চাঁপাইনবাবগঞ্জে বেড়েই চলেছে ৩ নদীর পানি ২৪ ঘণ্টায় পদ্মায় ২০, মহানন্দায় ১৮ ও পুনর্ভবায় ২৩ সে.মি. পানি বৃদ্ধি

চাঁপাইনবাবগঞ্জে বেড়েই চলেছে ৩ নদীর পানি ২৪ ঘণ্টায় পদ্মায় ২০, মহানন্দায় ১৮ ও পুনর্ভবায় ২৩ সে.মি. পানি বৃদ্ধি চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় বেড়েছে ২০ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ১৮ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার। পদ্মা বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার, মহানন্দা ১.৪৫ মিটার এবং পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ২.৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ৩ নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫। তবে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০.৯২ মিটার। যা আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২১.১২ মিটার। এই নদীর পানি বেড়েছে ২০ সেন্টিমিটার। অন্যদিকে মহানন্দা নদীর বিপৎসীমা হচ্ছে ২০.৫৫। তবে, গতকাল সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৮.৯২ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.১০ মিটার। অর্থাৎ এই নদীর পানি বেড়েছে ১৮ সেন্টিমিটার। অপরদিকে, পুনর্ভবার নদীর বিপৎসীমা হচ্ছে ২১.৫৫ মিটার। তবে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮.৯৪ মিটার। যা আজ সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৯.১৭ মিটার। অর্থাৎ এই নদীর পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার।
জেনে নিন ১ মিনিটে ফ্যান পরিষ্কারের সহজ টিপস!

জেনে নিন ১ মিনিটে ফ্যান পরিষ্কারের সহজ টিপস! ঘর যতই পরিষ্কার রাখতে চাই, ধুলা থেকে মুক্তি মেলা সত্যি কঠিন। নিচের ধুলো-ময়লা তবুও পরিষ্কার করে মোছা যায়, কিন্তু বিপত্তি হয় সিলিং ফ্যান নিয়ে। এটি ওপরে থাকায় সহজে পরিষ্কার করা যায় না। ফলে অনেক বেশি ময়লা জমে, এটি দেখতে খারাপ লাগে। আর বাতাসের সঙ্গে ধুলো পুরো ঘরে ছড়িয়েও যায়। ফ্যান পরিষ্কার করা বেশ ঝামেলার, সময়ও লাগে অনেকক্ষণ! কেমন হয় এই কঠিন কাজটি যদি মাত্র এক মিনিটে করা যায়? জেনে নিন, কোনো ঝামেলা ছাড়া ফ্যান পরিষ্কার করার পদ্ধতি: একটি পুরোনো বালিশের কভার নিন। এবার এটি দিয়ে ফ্যানের ব্লেডের আগা থেকে গোড়া পর্যন্ত ঢেকে দিন। বালিশের কভারটি দু হাত দিয়ে পাখার ব্লেডের ওপরে চেপে ধরে বাইরের দিকে টান দিন। এবার দেখুন, ফ্যানের সব ময়লা চলে এসেছে। এভাবেই সবগুলো ব্লেড পরিষ্কার করে নিন। সপ্তাহে একবার এভাবে ফ্যান পরিষ্কার করুন। ফ্যানের সঙ্গে ঘরও পরিষ্কার থাকবে।
রূপের সমস্যায় যে কৌশল অবলম্বন করেন তামান্না

রূপের সমস্যায় যে কৌশল অবলম্বন করেন তামান্না ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গান-সব খানেই দর্শক মাতিয়েছেন তামান্না ভাটিয়া। ভারতের আলোচিত এই অভিনেত্রীর মসৃণ ত্বক আর টানটান গড়ন নিয়ে সর্বক্ষেত্রে হয় আলোচনা। সম্প্রতি এই অভিনেত্রী নিজেই ফাঁস করেছেন তার রূপের এক গোপন সমস্যার কথা। এক সাক্ষাৎকারে তামান্না জানান, অন্যান্য মানুষের মতোই তারও মাঝেমধ্যে ব্রণ ওঠে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনি এক অভিনব কৌশল অবলম্বন করেন, যা শুনে অনেকেই অবাক। তার এমন কাণ্ডের কথা শুনে অনেকের চোখ কপালে! অভিনেত্রী জানান, তিনি ব্রণের ওপর নিজের থুতু ব্যবহার করেন। তবে এর একটা বিশেষ নিয়ম আছে। তামান্নার কথা শুনে চমকে ওঠেন সঞ্চালক। তামান্না বলেন, যে কোন সময় থুতু লাগালেই হবে এমনটা নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম লালা লাগালেই বেশি উপকার মেলে। এই কৌশল যে শুধু তার ক্ষেত্রেই কাজ করেছে তা নয়, এমনটা তিনি নিজেও বিশ্বাস করেন। অতীতে ব্রণ কমাতে তিনি অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মাটি মিশিয়েও ব্যবহার করেছেন। যদিও তামান্নার পরামর্শ, উঠতি বয়সের ছেলে-মেয়েদের ত্বক সংক্রান্ত যেকোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সব ধরনের ত্বকের জন্য সব কৌশল যে সমান কার্যকরী নাও হতে পারে।
বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!

বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি! সিনেমা হিট হলেই সেই জুটিদের নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। সে ঐশ্বরিয়া-অভিষেক, শহীদ-কারিনা হোক কিংবা রণবীর-দীপিকা থেকে সিদ্ধার্থ-কিয়ারা অনস্ক্রিনের রোমান্স সময়ের ফাঁক গলে কখন অফস্ক্রিনে ফুটে উঠবে, সেটা বলা দায়। এবার বলিউড পাড়ায় খবর, শুধু পর্দায় নয় আলোচিত ‘সাইয়ারা’ জুটির প্রেম নাকি ‘বাস্তব জীবন’-এও জমে ক্ষীর! একটি ভিডিওর মাধ্যমে এই গুঞ্জনের শুরু। কী এমন ছিল সেই ভিডিওতে? দেখা গেছে, পর্দার প্রেমিক অহন পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে নায়িকা অনীত পাড্ডা। সেখানে অবশ্য মধ্যমণি অহনও উপস্থিত ছিল। তাদের একসঙ্গে সেই বুটিক থেকে বেরতে দেখা যায়। তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আলোচনা চলছে। দেখা যায়, অহন তার অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি। অহন-অনীতের এই ‘লাজুক’ সমীকরণ কিংবা ‘প্রেম-প্রেম ভাব’ নজর এড়ায়নি অনুরাগীদের। পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, ‘সাইয়ারা’ জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন। প্রসঙ্গত, মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পেয়েছে ‘সাইয়ারা’। সিনেমার গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গেছে দর্শকদের। সিনেমাতে অহনের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রথম সিনেমাতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন নবাগত অহন। অন্যদিকে অনীতের অভিনয়ও মন জিতেছে দর্শকদের। সিনেমার প্রশংসায় পঞ্চমুখ ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানও। সামাজিকমাধ্যমে তিনিও লেখেন, ‘অহন পাণ্ডে ও অনীত পাড্ডা তাদের প্রথম সিনেমাতেই নিজেদের অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছেন। ’
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯০

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯০ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় সারাদেশে ১৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৯৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ২১ হাজার ৯৯৮ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪১০ জন। এর মধ্যে ৫৮ দশমিক সাত শতাংশ পুরুষ ও ৪১ দশমিক তিন শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে ৯৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
সাঈদ আনোয়ারের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় বাবর

সাঈদ আনোয়ারের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় বাবর পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম ওয়ানডেতে দুইটি বড় মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। এর মধ্যে একটি আবার তার স্বদেশী কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ারের সেঞ্চুরির রেকর্ড। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছেন তিনি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। ৩০ বছর বয়সী বাবর ইতোমধ্যেই ১৯টি ওয়ানডে সেঞ্চুরি করেছেন। আর মাত্র একটি সেঞ্চুরি করলেই সাঈদ আনোয়ারের পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২০টি সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসাবেন বাবর। সাঈদ আনোয়ার ২৪৭ ম্যাচ ও ২৪৪ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন, আর বাবর খেলেছেন মাত্র ১৩১ ম্যাচ ও ১২৮ ইনিংস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরি সাঈদ আনোয়ার — ২০ সেঞ্চুরি (২৪৭ ম্যাচ) বাবর আজম — ১৯* সেঞ্চুরি (১৩১ ম্যাচ) মোহাম্মদ ইউসুফ — ১৫ সেঞ্চুরি (২৮১ ম্যাচ) ফখর জামান — ১১ সেঞ্চুরি (৮২ ম্যাচ) মোহাম্মদ হাফিজ — ১১ সেঞ্চুরি (২১৮ ম্যাচ) এছাড়া বাবরের সামনে রয়েছে আরেকটি বড় সুযোগ—ওয়ানডেতে দ্রুততম ২০ সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠা। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে ভারতের বিরাট কোহলির দখলে, যিনি ১৩৩ ইনিংসে ২০ সেঞ্চুরি করেছিলেন। বাবরের হাতে আছে চার ইনিংস সময়; যদি এই সময়ে একটি সেঞ্চুরি করতে পারেন, তবে কোহলিকে ছাড়িয়ে যাবেন এবং দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার (১০৮ ইনিংস) পরেই থাকবেন। ওয়ানডেতে দ্রুততম ২০ সেঞ্চুরি হাশিম আমলা — ১০৮ ইনিংস বিরাট কোহলি — ১৩৩ ইনিংস এবি ডি ভিলিয়ার্স — ১৭৫ ইনিংস রোহিত শর্মা — ১৮৩ ইনিংস
তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের গোল উৎসব

তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের গোল উৎসব শুরুর দিকে কিছুটা সতর্ক ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দারুণ ছন্দে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। শিখা সিনহার গোলে এগিয়ে যাওয়ার পর শান্তি মার্দির দারুণ গোল ব্যবধান দ্বিগুণ করে দেয়। আজ লাওস জাতীয় স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে পিটার বাটলারের দল। তৃষ্ণা রানী সরকারের হ্যাটট্রিকসহ গোলের বন্যায় তিমুর লেস্তেকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মেয়েরা। নবীরন খাতুন, সাগরিকা ও মুনকি আক্তারও গোল পেয়েছেন। এর আগে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। টানা দুই জয়ের পর রোববার গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা। অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু গোলমুখ থেকে নবীরন খাতুন বল ঠেলতে ব্যর্থ হন। দুই মিনিট পর পাল্টা আক্রমণে তিমুর লেস্তে বিপদ তৈরি করলে স্বর্ণা কর্নার দিয়ে রক্ষা করেন। এরপর প্রতিপক্ষের শট গোললাইন থেকে হেডে ঠেকিয়ে দেন জয়নব বিবি রিতা। ২০তম মিনিটে কর্নার থেকে দূরের পোস্টে ফাঁকা থাকা শিখার হেডে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৩তম মিনিটে শান্তির বাঁ পায়ের কর্নার সরাসরি গোলপোস্টে লেগে জালে জড়ালে ব্যবধান হয় দ্বিগুণ—যা ছিল এক নিখুঁত গোল। কিছুক্ষণ পরই আরেক কর্নার থেকে হেডে নবীরন খাতুন গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকার কাটব্যাক থেকে তৃষ্ণা রানী সরকার চতুর্থ গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলমুখের জটলার মধ্যে থেকে আবারও গোল করে ব্যবধান বাড়ান তৃষ্ণা। ৭৩তম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে সাগরিকা সপ্তম গোল করেন। ৮১তম মিনিটে সাগরিকার আড়াআড়ি পাস ঠেলেই হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা। যোগ করা সময়ে মুনকি আক্তারের গোল বড় জয় নিশ্চিত করে।
গাজায় অনাহারে প্রাণহানি বেড়ে ১৯৭

গাজায় অনাহারে প্রাণহানি বেড়ে ১৯৭ গাজায় ইসরায়েলের হামলা চলছেই। এতে নিহতের সংখ্যা বাড়ছে। এর সঙ্গে বাড়ছে অনাহার ও অপুষ্টিজনিও প্রাণহানিও। খবর আল জাজিরার। গতকাল সকাল থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ২২ ফিলিস্তিনির প্রাণ গেছে। আর অপুষ্টিজনিত কারণে আরও দুই শিশু মারা গেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও চারজনের প্রাণ গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারজনিত প্রাণহানি বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে, এর মধ্যে ৯৬ জনই শিশু। জাতিসংঘ বলছে, ইসরায়েলের অবরোধের কারণে গাজার শতাধিক অপরিণত শিশুর জীবন এখন বিপদের মুখে। হাসপাতালে জ্বালানি সংকটে নবজাতকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। গাজায় কাজ করা এনজিও নেটওয়ার্ক জানিয়েছে, সেখানে দুই লাখের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এর কারণ হিসেবে তারা শিশুদের পুষ্টিকর খাবারের অভাবকে দায়ী করেছে। ইউরোপীয় কমিশনের দ্বিতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা তেরেসা রিবেরা বলেন, এই যুদ্ধ অনেকাংশেই গণহত্যার সংজ্ঞায় রূপ নিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত ৬১ হাজার ১৫৮ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন এক লাখ ৫১ হাজার ৪৪২ জন। গাজা সরকার বলছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি। যারা ধ্বংসস্তূপের নিচে পড়ে নিখোঁজ রয়েছেন, তাদেরও নিহত বলে ধরে নেওয়া হচ্ছে।
সেমিকন্ডাক্টর আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

সেমিকন্ডাক্টর আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের বিদেশে তৈরি সেমিকন্ডাক্টরের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সেই সঙ্গে ছাড়ের কথাও বলেছেন। আর সেটি হলো যেসব প্রতিষ্ঠান বা কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে সেসব কোম্পানির ক্ষেত্রে শুল্ক আরোপ ছাড় দেওয়া হবে। ট্রাম্প বলেন, আমরা চিপস এবং সেমিকন্ডাক্টরের ওপর প্রায় ১০০ শতাংশ শুল্ক আরোপ করব, কিন্তু যদি কোনো কোম্পানি সেটি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মাণ করে, তাহলে কোনও চার্জ লাগবে না। বুধবার ৬ আগস্ট সন্ধ্যায় ওভাল অফিসে মার্কিন এ প্রেসিডেন্ট সাংবাদিকদের এসব কথা বলেন। এ ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় অ্যাপল। তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয়। মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামী সপ্তাহে সেমিকন্ডাক্টরে নতুন শুল্ক আসতে পারে। এই ঘোষণার পরপরই এশিয়ার প্রধান সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশগুলো সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক হয়ে উঠেছে। তাইওয়ানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রধান লিউ চিন-চিং আইনসভায় জানান, বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করায় শুল্কমুক্ত থাকবে। গত মার্চে টিএসএমসি অ্যারিজোনায় তাদের বিনিয়োগ ১৬৫ বিলিয়ন ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছিল। দক্ষিণ কোরিয়াও দ্রুত জানিয়ে দিয়েছে যে, তাদের শীর্ষ চিপ নির্মাতা স্যামসাং ও এসকে হাইনিক্স এই শুল্কের আওতায় পড়বে না। বাণিজ্য দূত ইয়ো হান-কু বলেন, গত জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ায় দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো ইতোমধ্যেই সুবিধাজনক শুল্ক নীতি পেয়েছে। ফিলিপাইনের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শিল্প সমিতির প্রেসিডেন্ট ড্যান লাচিচা বলেছেন, এ শুল্ক তাদের জন্য ‘ধ্বংসাত্মক’ হতে পারে, কারণ দেশটির মোট রপ্তানির ৭০ শতাংশই সেমিকন্ডাক্টর খাত থেকে আসে। ২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিদলীয় সমর্থনে চিপস অ্যাক্ট পাস করান। এর আওতায় বিলিয়ন বিলিয়ন ডলার ভর্তুকি ও কর ছাড় দেওয়া হয় বিদেশি কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে উৎপাদন কেন্দ্র স্থাপনে উৎসাহিত করতে। টিএসএমসি, স্যামসাং ও এসকে হাইনিক্সের মতো প্রতিষ্ঠানগুলো তখন থেকেই যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়িয়েছে। এই সেমিকন্ডাক্টর শুল্ক যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের ওপর আরোপিত সাম্প্রতিক শুল্কেরই অংশ। এর আগে ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও ওষুধ শিল্পের ওপরও আলাদা শুল্ক আরোপ করেছে হোয়াইট হাউজ। নতুন এই শুল্ক বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে, যদিও বিস্তারিত নিয়মাবলী এখনও স্পষ্ট নয়।
কেনিয়ায় আবাসিক ভবনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬

কেনিয়ায় আবাসিক ভবনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬ কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে আবাসিক একটি এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার ৭ আগস্ট স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটের দিকে উইলসন থেকে উড্ডয়নের পর সোমালিল্যান্ডে যাওয়ার পথে বিকেল ৩টার দিকে কাইম্বুর কাছে এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়। কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা বলেন, আমরা পাইলটসহ চারজনকে হারিয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেছেন, যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানেও দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকদের তোলা ছবিতে দেখা গেছে, উৎসুক জনতা জড়ো হয়েছে। এছাড়া কেনিয়া রেড ক্রস ও প্রথম সাড়া প্রদানকারী দলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে। স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা এএফপিকে বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সটি আকাশে থাকাকালীনই আগুন ধরে যায়। এরপর সেটি ছোট আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।