স্বর্ণ চুরি করে গাধার পিঠে চড়ে পালালো চোর

স্বর্ণ চুরি করে গাধার পিঠে চড়ে পালালো চোর চুরির পর চোর ঘটনাস্থল দ্রুত ত্যাগ করবে এটাই সারাজীবন শুনে এসেছেন। এর ব্যতিক্রম ঘটনা ঘটেছে তুরস্কের মধ্যাঞ্চলীয় শহর কায়সেরিতে। সেখানে স্বর্ণ চুরির পরে এক চোর গাধার পিঠে চড়ে ধীরেসুস্থে ঘটনাস্থল ত্যাগ করেছে। ব্রিটিশ সংবাদমাদ্যম টেলিগ্রাফ জানিয়েছে, একটি ফর্কলিফট দিয়ে চোর প্রথমে দোকানের দরজা ভেঙে ফেলে। পরে সে দোকানের ভেতরে থাকা আলমারিটি ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। ওই আলমারি থেকে সে ১৫০ গ্রাম ওজনের স্বর্ণের গহনাগুলো সাথে থাকা ব্যাগে ভরে নেয়। এরপর সে দোকানের ভাঙা দরজা দিয়ে বের হয়ে বাইরে রাখা গাধার পিঠে চড়ে এলাকা থেকে বের হয়ে যায়। ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ২৬ বছর বয়সী ওই চোরকে খুঁজে পায় এবং গ্রেপ্তার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ কর্মকর্তারা চুরি করা সোনার গয়না খুঁজে পান, যা একটি কালো প্লাস্টিকের ব্যাগে মোড়ানো এবং একটি কাদামাটির পাত্রে পুঁতে রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, আংটি, নেকলেস এবং ব্রেসলেট সহ জিনিসপত্রগুলো তাদের মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে।

মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট : দেলসি

মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট : দেলসি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে অপহরণের শিকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্র ও সরকারপ্রধানের পদে আছেন। তার অনুপস্থিতির কারণে ভেনেজুয়েলার সরকারব্যবস্থায় সাংবিধানিক কোনো বড় রূপান্তর ঘটেনি। ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, মাদুরোকে অপহরণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে চুক্তি হয়েছে ভেনেজুয়েলার, কিন্তু দেশ চলছে সংবিধান মেনেই। বিবিসিকে দেলসি রদ্রিগুয়েজ বলেন, “আমি আপনাদের বলতে পারি যে নিকোলাস মাদুরোই দেশের বৈধ প্রেসিডেন্ট। আমি আপনাদের এ কথা বলছি একজন আইনজীবী হিসেবে, কারণ আমি নিজে একজন আইনজীবী। প্রেসিডেন্ট মাদুরো এবং ফ্রার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস উভয়েই নিরপরাধ। আমি যে এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি, তা সাংবিধানিক বিধি মেনেই করছি। ভেনেজুয়েলা তেল সম্পদে খুবই সমৃদ্ধ। এ মূহূর্তে বিশ্বে যত ভূগর্ভস্থ তেল রয়েছে তার এক পঞ্চমাংশই আছে ভেনেজুয়েলার খনিগুলোতে। ভেনেজুয়েলায় কয়েকটি স্বর্ণের খনি আছে এবং সেগুলোতে স্বর্ণের মজুতের পরিমাণও অনেক।তবে বামপন্থি প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে রক্ষণশীল রাজনীতিবিদ প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক খুবই খারাপ। ২০১৬ সালে যখন প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেনের সময়েও এই নিষেধাজ্ঞা জারি ছিল। গত ৩ জানুয়ারি গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউিইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারি বন্দি আছেন। মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর ট্রাম্প জানিয়েছিলেন ভেনেজুয়েলার তেল সম্পদের তদারক এখন থেকে যুক্তরাষ্ট্র করবে। তিনি আরও বলেছিলেন, ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় ব্যবস্থাপনার জন্য মার্কিন কোম্পানিগুলোকে দায়িত্ব দেওয়া হবে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক অপহরণের কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। বিবিসিকে দেলসি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে একটি কূটনৈতিক সমঝোতা আমাদের হয়েছে, কিন্তু ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখনও আমরা বিকিয়ে দিইনি। ভেনেজুয়েলা চলছে ভেনেজুয়লার সংবিধান অনুসারে। ভেনেজুয়েলার ভিন্ন মতাবলম্বী রাজনীতিবিদ এবং ২০২৫ সালে শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো-কে নিয়েও বিবিসির সঙ্গে কথা হয়েছে দেলসির। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মাচাদো। বিবিসিকে তিনি এ প্রসঙ্গে বলেছেন, “যদি তিনি দেশে ফিরে আসেন, তাহলে অবশ্যই তাকে ভেনেজুয়েলার জনগণের কাছে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমত, কেন তিনি ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন চালাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন, দ্বিতীয়ত, কেন তিনি ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিলেন এবং তৃতীয়ত, প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে যখন অপহরণ করা হলো কেন তিনি তা উদযাপন করলেন এবং সমাজ মাধ্যমে সেই উদযাপনের ছবি প্রকাশ করলেন?

জেলেই থাকতে হচ্ছে রাজপালকে

জেলেই থাকতে হচ্ছে রাজপালকে হাসির রাজা হিসেবে পর্দায় পরিচিত বলিউড অভিনেতা রাজপাল যাদব। যদিও বর্তমানে তার সময়টা একদমই ভালো যাচ্ছে না। কেননা ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ভারতের দিল্লির উচ্চ আদালত। ফলে আপাতত দিল্লির তিহাড় জেলেই দিন কাটবে এই অভিনেতার।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দ্য ওয়ালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আগামী সোমবার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বলিউডের কয়েকজন অভিনেতা অর্থ সাহায্যের হাত বাড়িয়েছেন বলে জানা গিয়েছে। জানা যায়, ২০১২ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমাটি নির্মাণের জন্য ‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ ও ‘সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া’ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। তবে বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়লে তিনি ঋণের জালে জড়িয়ে পড়েন। সুদ-আসলে সেই বকেয়া বর্তমানে ৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই টাকা পরিশোধের জন্য বারবার প্রতিশ্রুতি দিলেও তিনি সেটি রক্ষা করতে ব্যর্থ হন। এর আগে, ২০১৮ সালের এপ্রিলে ম্যাজিস্ট্রেট আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল রাজপালকে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। পরে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তিনি পুনরায় আত্মসমর্পণ করেন। সম্প্রতি বাড়িতে বিয়ের অনুষ্ঠানের কারণ দেখিয়ে জামিন চেয়েছিলেন অভিনেতা। তবে আদালত তার আবেদন নাকচ করে দিয়ে কড়া ভাষায় ভর্ৎসনা করে। আপাতত আগামী সোমবার পরবর্তী শুনানির আগ পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে। এর আগে, কিছুদিন জেল খেটে জামিনে মুক্তি পেলেও বকেয়া টাকা পরিশোধ না করায় আবারও তিহাড় জেলে ঠাঁই হলো তার।

হলিউডে কিংবদন্তি চরিত্রে ফারহান আখতার

হলিউডে কিংবদন্তি চরিত্রে ফারহান আখতার ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক ফারহান আখতার এবার পাড়ি জমাচ্ছেন হলিউডের অভিজাত আঙিনায়। তবে কোনো সাধারণ চরিত্রে নয়, আন্তর্জাতিক পর্দায় তিনি হাজির হতে যাচ্ছেন এক কিংবদন্তির বেশে। বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘দ্য বিটলস’-এর বায়োপিক প্রজেক্টে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মহীরুহ পন্ডিত রবিশঙ্করের ভূমিকায় দেখা যাবে তাকে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডেসের মেগা প্রজেক্টে যুক্ত হয়েছেন ফারহান। সোনি পিকচার্সের ব্যানারে নির্মিত এই প্রজেক্টটির নাম রাখা হয়েছে ‘দ্য বিটলস আ ফোর ফিল্ম সিনেম্যাটিক ইভেন্ট’। এটি কোনো একক চলচ্চিত্র নয়, বরং ব্যান্ডটির চার সদস্যের জীবন ও সঙ্গীত নিয়ে নির্মিত চারটি ভিন্ন চলচ্চিত্রের এক বিশাল আয়োজন। বিটলসের ইতিহাসে পন্ডিত রবিশঙ্করের প্রভাব অনস্বীকার্য। বিশেষ করে ব্যান্ডের সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে তার গুরু-শিষ্যের সম্পর্ক এবং গভীর বন্ধুত্ব ষাটের দশকের বিশ্ব সঙ্গীতে এক নতুন মাত্রা যোগ করেছিল। রবিশঙ্করের কাছে সেতার শেখার পর হ্যারিসন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি অনুরক্ত হন, যার প্রভাব বিটলসের একাধিক কালজয়ী গানে ফুটে উঠেছে। সেই ঐতিহাসিক সাংস্কৃতিক মেলবন্ধনের গল্পই ফারহানের মাধ্যমে পর্দায় জীবন্ত হয়ে উঠবে। পন্ডিত রবিশঙ্কর ছিলেন ভারতীয় সংস্কৃতির বিশ্বদূত। তার মার্জিত ব্যক্তিত্ব, তপোবনসম সঙ্গীতের গভীরতা এবং বিশ্বমঞ্চে তার প্রভাবকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যেকোনো অভিনেতার জন্যই বড় চ্যালেঞ্জ। তবে ফারহান আখতারের মতো একজন সুনিপুণ শিল্পী এই চরিত্রের প্রতি পূর্ণ বিচার করবেন বলে আশাবাদী চলচ্চিত্রবোদ্ধারা।

ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি

ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতে অভিনয় করতে দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী অভিনয়ের বাইরেও তার এক প্রতিভার কথা জানালেন। শুধু অভিনয় নয়, গানের জগতেও রয়েছে তার গভীর সম্পর্ক। সঠিক সময়ের অভাবে নিজের মৌলিক গান প্রকাশ করতে না পারলেও এবার সেই পরিকল্পনা নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন বলে জানান তানিয়া বৃষ্টি। অভিনেত্রী নিজের নাটকে কণ্ঠ দেওয়া ও ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গাওয়ার পর থেকেই দর্শক মহলে সাড়া ফেলেন। তানিয়া বলেন, যখন নিজের নাটকে একটি মৌলিক গান গাইলাম এবং ইত্যাদিতে গাইলাম, তখন অল্প-স্বল্প মানুষ জেনেছে যে আমি টুকটাক গান গাইতে পারি। অভিনেত্রী বলেন, ‘গান নিয়ে সবসময়ই এ রকম মনে হতো যে, একটু সময় পেলে বা নাটকের ব্যস্ততা কমলে গান নিয়ে কিছু একটা করব। নিজের অরিজিনাল গান বের করার জন্য একটা উদ্যোগ নেব এমনটি ভেবেই অনেক বছর কেটে গেছে। কিন্তু কখনোই সেভাবে সময় হয়ে ওঠেনি। গানের প্রতি এই অনুরাগ কোনো আকস্মিক শখ নয়, বরং ছোটবেলা থেকেই প্রথাগত শিক্ষার ফল বলে জানান তানিয়া বৃষ্টি। তিনি বলেন, আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি ছায়ানট এবং কচিকাঁচার মেলায়। সেখান থেকেই আমার গানের উৎপত্তি বলে জানান এ অভিনেত্রী।

হয়তো এটাই জীবনের একটা অংশ : বুবলী

হয়তো এটাই জীবনের একটা অংশ : বুবলী আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিন। এই দিনেই চিত্রনায়িকা বুবলী তার জীবনের না বলা অনেক কথা বলবেন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট শো’তে। আবারো মা হওয়া নিয়ে জল্পনা কল্পনা ও রহস্যের জাল উন্মোচন করেছেন তিনি এই পডকাস্টে। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ আগামীকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় প্রচার হবে এই পর্বটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় আজকের ‘ভ্যালেন্টাইন্স স্পেশাল’ পর্বে বুবলী জানিয়েছেন, তার জীবনের না বলা অনেক কথা, যে কথাগুলো এর আগে কখনো কোনো অনুষ্ঠানে বলেননি। বুবলী এই পডকাস্টে জানিয়েছেন, তার প্রথম প্রেমের কথা; মেগাস্টার শাকিব খানের সাথে তার সংসারের বর্তমান স্ট্যাটাস, অন্য তারকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে স্পষ্ট ব্যাখ্যা, কেন তিনি সংবাদ মাধ্যম থেকে পরিবারের বিরুদ্ধে গিয়ে চলচ্চিত্রের নায়িকা হতে সম্মত হয়েছিলেন-সব কিছু। বুবলী তার সন্তান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সেই সাথে পুরস্কার প্রসঙ্গে বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অনেক পুরস্কার ঘোষনার আগে আমাকে অভিনন্দন জানানো হয়েছে যে, আমিই পুরস্কার পাচ্ছি। পরবর্তীতে যদিও সেটি হয়নি। তখন মনকে এটা বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌসুমী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌসুমী অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। অভিনয়ে অনিয়মিত হলেও গত বছর তার অভিনীত ‘সুন্দরী পিএস চাই’ শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি পায়। এতে সহশিল্পী হিসেবে ছিলেন হাসান জাহাঙ্গীর। টেলিফিল্মটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে-এই সহশিল্পীকেই নাকি বিয়ে করেছেন মৌসুমী। সম্প্রতি নিউইয়র্কের বাসা থেকে বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে বিয়ে সংক্রান্ত গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন মৌসুমী। বিয়ের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে কিছু বললেও মানুষ মিথ্যা খবরকেই বেশি উপভোগ করে। এসব ভিত্তিহীন খবর তার কাছে বিরক্তিকর এবং মূল্যহীন। তিনি স্পষ্ট করেন, এ ধরনের কোনো প্রচারণার মাধ্যমে তিনি ব্যক্তিগত প্রচার চান না। মৌসুমীর ভাষ্য, কিছু মানুষ ভিউ ও মনোযোগ পাওয়ার আশায় শিল্পীদের নাম ব্যবহার করে মনগড়া গল্প ছড়িয়ে থাকে। ফেসবুক পোস্ট বা ইউটিউব ভিডিওর মাধ্যমে মিথ্যাকে রংচং মিশিয়ে উপস্থাপন করা হয়, যাতে রিচ ও ভিউ বাড়ে। তার মতে, আইনের যথাযথ প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে এ ধরনের গুজব ছড়ানো কমে যেত। তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থে ভিউখোর কিছু মানুষ শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে- যা অত্যন্ত দুঃখজনক। এদিকে শোনা যাচ্ছে, মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তির অপেক্ষায়। প্রেক্ষাগৃহ বা ওটিটি প্ল্যাটফর্মে নয়, সিনেমাটি ইউটিউবে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও এ বিষয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন এই নায়িকা। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আরেকটি নাটকের শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

এক দিন ৭ হাজার উইকেট পাবেন আশা রশিদ খানের

এক দিন ৭ হাজার উইকেট পাবেন আশা রশিদ খানের টি-টোয়েন্টির ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট শিকার করার খুব কাছে রশিদ খান। শনিবার (৮ ফেব্রুয়ারি) ৬৯৬ উইকেট নিয়ে বিশ্বকাপ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই আফগান লেগ স্পিনার। কিউইদের বিপক্ষে এক উইকেটের দেখা পান তিনি। ৭০০ উইকেটের মাইলফলক থেকে আর মাত্র ৩ উইকেট দূরে রশিদ খান। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ১৮৮ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন তিনি। রশিদের আশা ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে একদিন ৭ হাজার উইকেট পাবেন তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রশিদ বলেন, ‘বেশ ভালো লাগছে। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৯-১০ বছর হলো খেলছি, এর মধ্যেই সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়াটা আমার কাছে স্বপ্নের চেয়েও বড় কিছু। এই অর্জন (৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ) হবে সত্যিই বিশেষ কিছু। কখনোই নিজের উইকেটের হিসাব রাখেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি আসলে নিজে কখনো উইকেট গুনে দেখি না। মিডিয়ার মাধ্যমেই জানতে পারি যে ওকে, আমি ৪০০, ৫০০ বা ৬০০ উইকেট পেয়েছি। তবে এগুলো নিয়ে খুব বেশি ভাবি না। আমি শুধু প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।   আমাকে দলের জন্য পারফর্ম করে যেতে হবে এবং উইকেট নিতে হবে। এ সময় হাসির ছলে ৭ হাজার উইকেট পাওয়ার আশা প্রকাশ করে রশিদ বলেন, ‘৭০০ উইকেট কোনো ছোট বিষয় নয়। এখানে পৌঁছাতে অনেক সময় এবং কঠোর পরিশ্রম প্রয়োজন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এই মাইলফলকের কাছাকাছি পৌঁছাতে পেরে আমি খুশি এবং আশা করি, একদিন ৭০০০ উইকেটেও পৌঁছাতে পারব (হাসি)।

নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড ‘সি’ গ্রুপের ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতেছে ইংল্যান্ড। দলটির অধিনায়ক হ্যারি ব্রুক সিদ্ধান্ত নিয়েছেন আগে ব্যাটিং করার। ফলে আগে ফিল্ডিং করবে নেপাল। রোববার (৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে। গত বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরে বিদায় নিয়েছিল। অন্যদিকে নেপাল বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই।ইংল্যান্ড একাদশ : ফিলিপ সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জোফরা আর্চার, আদিল রশিদ, লুক উড। নেপাল একাদশ : কুশল ভুর্তেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পাওদেল (অধিনায়ক), দিপেন্দ্র সিং আইরি, আরিফ শেখ, লোকেশ বাম, গুলশন ঝা, করণ কেসি, নন্দন যাদব, সন্দিপ লামিচানে, শের মাল্লা। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের পঞ্চম ম্যাচ চলছে। নেপালের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ব্রিটিশরা। ৪.৩ ওভার তথা মাত্র ১৫ বলে ৪৩ রানের ব্যাটিং তাণ্ডব চালান জশ বাটলার। তিনি মাত্র ১৭ বলে ৫টি চারের সাহায্যে ২৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার ফিল সল্ট। তিনি ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ে ৫৭ রানে ইংল্যান্ড হারায় ২ উইকেট। তৃতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩৫ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে ৫৫ রান করে ফেরেন জ্যাকব বেথেল। তিনি আউট হন দলীয় ১২৮ রানে। এরপর মাত্র ৯ রানের ব্যবধানে ফেরেন স্যাম করান। তিনি ৮ বলে ২ রান করে ফেরেন। অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলের ফিফটি আর ইনিংসের শেষ দিকে উইল জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৭ উইটে েহারিয়ে ১৮৪ রান করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন জ্যাকব বেথেল। ৩২ বলে ৪টি চার আর তিন ছক্কায় ৫৩ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ১৮ বলে এক চার আর ৪টি ছক্কার সাহায্যে ৩৮ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস।  

পাকিস্তানে হঠাৎ আমিনুল

পাকিস্তানে হঠাৎ আমিনুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রোববার সকালে পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। গতকাল রাতে তিনি ঢাকা ছেড়েছেন। জানা গেছে, আইসিসির ডাকা সভায় যোগ দিতে পাকিস্তান গেছেন আমিনুল। সন্ধ্যায় আইসিসির বোর্ড মেম্বারদের একটি সভা হওয়ার কথা রয়েছে। অনলাইনে হবে এই সভা। অনলাইন সভায় যোগ দিতে কেন বিসিবি সভাপতিকে পাকিস্তান যেতে হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। রাইজিংবিডির পক্ষ থেকে বোর্ডের একাধিক পরিচালক ও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা কেউই নিশ্চিত করে বলতে পারেননি ভার্চুয়াল সভায় যোগ দিতে কেন পাকিস্তানে যেতে হয়েছে আমিনুলের! পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, সন্ধ্যায় ভার্চুয়াল সভা করবে আইসিসি। যেখানে আইসিসির বোর্ড মেম্বাররা উপস্থিত থাকবেন। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভির সঙ্গেও আলোচনায় বসার কথা খবরে নিশ্চিত করেছে জিও নিউজ। আচমকা বোর্ড সভা ডাকার পেছনে কারণ, ভারত ও পাকিস্তানের ম্যাচকে ঘিরে। নিরাপত্তাশঙ্কায় ভারতে ম্যাচ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টুয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বাংলাদেশের প্রতি সংহতি জানাতে ভারতের বিপক্ষে ‘এ’ গ্রুপ থেকে এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারত ও পাকিস্তানের ম্যাচকে ঘিরে অচলাবস্থা নিরসণে এই সভার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে পিসিবির সঙ্গে আলোচনা শুরু করেছে আইসিসি। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) । যেহেতু ম্যাচটি শ্রীলঙ্কায় হওয়ার কথা, তাই পর্যটন খাত থেকে বাড়তি আয়ের প্রত্যাশা ছিল দেশটির। কিন্তু ম্যাচটি যদি শেষ পর্যন্ত না হয় তাহলে শ্রীলঙ্কাও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তারা চিঠি দিয়েছে। পিসিবি আশ্বস্ত করেছে তারা সরকারের সঙ্গে শ্রীলঙ্কার অনুরোধ নিয়ে কথা বলবে। পাকিস্তান ও ভারত এক দশকের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না। দুই প্রতিবেশী দেশ কেবল বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়। আইসিসির জন্য এই দুই দেশের ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। আইসিসির লাভের বিরাট অংশ আসে এই ম‌্যাচ থেকেই। এবারের বিশ্বকাপের ম্যাচটি না হলে ধারণা করা হচ্ছে, ক্ষতি হতে পারে ২৫ কোটি ডলার। সব সংকট নিরসণেই এবার ফের আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন নীতি নির্ধারকরা। আগামী ১৫ ফেব্রুয়ারি দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে।