আগামী সপ্তাহে ‘রোডম্যাপ’ প্রকাশ করবে ইসি

আগামী সপ্তাহে ‘রোডম্যাপ’ প্রকাশ করবে ইসি নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে৷ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, রোড ম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। গণমাধ্যমের সঙ্গেও আগামী সপ্তাহে সংলাপ। নিবন্ধন প্রত্যাশী ২২টি দলের তথ্য মাঠ পর্যায়ে তদন্তে পাঠানো হবে। তিনি বলেন, প্রবাসীদের ভোটদান নিয়ে আরেকটু আলোচনা আছে। তা শেষ করে আপনাদেরকে সময় জানানো হবে।

কানাডার উৎসবে বানভাসি মানুষের গল্পের ‘নয়া মানুষ’

কানাডার উৎসবে বানভাসি মানুষের গল্পের ‘নয়া মানুষ’ বানভাসি মানুষের গল্পের সিনেমা ‘নয়া মানুষ’। চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। গত বছরের শেষের দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। সে সময় দর্শক ও সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়। এবার ‘নয়া মানুষ’ জায়গা করে নিয়েছে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে। ৫ দিনব্যাপী এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ২৪ আগস্ট, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। যেখানে ২৮টি দেশের ৪৭টি সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে ২৫ আগস্ট স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’। উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নয়া মানুষ চলচ্চিত্রে বাংলাদেশের মানুষের অন্তরের দর্শন তুলে ধরা হয়েছে। প্রান্তিক মানুষ মানবতাবাদের কতটা উচ্চস্থানে বাস করে তা দেখানোর চেষ্টা করেছি। আন্তর্জাতিক এই উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হওয়া আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এই ধরনের চলচ্চিত্র ধীরে ধীরে দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমীদের অন্তরে জায়গা করে নেবে। ’ ‘নয়া মানুষ’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ। বিভিন্ন চরিত্রে আরও আছেন আশিষ খন্দকার, ঝুনা চৌধুরী, বদরুদ্দোজা, মাহিন রহমান, নিলুফার ওয়াহিদসহ অনেকে।

ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, ঘুম হারিয়েছে ‘সাইয়ারা’ নায়িকার!

ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, ঘুম হারিয়েছে ‘সাইয়ারা’ নায়িকার! মোহিত সুরির পরিচালিত সদ্য বলিউডে মুক্তি পাওয়া মিউজিক্যাল রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। এতে প্রথমবার জুটি বাঁধেন নবাগত অহন পান্ডে ও অনীত পড্ডা। মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা, ভালোবাসা আর বক্স অফিসের সাফল্য- সবই পেয়েছে। তবে এত সাফল্যের পরও অনীত পড্ডার মনে মিশ্র অনুভূতি। ২২ বছরের এই তরুণী প্রকাশ্যে স্বীকার করেছেন, ভালোবাসার বন্যা তাকে যেমন কৃতজ্ঞ করেছে, তেমনি ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে শঙ্কা। মূল নায়িকা হিসেবে অনীতের ‘সাইয়ারা’ প্রথম সিনেমা। সেখানেই করেছেন বাজিমাত। মুক্তির পরপরই রাতারাতি যেন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘সাইয়ারা’র কয়েকটি স্থিরচিত্র শেয়ার করে এক দীর্ঘ আবেগময় নোট লেখেন অনীত। সেখানে স্বীকার করেছেন, সাফল্যের এ আলো তাকে যতটা আনন্দ দিয়েছে, ততটাই ভীত করেছে। অনীত লেখেন, আমার ঘুম হারিয়ে গেছে। আপনাদের সবাইকে ভালোবাসি, যদিও ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু জানি, আমি আপনাদের জন্য গভীর ভালোবাসা অনুভব করি। এই উজাড় ভালোবাসা যেন আমার মাথায় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বুঝে উঠতে পারছি না, কীভাবে তা ফিরিয়ে দেব। সামনে কী হবে ভেবে আমি ভয় পাচ্ছি। ভয় লাগছে, আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব তো? অনীত আরও লেখেন, আমার যা কিছু আছে, এমনকি ক্ষুদ্রতম অংশটুকুও আপনাদের জন্য উৎসর্গ করতে চাই। যদি তা আপনাদের হাসায়, কাঁদায় বা কোনো স্মৃতি মনে করিয়ে দেয়, তাহলেই যথেষ্ট। হয়তো সে কারণেই আমি এখানে আছি। যোগ করে বলিউডের এই তরুণ তুর্কী লেখেন, আমি নিজেকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। নিখুঁত নই, তবে যা কিছু আছে, তার সবটুকু দিয়েই আপনাদের ভালোবাসব। অনীতের এ খোলামেলা আবেগভরা পোস্ট নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। কেউ তাকে সাহস জুগিয়েছেন, কেউ আবার মন্তব্য করেছেন, আপনি যেভাবে অনুভূতি প্রকাশ করেছেন, তা সত্যিই অনন্য। বলিউডে একেবারেই নতুন নন অনীত। একাধিক জনপ্রিয় পণ্যের মডেল হিসেবে নজর কেড়েছেন এই নবীন। কৈশোরে কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। অভিনেত্রী ছাড়া গায়িকা, সুরকার হিসেবেও বলিউডপাড়ায় পরিচিত অনীত। সামনে অনীতকে ওয়েব সিরিজ ‘ন্যায়’-এ দেখা যাবে। নিত্যা মেহেরা ও করণ কাপাডিয়া পরিচালিত এই সিরিজে তার সহশিল্পী ফাতিমা সানা শেখ।

বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকা প্রকাশ

বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকা প্রকাশ ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে বিশ্বের ১০ জন সুন্দরী অভিনেত্রীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তারা যে শুধু সুন্দরী তেমন নন, পাশাপাশি তারা দাপটের সঙ্গে অভিনয়টাও করেন। এই তালিকায় রয়েছে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও বলিউড অভিনেত্রীর নাম হল কৃতি শ্যাননের নাম। তালিকার তৃতীয় স্থানে হানিয়া এবং কৃতির অবস্থান চতুর্থ। আইএমডিবি-এর তালিকা অনুসারে ২০২৫ সালের সেরা ১০ জন সুন্দরী অভিনেত্রীরা হলেন: ১. ম্যাককেনা গ্রেস- যুক্তরাষ্ট্র ২. জুলিয়া বাটার্স- যুক্তরাষ্ট্র ৩. হানিয়া আমির -পাকিস্তান ৪. কৃতি শ্যানন – ভারত ৫. ন্যান্সি ম্যাকডোনি- মার্কিন যুক্তরাষ্ট্র/দক্ষিণ কোরিয়া ৬. দিলরাবা দিলমুরাত- চীন ৭. শৈলেন উডলি- যুক্তরাষ্ট্র ৮. মার্গো রবি- অস্ট্রেলিয়া ৯. আনা দে আর্মাস- কিউবা স্পেন ১০. এমা ওয়াটসন- যুক্তরাজ্য

সাদা পাথর লুটের ঘটনায় করা রিটের শুনানি আগামী রবিবার

সাদা পাথর লুটের ঘটনায় করা রিটের শুনানি আগামী রবিবার সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী রবিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন্নবী। রিটে ঘটনার তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এতে স্বরাষ্ট্র সচিব ছাড়াও পরিবেশ সচিব, আইজিপি, সিলেটের ডিসি, কোম্পানিগঞ্জের ইউএনও ১০ জনকে বিবাদী করা হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা সোনাখ্যাত দেশের শীর্ষ পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে সাদা পাথর অবাধে লুটপাট চলছে- এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ পাথর লুটের ঘটনায় তোলপাড় শুরু হয়। পরে এ নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে স্থানীয় প্রশাসন। গতকাল দুদকের একটি টিমও সেখানে অভিযান চালায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একসময় রাতের আঁধারে মাঝেমধ্যে পাথর চুরি হলেও এখন দিনে-দুপুরে কয়েক কোটি টাকার সাদা পাথর চুরি হচ্ছে। যার কারণে বর্তমানে সাদা পাথর বিলীন হওয়ার উপক্রম। প্রশাসনের সামনে দিয়ে বালু-পাথর লুট করে নিয়ে গেলেও কোনো কর্ণপাত নেই তাদের। সাদা পাথর লুটের জন্য ওই এলাকার বাসিন্দারা প্রশাসনকেই দুষছেন। তারা বলছেন, প্রশাসনের ব্যর্থতা আর মদতে সাদা পাথর লুটপাট চলছে। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই সাদা পাথর লুটপাট শুরু হয়। পরে প্রশাসনের কারণে তা অনেকটাই বন্ধ হয়। কিন্তু তবুও সুযোগ বুঝে চলে এই লুটপাট। বিভিন্ন সময়ে প্রশাসন ধলাই নদীতে অভিযান চালালেও লুটপাট বন্ধ হয়নি। এক সপ্তাহ লুটপাট হলে অভিযান হয় একদিন, আর ওইদিন বাদে বাকি ছয়দিনই চলে লুটপাট। যেদিকে পাথর কেনা-বেচা হয় এবং গাড়ি বা বড় নৌকা করে পাথর যায়, সেদিকে অভিযান না হওয়ায় এই লুটপাট বন্ধ হচ্ছে না বলেও দাবি করছেন এলাকাবাসী।

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো প্রশ্নে রুল শুনানিতে ৭ অ্যামিকাস কিউরি

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো প্রশ্নে রুল শুনানিতে ৭ অ্যামিকাস কিউরি প্রধান বিচারপতির পরিবর্তে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকার শপথ পড়াবেন এমন বিধান নিয়ে জারি করা রুল শুনানিতে মতামত জানাতে সাত আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৬ অক্টোবর দিন রেখেছেন। সাত আইনজীবী হলেন—জয়নুল আবেদীন, প্রবীর নিয়োগী, এ এম মাহবুব উদ্দিন খোকন, শাহদীন মালিক, আহসানুল করিম, মুস্তাফিজুর রহমান খান ও জ্যোতির্ময় বড়ুয়া। এর আগে ১০ মার্চ কবি, গীতিকার, প্রাবন্ধিক ও কলামিস্ট শহীদুল্লাহ ফরায়জী এ রিট দায়ের করেন। পরদিন রুল জারি করেন হাইকোর্ট। এরপর হাইকোর্ট প্রধান বিচারপতির পরিবর্তে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকার শপথ পড়াবেন, সংবিধানের ১৫তম সংশোধনীর এমন বিধান কেন ’৭২-এর সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়ানোর বিধান পরিবর্তন করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে জাতীয় সংসদের স্পিকার শপথ পড়ানোর বিধান অন্তর্ভুক্ত করেছিলেন। রিটে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রিটে বিবাদী করা হয়েছে। রিটের পর আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন, প্রথম থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি একজন আরেকজনকে শপথ পড়াতেন। সেটি ৪র্থ সংশোধনীর মাধ্যমে স্পিকারের কাছে নিয়ে যাওয়া হয়। তবে ৫ম সংশোধনীতে সেটা বাতিল করে প্রধান বিচারপতির কাছে আনা হয়। অর্থাৎ রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াতেন। কিন্তু ২০১১ সালে ১৫তম সংশোধনীতে আবার স্পিকারের কাছে নিয়ে যাওয়া হয়। সেটি চ্যালেঞ্জ করা হয়েছে। রিট আবেদেনে একটি জাতীয় দৈনিকে ‘রাষ্ট্রপতির শপথে প্রধান বিচারপতির অনিবার্যতা’ শীর্ষক প্রকাশিত একটি কলামও অন্তর্ভুক্ত করা হয়েছে। যেটি লিখেছেন রিটকারী শহীদুল্লাহ ফরায়জী। ওই কলামের একটি অংশে বলা হয়, বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান সেই দেশের প্রধান বিচারপতি। সংসদীয় সরকার পদ্ধতি বা রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির দেশেও রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন প্রধান বিচারপতির নিকট। এটা বিশ্বব্যাপী সাংবিধানিকভাবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত রেওয়াজ। কিন্তু বাংলাদেশে এর ব্যত্যয় দেখা যাচ্ছে। আমাদের দেশের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার। রাষ্ট্রের প্রধানের শপথ গ্রহণের ক্ষেত্রে বিচার বিভাগকে উপেক্ষা করা প্রকারান্তরে রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে ভারসাম্য বিনষ্ট করা। এতে সংবিধানের গভীর দার্শনিক ভিত্তি থেকে রাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই দার্শনিক ভিত্তি হচ্ছে—রাষ্ট্রপতি সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে প্রধান বিচারপতির নিকট শপথ গ্রহণ করে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, এটাই হচ্ছে প্রজাতন্ত্রের অবিচ্ছেদ্য সাংবিধানিক নির্দেশনা। রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক এবং তিনি সংবিধানের অভিভাবকের কাছে শপথবাক্য পাঠ করেন। তাই রাষ্ট্রপতির শপথ পাঠে প্রধান বিচারপতি অনিবার্য। যেহেতু রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করেন সেহেতু তাঁর শপথ রাষ্ট্রের অধীনস্থ তিন বিভাগের কোনো প্রধানের নিকট নয়, তিনি শপথ পাঠ করবেন বাংলাদেশের প্রধান বিচারপতির নিকট। এই অন্তর্নিহিত দর্শনের জন্যই প্রধান বিচারপতিকে ‘বাংলাদেশের প্রধান বিচারপতি’ হিসেবে অভিহিত করা হয়েছে। রাষ্ট্রপতির প্রধান বিচারপতির নিকট শপথবাক্য পাঠ করার এই বাধ্যবাধকতা এবং মহিমান্বিত সাংবিধানিক মর্যাদা প্রজাতন্ত্রের কেউ বিনষ্ট করতে পারেন না, কিন্তু আওয়ামী লীগ সরকার তা করেছে। সংবিধানের চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই আইন বলবৎ করা হয়েছে, যা প্রজাতন্ত্রের বৈশিষ্ট্যের সাথে চরমভাবে সাংঘর্ষিক। এটা আইন ও বিচারবিভাগের প্রতি ছিল আওয়ামী সরকারের অসম্ভব বিদ্বেষমূলক আচরণ প্রকাশের নজির— যা সাংবিধানিক ন্যায্যতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। ‘৭২ সালের সংবিধানে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য ও প্রধান বিচারপতির মর্যাদা সুরক্ষার প্রশ্নে শপথ ও ঘোষণার তৃতীয় তফসিলে বলা হয়েছিল— ‘রাষ্ট্রপতি, স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ প্রধান বিচারপতি কর্তৃক পরিচালিত হইবে। ’ এগুলো আইনবিভাগ ও শাসনবিভাগের সাথে বিচারবিভাগের ভারসাম্যপূর্ণ নীতি, যা সংবিধান প্রণয়নের সময়ই চূড়ান্তভাবে নির্ধারিত। ১৯৭২ সালের সংবিধানে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য এবং চরিত্র যতটুকু সুরক্ষা দেওয়া হয়েছিল, আওয়ামী লীগ অতি দ্রুত তা ছুঁড়ে ফেলে দিয়েছে। বাংলাদেশ নামক প্রজাতন্ত্রকে আওয়ামী লীগ নামক দলটি কীভাবে দেখতে চায়— তার প্রতিফলন ঘটেছে তাদের আনীত সংবিধানের চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীতে। রাষ্ট্রপতির শপথ স্পিকারের নিকট; এমন দেশ খুঁজে পাওয়াও দুষ্কর । বিশ্বের গণতান্ত্রিক দেশসমূহের সাথে সামঞ্জস্য রেখে এবং প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য পুনরুদ্ধারে— রাষ্ট্রপতি, স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ প্রধান বিচারপতি কর্তৃক পরিচালিত হবে, এ বিধান বাংলাদেশে আবার চালু বা পুনর্বহাল করতে হবে। প্রজাতন্ত্রের গণতান্ত্রিক ও শাসনতান্ত্রিক ব্যবস্থা বিকাশের স্বার্থেই তা করা প্রয়োজন।

রাজধানীতে ফানুস ওড়ানো নিষিদ্ধ

রাজধানীতে ফানুস ওড়ানো নিষিদ্ধ ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো। ডিএমপি নগরবাসীদের এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৮৪৯

দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৮৪৯ দেশে অভিযান চালিয়ে এক হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয় এক হাজার ২০৩ জনকে। আজ পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইনের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।এতে বলা হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৮৪৯ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টে এক হাজার ২০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন ৬৪৬ জন। এ ছাড়া অভিযানে দেশীয় একনলা বন্দুক, পিস্তল, রাইফেল, দেশীয় এলজি, ম্যাগাজিন ও গুলিসহ অন্যান্য অপরাধ কাজে ব্যবহৃত জিনিসপত্র গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা হয়েছে।

লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ

লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দেন। দুই মাসের মধ্যে এ তালিকা আদালতে হলফনামা আকারে দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে সব পাথর যে সব স্থানে আছে, সাত দিনের মধ্যে সেখান থেকে এনে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া কী পরিমাণ ক্ষতি হলো সেটা নির্ধারণে একটি কমিটি করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটিতে বুয়েটের একজন অধ্যাপক থাকবেন। পাশাপাশি সাদা পাথর এলাকা পর্যবেক্ষণে জন্য সব আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এক মনিটরিং টিম গঠন করতে বলা হয়েছে। আদালত পরবর্তী আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন রেখেছেন। আদেশের বিষয়টি নিশ্চিত করে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান, অন্তর্বর্তী আদেশের পাশাপাশি পাথর সংরক্ষণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, সংরক্ষণ ও ক্ষতিপূরণের কেন নির্দেশ দেওয়া হবে না, আইনি ব্যবস্থা কেন নেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন। এর আগে আজ সকালে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ‍যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করা হয়। ‘বিরামহীনভাবে চলছে সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুট’- গত ১১ আগস্ট প্রকাশিত এই শিরোনামে প্রকাশি এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রের পাথর লুট। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণপিপাসু মানুষের পছন্দের শীর্ষে থাকা এটি বর্তমানে লুটে ক্ষতবিক্ষত স্পটে পরিণত হয়েছে। পাথরের সঙ্গে বালুও লুট করা হচ্ছে। অথচ পর্যটনকেন্দ্রের চারদিকে বিজিবির চারটি ক্যাম্প ও পোস্ট রয়েছে। পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৫ আগস্টের আগে যত দূর চোখ যেত, দেখা যেত সাদা সাদা পাথর আর পাথর। কিন্তু এখন সেখানে ধু-ধু বালুচর। তাদের ভাষ্য, এক বছরে এক কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২০০ কোটি টাকার বেশি।সরেজমিন গিয়ে দেখা গেছে, সাদাপাথর পর্যটনকেন্দ্রের ধলাই নদীর উৎসমুখ থেকে শত শত নৌকা দিয়ে পাথর লুট হচ্ছে। মূল স্পটের বাম পাশের বড় বড় পাথর নেই। কোথাও কোথাও বালুচর জেগে উঠেছে। যত্রতত্র খোঁড়াখুঁড়িও চলছে। বড় পাথরের পাশাপাশি ছোট-ছোট পাথরও লুট হয়ে গেছে। প্রকাশ্যে দিবালোকে পাথর নিয়ে যাচ্ছে। আর দায়িত্বশীলরা বসে বসে সে দৃশ্য দেখছে। এ ছাড়া পাথর বোঝাই শত শত নৌকার মাঝে পর্যটকবাহী নৌকাও ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে পর্যটকরা হতাশা প্রকাশ করেছেন। সাদা পাথর পর্যটনকেন্দ্রের সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রশাসনের উদাসীনতা ও টিলেঢালা নজরদারির কারণে পাথরখেকোরা নির্বিঘ্নে তাদের ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে অভিযান চালালেও তার প্রভাব থাকে সামান্য সময়। এরপর আবারও লুটপাট চলে। একটি প্রভাবশালী মহল সাদা পাথর পর্যটনকেন্দ্র ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি তাদের। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, সাদা পাথরকে কেন্দ্র করে ১৫টি মামলা হয়েছে। ৭০ জনের মতো আসামি গ্রেপ্তারও হয়েছে। স্থায়ীভাবে সাদা পাথর লুটপাট ঠেকাতে বড় অভিযানের প্রয়োজন বলে মনে করেন তিনি।

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আগামী ২১ সেপ্টেম্বর

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আগামী ২১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)’র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।