সেমিকন্ডাক্টর খাতে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে ভারত

সেমিকন্ডাক্টর খাতে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে ভারত সেমিকন্ডাক্টর খাতে অংশীদারত্ব আরও ঘনিষ্ঠ করতে চায় ভারত ও মালয়েশিয়া। দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে হওয়া এক বৈঠকে খাতটিসহ বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করা হয়েছে। মালয়েশিয়া সেমিকন্ডাক্টর রপ্তানিতে বিশ্বে ষষ্ঠ। শনিবার সরকারি সফরে পুত্রজায়ায় যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন। বৈঠক শেষে নরেন্দ্র মোদি বলেন, এআই ও ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি দুই দেশ এখন থেকে সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা করবে। আর সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, সম্পর্ক জোরদারের জন্য এই বৈঠক কৌশলগত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, তাদের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সেমিকন্ডাক্টর খাত প্রায় ২৫ শতাংশ অবদান রাখে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে অত্যন্ত শক্তিশালী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সেমিকন্ডাক্টর খাতে মালয়েশিয়ার প্রায় ৩০ থেকে ৪০ বছরের অভিজ্ঞতা আছে। ভারতীয় কোম্পানিগুলো গবেষণা, উন্নয়ন এবং উৎপাদন ও টেস্টিং প্ল্যান্ট তৈরির ক্ষেত্রে দেশটির সঙ্গে কাজ করতে আগ্রহী। গত বছরের জুন মাসের এক প্রতিবেদন অনুযায়ী, টাটা ইলেকট্রনিকস মালয়েশিয়ায় একটি ফ্যাব্রিকেশন বা আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট প্ল্যান্ট কেনার জন্য বৈশ্বিক সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর সঙ্গেও আলোচনা করেছিল।
ইউক্রেন আমাদের শত্রু: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

ইউক্রেন আমাদের শত্রু: হাঙ্গেরির প্রধানমন্ত্রী হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইউক্রেনকে ‘শত্রু’ হিসেবে অ্যাখায়িত করেছেন। হাঙ্গেরি যেন রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা বন্ধ করে দেয়- ইউক্রেনের এমন দাবির পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি। প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে হাঙ্গেরি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি রপ্তানি বন্ধের চেষ্টা চালাচ্ছে। তবে হাঙ্গেরি এর বিরোধিতা করে আসছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) হাঙ্গেরির পশ্চিমাঞ্চলীয় শহর সোম্বাতেলিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওরবান ইউক্রেনের বিরুদ্ধে হাঙ্গেরির নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তোলেন। ওরবান বলেন, “ব্রাসেলসে বসে হাঙ্গেরিকে রাশিয়ার সস্তা জ্বালানি থেকে বিচ্ছিন্ন করার যে ক্রমাগত দাবি ইউক্রেন জানাচ্ছে, তা তাদের বন্ধ করতে হবে। তিনি সতর্ক করে আরো বলেন, “যতক্ষণ পর্যন্ত ইউক্রেন দাবি করবে যে হাঙ্গেরিকে রাশিয়ার সস্তা জ্বালানি থেকে বিচ্ছিন্ন করা হোক, ততক্ষণ ইউক্রেন কেবল আমাদের প্রতিপক্ষ নয়, ইউক্রেন আমাদের শত্রু।” তিনি জানান, এমনটা হলে সাধারণ মানুষের ইউটিলিটি বিল বা জীবনযাত্রার ব্যয় নাটকীয়ভাবে বেড়ে যাবে। ইউরোপীয় কমিশন বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে আলোচনা করছে, যার মধ্যে রুশ তেলের সামুদ্রিক পরিষেবার ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। গত মাসে ইউরোপীয় কাউন্সিল ২০২৭ সালের শেষ নাগাদ রাশিয়ার সব গ্যাস সরবরাহ বন্ধ করার একটি রোডম্যাপ অনুমোদন করেছে। গত সোমবার হাঙ্গেরি জানায়, তারা ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তে বিরুদ্ধে মামলা করবে। রাশিয়ার জ্বালানির ওপর এই নিষেধাজ্ঞাকে তারা ‘আত্মঘাতী’ বলে অভিহিত করেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিরোধিতার কথা আবারও পুনর্ব্যক্ত করেন। তিনি যুক্তি দেন, কিয়েভের সঙ্গে কোনো ‘সামরিক বা অর্থনৈতিক জোট’ শেষ পর্যন্ত বিপর্যয় ডেকে আনবে।
মার্কিন সামরিক মোতায়েনে ইরান ভীত নয়

মার্কিন সামরিক মোতায়েনে ইরান ভীত নয় ইরানের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবুও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ মোতায়েন ইরানকে ভীত করে না বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে একটি সম্মেলনে আরাগবি বলেন, “ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অনেক দাম দিতে হয়েছে। আমরা কেন (তাদের কথায়) সমৃদ্ধকরণের ওপর এত জোর দেব, এমনকি তারা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়ও? কারণ আমাদের চালানোর অধিকার কারও নেই। গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের সঙ্গে পরোক্ষ বৈঠক করেন আরাগচি। এর দুদিন পরই তিনি এমন কথা বললেন। যুক্তরাষ্ট্রের জাহাজ ইরানকে ভীত করে না উল্লেখ করে আব্বাস আরাগচি বলেন, “এ অঞ্চলে তাদের সামরিক যুদ্ধজাহাজ মোতায়েন আমাদের ভীত করে না। যুক্তরাষ্ট্রের কথায় যদি ইরান চুক্তি না করে তাহলে তাদের ওপর হামলা চালানো হবে বলে অসংখ্যবার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহম লিংকনসহ একাধিক যুদ্ধজাহাজ ইরানের কাছে নিয়ে এসেছেন তিনি। গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও ট্রাম্প তখন দাবি করেছেন তেহরানের পরমাণূ কর্মসূচি পুরোপুরি নিঃশেষ করে দিয়েছেন, কিন্তু তিনি এখন আবার চুক্তি করতে চাইছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে।আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশটির নাগরিকরা ভোট প্রদান করছেন। এদিন এই নির্বাচনের মাধ্যমে জাপানের সংসদের নিম্নকক্ষের সদস্য নির্বাচন করা হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে নিম্নকক্ষের ৪৬৫টি আসনের জন্য মোট ১ হাজার ২৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী সানাই তাকাচি সংসদ ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতাসীন দলকে বিজয়ী করতেই আগাম নির্বাচনের পথে হেঁটেছেন তিনি। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাকাচি। মাত্র ৪ মাসের শাসনামলেই তিনি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে তাকাচির ব্যক্তিগত জনপ্রিয়তা থাকলেও তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একাধিক কেলেঙ্কারির কারণে জনসমর্থন হারিয়েছে। বিশ্লেষকদের মতে, ভোটাররা তাকাচিকে পছন্দ করলেও এলডিপিকে কতটা সমর্থন দেবেন, তা এখনো অনিশ্চিত। সবশেষ জনমত জরিপে দেখা গেছে, এলডিপি ও জনতাবাদী জাপান ইনোভেশন পার্টির জোট সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে প্রায় ৩০০টি আসনে জয় পেতে পারে। এমন ফলাফল হলে গত বছর পার্লামেন্টের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো এলডিপির জন্য এটি বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে বিবেচিত হবে। এদিকে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী তাকাচি করছাড় ও সরকারি ভর্তুকি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। তবে সমালোচকদের মতে, এসব প্রস্তাব জাপানের ধীরগতির অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘিরে জাপানের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যিশু প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ-শুভশ্রী

যিশু প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ-শুভশ্রী গত বছর পহেলা বৈশাখে জানা গিয়েছিল টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত প্রযোজনায় আসছেন। সেই সময় অভিনেতা সৌরভ দাসকে নিয়ে তিনি ‘হোয়াই সো সিরিয়াস’ প্রোডাকশন হাউস খোলেন। সেই সময় কিছু কাজ তারা শুরু করেন। এবার সিনেমার প্রযোজনায় হাত দিয়েছেন তারা। তাদের প্রযোজনা সংস্থায় একটি সিনেমা নির্মাণ করছেন। আর এ সিনেমায় বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সময়ের আলোচিত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে কাজ করতে যাচ্ছেন, এমনটিই জানা গেছে। ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রসেনজিৎ ও শুভশ্রী গাঙ্গুলির কাছে সিনেমার প্রস্তাব গেছে। যিশু সেনগুপ্ত নিজেও থাকতে পারেন এ সিনেমায়। টালিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ বিবেচনা করছেন এ ফিল্মের প্রস্তাব নিয়ে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে প্রথমবার তিনজনকে একসঙ্গে পাওয়া যাবে। কিছু দিন আগেই ‘পদ্মশ্রী’ সম্মান অর্জন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর বুম্বাদা, যিশু ও শুভশ্রী যদি একত্রে আসেন কলকাতার ইন্ডাস্ট্রির জন্য বড় খবর হতে চলেছে। এখন প্রশ্ন— সিনেমার পরিচালক কে? যিনি এই ত্রয়ীকে একত্রিত করতে চলেছেন। একটি সূত্র জানিয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালকের আসনে বসতে যাচ্ছেন। যার পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ সিনেমায় শুভশ্রীর অভিনয় গত বছর দর্শক-সমালোচকদের দারুণ প্রশংসা পেয়েছে। যদিও এ প্রসঙ্গে নির্মাতার তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। সবকিছু পরিকল্পনামাফিক চললে চলতি বছর ইন্দ্রদীপ সিনেমায় হাত দেবেন। গত বছর জুন মাসে শুভশ্রীকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েও তার সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছিল। কিন্তু তখনো আন্দাজ করা যায়নি এমন কিছু ঘটতে চলেছে।
চুরি হলো শুভ-মন্দিরার সিনেমা, ‘পাইরেসি’ হয়ে চলছে ইউটিউবে

চুরি হলো শুভ-মন্দিরার সিনেমা, ‘পাইরেসি’ হয়ে চলছে ইউটিউবে গত বছর ঈদে মুক্তি পায় আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর সিনেমা ‘নীলচক্র’। সে ছবি নিয়ে সামাজিক মাধ্যমে হঠাৎ করেই তৈরি হয়েছে শোরগোল। মূলত ইউটিউবে ‘চক্রব্যূহ’ নামে ১ ঘণ্টা ৫১ মিনিটের একটি সিনেমা প্রকাশ পাওয়ার পর এই বিভ্রান্তির সৃষ্টি হয়।দর্শকরা এটিকে শুভ-মন্দিরা জুটির নতুন সিনেমা ভেবে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়লে পরে বুঝতে পারেন, এটি আসলে তাদের আগের সিনেমা ‘নীলচক্র’-এর একটি এডিটেড ভার্সন। তবে অবাক করা বিষয় হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার ভাষা বদলে পুরোপুরি কলকাতার ঢঙে ডাবিং করা হয়েছে। এমনকি কিছু কিছু দৃশ্যেও পরিবর্তন আনা হয়েছে। এমন অদ্ভুত কাণ্ড দেখে রীতিমতো হকচকিয়ে গেছে দর্শকমহল। নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি কপিরাইট বিক্রি করে সিনেমাটি নতুন নামে মুক্তি দেওয়া হলো?বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ‘নীলচক্র’ সিনেমার পরিচালক মিঠু খান কার্যত আকাশ থেকে পড়েন। ইউটিউবে এমন সংস্করণের কথা তিনি জানতেনই না।পরে ভিডিওটি দেখে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটা কিভাবে ইউটিউবে মুক্তি পেয়েছে আমি জানি না। কোনো ইউটিউব চ্যানেলের কাছে আমরা এর কপিরাইট বিক্রি করিনি। আমাদের না জানিয়ে কে বা কারা এটি করেছে, তা আমরা খুঁজে বের করব এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেব। তিনি নিশ্চিত করেন, সিনেমাটির ডিজিটাল সংস্করণ পরিচালক বা প্রযোজনা সংস্থার বাইরে অন্য কারো কাছে থাকার কথা নয়। তবে একটি সূত্র ধরে পরিচালক জানান, সিনেমাটির পোস্ট-প্রডাকশনের কাজ হয়েছিল কলকাতায়। মিঠু খান বলেন, ‘সিনেমার কাজ আমি কলকাতায় করিয়েছি, তাই সেখানে একটি কপি ছিলো। আমার ধারণা, ল্যাবে কাজের সঙ্গে যুক্ত কেউ আমাদের অজান্তে এটি ইউটিউবে প্রকাশ করে দিয়েছে। এভাবে সিনেমাটি পাইরেটেড হওয়ার কারণে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়লাম। আমরা দ্রুত এটি সরিয়ে ফেলার ব্যবস্থা নিচ্ছি।
অবশেষে ভারতে শাকিব খান

অবশেষে ভারতে শাকিব খান ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে ভারতে পা রাখলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সেখানে শুরু হয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র শুটিং। ইতিমধ্যে শাকিবসহ সিনেমার অভিনয়শিল্পীরা শুটিংয়ে অংশ নিয়েছেন বলে নিশ্চিত করেছে প্রযোজনাসংশ্লিষ্ট একাধিক সূত্র।পরিকল্পনা অনুযায়ী গেল বছরের ডিসেম্বরে ভারতে শুটিং শুরুর কথা থাকলেও শিল্পী ও কলাকুশলীদের ভিসা না পাওয়ায় তা সম্ভব হয়নি। এতে করে রোজার ঈদে সিনেমাটি মুক্তি নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে নির্মাতা আবু হায়াত মাহমুদ বাধ্য হয়ে গত ৬ জানুয়ারি দেশেই শুটিং শুরু করেন। পরে ভারতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় শুটিং হয় সিনেমার কিছু অংশের। তবে নির্মাতাদের মূল পরিকল্পনায় শুরু থেকেই ছিল ভারত। লোকেশন, সেট এবং প্রস্তুতি আগেই চূড়ান্ত করা থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত ভিসার জন্য অপেক্ষা করছিলেন তারা। অবশেষে ভিসা পাওয়ায় সেই অপেক্ষার সফল পরিণতি হলো আর স্বস্তির নিশ্বাস ফেলেছে পুরো টিম। বর্তমানে ভারতে শুটিং চললেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি পরিচালক আবু হায়াত মাহমুদ কিংবা প্রযোজক শিরিন সুলতানা। প্রযোজনা সূত্র জানিয়েছে, ঈদ সামনে রেখে এখন তাদের একমাত্র লক্ষ্য দ্রুত শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজে হাত দেওয়া। এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক ভয়ংকর গ্যাংস্টারের চরিত্রে, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ এবং পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ একঝাঁক শক্তিশালী অভিনয়শিল্পী।
ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ র্যাপার সেন্ট্রাল সি

ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ র্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত ব্রিটিশ র্যাপার এবং ‘স্প্রিন্টার’ খ্যাত তারকা সেন্ট্রাল সি। সম্প্রতি এক অনলাইন লাইভস্ট্রিমে তিনি আনুষ্ঠানিকভাবে কালিমা পাঠ করে শাহাদাহ গ্রহণ করেন। ইসলাম গ্রহণ হওয়ার পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘আখিল’। ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, ২৭ বছর বয়সী এই শিল্পী একটি লাইভস্ট্রিমে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। তার আগের নাম ছিল ওকলি নীল সিজার-সু। লন্ডনের শেফার্ডস বুশ থেকে উঠে আসা এই র্যাপার বর্তমানে বিশ্বসংগীতের অন্যতম পরিচিত মুখ। কনটেন্ট ক্রিয়েটর ‘PlaqueBoyMax’-এর সাথে একটি লাইভ চলাকালীন তিনি জানান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন থেকে তিনি ‘আখিল’ নামে পরিচিত হতে চান। এর আগে সেন্ট্রাল সি তার ধর্মীয় বিশ্বাস নিয়ে জনসমক্ষে খুব একটা কথা বলেননি।২০১৪ সালে যাত্রা শুরু করলেও ২০২১ সালের দিকে সেন্ট্রাল সি ইউকে র্যাপ জগতে এক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম ব্রিটিশ র্যাপার হিসেবে একটি একক প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের রেকর্ড রয়েছে তার। ড্রেক এবং জে. কোল- এর মতো বিশ্বসেরা তারকাদের সাথে কাজ করে তিনি গত কয়েক বছরে সাফল্যের তুঙ্গে রয়েছেন। নিজের দ্রুত উত্থান সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সবকিছু এতো দ্রুত ঘটছে যে মাঝে মাঝে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। আমি এতোদিন ধরে এতো দ্রুত দৌড়াচ্ছি যে এসব নিয়ে ভাবার সময়টুকুও পাইনি। পেশাদার জীবনের এই ব্যস্ততার মাঝে তার এই ব্যক্তিগত এবং আধ্যাত্মিক পরিবর্তন ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজুড়ে তার অনুসারীরা তাকে শুভকামনা জানাচ্ছেন। মুসলিম কমিউনিটির পক্ষ থেকে তার এই সিদ্ধান্তকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
ইউরিন ইনফেকশনের কারণ কি ফ্রিজের খাবার?

ইউরিন ইনফেকশনের কারণ কি ফ্রিজের খাবার? ব্যস্ত জীবনযাপনে ফ্রিজ এখন প্রায় অপরিহার্য। একদিনের বাজার রেখে পরের দিন রান্না গরম করে খাওয়া, এই ধরনের অভ্যাস এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। তবে জানেন কি, এই অভ্যাসই ইউরিন ইনফেকশন (ইউটিআই) এর ঝুঁকি বাড়িয়ে দিতে পারে? সাম্প্রতিক গবেষণা ও চিকিৎসকদের মতে, ফ্রিজে রাখা খাবারও হতে পারে ইউটিআই-এর কারণ। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এখন আর শুধু ব্যক্তিগত সমস্যা নয়, বরং একটি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ৩৫ বছরে ইউরিন ইনফেকশনে আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এ সংক্রান্ত মৃত্যুও। ২০২৩ সালের ন্যাশনাল জিওগ্রাফিকের এক সমীক্ষায় জানা গেছে, যুক্তরাষ্ট্রে বছরে প্রায় পাঁচ লাখ ইউরিন ইনফেকশনের পেছনে দায়ী হচ্ছে দূষিত মাংস, এবং এই দূষণের বড় অংশই আসে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত বা রান্না করা খাবার থেকে। ফ্রিজে রাখা খাবার কীভাবে ইউটিআই সৃষ্টি করতে পারে? বেঙ্গালুরুর সিনিয়র ইউরোলজিস্ট ডা. সুরি রাজু ভি জানান, ই-কোলাই ব্যাকটেরিয়া ইউরিন ইনফেকশনের প্রধান কারণ। এই ব্যাকটেরিয়া অনেক সময় ফ্রিজে রাখা মাংস বা পোল্ট্রি খাবার থেকে শরীরে প্রবেশ করে। বিশেষ করে মুরগি বা টার্কির মতো পোল্ট্রি পণ্যে এমন কিছু এনজাইম থাকে, যা যদি ঠিকভাবে রান্না না করা হয়, তবে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। দীর্ঘদিন ফ্রিজে রাখা খাবারে এই ব্যাকটেরিয়া অনুপ্রবেশ করে, এবং সেগুলো সঠিকভাবে রান্না না হলে তা অন্ত্রের সংক্রমণ সৃষ্টি করে। পরে তা মূত্রনালিতে পৌঁছে ইউরিন ইনফেকশন সৃষ্টি করতে পারে। ইউরিন ইনফেকশন নিয়ে এতদিন শুধু অপরিচ্ছন্নতা দায়ী ছিল, তবে এখন চিকিৎসকেরা বলছেন, খাবার সংরক্ষণ এবং রান্নার ভুল অভ্যাসও একইভাবে দায়ী। ফ্রিজে রাখা খাবারে ব্যাকটেরিয়া পুরোপুরি মারা যায় না, তাদের বৃদ্ধি ধীর হয়ে যায়, তাই খাবার আবার গরম করলেও ঝুঁকি থেকে যায়। ইউরিন ইনফেকশন থেকে বাঁচতে ডা. সুরি রাজু কিছু পরামর্শ দিয়েছেন: • কাঁচা মাংস ও সবজির জন্য আলাদা কাটিং বোর্ড, ছুরি এবং পাত্র ব্যবহার করুন। • কাঁচা মাংস কাটার পর অবশ্যই হাত সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ধুতে হবে। • পচনশীল খাবার দীর্ঘদিন ফ্রিজে রেখে না খাওয়া ভালো। • পোল্ট্রি ও মাংস ভালোভাবে সিদ্ধ করে রান্না করুন। • মাংস যতটা সম্ভব তাজা অবস্থায় রান্না করে খাওয়া উচিত। ফ্রিজ আমাদের জীবনযাত্রা সহজ করে দিয়েছে, কিন্তু যদি ভুলভাবে ব্যবহার করা হয়, তাহলে এটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বারবার ইউরিন ইনফেকশনে আক্রান্ত হলে, আপনার ফ্রিজের খাবারই দায়ী কিনা, তা জানার জন্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
কোন রঙের গোলাপ দেবেন প্রিয়জনকে?

কোন রঙের গোলাপ দেবেন প্রিয়জনকে? ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবস। সাত দিন আগে থেকেই বিশ্ব জুড়ে শুরু হয় ভ্যালেন্টাইন উইক বা ভালোবাসা সপ্তাহ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি অর্থাৎ রোজ ডে’র মধ্য দিয়ে ভালোবাসার সপ্তাহ শুরু হয়। সে হিসাবে আজ ‘রোজ ডে’ বা গোলাপ দিবস। গোলাপ হচ্ছে ভালোবাসা আর বন্ধুত্বের প্রতীক। অনেকের হয়তো জানা নেই, প্রিয়জনেকে শুধু একটা গোলাপ দিলেই হয় না, গোলাপের রঙের আড়ালে লুকিয়ে থাকে ভিন্ন ভিন্ন না বলা কথা। কথায় আছে, যা হাজারটা শব্দ দিয়ে বোঝানো যায় না, তা একটা গোলাপ দিয়ে অনায়াসেই প্রকাশ করা যায়। গোলাপ নানা রঙের হয়। প্রতিটা রঙের গোলাপের আলাদা তাৎপর্য রয়েছে। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে একেক রঙের গোলাপ একেক অর্থ বহন করে। লাল গোলাপ : প্রেম, ভালোবাসা আর আবেগের চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো লাল গোলাপ। আপনি যদি কাউকে ভালোবাসেন এবং তাকে জীবনের সঙ্গী হিসেবে পেতে চান, তবে তাকে দিতে পারেন লাল গোলাপ। গোলাপি গোলাপ : সব ভালোবাসা মানেই কেবল প্রেম নয়। আপনার জীবনে এমন মানুষ থাকতে পারেন যাদের প্রতি আপনি কৃতজ্ঞ। কাউকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাতে দিতে পারেন এই গোলাপ। এটি একই সাথে কোমলতা ও আভিজাত্যের প্রতীক। সাদা গোলাপ : কারও সঙ্গে সম্পর্কের তিক্ততা মিটিয়ে নতুন করে পথ চলা শুরু করতে চাইলে বেছে নিন সাদা গোলাপ। এটি শান্তির প্রতীক। এছাড়া কাউকে খুব মিস করলে তাকে সাদা গোলাপ পাঠাতে পারেন। হলুদ গোলাপ: বন্ধুত্বের উষ্ণতা প্রকাশ করতে হলুদ গোলাপের জুড়ি মেলা ভার। বন্ধুর নতুন চাকরি, সাফল্য বা আরোগ্য কামনায় হলুদ গোলাপ উপহার দিন। এটি আনন্দ এবং প্রাণশক্তির বার্তা বহন করে। কমলা গোলাপ : লাল এবং হলুদের মিশ্রণে তৈরি এই রঙটি তীব্র আবেগ ও উৎসাহের প্রতীক। সম্পর্কে যদি নতুন উন্মাদনা আনতে চাইলে কমলা গোলাপ বেছে নিতে পারেন। কাউকে অনুপ্রাণিত করতেও এই ফুল ম্যাজিকের মতো কাজ করে। বেগুনি গোলাপ : গুনি রঙ রাজকীয় সম্মানের প্রতীক। সঙ্গীকে রানির মতো মর্যাদা দিতে চাইলে বা তার ব্যক্তিত্বে মুগ্ধ হলে, তাকে বেগুনি গোলাপ দিতে পারেন।