২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃ*ত্যু, হাসপাতালে ৩২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃ*ত্যু, হাসপাতালে ৩২৫ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৩২৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মোট ১০৪ জনের মৃত্যু হলো। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯৭ ডেঙ্গুরোগী। চলতি বছর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২৩ হাজার ৯৩০ ডেঙ্গুরোগী। এর মধ্যে ৫৮ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ১ শতাংশ নারী রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে পালিয়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ স্কারবোরো শোলের কাছে ঢুকে পড়ে একটি মার্কিন ডেস্ট্রয়ার। পরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে সেটি পালিয়ে যায়। আজ চীনের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। অন্যদিকে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, তাদের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ। কয়েকদিন আগে একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তাড়া করার পর এই ঘটনা ঘটল। গত কয়েক বছর পর দক্ষিণ চীন সাগরে এটিই প্রথমবারের মতো প্রবেশ মার্কিন সামরিক যানের। বেইজিং সবসময়ই সমগ্র দক্ষিণ চীন সাগর নিজেদের সীমানার মধ্যে দাবি করে থাকে। এছাড়া বিভিন্ন দ্বীপ এবং আশেপাশের অঞ্চল মালিকানা নিয়ে বছরের পর বছর ধরে চীনের অমীমাংসিত বিরোধ চলছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে। বার্ষিক ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি জাহাজ বাণিজ্যের জন্য স্কারবোরো শোল কৌশলগতভাবে উত্তেজনার একটি প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। এর আগে সোমবার চীনের উপকূলরক্ষী জানায়, তারা জলসীমা থেকে ফিলিপাইনের জাহাজগুলোকে বিতাড়িত করার জন্য ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিয়েছে। অন্যদিকে ম্যানিলা জানিয়েছে, এই সপ্তাহে সমুদ্র উপকূলে চীনা জাহাজের কর্মকাণ্ডের ফলে দুটি জাহাজের সংঘর্ষও ঘটেছে। তাদের দাবি, দুটি চীনা জাহাজের উদ্দেশ্য ছিল স্কারবোরো শোলের কাছে ফিলিপাইনের জাহাজগুলোকে পৌঁছানো থেকে ‘সম্পূর্ণরূপে অবরুদ্ধ’ করা। এর আগে অঞ্চলটির বিরোধ নিয়ে ২০১৬ সালে একটি আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল রায় দেন- চীনের ঐতিহাসিক মানচিত্রের ভিত্তিতে বেইজিংয়ের দাবির আন্তর্জাতিক আইনে কোনও ভিত্তি নেই। তবে, চীন এই সিদ্ধান্তকে গ্রহণ করেনি।

ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবক নি*হত, আ*হত ৫

ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবক নি*হত, আ*হত ৫ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে পর আকরাম হোসেন নামে এক বাংলাদেশি যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। এতে আরও অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে। আজ সকালে ঘটনাটি জানাজানি হয়। এর আগে ভারতের মেঘালয় রাজ্যের খাসি হিলস জেলার কৈথাকোণা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক আকরাম হোসেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। বাঁকাকুড়া এলাকার ইউপি সদস্য মোছা সরদার ও গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আকরাম দীর্ঘদিন ধরে বরিশালে থাকতেন। সোমবার বিকেলে আকরামসহ কয়েকজন মিলে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে ভারতের অভ্যন্তরে গণপিটুনিতে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজনি হলে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিজিবির নৌকুচি সীমান্ত ফাঁড়ি সূত্রে জানা গেছে, বিষয়টি জানার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। এসময় বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের রোংদাংগাই গ্রামের এক বাসিন্দাকে অপহরণ ও ছিনতাইয়ে চেষ্টা করে কয়েকজন যুবক। পরে ওই গ্রামের বাসিন্দারা তাদের গণপিটুনি দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকরাম হোসেনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভারতের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি দুজন এখনও চিকিৎসাধীন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যুর খবর শুনেছি। আকরাম হোসেনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলার একটি গ্রেপ্তারি পরোয়ানা আছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

জাতীয়করণে শিক্ষকদের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আলটিমেটাম

জাতীয়করণে শিক্ষকদের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আলটিমেটাম জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা দাবি আদায়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকারকে। এর মধ্যে দাবি না মানলে আগামী ১৫ সেপ্টেম্বর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতির হুমকিও দিয়েছেন তারা। আজ শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধিরা। জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী জানান, তাদের দাবি যৌক্তিক, যা আদায়ে ৩২ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাবেন তারা। এ সময় ১৫ সেপ্টেম্বর এমপিওভুক্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কর্মবিরতির হুঁশিয়ারি দেন তিনি। এর আগে দুপুরে শিক্ষা জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেননি শিক্ষকরা। পদযাত্রার পরিবর্তে পুলিশের সহায়তায় শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে। শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবির মধ্যে রয়েছে—শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা। কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা ঢাকায় এসেছেন।

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেওয়ার সম্ভাবনা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেওয়ার সম্ভাবনা মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা রয়েছে, যা হাজার হাজার গ্র্যাজুয়েটকে সমৃদ্ধ অর্থনীতির এই দেশে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ দেবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায়, মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেন। ‘মন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে,’ বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। অন্য দেশের শিক্ষার্থীরা যেখানে মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের সুযোগ পায়, সেখানে এতদিন বাংলাদেশি শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত ছিল। এর আগে আজ মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রী ফাদলিনা বিনতি সিদেক কুয়ালালামপুরের একটি হোটেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানোসহ শিক্ষায় সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা মালয়েশিয়ার কর্তৃপক্ষ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশের ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতিও চেয়েছে। মালয়েশিয়ার মন্ত্রী অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের ‘থ্রি জিরো’ প্রচারণায় গভীর আগ্রহ প্রকাশ করেন, যার লক্ষ্য বিশ্ব থেকে দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। ‘আপনি যদি দারিদ্র্যহীন পৃথিবী কল্পনা না করেন, তবে তা হবে না,’ মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। তিনি বিশ্বনেতাদের প্রতি আত্মবিধ্বংসী নয় এমন একটি সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান। অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান, যাতে দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও জোরদার হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

শরীরের রক্তস্বল্পতা দূর করতে প্রয়োজন নিয়মিত কিছু খাবার

শরীরের রক্তস্বল্পতা দূর করতে প্রয়োজন নিয়মিত কিছু খাবার দেশের নারীদের জন্য রক্তস্বল্পতা খুবই সাধারণ একটি সমস্যা। রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে তাকেই মূলত অ্যানিমিয়া বলা হয়৷ রক্তে হিমোগ্লোবিন কম হলে ক্ষুধামন্দা, শরীর ক্লান্ত বোধ করা, ফ্যাকাসে হয়ে যাওয়া, শ্বাস-প্রশ্বাসে সমস্যা, সব সময় অস্বস্তিবোধ করা, অস্বাভাবিক হৃদকম্পন ও মনোযোগের অভাব দেখা দেয়। বিশেষজ্ঞরা বলেন, শরীরের রক্তের চাহিদা পূরণ করতে নিয়মিত কিছু খাবার খেলে উপকার পাওয়া যায়। এর মধ্যে রয়েছে: ভিটামিন সি : ভিটামিন সি-র অভাবে হিমোগ্লোবিন কমে যেতে পারে। তাছাড়া ভিটামিন সি ছাড়া আয়রন পুরোপুরিভাবে শোষণ হয় না। আমলকী, পেঁপে, বাতাবিলেবু, কমলা, লেবু, স্ট্রবেরি, গোলমরিচ, ব্রোকোলি, আঙুর, টমেটো ইত্যাদিতে প্রচুর ভিটামিন সি থাকে। আয়রন : হিমোগ্লোবিন উৎপাদনে লোহা গুরুত্বপূর্ণ একটি উপাদান। আয়রন সমৃদ্ধ কিছু খাবার হলো- দেশি সুস্থ মুরগির কলিজা, কচু শাক, লাল মাংস, চিংড়ি, পালংশাক, আমন্ড, বিট, বেদানা, খেজুর। আয়রন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেইড এবং ফাইবার সমৃদ্ধ খাবার হিমোগ্লোবিনের ঘাটতি পূরণে সাহায্য করে। এছাড়া মধু আয়রনের একটি ভালো উৎস। আয়রন ছাড়াও মধুতে কপার ও ম্যাঙ্গানিজ আছে। এই উপকরণগুলো শরীরে গিয়ে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন প্রস্তুত করতে সহায়তা করে। নিয়মিত দুধ, ডিমও খেতে হবে। অ্যানিমিয়ার রোগীদের ক্ষেত্রে অক্সিজেন ও পুষ্টিকর উপাদান উৎপাদনের জন্য হৃদপিন্ডের প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হয়৷ এতে হার্ট ফেল হওয়ার ঝুঁকি বাড়ে। এজন্য অ্যানিমিয়া হলে শুরু থেকেই ডাক্তারের পরামর্শ নিয়ে হিমোগ্লোবিনের পরিমাণ জেনে সে অনুযায়ী খাবার ও ওষুধ গ্রহণ করতে হবে।

ধানুশের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন ম্রুণাল

ধানুশের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন ম্রুণাল বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরেই। তাদের একাধিক ভিডিও ক্লিপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আলোচনা শুরু হলেও মুখে কুলুপ এঁটেছিলেন তারা। অবশেষে নীরবতা ভাঙলেন ম্রুণাল। গুঞ্জন সম্পর্কে অবগত ম্রুণাল ঠাকুর। শুরুতে এটিকে ‘মজা’ হিসেবে দেখেছেন এই অভিনেত্রী। ‘অনলি কলিউড’-কে দেওয়া সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর সম্পর্কের বিষয়ে বলেন, ধানুশ কেবল আমার ভালো বন্ধু। আপনার জন্যই কি ‘সন অব সরদার টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে চেন্নাই থেকে মুম্বাই উড়ে গিয়েছিলেন ধানুশ? এই প্রশ্নের উত্তরে ম্রুণাল ঠাকুর বলেন, ধানুশ ‘সন অব সরদার টু’ সিনেমার ইভেন্টে অংশ নিয়েছিলেন। এটাকে কেউ ভুলভাবে নেবেন না। কারণ উনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অজয় দেবগন। একাধিকবার একসঙ্গে দেখা গেছে ধানুশ ও ম্রুণাল ঠাকুরকে। তাদের সম্পর্কের ব্যাপারটি প্রথম নজরে পড়ে, যখন ম্রুণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে যান ধানুশ। এ পার্টিতে পরস্পরের হাত ধরে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে তাদের কথা বলতে দেখা যায়। এ মুহূর্তের ভিডিও ক্লিপ এখন অনলাইনে ভাইরাল। এরপর ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সন অব সরদার টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নেন ধানুশ। সেখানেও একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। মূলত, তারপরই অনেকের মনে প্রশ্ন- তারা কি শুধুই বন্ধু, না কি এর চেয়েও বেশি কিছু? ম্রুণাল ‘বন্ধু’ বললেও এখনো নীরব ধানুশ। কিংবদন্তি তামিল অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ঘর বেঁধেছিলেন ধানুশ। ২০০৪ সালে বিয়ে করেন তারা। এই দম্পতির দুই ছেলে যাত্রা ও লিঙ্গা রয়েছে। তবে ২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ধানুশ-ঐশ্বরিয়া।

ডার্লিং’ সম্বোধন, সৎ মেয়ে সারার জন্মদিনে যা বললেন কারিনা

‘ডার্লিং’ সম্বোধন, সৎ মেয়ে সারার জন্মদিনে যা বললেন কারিনা সম্পর্কে সৎ মা হলেও সাইফ আলি খানের প্রথম দুই পক্ষের সন্তানের সঙ্গে দারুণ সম্পর্ক অভিনেত্রী কারিনা কাপুর খানের। যে কোনও উৎসব অনুষ্ঠানে নবাব বাড়ির সবাই একফ্রমে ‘হ্যাপি ফ্যামিলি’ হিসেবে ধরা দেন। সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক কারিনার। এবার সৎ মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগঘন পোস্ট কারিনার। সাইফ-কারিনা দম্পতির দুই সন্তান জেহ এবং তৈমুর। সুপারস্টার নবাবের আগের পক্ষের ছেলে ইব্রাহিম ও মেয়ে সারা। সেই প্রেক্ষিতে জেহ এবং তৈমুরের বড় বোন সারা আলি খান। অভিনেত্রীকে বড় বোনের মতোই মানেন বাকি তিন ভাই। ভাইফোঁটা, রাখি হোক কিংবা পরিবারের কারও জন্মদিন, সারা পৌঁছে যান বান্দ্রার শদগুরু সরণে। সৎ ভাইদের সঙ্গে তার খুনসুটির মুহূর্ত একাধিকবার অনুরাগীদের মন জয় করেছে। এদিকে পরিবারের বড় সন্তান অর্থাৎ একমাত্র কন্যা সারার জন্মদিনে সৎ মায়ের পক্ষ থেকে এলো দারুণ শুভেচ্ছাবার্তা। সাইফকে পাশে নিয়ে দুই সৎ সন্তান সারা-ইব্রাহিমের সঙ্গে এক অদেখা ছবি পোস্ট করেছেন কারিনা। সাদাকালো ফ্রেম হলেও সেই ছবিতে নজর কাড়ল সৎ মা কারিনার সঙ্গে তাদের মিষ্টি রসায়ন। ছবির ক্যাপশনে সারা আলি খানকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করেন করিনা। এই অভিনেত্রী লেখেন, শুভ জন্মদিন ডার্লিং সারা। জীবনের সেরা জন্মদিন কাটাও। অনেকটা ভালোবাসা রইল। ১৯৯৫ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন সাইফ-অমৃতার প্রথম সন্তান সারা আলি খান। চলতি বছর ৩০-এ পা দিলেন নবাবকন্যা। বলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমান প্রজন্মের অন্যতম পরিচিত মুখ তিনি। সারা আলি খানের সঙ্গে সৎ মা কারিনা কাপুর খানের সম্পর্ক কেমন? বলিপাড়ায় অনেক জল্পনাই শোনা যায়। কিন্তু নবাব পরিবার ঘনিষ্ঠরা জানেন, কারিনা এবং সারা দু’জনেই বুদ্ধিমতী। ওরা জানেন কীভাবে সম্পর্ক বজায় রাখতে হয়। এ প্রসঙ্গে বছর খানেক আগে নবাবকন্যা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কারিনা ভীষণ পেশাদার এবং যেভাবে নিজের কাজ আর ব্যক্তিগত জীবন ব্যালেন্স করে চলেন, সেটা শেখার মতো। উনি আমাকে মাঝেমধ্যে নানা পরামর্শ দেন এবং আমি সেগুলো মেনে চলার চেষ্টা করি। কারিনার পরামর্শ মেন চলার কারণ হিসেবে সারা বলেছিলেন, উনি সফল অভিনেত্রী। আমাদের সম্পর্ক বরাবর বন্ধুত্বপূর্ণ। তার নেপথ্যে অবশ্য কারণ আছে। প্রথমত, কারিনা কোনওদিন আমার মা হয়ে ওঠার চেষ্টা করেননি এবং বাবাও কখনও জোর করে আমাদের ওপর সম্পর্কটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি।

মারা গেছেন গায়ক আতিফ আসলামের বাবা 

মারা গেছেন গায়ক আতিফ আসলামের বাবা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাকিস্তানি গায়ক আতিফ আসলামের বাবা মারা গেছেন। তার বাবা মোহাম্মদ আসলাম গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। পাকিস্তানের সংগীত অঙ্গন ও বলিউডের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়া আতিফ আসলাম সামাজিকমাধ্যমে এক আবেগঘন পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি লেখেন, আমার ‘আয়রন ম্যান’-কে শেষ বিদায়। ভালোবাসায় শান্তিতে থাকুন, আবু জি। আমাদের জন্য দোয়া করবেন। পোস্টের সঙ্গে তিনি বাবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭৭ বছর বয়সী মোহাম্মদ আসলাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং কয়েক মাস আগে হার্ট অ্যাটাক হয়েছিল। গতকাল আসরের নামাজের পর লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে তার জানাজা অনুষ্ঠিত হয়। বাবা হারানোর কথা ছড়িয়ে পড়লে বিনোদন জগতসহ আতিফের দেশ-বিদেশের অসংখ্য ভক্ত শোক প্রকাশ করেছেন। শিল্পী, সেলিব্রিটি এবং ভক্তরা সামাজিকমাধ্যমে সমবেদনা জানাচ্ছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নবাজ শরিফও গভীর শোক প্রকাশ করে আতিফ আসলাম ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেন।

৩৪ বছরের অপেক্ষার অবসান, পাকিস্তানকে উড়িয়ে উইন্ডিজের সিরিজ জয়

৩৪ বছরের অপেক্ষার অবসান, পাকিস্তানকে উড়িয়ে উইন্ডিজের সিরিজ জয় ত্রিনিদাদে গতকাল ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে তৃতীয় ওয়ানডেতে ২০২ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল তারা একইসঙ্গে প্রায় ৩৪ বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ নিজেদের করে নিল দলটি। সর্বশেষ ১৯৯১ সালের নভেম্বরে রিচি রিচার্ডসনের নেতৃত্বে পাকিস্তান সফরে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ক্যারিবিয়ানরা। এরপর দুই দলের ১১ ওয়ানডে সিরিজের একটি শেষ হয়েছিল সমতায়, বাকি ১০টিতেই জয় পেয়েছিল পাকিস্তান। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ৩০ ওভারে রান আসে মাত্র ১১০ রান। এরপরই শুরু হয় রানের ঝড়। অধিনায়ক শাই হোপ অপরাজিত ১২০ রান করেন ৯৪ বলে, ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ৫ ছক্কায়। সপ্তম উইকেটে জাস্টিন গ্রেভসের সঙ্গে মাত্র ৫০ বলে তিনি যোগ করেন ১১০ রান। গ্রেভস অপরাজিত থাকেন ২৪ বলে ৪৩ রানে। রানের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রোস্টন চেইসও। শেষদিকে ২৯ বলে করেন ৩৬ রান। শেষ ৭ ওভারে দল যোগ করে ১০০ রান। ইনিংস শেষ হয় ২৯৪ রানে। বোলিংয়ে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নেন জেডেন সিলস। প্রথম স্পেলেই পাকিস্তানের টপ অর্ডার ধসিয়ে দেন। তার বোলিং ফিগার দাঁড়ায় ১৮ রানে ৬ উইকেট; যা ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে তৃতীয় সেরা। এই তালিকায় প্রথম স্থানে আছেন উইনস্টন ডেভিস (৭/৫১, ১৯৮৩), দ্বিতীয় স্থানে কলিন ক্রফট (৬/১৫, ১৯৮১)। রান তাড়ায় নেমে প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুব, আবদুল্লাহ শাফিক ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ফেরেন শূন্য রানেই। প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাবর আজম, কিন্তু ৯ রানেই থামতে হয় তাকে। সর্বোচ্চ ৩০ রান আসে সালমান আলি আগার ব্যাট থেকে। পাকিস্তানের আট ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ, যার মধ্যে পাঁচজনই আউট হন শূন্য রানে। শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে যায় ৯২ রানে। শেষ উইকেটটি আসে আবরার আহমেদের রান আউটে, রোস্টন চেইসের সরাসরি থ্রো ভেঙে দেয় স্টাম্প। এর মধ্য দিয়েই শেষ হয় দীর্ঘ অপেক্ষার জয়, মাঠে শুরু হয় ক্যারিবিয়ানদের উচ্ছ্বাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টানা ৮ ম্যাচ হারের পর পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম ওয়ানডে হেরে চাপের মুখে ছিল দলটি। এই পরিস্থিতিতে কিংবদন্তি ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ডেসমন্ড হেইন্স ও শিবনারাইন চান্দারপলকে নিয়ে বোর্ড আয়োজন করে জরুরি কৌশলগত বৈঠক। এর ফল মেলে দ্বিতীয় ওয়ানডে থেকেই, যা বৃষ্টিবিঘ্নিত হলেও জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে পুরোনো দিনের ছাপ ফিরিয়ে আনে শাই হোপের দল।