টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে স্বাগতিক দল স্রেফ একটি শট নিতে সক্ষম হয়, যা তেমন কোনো বিপদ তৈরি করতে পারেনি। ম্যাচ শুরুর দশম মিনিটেই রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। ব্রাহিম দিয়াসের নিখুঁত ক্রসে হেডে গোল করেন এদার মিলিতাও। হাঁটুর গুরুতর চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর নভেম্বর ২০২৪-এর পর এটি ছিল তার প্রথম শুরুর একাদশে নামা, আর তাতেই গোলের দেখা পান ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। আর্দা গুলেরের থ্রু বল ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ক্ষিপ্রগতিতে শরীর ঘুরিয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ দিকে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। এক দর্শক মাঠে ঢুকে নিরাপত্তাকর্মীদের ধরা এড়িয়ে সরাসরি ফরাসি এই তারকার কাছে গিয়ে সেলফি তুলে নেন। নিরাপত্তাকর্মীরা শেষ পর্যন্ত তাকে মাঠ থেকে বের করে দেন। দ্বিতীয়ার্ধেও এমবাপের ধার কমেনি। ৫৯তম মিনিটে অঁরিলিয়ে চুয়ামেনির থ্রু বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৬ বছর বয়সী ফরাসি তারকা। শেষদিকে আবারও আলো ছড়ান তিনি। ৮১তম মিনিটে তার নিখুঁত পাস থেকে কাছ থেকে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। এই জয়ের মাধ্যমে প্রাক-মৌসুমের প্রস্তুতি সারল রেয়াল মাদ্রিদ। আগামী মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে লা লিগায় শিরোপা পুনরুদ্ধারে তাদের অভিযান।
নেতানিয়াহুর পরিকল্পনায় ‘গ্রেটার ই*সরা*য়েল’

নেতানিয়াহুর পরিকল্পনায় ‘গ্রেটার ই*সরা*য়েল’ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনায় তিনি ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক’ এক মিশনে রয়েছেন। এই পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য নির্ধারিত অঞ্চল ছাড়াও বর্তমান জর্দান ও মিসরের কিছু অংশ অন্তর্ভুক্ত থাকতে পারে। গতকাল ইসরায়েলি সম্প্রচারমাধ্যম আই২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু তার মিশনকে ‘প্রজন্মের মিশন’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘যুগের পর যুগ ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে, আর আমাদের পরও বহু প্রজন্ম আসবে। ’ ‘গ্রেটার ইসরায়েল’ ধারণাটি ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর প্রচলিত হয়, যেখানে দখলকৃত পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা, মিসরের সিনাই উপদ্বীপ এবং সিরিয়ার গোলান মালভূমি অন্তর্ভুক্ত। প্রথমদিকের জায়নিস্ট নেতা এবং লিকুদ পার্টির আদর্শিক গুরু জেভ জাবোটিনস্কি বর্তমান জর্দানকেও এই মানচিত্রে যুক্ত করেছিলেন। সাক্ষাৎকারে সাবেক নেসেট সদস্য শ্যারন গাল তাকে ‘গ্রেটার ইসরায়েল’-এর মানচিত্র খোদাই করা একটি তাবিজ দেন। এ বিষয়ে তিনি কতটা সংযুক্ত—এমন প্রশ্নে নেতানিয়াহুর উত্তর, ‘খুবই’। লিকুদ পার্টির রিভিশনিস্ট জায়নিজম ভাবধারার কেন্দ্রে রয়েছে এই ‘গ্রেটার ইসরায়েল’ ধারণা। নেতানিয়াহু বরাবরই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছেন। সমালোচকদের অভিযোগ, অবৈধ বসতি সম্প্রসারণের মধ্য দিয়ে তিনি এমন বাস্তবতা তৈরি করছেন, যা ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে অসম্ভব করে তুলবে। অনেক বিশ্লেষকের মতে, গাজায় চলমান হত্যাযজ্ঞ এই পরিকল্পনা বাস্তবায়নের গতি বাড়িয়ে দিচ্ছে। মঙ্গলবার নেতানিয়াহু আরও বলেন, সামরিক বাহিনী গাজায় আরও বিস্তৃত হামলার প্রস্তুতি নিচ্ছে, এর মধ্যেই ইসরায়েল ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা থেকে চলে যেতে দেবে। তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, প্রথমে যুদ্ধক্ষেত্র থেকে, পরে চাইলে পুরো এলাকা থেকেও—আমরা তাদের যেতে দেব। ‘যুদ্ধ চলাকালীন গাজার ভেতরেই এই সুযোগ থাকবে, আর আমরা চাইলে গাজা থেকেও তাদের যেতে দিতে প্রস্তুত। ’ ইসরায়েলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালানো শুরু করে ২০২৩ সালের অক্টোবরে। সেই থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে ৬১ হাজার ৬১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল আন্তর্জাতিকভাবে চলমান নিন্দার মুখে রয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এবং গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা রয়েছে।
আজ ভার্চ্যুয়াল বৈঠকে বসছেন জেলেনস্কি-ট্রাম্প

আজ ভার্চ্যুয়াল বৈঠকে বসছেন জেলেনস্কি-ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করবেন। আজ এই বৈঠক অনুষ্ঠিত হবে। জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠকে বসছেন। এই বৈঠক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কায় শুক্রবার নির্ধারিত শীর্ষ বৈঠকের আগে অনুষ্ঠিত হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক হবে ওয়ান-অন-ওয়ান। এদিকে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন কোনোভাবেই দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার বিনিময়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি নয়। তার সতর্কবার্তা—এ ধরনের সমঝোতা ভবিষ্যতে নতুন হামলার জন্য মঞ্চ তৈরি করতে পারে। ট্রাম্প বলেছেন, যেকোনো শান্তি চুক্তিতে কিছু অঞ্চল বিনিময় অন্তর্ভুক্ত থাকবে। ধারণা করা হচ্ছে, পুতিনের একটি দাবি হবে—কিয়েভ যেন দনবাসের বাকি অংশ রাশিয়ার হাতে তুলে দেয়। বর্তমানে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। তবে পুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠকে কী কী দাবি তুলতে পারেন, তার কোনো আনুষ্ঠানিক বিবরণ এখনও প্রকাশিত হয়নি। কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও যুদ্ধ থামেনি। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতে ৪৯টি ড্রোন ইউক্রেনের দিকে নিক্ষেপ করেছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, খেরসন অঞ্চলে আবাসিক ভবনে হামলায় একজন নিহত হয়েছেন। দোনেৎস্ক শহরের কোস্তিয়ান্তিনিভকায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন এবং ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দোনেৎস্কের গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাশিয়া দোনেৎস্ক অঞ্চলের বিভিন্ন বসতিতে ৩০ বার গোলাবর্ষণ করেছে। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে উনেচা তেল পাম্পিং স্টেশন। রাশিয়ার বিমান বাহিনী বলেছে, আজ সকালে বেলগোরদ এলাকার দিকে ছোড়া ইউক্রেনের ১৭টি ড্রোন গুলি করে নামানো হয়েছে এবং রাতে ৪৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।
মারা গেছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার

মারা গেছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার মারা গেছেন। আজ বিকেল পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিপিবির ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। যতীন সরকার দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে গত জুন মাসে পড়ে গিয়ে উরুর হাড়ে আঘাত পান। পরে তাঁকে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। গত সপ্তাহে ময়মনসিংহে নেওয়ার পর সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। যতীন সরকার দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ উদীচীর ময়মনসিংহ কার্যালয়ে নেওয়া হবে। তবে শেষকৃত্যের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
নির্বাচনকালীন সরকারে থাকছি না: আসিফ মাহমুদ

নির্বাচনকালীন সরকারে থাকছি না: আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি নির্বাচনকালীন সরকারে থাকবেন না। গতকাল যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ওই অনুষ্ঠানের বক্তব্যই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তুলে ধরেন আসিফ মাহমুদ। সেখানে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকারে থাকছি না। রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুসারে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার আগে ডিসেম্বরে ঘোষিত হতে পারে নির্বাচনের তফসিল। আসিফ মাহমুদের এ বক্তব্যে সবার মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে, উপদেষ্টার দায়িত্ব ছেড়ে আসিফ মাহমুদ কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন? তিনিও কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কোনো দলের হয়ে? সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ অনুষ্ঠানে বলেন, ২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবো। আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। এই প্লাটফর্মের নেতৃত্বে গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোন শুরু হয়, যা পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে রূপ নেয়। এই অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের। হাসিনা তখন জনরোষ থেকে বাঁচতে ভারতে পালিয়ে যান। পরে গঠিত অন্তর্বর্তী সরকারে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও মাহফুজ আলম। গত ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি গঠিত হয়। উপদেষ্টা পদ ছেড়ে এসে এই দলের আহ্বায়কের দায়িত্ব নেন নাহিদ ইসলাম। অভ্যুত্থানের ছাত্র সংগঠকদের মধ্যে এখন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারে রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল এ দুজনের সঙ্গে এনসিপির সম্পৃক্ততার অভিযোগ তুললেও তারা তা নাকচ করে আসছেন।
জাতীয়করণ দাবিতে আন্দোলন, সচিবালয়ে গেলেন ১২ শিক্ষক

জাতীয়করণ দাবিতে আন্দোলন, সচিবালয়ে গেলেন ১২ শিক্ষক জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা স্থগিত করেছে। পদযাত্রার পরিবর্তে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয় গেছেন ১২ সদস্যের একটি প্রতিনিধি। আজ সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা—এই ৫ দাবিতে মহাসমাবেশে আন্দোলন করছেন শিক্ষকরা। বেলা সাড়ে ১২টার পর এই প্রতিনিধিদল সচিবালয়ে যান। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, তারা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছিলেন। ২০১৮ সালে সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টাও আশ্বাস দিয়েছেন। তবে বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট অগ্রগতি নেই। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি। অথচ আমরা বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছি।কুমিল্লা থেকে আসা শিক্ষক আনোয়ার হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশের জন্য আমাদের প্রতিনিধিদলের সদস্যরা সচিবালয়ে গিয়েছেন। আমরা এখানে তাদের ফিরে আসার অপেক্ষায় আছি। নিশ্চয়ই শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলে আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসবেন। চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, মানিকগঞ্জ, জামালপুর, সিলেট, নরসিংদী, মাদারীপুর, বগুড়াসহ অন্যান্য জেলার সমন্বয়কারীরা বলেন, ২০১৮ সাল থেকে শিক্ষকরা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। চাকরি করেও শিক্ষকরা ঋণগ্রস্ত সবাই। এবার হয় দাবি আদায় করব, না হয় মরব। উপদেষ্টারা কথা রাখেননি। উনি সবার দাবি মানলেও শিক্ষকদের দাবি না মেনে বৈষম্য সৃষ্টি করেছেন। সরকারকে আজকের দিন আল্টিমেটাম দেওয়া হয়েছে—যদি দাবি না মানা হয় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। শিক্ষকরা উপদেষ্টা ও শিক্ষা সচিবদের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, আসুন দেখুন আমাদের কান্না। আমাদের জীবন-যৌবন সব শেষ হয়ে গেছে। বিগত দিনের আন্দোলনে পুলিশের লাঠিচার্জে অনেকে আহত হয়ে পড়ে আছেন। ঢাকার সমন্বয়কারী বলেন, আমি আমার অধিকার চাইতে এসেছি, পাওনা নিতে এসেছি। আমরা শিক্ষক। তারা যে সম্মানী পাচ্ছি তা দিয়ে সংসার চালানো যায় না। আমরা জাতীয়করণের আওতায় আসতে চাই। দাবি না হলে ক্লাসে যাব না, মাঠ ছাড়ব না। আমাদের দাবি মানতে হবে। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছিল। তখন প্রতিশ্রুতি ছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণের। তবে আগের সরকার তা বাস্তবায়ন না করায় শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেওয়া হয়। বাজেটে বরাদ্দ থাকলেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। এজন্য জোট ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিল, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল আন্দোলনকারীরা। এদিকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং পদযাত্রা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঘোষণা করেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ।
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ১৭০০ কমলালেবুর চারা বিতরণ

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ১৭০০ কমলালেবুর চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে আজ ছাত্র-ছাত্রীদের মধ্যে ১ হাজার ৭০০টি কমলালেবুর চারা বিতরণ করা হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ফলদ বৃক্ষ রোপণে উৎসাহিত করা হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মারশাল শিক্ষার্থীদের হাতে কমলালেবুর চারাগুলো তুলে দেন। আয়োজকরা জানান, এ কর্মসূচির লক্ষ্য হলো পরিবেশ রক্ষা, কৃষি সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন : প্রযুক্তির ভালো দিক কাজে লাগানোর আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন : প্রযুক্তির ভালো দিক কাজে লাগানোর আহ্বান ‘প্রযুক্তিনির্ভর যুব শক্তি-বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। আজ শপথ পাঠ, আলোচনা, যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষ রোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ। আজ বেলা ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন— স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক। এছাড়াও বক্তব্য দেন— নারী উদ্যোক্তা শামসুন নাহার পলি ও যুব সংগঠক আব্দুর রহিম। সূচনা বক্তব্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. সাদিকুজ্জামান। আলোচনা সভার শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, যুবসমাজকে প্রযুক্তিনির্ভরতা অর্জন করতে হবে, প্রযুক্তির জ্ঞান অর্জন করে সৃজনশীল কাজে লাগাতে হবে। প্রযুক্তির ভালোটা গ্রহণ করে নিজের ভাগ্য গড়েত হবে। তাহলে নিজেদের উন্নতি হলে দেশের উন্নতি হবে। জুলাই যোদ্ধারা একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছেন তার জন্য আমাদের কাজ করতে হবে। পরে ৫ জন উদ্যোক্তার মধ্যে সাড়ে ৫ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা শেষে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শানপুর গ্রামের ফাইজুল এগ্রো ফার্মের মালিক ফাইজুল কবিরের মৎস্য, গরু খামার, ডেইরি ফার্ম, ফল বাগানের ভিডিও চিত্র দেখানো হয়। ফাইজুল কবির জাতীয় পর্যায়ে রাজশাহী বিভাগীয় কোটায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছেন। তিনি একজন সফল উদ্যোক্তা বলে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে ঢাকা বাসস্টান্ড এলাকায় হে*রো*ইন কা*রবারী গ্রে*প্তার

চাঁপাইনবাবগঞ্জে ঢাকা বাসস্টান্ড এলাকায় হে*রো*ইন কা*রবারী গ্রে*প্তার চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় হেরোইন বিক্রিকালে র্যাবের হাতে আপন আমীর হামজা নামে এক কারবারী গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজলোর সরজন মধ্যপাড়া গ্রামের মৃত সামসুল হক ওরফে ভগুর ছেলে। র্যাব জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মহানন্দা নাচোল বাস কাউন্টারের সামনে থেকে আপনকে হাতনোতে গ্রেপ্তার করা হয়। এসময় তার পরিহিত জামার মধ্যে ৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়। আজ বিকেলে র্যাব-৫ ব্যটালয়িনরে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো পসে বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বাসস্টান্ডে হেরোইন বিক্রির জন্য এক ব্যাক্তির অবস্থানের গোপন সংবাদরে ভিত্তিতে অভিযানটি চালানো হয়। র্যাবরে উপস্থিতি টের পেয়ে আপন পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলেও জানায় র্যাব।