নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে, পানিবন্দী হাজারো মানুষ

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে, পানিবন্দী হাজারো মানুষ তিস্তার উজানের ঢলে তিস্তা নদীর পানি আরও বেড়েছে। পানিবন্দী হাজারো মানুষ। আজ বেলা ১২টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানিবৃদ্ধি অব্যাহত থাকার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড সূত্র। তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখাড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুল্লা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে করে এসব ইউনিয়নের অন্তত ২৫ গ্রামের ১০ হাজার পরিবার পানিবন্দী রয়েছে। এসব পরিবারের অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে বলে জানান স্থানীয়রা। টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান, তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। পানিবন্দী মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে শুরু করেছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র মতে, উজানের ঢলে আজ সকাল ছয়টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর সকাল নয়টায় চার সেন্টিমিটার বেড়ে ১৫ সেন্টিমিটার এবং বেলা ১২টায় আরও তিন সেন্টিমিটার বেড়ে ১৮ সেন্টিমিটার ওপরে উঠে। পানি বৃদ্ধি অব্যাহত আছে। গতকাল বুধবার সেখানে সকাল ছয়টায় সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে সকাল নয়টায় পাঁচ সেন্টিমিটার এবং সন্ধ্যা ছয়টায় বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন,‘উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখে সতর্কাবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড’।
রাশিয়ার তেল শোধনাগারসহ দুটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হা*ম*লা

রাশিয়ার তেল শোধনাগারসহ দুটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হা*ম*লা রাশিয়ায় গতকাল রাত থেকে আজ ভোরের মধ্যে কয়েক ডজন ড্রোন ছুঁড়েছে ইউক্রেন। এসব হামলায় তিন জন আহত হয়েছে এবং একটি তেল শোধনাগারসহ দক্ষিণাঞ্চলের দুটি অঞ্চলে আগুন লেগেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে। রাশিয়ান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় নগরী ভলগোগ্রাদে একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের দৃশ্য দেখানো হয়েছে। ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, আক্রমণের ফলে ভলগোগ্রাদ তেল শোধনাগারে তেল ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, এই অঞ্চলের রাজধানীর কেন্দ্রস্থলে ইউক্রেনের একটি ড্রোন একটি গাড়িতে আঘাত করলে এতে আগুন লেগে তিন জন আহত হয়েছে। তার পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িটিতে আগুন ধরেছে এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে।’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের ওপর পূর্ণ মাত্রার সামরিক আক্রমণ শুরু করার পর থেকে, কিয়েভ তার সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে রাশিয়ার অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে আসছে। কিয়েভ এই হামলাকে তার বেসামরিক নাগরিকদের ওপর মস্কোর প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ন্যায্য প্রতিশোধ বলে অভিহিত করেছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বুধবারের শেষ থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ইউক্রেনের ৪৪টি ড্রোন আটক করেছে। এগুলোর মধ্যে সাতটি ক্রিমিয়ার থেকে আটক করা হয়েছে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপটি ইউক্রেন থেকে দখল করে নেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাক্কালে এই হামলা চালানো হলো।
ইউরোপ জুড়ে দাবদাহ, গ্রিসে দাবানল; মোকাবিলায় হাজার হাজার দমকল কর্মী

ইউরোপ জুড়ে দাবদাহ, গ্রিসে দাবানল; মোকাবিলায় হাজার হাজার দমকল কর্মী গতকাল গ্রিসে এক ডজনেরও বেশি বড় ধরণের দাবানল ছড়িয়ে পড়েছে, যার মধ্যে একটি দেশটির তৃতীয় বৃহত্তম শহর পাত্রাসের জন্য হুমকি হয়ে উঠেছে। তীব্র দাবদাহে দক্ষিণ ইউরোপের হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। গ্রিসের পাত্রাস থেকে এএফপি জানিয়েছে, চলতি সপ্তাহে স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইতালি, বলকান এবং যুক্তরাজ্যও তীব্র দাবদাহের কবলে পড়েছে। বিজ্ঞানীরা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই দাবদাহ তীব্রতর হচ্ছে। গ্রিস: সেনাবাহিনীর সহায়তায় গ্রিস জুড়ে হাজার হাজার দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। দমকল বিভাগের মুখপাত্র ভ্যাসিলিস ভাথ্রাকোগিয়ানিস বলেন, ‘যেসব কর্মী আগুন নেভাতে কঠিন লড়াই করছে, তাদের জন্য পরিস্থিতি এখনো কঠিন।’ পশ্চিম গ্রিসের বেসামরিক সুরক্ষা প্রধান নিকোস গিফতাকিস রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি-কে বলেন, ‘তীব্র তাপমাত্রা, দমকা বাতাস এবং কম আর্দ্রতার কারণে এমনটা হচ্ছে।’ এএফপি’র সাংবাদিকরা দেখেছেন, হেলিকপ্টারের সহায়তায় দমকলকর্মীরা পাত্রাসের বাইরে ঝোপঝাড় এবং বনাঞ্চলে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছেন। ঘন ধোঁয়ার কারণে সেখানে সব কিছু ঝাপসা দেখা যাচ্ছে। ভাথ্রাকোগিয়ানিস জানান, পাত্রাসের একটি হাসপাতাল থেকে ১২ জন শিশুকে সরিয়ে নেওয়া হয়েছে। একটি অবসর নিবাস থেকে ৮০ জন বয়স্ক মানুষকে সরানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, ১৭শ’ শতকের একটি মঠের ছাদে আগুন জ্বলছে। এদিকে জনপ্রিয় আইওনিয়ান পর্যটন দ্বীপ জান্তে ও সেফালোনিয়া এবং চিওসের এজিয়ান দ্বীপে আগুন ছড়িয়ে পড়েছে। জুনে চিওসে একটি বিশাল দাবানলে ৪ হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়ে যায়। মঙ্গলবার পশ্চিমা আচাইয়া অঞ্চলের প্রায় ২০টি গ্রাম খালি করা হয়েছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, চিওস এবং পাত্রাসের কাছাকাছি এলাকা থেকে প্রায় ৮০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ভাথ্রাকোগিয়ানিস আরো বলেন, ৭১ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই পশ্চিমা শহর প্রেভেজা এবং পাত্রাস এলাকার। গ্রিস ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজম থেকে চারটি জল-বোমা প্লেন চেয়েছে। প্রধান বিরোধী দল পাসোক সোশ্যালিস্ট পার্টি প্রতি বছর লাগা এই আগুন মোকাবিলার জন্য সরকারের প্রস্তুতির অভাব নিয়ে প্রশ্ন তুলেছে। পাসোক বলেছে, ‘আগুন প্রতিরোধে জোর দিয়ে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি সংস্কার করা প্রয়োজন।’ তারা আরো বলেছেন, বাহিনীগুলোর দুর্বল সমন্বয় এবং স্থানীয় জরুরি পরিকল্পনার অভাবে আগুন নিয়ন্ত্রণ করা ‘অত্যন্ত চ্যালেঞ্জিং’ হয়ে পড়েছে। স্পেন: স্পেনে দাবানল এখন প্রধান খবর। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাস্তিল ও লিওন অঞ্চলের একটি বিশ্ব ঐতিহ্যবাহী রোমান খনি আগুনের ঝুঁকিতে পড়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬টি এলাকার প্রায় ৬ হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দগ্ধ অবস্থায় সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা বলেন, স্পেন ইউরোপীয় ইউনিয়নের কাছে দু’টি জল-বোমা প্লেনসহ সাহায্যের জন্য অনুরোধ করেছে। ক্যাডেনা সের রেডিওকে তিনি বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস’ বিবেচনা করে প্লেনগুলো দ্রুত পাঠানোর জন্য তিনি ইউরোপীয় অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রয়োজনে স্পেন দমকলকর্মীও চেয়ে পাঠাবে। কাস্তিল ও লিওনের বেসামরিক সুরক্ষা প্রধান আইরিন কোর্তেস বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে স্পেনের প্রচণ্ড গরমে ঘন ঝোপঝাড় তৈরি হয়েছে যা ‘এই পরিস্থিতির জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ তৈরি করেছে।’ এই বছর স্পেনে মোট ১৯৯টি দাবানলে প্রায় ৯৮ হাজার ৭৮৪ হেক্টর (২ লাখ ৪৪ হাজার ১০০ একর) এলাকা পুড়ে গেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। পর্তুগাল: পাশের দেশ পর্তুগালে পাঁচটি বড় দাবানল নিয়ন্ত্রণে ২ হাজার ১০০ জনেরও বেশি দমকলকর্মী ও ২০টি বিমান কাজ করছে। সবচেয়ে ভয়াবহ আগুনটি মধ্যাঞ্চল ত্রানকোসো পৌরসভায় শনিবার থেকে জ্বলছে। প্রবল বাতাসে রাতে আগুন আবার ছড়িয়ে পড়েছে, হুমকির মুখে পড়েছে কাছের গ্রামগুলো। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে স্থানীয়রা দমকল কর্মীদের সাহায্য করার জন্য স্বেচ্ছাশ্রমে কাজ করছে। মুখে মাস্ক পরা একজন কৃষক তার হাতে বেলচা নিয়ে সিক নোটিশিয়াস টেলিভিশনকে বলেন, ‘এটা ভীতিকর, কিন্তু আমরা সবসময় একে অপরকে সাহায্য করতে প্রস্তুত।’ পর্তুগালের মধ্যাঞ্চলীয় আরগানিল-এর একটি পাহাড়ি অঞ্চলে আরেকটি আগুন লাগার কারণে বেশ কয়েকটি গ্রাম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, যার ফলে বয়স্ক বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। বলকান: বলকান অঞ্চলের জরুরি পরিষেবাগুলো ডজনখানেক আগুন নেভানোর চেষ্টা করছে। এখানে তীব্র খরা এবং দীর্ঘস্থায়ী দাবদাহ ঐ অঞ্চলের সাধারণ আগুনের মৌসুমকে আরও ভয়াবহ করে তুলেছে। মঙ্গলবার রাতে আলবেনিয়ায় ৮০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তার বাগানে আগুন ধরেছিল, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে এবং আটজন আহত হয়। কর্তৃপক্ষ আলবেনিয়ার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কিছু অংশ থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। তবে প্রতিবেশী মন্টিনিগ্রোতে আবহাওয়ার উন্নতি হওয়ায় ফায়ার সার্বিসের কর্মীরা বাড়িঘর রক্ষা করতে সক্ষম হন। দেশটিতে এক সৈন্যের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাজধানী পডগরিকার কাছে একটি পানি বহনকারী ট্রাক উল্টে গিয়ে তিনি মারা যান। প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে “ভয়াল ক্ষতি” হিসেবে উল্লেখ করেছে। দেশটি এক সৈনিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। মঙ্গলবার রাজধানী পডগোরিকার কাছে একটি পানি বহনকারী ট্রাক উল্টে গিয়ে তিনি মারা যান। প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে ‘একটি বড় ক্ষতি’ বলে উল্লেখ করেছে। যুক্তরাজ্য: ঐতিহাসিকভাবে শীতল আবহাওয়ার দেশ বৃটেন, এই গ্রীষ্মে চতুর্থ দফা তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। আগে অসম্ভব মনে হওয়া দাবানল এখন বাস্তব হুমকি হিসেবে দেখা দিয়েছে। এদিকে উত্তর ইংল্যান্ডের নর্থ ইয়র্ক মুরস জাতীয় উদ্যানের এক দাবানলকে বুধবার ‘বড় ধরনের দুর্ঘটনা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুনে প্রায় পাঁচ বর্গকিলোমিটার (প্রায় দুই বর্গমাইল) এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার উদ্বোধন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা ২০২৫ এর উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই হজ ও ওমরাহ মেলার আয়োজন করে। আগামী ৩ দিন এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় পবিত্র হজ ও ওমরাহ পালনের বিশেষ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হবে। এ সংক্রান্ত বিভিন্ন ধরনের পুস্তিকা মেলায় পাওয়া যাবে। মেলায় আগতদের জন্য মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছেন অনেকে। পবিত্র হজ ও ওমরাহ নিয়ে অভিজ্ঞতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করবে মেলায় অংশগ্রহণকারী স্টলের মালিকরা। ধর্ম উপদেষ্টা হজ ও ওমরাহ মেলা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে হাব সমন্বয় করে কাজ করছে। এ কারণে গত হজের মৌসুমে কোনো হজ যাত্রীর ভোগান্তি হয়নি, এমনকি কেউ অভিযোগও করেননি। ২০২৬ সালের হজ সুষ্ঠু করতে মন্ত্রণালয় বেশকিছু পদক্ষেপ নিয়েছে। ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের হাজীরা সৌদি আরবের খাবার খেতে অভ্যস্ত নয়। আমরা সৌদি কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যেন বাংলাদেশের মানুষ যেসব খাবার খায় বা অভ্যস্ত তা যেন তারা সরবরাহ করে। মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দানে পানি সংকট রয়েছে। সেখানে মিনারেল ওয়াটার দিয়ে ওজু করতে হয়েছে। উপদেষ্টা বলেন, এর বাইরে আরও যত ধরনের সমস্যা হয় সেগুলো আমাদের জানালে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তার সমাধানের চেষ্টা করবো। হাবের মহাসচিব ফরিদ আহমেদ বলেন, এই মেলার মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন প্যাকেজ যাচাই-বাছাই করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে প্যাকেজে মিলবে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়।
তৃতীয় পর্যায়ে ৯১টি এজেন্সিকে হজ কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি

তৃতীয় পর্যায়ে ৯১টি এজেন্সিকে হজ কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি আগামী বছরের হজ কার্যক্রমে অংশ নিতে তৃতীয় পর্যায়ে ৯১টি এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা-২ এর উপসচিব মো. রফিকুল ইসলামের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে শর্তসাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য এসব হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শর্তে বলা হয়, প্রকাশিত তালিকার কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া ২০২৬ সালের হজ মৌসুমে হজযাত্রী নিবন্ধন (প্রাক-নিবন্ধন নয়) না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মক্কা-মদিনায় প্রদেয় সুবিধাদি বিষয়ে হজযাত্রীর সঙ্গে হজ এজেন্সির লিখিত চুক্তি সম্পাদন নিশ্চিত করতে হবে। এর আগে গত ২৭ জুলাই প্রথম পর্যায়ে ১৫৫টি ও ১০ আগস্ট দ্বিতীয় পর্যায়ে ২৩৪টি যোগ্য হজ এজেন্সির তালিকা প্রকাশ করে সরকার। প্রত্যেক এজেন্সিকে ২০২৬ সালে সৌদি সরকার নির্ধারিত সংখ্যক হজযাত্রী পাঠাতে হবে। প্রত্যেক হজ এজেন্সিকে ৪৬ জন হজযাত্রীর জন্য একজন আরবি ভাষায় দক্ষ ও অভিজ্ঞ হজ গাইড নিয়োগ করতে হবে বলে শর্তে উল্লেখ করা হয়েছে। এছাড়া অনিবন্ধিত কোনো ব্যক্তিকে হজযাত্রী হিসেবে হজে নেওয়া যাবে না। কোনো এজেন্সি যদি এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে, তাহলে কোনো কারণ দর্শানো ছাড়া তার এজেন্সির লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তালিকা প্রকাশের পর কোনো হজ এজেন্সি কোনো অভিযোগের কারণে দণ্ডিত হলে বা কোনো যোগ্যতার ঘাটতি দেখা দিলে কোনো কারণ দর্শানো ছাড়া সংশ্লিষ্ট এজেন্সির নাম তালিকা থেকে বাতিল করা হবে। এজেন্সির লাইসেন্সের মেয়াদ আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত নবায়নের শর্তে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব এজেন্সির লাইসেন্সের মেয়াদ আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে তাদের নবায়নের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন না করলে বা নবায়ন না করা হলে এজেন্সির নাম তালিকা থেকে বাতিল হবে বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রত্যেক এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ দাখিল করে হজ পরিচালকের সঙ্গে চুক্তি করতে হবে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আজ ভোর ৬টায় একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে।
প্রথম ১০ দিনেই ই-রিটার্ন দাখিল প্রায় ১ লাখ করদাতার

প্রথম ১০ দিনেই ই-রিটার্ন দাখিল প্রায় ১ লাখ করদাতার ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ব্যাপক সাড়া মিলেছে। গতকাল পর্যন্ত প্রথম ১০ দিনেই ই-রিটার্ন দাখিল করেছেন মোট ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ সালের ই-রিটার্ন জমা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গত বছর একই সময়ে প্রথম ১০ দিন অনলাইনে রিটার্ন দাখিল করেন মাত্র ২০ হাজার ৫২৩ জন। অর্থাৎ, এ বছর দৈনিক গড় ই-রিটার্ন দাখিলের হার গত বছরের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি। এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আরও বলা হয়, গত ৩ আগস্ট, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি বিশেষ নির্দেশনা জারি করে। এর মাধ্যমে দেশের সকল ব্যক্তিগত করদাতাদের জন্য অনলাইন আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে বসবাসকারী বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধিদের এর আওতার বাইরে রাখা হয়েছে। পরবর্তীতে, ১১ আগস্ট এ আদেশ সংশোধন করে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদেরও এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে যারা নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমাতে পারবেন না, তারা আগামী ৩১ অক্টোবরের মধ্যে যথাযথ ও যৌক্তিক কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের কাছে আবেদন করবেন। পরে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন। করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ যেকোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করে ঘরে বসেই রিটার্ন দাখিল করতে পারছেন। সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিপত্র ও আয়কর সনদও প্রিন্ট নেওয়া যাচ্ছে। ই-রিটার্ন সংক্রান্ত সহায়তার জন্য এনবিআর একটি কল সেন্টার চালু রয়েছে (ফোন: ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১)। সেখানে কল দিয়ে তাৎক্ষণিকভাবে ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। এছাড়া www.etaxnbr.gov.bd](http://www.etaxnbr.gov.bd) এর eTax Service অপশনের মাধ্যমে করদাতারা যেকোনো সমস্যা লিখিতভাবে জানাতে পারবেন এবং সমাধান পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে eTax Service পোর্টাল ব্যবহার করে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে আয়কর রিটার্ন দাখিলের জন্য সকল করদাতার প্রতি আহ্বান জানিয়েছে এনবিআর।
সাদাপাথরে বিছিয়ে দেওয়া হলো জব্দকৃত ১২ হাজার ঘনফুট পাথর

সাদাপাথরে বিছিয়ে দেওয়া হলো জব্দকৃত ১২ হাজার ঘনফুট পাথর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। পরে জব্দকৃত পাথর নৌকা দিয়ে ফের ধলাই নদীর সাদাপাথর এলাকায় বিছিয়ে দেওয়া হয়। এছাড়াও লুট হওয়া পাথর পরিবহনকারী সন্দেহে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়ক থেকে ৭০টি ট্রাক আটকে রেখেছে যৌথবাহিনী। গতকাল দিবাগত রাত ১২টার পর থেকে সিলেট নগরী ও কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। পাথর প্রতিস্থাপনের বিষয়টি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে ৬ সদস্যদের একটি দল যৌথবাহিনীর সহায়তায় বিভিন্ন স্থান থেকে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে ফের পর্যটন কেন্দ্র সাদা পাথরসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, আজ জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফের অভিযান পরিচালিত হচ্ছে। লুট হওয়া পাথর উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। এর আগে গতকাল সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক জরুরি সমন্বয় সভায় লুট করা পাথর উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভায় সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের জরুরি বৈঠক শেষে রাত ১২টার পর থেকে অভিযনে নামে জেলা প্রশাসন ও যৌথবাহিনী। সিলেট নগরী ও সাদা পাথর এলাকায় রাতভর অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, অভিযানে ধলাই নদীর তীরে বিভিন্ন স্থানে সাদাপাথর থেকে লুট করা স্তুপকৃত পাথর জব্দ করা হয়। পরে সেগুলো সাদাপাথর এলাকায় নিয়ে ফের প্রতিস্থাপন করা হয়। এছাড়াও গতকাল রাত ১২টার পর থেকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের এয়ারপোর্ট এলাকায় সিলেট ক্লাবের সম্মুখে যৌথবাহিনী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে। এসময় বেশ কয়েকটি ট্রাক আটকিয়ে পাথর জব্দ করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছি। লুট করা পাথর উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলমান আছে। এর আগে, গতকাল সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজে জরুরি সমন্বয় সভা আহ্বান করা হয়। সভায় সাদাপাথর রক্ষায় ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো- জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথবাহিনীসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করা, অবৈধ ক্রাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা এবং চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা। এর আগে, সাদা পাথর লুটপাটের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে জেলা প্রশাসন। আগামী রবিবারের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এদিকে লুটপাটের ঘটনা অনুসন্ধানে সাদাপাথর এলাকা পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাংবাদিক তুহিন হ*ত্যা*র প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

সাংবাদিক তুহিন হ*ত্যা*র প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও হ*ত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট সাংবাদিক কল্যাণ তহবিল এর আয়োজনে আধা ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিতে, বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল রেজা, সহ সভাপতি আব্দুর রহমান মানিক, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, সদস্য মনিরুল ইসলাম, তসিকুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ, আলাউদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম সহ অন্যান্যরা।
জাতীয়করণে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি; লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা

জাতীয়করণে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি; লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দাবি না মানলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয়করণসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ কর্মসূচির কথা বলেন। এর আগে শিক্ষকদের ১২ সদস্যদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে দেখা করে। দেলাওয়ার হোসেন আজিজী বলেন, মন্ত্রণালয় আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। তারা বলেছে, সব দাবি একবারে পূর্ণ করা সম্ভব নয়। এই দাবিগুলো পূরণে কী পরিমাণ অর্থ লাগবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। আজিজী বলেন, আমরা প্রস্তাব রেখেছি আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসেবে বাড়াতে হবে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে। মন্ত্রণালয় চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১০০০ টাকা করার কথা বলেছে, আমরা এই বিষয় নিয়ে বেশি কিছু বলিনি। আমরা বাড়ি ভাড়ার ওপর গুরুত্ব দিয়েছি। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব আরও বলেন, যদি ডিও লেটার পাঠানো না হয়, তাহলে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ১৪ সেপ্টেম্বর সারা বাংলাদেশে প্রতিটি এমপিওভুক্ত স্কুল-মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করব এবং ১৫-১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তারপরও যদি দাবি মানা না হয়, তাহলে ১ মাস অপেক্ষা করে ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। আজ সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা বাড়ানোর পাঁচ দাবিতে সমাবেশ করেন শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের কথা ছিল। পরে সচিবালয় অভিমুখে পদযাত্রা স্থগিত করে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে।